২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন তাঁর শুরু হলো নতুন করে

আশফাকুর রহমান

Published : 17 Aug 2020, 07:34 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


শিল্পী মুর্তজা বশীরের 'কালেমা তাইয়্যেবা' সিরিজে চিত্রকর্মের সংখ্যা '৩৭ টি'। 'জ্যোতি' সিরিজের চিত্রকর্মের সংখ্যা '১৯টি'। তাঁর আঁকা 'দেয়াল' সিরিজে চিত্রকর্মের সংখ্যা সম্ভবত '৯১' বা ৯২ টি। আর 'শহীদ শিরোনাম' সিরিজে চিত্রকর্মের সংখ্যা '২৮' টি। তিনি চাইতেন তাঁর আঁকা সিরিজভিত্তিক চিত্রমালায় চিত্রকর্মের সংখ্যা যোগ করে 'এক' সংখ্যায় উপনীত হোক। তিনি বলতেন, 'আল্লাহ্ এক।' তাই তাঁর সিরিজভিত্তিক চিত্রমালায় 'এক' সংখ্যার ঐক্য খুঁজে পাওয়া যায়। মুর্তজা বশীর সেই মানুষ যিনি আজীবন নিজেকে খুঁজেছেন। নিজস্ব কিছু নিয়মে পুরো জীবন করেছেন অতিবাহিত।

বিশ্বাসী আর সংখ্যার প্রতি প্রবল আগ্রহ থাকা শিল্পী, সাহিত্যিক, গবেষক ও মুদ্রাবিশারদ মানুষটি আমাদের ছেড়ে চলে যাওয়ার মুহূর্তটিও গুরুত্বপূর্ণ। ১৫ আগস্ট ২০২০ শনিবার সকাল '৯টা ১০ মিনিটে' পৃথিবীর সঙ্গে চুকিয়ে নেন তাঁর হিসাব-নিকাশ। ৯ আর ১ যোগ ফল সেই 'এক'। মুর্তজা বশীর তো তাই যিনি ঐক্য তৈরি করেছেন। ঐক্য তিনি গড়েছেন মানুষের সঙ্গে, ইতিহাসের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে ও সংস্কৃতির সঙ্গে। মুর্তজা বশীর শেষ নিদ্রা গেলেন বনানী কবরস্থানে। যেখানে ঘুমিয়ে আছেন তাঁর বন্ধু ও শিক্ষক বাংলাদেশের আধুনিক চিত্রকলার আরেক অন্যতম পথিকৃৎ শিল্পী আমিনুল ইসলাম এবং 'তাঁর শরীরের অংশ' জীবনসঙ্গী আমিনা বশীর। এমন নানা ধরনের সম্পর্কের ভিত রচনা করেছেন মুর্তজা বশীর।
১৯৩২ সালের ১৭ আগস্ট মুর্তজা বশীরের জন্ম। বাবা বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর তাঁকে স্পষ্ট করে বলে দিয়েছেন, 'আমার ছেলে তুমি। নটোরিয়াস বা ফেমাস হবে। মাঝামাঝি কিছু হও, আমি তা চাই না'। খুব করে বুঝে গিয়েছিলেন তাঁর কী হতে হবে। চিত্রশিল্পী তিনি হতে চাননি। মানুষের মুক্তির কথা ভেবে হয়ে ওঠেন রাজনৈতিক কর্মী। কিন্তু রাজনৈতিক দলের নির্দেশে ভর্তি হলেন আর্ট কলেজে ১৯৪৯ সালে। ১৯৫২ সালে জড়িয়ে যান ভাষা আন্দোলনে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মানুষের নতুন জীবনের কথা বলেছেন। এ জীবনের কথাও জানিয়ে দিয়েছেন তাঁর চিত্রে-লেখায়।


এভাবে তিনি শিল্পচর্চায় সমকালীন হওয়ার আহ্বানে এগিয়ে গেলেন। ততদিনে ইউরোপ ঘুরে এসে কিউবিজমে অনুপ্রাণিত হয়ে লোকশিল্পের শক্তিতে এক নতুন স্থানীয় শিল্প ঐতিহ্যের সূচনা করলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। ১৯৫২ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ছিল এ পর্বের সময়কাল। অন্যদিকে ১৯৫৫ সালে মুর্তজা বশীর ইলা মিত্রকে নিয়ে ছবি আঁকলেন। নাম দিলেন 'ওয়েটিং ফর টুমরো' আগামী দিনের অপেক্ষায়। শুরু করলেন মুর্তজা বশীর তাঁর যাত্রা। কিউবিজমকে মাপতে শুরু করলেন তাঁর ভাষায়। সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষকে উপজীব্য করে তিনি খুঁজলেন শিল্পের ভাষায় মানুষের কথাকে কীভাবে বলা যায়। যদিও মুর্তজা বশীর সেই মানুষদের একজন যিনি সচেতনভাবে আগুন্তুক হতে চাননি। বরং ঐতিহ্যের মধ্যে থেকে নতুন ঐতিহ্য সৃষ্টি করতে চেয়েছেন। যেভাবে প্রচলিত বিমূর্ত চিত্রকলার চর্চাকে এড়িয়ে 'বিমূর্ত বাস্তবতা' ধারণার জন্ম দিলেন। তাঁর চারপাশ থেকেই সৃষ্টি হয়েছে এ বিমূর্ততার। কিংবা নারী আঁকতে গিয়ে কালিঘাটের রেখা হলো তাঁর সৃষ্টির অন্যতম অনুষঙ্গ। এমনকি 'জ্যোতি' ও 'কালেমা তাইয়্যেবা' আঁকতে সাহায্য নিলেন এ অঞ্চলে পাওয়া তাবিজ, শিলালিপি ও মুদ্রার। এমনকি তাঁর চলে যাওয়ার আগে তিনি ভাবছেন 'আল্লাহ্' লিখে পেইন্টিং করবেন। প্রস্তুতও হচ্ছিলেন। কোরআন শরীফ পড়ছিলেন নিবিড়ভাবে আল্লাহ্র অন্তর্নিহিত অর্থ বুঝতে। বাংলায় সুলতানি আমলের তুঘরা শৈলীর শিলালিপিকে মনোযোগ দিয়ে দেখছিলেন। ভাবছিলেন কীভাবে নতুন কিছু আঁকা যায়।

মুর্তজা বশীর বিশ্বাস করতেন 'আর্ট ইজ নট অ্যাক্সিডেন্ট। …ইটস গাইডেড বাই ইউর নলেজ'। শুধু তাই নয় শিক্ষাবিদ হিসেবে তিনি শিল্পশিক্ষার প্রক্রিয়াকে বদলে দিতে চেয়েছেন। ভেবেছেন ইউরোপীয় ও ব্রিটিশ ঐতিহ্যনির্ভর না হয়ে এশিয়ার শিল্প ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে কোনভাবে নতুন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা যায়। কিছু কিছু ক্ষেত্রে তিনি সফলও হয়েছেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে তাঁর জীবনসঙ্গীর নামে প্রবর্তিত ট্রাস্টে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শিল্পচর্চা নিয়ে গবেষণা করার সুযোগ করে দিয়েছেন।

দীর্ঘদিন ধরে কৃত্রিম অক্সিজেন নিয়ে বেঁচে থাকা মানুষটি করেনাকালে আমরা দেখেছি আরেক রূপে। তবে আলাদা নয় তাঁর আগের জীবন থেকে। করোনার মধ্যে মানুষ কীভাবে আছে, মানুষের জন্য কী করা উচিত– এসব বিষয়ে প্রচন্ড সজাগ দৃষ্টি ছিল তাঁর। গত ২৪ এপ্রিল কালের কণ্ঠে তাঁর প্রকাশিত সর্বশেষ লেখায় লিখেছেন, 'আমি তো দেখছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দিচ্ছেন, কোনো কিছুর অভাব নেই। ত্রাণ ঠিকই দিচ্ছেন। তাঁর ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বাররা ত্রাণ মেরে দিচ্ছেন। যা দিচ্ছেন তা যদি চুরি হয়ে যায় তাহলে কী করবেন? এ অবস্থায় সরকারকে অবশ্যই অনিয়মকারী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে।'


এছাড়া ফটো সাংবাদিক মোহাম্মদ আসাদের ফেসবুকে শিল্পীদের নিয়ে লেখা সম্পর্কে লিখে মূল্যবান মত দিয়েছেন। মোহাম্মদ আসাদ নিশ্চয়ই এ বিষয়ে লিখবেন বিস্তারিতভাবে। তাঁর ছেলে-মেয়ের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কড়া নজর রেখেছিলেন। শুধু তাই নয় বড় মেয়ে মুনীরা বশীরকে পিপিইও কিনে দিয়েছেন। আর সিদ্ধান্ত নিয়ে সব বন্ধুদের ফোন করে তাদের খোঁজ-খবর নিয়েছেন। পরিচিত মানুষ-বন্ধুদের অসুস্থতার খবর শুনে তাদের অবস্থা জানতে উদগ্রীব ছিলেন। যখন করোনা শনাক্ত হওয়ার খবর জানতে পারলেন, তখন হাসপাতালের বিছানায় শুয়ে তিনি বললেন, তাঁর মেয়েরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, পিপিই পরে। এভাবে নিজেকে নিয়ে সচেতন থাকা মানুষটি সবার সচেতন থাকার ইঙ্গিত দিয়ে গেলেন।


মুর্তজা বশীর সেই মানুষদের একজন যিনি একাই সৃজনযজ্ঞের লড়াই করে গেছেন। আর স্থানীয় আধুনিকতার ইতিহাস নির্মাণ করে চলতে চেয়েছেন অনেককে নিয়ে। সব রকম ধারণা-বিশ্বাস মিলিয়ে তিনি হতে চেয়েছেন অগ্রগামী মানুষদের একজন। এমন মানুষের জীবন শুরু হলো নতুন করে। আপনার যাত্রা আনন্দময় হোক। শুভ জন্মদিন।