জয়নুলের অলংকরণ : বইপত্রে
লেখক ও চিত্রী সকলেই স্বীকার করেন যে বই-পত্রের সচিত্রকরণ (ইলাসট্রেশন) কোনো যান্ত্রিক পদ্ধতি বা শুধু বাণিজ্যিক প্রয়াস নয়; শিল্পীর তুলির ছোঁয়া লেখকের রচনাকে নতুন মাত্রায় শিল্পসুষমা দান করে। বাংলা বইপত্রের অলংকরণের ইতিবৃত্ত নাতিদীর্ঘ। অবশ্য ছাপা বইয়ের আগেও হাতে-লেখা পুথিতে ছবির সন্ধান দুর্লক্ষ্য নয়। হবিগঞ্জে প্রাপ্ত প্রাচীন তালপাতার পুথিতে রঙিন অলংকরণ পাওয়া গেছে (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে সংরক্ষিত)। উনিশ শতকে কলকাতার বটতলার পুথি নামে পরিচিত ছাপা বইয়ে কাঠ খোদাই ও পরে লিথোগ্রাফ পদ্ধতিতে অলংকরণ করতেন কারিগরেরা। (দ্র. শ্রীপান্থ, ১৯৯৭) রবীন্দ্রনাথের আগ্রহে, অভিপ্রায়ে ও তৎপরতায় তাঁর রচনার ও বইয়ের অলংকরণের সূচনা ঘটলো আধুনিক কালে। কবি নিজেই খাপছাড়া সমেত বেশ কিছু লেখার অলংকরণ করেন। তাঁর অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, অসিতকুমার হালদার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, দেবীপ্রসাদ রায়চৌধুরী, জ্যোতিরিন্দ্রনাথ, নন্দলাল বসু, মনীন্দ্রভূষণ গুপ্ত, সুকুমার রায়সহ আরো অনেক শিল্পী রবীন্দ্রগ্রন্থের প্রচ্ছদ ও অঙ্গসজ্জা রচনা করেছিলেন। তাই এক্ষেত্রে পথিকৃতের ভূমিকা রবীন্দ্রনাথের। তাঁর বইয়ে অঙ্গসৌষ্ঠবকে কেন্দ্র করে ইলাসট্রেশন শিল্প সার্থকতা লাভ করে। রবীন্দ্রনাথ নিজে তাঁর বইয়ের অঙ্গসজ্জার বিষয়ে যতোটা মনোযোগী ও সক্রিয় ছিলেন তাঁর পরবর্তী যুগের বাঙালি লেখকদের মধ্যে সেরকম আগ্রহ বা তৎপরতা দেখা যায়নি। অবশ্য ব্যক্তিগত চিঠিপত্র থেকে জানা যায়, অমিয় চক্রবর্তী ও বুদ্ধদেব বসু প্রমুখ তাঁদের বইয়ের প্রচ্ছদচিত্রের ব্যাপারে উৎসাহী ও উদগ্রীব ছিলেন। এক্ষেত্রে জসীম উদ্দীনের প্রয়াস সবিশেষ উল্লেখ্যযোগ্য। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, জয়নুল আবেদিন, কামরুল হাসান ও কাইয়ুম চৌধুরী ও হাশেম খানকে দিয়ে তাঁর নিজের বইয়ের প্রচ্ছদ আঁকিয়েছিলেন। মুহম্মদ মনসুর উদ্দীন অবনীন্দ্রনাথ ঠাকুর ও কামরুল হাসানকে প্রচ্ছদপট রচনার ভার দেন। এক্ষেত্রে মোহাম্মদ কাসেম, শওকত ওসমান, সানাউল হক ও ফয়েজ আহমদ প্রমুখের তৎপরতা লক্ষণীয়।
বাঙালি মুসলমান লেখকদের বইয়ে কিংবা সম্পাদকদের সাময়িকপত্রে অলংকরণের প্রচলন শতবর্ষ আগে থেকে। মোহাম্মদ নাসির উদীনের সওগাত, মোহাম্মদ আকরম খাঁর মাসিক মোহাম্মদী, মোহাম্মদ আফজাল-উল হকের মোসলেম ভারত ইত্যাদি পত্রিকায় সূচনালগ্নে কেবল হেডপিস ও খালি জায়গা পূরণের জন্যে টেলপিস ছাপা হতো। পরে, ত্রিশের দশকে আজাদের ঈদ সংখ্যায় এবং মাসিক মোহাম্মদীর গল্পে অঙ্গসজ্জার চল হয়।
গত শতকের চতুর্থ দশকে মুসলমান চিত্রীদের মধ্যে কাজী আবুল কাসেমের নাম স্মরণীয় হয়ে আছে। কবি বন্দে আলী মিয়াও এক্ষেত্রে উল্লেখযোগ্য। এঁদের পরবর্তী প্রজন্মের ইলাস্ট্রেটরদের মধ্যে কলকাতা সরকারি আর্ট স্কুলের ছাত্র ও পরে শিক্ষক জয়নুল আবেদিন প্রচ্ছদ নির্মাণ ও অভ্যন্তরীণ অঙ্গসজ্জা রচনা করেন।
তিনি কেবল মুসলমান সম্পাদক-প্রকাশকদের বইপত্রেরই অলংকরণ করেননি; চল্লিশের দশকে দেশ পত্রিকায় ছোটগল্পের অলংকরণ করেছিলেন (সূত্র: শোভন সোম, "বাংলা সাময়িকপত্রে চিত্রকলা", সুমিতা চক্রবর্তী সম্পাদিত শত জল ঝর্ণার ধ্বনি-২, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা, ২০০০ পৃ ৩৭)। আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যা ১৯৪৬-এর অলংকরণের ভার নিয়েছিলেন জয়নুল (সূত্র: সৈয়দ আজিজুল হক, জয়নুল আবেদিন/সৃষ্টিশীল জীবন, প্রথমা, ঢাকা ২০১৫)।
১৯৪৭ এ দেশভাগের অব্যবহিত আগে কল্যাণী দত্তের ছোটদের সচিত্র কৃত্তিবাস শিশুপাঠ্য বইয়ের প্রচ্ছদ ও পুরো বইয়ের অলংকরণ করেন। (সূত্র: আবুল আহসান চৌধুরী, "শিল্পাচার্যের গ্রন্থ অলংকরণের সন্ধানে", কালি ও কলম, ডিসেম্বর ২০১৪ পৃ ৯১)।
ময়মনসিংহ থেকে কলকাতায় নবাগত সহায়হীন জয়নুলকে আর্ট স্কুলে ভর্তি করে দেন দৈনিক আজাদ-সম্পাদক ও মাসিক মোহাম্মদীর ভারপ্রাপ্ত সম্পাদক সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দীন। তিনি এই তরুণ শিল্পযশোঃপ্রার্থীকে মাসিক মোহাম্মদী পত্রিকায় অলংকরণের কাজ দেন। এতে জয়নুল কিছু বাড়তি আয়ের সুযোগ পান। এই পত্রিকার আশ্বিন ১৩৪০ সংখ্যায় এম. সিদ্দিক খানের গল্প "আবু মিঞার প্রেম"-এর অলংকরণ জয়নুলের; তখন তিনি স্কেচের নিচে ইংরেজিতে স্বাক্ষর করতেন। উনিশ বছর বয়েসী আর্ট স্কুলের প্রথম বর্ষের শিক্ষার্থীর কাঁচা হাতের কাজ দেখে, শুনেছি, শিল্পীপুত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্কেচগুলিকে নকল সন্দেহ করেছেন। ১৯৪৬ এর ঈদে সংখ্যা আজাদে শওকত ওসমানের বনি আদম উপন্যাসের অলংকরণও তাঁর।
এখানে জয়নুল আবেদিনের অলংকৃত বইয়ের তালিকা পেশ করা যায়:
জসীম উদদীনের বালুচর, আবুল মনসুর আহমদের আয়না, শওকত ওসমানের বনি আদম (প্রথম প্রকাশ আজাদ ১৯৪৬), আহসান হাবীবের রাত্রিশেষ, শামসুদ্দীন আবুল কালামের কাশবনের কন্যা, কল্যাণী দত্তের ছোটদের সচিত্র কৃত্তিবাস, সরদার জয়েন উদ্দীনের নয়ান ঢুলী এবং শামসুল হুদা চৌধুরীর ময়ূখ।
যে-সব সংবাদ সাময়িকপত্রে তাঁর স্কেচ, ছবি, কার্টুন বা অলংকরণ মুদ্রিত তার অসম্পূর্ণ তালিকা:
আজাদ, আনন্দবাজার পত্রিকা, ইত্তেহাদ, দেশ, দিলরুবা, বুলবুল, চতুরঙ্গ, জনযুদ্ধ, পাকিস্তানী খবর, মাহে-নও, মোহাম্মদী, মিল্লাত, সংবাদ, বৃটিশ দর্পণ, টাপুর টুপুর, শাহীন,হানাফী ওহুল্লোড় ইত্যাদি।
এছাড়া সৈয়দ নুরুদ্দীন ও শহীদ সাবের-সম্পাদিত দৈনিক সংবাদের আজাদী সংখ্যা (১৯৫৫), খান সারোয়ার মুরশিদ-সম্পাদিত নিউ ভ্যালুজ, এনামুল হক সম্পাদিত উত্তরণ, মাহে-নও, টাপুর টুপুর-এ তাঁর আঁকা ছবির প্রতিলিপি প্রকাশ পেয়েছে।
মাহে-নও পত্রিকায় (বৈশাখ ১৩৫৬) মুদ্রিত জয়নুলের জলরঙে কায়েদে আজমের মাজারের পথে ছবিটি সম্পর্কে সৈয়দ ওয়ালীউল্লাহ মন্তব্য করেছিলেন:
জয়নুলের এক সাম্প্রতিক জলরঙে দেখা যায়, কায়েদে আজমের সাদামাটা মাজারের দিকে এগিয়ে চলেছে শোকার্ত, বিষাদময় এক দল মানুষের নীরব মিছিল। ছবিটি এক জাতীয় ট্রাজেডী ধারণ করে আছে। (শিবব্রত বর্মণ অনূদিত, সাজ্জাদ শরিফ-সম্পাদিত সৈয়দ ওয়ালীউল্লাহ/অগ্রন্থিত রচনা, ঢাকা, প্রথমা, ২০১৩ পৃ ৭৩)
মিল্লাতের ঈদ সংখ্যাই (১৩৫৩) তাঁর অন্তত ষোলটি অলংকরণ সমৃদ্ধ; সাদা-কালো জল রঙে আঁকা অলংকরণ স্থান পেয়েছে। ওই সংখ্যার মুখপাতে জয়নুলের আঁকা নজরুলের বিখ্যাত প্রতিকৃতি (৫ই শ্রাবণ ১৩৫৩ তারিখে কবি-স্বাক্ষরিত) প্রকাশ পেয়েছিল; এই প্রতিকৃতি নিয়ে আবুল হোসেনের স্মরণীয় কবিতা "জয়নুলের আঁকা নজরুলের ছবি দেখে"।
মিল্লাতের এই সংখ্যায় জয়নুলের ইলাস্ট্রেশনের তালিকা:
আহসান হাবীবের কবিতা "ছহি জঙ্গনামা", আশরাফ সিদ্দিকীর কবিতা "আসাম ১৩৫৩", কাজী আবুল হোসেনর গল্প "সুরের রেশ", মবিনউদ্দীন আহমদের গল্প "দুই রঙ", বেগম সেলিমা রহমানের গল্প "পঙ্গু", আবুল হোসেনের কবিতা "কয়েকটি পোস্টার" এবং গোলাম কুদ্দুসের সাধারণ "ধর্ম্মঘট"।
"কয়েকটি পোস্টারে"র অলংকরণ ছিলো দু-পাতা জুড়ে, শিল্পীর স্বাক্ষর নেই। তবে শিল্পসমালোচক আবুল মনসুর এটিকে জয়নুল আবেদিনের আাঁকা বলে নিশ্চিত করেছেন।
ফয়েজ আহমদের হুল্লোড় পত্রিকায় জয়নুল "ছোটদের পেন্সিলে ছবি আঁকা" নামে নিজের একটি লেখার সঙ্গে অলংকরণ করেছিলেন (কার্তিক-অগ্রহায়ণ ১৩৫৭)। হুল্লোড়ের পুরো ফাইল আমরা দেখার সুযোগ পাইনি। তবে অনুমান করি ওই পত্রিকায় শিল্পীর আরো কিছু স্কেচ প্রকাশ পেয়ে থাকবে।
টাপুর টুপুরে একটি পুরো পাতার স্কেচ প্রকাশ পেয়েছে (ফাল্গন ১৩৭৮)। আবুল মনসুর আহমদের আয়না গল্পগ্রন্থের পাঁচটি গল্পের অলংকরণ জয়নুলের: "হুজুর কেবলা", "গো-দেওতা কা দেশ" "নায়েবে নবী," "লীডরে কওম" এবং "মুজাহিদীন"।
আহসান হাবীবের রাত্রিশেষ কাব্যের প্রচ্ছদপটসহ ওই কাব্যের চারটি পর্যায়ের হেডপিস জয়নুলের ("প্রহর", "প্রান্তিক", "প্রতিভাস" এবং পদক্ষেপ)।
শামসুদ্দীন আবুল কালামের কাশবনের কন্যা উপন্যাসের অঙ্গ সজ্জা করেন ১০ ছবি দিয়ে; কয়েকটি একাধিকবার ব্যবহৃত।
কল্যাণী দত্তের স্কুল পাঠ্য ছোটদের সচিত্র কৃত্তিবাস বইয়ের অলংকরণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আবুল আহসান চৌধুরী:
কল্যাণী দত্তের অগ্রজ বিনয় কৃষ্ণ দত্ত ছিলেন জয়নুল আবেদিনের ঘনিষ্ট বন্ধু। তাঁর মাধ্যমেই প্রকাশক দেব কুমার বসু জয়নুলকে অনুরোধ জানালে তিনি সানন্দে রাজী হন। খুবই অল্প সময়ে-মাস খানেকের মধ্যেই-জয়নুল ছবিগুলি এঁকে দেন। … কার্টিজ কাগজে চায়নিজ ইংক দিয়ে ছবিগুলি তিনি আঁকেন কাহিনির অনুষঙ্গে মোট উনিশটি ছবি থাকলেও একটি ছবির ওপর অসাবধানে কালি পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত আঠারোটি ছবি বইয়ের সঙ্গে ছাপা হয়।
(শিল্পাচার্যের গ্রন্থ অলংকরণের সন্ধানে" কালি ও কলম, জয়নুল আবেদিন সংখ্যা, ডিসেম্বর ২০১৪ পৃ ৯১)
সরদার জয়েন উদ দীনের নয়ান ঢুলী গ্রন্থের গল্পের ইলাসট্রেশন করেন জয়নুল। জাঁ-নেসার ওসমান ওই বইয়ের জয়নুল চিত্রিত এসব গল্পের কথা জানিয়েছেন: "করালী", "ভাবী", "কানা ফকিরের ব্যাটা", "ফুলজান", "কাজী মাস্টার", "সবজান" এবং "নয়ান ঢুলী"। বইয়ে ছবি ও প্রচ্ছদ শিল্পীর নাম উল্লেখ আছে – জয়নুল আবেদিন ও কামরুল হাসান।
শামসুল হুদা চৌধুরীর ছোটগল্পে সংকলন ময়ুখ-এর প্রথম সংস্করণের পনেরোটি গল্পের স্কেচ করেছিলেন জয়নুল। দ্বিতীয় সংস্করণের ভূমিকায় লেখক বলেন:
বন্ধুবর শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিটি গল্পের সঙ্গে প্রথম সংস্করণে যেসব স্কেচ করেছিলেন, এ সংস্করণেও তা পুনরুৎপাদন করা গেল (আখ্যাপত্রের পরের পাতায়)। তবে দ্বিতীয় সংস্করণে উল্লিখিত প্রথম সংস্করণের নেপথ্য কুশীলব পরিচিতিতে উল্লেখ আছে – চিত্র সজ্জা: জয়নুল আবেদিন, এ জেড পাশা, কাজী রউফ।
আমাদের গ্রন্থ চিত্রণের ইতিহাসে জয়নুল আবেদিনের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত। তিনি এক্ষেত্রে তাঁর শিষ্য কামরুল হাসান ও কাইয়ুম চৌধুরীর তুলনায় স্বল্প সংখ্যক বইয়ের প্রচ্ছদ ও অঙ্গসজ্জা রচনা করলেও তাঁর স্বাতন্ত্র্য ও বৈশিষ্টার ছাপ আছে এসব কাজেও। লোকশিল্পকলার প্রতি তাঁর যে ঝোঁক তা-ও অনূদিত হয়েছে শিল্পাচার্যের অলংকরণ ও প্রচ্ছদপট নির্মাণে।
জয়নুল প্রথম জীবনে বাড়তি আয়ের জন্যে অলংকরণ করেছেন বইপত্রের। গত শতকের প্রথম ছয় দশকের পরে তাঁর ইলাসট্রেশনের সন্ধান পাই নি। আহসান হাবীব জানিয়েছিলেন, প্রচ্ছদ আঁকতেও তিনি অনাগ্রহী ছিলেন।
প্রখ্যাত শিল্পসমালোচক শোভন সোমের একটি মন্তব্য উদ্ধার করে এই প্রতিবেদন শেষ করি:
বাংলার বিখ্যাত শিল্পীরাও সাময়িকপত্রের সচিত্রণে যোগ দিয়েছেন। কমার্শিয়াল আর্ট বা ফাইন আর্টের তথাকথিত ভেদাভেদ এর মধ্যে দেখা যায় না।
(শোভন সোম, পূর্বোক্ত)
স্বীকৃতি: জাঁ-নেসার ওসমান, শাহনাজ হুদা, রেজাউল করিম সুমন, জিয়াউদ্দিন চৌধুরী, আবদুস শাকুর, ইসরাইল খান, আবদুল করিম সাহিত্যবিশারদ সংগ্রহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের আব্দুল করিম কোষ গ্রন্থাগার।
