২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাকালের জীবন ও শিল্পকর্ম

কাজী রকিব

Published : 27 Jun 2020, 08:17 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


মার্চের প্রথম সপ্তাহে কারখানার কেন্টিনে গিয়ে দেখি টিস্যু বক্স,সস, নুন,গোলমরিচের গুড়া টেবিলে নাই। খেয়াল করে দেখলাম টেবিল কম, ফাঁকা ফাঁকা সাজানো । বুঝলাম করোনাজাত সাবধানতা । লাইনের স্পীড কমিয়ে কর্মীদের দুরত্বও বাড়ানো হলো। মন ভার হতে শুরু হলো। পরের শুক্রবার কাজে গেলাম না। ছুটি নিলাম। পরে জানতে পারলাম ভীড় এড়ানোর জন্য কর্মীদের দুটি ভাগ করেছে, একগ্রুপ এই সপ্তাহ, অন্যগ্রুপ পরের সপ্তাহ কাজ করবে, কিন্তু বেতন প্রতি সপ্তাহেই পাওয়া যাবে। কোম্পানির উপর কৃতজ্ঞতা হলো। শনি রবি বন্ধ, সোমবার থেকে শুরু হবে নতুন নিয়ম। আমরা দ্বিতীয় গ্রুপে, এক সপ্তাহ নিশ্চিত ।

নিউইয়র্ক আক্রান্ত। সিটির হাসপাতালে ভাইরাসাক্রান্ত মানুষ বাড়ছে প্রতিদিন । রবিবার সংবাদ এলো আমাদের এক সহকর্মী 'লুপে ' মারা গেছেন করোনাক্রান্ত হয়ে। শুক্রবারও লুপে কাজ করেছেন আধবেলা, অসুস্থতাজনিত কারণে ওকে ছুটি দেয়া হয়েছিলো। মনটা খারাপ হয়ে গেলো। ভদ্রমহিলা খুব ভালো মানুষ ছিলেন। আমার ছোটভাইয়ের ট্রেইনারও ছিলেন। স্থুলকায়, শান্ত হিস্পানিক। কাজের ফাঁকে আমি কয়েকজনকে ক্যান্ডি খাওয়াতাম, লুপে তাদের মধ্যে একজন। মাঝে মাঝে নিজেই চাইতেন। আমাকে এরা বলে ক্যান্ডিম্যান। লুপের মৃত্যু মন ভার করে দিলো। খুব কাছের একজন করোনায় চলে গেলো, ৫০ বছর মাত্র বয়স। ওর বাচ্চাদের কথা মনে পড়ছে । বিকালেই সুপারভাইজারের এস.এম.এস – কারখানা বন্ধ। লকডাউন শব্দটা তখনো জানি না। এবং ঐদিনেই নিউইয়র্ক লকডাউন ঘোষণা করলেন গভর্নর এন্ড্রু কুমো।


কাজে যেতে না পারার মধ্যে অনন্ত সুখ। চাকরির নিয়ম আমার খুবই অপছন্দের। আরাম করে ছবি আঁকা যাবে। ইচ্ছা হলে দেরী করে ঘুম থেকে ওঠা যাবে। বিছানায় গড়াগড়ি করতে পারা ভাগ্যের ব্যাপার, এ ভাগ্য আমার সারাজীবন ছিলো। প্রবাসে চাকরি করি। আমার জীবনে প্রথম চাকরি করি বিজ্ঞাপন সংস্থায়, তিন মাস করেছিলাম। এরপর ছ'বছর মাস্টারি করি, সেটা আমি কখনোই চাকরি মনে করিনি। সে ছিলো সংগঠন করা। আমরা একটা কলেজ প্রতিষ্ঠা করছিলাম। তারপর ৩০বছর আর চাকরি করি নাই। চাকরি করি নাই বলে কাজ না করে অর্থাৎ আয়-উপায় না করে তো জীবন যাপন করা যায় নাই। কিন্তু কাজের সময়টা ছিল আমার নিজের নিয়ন্ত্রনে।

এখানে ঘুমথেকে উঠি সকাল ৫টায়, গোসল করে নাস্তা সেরে দুপুরের খাবার টিফিনবক্সে নিয়ে সাড়ে ৬টায় তড়িঘড়ি করে কাজে যাই। কাজতো শ্রমিকের, পরিশ্রম অনেক। বাড়ি ফিরি ৪টায়। চা পানের পর শরীর ছেড়ে দেয় । ঘন্টা দুই পর কখনো ছবি আঁকার জায়গায় বসি, সবসময় আঁকা হয় তা নয়। বসে থাকি, গান শুনি। রাত বা বিকাল ( নিউইয়র্ক হিসাবে সামারে তাই হয় )৮টায় উঠে যাই, ডিনার ঘুম ইত্যাদি। আবার ভোর ৫টায় উঠে পরা। এই আমার রুটিন। করোনা ছুটি আমি বেশ ভালো ভাবেই নিয়েছি। সকালে এত তাড়াতাড়ি উঠতে হবে না, রাতে ৯-৩০শে ঘুমাতে হবে না। নতুন নতুন লাগছে। শুধু বাড়ির বাইরে যেতে পারবো না এই যা। বাড়ির বাইরে যাওয়া আমার জরুরী চাহিদাও না। ঢাকায় থাকতে এমন অনেকবার হয়েছে আমি ১৫দিনেও গেটের বাইরে যাইনি। ৬তলায় থাকি, নিচতলায় স্টুডিয়ো। বাইরে যাওয়াটা আমার জরুরি না।

দুদিন ছুটির মেজাজে গেলো। এর আগেই গ্রোসারি করা হলো, লাগুক না লাগুক তরিতরকারি, মাংস, মাছ ইত্যাদি রান্নাঘরের জিনিষ ছাড়াও কিনলাম অনেক রকম বিস্কুট, টি ব্যাগ, কফি, হুইস্কি বিয়ার। ঘরে বসে থাকলে বারবার খেতে ইচ্ছা হয়। বারবার চা খাই সাথে কোন বিস্কুট। আর এখানে সেখানে ফোন। TBN 24 টেলিভিশন দেখি নিউইয়র্ক ও আশপাশের করোনা পরিস্থিতি জানতে। প্রতিদিনই নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালে ভীড় বাড়ছে, মৃতের সংখ্যাও। আস্তে আস্তে ছুটির মেজাজ কেটে যাচ্ছে। টিভি দেখবো না ভাবি, কিন্তু কি রকম এক আশংকায় আবার টিভি র সামনে বসি। রাত নয়টার সংবাদ দেখিই। রাতে ঘুম আসে না। প্রথম দু'রাত সকালে কাজে যেতে হবে না ভেবে আনন্দে কেটেছে। এখন রাত জাগি ভয়ে। দিনের আলো কেমন যেনো সাহস দেয়। রাত অনিশ্চিত। ভয়ের দিকে নিয়ে যায়। সামনে শপিং প্লাজার আলো সারারাত জ্বলে, জ্বলতে থাকে স্ট্রীট লাইটও। তবু রাত নিঝুম অস্বস্তি বাড়ায়। লং আইল্যান্ড সারারাত জাগে না, কিন্তু ঘুমিয়েও যায় না। পথচারী যায়, কিছুক্ষণ পর পর যায় গাড়িও। ব্যক্তিগত গাড়ী ভাড়ী লরি। কিন্তু লকডাউনে সেসব বন্ধ। শুধুমাত্র 'রনকনকোমা'-গামী বা ফেরৎ ট্রেন যায় শপিং প্লাজার গা ঘেঁষে। তাও নিয়মিত সংখ্যার কম। যাত্রী নাই বা কম। এমনিতেই রাতে ট্রেনের সময় বিরতি বেশী, সংখ্যা কমে আসে।

সকাল হওয়ার অপেক্ষা করি। পাখি জেগে উঠলে চা বানাই। আমার চা খুব সহজ। দুধচিনি ছাড়া। মাইক্রোওয়েভ-এ পানি ও টি ব্যাগ দিয়ে এক মিনিট। মাসুদাও উঠে পরে। আমরা বসার ঘরে বসি। মনখারাপের মাত্রা বাড়ানো যাবে না, তাই ড্রইং বুকে হিজিবিজি করি, মাসুদা নাস্তার আয়োজন করে। নাস্তার পর মাসুদা আমার ও নিজের কাজের টেবিল গুছিয়ে দেয়। আমি আঁকবো ভাবতে থাকি। ক্যানভাস বিছাই, রং তুলি নাড়াচাড়া করি। আনাজ কুটার ফাঁকে ফাঁকে মাসুদাও টেবিলে আসে, বসে, জুয়েলারির জিনিষপত্র সাজায়। মাসুদার পরবর্তী জুয়েলারি প্রদর্শনীর কথা ভাবে। ব্রোঞ্জের হাতে গড়া জুয়েলারি হবে এবার। ফাঁকে ফাঁকে রান্না এগুতে থাকে। আমি ইউটিউবে গান ছাড়ি।

ঢাকায় যারা আমাদের বাড়িতে এসেছেন, তারা জানেন আমাদের স্টুডিয়োর কথা। নিচতলায় চারহাজার স্কয়ার ফুটের ডুপ্লেক্স স্টুডিয়ো । ডুপ্লেক্সের নিচতলা কাঁচের এচিং-স্টুডিয়ো, দোতলায় একটা অফিস ঘর আর বাকী দুটির একটি মাসুদার অপরটি আমার। বাকী খালি জায়গাটাও আমার। আমি কাজ করি ঘুরে ঘুরে। একজায়গায় শুরু করি, অন্যজায়গায় আবার নিয়ে গিয়ে দেখি। কালার প্যালেট সেখানে এনেই কাজ করতে থাকি। আবার জায়গা বদলাই। পুরোন জায়গায় নতুন কাজ চাপাই। অফিসে নিজের বানানো একটা কাঁচের টেবিল ছিলো, সেখানে লে আউট করি কমিশন কাজের। বেশীর ভাগ কাঁচের। আবার সেখানে বসে ড্রইং খাতায় পেন্সিলে আঁকি। পেন্সিল আমার প্রিয় ড্রইং মাধ্যম।

নিউইর্কে বড় আকারের বাড়ী কল্পনাতীত। ওই রকম বাড়ীভাড়া আমাদের সাধ্য না। যা আমাদের সাধ্য সেটা কল্পনাতীত ছোট। এমন ছোট বাসায় বসবাস করার কল্পনা এই বয়সে করিনাই। বিয়ের পর রাজশাহীতে এমন একটা বাসা ভাড়া করে জীবন শুরু করছিলাম প্রায় চল্লিশ বছর আগে। ঘরে ঢুকেই প্রায় বিছানায় উঠে পরতে হয়। তারপর একের পর এক বাসা বদলেছি , আস্তে আস্তে বাসাও বড় হয়েছে। বড়বাড়িতে থাকা আমার বিলাসিতা । সেই জন্য জীবনে সঞ্চয় না করে প্রচুর টাকা ভাড়াবাবদ দিয়েছি। লং আইল্যান্ডের হিক্সভিলে আমাদের বাসা তেম্নি ছোট। খাটের চেয়ে একটু বড় শোবার ঘর। ছবি আঁকার ঘর নাই। আমরা সিড়ির কাছে ছ'ফুট বাই ছ'ফুট জায়গায় আমাদের স্টুডিয়ো বানিয়েছি। সেখানে দুটি টেবিল, দুটি চেয়ার। একটি স্বাভাবিক হাইটের আড়াই বাই আড়াই ফুট টেবিল অপরটি সোফার সেন্টার টেবিল। নিচুটা আমার উঁচুটা মাসুদার। চার হাজার স্কয়ার ফুট থেকে একেবারে ছত্রিশ স্কয়ার ফুটে, ভাবা যায়!
বসার ঘরেও আমি কাঁচের একটা গোলটেবিলে কাগজ-পেন্সিলে কাজ করি।

আমরা চিন্তা করলাম অখন্ড অবসরে করোনা নিয়ে মন খারাপ না করে বরং পজিটিভ ভাবি। দুনিয়াতে পজিটিভ ভাবনার বিকল্প নাই একমাত্র করোনা-পজিটিভ ছাড়া।
প্রথম কিছুদিন প্রায় এক সপ্তাহ শুধু পেন্সিলে কাজ করলাম। ড্রইং, পোর্ট্রেট । কিছু কালি-কলমের ড্রইং। এরপর একদিন বসে ক্যানভাসে গোলাপি আর নীল রং গুলে ঢেলে দিয়ে বসে থাকি, দেখি। সবসময় তো ভেবে সব হয়না। এই যে করোনা-সংকট, কখনো ভেবেছি। কিন্তু সে তো এলো।


রং গড়িয়ে থিতু হলে পাখির ছায়া দেখি। আমি মনপাখি ছেড়ে দেই। আস্তে আস্তে দুদিনে পাখি ও মানুষের মুখের আদলে ছবিটা শেষ হয়, এক নয় অনেকগুলি পাখি আসে। আমার আঁকা চলতে থাকে, বিরতিহীন । ড্রইং, পেন্সিলে পোর্ট্রেট,অয়েলে পোর্ট্রেট। এমনি।


ইংল্যান্ডের এক ফ্যাশন ডিজাইনার আমার ফেসবুক বন্ধু। মহিলার ব্যাপক কাজের ক্ষতি হয়েছে। নিকট বন্ধু কেউ কেউ আক্রান্ত। তার সংকটের কথা শুনি, শক্ত থাকতে বলি। একদিন বিমর্ষ চেহারায় সেল্ফি দিলো। আমারও ওর জন্য মন খারাপ লাগে আমি ওর পোর্ট্রেট করি পেন্সিলে। বিমর্ষ নয় অন্যমুডের। ওকে ম্যাসেঞ্জারে পাঠাই। অবাক হয়, খুশি হয়। আরেকটা ছবি বেছে দেয়, আমি আঁকি। ধীরে ধীরে তার বিমর্ষতা কাটতে থাকে। আমার এই ব্যাপারটাই ভালো লাগে। একজনমাত্র হলেও ডিপ্রেশন থেকে ফিরে এসেছেন। আমি তাকে সাহায্য করতে পেরেছি। ভদ্রমহিলা আমাকে তার ছোট বোনের ছবি দেয়, সেও একই কারণে বিমর্ষ, আমি আঁকি,ছবি ম্যাসেঞ্জারে পাঠাই। ভাবি কোন সুদুর লন্ডনে দুটি বিমর্ষ মানবীকে উৎফুল্লতা দিয়েছি। নিজেকে একটা ভালো কাজে এইসময় নিযুক্ত করতে পারার আনন্দ পাই।

মাসের পর মাস গৃহবন্দি থাকতে হবে এমনতো জানতাম না ,কেউ জানতো না। রাজনৈতিক মানুষ নজরবন্দি,গৃহবন্দি থাকে। শুনে আমি ভাবতাম – অসুবিধা কি, নিজবাড়িতেই তো থাকবে। কিন্তু এখন বুঝি গৃহবন্দির জ্বালা। জানালা দিয়ে শুধু বাইরে তাকিয়ে থাকা। ভোর হয়- লাল আলোর আভা, আস্তে আস্তে আলো উজ্জ্বল হতে হতে আঁধার নামে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি। রাস্তার বাতি জ্বলে, দূরে মানুষবিহীন সপিংকমপ্লেক্সে উজ্জ্বল বাতি জ্বলে, জানালা দিয়ে তাকিয়ে থাকি।

মনে হলো ক্যানভাসে কিছু তেলরংয়ে আঁকি। আমার কাছে কয়েকটা স্ট্রেচার ছিলো। গ্যালারী কায়ার আয়োজনে নিউইয়র্কে একটা প্রদর্শনী হয় সেপ্টেম্বর ২০১৭ সালে। কিছু ছবি নিউইয়র্কে স্ট্রেচার করা হয়। ফেরত নেয়ার সময় সেগুলি খুলে রাখি। নিউইয়র্কে এসে আমি রেডিমেড ক্যানভাসেই আঁকি। এখন মনে হলো আগের মতো নিজ হাতে স্ট্রেচারে ক্যানভাস সাঁটাই। সময় অফুরন্ত, অনলাইনে ক্যানভাসের অর্ডার দেই। নিজ হাতে ক্যানভাস লাগানো, প্রাইম করার আনন্দটাই ভিন্ন। শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দ ভোগ করা। কাজে নেমে বেশ কয়দিন ব্যাস্ত থাকা গেলো। এখন আর জানালায় বসে থাকি না।

সকালে ঘুম থেকে উঠে চা-বিস্কুট খেয়ে একটা পান মুখে দিয়ে ড্রইং করি। কখনো জলরং। ঘন্টা দুইপর পরিপূর্ণ নাস্তা সেরে ক্যানভাসের সামনে দাঁড়াই। এভাবে চলছে এখনো। জানিনা কতদিন এই আবদ্ধজীবন চলবে। কিছুক্ষণ আঁকায় ব্যাস্ত থাকি, বুঝি না করোনা সংকট। আঁকা থেমে গেলে মনটা আবার ভার হয়ে যায়।