২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লস এঞ্জেলাস আর্ট ডিস্ট্রিক্ট

দীপেন ভট্টাচার্য

Published : 04 Jun 2020, 12:39 PM

Updated : 02 Sep 2022, 08:34 PM

১৭৮১ সনে, ৪৮ জন মানুষ লস এঞ্জেলাস গ্রামের পত্তন করেছিল – তাদের মধ্যে ছিল আমেরিকান আদিবাসী ইন্ডিয়ান, কালো, মুলাটো (কালো ও স্প্যানিশের মিশ্রণ), মেস্তিসো (আদিবাসী ইন্ডিয়ান ও স্প্যানিশের মিশ্রণ), ও স্প্যানিশ পরিবার। এর পরে ইতিহাসে বহু জল বয়ে গেছে, কিন্তু যতদিন না ১৯১৩ সনে যখন উত্তরের পাহাড় থেকে তৎকালীন আধুনিক প্রযুক্তিতে নির্মিত খালের মাধ্যমে লস এঞ্জেলাসে জল পৌঁছাল, আর সেই প্রায় একই সময়ে চলচিত্র শিল্পও আমেরিকার পূর্ব তীর থেকে চলে এসে হলিউডে জাঁকিয়ে বসল, শুধুমাত্র তখন থেকেই লস এঞ্জেলাসের বাড় বাড়ন্ত শুরু হল। আমার আজকের এই প্রতিবেদন লস এঞ্জেলাসের ইতিহাসের ওপর নয়, বরং এই বিশাল শহরের দেয়াল আর্ট নিয়ে – আর্টের ইতিহাস নয়, বরং ফটোর মাধ্যমে কিছু নমুনা তুলে ধরাই আমার অভিলাষ। (লেখাটিতে ইচ্ছাকৃতভাবেই অনেক জায়গায় শিল্পীদের নাম বা জায়গার নাম ইংরেজীতে রেখে দিয়েছি যদি পাঠক তাদের বা সেই জায়গায় সম্বন্ধে আরো জানতে চেয়ে আন্তর্জালে খুঁজতে চান।)

শহরের পূর্ব দিকের, খুব একটা নয়নাভিরাম নয়, এমন একটা শিল্প এলাকার পাশেই আর্ট ডিস্ট্রিক্ট। অন্য সময়ের তুলনায় এই করোনাকালে তেমন ব্যস্ত নয়, তাই গাড়ি পার্ক করে দেয়াল চিত্রগুলোর ছবি তোলার কিছু সময় পাওয়া গিয়েছিল। পূর্ব দিক থেকে এলে মূল শহরে যেতে হলে এদিক দিয়ে যেতে হয়। এক শ বছর আগে এখানে ছিল কমলালেবুর বাগান, তারপর এল রেলগাড়ির ইয়ার্ড, পরে কলকব্জার মানুফ্যাকচারিং, আর সেই মানুফ্যাকচারিং চীনসহ বিদেশে অন্য জায়গায় চলে গেলে পড়ে রইল ফাঁকা গুদাম, অসামাজিক কার্যকলাপ, গৃহহীন কিছু মানুষ যাদের মানসিক চিকিৎসার প্রয়োজন। ১৯৭০এর দশক থেকে এরকম একটা পরিস্থিতিতে অনেক আর্টিস্টরা এই এলাকায় বাস করতে আরম্ভ করে যদিও ৮০ বা ৯০-এর দশকেও এলাকা নিরাপদ ছিল না বলা যায়। সেই সময় থেকে এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এই শতাব্দীতে শহরের ব্যাপক উন্নতিসাধন হয়েছে আর এলাকাটার অনেকাংশকে এখন আর্ট ডিস্ট্রিক্ট বলে ঘোষণা করা হয়েছে।

ফ্রি-ওয়ে থেকে ছোট রাস্তায় ঢোকার সময় চোখে পড়বে গ্রাফিতি – দেয়াল লিখন – ছাদে, পরিত্যক্ত গাড়ির দরজায়, ভাঙা দেয়ালে। সেটা যে খুব দৃষ্টিমধুর তা বলব না, কিন্তু একটি রাস্তা ছাড়ালেই দেয়াল জুড়ে বিশাল ম্যুরাল, নাম না জান আর্টিস্টদের। সেই চিত্রকর্মে রয়েছে মিথ, জাতিগত ইতিহাস, সংগ্রাম, ব্যক্তিমানসের অভিব্যক্তি।


চিত্র ১ – পাখিটি মনে হয় কেৎসাল, এটি মধ্য ও দক্ষিণ আমেরিকার বড় রঙীন লেজের পাখি যার সঙ্গে ওই এলাকার বহু মিথ জড়িত। কেৎসালকে আটকে রাখা যায় না এরকম একটি কথা প্রচলিত আছে, সেজন্য এটি মুক্তির প্রতীকও বটে।


চিত্র ২ – এক ভগ্ন বিধ্বস্ত শহরে সূর্য উঠছে। লেখা – I want to sell you a dream। শহরের এই অংশটিকে পরিত্যক্ত মনে হতে পারে (আসলে তা নয়), সেইখানে নতুন স্থাপনা, নতুন সমাজের আশায় এই চিত্র।


চিত্র ৩ – জ্বলছে হয়ত আগুন, আক্রমণ করছে বিভৎস দানবেরা। তার মধ্যে ফলবতী নারী জন্ম দিচ্ছে ভবিষ্যতের।


চিত্র ৪: গাড়িতে লেখা 'কেসাদিয়া মেখিকানা' অর্থাৎ মেক্সিকোর কেসাদিয়া – চাপাতির মধ্যে চীজ ও অন্যান্য সবজি বা মাংস দিয়ে এক ধরণের খাবার। চিত্রটির ডানদিকে মেক্সিকোতে পূজিত – Our Lady of Guadelupe – মাতা মেরীর একটি প্রতিকৃতি।


চিত্র ৫: Zacatecas মেক্সিকো রাষ্ট্রের প্রায় মধ্যখানে একটি রাজ্য। সেটির মানচিত্র ক্যালিফোর্নিয়া রাজ্যের সঙ্গে ডানদিকে আঁকা। জাকাতেকাসের আর একটি মানচিত্র সবুজ রঙে আঁকা নারীটির টুপির ওপরে। কানে গোলাপ ও রামধনু রঙের বড় টুপি পরা জাকাতেকাসেরই এক নারীকে চিত্রিত করা হয়েছে ধরে নিতে হবে।


চিত্র ৬: ছবিটির কোনায় লেখা understanding the illusion, দূর থেকে আরবীতে লেখা বলে ভ্রম হতে পারে। আন্তর্জাল ঘেঁটে দেখলাম অনেকে মন্তব্য করেছেন ছবিটি এই শতাব্দীর প্রথম দশকে একটি রক ব্যান্ডের ¬– Lateralus-এর – অ্যালবামের প্রচ্ছদ দিয়ে অনুপ্রাণিত। Lateralus শারীরিক বিদ্যা সম্পর্কে একটি লাটিন শব্দ। চক্রের মধ্যে চক্রে, মানুষ এবং বহু চোখের সমষ্টি – সেগুলো আমাদের জগতের আপাত বাস্তবতা ভেদ করে কোনো গভীর সত্য বার করতে চাইছে কিনা সেটা দর্শকের নিজস্ব দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করবে।


চিত্র ৭: করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা ছোট কারখানার দেয়ালে অবোধ্য গ্রাফিতির মধ্যেও একটি বাগানবিলাস রঙের প্রাচুর্যে দাঁড়িয়ে আছে।


চিত্র ৮: পুরোনো কারখানা ও গুদামঘর থেকে বেরিয়ে আসার সময় একটি আর্ট গ্যালারির পাশে দেয়ালচিত্র।


চিত্র ৯: কারখানা এলাকা থেকে বেরিয়ে যে আর্ট ডিস্ট্রিক্ট সেখানকার শিল্পকর্মগুলির চরিত্র আলাদা। এদিকের ছবিগুলোতে লাটিন বা হিসপানিক মোটিফ কম। অনতিদূরে লস এঞ্জেলাস শহর কেন্দ্রের উঁচু দালানগুলি দেখা যাচ্ছে।


চিত্রে ১০: এই কাজটির চিত্রকরের নামটি জানা গেল, Allison "Hueman" Torneros। তিনি একজন ফিলিপিনো-আমেরিকান আর্টিস্ট। চিত্রটির নাম হল Bloom, সেটি এই এলাকার একজন সামাজিক কর্মী Joel Bloom-এর প্রতি উৎসর্গীকৃত।


চিত্র ১১: চিত্রকর Colette Miller দেবদূতের ডানা নামে একটি প্রজেক্ট শুরু করেন – পৃথিবীতে মানুষের দেবদূত হওয়া উচিত এই চিন্তা থেকে। নীল ও লাল রঙের ডানা এখন পৃথিবীর অনেক দেশের দেয়ালেই আঁকা হচ্ছে।


চিত্র ১২: আর্ট পাড়া ছাড়িয়ে এসে পড়ি গ্রান্ড অ্যাভিনিউ রাস্তার ওপরে ওয়াল্ট ডিজনি মিউজিক হলে। এখানে পাশ্চাত্য উচ্চাঙ্গ বাজনার আয়োজন করা হয়। এই বক্র দালানটি বিখ্যাত স্থপতি Frank Gehryর করা। বাইরে স্টেনলেস স্টিল। এটার থেকে সূর্যের আলো এমনভাবে প্রতিফলিত হত যে সবার চোখ ধাঁধিয়ে যেত, পাশের ফ্ল্যাটবাড়ি সব গরম হয়ে যেত। পরে সেই ইস্পাতকে ঘষা-মাজা করে কোনোরকমে তার ঔজ্জ্বল্য কমানো হয়।


চিত্র ১৩: ডিজনি কনসার্ট হলের ভেতরের ছবি। ২০১৮ সনে শেষবার যখন গিয়েছিলাম তখনকার ছবি। বর্তমানে এখানে লস এঞ্জেলাস ফিলারমোনিক বাজায়, তার পরিচালকের নাম গুস্তাভো দুদামেল।


চিত্র ১৪: ডিজনি কনসার্ট হলের ধাতব স্থাপত্যের পাশেই হল মৌচাকের ধরণে নির্মিত সাদা আধুনিক আর্টের মিউজিয়াম The Broad Museum, এটা ২০১৬ সনে উন্মোচিত হয়েছে Ely ও Edith Broad-এর অর্থায়নে। Roy Lichtenstein ও Andy Warhol সহ আধুনিক শিল্পীদের কাজ এখানে আছে। গাড়ির মধ্য থেকে ছবি তোলায় কাচে প্রতিফলন দেখা যাচ্ছে।


চিত্র ১৫: The Broad মিউজিয়ামের উল্টোদিকে The Museum of Contemporary Art। এখানে ১৯৪০ দশকের পর থেকে অনেক মার্কিন ও ইউরোপীয় আধুনিক আর্ট রয়েছে যে আর্টিস্টদের অনেকের নামই আমাদের অচেনা।


চিত্র ১৬: গ্র্যান্ড অ্যাভিনিউ-এর দক্ষিণে হল jewelery district। এখানকার দালানগুলোর বয়স প্রায় এক শ বছর হবে। সেই সময়ে মূলত অফিস পাড়াই ছিল, ১৯৬০-এর পরে সোনা ও মণির ব্যবসা শুরু হয়। বর্তমানে অবশ্য সেই ব্যবসাও পড়তির দিকে। এই দালানটির ভেতরে এক সময় Warner Brothers-এর সিনেমা হল ছিল।


চিত্র ১৭: গাড়ি নিয়ে উইলশায়ার বুলেভার্ড ধরে পশ্চিম দিকে এগোই। লস অ্যাঞ্জেলাসেও হোমলেস সমস্যা প্রচুর। করোনা ভাইরাসের সময় এটা আরো সঙ্কটের বিষয়। উইলসায়ার বুলেভার্ডের ওপর ম্যাকআর্থার পার্ক। তার পাশে তাঁবু খাটিয়ে গৃহহীনদের বাস।


চিত্র ১৮: উইলশায়ার বুলেভার্ডের ওপরJohnie's Coffee Shop। সেটা সেই কবে বন্ধ হয়ে গেছে। একে নাকি বলা হয় Gogie স্থাপত্য। ২০১৬ সনে কিছুদিনের জন্য এটা বার্নি স্যান্ডার্সের নির্বাচনী প্রচারনা চালাবার অফিস ছিল। তার একটা প্রতিকৃতি এখনো শোভা পাচ্ছে এর জানালায়। এই দালানটি Miracle Miles ও Reservoir Dogs চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে।


চিত্র ১৯: উইলশয়ার বুলেভার্ডের ওপর লস এঞ্জেলাস কাউন্টি মিউজিয়াম। তার সামনে ল্যাম্পপোস্টের সারি, এটি একটি আর্টের উপস্থাপনা।


চিত্র ২০: কাউন্টি মিউজিয়ামের কাছেই Peterson Automative Museum, ২০১৫ সনে বাইরের যে অংশটি দেখছেন সেটিকে স্থাপন করা হয়। বিভিন্ন দুষ্প্রাপ্য গাড়ির সংরহ রয়েছে এখানে।

এইভাবে আর্ট ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করে উইলশায়ার বুলেভার্ড দিয়ে এসে মিউজিয়াম পাড়ায় আমাদের গাড়ি ভ্রমণ শেষ হল। এই সময়টা সুখের নয়। এই ক্রান্তিকালে গাড়ির ভেতরের নিরাপত্তায় আমাদের ভ্রমণ নিতান্তই বিলাসিতা – এটুকু সময়ে আমরা কোথাও নামিনি, গাড়ির ভেতরে থেকেই ছবি তুলেছি। তার মধ্যেও এক ধরণের অপরাধবোধ নিহিত থাকে, এই দুঃসময়ে সেই দ্বন্দ্ব থেকে সহজে মুক্তি নেই।