একই দিনে বরেণ্য দুই শিল্পীর জন্মদিবস
বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী মুর্তজা বশীর তার জন্মের ৮৭ বছর পেরুলেন আজ। একই দিনে ৭৬ পেরিয়ে ৭৭-এ পা রাখলেন আমাদের আরেক বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম। এখনও তারা কর্মচাঞ্চল্যে মুখর এক জীবন যাপন করছেন।
এর আগে অন্য এক লেখায় বলেছিলাম মুর্তজা বশীর আমাদের জন্য এক অফুরান উদ্দীপনা: রাজনৈতিন, নৈতিক এবং শৈল্পিক–সবদিক থেকেই। বহূমুখী প্রতিভা বলতে যা বুঝায়, বশীর ভাই ঠিক তাই। ছবি, গল্প,কবিতা, গবেষণা, অধ্যাপনা, উপন্যাস, সিনেমার চিত্রনাট্য, প্রবন্ধ, প্রগতিশীল রাজনীতি, সংগ্রহ–কোথায় নেই তিনি! অথচ বিন্দুমাত্র অহংকার নেই বাংলা ভাষার মহান আন্দোলনের এই চিরায়ু সৈনিকের।
বশীর ভাই শুধু শিল্পী নন, তিনি বিশ্বশিল্পের এক অসামান্য ভোক্তা ও বিশ্লেষক, তা বশীর ভাইয়ের মুখোমুখি না হলে বুঝা যাবে না। আমি চাই তিনি আরও বেশি বছর বেঁচে থাকুন। তাঁর মতো গুণী, আদর্শনিষ্ঠ, সৎ আর সৃষ্টিশীল মানুষ যত দীর্ঘকাল বেঁচে থাকবেন ততই মঙ্গল–যতটা না তার জন্য, তার চেয়ে বেশি আমাদের জন্য। জয়তু বশীর ভাই।
শিল্পী মনিরুল বিমূর্ত শিল্পকে তিনি বিশুদ্ধ মনের এক নিষ্পাপ প্রতিফলন করে তুলেছেন। কাঠামো ও শৈলীর পরিপক্ক উপস্থাপন ওই প্রতিফলনকে করে তুলেছে দীপিত। শিল্পী মনিরুল ইসলামের সাথে পরিচয় প্রায় দুই দশকের উপরে, তার প্রীতিপূর্ণ হৃদয়ের ঐশ্বর্যে ঋদ্ধ হয়ে আছি সেই ৯৮ সাল থেকে। ৯৮ সালেই তার একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম যা ছিল তার খোলামেলা অকপট শিল্পী হৃদয়ের এক সুবর্ণ উন্মোচন। শিল্পী হিসেবে যেমন, তেমনি আলাপেও তিনি এক আকর্ষণীয় ব্যক্তিত্ব। পাণ্ডিত্যকে তিনি মননের স্বচ্ছতর এক পরিশীলনে এতটাই সুমিষ্ট করে তোলেন যে তাকে উল্লেখের প্রশর্দনে কৃত্রিম মনে হবে না কখনোই। তিনি প্রকৃতির মতোই উদ্ভিজ্জ ও কোমল। তাকে দেখলে মনে হয় তিনি হুয়ান মিরোর চিত্রকলার নিষ্পাপতায় মোড়ানো।
অন্যদিকে বশীর ভাইকে পেয়েছি একটু দেরিতে যদিও তাকে লেখায় চিনেছি মনির ভাইকে চেনারও বহু আগে। বশীর ভাই, আলাপীতো বটেই, তার চেয়েও বড় কথা, কত সব বিষয়েই না তার আগ্রহ এবং পাণ্ডিত্য। আতিথেয়তা ও আপ্যায়নে তিনি অতুলনীয়, যেমনটা মনির ভাই। মনির ভাইতো কখনো কখনো মেহমানদেরকে নিজ হাতে রান্না করে খাইয়ে তবে ছাড়েন। বশীর ভাই নিজে রান্না না করলেও আপ্যায়নে উদারপ্রাণ।
বশীর ভাইয়ের বেশ কয়েকটি সাক্ষাৎকার নিয়েছিলাম গত কয়েক বছরে। সেগুলো সংকলিত হয়ে পাঞ্জেরী প্রকাশনী থেকে গত বছর বই আকারে বেরিয়েছে। এই শিল্পী সম্পর্কে যারা বিস্তারিত জানতে আগ্রহী, এই বইটি তাদের জন্য খুব সহায়ক হবে বলে আমার বিশ্বাস। শিল্পী মনিরুল ইসলামকে নিয়েও এ বছর বেরুতে যাচ্ছে অনুরূপ একটি বই।
আমার প্রিয় দুই শিল্পীর জন্মের অভিন্ন দিনে তাদেরকে জানাই শুভেচ্ছা ও আলিঙ্গন। শতায়ু পেরিয়ে আপনারা আয়ুর দৈর্ঘে্য আরও বিস্তৃত হোন এই কামনা করি।
