মুর্তজা বশীর: মৃত্যুকে অতিক্রম করতে চাওয়া শিল্পী
'জীবিত অবস্থায় কি পেলাম, এটা বড় কথা নয়। মৃত্যুকে অতিক্রম করে টিকে থাকলাম কিনা, সেটা বড় কথা। আমার সাধনা হচ্ছে আমি মৃত্যুর পঞ্চাশ বছর পরে জীবিত থাকব কিনা। এখন কেউ আমাকে বড় শিল্পী বললে কিছু যায় আসে না।' এ কথা শিল্পী মুর্তজা বশীরের। দৃঢ়তার সঙ্গে তিনি এখনো এ কথা বিশ্বাস করেন দ্বিধাহীনভাবে।
নিজেকে কখনো জন্মগতভাবে শিল্পী হিসেবে তিনি দাবি করেননি। বরং অবিরত চর্চা, সৃজনশীল গবেষণা, উদ্ভাবন, অনুভূতির বিশ্লেষণ আর রাজনীতি সচেতন থেকে সমাজ-রাষ্ট্রের সম্পৃক্ততায় শিল্প ভাষার ক্ষেত্রে নিজস্বতা প্রকাশে তিনি অনেক বেশি উদগ্রীব ও প্রাণবন্ত। নিজস্বতাবাদী শিল্পী হয়েও তিনি প্রজাপতির পাখা কিংবা দেয়াল ও পাথরের শরীরে থাকা রঙের ভাষা পরখ করেছেন নিবিড়ভাবে। একইভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটি মানুষের শরীরের আদর্শিক সৌন্দর্যকে আবিষ্কার করে বিশেষ করে নারীদের আঁকেন নিজস্ব শৈলীতে। পূর্ব-পশ্চিমের মেলবন্ধনে এ সৃষ্টি শিল্প ইতিহাসে এক অনন্য প্রয়াস। তাঁর শিল্পী হয়ে ওঠার সময়কালে পশ্চিমা শিল্পচর্চা যে পর্যায়ে পৌঁছেছিল ঠিক ঠিকই তিনি বুঝে গিয়েছিলেন যে, তাঁর নিজের একটা শিল্পভাষা চাই। যে ভাষার স্বরে যেমন থাকবেন তিনি, তাঁর চিন্তা, তাঁর নান্দনিকবোধ, আবার একইসঙ্গে যে মাটির মানুষ তিনি সেই মাটির কথাও বলবে তাঁর সৃষ্টি। এ দৃষ্টিভঙ্গি তাঁর আঁকা নারী সিরিজের বিভিন্ন পর্বে দেখতে পাওয়া যায়।
আবার তাঁর আঁকা 'কালেমা তাইয়েবা' সিরিজে সুলতানি আমলের শিলালিপির অক্ষর ও শৈলীর সঙ্গে যোগসূত্রতা রয়েছে গভীরভাবে। আর 'শহীদ শিরোনাম' সিরিজে তিনি দেখিয়েছেন মুক্তিযুদ্ধের মতো নৃশংস ঘটনার প্রতি কী করে দুনিয়ার মানুষ কীভাবে শ্রদ্ধায় নত হওয়ার সুযোগ পায়। কিছু পাথরের আকার কীভাবে পরিসরে ধ্যানমগ্ন অভিজ্ঞতার জন্ম দেয়Ñ যে অনুভূতির স্মৃতি ও উপলব্ধি কোনোভাবেই ভুলে যাওয়া যায় নাÑ 'শহীদ শিরোনাম' তেমনই এক দৃষ্টান্ত।
অন্যদিকে এই মুর্তজা বশীরই এ অঞ্চলের মাঠ-ঘাট-রাস্তা চষে বেড়িয়েছেন নিজেকে জানতে। মাটির টেরাকোটা থেকে পাথরের শিলালিপি পাঠের মধ্য দিয়ে তিনি জানতে চেয়েছেন নিজের ঐতিহ্যের শেঁকড়কে। আর তিনিই ভাষা আন্দোলনের ২১ শে ফেব্রুয়ারিতে আর ১৯৭১ সালের মার্চে স্বাধীনতার কথা বলতে রাজপথে নেমেছিলেন জীবনের তোয়াক্কা না করেই। এসব ঘটনার ঘাত-প্রতিঘাতের অভিজ্ঞতা তার সৃষ্টির জগতকে করেছে আরো প্রসারিত। আবার লোকায়ত বাংলার জন-জীবন ও শিল্প চর্চার প্রকাশ আমরা দেখতে পাই তার করা মূর্যাল চিত্রে।
এই মুর্তজা বশীর যখন গল্প-উপন্যাস লেখেন তখন তিনি সম্পূর্ণরূপে আরেকজন মানুষ। একদম একা থেকে জীবনকে দেখার এক অন্য আয়োজন। আবার কবিতায় তিনি বলেছেন সম্পূর্ণ নিজের কথা, করেছেন নিজের সঙ্গে আলাপ। যা তিনি দেখেননি, যা তিনি কল্পনা করেছেন, সেগুলোই এসেছে তাঁর লেখা কবিতায় নানা পংক্তিতে। যদিও ইরাক হামলা নিয়ে কয়েকটি কোলাজ বা 'দেয়াল' সিরিজে তৎকালীন পাকিস্তানে তৈরি হওয়া দমবন্ধ পরিস্থিতি এবং এরশাদের স্বৈরতান্ত্রিক সরকারের দুর্বিষহ অবস্থার কথা অবলীলায় তিনি প্রকাশ করেছেন তাঁর চিত্রভাষায়। এমনকি শিল্প শিক্ষক হিসেবে শিক্ষাদানের বিশেষ পদ্ধতিও তাকে সবার থেকে করে তুলেছে আলাদা। আবার পারিবারিক জীবনে দায়িত্বশীলতার বিষয়ে বরাবরই তিনি সদাসচেতন।
তাঁর জীবনের এত বিচিত্র দিকের কারণেই তিনি বলতে পারেন, 'সাহিত্য শিল্প বলে নয়, সব মানুষকেই বলবো, সৎ মানুষ হওয়ার জন্য। সৎ মানুষের খুব অভাব। সৎ মানুষের অভাব থেকেই আজকে সাহিত্য শিল্প রাজনীতি সব ক্ষেত্রেই একটা বন্ধ্যাত্ব। তিনি এমন এক কালের মানুষ যখন আঞ্চলিক আধুনিকতার ধারণায় এ জনপদের শিল্পীরা গড়ে তুলছেন এক নিজস্ব শিল্পভাষা। শিল্পী মুর্তজা বশীর সেই প্রজন্মের অন্যতম এক দিকপাল। আজ তাঁর জন্মদিন। শিল্পী মুর্তজা বশীরকে ৮৭তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা।
