২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুতপার ঠিকানা’য়

shabnam_ferdoushi

Published : 13 May 2015, 09:07 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

প্রসূন যখন জানাল, 'সুতপার ঠিকানা'-র রিভিউ আমাকে লিখতে হবে তখন বেশ উভয় সঙ্কটে পড়া গেল। প্রথমত, শেষ কবে লিখেছি মনে পড়ে না। দ্বিতীয়ত, কী লিখতে কী লিখি, শেষে সম্পর্ক অহিনকুলে পরিণত না হয়!

নিজেদের বন্ধু-বান্ধবদের সমালোচনা করার এই এক মুসিবত। চেক অ্যান্ড ব্যালান্সের একটা মাত্রা থেকেই যায়। মূল আলোচনায় প্রবেশের আগে আমি ভাবি, এ ছবি দেখার অভিজ্ঞতার বয়ানের ভাষা কেমন হবে–ধারালো? ঝাঁঝালো? নাকি নম্র-মধুর? কোনটাতে শ্যামও থাকবে, কুলও যাবে না।
সব ভেবে সিদ্ধান্তে পৌঁছাই–এখানে শুধু আমি আমার কথা বলব না, দর্শকদের হয়েও বলব। ৭ মে প্রিমিয়ার শোতে আমার আশপাশে যেসব দর্শক-বন্ধু-সহকর্মী বসেছিলেন তাদের মন্তব্যও স্থান পাবে। ফলে কোনো একচোখা সমালোচনার দায় আমার উপর বর্তাবে না।
তাহলে প্রসূন, শুরু করা যাক।

প্রথমেই আসা যাক গল্পে। প্রসূনের নিজস্ব গল্প এটি। গল্প কিন্তু মন্দ নয়, সহজ, ন্যারেটিভ। সহজভাবেই গল্পের কঠিন কথা বলা যেত। কিন্তু, বাধ সাধল অতিকথনে। সিনেমা নিজেই তার কথা বলে, নির্মাতা যে কাহিনির সুত্র গেঁথে দেন, তা-ই যথেষ্ট দর্শকদের জন্য। বিশেষভাবে কাহিনিচিত্রে। তথাপি প্রসূন কেন ধারাবর্ণনায় গেলেন, বোঝা গেল না। ধারাবর্ণনা আসতেই পারে ট্রিটমেন্ট হিসেবে।

কিন্তু, সুতপার ঠিকানায় ঠিক তার দরকার ছিল না। যা অভিনীত ছিল, যা ডায়লগ ছিল, তাই যথেষ্ট ছিল সিনেমাকে বোধ করার জন্য। ধারাবর্ণনা যেন সেই যথেষ্ট–এর উপর চেপে বসানো। ঘটে যাওয়া ঘটনাকে পুনরায় ব্যাখ্যা করতে থাকা। বেদনার কথা কি বলে দিলে চলে! কেন প্রসূন? আপনি কি কোনো কারণে Insecurity-তে ভূগছিলেন? মনে হচ্ছিল, যা বলতে চাচ্ছি–তা যথেষ্ট হয়ে উঠছে না? আপনার কাছে প্রশ্নটা রইল কিন্তু।

তারচে যদি ধারাবর্ণনার শটগুলো এমনিই থাকত with silent ambience, তাহলে অনেক ভালো হতে পারত। সেই সঙ্গে আছে একই আবহসংগীতের বারবার ব্যবহার। চলচ্চিত্রের সবচে শক্তিশালী অঙ্গ হচ্ছে silence / নৈঃশব্দ। শব্দহীনতার ব্যবহার কতটা মোক্ষম হতে পারে, তা তো সেই নির্বাক যুগেই দেখেছি আমরা। চলচ্চিত্র তো ভিজুয়ালের রাজ্য। সেই ভিজুয়াল নিজেই সব বলে দেয়। আবহসংগীতের ব্যবহার যদি ভিজুয়ালের সৌন্দর্য্য গ্রাস করে ফেলে, তবে তা নিঃশ্বাস নিতে পারে না। Breathing Space-এর দরকার পড়ে কাহিনির। সেই নিঃশাস নেওয়ার জায়গাটুকু মিস করে গেছি কথা আর সংগীতের অতি ব্যবহারে। একই সূত্র ধরে ছবির সংগীত পরিচালক কুমার বিশ্বজিতের প্রসঙ্গে আসতে হচ্ছে। সুতপার বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবার সময়কার রাধারমনের গানটি চন্দনা মজুমদারের কণ্ঠে উপভোগ্য ছিল নিঃসন্দেহে। আর সুরকারের নিজের কণ্ঠে গাওয়া তোমার খয়েরি রঙের– গানটিও বেশ ভালো। এর বাইরে বাদবাকি যা করলেন, তাতে ভিন্নতা কোথায়? একটা অনুভূতিই শুধু জানাই। ক্লাস ফাইভে থাকতে এ শিল্পীর প্রেমে পড়েছিলাম আমি। এই চল্লিশোর্ধ বয়েসে এসে সে প্রেম ছুটে গেল এই মিউজিক কম্পোজিশনে… আমি নিশ্চিত, প্রসূন নিজেও হতাশ। বিশেষ করে আবহসংগীতের ক্ষেত্রে। আবহসংগীতই পারত সুতপার বেদনার দ্যোতনা তৈরি করতে, যা ট্রেনের ঘটাঘট শব্দ পারল, তা সুরকার পারল না।

ভালো লেগেছে পুরো ছবির COLOR GRADDING। উৎকট নয় একেবারেই। প্রসূনের মতোই প্রশান্ত। বেশ নরম একটা সুর আছে আলো আর রঙে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী হয়নি ক্যামেরার কাজ। ক্যামেরার ভাষা যে আবহ তৈরি করতে পারত, তা হয়নি। একেবারেই গতানুগতিক। অথচ, সুতপা চলে যাবার পর তার সন্তান যখন ট্রেন স্টেশনে যায়। চুপচাপ প্লাটফর্মে বসে থাকে। একটা-দুটো আলো জ্বলে… ভারী সুন্দর সে মুহূর্ত। ছেলের হতাশার ভাব আমাদের মধ্যেও উচ্চারিত হয়। ছবিজুড়ে Close and Wide shot-এর বড় অভাব। সুতপাকে যখন তার বেয়াইন বাড়ি ছেড়ে চলে যেতে বলেন, তখন কি সুতপার আহত চোখ আমরা দাবি করতে পারি না? যেন কিছুই হয়নি–এমন ভাব করে সুতপা ব্যাগ গোছাতে বসল। কোনো তাড়া ছিল কি প্রসূন? কিংবা মেজাজ খারাপ?

কারণ, ছবির শুরুটা যত ভালোভাবে এগুচ্ছিল, দ্বিতীয়ার্থ এসে ততটাই তাড়াহুড়োর ছাপ ছিল, আর ছিল দীর্ঘসুত্রিতা। ক্যামেরার ব্যবহারে তাড়াহুড়ো, হাতে গোনা শট–ফলে একই ধরনের শটের ব্যবহার কাহিনিকে দীর্ঘায়িত করেছে। বায়েজিদের ক্যামেরা বহুবার কেঁপেছে। এই শটগুলো কি আবার নেওয়া যেতে পারত না?
ছবির প্রথম সফলতা পাত্রপাত্রী নির্বাচন। সুতপার ছেলের ভূমিকায় নাভিদ ছাড়া আর সবাই যথার্থ অভিনয় করেছেন। সুতপার বেয়াইন, বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদ সকলেই ভালো। আর সুতপা? অপর্ণা ঘোষ?

অপর্ণা ঘোষ অভিনীত আমার দেখা এটি দ্বিতীয় চলচ্চিত্র। মেঘমল্লার-এ অপর্ণা ঘোষ যথাযথ ছিল। কিন্তু, খাটুনি চোখে পড়েনি। এখানে অপর্ণা খেটেছে, সত্যিকার অর্থেই। সিনেমার এই এক দোষ-কোনটা খাটুনি, কোনটা খাটুনি নয়, তার কিছুই নজর এড়ায় না দর্শকের কাছে। অপর্ণা এতটাই ভালো ছিল যে, তার অভিনয়ের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারেনি পুরো ছবি। তাল মেলাবার সমস্যায় আর্টিস্ট যেন বিচ্ছিন্ন হয়ে গেল পুরো প্রেক্ষাপট থেকে। একাকি সে হেঁটে বেড়াল ছবি জুড়ে। শিল্পকে ছাড়িয়ে গেল শিল্পী নিজেই। কিন্তু, অপর্ণার এ সাফল্যের ভাগীদার প্রসূনও নিশ্চয়। কারণ, যা হয়, তা তো নির্মাতার এখতিয়ার বহির্ভূত কিছু নয়। প্রসূন পেরেছেন অপর্ণার কাছ থেকে আদায় করতে। ছবির সবচে বড় সাফল্য বোধ করি তাই অপর্ণা। পুরো ছবি সে একাই বহন করে গেছে।

কলাকুশলীর পোশাক ও সাজসজ্জা ছিল এক্কেবারেই ঠিকঠাক। শুধু অপর্ণার কিশোরী বেলার সালোয়ার কামিজ সময়োচিত ছিল না। যদি বর্তমানকে ধরি এ ছবির কাল, তবে অপর্ণার সালোয়ারের সঙ্গে ফ্রক থাকবার কথা নয়। কারণ, হিসেবমতো ওটা ছিল ষাট বা সত্তরের দশক। তখন চাপানো কামিজ পড়া হত। আশাতীত ভালো ছিল অপর্ণার বৃদ্ধ বয়সের মেকআপ। কিন্তু, শরীরটা তো আর বৃদ্ধ নয়। তাই সুতপার ঋজুভাব এড়ায়নি ক্যামেরার চোখে। অপর্ণা চেষ্টা করেছে ধীরলয়ে চলবার, কুঁজো হবার। কিন্তু শরীর বয়েস লুকাতে পারেনি।

ছবির প্রপসের ব্যবহার নিয়েও তেমন কিছু বলবার নেই। বিষদৃশ্য কিছু লাগেনি তেমন।
প্রসূন আমার কথায় কি খুব খেপে গেলেন? কিন্তু সহকর্মী হিসেবে আমার মনে হয়েছে, আমাদের কথাগুলো আপনার জানা দরকার। আমাদের দেশে তো সমালোচনার নামে যা হয়, তা হল অতি প্রশংসা, নয়ত অতি ভুল ধরা। আমার নিজের আরও কিছু আপত্তি আছে, ধারাবর্ণনার ভাষা প্রয়োগ নিয়ে। কিন্তু, সেসব মুখোমুখি আলাপ করে নেওয়া যাবে।

শেষ কথায় আসি, দশর্ক কিন্তু ছবি পছন্দ করেছে। শো শেষে দর্শক বের হতে হতে বলতে শোনা গেছে অনেকদিন পর একটা পরিচ্ছন্ন ছবি দেখেছেন তারা। বিশেষভাবে, পুত্র-সন্তানেরা সেদিন তাদের মায়ের জন্য আবেগবান হয়েছে। এটাই তো শিল্পের তালিসমানি ক্ষমতা। টেকনিক, দুর্বলতা কিছু নয় যদি তা মানুষকে স্পর্শ করে। সুতপার ঠিকানা মানুষকে স্পর্শ করেছে।
এরপর কি আমার আর কিছু বলা সাজে!