২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

Made in Bangladesh: চলচ্চিত্র নাকি নিছকই ফিল্মড থিয়েটার?

লিখন চন্দ্র দত্ত লিখন চন্দ্র দত্ত

Published : 02 Apr 2022, 01:52 PM

Updated : 22 Jul 2022, 02:46 AM


রবীন্দ্রনাথের উপন্যাসগুলো নিয়ে অনেকেরই আপত্তি সেগুলো সার্থক উপন্যাস নয়। এরকম ধারণা পোষণকারী সমালোচকদের মতে রবীন্দ্রনাথ তাঁর উপন্যাসগুলোতে যা বলেছেন বা বলতে চেয়েছেন সেই কথাগুলো সব খাঁটি তবে বলার ভঙ্গিমাটা নয়। অর্থাৎ এসব উপন্যাসে রবীন্দ্রনাথের দর্শন ও জীবনভাবনা যথার্থরূপে ফুটে উঠেছে বটে তবে উপন্যাস রচনার কায়দাটা ঠিক শিল্পের স্তরে উন্নীত হতে পারেনি। তরুণ চলচ্চিত্রকার রুবাইয়াত হোসেনের Made in Bangladesh (2019) দেখতে দেখতে আমারও ঠিক একই কথাটা মনে হয়েছে। Made in Bangladesh রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি। বিষয়বস্তুও তেমন জটিল নয়; প্রচলিত ভাষায় রচিত স্বপ্নপূরণের গল্প। তবে অনেকের মতে ২০২২ সালের নিরিখে এ ছবি শিল্পগুণে উৎরাতে পারেনি। ফলে এ ছবিটি শিল্পের বিচারে পাতে পড়ার যোগ্য কিনা তাই আমরা এই নিবন্ধজুড়ে খানিকটা বোঝার চেষ্টা করব। এজন্য প্রথমে চলচ্চিত্র ও মঞ্চের মধ্যে সাধারণ পার্থক্য আলোচনা করব ও পরবর্তীতে সেই নিরিখে Made in Bangladesh ছবিটি বিশদভাবে পর্যালোচনা করব।

১
মঞ্চ বা থিয়েটারে একজন নাট্যকারের হাতিয়ার হলো তাঁর রচিত সংলাপ। এই সংলাপ ব্যবহার করে তিনি তাঁর চরিত্রদের কতটা জীবন্ত করে তুলছেন ও চরিত্রগুলির পারস্পরিক দ্বন্দ্ব ও সংঘাতকে কাজে লাগিয়ে তাদের মধ্যে drama কতটা ঘনিয়ে তুলতে পারছেন তথা সার্বিকভাবে নিজেকে কতটা প্রকাশ করতে পারছেন তাই দিয়ে হয় একজন নাট্যকারের সার্থকতার বিচার। আর একজন অভিনেতা/অভিনেত্রীর সার্থকতা হচ্ছে তিনি তাঁর পেশার সবরকম হাতিয়ারগুলো (চেহারার অভিব্যক্তি, দৈহিক ভঙ্গি ও গলার স্বরের ওঠানামা) কাজে লাগিয়ে কত নিখুঁতভাবে মঞ্চে তার চরিত্রটিকে জীবন্ত করে তুলতে পারছেন।
এবং আমরা জানি মঞ্চে চার দেয়ালের মাঝখানে প্রতীকী ভাবে বাস্তব জীবনকে উপস্থাপন করা হয়, ফলস্বরূপ সেখানে যে গাছটি আছে বা যে ড্রয়িং রুমটি আছে তার কোনটিই আসল গাছ বা ড্রয়িং রুম নয়। এগুলো সবই বাস্তব জীবনের কোনো গাছ বা ড্রয়িং রুমকে প্রতিনিধিত্ব করছে। ঠিক তেমনি বাস্তব জীবনকে প্রতিনিধিত্ব করে থিয়েটারি অভিনয় ও লম্বা থিয়েটারি সংলাপ। যার কোনটিরই হুবুহু বাস্তবকে ফুটিয়ে তোলার কোনো দায় নেই। বরং থিয়েটারি ব্যাকরণের মূল অভীষ্টই হলো মিথ্যার মধ্য দিয়ে গিয়ে গিয়ে একটি সামগ্রিক সত্যে পৌঁছানো; যা মঞ্চ কয়েক হাজার বছর ধরে সফলভাবে করে আসছে।

এর অপরদিকে রয়েছে পৃথিবীর নবীনতম শিল্প (আদৌ যদি তা ক্রাফট না হয়ে আর্টের মধ্যে পড়ে) চলচ্চিত্র। চলচ্চিত্রে ক্যামেরা নামক যন্ত্রটি একটি দ্বিমাত্রিক পর্দায় বাস্তবকে হুবুহু ফুটিয়ে তুলতে সক্ষম। এখানে পার্কে যে গাছগুলো দেখা যাচ্ছে তারা সব আসল, গাছের মধ্য দিয়ে ঝিরঝির বাতাস বয়ে বয়ে তোলা পাতার কাঁপুনিই প্রমাণ করে দিচ্ছে এখানে আছে জীবনের স্পন্দন। কাজেই ফিল্মে মিথ্যার কোনো স্থান নেই। সত্যের সিঁড়ি ভেঙে ভেঙে উঠেই চলচ্চিত্রকে সত্য খুঁজে নিতে হবে। কিন্তু যেহেতু ফিল্ম ও থিয়েটার এ দুটি শিল্পেই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে জীবন্ত মানুষের দরকার হয়, সেজন্য সেই সূচনালগ্নেই চলচ্চিত্র একটি ভুল বাঁক নিয়ে অগ্রজ শিল্পমাধ্যম থিয়েটারকে অনুকরণের পথে এগিয়েছে। আসল আর নকলের এই জগাখিচুরির ফলে ফিল্ম না হতে পেরেছে একটি স্বাধীন আর্ট, না এতে আছে মঞ্চের প্রভাব ও ক্ষমতা। চলচ্চিত্র যদি আদ্যিকালেই এই ভুল বাঁকটি না নিত (যার থেকে ১২০ বছর পরও আমরা বের হতে পারিনি) তাহলে আজ তা নিঃসন্দেহে পৌঁছে যেত অন্য কোনো দিগন্তে। তাই তো Cinémathèque Française এ বসে লুমিয়ের ভাইদের তোলা ছবিগুলোর অমলিনত্ব দেখে ত্রুফো সখেদে বলেন, Watching the recently discovered Lumiere films…We see people riding bicycles or going shopping, it's surprising because it feels like some secret has been lost. Cinema, in it's growing sophistication seems to have lost a crucial contact with reality.
তাহলে অভিনয়, প্লট, ড্রামা ইত্যাদি যদি চলচ্চিত্র নির্মাতার হাতিয়ার না হয় তাহলে তার হাতিয়ার কি? তার হাতিয়ার হলো চলচ্চিত্রের যা নিজস্ব একান্ত, যা অন্য কোনো শিল্প মাধ্যম থেকে ধার করা নয় – ইমেজ ও সাউন্ড। ছুরি আর কাঁটাচামচ এর কোনো ঠোকাঠুকি ছাড়াই আপনি যেমন নিরদ্বিধায় ভোজন পর্ব সমাধা করতে পারেন তেমনি সার্থক চলচ্চিত্রকারও তার দুটি tool দিয়ে চিত্ররচনা করবেন। এখানে তার না প্রয়োজন হবে উপন্যাসের মত ভরাট গল্প ও চোখধাঁধানো বর্ণনার, না প্রয়োজন হবে থিয়েটারি অভিনয় ও চটকদার সংলাপের, না প্রয়োজন হবে ইমেজ পালিশ করে করে প্রত্যেকটা শটকে এক একটা আস্ত পেইন্টিং বানিয়ে ফেলার।

চলচ্চিত্র বা যাকে আমরা তথাকথিত চলচ্চিত্র বলে থাকি (যার ৯৫ ভাগই ফিল্মড থিয়েটার) তাতে ক্যামেরা নামক বিস্ময়কর যন্ত্রটির কাজ হলো reproduction। অর্থাৎ পরিচালকের নির্দেশে অভিনেতা/অভিনেত্রীরা তাদের সবরকম থিয়েটারি মেথড (মুখের অভিব্যক্তি, স্বরের ওঠানামা) ব্যবহার করে একটি দৃশ্যে অভিনয় করবেন এবং পরিচালক তা ক্যামেরা চালিয়ে রেকর্ড করবেন। ঠিক অনেকটা ক্যামেরা চালিয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা বা মিকেলাঞ্জেলোর ডেভিড চিত্রবদ্ধ করার মতো। কিন্তু এ দুটি শিল্পকর্মের photographic reproduction এর সাথে আসল শিল্পকর্ম দুটির দাম, ক্ষমতা বা প্রভাব কিছুতেই কোনো তুলনা চলবে কি? কিন্তু দুর্ভাগ্যবশত ফিল্মে আমরা গত একশ বছর ধরে মিথ্যে জিনিসটাকে সত্য বলে শুধু পরিচয়ই দিচ্ছি না বরং তাকে সাদরে গ্রহণ করে চলেছি।

ফিল্মড থিয়েটারের আরেকটি লক্ষণ যা কিনা Made in Bangladesh ছবিতে রুবাইয়াতের বাতিক বলা চলে, তা হলো শটে সবকিছু দেখানো। মঞ্চে আমরা একসাথে সবকিছু দেখতে পাই। কিন্তু বাস্তব জীবনে মানুষের চোখ সেভাবে কাজ করে না। মানুষের চোখ একবারে শুধু একটা জিনিসেই ফোকাস করতে পারে। পাঠক লক্ষ্য করবেন আমরা যখন কোনো মানুষের দিকে তাকাই তখন তার পুরোটা দেখতে পাই না। সে যখন কথা বলছে তখন তাকাই তার চোখে। যখন রাস্তায় হাঁটি তখন দেখি রিকশাওয়ালার মাথা, তার পা- প্যাডেলে চাপ দিয়ে দিয়ে রিকশা চালিয়ে নিয়ে যাচ্ছে। কিংবা দেখি হাত, দরজা খুলছে। অথবা দেখি দোকানিকে যে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা ছেড়ে দিচ্ছে তাওয়ার তেলে। এই যদি সত্যি হয় তাহলে ক্যামেরা বাস্তবকে অনুসরণ না করে থিয়েটারকে অনুসরণ করবে কেন? যখন আমরা আগে থেকেই জানি শিল্পে কখনো পুরোটা দেখাতে নেই অর্থাৎ যাকে বলে Art lies in suggestion।
এবং অবশ্যই মনে রাখতে হবে লিখবার সময় আমরা যেমন কয়েকটা শব্দ পাশাপাশি বসিয়ে বাক্য তৈরি করি, যেখানে আলাদা আলাদা শব্দগুলোর কোনো অর্থরূপ থাকে না, বরং একাধিক শব্দ পাশাপাশি বসে একে অপরকে পরিবর্তিত করে ও নতুন একটি পূর্ণাঙ্গ ভাব তৈরি করে, ঠিক তেমনি একশটে পুরো জিনিসটা ধরা হচ্ছে ফিল্মড থিয়েটারের লক্ষণ। চলচ্চিত্রে একাধিক ইমেজ (যাদের কোনো স্বাধীন অর্থ নেই) পাশাপাশি বসে একে অপরকে পরিবর্তিত করে ও একটি সম্পূর্ণ ভাব প্রকাশে সাহায্য করে। অর্থাৎ এখানে একাধিক ইমেজ থাকতে হবে ও সেই ইমেজগুলোকে পাশাপাশি বসে একে অপরকে পরিবর্তিত করে ফেলতে হবে। সেটা থেকেই গড়ে উঠবে ছবির ছন্দ। এটাই চলচ্চিত্রের মৌলিক বৈশিষ্ট্য। এর বাইরে যা কিছু হয় তাকে আর যাই বলা হোক চলচ্চিত্র বলা যাবে না।
২

Made in Bangladesh এদেশে ক্রমবর্ধমান গার্মেন্টস শিল্পে কাজ করা নারীদের গল্প কিংবা বলা চলে তাদের অধিকার আদায়ের গল্প। ঢাকার একটি গার্মেন্টসে কাজ করে বিবাহিতা ২৩ বছর বয়সী শিমু। প্রতিদিন সকালবেলা ব্যাগ হাতে দল বেঁধে যেসব নারীদের কাজে যেতে দেখি শিমু তাদেরই একজন। সেই শিমুদের গার্মেন্টসে হঠাৎ আগুন লেগে দ্বগ্ধ হয়ে মারা যায় শিমুর এক বান্ধবী। এর দুয়েকদিন পর সকালবেলা গার্মেন্টস এর সামনে শিমুর পরিচয় হয় নারী অধিকারকর্মী নাসিমা আপার সাথে। তিনিই শিমুকে তাঁর অফিসে ডেকে নেন আর বোঝান নারী অধিকার সম্পর্কে এবং কারখানায় নারী কর্মীদের একটি ইউনিয়ন করতে পারলে তারা কি কি সুবিধা পাবে। শিমু চট করে ব্যাপারটা ধরতে পারে এবং তার বান্ধবীদের বোঝানো ও রাজি করানোতে নেমে পড়ে। তারা সকলে মিলে এই ইউনিয়নটি প্রতিষ্ঠা করতে পারল কিনা এবং করলে 'কিভাবে' করল মোটামুটি তাই নিয়ে Made in Bangladesh ছবির গল্প।

ছবিজুড়ে শিমুর ঘর-বাহির, রাস্তাঘাট, পোশাক কারখানা, নারী অধিকারকর্মীদের অফিস কিংবা সরকারি অফিসে ইন্টারকাটিং এর মাধ্যমে যে ছন্দটা তৈরি হয়েছে সেটা বাদ দিলে পুরো ছবিটিই তার সবরকম বৈশিষ্ট্য নিয়ে একটি আস্ত ফিল্মড থিয়েটার। ছবির সমগ্র ভাষাটাই মূলত ফিল্মড থিয়েটারের ভাষা। যেখানে তার create করার কথা সেখানে ক্যামেরা শুধু record করে চলেছে। মুখ তো মানুষের মনের প্রতিবিম্ব এবং এই মুখে ভাবের সামান্য পরিবর্তনও যে যন্ত্রটি অতি নিখুঁতভাবে ছবিতে বন্দি করতে সক্ষম, তাকে এখানে দৃশ্যের পর দৃশ্য নিরব দর্শক হিসেবে নিরাপদ দূরত্বে বসিয়ে রাখা হয়েছে।
প্রতিটি দৃশ্যে পরিচালক দুটি বা তিনটি সেটআপ নেন এবং এই ভিন্ন ভিন্ন সেটআপ থেকে বারবার দৃশ্যটি রেকর্ড করেন। পরে কাটিং রুমে বসে এই তিন চারটে সেটআপের ফুটেজগুলো জুড়ে এক একটি দৃশ্য রচনা করেন। ছবির প্রায় সকল দৃশ্যই এই মেথডে রচিত। বাইরের দৃশ্যগুলোতে যেখানে শিমু ও তার বান্ধবীরা কথা বলতে বলতে কারখানা থেকে ফেরে (এরকম তিন চারটে দৃশ্য আছে), তার প্রত্যেকটিতেই তারা অভিনয় করে (আবার সেই থিয়েটার!) এবং পরিচালক সেটা এক শটে চিত্রবদ্ধ করেন। রুবাইয়াত হয়ত বলতে পারেন বাস্তব জীবনে কি আমরা এভাবে কথা বলি না? এভাবে কাজ করি না? আমি বলবো, বাস্তব জীবনকে নকল করার দায় শিল্পের নয়। গদারের সেই কথাটি মনে পড়ে গেল, Art is not a reflection of a reality, it is the reality of a reflection।
কিংবা ধরুন ছবির সংলাপগুলো, যা সব রচিত হয়েছে থিয়েটারি ব্যাকরণের প্রভাবে।
শিমু: কালকে শ্রমিক ইউনিয়নের মিটিঙে যামু। কেউ যাবি আমার লগে?
বান্ধবী ১: কোন মিটিং? বাড্ডা?
শিমু: নাসিমা আপা আমারে…
বান্ধবী ২: নাসিমা আবার কেডা?
শিমু: শ্রমিকগো আইনকানুন শিখায়, যেডা আমাগো লাইগা খুব দরকার।
বান্ধবী ৩: ওই! শ্রমিকের আবার আইনকানুন কি?
বান্ধবী ২: এইসব বেশি বেশি আইনকানুন মারাইস না, বুঝসস? কাইল শুক্রবার। চল সিনেমা দ্যাখতে যাই।
এরকম তেল-মশলায় ভাজা ড্রামাটিক সংলাপ ছবির সর্বত্র ছড়ানো আছে।
এখানে অনেকেই হয়ত তেড়ে আসবেন এই বলে যে রুবাইয়াত হোসেন তো নতুন কিছু করছেন না। বিশ্ব চলচ্চিত্রে তো এরূপ বহু নিদর্শন রয়েছে। হ্যাঁ আছে, এবং আছে বলেই আমাদের এই থেকে বেরিয়ে আসতেন হবে। মৃণাল সেন বা জাঁ হ্রঁনোয়া যে ভুলটা করে এসেছেন রুবাইয়াতও যে সেই একই পথে হাঁটবেন, তেমন তো কোনো কথা নেই!


রুবাইয়াতের চিত্রনাট্যে এমন অনেকগুলো জায়গা ছিল যা চলচ্চিত্রের ভাষায় অনুবাদ করলে দারুণ সব দৃশ্যে পরিণত হতে পারত। কিন্তু রুবাইয়াত সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে এই দৃশ্যগুলো তৈরি করে পুরো ব্যাপারটাই ভেস্তে দিয়েছেন। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। শিমুরা কারখানায় কাজ করছে। তারা এখনো ইউনিয়ন করার জন্য আবশ্যক ৩০% সই যোগাড় করতে পারেনি ফলে প্রত্যেকের ব্যাগে ইউনিয়নের ফরম, ছাপানো কাগজ ইত্যাদি আছে। এসময় হঠাৎ ম্যানেজার ফ্লোরের সুপারভাইজারসহ এসে হল্লা শুরু করে দিল এবং সবার ব্যাগ তল্লাশি শুরু করল। এখন পাঠক একবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করুন তো আপনি যদি শিমুদের একজন হতেন এবং সেই মুহূর্তে উপস্থিত থাকতেন তাহলে ঘটনাটা কিভাবে দেখতেন? আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে এরকম পরিস্থিতির শিকার হয়েছি। আবার আমরা যারা হিচককের ছবি দেখেছি তারা হয়ত এধরণের সাসপেন্স মুহূর্ত মানসচক্ষে আরো ভালোভাবে দেখতে পাব। আমি দেখছি দৃশ্যটি রচিত হবে শিমুর পয়েন্ট অব ভিউ থেকে (কেননা পুরো ছবি জুড়ে আমরা তাকেই অনুসরণ করে চলি)। মেশিন চলছে। সবাই কাজ করছে। হঠাৎ সুপারভাইজার ও ম্যানেজারের আগমন। দুজনেরই কঠিন মুখ। তাদের মুখ দেখেই জায়গাটা থমথমে হয়ে গেল, মেশিন চলা আস্তে আস্তে বন্ধ হয়ে এল। ম্যানেজার চাহনিতে কি যেন নির্দেশ দিল সুপারভাইজারকে, সে সবার ব্যাগ খোঁজা শুরু করল একে একে। শিমুর বান্ধবীরা একে অপরের দিকে তাকায়। শিমুর ব্যাগ। এই ব্যাগেই আছে লিফলেট। ধরা পড়লে আর রেহাই নেই। ম্যানেজার একপ্রান্তে দাড়িয়ে পাথরের মতো দৃষ্টিতে কি যেন খুঁজে চলেছে। ফ্লোরজুড়ে পিনপতন নীরবতা। সুপারভাইজার সার্চ করতে করতে শিমুর প্রায় কাছাকাছি চলে এল। শিমু আতঙ্কে ঢোক গিলছে। অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। সুপারভাইজার শিমুর সামনের টেবিলে এসে গেল, এখন শিমু ধরা পড়ে যাবে। সুপারভাইজার। শিমু। সুপারভাইজার। ম্যানেজারের চোখ কি একটাতে তীরের মতো নিবদ্ধ হয়ে গেল। ম্যানেজার ছুটে এগিয়ে গেল শিমুর পাশের সারির মেয়েটির দিকে। বজ্রগতিতে তার ব্যাগ থেকে বের হয়ে এল ইউনিয়নের কাগজ। সুপারভাইজার সেদিকে ছুটে গেল। হাঁপ ছাড়ল শিমু, একটুর জন্য সে রক্ষা পেল। তবে চাকরি চলে গেল শিমুর বান্ধবীটির।
এভাবে আরো একহাজার রকম করে কোনো বাক্যের ব্যবহার ছাড়াই শুধুমাত্র ইমেজ পরপর সাজিয়ে দৃশ্যটা মনোগ্রাহী করে তোলা যেত। কিন্তু ছবিতে দেখি এক শটেই সুপারভাইজার ম্যানেজারসহ এসে চেঁচিয়ে সকলকে কাজ বন্ধ করতে বলে ও সার্চ করা শুরু করে দেয়। একটা শটেই সুপারভাইজার কয়েকজনের ব্যাগ খুঁজে শিমুর বান্ধবীকে ধরে ফেলে। ম্যানেজার সাথে সাথে চোখ-মুখ বিকৃত করে, হাত-পা ছুড়ে গলা চড়ানো ডায়লগ (থিয়েটার!) শুরু করে দেন।

পৃথিবীর প্রত্যেক শিল্পমাধ্যমের ব্যাকরণ ভিন্ন। কাজেই এক শিল্পের ব্যাকরণ অনুসারে অপর শিল্প রচনা করতে চাইলে সেই উদ্যোগের পতন অনিবার্য। Made in Bangladesh ছবির অর্ধেকটা যদি রচিত হয় থিয়েটারের ব্যাকরণে তাহলে বাকি অর্ধেকটা রচিত হয়েছে সাহিত্যের ব্যাকরণে (মূলত সংলাপ ও বর্ণনা)। আমার বিশ্বাস রুবাইয়াত যদি সাহিত্যের পথে না চলে তাঁর অনুভুতিগুলিকে ইমেজের ভাষায় অনুবাদ করতেন তাহলে ছবির দৃশ্যগুলো অন্যরকম হতে পারত। সেটা হোক ছবি প্রথম দৃশ্য কিংবা দ্বিতীয়ার্ধে শিমুর প্রথম সরকারি অফিসে যাওয়ার দৃশ্যটি। ছবির exposition পর্বের প্রথম দৃশ্যটিতে পরিচালক নিঃসন্দেহে শক দিতে চেয়েছেন কিন্তু ছবির শুরু হওয়ার কয়েক মুহুর্ত পরই আগুন লাগার অ্যালার্ম বাজতে শুরু করে। রুবাইয়াত কি জানেন না উইলিয়াম ওয়াইলারের সেই কথাটি- If you gonna shock an audience, get them almost to the point of boredom before doing so। কিংবা রুবাইয়াত যদি বুঝতেন সরকারি অফিসে কাগজ জমা দিতে যাওয়াটা শিমুর জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা(এই প্রথম সে নিজের কাঁধে দ্বায়িত্ব নিয়ে যাচ্ছে একটা আপাতঃ অচেনা জায়গায় এবং স্বাভাবিকভাবেই তার মধ্যে ভয়, উৎকন্ঠা ও সাহস ঘুরপাক খাবার কথা; যার মধ্য থেকে জেগে উঠবে ভবিষ্যতের নেত্রী শিমু) তাহলে তিনি কোনো রকম অনুভূতি ছাড়া বর্ণনার মত করে এই দৃশ্য তুলতেন না। অফিসে যাওয়া, কথা বলা, সিড়ি ভেঙে কর্তার ঘরে ওঠা- এসময় তাঁর মনে কি চলছে? শিমুর পয়েন্ট অব ভিউ থেকে এসব দেখানো হয়েছে কই?

ছবিতে পরিচালক পোশাক কারখানায় নারীদের কাজ করার পরিস্থিতিতে নানাভাবে আলো ফেলেন। ঠিক একইরকম আলো ফেলেন তার চরিত্রগুলোর ওপর। ছবিতে শিমু ও অন্যান্য চরিত্রদের (তাদের নিয়েটার সুলভ চিত্রায়ন বাদ দিলে) রক্তমাংসের মানুষ হিসেবে চিনতে পারি। তবে ছবির শুরু থেকে শেষ পর্যন্ত সময়টা জুড়ে শিমু চরিত্রের transformationটা আরেকটু পরিষ্কার হলেই বোধকরি ভালো হতো। অর্থাৎ, ইউনিয়ন করে প্রতিবাদ করার আগে শিমু যে দুর্বল ছিল তা নয় বরং একাজটা করতে গিয়ে তার ভেতরে যে একটা নতুন দিক (নেতৃত্ব ও আত্মবিশ্বাস) সে আবিষ্কার করেছে এবং এই দিকগুলি ভেতর থেকে তাকে আরো কিছুটা শক্ত করেছে কি না, তা দেখালে ছবির কিছুটা সুবিধে হতো বইকি। ছবিটি দেখে একজন সমালোচক লিখেছেন শিমুর বান্ধবী ডালিয়ার সাথে সুপারভাইজার রেজার প্রেম ও তৎপরবর্তী ঘটনাবহ ছবির ন্যারেটিভে বিশেষ কিছু যুক্ত করেছে কি না এ ব্যাপারে নিশ্চিত নই। কিন্তু আমার মনে হয়েছে এটা পরিচালকের একটা দারুণ স্ট্রোক। যেটা ছবির শেষাংশে শিমুর একটা কথাতে দারুণভাবে ফুটে উঠেছে, "আফা, মাইয়ামানুষ তো, বিয়া করলেও দোষ না করলেও দোষ।" বিবাহিত শিমু ও অবিবাহিত ডালিয়া দুজনকে সমান্তরালভাবে রেখে পরিচালক বিবাহিত ও অবিবাহিত শ্রমজীবী নারীর কনট্রাস্টটা চমৎকারভাবে তুলে ধরেছেন। এছাড়া ছবির শেষাংশে ডালিয়া চরিত্রটির পতিতাবৃত্তি গ্রহণের মাধ্যমেই বোঝা যায় সমাজের ঝুলন্ত দড়িতে কিরকম ব্যালেন্স করে এ শ্রেনীর মানুষ বেঁচে রয়েছেন। একটু এদিক ওদিক হলেই আজ যে ঘরের লক্ষী কাল সে রাস্তার পতিতা।
আমার ছোটবেলার অনেকটা অংশ কেটেছে শিমুদের মতো মানুষদের সাথে। সেই অভিজ্ঞতা থেকে হলফ করে বলতে পারি শিমুর স্বামী সোহেলের মত একজন যুবক দিনের পর দিন কাজহীন হয়ে ঐ পরিবেশে ঘোরাফেরা করলে দুইশতভাগ নিশ্চিত সে একজন ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়বে। কিন্তু ছবিতে তাকে ড্রাগ দূরে থাক একটা চুরুট ধরাতেও তো দেখলাম না।
made in Bangladesh ছবিটিতে চমৎকার কিছু বৈশিষ্ট্য নিঃসন্দেহে আছে, তবে দুর্ভাগ্যজনকভাবে সেগুলো সব পরপর ধসে পড়ে ছবির মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে তাদের থিয়েটার ঘেঁষা উপস্থাপনের কারণে।

একটা দিকে কিছুটা বাহবা অবশ্য পরিচালকের প্রাপ্য। পুরো ছবি অনলোকেশনে শ্যুট করতে নিশ্চয়ই পরিচালক ও কুশলীদের অনেক ঝক্কি পোহাতে হয়েছে কিন্তু তার ফলে ঢাকা শহর ও তার authenticity ছবিতে খারাপ ছাপ ফেলে নি। সেই authenticity আরো ভালোভাবে ধরা পড়েছে একটি চমৎকার ডিটেইলে। শিমুর স্বামী সোহেল মসজিদের সামনে দাঁড়িয়ে ভ্যানে বিক্রি করা ধর্মীয় পুস্তিকা উল্টে পাল্টে দেখছে। তখন সেখানে কোত্থেকে শিমু এসে মুচকি হেসে বলে, "সারাদিন তো এইখানেই পইরা থাকো, তোমারে খুইজ্জা পাই?" কিন্তু যে জিনিসটা অনেকেই না ধরে থাকতে পারেন তা হলো তখন মসজিদের মাইক থেকে ভয়েসওভার হিসেবে ভেসে আসছিল এই কথাগুলি- "যখন একটি বেপর্দা মহিলা আপনার চোখে পড়েসে তখন কি সেটা ভোলা যাবে? কথা বলেন ভোলা যাবে? ঐ মহিলা চোখে পড়ার সঙ্গে সঙ্গে আপনার ভেতরের মেমরিতে ঘোরপাক খাচ্ছে কি দেখলাম রে! কি দেখলাম রে!…" আমার মতে এই কাউন্টারপয়েন্টের মুহূর্তটা রুবাইয়াতের ছবির সবচেয়ে Cinematic মুহুর্ত! এছাড়া ছবিজুড়ে আবহসংগীত বর্জনও এই ছবি একটা ভালো দিক।

Made in Bangladesh এর কিছু কিছু দৃশ্য দেখতে দেখতে অন্যান্য ছবির কথা মনে পড়ে যায়। শিমুর বান্ধবীদের একসাথে বসে আড্ডা, স্বামীর বেকার অবস্থা ও পরে কাজ পেলে শিমুকে চাকরি ছেড়ে দিতে জোর করা কিংবা ছবির শেষে শিমুর সাথে সরকারি অফিসারের দৃশ্যটি মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়ের মহানগর (১৯৬৩) ছবির কথা। কিংবা অপর একটি দৃশ্যে যেখানে শিমু তার বান্ধবীদের সাথে নারী অধিকারকর্মীদের সভায় যায়, সেখানে নারী অধিকারকর্মীটি যখন বক্তৃতা দিচ্ছেন তখন লম্বা সময় ধরে ক্যামেরা তাকিয়ে থাকে শ্রোতা নারীদের দিকে। এই একই জিনিস আছে ফ্রঁসোয়া ত্রুফোর বিখ্যাত 400 blows (1959) ছবিতে। সেখানে একটি দৃশ্যে ক্যামেরা গ্যালারিতে জমা হওয়া ছোট ছোট শিশুদের সামনে এসে যেন থমকে দাঁড়ায়। অদ্ভুৎ কৌতুহলে নিরীক্ষণ করতে থাকে পুতুলনাচ দেখায় মগ্ন কচি কচি মুখগুলো। ত্রুফো প্রায় দেড়মিনিট ব্যয় করেন শুধু বাচ্চাদের এই মুখগুলোতে উদ্ভাসিত কীরণকে সেলুলয়েডে বন্দি করার জন্যে। ত্রুফোর ছবিতে এই কচি কচি মুখগুলো যে অনির্বচনীয় ভাব প্রকাশ করেছে রুবাইয়াতের ছবিটি অবশ্য তার ধারেকাছেও যেতে পারেনি।
Made in Bangladesh ছবি দেখে বেরিয়ে একজন ফিল্মের ছাত্রী বলছেন,"যেখানে আমরা বাংলা সিনেমার কিছু গতানুগতিক নিয়ম দেখি, গতানুগতিক কালচার দেখি, যেখানে ডায়লগ প্রয়োজন নাই সেখানে ডায়লগ ঢুকিয়ে দেয়, যেখানে গান প্রয়োজন নাই সেখানে গান ঢুকিয়ে দেয়। শিমু সিনেমাটার মধ্যে যেখানে ডায়লগের দরকার নাই, শুধুমাত্র ইমোশন দিয়ে দেখানো যায় যে circumstance টা কিরকম সেটা এই সিনেমাতে ভালোভাবে তুলে ধরা হইসে।" ইনি খুব একটা ভুল বলেননি। আমাদের সকলের বক্তব্যই প্রায় এই তরুণীটির কথায় উঠে এসেছে।
আজকের বাংলাদেশে একটা সাধারণ ছবি করতে যে পরিমাণ দূর্দশা পোহাতে হয়, সেখানে শুধু এরকম একটা দর্শক প্রতিকূল বিষয় নিয়ে ছবি করার উদ্যোগ নেয়াটাই বিশেষ প্রশংসার দাবীদার। তবে প্রতিযোগিতার বাজারে অপ্রচলিত বিষয়ে ছবি করা আর শিল্পগত ব্যর্থতার কারণে ছবিকে ফিল্মড থিয়েটার করে তোলা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
নিবন্ধের শুরুতে উল্লেখিত রবীন্দ্রনাথের সমালোচনাটা নিশ্চয়ই মনে আছে। রবীন্দ্রনাথ কিন্তু সেই সমালোচনার জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মোপাঁসা বা যেসব বিদেশি লেখকের কথা তোমরা বলে থাকো তাঁরা তৈরি ভাষা পেয়েছিলেন। আমার মত লিখতে লিখতে ভাষাটাকে নিজের মত করে গড়ে নিতে হলে তাঁদের কি দশা হতো জানি না। কিন্তু আমাদের রুবাইয়াতের কি সেই দশায় পড়তে হয়েছে? নারীর স্ট্রাগল নিয়ে ভালো ভালো ছবি বিশ্ব চলচ্চিত্রে কম হয়নি। এতে রুবাইয়াত যদি পুরুষ চলচ্চিত্রকারদের প্রতি আস্থা নাও রাখেন (যেমনটা তিনি একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন), তাহলেও বহু ভালো ভালো নারী চলচ্চিত্রকার আছেন (চান্তাল আকেরমান, আনিয়েঁস ভার্দা প্রমুখ), তাঁদের ছবি দেখুন। শিল্পে যেহেতু 'কি' বলা হচ্ছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে 'কিভাবে' বলা হচ্ছে, সেজন্য একজন শিল্পীর সবসময়ই প্রথম দায়বদ্ধতা তাঁর শিল্পের প্রতি। রুবাইয়াতের সমসাময়িক আবদুল্লাহ মোহাম্মদ সাদ কিংবা কামার আহমাদ সাইমনের ছবিতে লক্ষ্য করলেই এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না। শুনেছি এই ছবির চিত্রনাট্য রচনার অংশ হিসাবে রুবাইয়াত দুই বছরের ওপর পোশাক শিল্পে কাজ করা নারীদের ওপর নানারকম পড়াশোনা ও গবেষণা করেছেন। সেই একই যত্ন যদি তিনি বসে বসে তাঁর চলচ্চিত্রটি ডিজাইন করবার সময় প্রয়োগ করতেন তাহলে হয়ত সম্পূর্ণ ভিন্নকিছু সম্ভব হতো। ফলে যতদিন না পর্যন্ত এই জিনিসটা তিনি সত্যিকার অর্থে realize করছেন ততদিন পর্যন্ত স্বাধীন শিল্পী হিসেবে তাঁর কাছে আমাদের আশা করবার বেশি কিছু থাকছে না।