২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবাদুর-ইনারিতু সংলাপিকা

এবাদুর রহমান

Published : 10 Oct 2009, 07:02 PM

Updated : 05 Sep 2022, 10:25 PM

[এ বছর ফেব্রুয়ারি মাসে জার্মানির বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল শুরুর আগে সেখানে ঢাকার লেখক এবাদুর রহমান মেক্সিকোর চলচ্চিত্র নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর একটি দীর্ঘ সাক্ষাৎকার নেন। ইংরেজি ভাষায় গৃহীত এ সাক্ষাৎকারের বঙ্গানুবাদও এবাদুরেরই করা। লেখক এবাদুর রহমান লেখালেখির ক্ষেত্রে ক্রিয়াপদে 'ছ' অক্ষরটি বদলে 'স' ব্যবহার করেন। তাঁর সে ব্যবহার এখানে অবিকল রাখা হলো। বি. স.]


আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু, ১১'০৯"০১- সেপ্টেম্বর ১১ ছবির শুটিং-এ


বাবেল ছবির জন্য অভিনেত্রী কেইট ব্ল্যানশেটকে একটি ভঙ্গি ধরিয়ে দিচ্ছেন ইনারিতু, পেছনে অভিনেতা ব্র্যাড পিট

আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু বিভিন্ন আর্ন্তজাতিক পুরস্কার ও সম্মাননা করায়ত্তকারী মেহিকান চলচ্চিত্রকরিয়ে। তিনিই প্রথম মেহিকান যিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের শাখায় মনোয়ন লাভ করেন। তিনি ১৫ অগাস্ট ১৯৬৩ ঈসায়ীতে মেহিকোসিটিতে জন্মগ্রহণ করেন। তিনি আমেরোস পেরোস (২০০০) এর জন্য কান চলচ্চিত্র উৎসবে ক্রিটিকস্ উইক গ্রান্ড প্রাইজ ও ইয়ং ক্রিটিকস্ অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার জয় করেন। তিনি মোট এই পর্যন্ত ৪৫টি পুরস্কার এবং ২৯টি মনোনয়ন লাভ করেছেন।

……..
আমেরোস পেরোস ছবির পোস্টার
………
অ্যালেহান্দ্রো, ১৯৬৩ ইসায়ীতে, মেক্সিকো সিটি নামধেয় সহরে অবতীর্ণ হন। কমবয়সেই তিনি মেক্সিকো সিটির জনপ্রিয় রেডিও স্টেশন, ডাব্লিউ এফ.এম-এ, ডিজেগিরি শুরু করসিলেন; ইনারিতুর বাচাল ও ফানি রেডিও পার্সোনা ও দুর্দান্ত সংগীত রুচি তারে অচিরেই, তরুণদের ভিতর, বহুৎ জনপ্রিয়তা হাসিল করায় ও এই কাজে বোরড্ হয়ে তিনি নূতন একটা টিভি স্টেসনে জয়েন করেন; মূলত এসময়, ইনারিতুরে প্রোমো রচনা ও ডিরেক্ট করতে হইত—একাজেও তিনি সাফল্য পান। ইনারিতু টেলি অ্যাড বানাবার জন্য একটা প্রোডাকসন কম্পানি খুলেন। এসময় বিখ্যাত প্রযোজক পেলায়ো গুটিয়েরেজ চিত্রনাট্যকার গুলিয়ারমো আরিগা জর্ডানের সাথে ইনারিতুর মোলাকাত ঘটায় দেন ও আরিগা এবং ইনারিতুর এই পরিচয় দোস্তানায় রূপ নেয় ও তারা ডিসাইড করেন মেক্সিকো সিটির পটভূমিতে ঘটা বিভিন্ন ঘটনা অবলম্বনে দশটা পরস্পর সম্পর্কিত গল্প নিয়ে এগার মিনিটের একটা শর্ট ফিল্ম বানাবেন উনারা।

এই শর্ট ফিল্মের চিত্রনাট্য লেখার প্রচেষ্টা চলে প্রায় দুই বছর ধইরা ও সেই চিত্রনাট্যের ৩৬টা খসরা বর্জিত হবার বাদে, আমোরেস পেরোস (Amores Perros) ধীরে ধীরে দানা বাঁইধা উঠে তাদের চেতনে।

২০০০ ঈসায়ীতে রিলিজ পাওয়া আমোরেস পেরোস (লাইফ ইজ বিচ্), বোধহয়, পশ্চিমা দুনিয়ায় গত বিশ বছরে সবচেয়ে হইচই ফালায় দেয়া একটা ফিল্ম ডেব্যিউ।

ইনারিতু বা তার নবীন টীমের কাউরেই ইন্টারন্যাশনাল সার্কিটের কেউ-ই চিনতেন না; থার্ড ওয়ার্ল্ডের গহীন থেইকা উইঠা আসা এই অপরিচিতদের আচানক অবির্ভাব ও অসংখ্য গুরুত্বপূর্ণ পুরস্কার প্রাপ্তি, আমোরেস পোরোসের পরিচালক ইনারিতুরে ফিল্মলাইনের হেভিওয়েট প্রতিভাবান বইলা খুব দ্রুত স্ট্যাবলিস্‌ড্‌ করে ও হলিউড ও য়োরোপের তারকাবৃন্দ লাইন দিয়া খাড়ায় যান ইনারিতুর যে কোনো প্রজেক্টে হিস্যা নিবার জন্য।

আর, এইটা তো সবার জানা যে, ২০০৬ ঈসায়ীতে, বাবেলের জন্য, কানে, সেরা পরিচালকের পুরস্কার পান ইনারিতু। তো, তার সাথে দীর্ঘ সংলাপিকার নির্বাচিত কিছু অংশ…

এবাদ: তোমার বেড়ে উঠার… বা, এইভাবে বলি, তোমার চিন্তা-ভাবনা পরিণত হয়ে উঠার মধ্যে নিশ্চয়ই ফিল্মের প্রভাব আছে—এই বিষয়ে যদি কিছু আলো ফালাও…

ইনারিতু: আসলে, আমি পুরাদমে একটা মিউজিক ফ্যান! সংগীত আমার ধ্যান-জ্ঞান ছিল শৈশব-কৈশোরের আধিকাংশ কাল জুইড়া… অবশ্য, সেই টাইমে মেক্সিকোতে হলিউডের বাজে কিসু বি-মুভি যেমন: টাওয়ারিং ইনফার্নো বা আর্থকোয়েক খুব জনপ্রিয় হইসিলো এবং আমি এইসব মুভি খুব লাইক করতাম, চার্লটন হেসটন ছিল আমার ফেইভরেট স্টার—তার কোনো মুভি আমি মিস করতাম না। এই পর্য্যন্ত আমার সিনেমা দেখা হইতেসে সরল স্কুল বালকের জাস্ট সিনেমা উপভোগ করা! যেই সিনেমাটা দেইখা আমি আমূল ঝাঁকি খাই ও সিনেমা নামক শিল্পটার প্রেমে পড়ি ও সিনেমা বানাবার প্রক্রিয়ায় লিপ্ত হইতে চাই, সেইটা হইতেসে একটা র্টাকিশ মুভি, ইওল (Yol) কইরা নাম, পরিচালক ইলমাজ গুনে (Yilmaz Guuney)।

তখন আমার বয়স প্রায় সতেরো বছর; পর পর দেখা তিনটা সিনেমা আমারে প্রচণ্ড আলোড়িত করসিলো: এক নাম্বার হইতেসে এই ইওল; দুই নাম্বার, মিডনাইট কাউবয়; আর, তিন নাম্বার সার্জিও লিওনের, ওয়ান্স আপন আ টাইম ইন এম্যেরিকা… ভিজ্যুয়াল এর অভিনবত্বের কথা ধরলে, রিডালি স্কটের ব্লেডরানার পুরা মাথা আউলায় দিসিলো আমার… সিনেমাগুলা সত্তর দশকের মাঝামাঝি থেইকা শেষের দিকে মেক্সিকোতে আসে; এই ছবিগুলার সাউন্ডট্র্যাকও আমার জন্য গুরুত্ববাহী ছিল: ব্লেডরানারে ভ্যানজেলিসের মিউজিক তো দুর্দান্ত! ওয়ান্স আপন আ টাইম ইন এম্যেরিকাতে, এনিও মোরিকোন, তাঁর সেরা কাজটা করসেন; মিডনাইট কাউবয়ের সেই গান—ভাবা যায় না!


মরক্কোর মরুভূমিতে বাবেল ছবির কুশলীরা, ২০০৫। ছবি. A Film by Alejandro Gonzalez Inarritu বই থেকে

এবাদ: তো, সিনেমার জাদু তোমারে এভাবেই স্পর্শ করলো! তুমি সিনেমা নিয়া সিরিয়াসলি চিন্তা ভাবনা শুরু করলা, কিন্তু, এই বিষয়ে তোমার পরবর্তী পদক্ষেপ কী ছিল? তুমি কি ফিল্ম স্কুলে যাবা বলে মনস্থ কর?

ইনারিতু: না, আমি কমুনিকেশন নিয়ে পড়সি… এক/দুই সেমেস্টার জেনের‌্যাল থিউরি পড়াটড়ার পর তোমার জার্নালিজম বা রেডিও বা ফিল্মের অপশন চুজ করা লাগে, আর, স্বভাবতঃই আমি ফিল্মের অপশন নিসিলাম।

কিন্তু, সমস্যা হইতেসে, আমার অ্যাটেনশন ডেফিসিট ডিজঅর্ডার আছে। আমি বেশি পড়াশুনা করতে পানি না; আমি খুবি বাজে ছাত্র ছিলাম, বেশি ক্লাসটাসও করতাম না… কিন্তু, ইউনিভার্সিটিতে আমার বিভিন্ন লোকের সাথে পরিচয় হওয়া শুরু হয়… এসময় আমি দুইটা শর্টফিল্মের সাউন্ডট্র্যাকে কাজ করার সুযোগ পাই…

এবাদ: তুমি বাজাইসিলা, না, মিউজিক কমপোজ করসিলা? না, দুইটাই?

ইনারিতু: এই ফিল্মগুলির জন্য আমি বাজাই, আমি মোটামুটি ভাল কমপোজার, কিন্তু, খুব বাজে বাদক যদিও একটা রকনরোল ব্যান্ডে আমি নিয়মিত গিইটার বাজাইতাম… এই ফিল্মগুলার জন্য আমি মূলত পিয়ানো বাজাই…

এবাদ: আমি জানি তুমি বিখ্যাত ডিজে ছিলা; টিভিতেও তোমার অ্যাড জনপ্রিয়তা পাইসে, কিন্তু, ফিল্ম মেকিং এর জগতে তুমি অনুপ্রবেশ করলা কেমনে?

……
আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু
……
ইনারিতু: এইটা তো লম্বা স্টোরিরে ভাই! ডিজে থেকে আমি মাঝে যখন আমার রেডিও স্টেসনের ডিরেক্টর হই তখনো আমার বয়স মাত্র ২১ বছর… মেক্সিকোর পোলাপানদের জগতে আমি বিশাল তারকা… ১৯৯০ ঈসায়ী তখন… এসময় আমার বন্ধু মিগেল অ্যালম্যান ও আমি বার্লিনে যাই পিংক ফ্লয়েডের একটা কনসার্টে… খুব মনমরা ছিলাম আমি, কিছুতেই কোনো উৎসাহ পাইতেসিলাম না; মিগেল ব্যাপারটা খেয়াল করে ও সে আমারে জিজ্ঞেস করে, কী বিষয়? আমি তারে বলি যে, সিনেমা বানাইতে চাই আমি… কিন্তু, সিনেমার শৈলী বা ইমেজ দিয়ে গল্প বলার সে স্কিল এইসব আমার আয়ত্তে নাই… সিনেমা জগতের কোনো কনট্যাক্টও নাই আমার… মিগেল সে সময় চ্যানেল ফাইভে জয়েন করসে; তার চানেলের জন্য আমি কিছু ৩০ সেকেন্ড, ১ মিনিটের প্রমো বানায় দিসিলাম যা লোকপ্রিয় হয়… তো, মিগেল আমারে প্রস্তাব দেয় যে, যেহেতু সিনেমায় আমি ঢুকতে পারতেসি না, আপততঃ মন্দের ভালো হিসাবে তার জন্য আমি আরো কিছু প্রমো কেন বানায় দেই না… আর, আমি চাইলে চানেল টু, চ্যানেল ফোর ও চ্যানেল নাইনের প্রমো বানাবার দায়িত্বও সে আমারে পাইয়ে দেবে… আর, প্রমোই যদি আমি বানাই তবে আডভার্টাইজমেন্টই বা নয় কেন! আমি এভাবেই অ্যাড বানাবার সাথে জড়িয়ে পড়ি; আমার প্রথমদিকের অ্যাডগুলা অসম্ভব জনপ্রিয়তা পায়, ফলতঃ আমার কাছে অবিরত অ্যাড বানাবার প্রস্তাব আসতে থাকে ও বছর আমি, গড়ে ধরলে, যে কোনো মেক্সিকান ফিল্ম ডিরেক্টরের থেইকা বেশি সময় সেটে কাটাইসি: বছরে ১২০ দিনই আমি সেটে থাকতাম; দিনে পনের থেকে আঠার ঘণ্টা গাধার মত পরিশ্রম করসি… সুপার এইট, ৩৫মি.মি., ভিডিও সব র্ফমাটেই শত শত ঘণ্টা কাজ করার অভিজ্ঞতা হইসে এসময় আমার… আমি ড্রামা, মেলোড্রামা, কমেডি, মিউজিক্যাল বা শুধু স্টাইলিশ ভিজুয়্যাল অ্যাড—এই ধরনের সবকিছু নিয়া কাজ করসি; অর্থাৎ ফিল্ম লাইনে পেইড শিক্ষানবিশী এভাবেই হয় আমার ও নিজস্ব একটা স্টাইলও রপ্ত করি এসময়ই—কোন প্রোডাক্টকে কখনো এক্সপ্লোর করতাম না আমি অ্যাড-এ বরং দর্শকদের ইমোশন নিয়ে খেলতাম বিভিন্ন ভাবে… তবে একটা বড় দুর্বলতা আমার থেকেই যায় অভিনেতাদের কীভাবে পরিচালনা করতে হয় এইটা জানতাম না আমি… আমি এইটাও বুঝতাম যে, বড়জোর দুই মিনিটের মাস্টারপিস তৈরি করতে শিখসি আমি, একটা গল্প বা অনুভূতিকে দুই মিনিটের বেশি সাসটেইন করানো নিয়ে বিষম একটা ভীতি ছিল আমার… যাউক, এইসব বিভিন্ন কারণে আমি একটা সুযোগ খুঁজতেসিলাম থিয়েটারে কাজ করার ও পোলিস থিয়েটার পরিচালক লুডউইগ মারগুলেস-এর ট্রুপে ঢুকতে সমর্থ হই আমি…

এবাদ: অভিনেতা হিসাবে?

ইনারিতু: অভিনেতা এবং পরিচালক হিসাবে! লুডউইগের কাছ থেকেই, প্রকৃত প্রস্তাবে, আমি শিখি পরিচালনা ব্যাপারটা আসলে কী এবং পরিচালকের কর্তব্য কত সুদূরবিস্তারী।

শুন, ততদিনে অ্যাডের জগত আমার চেনা হয়ে গেছে; বড় বড় অ্যাড পরিচালকদের সবাইকে আমি চিনি, তাদের নিয়া বিপদ হইতেসে, তাঁরা সব ফাঁপা আধুনিক মানুষ: তারা বিখ্যাত লেখক বা পরিচালকদের নাম জানে ও কথাবার্তার সময় খুব স্মার্ট ভাবে এইসব নাম পত্রিকায় পড়া বিভিন্ন তথ্য তারা ড্রপ করতে জানে, তারা ভাল কোন ছবি থেকে ঠিক কী টেকনিক চুরি করতে হবে সেইটা বুঝে, ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঝকঝকে, বিক্রয় উপযুক্ত ভিজুয়্যালও তৈরি করতে অতি পারঙ্গম কিন্তু এইসব লোকেরা আসলে আকাট মূর্খ ও কোনো রিয়েল গভীরতায় ঢোকার ক্ষমতা এদের নাই। এদের কাছ থেকে কিছুই শেখার ছিল না আমার।

অপরপক্ষে লুডউইগ যদিও ছিল সেকেলে আর ভয়ংকর এক স্বৈরাচারী… ওর সাথে লেগে থাইকা কাজ করা যে কী কঠিন এইটা মুখে বলা সম্ভব না—আমার সামান্য কোনো ভুলের জন্য সবার সামনে অপমান করতো সে আমাকে… কিন্তু, ও ছিল ব্রেখটের মত জ্ঞানী ও কর্মীপুরুষ; কোনো প্রপস বা সেট ছাড়া, শুধু টেক্সট ও অভিনেতাদের শৈলী ব্যবহার করে সম্পূর্ণ নূতন একটা জগৎ কীভাবে রচনা করা যায় এইটা লুডউইগ আমারে শেখায়…

এবাদ: তোমার থিয়েটারের কাজও প্রশংসিত হয়! এসময়ে টিভি সিরিয়াল তৈরির প্রস্তাব পাও তুমি।

ইনারিতু: হ্যাঁ, আমি একটা সিরিয়ালের পাইলট তৈরি করি।

এবাদ: পাইলট হইতেসে কোনো দীর্ঘ অনুষ্ঠানের দর্শক-সাফল্য যাচাইয়ের জন্য তৈরি প্রথম পর্ব। পাইলট সম্প্রচারের পর এর সাফল্যের ভিত্তিতে ঠিক হয় অনুষ্ঠানটার পুরো নির্মাণ বা সম্প্রচারে চ্যানেল কমিট করবে কি না… তো, তুমি তোমার ১৩ পর্বের সিরিয়ালের শুধু পাইলটটা তৈরি কর?

ইনারিতু: হ্যাঁ সাধারণ পাব্লিক মোটামুটি পছন্দ করে পাইলটটা। কিন্তু, আমার বাজেট ছিল খুব হাই। আমি পুরা কাজটাই ৩৫ মি.মি.করতে চাইসিলাম… ফলে প্রজেক্টটা ওয়ার্কআউট করে না…

এবাদ : তারপর?

ইনারিতু: আমার মন ভেঙে যায়। খুব পরিশ্রম করসিলাম আমি। পুরান একটা মেশিনে বসে, কোনো ডিজিটাল ট্রান্সফার ছাড়া, পুরা জিনিসটা এডিট করতে আমার এক মাসের উপর টাইম লাগসিলো… তাছাড়া ছোট ছোট সব ডিটেইলস নিয়ে আমি অসম্ভব পরিশ্রম করসিলাম, কিন্তু, ইন দ্যা এন্ড, সবই পণ্ডশ্রম হইলো…

এবাদ: কেন পণ্ডশ্রম কেন? এই ব্যর্থতা তো মনে হয় একটা লার্নিং এক্সপেরিয়েন্স ছিল?

ইনারিতু: হ্যাঁ, এসময়ই আমি রিয়েল অর্থে সিনেমায় যে ন্যারেটিভের কাঠামো ব্যবহৃত হয় তার রহস্যটা ধরতে পারি… আমার সে সময়ের আর এখনকার কাজের মানের কিন্তু খুব একটা হেরফের নাই… এখনো যদি আমার পাইলটটা দেখ তুমি এর কোয়ালিটি তোমার কাছে হাই-ই মনে হবে…

এবাদ: এইবার তুমি আমোরেস পেরোস বানাইতে হাত দাও, না কি?

ইনারিতু: না, না, এত সহজে সব ঘটলে তো কামই হইছিলো… না… আসলে এই পর্যন্ত পুরা সময়টাই আমি নিজের স্ত্রিপ্ট নিজে লিখি এবং আমি মোটামুটি ভালই লেখক, কিন্তু, আমি বুঝতে পারতেসিলাম যে ধরনের সফিস্টিকেস্টেড গল্প বা নূতন ধরনের আইডিয়া নিয়ে আমি কাজ করতে চাই ওগুলোর প্রতি সুবিচার করার মত ক্রাফটসম্যানসিপ আমি আয়ত্ত করি নাই… লেখার কাজে আরো টেকনিক্যালি অভিজ্ঞ স্ত্রিপ্টরাইটারের সাথে কাজ করার বিষম রকম তাগিদ অনুভব করতে থাকি… এসময়…

এবাদ: গুলিয়ার্মো আরিগার সাথে এসময়ই পরিচয় তোমার…

ইনারিতু: তার সাথে কথা বলে মুগ্ধ হই আমি।… এসময় মেক্সিকোতে সরকার শর্টফিল্মের জন্য একটা নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করে। আরিগা ও আমি ঠিক করি এই প্রতিযোগিতায় আমরা হিস্যা নিব। একই সাথে ঘটে চলা দশটা র‌্যানডম ঘটনা নিয়ে এগার মিনিটের একটা ফিল্ম বানাবো আমরা… গল্পটা অনেকটা এরকম যে, কতগুলো কিশোর ফুটবল খেলে, তারা অগ্নিদগ্ধ একটা বাড়ি দেখতে পায় যা থেকে এখনো ধোঁয়া উঠতেসে; শহরের অন্য প্রান্তে এক রেস্টোর‌্যান্টে এসময় এক দম্পতি হয়তো খাবার খাচ্ছে এবং তাদের ডিভোর্স হবে ও তারা মৃদু বচসা করতেসে এবং বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে আমরা দেখবো যে, পুড়ে যাওয়া বাড়িটা আসলে তাদের…

এবাদ: (হাসি) এগার মিনিটের ফিল্মের জন্য এত আয়োজন… ব্যাপারটা আমার কাছে… পুরা প্রজেক্টটাই একই সাথে আনাড়ি আর পোঁদপাকা লাগতেসে…

ইনারিতু: শুন, আমি জানি না তোমাদের দেশে কীভাবে ইন্ড্রাস্ট্রি বা মিডিয়া অপারেট করে… কিন্তু, আমাদের দেশে তুমি যদি খুব কপালওয়ালা হও তবে হয়তো তুমি একজন ইন্ড্রাস্ট্রি আউটসাইডার হিসাবে সিনেমা বানাবার সুযোগ পাবা। কিন্তু, বানাবার এই প্রথম চান্সটাই কিন্তু ফাইন্যাল চান্স হবার সম্ভাবনা বেশি! তোমার প্রজেক্ট যদি সাকসেসফুল না হয় আর জীবনে কখনো কেউ তোমারে চান্স দিবে না—জীবনে কখনো ইন্ড্রাস্ট্রির সামনে দিয়ে হাঁটারও সুযোগ পাবা না তুমি, ফলে, আমাদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। যেই-ই সিনেমা বানাইতে আসে, সেই-ই চেষ্টা করে তার প্রথম সিনেমায় ঠেঁসেঠুঁসে তার বেস্ট আইডিয়াগুলা, তার সমস্ত তত্ত্ব, যা যা ওয়ার্ক আউট করবে বইলা সে ধারণা করে তার সমস্ত কিছু একবারে ঢুকাইতে… কারণ, তার কোনোদিন আর সিনেমা না বানাতে পারার সম্ভাবনা ওলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট… যাউক, এই দশটা গল্প নিয়ে স্ত্রিপ্ট লিখতে গিয়েই কয়েক দিনের মধ্যেই আমরা টের পাইলাম অনেক কিছু ওর্য়াক আউট করতেসে না… আমরা নূতন কিছু আইডিয়া—ট্রাই করা শুরু করলাম… বলতে গেলে এখান থেইকাই আমোরেস পেরোস-এর আরম্ভ…

এবাদ: অর্থ্যাৎ লিখতে গিয়ে ছবির প্রেমিস চেঞ্জ হইয়া গেল!

ইনারিতু: প্রেমিস চেঞ্জ হয়ে গেল… সম্পূর্ণ অন্য সামাজিক অবস্থানের চরিত্র, অন্য ভাষাভঙ্গি বা কথা বলার টান ইত্যাদি কোথা থেইকা আইসা চিত্রনাট্যে জায়গা কইরা নিল।

এবাদ: লেখালেখির এই পর্যায়ে আরিগার ভূমিকা কী ছিল?

ইনারিতু: ও যেহেতু অনেক অভিজ্ঞ লেখক, ও আমার আইডিয়াগুলারে ওই গল্পের ভেতর পরিস্ফুট করে বিভিন্ন ন্যারেটিভ টুল ব্যবহার করে। চিত্রনাট্যের কাঠামো ওর তৈরি করা। ন্যারেটিভ ফ্লো ও বিভিন্ন উপাদান ঠিকমত ওয়ার্ক আউট করতেসে কিনা, এইটা বুঝাবুঝির দায়িত্ব পুরাপুরিই আরিগার উপর ছিল। তাছাড়া আরিগা বিভিন্ন নূতন আইডিয়াও নিয়া আসে। ডগফাইটের বিষয়টা বাস্তবসম্মত ভাবে ওয়ার্ক করানোর পুরা কৃতিত্বই ওর।

এবাদ: পেরোসের গল্পের যে ক্রসকাটিং স্ট্রাকচার—এইটা কি অন্য কোনো সিনেমা দ্বারা প্রভাবিত ছিল?

ইনারিতু: মিলকো ম্যানচেভস্কির বিফোর দ্যা রেইন দেইখা খুবি উত্তেজিত ছিলাম আমি তখন। এছাড়াও পেরোসের স্ট্রাকচারে ওয়েইন ওয়াঙের স্মোক বা অল্টম্যানের শটকার্টের প্রভাব আছে। সিনেমা ছাড়াও পপ কালচারের অনেক কিছু দ্বারা আমি প্রভাবিত। পেরোসের গল্পে বা তার পরেও আমি ইয়েসের বিভিন্ন অ্যালবাম, পিংক ফ্লয়েডের দ্যা ওয়াল, ডেভিড বোওয়ির জিগি স্টারডাস্ট প্রভৃতির ক্রিসক্রসিং টেকনিক ব্যবহার করসি।

তাছাড়া আর্নেস্তো সাবাতো, হোর্হে লুই বোর্হেস বা হুলিও কোয়ার্টাজার যেভাবে ন্যারেটিভের কাঠামো নিয়ে খেলেন সেসব থেকেও অনেক শিখেছি আমি।

এবাদ: তোমার প্রভাবের কথা তো বললা, কিন্তু, আরিগা, তার রুচিও কি তোমার মত?

ইনারিতু: না, না! ওর রুচি ক্ল্যাসিক্যাল। ন্যারেটিভের কাঠামোর ব্যাপারে আরিগা ফকনার দ্বারা খুব প্রভাবিত; জীবন যাপনের বীক্ষায় সে আবার হেমিংওয়ের অনুসারী… ও ল্যাটিন এ্যমেরিকার লেখকদের তেমন পছন্দ করে না…

এবাদ: ইকটু প্রসঙ্গ পালটাই। আমি নিজে প্রথমে আমার অজ্ঞতা স্বীকার করি: আমি মেক্সিকোর সিনেমা সম্পর্কে প্রায় কিছুই জানি না; কিন্তু, আমি লক্ষ্য করেছি তুমিও তোমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কিছু ভালমন্দ বল না… আমার প্রশ্ন হচ্ছে, আমোরেস পেরোসকে কি মেক্সিকান ফিল্মের মূলধারার বা মূল প্রবণতার রিপ্রেজেন্টেটিভ ধরা যায়?

ইনারিতু: একেবারেই না। মেক্সিকান মূলধারায় বা শাখা ধারাগুলায় যারা সিনেমা বানায়, তারা মূলতঃ রাষ্ট্রীয় অনুদান পায়। এক, অনুদান পাবার ও সিনেমা বানানোর প্রক্রিয়ার পুরা সিস্টেমটাই সম্পূর্ণ করাপ্ট; আজ পর্যন্ত চাটুকার বা দালাল ছাড়া, কোনো যোগ্য পরিচালক বা কলাকুশলী রাষ্ট্র থেকে কোনো রকম সাহায্য পায় নাই সিনেমা বানাইতে গিয়া। ফলতঃ মূলধারায় সিনেমা বানাইতেসিলো যারা, তারা প্রায় সবাই-ই নিম্নমেধার মানুষ। এমনকি জাস্ট করিগরি দিক থেকেও এইসব লোকদের বানানো সিনেমাগুলো অত্যন্ত নিম্নমানের। আমাদের মূলধারার ইন্ডাস্ট্রিতে সিনেমার সাথে জড়িত প্রায় সকলেই অশিক্ষিত ও আত্মিকভাবে পীড়িত… একটা মজার কথা বলি, আমি রেডিওতে ঢুকার আগে, একবার অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকুরী খুঁজতে গেসিলাম ইন্ডাস্ট্রিতে, সে সময় আমার যে অভিজ্ঞতা হয়, তাতে ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে থেকে কাজ করার শখ আমার চিরতরে মিটে গেছে।

এবাদ: আমোরেস পেরোসের স্ক্রিপ্ট লিখতে কত টাইম লাগসিলো?

ইনারিতু: দুই বছর।

এবাদ: অর্থ্যাৎ, ডেভেলপমেন্ট স্টেজে তোমরা প্রায় তিন বছর সময় নিসিলা… তো, স্ক্রিপ্ট লিখতে এত টাইম লাগলো কেন? কোন চরিত্র নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হইসিলো?

ইনারিতু: এল চিভোর চরিত্র। মানে, সে একটা ঠাণ্ডা মাথার খুনী, কিন্তু, তার প্রতি যদি দর্শকরা করুণা বা ভাললাগা ফীল না করে, তবে এই সিনেমা ওয়ার্ক আউট করবে না এইটা আমি জানতাম! তার চরিত্রের টেক্সচার, তার মুখের ভাষা বা আচরণভঙ্গি এইসবের ডিটেইলস নিয়ে দীর্ঘ রিসার্চ করি আমরা। আমার জন্য এই সিনেমার কিই সিন হইতেসে, যখন এল চিভো তার মেয়ের সাথে ফোওনে কথা বলে… মেয়ের প্রতি তার ভালবাসাই হইতেসে তার রিডিইমিং ফ্যাক্টর—তার সমস্ত পাপ ধুয়ে যাবে মেয়ের প্রতি তার প্রচণ্ড ভালবাসার ভিতর দিয়া…

এই সিনটা শুট করা খুবি কঠিন ছিল—দুইবার শুট করতে হইসে আমার। যেদিন এই সিনটা শুট করা হয় সেদিন ছিল আমাদের শুটিং এর শেষ দিন; এমিলিও বোধায় টার্য়াড ছিল, ও কিছুতেই অনুভূতির ইনটেনসিটিটা আনতে পারতেসিলো না… রাইট ইমোশনের স্পেসটা হিট করতে অপারগ হইতেসিলো সে বার বার… ও জানতো যে, আরেকদিন শুটিং করার পয়সা আমাদের ছিল না, ফলে এমিলিও খুবি মুষড়ে পড়ে; কিন্তু, আমি ওকে বলি মনখারাপ না করতে, বলি যে, "তুমি ভাইবো না কিছু… যেখান থেকে পারি আমি পয়সা যোগাড় করুম ও আরেকবার শুট করুম আমরা!"
আমি টাকার ব্যবস্থা করি; এক সপ্তাহ পর ওই সিনটা আবার শুট করি আমরা; শুটিং শুরু হবার আগে, এমিলিওকে একটা ঘরে ঢুকায় দরজা বন্ধ করে দেই আমি; দুই ঘণ্টা আমরা জাস্ট এলোমেলো আলাপ করি; পেরোস শুট করা হয় ১৯৯৯ ঈসায়ীতে। আমার মেয়ে মারা গেসিলো ১৯৯৬-এ, আমি এমিলিওকে আমার মেয়ের কথা বলি; এমিলিও তার অনেক ব্যক্তিগত কথা আমাকে বলে… ও যখন ফীল করে যে, ইমোশনালি পুরা রেডী সে, তখনই শুটিং শুরু করি আমি। এই সিনটায় আমি ক্যামেরা প্রায় মুভই করিনি…

এবাদ: এল চিভোর চরিত্র কি রিয়েল মানুষের উপর প্রতিষ্ঠিত?

ইনারিতু: হ্যাঁ… তবে রিয়েল এল চিভো অন্য ধরনের মানুষ, সে রাজনৈতিক আদর্শ দ্বারা তাড়িত…

এবাদ: আর, ওকটাভিওর চরিত্র?

ইনারিতু: ওকটাভিও হইতেসি আমি… কমবেশি আমার লাইফই ওইখানে পরিস্ফূট হইসে।

এবাদ: তুমি বার্নেলকে ওকটাভিও চরিত্রে নিসিলা কী মনে করে?

ইনারিতু: বার্নেলকে নিয়ে আমি একটা অ্যাড বানাইসিলাম কয়েক বছর আগে; ওকে আমি ভালমত চিনতাম না, কিন্তু, দেখামাত্রই ওকে আমার খুব হ্যান্ডসাম মনে হইসিলো।

আমি যখন পেরোসের জন্য কাস্টিং করতেসি বার্নেল তখন লান্ডানে, ড্রামা স্কুলে; আমি তারে স্ক্রিপ্ট পাঠাই; সে তার স্ক্রিপ্ট রিডিং-এর একটা ভিডিও টেপ আমাকে পাঠায়; ওই টেপ দেখার পর আমার তো আক্কেল গুড়ুম—শুধু জঘন্য অভিনয়ই না, স্ক্রিপ্টে-এর টোনটাই সে ধরতে পারে নি। আমি তো মুস্কিলে পড়লাম—এই পোলারে নিয়ে আমি কাজ উদ্ধার করি কেমনে… কিন্তু, যা আমারে আকর্ষণ করতেসিলো, তা হইতেসে, ওর চোখ দুইটা যা পুরা অ্যালান ডিলনের মত আর ওর স্টাইল আমারে, ওর অভিনয়ের স্টাইল আমারে রিভার ফিনিক্স-এর কথা স্মরণ করার দেয়… মূলতঃ ওর চোখই আমাকে সম্মোহিত কইরা রাখসিলো… আমার ইনসটিংক্‌ট্‌ বলতেসিলো বার্নেলই ওকটাভিও… আমি ওর উপরেই বাজি ধরার সিদ্ধান্ত নেই।

এবাদ: ভালেরির চরিত্রে যে মহিলা অভিনয় করসে, তারে পাইলা কেমনে?

ইনারিতু: ওরে পাইতে জান বাইর হয়ে গেসে। আমি এমন একজনকে খুঁজতেসিলাম যে ত্রিশোত্তর কিন্তু, সুন্দরী, এবং তাকে অবশ্যই অ-মেক্সিকান হইতে হবে…

এবাদ: অ-মেক্সিকান কেন?

ইনারিতু: আমি ভালেরির চরিত্রের অসম্ভব নিঃসঙ্গতা বোঝাবার জন্য তাকে তার পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন করে দেখাতে চাইসি… সে মেক্সিকোর হইলেই তো বাপ, মা, ভাই বেরাদর ইত্যাদির মাধ্যমে তার বিভিন্ন রকম যোগাযোগ তৈরি হবে। তো, আমার ভালেরি ফরেনার ও মেক্সিকোতে সে একলা, অন্তরে বাহিরে, সবখানে বিষমভাবে নিঃসঙ্গ… প্রথমে এই চরিত্রে পেনেলোপ ক্্রূজকে চিন্তা করসিলাম; কিন্তু, ওর মত স্টারকে কাস্ট করলে চরিত্রটার গভীরতা ও বেদনা থেকে দর্শকদের সমবেদনা বিক্ষিপ্ত হয়ে যাইতো। এই সময়ই আমার হাতে গোইয়া টোলিডোর একটা টেপ আসে। মহিলা এক কালে মডেল ছিল; দুই একটা ছোট চরিত্রে টুকটাক অভিনয়ের অভিজ্ঞতা তার হইসিলো ও অভিনেতা হিসাবে তার স্কিল আমার সলিড মনে হইসে।

এবাদ: অন্যান্য রোলে যারা অভিনয় করসে?

ইনারিতু: অন্যান্যরা সবাই থিয়েটারের… আমার আসলে থিয়েটারের অভিনেতাদের প্রতি একরকম দুর্বলতা আছে।… আমি রিয়েল লোকেশান শুটিং করসি; ওই লোকেশনের এলাকা যে গ্যাং এর নিয়ন্ত্রণে ছিল সেই গ্যাং লিডারদের সাথে আমার বিভিন্ন রকম চুক্তিতে যাইতে হইসে; ওই গ্যাং-এর অনেকেই অভিনয় করসে, বেশ ভালই অভিনয় করসে ওরা…

এবাদ: শুটিং-এ কত টাইম লাগসিলো?

ইনারিতু: ৫৫ দিন… যেইটা বলতেসিলাম, এমনিতেই মেক্সিকো সিটিতে শুটিং ইজি ব্যাপার না, তার উপর আমি পুরা গ্যাং কন্ট্রোলড এরিয়ায় কাজ করসি… টেনশনের চোটে বার বারই আমি সিক হয়ে যাইতেসিলাম ও আমার ক্রুরা আমারে হাসপাতালে নিয়া বি-টুয়েলভ ইনজেকশন দিয়া নিয়া আসতো… গাড়ি অ্যাকসিডেন্টের সিন, কুত্তার ফাইটের সিন ইত্যাদিতে আমার অনেক ইম্প্রোভাইজ করতে হইসে, আর যখনি পূর্বপরিকল্পিত কিছু চেইঞ্জ করতে হইতো আমি টেনশনে অসুস্থ হয়ে যাইতাম।

এবাদ: তোমার ডিওপি, রডরিগো পিয়ের্তোর, সাথে কিভাবে ডীল করতা… ওর জন্য তোমার নিশ্চয়ই স্টোরিবোর্ড ব্যবহার করতে হইসে…

ইনারিতু: হ্যাঁ, শুন, আমি যে ধরনের মানুষ, সবকিছু আমার নিয়ন্ত্রণের মধ্যে না থাকলে মাথা আউলায় যায় আমার… আমি প্রতিটি ডিটেইল কন্ট্রোল কইরা চলা মানুষ। ফলতঃ স্টোরিবোর্ড তো আমি করসিই উপরন্ত জটিল সিনগুলোর জন্য আমি স্পেশাল স্টোরিবোর্ড বানাইতাম যেখানে খুটিনাটি সমস্ত ডিটেইল্স থাকতো। যেহেতু আমাদের রিসোর্স ছিল খুবই সীমিত, এই সব জটিল সিন, যেমন, কার ক্র্যাশের সিনটা তোলা ছিল নরকে ঝাপ দেবার নামান্তর… এই লাইটিং ম্যালফাংশান করলো, এই লাইটিং কাজ করলো তো সাউন্ড করলো না, এই পাওয়ায় ফেইল করলো, এই কোন অভিনেতার পেট খারাপ হইলো, তাছাড়া ফ্যাৎনা ফাসাদ বিক্ষোভ লাইগাই থাকতো, পয়সার টানাটানি… তুমি চিন্তা করতে পারবা না কী গেসে আমার জানের উপর দিয়া…

এবাদ: পেরোসের একটা স্পেশাল লুক আছে। এই লুকটা কী ভাবে এ্যাচিভ করলা?

ইনারিতু: আমার ডিওপি, পিয়ের্তো, আমার পুরানো বন্ধু তার সাথে কীভাবে কথা বলতে হয় আমি জানতাম, তারপরও, পেরোস নিয়ে প্রথম আলোচনার দিন, ন্যান গোল্ডিনের একটা বই রেফারেন্স হিসাবে নিয়ে যাই আমি… গোল্ডিনের চরিত্রগুলার ইমোশনাল র'নেস, ওই লাইট, ওই অ-সেন্টিমেন্টাল ভাবে তাকিয়ে নিজের বাস্তবতা দেখা—এইসবই আমি আমার সিনেমায় চাইসিলাম। পিয়ের্তো নিজেও গোল্ডিনের ভক্ত; আমরা ঠিক করি সুন্দর ইমেজ তৈরি আমাদের কাজ না, আমোরেস পেরোসের দেখতে সুন্দর হবার কোনো দায় নাই; আমাদের চেষ্টা ছিল প্রথম থেকেই পেরোসের প্রতিটা সিনে আমাদের প্রতিদিনের বাস্তবের রক্ত, ঘাম, অশ্রু, ধুলো, বীর্য—র'ভাবে হাজির থাকার প্রক্রিয়াটা ফিগার আউট করে ফেলা।

এবাদ: এবং র'ভাবে সেইটা হাজির আছেও। কিন্তু, এই "বাস্তব"টা সিনেমার স্ক্রিনে অনুবাদ করে দেখাতে তোমার যেসব টেকনিক্যাল ডিসিশন নিতে হইসিলো, সেই সব নিয়ে কিছু বল?


আমেরোস পেরোস ছবির দৃশ্য

ইনারিতু: প্রথমত: পিয়ের্তো বা আমার দুজনেরই, ভিজ্যুয়ালস তৈরি নিয়ে অনেক আইডিয়া ছিল, কিন্তু, আমরা ঠিক করি সে, "লুক" এর থেকে চরিত্রদের ভেতরের টেনশন বা টানাপড়েনের বা বিভিন্ন ইমোশন স্ট্যাবলিস করার দিকে বেশি জোর দিব; ফলতঃ আমাদের ফিল্ম স্টক নিয়ে ইকটু চিন্তা করতে হইসে… অসম্ভব দুষণের কারণে মেক্সিকো সিটির আলো একটু ঘোলাটে… তো, আমরা বিভিন্ন ধরনের স্টক নিয়ে টেস্ট করা শুরু করলাম কারণ এমটিভি মিউজিক ভিডিও বা অ্যাডের মত ঝকঝকে ইমেজের বাইরের বাস্তবতারে অনুবাদ করতে আমাদের অন্যরকম ফিল্ম দরকার ছিল… আমাদের প্রযোজক খরচের কারণে এই সব পরীক্ষা-নীরিক্ষার বিরুদ্ধে ছিলেন, কিন্তু, আমি তাদের কথা মানি না; মেক্সিকোতে অ্যাড তৈরি কাজে যে কোডাক স্টক ব্যবহৃত হয় সেটা আমাদের চামড়ার রঙে একটা পিংকিশ আভা নিয়ে আসে… সবাইরে স্বাস্থ্যবান আর সুন্দর লাগে দেখতে, এই স্টক আমার পছন্দ ছিল না… আমার পছন্দমত স্টক, আমার পছন্দ মত ব্লিচ বাইপ্যাস ইত্যাদি সবই পাওয়া গেল… তারপরও, লক্ষ্য করলে দেখবা একই রকম স্টক দিয়ে পেরোসের আগাগোড়া শুট করা হয় নাই।

প্রথম ও তৃতীয় গল্পের চরিত্রদের চামড়ার রঙে একটা পাংশু ব্যাপার আছে, এখানে সাদা, খুব সাদা ও কালো, খুব কালো আর কন্ট্রাস্ট বেশি; দ্বিতীয় গল্পের ভিজ্যুয়্যাল টেক্সচারে ইকটু ঝিংচাক মসৃণতা আছে কারণ এইটা, বেইসিক্যালি, বড়লোকদের গল্প… এখানে ছবি কম গ্রেইনি। এছাড়া ওকটাভিওর গল্পের কালার টোন সবুজ, ভালেরির গল্পের কালারটোন সাদা আর এল চিভোর গল্পের কালার টোন হলুদ। আবার সিনেমার যে সব অংশ খুব নাটকীয়তায় ভরা বা আবেগময়—ওই অংশগুলায় ছবি বেশি গ্রেইনি, আর, যে অংশগুলা বর্ণনাপ্রবণ ও ধীরলয়ের—সেখানে টেক্সচার মসৃন, ক্যামেরার কাজও স্টাইলিশ।

এবাদ: পুরা সিনেমাই কি হ্যান্ডহেল্ড ক্যামেরায় শুট করা?

ইনারিতু: ওহ্ পুরোটাই হ্যান্ডহেন্ড… কোন ডলি, ট্রাইপড বা ক্রেনের ব্যবহার আমি করি নাই। আমার কাছে অনুভূতির তাৎক্ষণিকতার গুরুত্ব বেশি ছিল, তাই কখনো আমি এক চরিত্রের নড়াচড়া, কাজকারবার দেখাইবার কালে কাট না করে ক্যামেরা মুভ করে করেও দেখাইসি, যেমন: কোন চরিত্র ক্লোজআপে কথা বলতে বলতে গ্লাসে পানি ঢালবে, আমি তখন কাট না করে ক্যামেরা তার মুখ থেকে মুভ করায় হাত দেখায় দিতাম…

এবাদ: ঠিকাসে! এখন তুমি আমার একটা কথা বল: আমোরেস পেরোস তোমার প্রথম ফিল্ম। এই ফিল্মে ন্যারেটিভ খুব জটিল; গল্পের ব্যাপ্তিও অনেক বিশাল; তো এইসব হ্যান্ডেল করতে গিয়ে টেকনিক্যাল দিক থেকে তুমি কি সমস্যার সম্মুখীন হইসো?

ইনারিতু: তোমার এই প্রশ্নের উত্তর ইকটু ঘুরায় দেই। আগেই বলসি আমি ৫৫ দিন টানা শুটিং করসি; যেহেতু আমার রিসোর্স কম ছিল আমি দিনে স্ক্রিপ্টের ৪/৫ পাতা করে শুট করতাম… কোন রাতে ৪ ঘণ্টার বেশি ঘুম কপালে জুটতো না আমার, কারণ, প্রতি সকালে সেটে সবার আগে পৌঁছাতে হত ও বিভিন্ন মিটিং করতে হতো আমার… প্রডিউসারের সাথে আগের দিনের রাশ দেখতাম; একটার পর একটা খারাপ খবর আসতেই থাকতো… টেকনিক্যাল সমস্যা, লোকেশন নিয়ে সমস্যা, পারমিশন নিয়ে সমস্যা, আর্টিস্ট নিয়ে সমস্যা—এই সব কিছু নিয়ে প্রতিদিন হাজার হাজার ডিসিশন নিতে হতো ও এক পর্যায়ে গিয়ে আমার মাথা আর কাজ করতেসিলো না। এইটা ঠিক টেকনিক্যাল সমস্যা না, কিন্তু, খুব বড় সমস্যা ছিল আমার জন্য: আমি নিজের যোগ্যতার উপর আর বিশ্বাস রাখতে পারতেসিলাম না; নিজের নেয়া প্রতিটা সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে থাকতাম আমি।

টেকনিক্যাল দিক থেকে অন্য একটা সমস্যা হয়। অ্যাড বানাইতে গিয়ে কিছু অভ্যাস আর স্কিল তৈরি হইছিলো আমার; সিনেমা বানাইতে এসে এই বদভ্যাস আর স্কিলগুলা থেকে মুক্ত হবার জন্য প্রচণ্ড পরিশ্রম, রীতিমত নিজের সাথে যুদ্ধ করতে হইতো; আমার মধ্যে একটা মানসিকতা তৈরি হইসিলো সুন্দর ভিজ্যুয়্যাল ও স্টাইলিশ ভাবে ন্যারেটিভ কভারেজ তৈরি করার… ক্যামেরা বসলেই , আমার প্রথম প্রবণতা হইতো, একটা সুন্দর আর পাব্লিকের মন জয় করা ছবি তৈরি করার… কিন্তু, সিনেমা তো সুন্দর ইমেজ বা স্টাইল না! প্রথম দিকে অ্যাডমেকারের মানসিকতা থেকে মুক্ত হওয়া বেশ কষ্টকর ছিল; সবসময় মনে হইতো যে, এই অ্যাঙেল বেশি স্টাইলিশ, এই লাইট বেশি আকর্ষণীয়… মনে ভয় থাকতো, যথেষ্ট মেটেরিয়াল বা কভারেজ নেয়া হইসে কিনা প্রতিটা দৃশ্যে… এদিকে সময় নাই হাতে, অন্য শটে বা অন্য সেটআপে বা লোকেশনে যাইতে হবে… আরো তিন/ চার পৃষ্ঠা শুটিং বাকি… এইটা তো আর অ্যাড না যে দুই/ তিন দিনের কাজ থেকে ৩০ সেকেন্ড বা এক মিনিট শুধু ব্যবহৃত হবে… আমি যদি শারীরিক ভাবে অসম্ভব শক্ত না হইতাম, এইরকম লোকেশনে, এই বাজেটে, এই জটিল সিনেমাটা বানাবার মাঝ পথেই আমার ইন্তেকাল ফরমাইতে হত।

এবাদ: এডিটিং নিয়ে কিছু বল। এই বিশাল সিনেমার এডিটিংও তোমার দমের পরীক্ষা ছিল!

ইনারিতু: এডিটিং হইতেসে আমার জন্য একটা দুঃস্বপ্ন! এডিটিং-এর জন্য আমি নিজে এভিড নিয়ে বাসায় বসছি আর টানা সাতমাস ননস্টপ কাজ করতে হইসে আমার; প্রতিদিন সকাল আটটায় বসতাম প্যানেলে, টানা বেলা দুইটা পর্যন্ত কাজ করতাম; তারপর বউবাচ্চার সাথে দুপুরের খাবার খাইতাম; বিকাল চারটায় আবার কাজে বসতাম, লাগাতার মধ্যরাত পর্যন্ত কাজ করতাম; প্রতিদিন কাজ করতাম—একই রুটিন!

এবাদ: তোমাদের মূল পাণ্ডুুলিপির সাথে কি এডিটেড ফিল্মের কাঠামোগত বড় কোনো পার্থক্য তৈরী হইসিলো?

ইনারিতু: সবচেয়ে বড় পার্থক্য হইতেসে, ৪০ মিনিটের মত মেটেরিয়াল আমি কেটে ফেলে দিসিলাম। এই সিনেমার গল্পের ভঙ্গিটাই এখন যে, কোনো কিছু বাদ দিলে বা জুড়লেই মূল কাঠামোগত পরিবর্তন হবে।

তবে আমাদের পাণ্ডুলিপির স্পিরিটটা বা গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আমার কাটের পরও একই থাকে। আমাদের শুটিং ভালো হইসিলো এবং সমস্ত মেটেরিয়ালই কোনো বা কোনো ভাবে মূল ন্যারেটিভে ওয়ার্ক আউট করানো যাইতো, ফলতঃ প্রথম রাফ কাটের পর যে ভার্সনটা দাঁড়ায়, সেখানে হাত লাগানো আমার জন্য খুব কঠিন হয়ে গেসিলো… আমি বুঝতেসিলাম আরো ঘষামাজার দরকার আছে… কিন্তু, কিভাবে কী করবো এইটা বুঝে উঠতে পারতেসিলাম না…

এবাদ: শেষ পর্যন্ত কী করলা?

ইনারিতু: আমার প্রথম কাটটা তিন ঘণ্টা দশ মিনিটের ছিল; দ্বিতীয় কাটটা দাঁড়ায় আড়াই ঘণ্টার মত… এই কাটটার একটা টেপ আমি পরিচালক ডেল টোরোকে পাঠাই ও তিনি আমাদের কাজ খুবই পছন্দ করেন। তিনি সেসময় ম্যাদ্রিদে ছিলেন। সেখানে থেকে তিনি আমারে ফোওন করেন ও বলেন যে, সিনেমাটা খুব জোশ হইসে, কিন্ত, আমার এইটা আরেকটু ছোট করা উচিত… আমি তার উপদেশ প্রার্থনা করি এই ছোট করার ব্যাপারে। তিনি বলেন যে, দ্বিতীয় গল্পটার আদৌ দরকার নাই, আমি যেন পুরা গল্পটা ফালায় দেই। তাকে আমি বলি "শুয়ারের বাচ্চা চুপ থাক তুই সিনেমার কী বুঝিস!" যাউক, ডেল টোরো আমারে প্রতিদিন টেলিফোওন করতে থাকেন ও বিভিন্ন উপদেশ দেন। আমি তারে বলি, "ব্যাটা, এতই যখন তোর দরদ, তাইলে টেলিফোওন কেন… এইখানে আয়… সরাসরি আমারে সাহায্য কর এখানে আইসা।"

তিনি আমার বাড়ীতে তিনদিন আইসা থাকেন। এই সময় ছবিটা আবার কাটতে তিনি আমাকে সাহায্য করেন।

এবাদ: এইটাই ফাইনাল কাট?

ইনারিতু: এইটাই ফাইলাল কাট!

এবাদ: এই কাট্টা দেইখা তোমার প্রডিউসার, আল্টা ভিস্টা, কি পজেটিভ্লি রিঅ্যাকট করলো?

ইনারিতু: ওরা ফিল্মের দৈর্ঘ্য নিয়ে ইকটু দ্বিধায় ছিল; কিন্তু, সিনেমা তারা পছন্দ করসিলো।

এবাদ: ফিল্মের পাবলিক স্ক্রিনিং-এ তুমি কেমন ফিডব্যাক পাইলা ?

ইনারিতু: আসলে পেরোস-এর প্রথম পাবলিক স্ক্রিনিং-ই হইসিলো কান ফিল্ম ফেস্টিভালে, তবে ক্রিটিক্‌স্‌ উইকে। আমি জীবনে কখনো কোনো ফেস্টিভালে যাইনি এর আগে; ওইসব জায়গার রীতিনীতি নিয়ে আমার কোনো ধারণাই নাই; প্লাস, আমার প্রথম ফিল্ম নিয়ে আমি প্রচণ্ড নার্ভাস… তো, যখন সিনেমাটা দেখানো শুরু হইলো পুরা হল তো একদম টইটুম্বুর ভরা, কিন্তু, পাঁচ মিনিটের মাথায় দেখি কয়জন উইঠা বের হয়ে যাইতেসে; দশ/পনের মিনিটের মধ্যে হলের অর্ধেক লোক ধীরে ধীরে বাইর হইয়া যায়। এদিকে আমার মাথা খারাপ হবার জোগার—কী হইতেসে এইসব ! আমিও আর টেনশনের চোটে হলে টিকতে পারলাম না, বের হয়ে সৈকতে হাঁটা শুরু করি মাথাটা ঠাণ্ডা করার জন্য…পরে আমি লোকমুখে শুনলাম যে, ক্রিটিক্্স্ উইকে এভাবে লোক উঠে যাওয়াই দস্তুর… তবে, তখন পর্যন্তও সিনেমাটা ভাল হইসে, না কি হইসে সেই রকম সরাসরি কোনো ফিডব্যাক আমি পাই নাই কারো কাছ থেকে! তবে ফিল্ম স্ক্রিনিং-এর দুই/এক দিনের মধ্যে বিভিন্ন দেশের সাংবাদিকরা আমার সাথে যোগাযোগ করা শুরু করে আর হঠাৎ করেই আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্টিতে দাওয়াত পাইতে শুরু করি—কিন্তু, তখনো আমি নিশ্চিত না এইসবের কারণ কি আমোরেস পেরোসের সাফল্য, না, কানে এমন অভ্যর্থনা সব পরিচালকের কপালেই জুটে…

এবাদ: তোমার কি সিনেমাটা বিক্রি করতে কোনো অসুবিধা হইসিলো?

……
পোস্টার, ২১ গ্রামস্ ছবির
…….
ইনারিতু: না, তেমন কোনো অসুবিধা হয় নাই। লায়ন্‌স্‌ গেট চার লাখ ডলারে ছবিটা কেনে… তখন আমি ভয়ে ভয়ে আছি যে, এইটা মেক্সিকো থেকে আসা সম্পূর্ণ অচেনা এক পরিচালকের, অচেনা নূতন অভিনেতাদের নিয়ে তৈরি, দীর্ঘ, জটিল আর ডগ ফাইটের মত আপত্তিকর বিষয় সমন্বিত একটা চলচ্চিত্র… তার উপর আবার ছবিটাও ঠিক সাধারণ দর্শকের জন্য উপভোগ্যও হয়তো না… এই ছবি আদৌ কেউ কিনবে তো!—এরকম ভাবতেসি আমি তখন… ফলে, যে প্রথম অফারটা আমি পাইসি, কোনো দরদাম না কইরা, ওই দামেই বেঁচে দিসি—অনভিজ্ঞতার ফল আর কি!… আরেকটু ধরে থাকলে ওই দামের দশগুণ বেশিতে আমোরেস পেরোসকে বিক্রি করা যেতো!

এবাদ: আন্তর্জাতিকভাবে তোমার যে বিশাল সাফল্য, বিশেষ করে কানসহ অন্যান্য বড় বড় ফেস্টিভালে তুমি যে পুরস্কার টুরস্কার পাইলা, তার কী প্রতিক্রিয়া হইলো তোমার নিজের দেশে?

ইনারিতু: কান-এ ভালো করার পর, পেরোস, মেক্সিকোতে মোটামুটি রকম হিট হয় (হাসি)।

বিদেশে নাম ডাক হবার পর মেক্সিকোতে সবসময়ই সমাদর পাওয়া যায়; কিন্তু, আমি নিশ্চিত বিদেশে পুরস্কার টুরস্কার না পাইলে কোনো মেক্সিকান ডিস্ট্রিবিউটর পেরোসকে ছুঁয়েও দেখতো না, পিক করা তো অনেক দূরের কথা… আরেকটা মজার ব্যাপার যেটা হয়, অনেক মেক্সিকান ফিল্মমেকার ও অত্যন্ত প্রভাবশালী সমালোচকরা বলা শুরু করে যে, পেরোসের ভিতর সারবস্তু কিছু নাই, এর বিদেশে সাফল্যের কারণ হইতেসে ধূর্ত মার্কেটিং ক্যাম্পেইন… বলতে পারো পেরোস নিয়া আমার মেক্সিকান অভিজ্ঞতা অনেকটা আনন্দ বেদনায় মিশানো…

এবাদ: এখন পেছন দিকে তাকায় কী মনে হয়?… মানে, তুমি তো একটা বড় রকম ঝুকি নিসিলা প্রথম থেকেই… যখন স্ক্রিপ্ট লেখা শুরু করো সিনেমাটার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না তোমার, কোনো প্রডিউসার ব্যাকিং ছিল না, ফিল্ম বানাবার কোনো অভিজ্ঞতা ছিল না… কীসের ভরসায় তুমি এরকম অবাণিজ্যিক একটা প্রজেক্ট নিয়ে এতদিন ধরে পড়ে থাকলা যখন তুমি অ্যাড বানায় লক্ষ লক্ষ টাকা বানাইতে পারতা?

ইনারিতু: দেখ, এই প্রশ্নের উত্তর তুমি নিজেই জানো, কারণ, তুমি নিজেও একজন ক্রিয়েটিভ মানুষ। লোকে তোমাকে বা আমাকে পাগল বা নির্বোধ বলে গালি দিতেই পারে… কোনো স্বাভাবিক বা বুদ্ধিমান মানুষ তার সর্বস্ব নিয়ে এভাবে ঝুকি নেবে না… কিন্তু, আবার আমার পাগলামির মধ্যেও কিছুটা বুঝ ছিল, আমার বোকামির মধ্যেও আমার ক্ষমতা ও সেই সময়কার সমাজের চাহিদাগুলার ব্যাপার খুব পরিচ্ছন্ন একটা রিডিং ছিল!

ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকাররা সব সময় বিলাপ করে—কেউ তাদের পয়সা দেয় না, ভাল কাজ করতে গেলে পয়সা পাওয়া যায় না!

কিন্তু, আমি বিশ্বাস করতাম এবং খুব প্র্যাক্টিক্যাল টার্মসেই জানতাম যে, পয়সা আছে… আগের যে কোনো সময় থেকে বেশি পয়সা নিয়ে লোকে বসে আছে ডেয়ারিংলি উচ্চাকাক্সক্ষী, ভাল কোনো প্রজেক্টে খাটাবার জন্য;—যা নাই তা হইতেসে, ফ্রেশ আইডিয়া নাই, ভাল আইডিয়া নাই, ভাল স্ক্রিপ্ট নাই, র্বোড্ দর্শকদের তাক লাগায় দিবে এমন স্টোরিটেলার নাই… আমার আইডিয়া যে ফ্রেশ সে বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না; এই আইডিয়া যেন ভাল একটা স্ক্রিপ্টে রূপান্তরিত করা সম্ভব হয় এজন্য আমি সেরা একজন লেখককে আমার পার্টনার করে নেই… আমি ডিজে ছিলাম, অর্থাৎ সপ্রতিভ একটা ব্যক্তিত্ব আছে আমার; টিভি ও বিজ্ঞাপন জগতে সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছি আমি—অর্থাৎ, আমি জানি কর্পোরেট জগতে কীভাবে নেগোশিয়েট করতে হয়, কোন ডীল কীভাবে ক্লোজ করতে হয়; এই প্র্রজেক্টের জন্য প্রয়োজনীয় অর্থ যে আমি জোগাড় করতে পারবো এই বিশ্বাস আমার ছিল…. আর, কারো চাপের কাছেও মাথা নত করতে হয় নাই আমার;—আল্টা ভিস্টার মার্থা সোসা ও আলেহান্দ্রো সোবেরন-এর সঙ্গে কয়েকবার মিটিং করার পর তারা পয়সা দিতে রাজী হয়, আমার স্ক্রিপ্ট তাদের পড়তে দিতে হবে এই শর্তে। আমি তখন তাদের পরিষ্কার বলে দেই, একমাত্র আমি যখন মনে করবো যে, এখনই স্ক্রিপ্ট তাদেরকে দেখানোর উপযুক্ত সময়, তখনই তারা স্ক্রিপ্ট পাবে এবং তারা তা মেনে নেয়।

তুমি বলতে পারো আমি খুব লাকী… অবশ্যই আমি লাকী, বারবারই আমি লাকী ব্রেক পাইসি… আর, আমি যে আমার ইচ্ছা মত সব কিছু ঘটাতে সমর্থ হইতেসিলাম তার আরেকটা কারণ, সময়টা এই সব ঘটনা ঘটবার জন্য উপযুক্ত ছিল, আমি ঠিক সময়ে ঠিক জায়গায় হাজির ছিলাম… তো, এই একটা বিশাল ব্যাপার; কিন্তু, আরেকটা যেটা ব্যাপার তোমার ধর্তব্যে নিতে হবে, সেইটা হল, আমি অসম্ভব পরিশ্রমী… আমি আমার প্রযোজকদের কাছে বা আমার সহ-লেখকের কাছে বা অভিনেতা বা কুশলীদের কাছে কোনো কমিটমেন্ট ফেইল করিনি, যেভাবেই হোক আমার প্রতিটা প্রতিজ্ঞা আমি রক্ষা করসি, ফলে চরম উৎকণ্ঠা বা বিপদের মধ্যেও কেউ আমার উপর বিশ্বাস হারায়নি। এবং যখন প্রয়োজন হইসে বা আমি চেয়েছি আমার কাস্ট এবং ক্রু এবং প্রযোজকরা ১০০%-এর উপর ১১০% ডেলিভার করসে… যাউক, আমার প্রযোজকদের কাছে সময়মত স্ক্রিপ্ট হাজির করি আমি এবং স্ক্রিপ্টটা তাদের ইকটু অদ্ভুত লাগলেও আমার উপর বিশ্বাস রাখে তারা। আল্টা ভিস্টার কাছে দুই মিলিয়ন চার লাখ ডলারের বাজেট পেশ করি; তারা আমাকে এক মিলিয়ন আট লাখ ডলার দেয়; এই টাকার সাথে আমার নিজের ছয় লাখ ডলার যোগ করে আমি কাজ আরম্ভ করি।

আমি পেরোস পরিচালনার জন্য কোনো পারিশ্রমিক নেই নাই। আসলে আরিগা ছাড়া কোনো কাস্ট বা ক্রুই এই ফিল্ম থেকে তেমন কোনো পয়সা পায় নি। তারপরও আমি সরকারী বা অন্য কোনো অনুদান গ্রহণ করিনি বা আমার ভিশন কম্প্রোমাইজ্‌ড্‌ হতে পারে যে সব জায়গায়, সে সব জায়গা থেকে পয়সা নিতে হাত পাতি নাই।

আমার ভিশনে আমার বিশ্বাস ছিল; আমার যোগ্যতা নিয়ে আমার এক পর্যায়ে সংশয় দেখা দিলেও প্রচণ্ড পরিশ্রম করে আমার যা যা ঘাটতি ছিল সেসব আমি ডীল করসি… এবং সিনেমার হয়ে উঠার যে প্রক্রিয়া সেখানে আমি এক বিন্দু আপোষ করিনি… চিন্তা কর, প্রি-প্রোডাকশনে বা ডেভেলপমেন্টে আমি প্রায় তিন বছর ব্যয় করসি, আমার অভিনেতারা, আমার কুশলীরা সব ছিল এই সিনেমার জন্য খাপে খাপ… এর বেশি একজন ফিল্মমেকার আর কী করতে পারে, কী চাইতে পারে… জানি না তোমার প্রশ্নের উত্তর এতে হলো কিনা…।


ফিল্মোগ্রাফী, ইনারিতু:
বিউটিফুল (২০০৯) [পোস্ট প্রোডাকশন]
আনা [ইচ হিজ ওউন সিনেমা (২০০৭)]
বাবেল (২০০৬)
২১ গ্রামস্ (২০০৩)
১১'০৯"০১- সেপ্টেম্বর ১১ (২০০২) [সেগমেন্ট মেহিকো]
পাউডার কেজ (২০০১)
আমোরেস পেরোস (২০০০)

[এবাদুর রহমান কর্তৃক গ্রন্থিত ও পাণ্ডুলিপি কারখানা থেকে প্রকাশিতব্য পুস্তিকা 'ডুবসাঁতার ও সিনেমাতন্ত্রে'র অংশ বিশেষ]

ebadurr@yahoo.com

বন্ধুদের কাছে লেখাটি ইমেইল করতে নিচের tell a friend বাটন ক্লিক করুন: