২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরপারে দেখি আঁকা

afsana_begum

Published : 07 Apr 2015, 01:00 PM

Updated : 03 Oct 2022, 11:23 AM

'আচ্ছা, আজ তারিখ কত?' বলে গফুর সাহেব কৌতূহলী চোখে তাকিয়ে থাকলেন। সামনের মানুষটি ফোনে দেখে জানিয়ে দিল পনেরো। গফুর সাহেব হাতের নিউজ পেপারে তারিখটা আরেকবার মিলিয়ে নিয়ে মুচড়ে চোখের সামনে থেকে নামিয়ে নিলেন; ঠোঁট বাঁকিয়ে বিপদে পড়ার মতো গলায় বললেন, 'তা কী করে হয়! আজ তো তেরো তারিখ হবার কথা!' লোকটি বলল, 'আপনি দেখি পুরো দুদিন পিছিয়ে আছেন।' চশমাটা নাকের ওপরে আঙুলে ঠেলে ভ্রূ কুঁচকে গফুর সাহেব বললেন, 'নিউজ পেপারের লোকেরাও আজকাল আমার সাথে শয়তানি করছে? আশ্চর্য!' লোকটির দিকে বিরক্তির দৃষ্টি দ্রুত বুলিয়ে নিলেন।
বারান্দার কোণে ধুসর বেড়ালটা পেটের নিচে লেজ ঢুকিয়ে বসে ছিল। বেড়ালটাই ধূসর নাকি ধুলোবালি মেখে তার এই অবস্থা, সেটা অবশ্য গফুর সাহেব নিশ্চিত নন। বারান্দা ঝেড়েমুছে পরিস্কার করলেও লাভ নেই। বেড়ালটা উঠে গেলে এক কোণে গাদাখানেক ধুলো বৃত্তাকারে পড়ে থাকবে। সারা পৃথিবীতে তার যেন আর জায়গা নেই, তাই প্রতিদিন গফুর সাহেবের বারান্দায় ধুলোর কু-লী ছড়িয়ে যাওয়া। নিউজ পেপার গোল করে পাকিয়ে বেড়ালের দিকে মারার ইশারা করে তিনি দরজায় হাত দিলেন। বেড়াল লাফিয়ে রেলিং টপকে বাইরে, তবে ধুলোর আস্তর সেখানেই পড়ে রইল। ঘরের দরজায় তালা মোট চারটা। বগলের নীচে পেপারটা চেপে রেখে চাবি বেছে নিয়ে একটার পরে একটা তালা খুলতে থাকেন গফুর সাহেব। আগে একটা মাত্র গোল লক ব্যবহার করতেন, তারপর ব্যবহার শুরু করলেন তার ওপরের দরজার সাথে মিশে থাকা লকটাও। শেষে একদিন মিস্ত্রি ডেকে সেই লকের ওপরে নিচে লাগিয়ে নিলেন আরো দুটো। কাউকে কোনো বিশ্বাস নেই, একটা দুটো লক ভাঙতে আর মানুষের কী, চারটে ভাঙতে গেলে খবর হয়ে যাবে। ততক্ষণেও প্রতিবেশীরা কি কেউ এগিয়ে আসবে না? তার অবশ্য কোনো নিশ্চয়তা নেই। একটার চেয়ে আরেকটা শয়তান। কেউ চায় না তিনি নিশ্চিন্তে থাকেন, ভালো থাকেন।
ডাক্তার বলে দিয়েছেন প্রতিদিন ডিম খাওয়া যাবে না এই বয়সে। নইলে একটা ডিম ভেজে নিয়ে ভাত খেয়ে ফেলাটা তার জন্য কোনো কঠিন কাজ নয়। কিন্তু অন্য সবকিছু রান্নার জন্যই মেয়েটাকে রাখতে হলো। তাকে রাখা মানেই সারাক্ষণ নজর রাখা, সেটা আরেক যন্ত্রণা। এই তো হয়, বাড়ি বাঁচাতে বাগান, বাগান বাঁচাতে পাঁচিল, পাঁচিল বাঁচাতে দারোয়ান, আর তারপর দারোয়ানকে নিয়েই হয় যত অশান্তি। মেয়েটাকে রাখার পর থেকে গফুর সাহেবের আর শান্তি নেই, ইজি চেয়ারে বসে যে একটু চোখটা লাগাবেন, সে অবস্থাও নেই। কে জানে টুক করে কখন কী পাচার করে দেবে, আলমারি খুলতেইবা মেয়েটার কতক্ষণ লাগবে, ঘুমিয়ে গেলে তার পকেট থেকে চাবি বের করে নিয়ে যাওয়া তো কঠিন কোনো কাজ নয়। তার ওপরে আছে আরেক যন্ত্রণা, পাশের অ্যাপার্টমেন্ট বাড়িতে আছে গাদাগাদা ড্রাইভার আর দারোয়ান, তাদের কারো সাথে লাইন করে ধীরে ধীরে জিনিসপত্র সরিয়ে বাসাটাকে ফাঁপা বানিয়ে ফেলাটাও অসম্ভব নয়। তাই সে থাকার সময়টাতে তিনি সবসময়ে সজাগ। মেয়েটা যে অমনইÑ তা নয়, কিন্তু অভাবে মানুষের স্বভাব যায়, তাই গফুর সাহেব সতর্ক।

সোহাগ অবশ্য অস্ট্রেলিয়া থেকে ফোন করে প্রায়ই বলে, 'এত সতর্ক হবার কী হলো? মানুষের বাড়িতে লোকজন কাজ করে না?' গফুর সাহেব তার কথায় কোনো জবাব দেন না। সেসব তার জানা আছে। পাড়াতেই এক বিধবা মহিলা একা থাকেন, তার রান্নার মেয়েটি তাকে তরকারির সাথে কী খাইয়ে দিয়ে অজ্ঞান করে ফেলল, তারপর সব ধুয়েমুছে পগারপার। ঠিক হতে ভদ্রমহিলার পাঁচদিন হাসপাতালে থাকতে হলো। মলম পার্টির চেয়েও ভয়াবহ কিছু ব্যবহার করেছে মেয়েটা। ওরা আসলে একটা চক্র। সোহাগকে সেসব অত কথা বোঝাবার কোনো প্রয়োজন দেখেন না তিনি। সোহাগকেইবা বিশ্বাস কী! তিনি চোখ বন্ধ করার সাথে সাথে জমিজমা সামান্য যা আছে আর এই বাড়িটার যে কী হাল করবে তা তিনি কল্পনাও করতে পারেন না। তিনি বেঁচে থাকতেও বারবার চাপ দিচ্ছেন সবকিছু বিক্রি করে টাকা যা হয় তাকে দিয়ে দিতে আর গফুর সাহেবকে তার কাছে গিয়ে থাকতে। এটা একটা কথা হলো? নিজের আশ্রয় বিক্রি করে তার মুখাপেক্ষী হওয়া। নিজের বাপকে এত বোকা ভাবল কী করে সে? তখন থেকেই সোহাগের ব্যাপারে সতর্ক হয়ে গেছেন তিনি। বলা তো যায় না, ছেলে নিজেই তার পেছনে কাউকে লাগিয়ে দিয়ে গেল। আজকাল বিদেশে দীর্ঘদিন থাকলেও মানুষ তেমন টাকাপয়সা জমাতে পারে না, তাকিয়ে থাকে দেশে ফেলে আসা পৈতৃক সম্পত্তির দিকে, আশায় আশায় থাকে কবে হাতে আসবে, কবে বাবা-মা ওপারে চলে যাবে। এসব তার বোঝা হয়ে গেছে।

রান্নার মেয়েটা এল মনে হয়। দরজা পেরিয়ে ঢুকতে ঢুকতে তিনি ভাবলেন পোস্টবক্সটা একটু দেখে আসবেন। মেয়েটা কাজ ঠিকমতো শুরু করার আগেই দেখে আসা যায়। দরজা ভিড়িয়ে সামনে সামনে এগোলেন তিনি। পোস্টবক্স একেবারে খালি। পাশের বাড়ির আনিস সাহেব বাড়ি থেকে বেরিয়ে রিকশা খুজছিলেন। গফুর সাহেব আনিসকে ডাকলেন।
'আমার পোস্টবক্সে কোনো চিঠি নেই কেন?'
'মানে?'
'বলছি, আমার পোস্টবক্সের সব চিঠিগুলো কই? খালি কেন?'
'তার আমি কি জানি, ভাই? আমার কাছে কেন জানতে চাচ্ছেন?'
'কারণ আপনারা যারা আমার কাছাকাছি থাকেন, তারাই আমার সব চিঠি চুরি করে নিয়ে যান। দেখেন, দুই সপ্তাহ আমি পোস্টবক্স দেখিনি, তাহলে এখানে চিঠি জমে থাকার কথা না?'
'কীসের চিঠি, কার চিঠি, ভাই? এখন কি আর চিঠি আসে? দরকারি কিছু হলে নিশ্চয় সোহাগের সাথে মানুষ মেইলে যোগাযোগ করে। আর বিলটিল হলে নিশ্চয়ই আসবে, অপেক্ষা করেন।'
লোকটা সোহাগের কথা বলল কেন? গফুর সাহেবের অবাক লাগে। সোহাগ কি তবে আনিস সাহেবকে তার ওপরে নজর রাখার জন্য লাগিয়ে দিয়ে গেছে? আনিস সাহেব নিয়মিত তার পোস্টবক্সে চিঠি টুপ করে পড়া মাত্রই তুলে নিয়ে যাচ্ছে, পাঠিয়ে দিচ্ছে সোহাগকে। ভাবতে ভাবতে তার মাথা ঝিমঝিম করে। এতবড় চালাকি! কী ভেবেছে, মানুষের সাথে যোগাযোগ বন্ধ হতে হতে তিনি একসময় অস্ট্রেলিয়ায় যাবার জন্য রাজি হয়ে যাবেন? আর সোহাগ পেয়ে যাবে বাড়িটা। এত জঘন্য ষড়যন্ত্র! আর বেশিদূর ভাবতে ইচ্ছে করে না তার। ঘরে ফিরে ইজি চেয়ারের কোলে নিজেকে ছেড়ে দিয়েও অবশ্য ভাবনাটা ঝাড়া যায় না। এখন থেকে পোস্টবক্সের ওপরে কড়া নজর রাখতে হবে। সোহাগ শেষবারে যখন এসেছিল, নিশ্চয় আনিস সাহেবকে ডুপ্লিকেট চাবি বানিয়ে দিয়ে গেছে। আজ তিনি যেভাবে পোস্টবক্স ঘেঁষে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন তাতে কি আর গফুর সাহেবের কিছু বোঝার বাকি আছে? কিন্তু মাঝরাতে, তিনি যখন ঘুমিয়ে থাকেন, তখন গফুর সাহেব কী করে পোস্টবক্স পাহারা দেবেন? হঠাৎ ভীষণ অসহায় লাগে তার। কী করা যায়, কী করা যায়. . . হ্যাঁ, তালাটা বদলে ফেললেই তো হলো! দারুণ বুদ্ধিটা মাথায় আসার পরপরই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তিনি মনে মনে ভাবেন, একইরকম সোনালি চাইনিজ তালা কিনে এনে লাগাবেন, একই আকৃতির, একই কোম্পানির। বেশ ভালো ধোঁকা হবে। আনিস সাহেব রাতের অন্ধকারে পা টিপে টিপে পোস্টবক্সের কাছে আসবে, বক্সের তালায় শব্দহীনভাবে চাবি ঘোরাবে, কিন্তু অবাক হয়ে দেখবে তালা কিছুতেই খুলছে না। আরে, এই তালা কি আর সেই তালা থাকবে যে খুলবে? একটু শব্দ করেই হেসে ফেলেন তিনি। ইজি চেয়ারে গা এলিয়ে দেন আড়মোড়া ভেঙে। যাক, যা গেছে গেছে, এর পর থেকে তো আর চিঠি খোয়া যাওয়ার ঝামেলা নেই। তার চিঠি তার হাতেই আসবে। কিন্তু তাকে কে চিঠি লিখবে, ভাবতে গিয়েই কেন যেন হুট করে হাসিটা মিলিয়ে যায় তার, মনটা বিষণ্নও হয় একটু। তার সাথে কারো যোগাযোগ নেই, এটা হয়? তার কিছু হলে কেউ কিছুই জানবে না। ভাবতে ভাবতে নিউজ পেপারে পড়া আমেরিকান সেই মহিলার কথা মনে পড়ে গেল তার, যে মরে যাবার পরে টানা তিন বছর রকিং চেয়ারেই বসে ছিল। বহু মাসের ইলেকট্রিক বিল বাকি পড়ায় ইলেকট্রিক অফিসের লোকেরা এসে টিভির সামনের রকিং চেয়ারে তার কংকাল দেখতে পায়। টেলিভিশন তখনো চলছিল আর জ্বলছিল বাসার যাবতীয় আলো। এটা ভাবতে অবশ্য খানিকটা অপরাধীও লাগে গফুর সাহেবের যে খবরটা পড়ে মহিলার দুর্ভাগ্য আর একাকিত্বের কথা মনে না হয়ে প্রথমেই মনে প্রশ্ন এসেছিল, বাল্ব আর টেলিভিশনের ব্যাপারে; দারুণ জিনিস সব, টানা তিন বছর ধরে চলছিল বিরতিহীনভাবে! এখানে তো সব জোচ্চোর, তিন-চারমাস পরপরই বাল্ব ফিউজ, বদলে নাও, যত্তসব। যাই হোক, তবু তার আসল চিন্তাটা এটাই ছিল যে একটা মানুষ কতটা যোগাযোগবিহীন থাকতে পারে, কেউ তাকে চিঠি লেখেনি? কেউ তার জবার চায়নি? খোঁজ করেনি তার? গফুর সাহেবকে লিখলেইবা কে লিখতে পারে, টুলের ওপরে রাখা পা দোলাতে দোলাতে ভাবতে লাগলেন তিনি।

কলেজের বন্ধু জাকারিয়া লিখতে পারে কি? সে এখন বিরাট ব্যবসায়ী, তার মতো জাকারিয়ার কাজে রিটায়ারমেন্ট নেই, সে ভীষণ ব্যস্ত। তবু একবার কি মনে পড়তে পারে না নিজের বন্ধু গফুরের কথা? ছোট্ট শ্বাস ছেড়ে চোখ বোজেন গফুর সাহেব। মা বেঁচে থাকলে নিশ্চয়ই লিখত, খুব অল্প বয়সেই মা মারা গেলেন। বেঁচে থাকলে এতদিনে নব্বই ছাড়িয়ে যেতেন, কিন্তু তাতে কী, আজকাল কত মানুষই তো হেসেখেলে নব্বই বছর পার করে। মা কী লিখতেন চিঠিতে? 'এত ভাবিস না গফুর, সব ঠিক হয়ে যাবে। মানুষের কি আর সব সময় একরকম যায়? একবার দুর্ঘটনা হয়েছে, বারবার হবে নাকি?' গফুর সাহেবের চোখের কোণ ভিজে যায়। হাত উঠিয়ে মুছতেও ইচ্ছে করে না। হঠাৎ কেন যেন রাজ্যের আলসেমি এসে ভর করে। উঠে গিয়ে দেখতেও ইচ্ছে করে না রান্নার মেয়েটি কী করছে, কোনো তেলেসমাতি করছে নাকি। তবু যেন খানিকটা গা ঝাড়া দিয়ে ওঠেন তিনি, মা নেই, কিন্তু এই বয়সেও কারো মায়ের জন্য খারাপ লাগে নাকি? তার নিজেরই তো যাবার সময় হয়ে গেল। মুখের ওপরে হাত বোলাতে গিয়ে হুট করে সৃষ্টিছাড়া এক ভাবনা মাথায় আসে। কেন যেন মনে হয়, পাপিয়া কি লিখতে পারে না তাকে? গ্রামে তাদের বাড়িতে গেলেই তো ঠিকানা পেয়ে যাবে, গত তিরিশ বছর ধরে একই বাড়িতে থাকে গফুর। তার ঠিকানা পাওয়া তো কঠিন কিছু নয়। পাপিয়ার চারটা ছেলেমেয়ে আছে বটে, কিন্তু তাদের তো এতদিনে বিয়েশাদি হয়ে যাবার কথা, তাদের বাবা তো সেই কবেই মারা গেছে। এখন একবারও কি পাপিয়ার রোদের মধ্যে ঝুম বৃষ্টির মতো তার কথা মনে পড়ে যেতে পারে না? মুচকি হাসতে হাসতে থুতনিতে হাত বোলান গফুর সাহেব। হাতে লম্বা হতে হতে প্রায় নরম হয়ে আসা দাড়িগুলো সুড়সুড়ি দেয়। দিনের পর দিন তিনি শেভ করেন না আজকাল, কী হয় সকালবেলা ওসব হাঙ্গামা করে! দাড়িগুলো পেকে গেছে, মাথার চুলে অবশ্য এখনও খুঁজলে কিছু কালো চুল পাওয়া যাবে। আলতো করে মাথায় হাত বোলাতে বোলাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ান তিনি। লম্বা-চওড়া মানুষ, রঙও উজ্জ্বল, এত বয়সেও কোনো কঠিন অসুখ নেই, শরীর এখনও শক্তই লাগে দেখতে, অন্তত মাথায় তো টাক পড়েইনি, এখনও পাপিয়া কি তাকে দেখলে চিনতে পারবে না? পারবে নিশ্চয়ই। তার কথা মনে পড়লে আর ইচ্ছে হলে দু'কলম চিঠি লিখে ফেলা পাপিয়ার জন্য কোনো অবাস্তব ব্যাপার নয়। তবে তিনি নিজেও তো লিখতে পারতেন! নিজে থেকে কখনো পাপিয়ার কাছে লিখেছিলেন কি? আর এখন কিনা পাপিয়া লেখেনি বলে খুব মন খারাপ করা হচ্ছে। সেই কলেজ জীবনে যে প্রেম ভেঙে গেছে, প্রেমিকার বিয়ে হয়ে চলে গেছে, সেই বেচারা কি এখন আবার একা হয়ে গেছে বলে নিজে থেকে তার প্রতি নতুন করে প্রেম নিবেদন করবে? কী যে একটা মানুষ তিনি, এতদিন পাপিয়াকে চিঠি লিখলে অন্তত ডজনখানেক চিঠি এসে উপস্থিত হতো। তখন দেখা যেত পোস্টবক্স কেমন করে ঠনঠন খালি পড়ে থাকে। পাপিয়ার কথা সেভাবে ভাবতেই কেন যেন মনটা নরম হয়ে যায় গফুর সাহেবের। রান্নাঘরে মেয়েটির হাড়ি-পাতিল নাড়াচাড়ার আওয়াজ পাওয়া যায় কিন্তু তাকে মোটেও কৌতূহলী মনে হয় না। বরং অদ্ভুত মমতায় নিজের দিকে চোখ পড়ে যেন। সত্যি কথা বলতে কী, আয়নার সামনে দাঁড়ানো হয় না অনেকদিন। গফুর সাহেব ঢলে পড়া ইজি চেয়ার থেকে ওঠেন, মৃদু পায়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ান, নিজের ঘোলা প্রতিকৃতির দিকে তাকিয়ে থাকেন। আয়নাটার পারদ নষ্ট হয়ে গেছে জায়গায় জায়গায় আর দেখলে মনে হয় কাচটা বরাবর ঘেমে আছে। বিশ-বাইশ বছর আগের আয়নায় এখনো যে ছবি দেখা যাচ্ছে, এটাই তো বেশি– মনে মনে বলেন তিনি। ইঞ্চিখানেক লম্বা সাদা দাড়িগুলোতে হাত বোলান গফুর সাহেব। রিটায়ারমেন্টের পর থেকে প্রতিদিন শেভ করার অভ্যাসটা বাদ দিয়ে দিয়েছেন– কে দেখবে, কার জন্য সেজেগুজে বসে থাকা? মানুষ কি ওসব কাজ নিজের জন্য করে? কেউ যদি ভাবে যে মানুষের ভেতরে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বলে একটা ধারণা কাজ করে, তবে সে ভুল। মানুষ নিজেকে পরিপাটি রাখার প্রতিটি কাজ করে সামনের মানুষটির জন্য। গফুর সাহেবের সামনে কেউ নেই। কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে কারো জন্য নিজেকে ঠিকঠাক করা দরকার।

রান্নাঘরে কোনোরকম তদারকির কথা বেমালুম ভুলে গিয়ে তিনি গুনগুন করে গান গাইতে গাইতে বাথরুমের দিকে যান। আয়োজন করে শেভ করেন। বাথরুমের আয়নার দিকে তাকিয়ে বলেন, 'দেখেছ চুলগুলো কত বড় হয়ে গেছে? এ বয়সে এরকম বড় বড় চুল মানায়?' বলতে বলতে কেমন যেন লজ্জাও লাগে তার, চুলের ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়ে মুচকি হাসেন তিনিÑ পাপিয়া তার বড় বড় জুলফি দারুণ পছন্দ করত। সেসব ছিল সে যুগের ফ্যাশান। আজকাল বেমানান, তবু গালের শেষ প্রান্তে জুলফির ওপরে হাত রেখে ভাবেন তিনি, থাক না হয় আরো কয়েক দিন, লম্বা চুলও ঝুলুক কপালের ওপরেÑ পাপিয়ার পছন্দে। তারপর থুতনিতে হাত রেখে মুখ উচু করে আয়নাকে বললেন, 'কী চেহারা কী বানিয়ে ফেলেছ! এসব বাড়িঘর আগলে রাখা কি আর তোমার কর্ম?' সত্যি কতদিন হয়ে গেল তিনি নিজের মধ্যে নেই। সকালবেলা চা হাতে রোদেলা বারান্দায় স্বস্তিমতো বসে দুটো রবীন্দ্রসংগীত শুনবেন, সে অবস্থা নেই তার। এই পৃথিবীতে প্রত্যেকে কেবল তার ক্ষতি করতে চায়। তবে এটা ঠিক যে তার মতো পরিস্থিতিতে থাকলে যে কোনো মানুষেরই ওরকম পরিণতি হতো।

ছেলেমেয়ে ছোটোবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হোস্টেলে থাকা শুরু করেছে, তারা না হয় ততটা আপন হতে পারেনি, কিন্তু যে স্কুলের জন্য তিনি জীবন দিয়ে দিলেন সেখানেও তাকে অপবাদ দিয়ে তাড়াতাড়ি রিটায়ারমেন্টের কাগজ ধরিয়ে দেয়া হলো। এটা খুবই অন্যায়; শিক্ষক হিসেবে তার খুবই সম্মান ছিল। ক্লাস এইটের ক্লাসটিচার তাকে ছাড়া অন্য কাউকে কল্পনাই করা যেত না। প্রিন্সিপাল নিজেই কতবার কত অনুষ্ঠানে বড়োমুখ করে বলেছেন, 'গফুর সাহেব আছেন বলেই ক্লাস নাইনে আমরা গড়ে নেয়ার মতো উপযুক্ত ছাত্র পাচ্ছি।' শুধু একটা কথা, শুধু একটা কথা বলার জন্য তাকে আরলি রিটায়ারমেন্ট নিতে বাধ্য করা হলো। অন্যায় কিছু বলেননি তিনি, কেবল সবাইকে জানানোর জন্য ক্লাস নিতে নিতে বলে ফেলেছিলেন যে প্রাণীর জিনে প্রেটিনের গঠন আবিষ্কারের সূত্রটা আসলে তার। তিনি দিনের পর দিন হাড়ভাঙা খাটুনি খেটে সেটা দাঁড় করিয়েছিলেন। এজন্য কত প্রজাপতি, কত শুঁয়োপোকা আর কত মশামাছিকেই না কাটাছেঁড়া করতে হয়েছিল তার! সেটা না বললে কোমল বাচ্চারা সূত্রটির গুরুত্ব বুঝত কী করে? তিনি বলেছিলেন যে আবিষ্কারের পর বিজ্ঞানী ফ্রেডরিক স্যাঙ্গারকে চিঠিতে বিষয়টি জানান আর তাতেই হয়ে গেল মহা বিপত্তি। বিজ্ঞানী নিজের নামে সূত্রটি প্রচার করে দিলেন। মানুষ এতটা অবিশ্বাসী হতে পারে, তিনি ভাবতেই পারেননি। বোকা বনে যাবার কষ্ট তাকে তাড়া করে ফেরে। ক্লাসে বাচ্চাগুলোর অবাক দৃষ্টির সামনে সে কথা বলতে বলতে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন, বাচ্চারাও চোখ মোছে। স্যারের এত বড়ো অপমান, তার সাথে এত বড়ো ধোঁকা! কিন্তু বিশাল আবেগী এই ব্যাপারটা তাদের পেটে চেপে রাখাও তো সম্ভব হয় না। স্কুলের সব ঘরে, সবখানে তখন একটাই আলোচনা– গফুর স্যারের মাথা খারাপ হয়ে গেছে। ওই ভাষাটা অবশ্য মৌখিক। কাগজে যেভাবে উল্লেখ করা হয়েছিল তা হলো, 'মানসিক অসুস্থতার জন্য নিবেদিতপ্রান শিক্ষক গফুর হোসেনের বিশ্রাম প্রয়োজন। তাই স্বাস্থ্যের কথা বিবেচনায় তাকে অব্যহতি প্রদান করা হলো।'

বাড়িতে বসেই ছিলেন তিনি তারপর থেকে। ছেলে তো সেই কবে বিদেশে পাড়ি জমিয়েছে, মেয়ের হয়ে গেছে বিয়ে, অবশ্য বিয়ে সে নিজেই করেছে। বাড়ি থেকে বান্ধবীর বাসা বলে বেরিয়ে তিনদিন পরে বিয়ের খবর জানিয়েছে। একা একা বসে গফুর সাহেব ভাবতেন ভুলটা কোথায় হয়েছে, কেন তিনি একা। একসময় অবশ্য মনে পড়েছিল, যে চিঠিটা তিনি বিজ্ঞানীকে পাঠিয়েছিলেন তার একটা কপি রেখেছিলেন নিজের কাছে। সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও সেই চিঠির কপিটার কোনো অস্তিত্ব খুঁজে পেলেন না। তখন আরো বেশি বিস্মিত হয়েছিলেন, এই চিঠি চুরিতে তার নিজের ছেলেমেয়েই জড়িত? নাকি রান্নার মেয়েটা? আর সুদূর ইংল্যান্ড থেকে মানুষ এসে এত আটঘাট বেঁধে তার বাড়ি ওলটপালট করে কিনা এক টুকরো কাগজ চুরি করে নিয়ে গেল! যেখানে গয়নাগাটি পর্যন্ত সব যেখানকার সেখানেই আছে! শুধু চিঠির কপিটা নেই– খুবই অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু কী আর করার ছিল, তাকে মেনে নিতে হয়েছে। যেমন সমস্ত গয়নাগাটি, সংসার ফেলে রেণুর চলে যাওয়াটাও মেনে নিতে হয়েছিল। রেণু বেরিয়েছিল চাচাতো ভাইয়ের সাথে ট্রেনে করে বাপের বাড়ি যাবে বলে। কিন্তু রওনা দিল লঞ্চে। রাস্তায় নাকি অবরোধ, ভাঙচুর, আগুন। তাই নদীপথ। কিন্তু এটা কোনো কথা হলো? গফুর সাহেবকে কেন মিথ্যে বলা হলো? লঞ্চ ডোবার পর তিনি তো জানতেও পারলেন না যে রেণু সেই কবেই তলিয়ে গেছে, নাকি ভেসে উঠেছে কোথাও, নাকি হয়েছে মাছের খাদ্য। এসব বিশ্বাসঘাতকতার কোনো মানে হয় না। প্রত্যেকে তাকে ধোঁকা দিয়েছে।
নিস্তব্ধ গুমোট দুপুর চিরে রান্নাঘর থেকে ঝনঝন আওয়াজ এল। গফুর সাহেব তখন আয়েশ করে শেভ করা ভেজাভেজা গালে হাত বোলাচ্ছিলেন। তারপর ধড়াম করে বাথরুমের দরজা খুলে দুমদাম শব্দে রান্নাঘরে হাজির হলেন। মেয়েটি একটি পিরিচের বিচ্ছিন্ন দুটো টুকরো হাতে নিয়ে রান্নাঘরের এক কোণে তার জন্য অপেক্ষা করছিল। চোখগুলো ছিল ছলছলে, হাতে ধরা পিরিচের টুকরো এমনভাবে কাঁপছিল যেন পড়ে গিয়ে আরো কিছু টুকরো হয়ে যাবে মুহূর্তেই। তিনি কি মেয়েটিকে এতোটাই ভয়ের মধ্যে রেখেছেন? একটা সামান্য পিরিচ, বহু ব্যবহারে যার গোলাপি ফুলগুলো জায়গায় জায়গায় অদৃশ্য, তা ভেঙে ফেলা কোন ডিগ্রির অপরাধ হতে পারে– গফুর সাহেব ভাবতে থাকেন। বরাবরের মতো চেঁচামেচি করার বদলে উদাস ভঙ্গিতে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি বিভ্রান্ত হয়ে যায়। কোনোরকমে বলে, 'বিশ্বাস করেন, খালু, এই সাবান বেশি পিছলা, হাতে লাগলেই– মেয়েটিকে মাঝপথে থামিয়ে দিয়ে গফুর সাহেব হাসিহাসি মুখে বলেন, 'আরে বাবা, একটা পিরিচের মৃত্যু আর কীভাবে হতে পারে, তার তো কলেরা-বসন্ত হবে না, ভেঙে টুকরো হয়েই তাকে মরতে হবে।' মেয়েটির মুখ কেন যেন তার নিজের ছোটবেলাকার মুখ মনে করিয়ে দেয়। হাটু পর্যন্ত কাদা আর সারা গায়ে চোরকাটা নিয়ে মায়ের সামনে হাজির হলে প্রতি সন্ধ্যায় তার মুখও বুঝি দেখতে এমনই হতো। সেখানে আর সময় নষ্ট না করে মসৃণ গালে আরেকবার হাত বুলিয়ে নিয়ে তিনি বারান্দার দিকে যান। সম্ভবত খুবই ক্ষীণ স্বরে একটা গানও গুনগুন করতে থাকেন। 'যদি তুমি না এ গান কোনোদিন শোনো, কেউ শোনে বা না শোনে কী আসে যায়'–অবাক হয়ে ভাবতে থাকেন তিনি, কী করে মাথার ভেতরে গানটা এলেই পাপিয়ার গলায় তা শুনতে পাওয়া গেল! আচ্ছা এই গান কি পাপিয়া কেবল গাওয়ার জন্যই গাইত নাকি তাকে উদ্দেশ্য করে ওই কথাটা বলত? তার গুনগুনানিতে বারান্দায় ফিরে এসে জাঁকিয়ে বসা বেড়ালটা নড়েচড়ে উঠে ধাওয়া খাবার জন্য প্রস্তুত হয়ে যায়। তিনি বেড়ালটার দিকে তাকিয়ে না দেখার ভান করে অন্যদিকে তাকান। বেড়ালটাও হয়ত রান্নাঘরের মেয়েটার মতোই বিস্মিত হয়। পা দুটো শক্ত করে রেলিং টপকে পালিয়ে যেতে উদ্যত হলেও বিষয়টা ঠিকমতো বোঝার জন্য সেখানে বসেই চোখ পিটপিট করতে থাকে।

তবে তখন বাড়ির সামনে ট্যাক্সি এসে থামলে সতর্ক বেড়ালটি এক লাফে উধাও। ট্যাক্সি থেকে নেমে আসে সোহাগ আর গাড়ির বুট থেকে বেরিয়ে আসে তার ভারী স্যুটকেস। গুনগুন গান বন্ধ হয়ে যায় গফুর সাহেবের। ছেলে নিশ্চয়ই সকালে ঢাকায় পৌঁছেছে, তারপর গাজিপুর আসতে আসতে দুপুর।
'চলে এলাম বাবা, একটু দেরি হলো লাগেজ পেতে। তুমি ভালো?'
'তাই তো ভাবছিলাম, আজ তেরো তারিখ না তবে?'
'তেরো কেন হবে, আজ তো পনেরো, টেলিফেনে বলিনি পনেরোতে আসব?'
'হ্যাঁ হ্যাঁ, তা বলেছিলি বটে। তবে কী করে যে তেরো তারিখ পনেরো হয়ে গেল।'
'হয় বাবা, হয়। কী করে যে দিন চলে যায়, অফিস-আদালতে না গেলে কি আর সে হিসেব থাকে? আমার সাথে আমেরিকা চলো, সব ঠিকঠাক হিসেব রাখতে পারবে।'
'তোর সাথে গেলেই!'
হাসিহাসি মুখ কোথায় মিলিয়ে গেল গফুর সাহেবের। এসেই শুরু করে দিল সোহাগ। আর তেরো থেকে পনেরো এই দুটো দিনও যেন রেসের ঘোড়ার মতো ছুটে এসে তার গায়ে ধাক্কা খেল। কোনোরকমে সামলে নিয়ে তিনি বললেন, 'চল, ভেতরে চল।'
তারা ভেতরে যাবার আগেই পাশের বাড়ির আনিস সাহেব পেছনে এসে হাজির।
'এই যে সোহাগ, এতদিনে আসার সময় হলো বুঝি?'
'কেমন আছেন, চাচা?'
'আছি ভালোই, তবে তোমার বাবার ব্যাপারে দু'চারটে কথা ছিল।'
সোহাগ দেখল গফুর সাহেব ততক্ষণে ঘরে ঢুকে পড়েছেন। আনিস সাহেবের পিঠে হাত রেখে বলল,'বলেন। বাবার সমস্যাগুলো কি বেড়েছে?'
'তুমি তো দেখছি জানোই, উনি এখন ভাবছেন আমি তার চিঠিপত্রও সরাচ্ছি পোস্টবক্স থেকে। আচ্ছা, বলো তো, এটা একটা কথা হলো? আর বলিইবা কী, তোমার কথা তো জানি, নিজের ছেলে, তাকেও যদি এভাবে।'
'কী আর করব চাচা, সেজন্যেই তো।'
'কী করছ সেজন্যে?'
'বাড়িটা বিক্রি ফাইনাল করলাম, বাবাকে নিয়ে যাব।'
'তা, উনি রাজি হবেন? আর ওখানে তোমরা তাকে দেখেশুনে রাখার সময় পাবে?'
'সে তো ওখানে কত কত ওল্ডহোম আছে, থাকাথাকি নিয়ে ভাবার কিছু নেই। বাসায় তো ইম্পসিবল, বউ-বাচ্চার প্রাইভেসি আছে, তাছাড়া মানসিকভাবে অসুস্থ একটা মানুষকে বাসায় রাখলেÑ বুঝতেই তো পারছেন, শান্তি হারাম হয়ে যাবে।'
'তা অবশ্য ঠিক– কবে এসব ঠিক করলে?'
'এই তো এর মধ্যেই। কালই বাড়ির কাগজপত্র রেজিস্ট্রি হবে।'
আনিস সাহেবকে চিন্তিত দেখাল। ঠিক সে সময় দরজায় এসে দাঁড়ালেন গফুর সাহেব।
'কী আনিস সাহেব, ছেলে আসতে না আসতেই গুজুরগুজুর ফুসুরফুসুর শুরু করে দিলেন? আজব তোÑ'
'বাবা, উনি আবার কী করবেন, আমিই তো ওনার সাথে কথা বলছিলাম,' আগ বাড়িয়ে বলল সোহাগ।
'কী বলছিলি?'
'বলছিলাম এখানে এলে কত ভালো লাগে এই বারান্দায় দাঁড়ালে আগের কত স্মৃতি মনে পড়ে, আমি আর মিলি একসাথে স্কুলে যেতাম, মা এখানে দাঁড়িয়ে তাকিয়ে থাকত যতদূর পর্যন্ত আমাদের দেখা যায়…এই বাড়ির প্রতিটি ইটে আমাদের অসংখ্য স্মৃতি, তাই না, বাবা?'
'হ্যাঁ, স্মৃতিই তো, সবই অতীত।'
ঘরে গিয়ে ইজি চেয়ারে শরীর এলিয়ে দিয়ে নিশ্চিন্ত শ্বাস নেন তিনি। ছেলের এমন একটা কথা শোনার জন্য যেন কত প্রতীক্ষা ছিল তার। পরম প্রশান্তিতে চোখ বুজে গফুর সাহেব বললেন, 'আমি জানতাম এই বাড়ির জন্য তোর কত মায়া, আমার জন্য কত মায়া। আমি জানতাম সবাই ধোঁকা দিলেও তুই আমাকে ধোঁকা দিবি না রে।'
'ধোঁকার কথা আসছে কেন, বাবা? তুমি বরং একটু রেস্ট নাও আমি ফ্রেশ হয়ে আসি।'
তারপর অতল ঘুমে গফুর সাহেব দেখেন কী করে যেন হেঁটে হেঁটে পাশের ঘরে গিয়ে উপস্থিত হয়েছেন। কে যেন তাকে হাত ধরে টেনে এনেছে, রেণু কি? হ্যাঁ, রেণুই হবে। রেণু বলছে, 'এই দেখ এখনই বিছানা গুছিয়ে রাখলাম, মিলি আর সোহাগ মিলে কেমন ওলটপালট করে ফেলল, দেখেছ?' ছোটো ছোটো মিলি আর সোহাগ তাই শুনে বিছানা থেকে লাফিয়ে নেমে পর্দার পেছনে গিয়ে লুকাল। তাদের ভেদ করে পর্দার পেছন থেকে ঝাঁঝালো আলো এসে ঘরটা দখল করে নিল; এত আলো যে কোথাও কিছু দেখা যায় না, সবকিছু সাদা আর চোখে ধাঁধা লাগানো। তিনি রেণুর হাত ঝাঁকিয়ে বললেন, 'এত আলো কেন? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না!' রেণু বলল, 'ভালো করে দেখ, এই আমাদের বাড়ি, আমাদের সংসার, এই যে সব দেখা যায় এপারে দাঁড়িয়ে।

Image
Flag Counter