বাঁশখালীর লিচু ও এক ধর্ম ভাইয়ের গল্প
'এইচ এন্ড ডাব্লিউ' নামের এক তরিতরকারি-ফলমূলের দোকান আছে কানাডার এডমন্টন শহরের এ এলাকায়। তাজা ফলমূল সুলভে পাওয়া যায় সেখানে। সেদিন স্ত্রীকে নিয়ে ওই দোকানে গেলে লিচু চোখে পড়লো রানা সাহেবের। লিচু তাঁর খুব প্রিয় ফল। কিনতে ইচ্ছে হলো। ইংরেজিতে এল-আই-সি-এইচ-আই, অর্থাৎ, লিচি লেখা আছে, কিন্তু প্রাইস ট্যাগ বা, দাম লেখা কাগজ দেখা গেলো না লিচুগুলোর পাশে। কানাডায় তরিতরকারির দোকানেও প্রতিটি আইটেমের দাম লেখা থাকে। দরাদরি করার রীতি সেদেশে নেই।
অদূরেই দোকানের ম্যানেজারকে দেখে তাঁর কাছে লিচুর দাম জানতে চাইলেন রানা। কয়েকবার করে 'লিচি' বলার পরও শ্বেতাঙ্গ ম্যানেজার তাঁর কথা ঠিক বুঝলেন না। ডেকে লিচু দেখিয়ে দিলে ম্যানেজার কাছে এসে বললেন, 'ওহ লাইচি? দ্যাটস টু ফর এ ডলার।' বানান হিসেবে লিচি'ই বেশি যৌক্তিক মনে হয়; তারপরও তারা যেহেতু লাইচি বলে ডাকছে তাই এ নতুন নামেই ফলটিকে ডাকতে হয়। এক ডলারে দুটো, তারমানে, প্রতিটি লিচুর দাম পঞ্চাশ সেন্ট, বা বাংলাদেশের প্রায় পয়ঁত্রিশ টাকা। মনে মনে অঙ্কটা করে আঁতকে উঠলেন রানা। একখানা লিচুর এতো দাম!
দাম শুনে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে চাইলে তাঁর সহধর্মিনী গতিরোধ করে প্রশ্ন করলেন, 'কি, কিনবে না?' ভদ্রমহিলা হয়তোবা তাঁর মনের অবস্থা ধরতে পেরেছেন; বা, এমনও হতে পারে, ওই বিশেষ ফলটি হয়তো তাঁরও খেতে ইচ্ছে করছিলো। অতঃপর সাহস সঞ্চয় করে গোটা বিশেক কিনে ফেললেন তাঁরা। রানা মনে মনে ভাবলেন, 'মনের ইচ্ছে চেপে রেখে টাকা জমিয়ে আর কি হবে? এ বয়সে আমরা কি আর বিল গেইটস বা, মেলিন্ডা হতে পারবো? তার চেয়ে বরং মন যা চায় খেয়ে ফেলি।'
কানাডার লাইচি বা, বাংলাদেশের লিচু দেখে দেশের কথা আরেকবার মনে পড়লো রানা সাহেবের। দেশে থাকতে একবার খুব উন্নতজাতের লিচু খাবার সুযোগ তাঁর হয়েছিল। বাসী লিচু নয়, বাগান হতে সরাসরি লিচু ছিঁড়ে ডাইরেক্ট মুখ গহ্বরে; এভাবেই খেয়েছেন টাটকা লিচু। ফ্রেশ লিচু খাওয়ার মজাটাই আলাদা। কিনে নয়, একেবারে মাগনা খেয়েছেন, যত খুশি খেয়েছেন। সে সময়টায় তাঁর বয়সও ছিল কম; মাত্র সতেরো। চট্টগ্রামের বাঁশখালীর বিখ্যাত লিচু বাগানের কাছাকাছি বাস করা এক পরিবারের মেহমান হয়ে সপ্তাহ তিনেকের জন্য গিয়েছিলেন রানা।
বাগানে ছিল বিশালকায় সব লিচু গাছ। হৃষ্টপুষ্ট, দৃষ্টিনন্দন অসংখ্য লিচু থোকায় থোকায় ঝুলে ছিল। কোন গাছের কোন লিচু চাই কেবল বলে দিলেই হতো। কিছুক্ষণের মধ্যে সে লিচু রানার হাতের মুঠোয়। পরিবারটি তার যত্নআত্তি সেভাবেই করেছে। ও সময়টায় রানা কানাডার হিসেবে কম করে হলেও হাজার খানেক ডলারের লিচু খেয়েছেন। ওই লিচুর সাধও আলাদা; তরতাজা, রসাল, সুগন্ধি! সত্যি বলতে কি, ভার্জিনিটির বিষয়টি লিচুর ক্ষেত্রে প্রযোজ্য হলে বাঁশখালীর সেই লিচুকে শতভাগ ভার্জিনই বলা চলে। স্বাদ, গন্ধ এমনই নিরঙ্কুশ।
রানা'রা থাকতেন চট্টগ্রাম শহরে। তাহলে বাঁশখালী কিভাবে তাঁর যাওয়া হলো? সে অনেক পুরোনো কাহিনী। আশির দশকের মাঝামাঝি। কিশোর রানা তখন এইচএসসি দিয়ে ফলাফলের অপেক্ষায় কয়েকমাসের বিরতিতে ছিলেন। এরই মাঝে তাঁর এক বছরের সিনিয়র, পরবর্তীতে সহপাঠী, আহমেদ এক বিকেলে বাসায় এসে মুচকি হেসে একটা মজার প্রস্তাব দিলেন। প্রস্তাবটা হলো, তাঁর এক পরিচিতের খালাতো ভাই সামনের বারে এইচএসসি দেবে, তার কোচিং দরকার। পরিবারটি বাঁশখালীতে থাকে। তাঁরা চাইছেন রানাকে মাস খানেকের জন্য সেখানে নিয়ে যেতে।
প্রস্তাবটা প্রথমে বন্ধু আহমেদের কাছেই এসেছিলো। কিন্তু, কি এক কারণে উনি বাসা ছেড়ে যেতে পারছিলেন না; তাই বিকল্প হিসেবে রানাকেই যাওয়ার অনুরোধ। প্রস্তাবটি আরো আকর্ষণীয় করতে অর্থের লোভও দেখানো হলো। ছোটবেলা থেকেই রানা পড়ুয়া, ঘরকুনো স্বভাবের। তাই, পরিবারে এ নিয়ে তাঁর আগ্রহ প্রকাশ করতেই কারো অমত দেখা গেলো না। পরিবারের সদস্যরা বরং খুশি হয়েছিলেন এ কারণে যে রানা প্রথমবারের মতো বাসার বাইরে কোথাও একা যেতে চাইছে।
আহমেদ সম্পর্কে কিছু কথা না বললে এ লেখা অসম্পূর্ন থেকে যায়। তখনকারদিনের কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে তিনি রীতিমতো সেলিব্রেটি তখন। সম্ভবত সেকারণেই তাঁর কাছে এ প্রস্তাব। সে মানের ছাত্র রানা নন, তারপরও আহমেদ কি মনে করে তাঁর বিকল্প হিসেবে রানার নাম প্রস্তাব করলেন, এবং ওই প্রস্তাব অনুমোদনও পেয়ে গেলো তা আজও রহস্য। পরবর্তীতে রানা আর আহমেদ, দুজনই বুয়েটে পড়েছেন। পড়া শেষে বুয়েটের শিক্ষক হওয়া আহমেদ এখন আমেরিকায়; আর, রানা পাশের দেশ কানাডায়। সিনিয়র হয়েও আহমেদ কিভাবে রানার ক্লাসমেট হলেন? সে আরেক কাহিনী। এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে হঠাৎ আহমেদের জ্বর হলো। হালকা জ্বর নয়, একেবারে শরীর কাঁপানো টানা তিনদিনের ভয়ানক জ্বর। তাই, পরীক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হলো না সে বার। এভাবেই পরের বছর তিনি রানার সহপাঠী-বন্ধু হয়ে গেলেন। সে বন্ধুত্ব, ভালোবাসা, এতকাল পর সুদূর প্রবাসেও অম্লান।
বাঁশখালীর যে বাড়িতে রানা থেকেছেন তা এক প্রাক্তন সৈনিকের বাড়ি। সৈনিকের চাকুরী হতে অবসর নিয়ে ভদ্রলোক চাকুরী নিয়ে দুবাই চলে গেছেন। বাড়িতে তাঁর স্ত্রী, এক ছেলে আর তিন মেয়ের বসবাস। বড়ো মেয়েটি ডিগ্রি পড়তো। সে হিসেবে রানার দু-তিন বছরের সিনিয়র হবেন হয়তো। ওটুকুন বয়সে মেয়েদের সৌন্দর্যের যথাযথ মূল্যায়ন রানার পক্ষে সম্ভব ছিল না। তবে, যতটা মনে পরে দেহবল্লবী আর রূপ মাধুর্যে ওই আপা, ইমা, হাল আমলের শীর্ষ মডেলদের সাথে তুলনীয়। ধারালো মুখাবয়ব, আয়ত চক্ষু, লম্বা হাত-পা, মায়াবী চাহনি, বক্ষসম্পদের প্রাচুর্য, সবমিলিয়ে তিনি অসাধারন! তাঁর ছোট দুই বোন সম্ভবত দশম আর অষ্টম শ্রেণীতে পড়তো। ওদের নাম রানার আজ আর মনে নেই।
বাড়ির ড্রইং রুমে রানার থাকার ব্যবস্থা হলো। ভুবন নামের ওই পরিবারের একমাত্র ভাইটিকে পদার্থবিদ্যা আর গণিতে সহায়তা দিতেই মূলতঃ এ বাড়িতে রানার আগমন। অর্থাৎ, প্রায় সমবয়সী ভুবনই তাঁর ছাত্র। রানার সাথে সকালে ঘন্টা দুয়েক, আর বিকালে ঘন্টাখানেক সে বসতো। বাদবাকি সময় বন্ধুদের সাথে ঘোরাফেরা করেই কাটতো।
রানাকে খুশি রাখার চেষ্টার কমতি ছিল না ওই বাড়ির। প্রতি বেলায় দারুনসব খাবারদাবার দেয়া হতো। পোলাও, বিরানি, মাংস, ডিম, পুকুরের তরতাজা রুই, কাতলা, কত কি! পাশাপাশি লিচু তো আছেই! উচ্চমাধ্যমিকের খাটাখাটুনির পর যথার্থ অর্থেই রানার অবসরটা অসাধারন কাটছিলো। মনে মনে ধন্যবাদ জানালেন বন্ধু আহমেদকে। ভালো বন্ধুরা এমনই হয়।
রোজ সন্ধ্যায় এক ভাইয়া আসতেন ওই বাড়িতে। তিনি নাকি ইমাদের ধর্মভাই। ভাইয়া খালি হাতে আসতেন না কোনদিন। দামি কেক, ফলফলাদি, ফুলের তোড়া, এসবের কিছু একটা হাতে থাকতো তাঁর। ইমাদের জন্য দামিদামি পোশাক আশাকও নিয়ে আসতেন মাঝে মাঝে। তিনি আসার আগে আগে বাসাটাও বেশ পরিপাটি করে রাখা হতো। মাগরেবের আজানের খানিক পর একটা নীল রঙের জীপ গাড়ি ভাইয়াকে এ বাড়িতে নামিয়ে দিতো। রানা আরো জানলেন, ওই ভাইয়া নাকি ওখানকার ইউএনও, মানে, প্রশাসনের শীর্ষকর্তা। মায়ামমতায় একাকার হয়ে তিনি যেন এ পরিবারেরই একজন হয়ে গেছেন, তেমনই ঘনিষ্ঠতা। বাসায় এসেই ছোট দুবোনকে বুকে জড়িয়ে গালে চুমু দিতেন, এক সোফায় গা ঘেঁষে বসাতেন। ধর্ম ভাইবোনের সম্পর্ক বলে কথা!
কেবল ইংরেজির জন্য গতবার ইমার ডিগ্রীটা পাশ করা হয়ে উঠেনি। দ্বিতীয়বারের মতো ডিগ্রি পরীক্ষা আসন্ন। তাই, রোজ সন্ধ্যায় বাসায় এসে ভাইয়া বেশি সময় নষ্ট করতেন না। ইংরেজি বিষয়ে হেল্প করতে ইমা আপাকে নিয়ে সরাসরি আপার রিডিং-কাম-বেডরুমে চলে যেতেন। ভাইয়া নাকি ছাত্রজীবনে ইংরেজি সাহিত্যে পড়েছেন। ইংরেজিতে তাঁর ভালো দখল। সে কারণেই চাকুরী শেষে নিয়মিত এ বাসায় এসে ইমাকে ঘন্টার পর ঘন্টা ইংরেজি পড়াতেন। গতবছরও নাকি এভাবেই পড়িয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। ইংরেজি আসলেই কঠিন ভাষা। ভাইয়ার সিরিয়াসনেস দেখে রানা ভাবলেন, আসন্ন ডিগ্রি পরীক্ষায় ইমা আপা নিশ্চয়ই ইংরেজিতে ফাটাফাটি একটা কিছু করে দেখাবেন এবার।
সন্ধ্যে ছ'টা সাড়ে ছটার দিকে ভাইয়া আসতেন। তিনি আসার আগে আগে ইমা আপু চমৎকার করে সাজগোঁজ করতেন। চোখের পাতায় বাড়তি আই ল্যাশ, ঠোঁটযুগলে হালকা গোলাপি রং, নখে ম্যাচিং পালিশ, হালকা গোলাপি সেন্ডেল, সুগন্ধি প্রসাধনী, কত কি! মেগীহাতা টপস, গায়ে সাঁটানো ম্যাচিং পাজামার নিচের অংশে গোড়ালির দিকে শিফনের কাজ, সাথে লেস আর এম্ব্রয়ডারীর নকশা; যেন এক সাক্ষাৎ পরী।
ধর্মভাইয়া সেই যে সন্ধ্যা হতে ইমা আপুকে বিরতিহীন ইংরেজি পড়াতেন তার শেষ যে কটায় হতো তা রানার জানা ছিল না। জীবনযুদ্ধের মারপ্যাঁচ তখনো রানা বুঝতেন না; বয়সই বা কত! তাঁর মনটা ছিল শুভ্র মেঘের মতো তুলতুলে নরম। বিছানায় গা এগিয়ে দিতেই রাজ্যের ঘুম দুচোখে ভর করতো। রাত দশ বা সাড়ে দশটার দিকে রোজ ঘুমিয়ে পড়তেন কিশোর রানা। সে সময় পর্যন্ত ধর্ম ভাইয়াকে ইমা আপুর কক্ষেই অবস্থান করতে দেখেছেন রানা। তিনি মধ্যরাতের কোন একসময় নিজের বাসায় ফিরে যেতেন হয়তোবা। পরিবারটির সাথে এমনই মিশে গিয়েছিলেন স্থানীয় প্রশাসনের ওই বড়ো কর্তা।
তবে, ধর্ম ভাইয়া কিন্তু রানার সাথে তেমন মিশতেন না। বলা চলে, অনেকটা এড়িয়েই চলতেন তাঁকে। তাই, তাঁর সম্পর্কে বেশি কিছু আর জানা হয়নি রানার। তিন সপ্তাহের মাথায় বাঁশখালীর সেই বাড়ি ছাড়ার পর ইমা আপা বা, ভুবনদের সাথেও আর কোনদিন যোগাযোগ হয়নি রানার। অবশ্য পরে একসময় রানা জানতে পারেন ভুবন এইচএসসিতে প্রথম বিভাগ পেয়েছিলো। খবরটা শুনে তাঁর ভালো লেগেছিলো এ কারণে, বন্ধু আহমেদের সম্মান তিনি রেখেছেন।
ইমা আপুদের বাড়ি ছেড়ে আসার সময় রানাকে ছয়শো টাকা পকেটে গুঁজে দিয়েছিলেন আপা। বাস ভাড়াটাও দিয়েছিলেন আলাদা করে। পকেট হতে বের করে রানা টাকাটা হাতে মুষ্ঠিবদ্ধ করে রেখেছিলেন। আপা তখন সতর্ক করে রানাকে বলেছিলেন, 'পকেটে নাও, হাতে নিলে হারিয়ে যাবে।' রানার হাতে এক থলে লিচুও দিয়েছিলেন ইমা। আজ প্রায় তিন দশক পর কানাডার দোকানে সাজিয়ে রাখা দামি 'লাইচি' দেখে বাঁশখালীর সেই অসাধারন লিচু, লাস্যময়ী ইমা আপা, আর রহস্যঘেরা সেই ধর্ম ভাইকে গভীর করে মনে পড়লো রানার। ধর্মভাই নিশ্চয়ই সচিব হয়ে অবসরে গেছেন অনেক আগেই!
