২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্দিক বকরের ‘লাল ফিতা’

সিদ্দিক বকর

Published : 31 Aug 2019, 01:04 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM


লাশটি ফুলে ওঠে। জলের উপর ভাসে। লাশটির সৌভাগ্য হলো সে কোনো আবদ্ধ জলে ভাসেনি। আবদ্ধ জলও একরকম লাশ। মানুষলাশ যেমন চলার ক্ষমতা হারায়, জললাশও প্রাণীর বিষ্টার মতো অচল। তাকে ফেলে দেয়া হয়েছিল নদীর জলে, নদীর জলের কোন কূল নেই বলে, অকূল দরিয়ায় ভেসে যাবে, মাছেরা খেয়ে ফেলবে নিমিষে, কোন ঝুট-ঝামেলা পোহাতে হবেনা, তাই। খুব সাবধানে নিঃস্বর রাতে রক্তজবা লাশটি ফেলে যায় এই অনন্তবালা নদীতে। নৌকার উপর থেকে কয়েকজন একত্রে এমন জৌলশময় লাশকে দোলনার মতো ধরে যখন নদীতে ফেলে, তখন এর শব্দ হয় বিকট ও আশাতীত, ক্ষুধার্ত সিংহের গর্জনের আওয়াজ ওঠে, যে আওয়াজের গতির তোড়ে উড়ে যাওয়ার অথবা ক্ষুধার্ত সিংহের পেটে পড়ে যাওয়ার ভয়ে জীবিত লোকগুলির ভিতরজগত ফাঁপা, খোলা ও শূন্য হয়ে পড়ে। খুব দ্রুত নৌকা নিয়ে পাড়ে এসে অপেক্ষমান গোবরে পোকার মতো জিপটার খোলের ভিতর ঢুকে পড়ে সবাই। কাঁপন জড়ানো হাতে গাড়ী ষ্টার্ট দিলে চতুর্পাশ কম্পমান করে শব্দের সাথে যেভাবে কেঁপে উঠে জিপটা, মনে হয় প্রচণ্ড এক ভূকম্পনের ভিতর পড়ে গাড়িটি দোল খাচ্ছে। মানুষগুলো তাদের অস্তিত্ব নিয়ে কাঁচের টুকরোর অনুরূপ ভেঙ্গে পড়ে, গাড়ির ভেতর গড়াগড়ি যায়। ওদের সবার অস্তিত্ব চাউলের কণার তুল্য গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছিল ; তাদের ভঙ্গুর, ভয়ার্ত অস্তিত্বজুড়ে সিংহের গর্জনের আওয়াজ আলোর ছায়ার চেয়েও ঘনিষ্টরূপে আঁকড়ে থাকে, চিনাজোঁকের চেয়েও আরো গভীর এবং নীরবে রক্ত চোষে।

কাছাকাছি কোথাও বয়স্ক কৃষকদের নৈশ বিদ্যালয়টির এখনো ছুটি হয়নি। যার ভেতর লন্ঠনবাতির আদিম আলোর চতুর্দিকে বৃক্ষের শিকড়পোতা চেড়াই কাঠের বুকপাতা মানুষেরা, যাদের ঠোঁটে-মুখে ভাষা ফোটানোর অক্ষরফুলে তর্জ্জনি ছুঁয়ে তাকিয়ে আছে লন্ঠনের আলোর চেয়েও অধিক ও স্নিগ্ধ, কাদানরম আলোভরা চোখে।

পানিতে মৃতদেহ ফুলতে যে সময়টুকু লাগে ততক্ষণ সে ডুবেছিল জলের পেটে। ফুলে ঢোল হলে জলের ওপর ভেসে ওঠে। ভাসার পর সে ধীরে ধীরে জলের সাথে ভাব করে কোনো এক অজানা গন্তব্যে চলতে শুরু করে। জলের সান্নিধ্যে এসে সে যেন তাঁর ভাষা খুঁজে পায়। জলও তাঁকে ভাসিয়ে নিতে নিতে যেন তাঁর ভাষার সাথে পরিচিত হয়, তাঁর ভাষা বুঝতে পারে। জল বুঝতে পারে তাঁর কষ্ট ও স্বপ্ন। জলের বাসনা আর লাশের বাসনা এক ও একাকার হয়ে যায় যেন। জল তাঁকে বহন করে চলতে থাকে এক অনন্ত নিঃসীম নদীপথে। তাঁরা দুজন একের মধ্যে আরেক মেশামেশি একাকার হয়ে কোন এক যাদুবাস্তবতায় নিজেদের মধ্যে যে ভাব ও বাসনার ঐক্যবন্ধনে আবদ্ধ হয়েছে তার সুবাস এ জলসংসারের সর্বপ্রকার প্রাণীর মাঝে পৌঁছে যায়। লাশের চতুর্পাশ থেকে মাকড়শার সুতায় এক মনোমুগ্ধকর সুবাসের জাল বুনন হতে থাকে এ অনন্ত নদীজুড়ে ।

যখন ওকে ধরে নিয়ে আসা হয় তখন সে নির্বিকার , কারণ সে বুঝতে পেরেছিল তার জন্য কোনো এক দশা অপেক্ষা করে আছে সামনে, কিন্তু তখন তার প্রতিটি রক্তকনিকার বিন্দুতে বিন্দুতে, কোষ থেকে কোষের গভীরে,আত্মায় স্তরিত যে ক্ষোভ, ঘৃণা,অবিচলতা, দৃঢ়তা ষ্ট্যাম্প হয়ে গিয়েছিল তা এখনো প্রায় জীবন্ত হয়ে আছে। যখন তাকে ফায়ার করা হয় তখন তাঁর চোখ খুলে দিতে বলেছিল। অন্ধকারের ভিতর সে মরতে চায়নি, যে আলো, যে পৃথিবী মৃত্যুর মুহূর্তে অবলোকিত হয়েছে তার মধ্যে, সেই মুহূর্তখানি, সেই তাক করা লাঙ্গলের মতো, অভিডিয়েন্ট অস্ত্রখানি, সেই আলোছায়ায় অবিমিশ্রিত দানবীয় চেহারার সুুঁইয়ের তীক্ষ্ণ চাহনি- তার সব এখনও ভাসমান দৃষ্টির আলোয় জীবন্ত হয়ে তাঁর সাথে সমান গতিশীল। শুধু তাই নয় ঐ সময় যে তার মধ্যে প্রচণ্ড ক্ষোভ, ক্রোধ, ঘৃণা, মিছিলে আন্দোলনে হাজার হাজার অগনিত মানুষের প্রতিবাদী একত্রিত শক্তিগুলো এক এক করে প্রত্যেকের শরীরে ও আত্মায় জড়ো হয়ে এক দুর্দমনীয় শক্তি সৃষ্টি হয়েছিল সেই শক্তির স্বরূপ এখনও জীবন্ত তাঁর সাথে, তার সবকিছুই জলের ভিতর প্রাণীদের জীবন্ত হয়ে থাকার মতো, বিদ্যুতের তারের ভিতর অদৃশ্য শক্তির প্রবাহ থাকার মতো, যা চোখে দেখা যায়না কিন্তু অতি বাস্তব, এক কাঁচের আলোর সিন্ধুক যেন, চতুর্দিক আলোকিত করে চলেছে আর তার আলোর আকর্ষণে জলে বাস করা সর্বপ্রকার প্রাণীরা এসে জড়ো হচ্ছে তাঁর চতুর্পাশে।

লাশের চতুর্পাশে মাছেরা ও অন্যান্য জলজ প্রাণী জড়ো হয়ে এক বিশাল মিছিলে রূপ নেয়। সব প্রাণীরা এখানে এসে সর্বপ্রকার হানাহানী ভুলে গিয়ে লাশের সাথে চলতে থাকে একত্রে, পাখিরা ক্ষণে ক্ষণে নদীর ওপর আসে মাছ খেতে,আজ এসেছে ছায়া ও মায়া বিলাতে, কারো মুখে কোনো শব্দ নেই। সবাই একই ভাবনার বিন্দুতে মিলিত হয়, সবার মাঝে যেন এক চাপা ক্ষোভ আগুনের মতো বাড়তে থাকে,তারহীন এক বার্তা যেন সবাইকে এক বিন্দুতে মিলিত করে চলে- এ খুনের বদলা চাই।

খুন হতে সে কাউকেই কখনও দেখেনি। বহুদিন আগে স্বপ্নে সে খুন করেছিল একজনকে, যে কিনা তাঁরই সহপাঠী বন্ধু ছিল ; পাশের বাড়ির, দুজন মিলে রাতে ধরে নিয়ে যায় তাকে এক নির্জন নিরব ঘরে, যে ঘরে আর কোনো মানুষ ছিলনা। দুজন মিলে সহজেই চিত করে শুইয়ে দেয় তাকে। কাপড়-চোপর সব খুলে ফেলে তাঁর শরীর থেকে। ধারালো ছুরিটা ছিল সাথের ছেলেটার হাতে। তাঁর হাত কাঁপছিল। তাঁর হাত থেকে সেই ছুরিটা প্রায় একরকম কেড়ে নিয়ে, নিমিষে জবাই করে ফেলে তাকে। রক্তে ভিজে যায় ঘরের কাঁচা মেঝে। চোখের সামনে তাকে ছটফট করে মরতে দেখেছিল গলাকাঁটা লাল ঝুটির সোমত্ত মোরগটার মতো। জবাই করার সময় ভয় না পেলেও গলাকাটা রাজহাঁসের মতো লম্বা কাঁটা গলা নিয়ে দাঁড়িয়ে পড়লে একবার খুব ভয় পেয়েছিল দুজনেই। পালাতে গিয়ে দৌঁড়াতে পারছিল না। পাঁজোড়া আড়ষ্ট হয়ে আসছিল। এমন সময় ভোরের মোলায়েম আলো পাঁপড়ির সুবাস নিয়ে ফুটে উঠতে শুরু করে। এর ভিতর ছায়সাদা আলোর মাঝে দুজন বেপরোয়া বেজান দৌঁড়াতে থাকে। দৌড়তে দৌড়তে যে রাস্তায় সে ওঠে সেটা তাঁর বাড়ীরই সামনে দিয়ে- সারা বাড়ি ভর্তি মানুষ, পুলিশ এসে ধরে দুহাতে হ্যাণ্ডকাপ পড়িয়ে নিয়ে যেতে থাকে,তার মায়ের কথা মনে পড়ে- ঘুম ভেঙে যায়। উঠে বসে পড়েছিল প্রচন্ড উত্তেজনায়। ঘাম দিয়ে ওঠে তার সারা অঙ্গ। এক কলস পানির পিপাসায় সে নিজেই এখন মরে যাবে এমন বোধ হচ্ছিল।

ওকে ধরার সাথেসাথেই মোটা কালো কাপড় দিয়ে দু'চোখ বেঁধে ফেলে। ওর দু'টি চোখ কবর দেয়া হয়। সেই কবরের ভেতর চোখের আলোয় ফুটে ওঠে তাঁর মায়ের বেতগাছের ন্যায় নমনীয় মুখখানি। তাকে দেখা মাত্র খই ফোটার মতো চটপট দ্রুত কথা বলে ওঠে মা- "বাবা তর জন্য সজনে পাতার ভর্তা দিয়া চিক্কণ চাউলের ভাত আনছি, খরা জালে মারা খৈলা মাছের ঝোলের তরকারি আনছি,খায়া নিছ বাবা।"
দু'হাতের জোরে মোটা ডোরে টান পড়া ঢাউস তাঁর ভেতর শাঁই শাঁই শব্দে প্রবল বেগে উপরের দিকে উঠে আল্লার আরসে গিয়ে ধাক্কা মারে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্তও মায়ের ব্যাকুল মুখ চোখের কবরের ভেতর আলোর ঢেউয়ে পড়ে বেডোল হয়ে ভেঙে ভেঙে ভাসে, তখন সেই মুহূর্তে জলোচ্ছাসের মতো মনে পড়ছিল তাঁর মায়ের কথা।

একদিন, চিকন চিকন বৃষ্টি পড়ে কাঁটা কাঁটা সুতা অবনত কলাপাতার উপর, তার সাথে মৃদু মৃদু বাতাসের দমকে পরম গরিমায় দু'পাশে দোলে যোগব্যয়ামরত কলাপাতা। বাহিরে এক অপরূপ রূপে সেজেছে পৃথিবী। মনে হয় যেন এমন ভেজা খোপাখোলা চুলের প্রকৃতি এ জনমে আর দেখেনি সে। প্রকৃতি ভিজে চুপচুপ। আকাশ মেঘে টুপটুপ। বাইরে ছাইগুড়াওড়া বৃষ্টি। ছায়াছায়া মায়ার জাল জলে মনোহরি ঢেউ বয়ে বয়ে যায়। মন মানেনা, মনে লয় এর মাঝে ডুবি, সুইয়ের কাঁথা সেলাইয়ের মতো সাঁতরাই। ঘরের বারান্দায় দাঁড়িয়ে সে এমন দৃশ্য দেখে দৌঁড়ে লাফিয়ে পড়ে বারান্দা থেকে বাইরে। দৌঁড়ে গিয়ে অবনত কলাপাতার নিচে দু'গালে হাত রেখে জড়োসড়ো হয়ে দাঁড়ায়। মা তখন ঠাডার লাগান চিক্কুর দিয়ে উঠেছিল- করস কী, করস কী বাবা, ঠাডা পড়তেছে…।
-পড়ুক, বলে লম্বা চেচাঁনি দিয়ে সবকিছু উপেক্ষা করে চিকন সুতা'র সোনামুখী বৃষ্টির ভেতর লাফিয়ে পড়েছিল সেদিন, মা তাঁর হামাগুড়ি দেয়া শিশুর মতো আনন্দ-বিহ্বল হয়ে তাকিয়েছিল তাঁর একমাত্র সন্তানের দিকে। সন্তান তাঁর যোগব্যয়ামরত কলাপাতার নিচে দাঁড়িয়ে, কলাপাতার উপর ঝিরঝিরে বৃষ্টির ফোটার শব্দ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের সুরে মগ্ন হয়ে লুকিয়ে পড়া বিড়ালের মতো মা'র দিকে তাকাচ্ছিল। সে কী আনন্দ তাঁর, মা তাঁর আনন্দে বিভোর হয়ে অবাক চোখে দাঁড়িয়েছিল। আজ তাঁর এমন কতোই না আদরমাখা দৃশ্যসমূহ চোখের কবরের ভেতর আসা যাওয়া করছে। সে তখন এ'সকল আদরমাখা দৃশ্যসকলের উপর নিজেকে সঁপে দেয়।

এরও বহুদিন পর আরও একটা স্বপ্ন সে দেখেছিল, যে স্বপ্নটা কিনা সারা দেশটাই একটা ফুলের বাগান, মানুষের চেয়ে ফুলের সংখ্যা বেশী,ফুল ছিড়ার কোন মানুষ আর নাই; ফুলের সাথে, ফুলের পাশে, ফুলের মাঝে বসবাস করে মানুষও ফুলের ন্যায় হয়ে যায়। প্রতিটা মানুষই যেন একেকটা ফুল। এ স্বপ্নের কথা সে তাঁর মায়ের কাছে বলেছিল আনন্দ-বিহ্বলতার দোলাচলে। মা তার পূর্ণিমার চাঁদের চোখে অনেকক্ষণ তাকিয়েছিল তাঁর দিকে, যে তাকানোর চোখ নাকি এক সাগর জলভরা ঢেউয়ের উপর রোদের ছিটা পড়ছিল, আবার নিমেষেই মনে হয়েছিল মায়ের তাকিয়ে থাকা চোখ যেন বিশাল এক রাতের আকাশ, যেখানে হাজার হাজার লক্ষকোটি তারা ফুল হয়ে ফুটছে। এ বোধ তাকে কোমল-নরম মায়ার বাঁধনে আবদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিল, পাশাপাশি কাঁচিবাছুরের গতি ও সাহস তার চিত্তে রোপণ হয়েছিল। সে কারণেই কিনা কে জানে সে অবিচল চিত্তে, দৃঢ় মনোবৃত্ত তাকে প্রদীপ্ত পদভার রাজপথ দলিত করে মিছিলের আগুন ঝরিয়েছিল। তার প্রজ্জ্বলিত সাহস সঞ্চারিত হয়েছিল সূর্য প্রলম্বিত রোদের ন্যায়, অন্যায়কে আহত করে ঝড়ের ন্যায় দেশঘরকে নাড়িয়ে দিয়েছিল।

একদিন বহু বছর আগে, এখন আর সঠিকভাবে মনে পড়েনা সে কত বছর আগে, কত বছর আগে সেও বড় বিষয় নয়, সম্ভবতঃ স্কুলে পড়ার সময়, লম্বা এক বাঁশ কাঁধে করে বাজারে যাচ্ছে, বাঁশের আগা সরু-চিকন ছিল, তেলাকূপি পাখির লেজের ন্যায় বাঁশের আগা খালি নাচে, সেই নাচে জড়ায় পথচারি এক বালিকার লম্বা চুলের ফিতা, ফিতা যেন বাঁশের আগার দিকবিদিক লাফালাফির মধ্যে পড়ে অদিশ প্যাঁচে জড়িয়ে যায়, একখান মতলবপূর্ণ লাল ফিতা। লাল ফিতার যুগ চলে গেছে সেই কবে, সে এখন গল্প, কারো কারো সেই গল্প বীরত্বের, কেউ কেউ সেই গল্পকে সোনার কাঠি-রূপোর কাঠি করে নিজের ইথান আর পৈথানের তবিয়ত করেছে, সেই কাঠির চুম্বক গরিমায় সম্পদ ও নাম-দামের পাহাড় গড়ে ওঠে, সম্পদের গোলাম হয়ে পড়ে। কারো কারো জীবনে আবার সেই লাল ফিতা ঈষ্কার টেক্কা হয়ে আবির্ভূত হয়। কিন্তু তার জীবনে এই লাল ফিতা আসে এক নির্মল প্রেম নিয়ে, যা নাকি সে বুকে জড়িয়ে রাখে আগর বাতি করে। যেদিন সে স্পর্শ করে এই লাল ফিতা সেদিন তার কলিজা রাতের কুয়াশার মতো গলে গলে পড়ে, গরম জাওয়ের মদির ঘ্রাণ তাকে কখনো প্রাণচঞ্চল,কখনো ঝিম ধরায় রক্তে। সারাদিন সারাক্ষণ মায়ের আঁচল আঁচল, পায়ে পায়ে পড়ে থাকা, লাল ফিতাটি আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে নাচা-নাচি করে চলা তাঁর এক পাথেয় হয়ে দাঁড়ায়, কখনও মাথায় বেঁধে সেই গল্পের বিপ্লবীদের মতো, নায়কের মতো, মনের আনন্দে ঘরে বাইরে ঘুরে বেড়ানো তাঁর নিত্য সঙ্গী হয়ে যায়।

যখন সে একা হয়, একেবারে নিজের মধ্যে ডুবে যায়, তখন সে সেই লাল ফিতাটা হাতে নেয়, নাড়াচাড়া করে আলতো হাতে, মায়া ও বেদনাভরা হৃদয়ে, যেমন করে লাশকে গোসল করানোর সময় আলতো করে ছুঁই, কোমল করে ধরে, পানি ঢালে ধীর লয়ে, যেখানে কিনা মায়া থাকে বেদনা থাকে, লাশ পাছে ব্যথা পায় সেই মুগ্ধতা থাকে। সে মুগ্ধ হয়ে অনুভব করে এক অদৃশ্য লাল ফিতা তার মন মানস ও হৃদয় জুড়ে কেমন করে যে প্যাঁচিয়ে যায়, যে কিনা রক্তের প্রবাহে মিশে এক ভরাট নিঃসঙ্গতায় তার হৃদয় ভরিয়ে তোলে, বনলতা-গুল্মের অনুরূপ অন্তরবৃক্ষ জড়িয়ে বাড়তে থাকে। এই লাল ফিতা তাকে টেনে নিয়ে যায় রাস্তায়, গোপাটে, উজাড়ে, উড়াল পাখির মন নিয়ে ঘুরাঘুরি করে, সমস্ত দেহমনহৃদয় একযোগ করে কামনা করে লাল ফিতার মেয়েটি তার সামনে এসে হাজির হোক, ঘুঘু পাখি হয়ে ডালে বসুক, ডাকুক- সে ঘুঘু পাখির ডাক শুনে ডালের নিচে দাঁড়ায়, নৈঃশব্দের মাঝে ডুবে, তাকে আকুল করে- আবারো এমন ভয়ঙ্কর নিঃসঙ্গতায় নিজেকে হারিয়ে ফেলে, কামনা করে অন্তত: লাল ফিতার মেয়েটির এক অদৃশ্য প্রতিচ্ছবির জন্ম হোক তার মাঝে। কিন্তু তারও কোনো সাড়া মেলেনা। রাস্তায়, বাজারে, স্কুলের গেটে, অন্যান্য মনের ভাবনার সমস্ত সম্ভাব্য জায়গায় তাকে সে খুঁজে বেড়ায়, কোথাও তার দেখা মেলেনা, কোনো মেয়েকে সে তাঁর লাল ফিতার মেয়েটির স্বরূপের সাথে মেলাতে পারেনা, কিন্তু তাকে সে প্রেমময় করে, যে প্রেম তাঁর জীবনকে করে জ্যোতির্ময়, যে প্রেমজল সেচে জীবনবৃক্ষ তাঁর সুকুমার বৃত্তির সোমলতার রসে ভরিয়ে তোলে। তাঁর কল্পনায় আসে মেযেটির কাঁকুড় ফলের ন্যায় শরীর, তিলক ফোটার মতো মেটোসাদা চোখ,যা তাকে টেনে নিয়ে যায় তাঁর পাশে, তাঁর সান্নিধ্যে, যে সান্নিধ্য তাঁর আলোচালের সুঘ্রাণ ভোরের নির্মল হাওয়া হয়ে বয়ে যায় তাঁর সারা মন শরীর, যে সান্নিধ্যে সোমলতার রসের ধারা নামে তা তাঁর পান করার ইচ্ছা জাগে অনন্ত সময় ধরে। যে ভালবাসা শ্রদ্ধা-সম্মান তাঁর মায়ের জন্যে অহর্নিশ থাকে তাঁর মাঝে, যে ভালবাসার বৃত্তের বাইরে যাওয়ার ইচ্ছা জাগে না কোনদিন, ঠিক একইভাবে তাঁর জন্যেও ভালবাসায়, শ্রদ্ধায়, সম্মানে রাঙিয়ে তুলতে ইচ্ছে হয়। তাঁর কোল ঘেষে থাকার, তাঁর ভালবাসার বৃত্তের ভিতরে থাকার ইচ্ছে হয় সারাজীবন। এই প্রেম তাকে বড় প্রেমের দিকে টেনে নিয়ে যায়, অন্ধকার সরিয়ে আলো যেমন দিনকে ফুটিয়ে তোলে দৃষ্টির সামনে তেমনি তাঁর কাছে পরিস্কার হয় জীবন যে ক্ষণস্থায়ী, এ ক্ষণস্থয়ী জীবন তাকে আনন্দ দেয়না, আনন্দ দেয় প্রেম, তার বোধে জেগে ওঠে প্রেমময় জীবনই আনন্দময়, যে আনন্দে থাকে আনন্দ ও বেদনা মেশামেশি হয়ে। এই আনন্দ বেদনার মিথষ্ক্রিয়ায়, জীবনসাগর মন্থনে নদীর বাঁকের ন্যায় তার জীবনে আর একটি বাঁক তৈরী হয়, যে বাঁক থেকে তার আরেক জীবননদীর জন্ম হয়, এক চিরায়ত জীবনের দেখা মেলে, এ চিরায়ত জীবনই তাকে সাহস দেয়, আনন্দ দেয়। এ জীবন নিয়েই সে লাশ হয়ে জলের সাথে ভেসে বেড়ায়।

যখন সে মৃত্যুর সামনে দাঁড়িয়ে, যখন সে বলেছিল মৃত্যুর আগে তাঁর চোখ খুলে দিতে, তখনো তার মাথায় লাল ফিতা বাঁধা ছিল, আবারো তাদের আরও একটি অন্তিম অনুরোধ করেছিল সে, মৃত্যুর পর যেন তাঁর মাথায় বাঁধা লাল ফিতাটি খুলে ফেলা না হয়। সেই লাল ফিতা এখনো তার মাথায় বাঁধা আছে,যা নাকি তার লাশের সাথে জলে ভাসছে আর জলকে লাল রঙে রঞ্জিত করছে। রাতের চাঁদের আলোও এর উপর পরে লাল রঙে রঞ্জিত করছে যেভাবে, একইভাবে দিনের বেলায় সূর্যের আলোও তার উপর পরে এ বিশাল জলরাশিকে লাল রঙে রঞ্জিত করে চলেছে। লাশ ক্রমান্বয়ে আরো ফুলে উঠছে কিন্তু পঁচেও যাচ্ছে না গলেও যাচ্ছেনা। মাছেরা পাখিরা তাকে আদারও করছেনা। এদিকে এর চলমান অস্তিত্ব চাওড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একই সাথে এর গতিও আর পূর্বের ন্যায় থাকছেনা, বাড়ছে, সমস্ত নদী, জলাধার সে প্রদক্ষিন করে চলেছে। আজ যারা এখানে দেখছে কাল এরা সেখানে আর তাদের দেখতে পাচ্ছেনা। কিন্তু যখন যেখানে যারাই একে দেখেছে তারাই এক ভয়ঙ্কর রকমের আতঙ্ক, শঙ্কায় শিহরিত হয়েছে, কারণ কেউই তাকে ঠিক ঠাহর করে উঠতে পারছেনা যে, এ কিশের ঐক্য, কিশের মিছিলের মতো, একি মরা কোনো মাছ, নাকি বড় কোনো জন্তু, উপরে পাখি সবের ওড়াউড়ি, জলে মাছেদের বিশাল মিছিল, জল ভাসিয়ে নিয়ে যায়। এক লাল রঙের আভা সারা জলাশয় জুড়ে আগুনের হল্কার মতো স্থির হয়ে কাঁপে, যা কিনা আগুনের ওপরে তাপের কম্পনেরই আরেক রূপ, যে কম্পনে ধ্বংসের লীলা কাটা বিছিলির মতো দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, যা দেখে মানুষ তার জীবন নিয়ে আতঙ্কগ্রস্থ হয়,জীবনের মায়া বাড়ে। যারা নদীতে এসেছিল মাছ ধরতে, যারা নদীতে হামেশা মাছ ধরে, যারা নদীতে এসেছিল বেড়াতে তারা সবাই প্রায় দৌঁড়ে প্রাণ নিয়ে পালিয়ে যাচ্ছে, মাছ ধরার যত কলা-কৌশল ছিল নদীতে তার সব প্রায় ভেঙ্গে পড়ে নদীরই পাড়ের ন্যায়, ভেঙ্গে মিশে যায় সব নদীর জলের সাথে।

এমন উদ্ভূত পরিস্থিতি দেশের জল মাটি হাওয়া ও সর্বপ্রকার মানুষকে এক সরোষ আন্দোলনের মুখোমুখি করে ফেলে। সবাই শিহরে শিহরে আন্দোলিত হয়। নৌকা নিয়ে দ্রুত এগিয়ে যায় সংঘঠিত ঘটনার দিকে। ওরা এগিয়ে যায়। দ্রুত গতিতে। ওদের এ মুহূর্তে কোন অতীত নেই। কোন জীবন নেই। যা শুনেছিল মুখে মুখে তার কয়েকগুণ ভয়ঙ্কর হয়ে ভেসে আসছে চোখের সামনে। সামনে আগুনের হল্কার মতো ভেসে ভেসে কাঁপছে। এর ভিতর দিয়ে যা অবলোকিত হচ্ছে তা তাদের শরীরের রক্তকে হিম করছে। ডর ঢুকে যাচ্ছে শিরায় শিরায়, শরীরের জয়েন্টগুলোকে আলগা করে দিচ্ছে ক্রমান্বয়ে। হাড়-গোড় কাঁপছে। জোড়ায় জোড়ায় খট্ খট্ শব্দ উঠছে। সারা শরীর কাঁপছে। মাটি নড়লে ঘরের লটকানো সিকায় যেভাবে কাঁপে। শরীরের বল-বাঁধন খুলে পড়ছে। কাঁপনে আগ্নেয়াস্ত্রে ধরা হাতের করতল-আঙুল ঢিলা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে মুহূর্তের মাঝে হাত থেকে ঝরা পাতার ন্যায় ঝরে পড়বে আগ্নেয়াস্ত্রটি। ওরা সঠিক কিছু বুঝে ওঠার আগেই নৌকা প্রচণ্ড কেঁপে ওঠে। নৌকার সবাই জলে লুটিয়ে পড়ে। আর পড়া মাত্রই মনে হয় যেন পুকুরে আদার ছিটিয়ে দেয়া হয়েছে। ক্ষুদ্ধ বাউলিমারা গতি উঠে মাছেদের গতরে। নিমিষে খেয়ে ফেলে সবাইকে। জল আরও লাল হয় রক্তে। শুধু পোশাকগুলো নিঃসঙ্গ ভাসে কচুরিপানা খর-কুটো-ময়লা যেভাবে ভাসে ঢেউয়ের আগায়।

ডরের শিকড় ধীরে ধীরে দেশের সর্বশ্রেণির মানুষের মাঝে ছড়াতে থাকে। আরো পোক্ত হয় পরদিন যখন দেশের মিডিয়ায় দরিয়ার একমাত্র এই খবরই সুদৃশ্যরূপে ভেসে বেড়ায়। সারা দেশের মানুষ সুতাকাটা ঘুড্ডির মতো দিকবিদিক ওড়ে। দেশজুড়ে এ খবর এখন মানুষের ভেতর এক কবর রচনা করে, ঘন গভীর অন্ধকার ঝিঁ ঝিঁ রাতের ভিতর ঢুকে নিরবে ঢালাই হয়। শুধু চোখগুলো অটো ক্লিক করা ভিডিও ক্যামেরার মতো সারা আকাশময় ঘুরে বেড়ায়। মানুষ খুব আশ্চর্য ও অস্থির হয়ে দেখে এ সমস্ত খবর এখন হাওয়ায় মিশে আকাশজুড়ে উড়ছে। রাষ্ট্রের সর্ব শ্রেণি পেশার মানুষ, প্রশাসনকুল স্তব্ধ,যুগপৎ অস্থির ও বিমূঢ়।
নদী বয়ে চলা একটি লাশ, জলে ভেসে যাওয়া নিঃসঙ্গ পোশাকগুলো, নৌকা থেকে পড়া মাত্র মাছেদের খেয়ে ফেলা মানুষগুলোর মৃত্যু, লাশকে কেন্দ্র করে মাছ ও পাখীদের ঐক্য- এ সব খবরের চিলপাখী এখন সারা আকাশময় উড়ে উড়ে ভাসে।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষকেও এখন এ খবর তোলপাড় করে। সারা পৃথিবীর মানুষের মনোযোগ তার নিজস্ব দৈনন্দিন কর্মপরিধি থেকে বেরিয়ে এ খবরের পাতায় পর্দায় গ্রন্থিত হয়।

এদিকে কয়েক পর্যায়ে লাশকে কেন্দ্র করে যে আলোড়ন ও ঐকতান, তার শিকড়শুদ্ধ নির্মূল করার যে পদক্ষেপ নেয়া হয়েছিল তা সমূলে ব্যর্থই হয়নি শুধু অগণিত লোকবলের ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়টি রাজা বাহাদুরের দরবারে ডাঙায় পড়ে তাজা খৈলশা মাছের মতো লাফায়, আর খৈলশা মাছের লাফানোর একেকটা একক মুদ্রা যেন একেকটা শেল, যা কিনা রাজা-রাজরা থেকে শুরু করে তার উজিড়-নাজির, পাইক-পেয়াদা, সৈন্য-সামন্ত, চেলা-চামুণ্ডা সবার বুকে গিয়ে বিঁধে।

মাথায় লাল ফিতা বাঁধা লাশ, চতুর্দিকে শোকসন্তাপ মাছেদের নিরব অবস্থান, শোকাগ্নিময় নদীবহুলের জলরাশি- এ সকল ছবি দেখে মানুষের চোখমুখ কপালে ফোটে নদীতটের রেখা; দেশের সমস্ত যুবকশ্রেণির ওপর শান্ত জলরাশিতে হঠাৎ ঝড় ওঠে। সবাই মাথায় লাল কাপড় বেঁধে খাড়া হয়। এ দেখে সর্বপ্রকার মানুষের মাঝে একান্ত মনঃসংযোগ গড়ে ওঠে, শুধু তাই নয় গড়ে ওঠে আত্মার ঐক্য, যার পরিপ্রেক্ষিতে মানুষ তার আত্মায় শোকের আগুন নিয়ে চৌম্বকীয় টানে লাশের দিকে ছোটে, একটুক্ষণের জন্য, একনজর দেখবে বলে- বর্ষা শেষে জল যেভাবে দ্রুত নামতে থাকে উজান থেকে নামার দিকে, নদীর দিকে, সাগরের দিকে। কিন্তু যাকে দেখার জন্য মানুষ প্রাণপণ ছুটে আসে, সে কিন্তু কোথাও থামেনা, প্রাণপূর্ণ গতিময়, নদীর জল দুই তীর ভাসিয়ে চলে, ভেসে যায় জলের বুক বেয়ে, লাল ফিতা প্রজাপতি হয়ে মাথার ওপর একটু আগে আগে ওড়ে, সাথে সাথে ভাসে লাল ফিতার পাল তোলা সাম্পান।