২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসমানী যানবাহন সম্পর্কিত মসজিদের বিজ্ঞপ্তি

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 22 Oct 2016, 09:57 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM

মগবাজার১ বেগুনবাড়ী মসজিদের অন্যতম প্রধান আলেম জানাইতেছেন যে গভীর রাতে আকাশে২ চলাচলকারী যানবাহনের দিকে গুলি, ঢিল, পাথর নিক্ষেপ করা ঠিক না যেহেতু এদের মধ্যে কিছু কিছু রুহ৩ বহনকারী যানবাহন থাকতে পারে। তিনি আরও জানান যে মগবাজার বেগুন বাড়ী খালের৪ কাছে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে যাতে নতুন একটি গোরস্থান৫ নির্মান করা যায় মানুষের চাহিদা মেটানোর জন্য।

১. মগবাজার
গোটা এলাকা জুড়ে অস্ত্র উদ্ধার চালানোর কালে যাদের সন্দেহ হয় তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়। তাৎক্ষনিক ব্যবস্থা হিসেবে তাদের প্রহার করা হয় এবং এতে অনেকেই স্বীকারোক্তি দেয় অস্ত্রের ব্যাপারে। অবশ্য যাদের কাছে কিছু পাওয়া যায়নি তাদের সাথে করমর্দন ও যৌথভাবে জিন্দাবাদ ধ্বনি দেওয়া হয়। যাদের মুখে বন্দুক ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারা চোয়াল নাড়াতে না পারায় বিভিন্ন আওয়াজ ও অঙ্গভঙ্গি করে তাদের সমর্থন জানায় এই কার্যক্রমের প্রতি।

২. গভীর রাতে আকাশে
প্রহারের পর আর নিদ্রা যাওয়া কঠিন হাওয়ায় সে ছাদে যায় হাওয়া খেতে এবং দেখে তার মাতামহ হুইল চেয়ারটিতে পড়ে আছে। কয়েকজন সেই ভাঙা বাহনটি সরানোর চেষ্টা করছে। কাছে গেলে তারা জানায় যে যখন তার উপরে প্রহার চলছিল তখন তার নানা মারা যায় এবং তারা ওনাকে নিতে এসেছেন আসমানে। কিন্তু যেহেতু তিনি একজন দেহভারী মানুষ তাই তারা উড়তে গিয়ে চেয়ারটির সাথে কর্নিসের ধাক্কা লাগায়। তাই তারা হুইল চেয়ারটি এখানেই সারিয়ে নিচ্ছেন যাতে যদি এটি উপরে গিয়ে দরকার হলে ব্যবহার করা যায়। তার নানার মৃত্যুতে তার কষ্ট নয় স্বস্তি হলো যেহেতু তিনি অনেক দিন ধরে ভুগছিলেন কিন্তু মরছিলেন না। তার চেহারা বেশ মৃত মৃত বলে ঠাহর হলো তার। একসময় কাজ শেষ হলে তারা তার নানা উপবিষ্ঠ হুইল চেয়ারটিসহ বাড়ীর চারদিকে, যেটি তিনি একসময় নিজেই নির্মাণ করেছিলেন, কয়েক বার ঘুরপাক খেয়ে আকাশে মিলিয়ে যায়। মনে হলো প্রস্থানকালে মৃধু হেসে নানা তার দিকে হাত নেড়ে বিদায় জানালেন আকাশ থেকেই।

৩. রুহ
মেয়েটির নাম রুহ কেন বা কে রেখেছিল জানা নেই তবে পাড়ায় মেয়েটি হাতেম মিস্ত্রীর কন্যা হিসেবেই জানত সবাই। মেয়েটির ষোল বছর হলে তার বিবাহের প্রথম প্রস্তাব আসে কিন্তু মেয়েটি প্রত্যাখ্যান করে। বাবাকে জানায় হবু জামাইয়ের কোন রুহ নাই তাই সে বিবাহ করবে না। তাকে আরো জানায় যে পাড়ার অনেকের রুহ নাই, কারও কারও আছে মাত্র। মেয়েটি রুহ কব্জা করতে শিখেছে এবং আসমান থেকে যেসব ফেরিওয়ালা আসে রুহ নিতে তাদের কাছে সে রুহ বিক্রি করে ভালো দাম পায়। এই করে সে অসুস্থ হাতেমের সংসার চালায়। 'রুহ অনেক অভাব তাই দাম একটু বেশী'। পরে হাতেম তার বিয়ে নিয়ে কোনো জোরাজোরি করেনি।

৪. খাল
বেগুনবাড়ী খালের উপর দিয়ে রেল লাইন হবার কালে অনেক বাচ্চাকে বলি দেওয়া হয়। রাতের বেলা কেউ কেউ খালের ধারে মল-মুত্র ত্যাগ করেতে গেলে আধা-আধাঁরে মৃত শিশুদের তাদের রুহুর সাথে খেলতে দেখতে পায়।

৫. গোরস্থান
সে তার নানার কবর জেয়ারত করতে গেলে সবাই জানায় যে ঐ নামে কোন মানুষের কবরের চিহ্ন নাই। তা ছাড়া মুর্দার চাপে লাশ আর কবরের কেউ হিসাব রাখে না আজকাল। চলে যাবার কালে একজন মধ্যপৌড় মানুষ কাছে এসে ঘণিষ্ঠ স্বরে তাকে বলে, "ডলার আছে, ডলার"?