২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশাহাক মণ্ডল এবং তাঁর আব্বার সাথে গল্প

আশরাফ জুয়েল

Published : 16 Jun 2016, 05:22 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

বাবা নিয়ে আমার স্মৃতি সদ্য টাইফয়েড রোগ থেকে সেরে ওঠা রোগীদের মতোই দুর্বল। চেরাগের আলোয় খুঁজে দেখতে গেলে কিছু একটা রেটিনা বরাবর স্থির হতেই চেরাগ নিজেকে নিভিয়ে ফ্যালে। কেন? জানি না। তারপর সেই স্মৃতি হাতড়াতে থাকা নিউরনগুলো মাথা ঘুরে পড়ে যায় আকাশ খুঁজে না পাওয়া ঘুড়ির মতো।
ঘুড়ির কথা যখন এসেই গ্যালো, তাহলে ঘুড়ি থেকেই আরম্ভ করা যাক – আমি তখন ক্লাস থ্রি-র দাঁত মেজে চলেছি। আমরা থাকি মণ্ডমালা নামের লাল মাটির ফাঁকা, ছিমছাম একটা গ্রামে। গ্রামটা দেখতে হঠাৎ বড় হয়ে ওঠা ফ্রক দিয়ে হাফপ্যান্ট ঢাকা কিশোরীর মতো। লোভ জাগানিয়া। খেলাধুলা বলতে ছোঁয়াছুঁয়ি, অবাধ পুকুরে চোখলাল করা সাঁতার এবং সাঁতারে পারদর্শী হবার জন্য পানি পোকা আর ছোট্ট জ্যান্ত চিংড়ি গিলে ফেলা।

Image
images.jpg

ঘুড়ি প্রসঙ্গে ফিরে আসা যাক। এর আগে পরিষ্কার করে দেয়া ভালো যে আমরা বাবাকে বাবা বলতাম না। বলতাম আব্বা বলে। আরেকটা কথা, আমার সন্তানেরা কিন্তু আমাকে আব্বা বলে না। ওরা আমাকে বলে বাবা। তো ঘুড়ি ওড়ানোর কৌশল রপ্ত করতে আমি তখন মহা ব্যস্ত। সুতো, নাটাই, ঘুড়ি, আকাশ প্রস্তুত কিন্তু ঘুড়ি আর ওড়ে না। আমি নাটাই হাতে কিছু দুরে, আমার সহযোদ্ধা আকতারি প্রস্তুত – আকাশ একটু নড়ে চড়ে উঠলেই আকতারি ঘুড়িটাকে ধাক্কা মারত আকাশের দিকে, আমি উল্টো দিকে দেই ভৌ দৌড়। কিন্তু ঘুড়িটা আমার আর আমার সহযোদ্ধা আকতারির দিকে ভ্রুকুটি মেরে একটা হাসি দিয়ে নীচে নেমে আসতো। এভাবে ঘুড়ি ওড়ানোর তোড়জোড় ধিমিয়ে আসার আগেই একদিন বাবা, না না আব্বা হাল ধরলেন। আমাকে ডেকে বললেন, 'ব্যাটা ঘুড়ি ওড়াতে গেলে মনের ভেতর পাখা লাগাতে হবে, বুঝেছ?' এমনিতেই আব্বা আমাকে তুই করেই ডাকতেন। বিশেষ বিশেষ মুহূর্তে তুমি বলতেন। আব্বার কথাটা আমি কিন্তু ধরতে পারিনি সেদিন। যাই হোক আব্বা একদিনেই আমাকে ঘুড়ি ওড়ানোর কৌশল শিখিয়ে দিলেন। সম্ভবত মনের ভেতর পাখা লাগানোর কৌশলও। আমি কিন্তু আব্বাকে আপনি করেই ডাকি। প্রসঙ্গত বলে রাখা ভালো আমার সন্তানেরা আমাকে তুমি বলে, আমিও তাদের ডাকি তুমি বলে। মাঝে মাঝে ব্যত্যয় ঘটে। আমি রেগে গেলে আমার সন্তানদের তুই বলি হটাৎ হঠাৎ।আমার ছেলে ইদানীং মাঝে মাঝে আমাকে ডাকে, হেই ম্যান!
আব্বাকে নিয়ে আমার জীবনে এমন ঘটনা খুব বেশি ছিল না। মানে আব্বার সাথে আমার দেখা হতো কিন্তু কথা হতো খুব কম। তবে একটা রিলে সেন্টার ছিলো আমার। সে আমার মা – আমি কিন্তু মাকে মা বলি। আমার অন্য ভাইবোনেরা মা কে আম্মা বলে। ওরা কিন্তু আব্বাকে আব্বা বলেই ডাকে। আমিও যেমন ডাকি, আব্বা!
আরেকটি ঘটনা খুব মনে আছে আমার। ঈদের দিনের ঘটনা। কোরবানি ঈদের ঘটনা। মার খাওয়ার ঘটনা। সম্ভবত সেটাই ছিলো আব্বার হাতে আমার প্রথম মার খাওয়া। সম্ভবত সেটাই ছিলো আব্বার হাতে আমার শেষ মার খাওয়া। ঘটনাটা খুব তুচ্ছ। গ্রামের বাড়িতে ঈদ মানে মহা আনন্দ। বছরে একবার। এই ঈদে কিন্তু আমরা নতুন জামা কাপড় পেতাম না। নতুন জামা কাপড় বরাদ্দ ছিলো শুধুমাত্র রোজার ঈদে। এই ঈদ মানে খাসি এবং গরু ত্যাগের ঈদ। গোস্ত বিলি করার গল্প। যা হোক গোস্ত বিলি নিয়ে আমার চাচাতো বোনের সঙ্গে আমার ঝগড়া লেগেছিল। সেই ঝগড়ায় আমার অন্যায়ের অংশই ছিল বেশী। আমি হঠাৎ আমার বোনকে একটা গালি দিয়ে ফেলেছিলাম। পাশে আব্বা কি যেন করছিলেন। আমার গালি তিনিও শুনে ফেলেছিলেন। কলমির ডাটা দিয়ে আব্বা আমাকে ছপ ছপ করে কয়েকটা বাড়ি মারলেন, বললেন আর কখনও মুখ খারাপ করবে? আমি কাঁদিনি সে দিন। কান্না আসার বদলে আমার ভেতর একটা বিস্ময় কাজ করল। আব্বা আমাকে মারলেন? মা কিন্তু আমাকে মারত, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি মার হাতে লাঠি পেটা হয়েছি। আমি আমার বাচ্চাদের কিন্তু মাঝে মাঝে মারি। মানে কান ধরে টানি। ওরা অবাক হয় না। ওরা কাঁদে। আমার বাচ্চার মা কিন্তু তার বাচ্চাদের মারে না। আমার দাদি আমার আব্বাকে মারতেন নাকি? দাদি থাকলে জিজ্ঞেস করে দেখা যেতো। দাদা কিন্তু আব্বাকে কোন দিন মারেনি, আব্বার মুখে শোনা।
তো আমরা তিনবছর সাত মাসের মাথায় মণ্ডমালা থেকে মহারাজপুর চলে এলাম। আব্বা ব্যাংকার ছিলেন বলে প্রায় প্রতি তিন বছর পর পর তাঁর ট্রান্সফার একটা অলিখিত নিয়মে পরিণত হয়ে গেছিলো। মহারাজপুর আমার গ্রাম। জন্ম গ্রাম কিন্তু না- আমার জন্ম গ্রামের নাম পলশা, সেটা আমার মায়ের আব্বার গ্রাম। যা হোক আব্বার ভীষণ শখ ছিলো মাছ ধরার মানে খেয়া জাল দিয়ে মাছ ধরার। আব্বা মাঝে মাঝে ভোররাতে বেরিয়ে পড়তেন বিলের উদ্দেশ্যে ফিরতেন সাতটা নাগাদ। প্রায় প্রতিদিন ম্যাচ্যা (মাছ রাখার পাত্র বিশেষ) ভর্তি মাছ নিয়ে ফিরতেন। আমি যাবার জন্য মার কাছে জেদ ধরতাম। কিন্তু শিকে ছিঁড়ত না। তো একদিন আব্বা আমাকে রাত চারটার ঘুম থেকে ডেকে তুললেন। আমি ঘুমঘোর এবং বিস্ময়ের মিশেলে এক অতিবাস্তব জগতে ঘোর পাক খাচ্ছিলাম। যা হোক হাফ প্যান্ট আর আমার একমাত্র ফুলহাতা গেঞ্জি পরে প্রায়ান্ধকার ভোরে আব্বার হাত ধরে বিলের দিকে যেতে থাকলাম। বিল, আমাদের বাড়ির উল্টো দিকে মাঠ, মাঠের হাত ধরে দাঁড়িয়ে থাকা বিল। আবছা স্মৃতিচারণে জেগে থাকা বিল। আব্বা বিশেষ কায়দায় খেয়া জাল ফেলছিলেন। আলো আঁধারীর মায়ায় আব্বাকে দেখতে তখন অন্য এক অপরিচিত মানুষ মনে হচ্ছিল। কিন্তু সেই মায়া পুরুষের চেয়ে আমার বিস্ময় তখন বিল এবং জাল ঘিরে। এক অবিশ্বাস আমার শিশু মনে জটলা পাকিয়ে ফেলেছে। সমুদ্রের মতো বিশাল বিলে এতোটুকু জালে কিভাবে মাছ উঠবে? আমার অবিশ্বাস শরীর পেতে আরম্ভ করেছে। কারণ অনেক অনেক বার জাল ফেলেও মাছ উঠছে না। আমার ছোট্ট মন একটুতেই অস্থির। আব্বা কিন্তু অবিচল। আমার অস্থিরতা আব্বা টের পেয়েছেন। নিয়ম ভেঙে তুই থেকে তুমিতে উঠে এলেন আব্বা, বললেন, 'ব্যাটা, মাছ ধরা হচ্ছে ধৈর্যের অন্যতম পরীক্ষা, তোমার নাম্বার না আসা পর্যন্ত অপেক্ষা কর।' আরও অনেক অনেক বার ঘোলা পানিতে খেয়া জাল ছুঁড়ে মারার পরও একটা পুঁটি মাছ পর্যন্ত জাল কে ছুঁয়ে গেল না। আমার অবিশ্বাস চূড়ান্ত রূপ নিয়ে বিশ্বাসের রাস্তায় উঠি উঠি করছে। হটাৎ আব্বা বললেন ব্যাটা এবার কিছু একটা উঠবে। আমি আব্বার দিকে তাকিয়ে আছি। বুঝতে পারছিনা কিভাবে আব্বা বুঝে গেলেন জালে কিছু একটা উঠবে? আব্বা ধীরে ধীরে খেয়া জালটা টানছেন, আমার এবং আব্বার সমস্ত মনোযোগ জাল এবং পানির দিকে। আব্বা আস্তে আস্তে জালটা টেনে উঠালেন। আমার সমস্ত অবিশ্বাস দ্রুত পরিবর্তন হয়ে গ্যালো। আব্বাকে তখন দেবদূতের মতো মনে হতে লাগলো। জালের ভেতর ছটফট করছে অনেক কয়েকটি কাতলা মাছ। জালের ভেতর মাছ লাফাচ্ছে, বাইরে লাফাচ্ছি আমি। কাতলা মাছগুলো জীবন হারানোর শঙ্কায় কাতরাচ্ছে, আমি লাফাচ্ছি তাদের ধরতে পারার আনন্দে। গুনে গুনে ছয়টা মাছ। আব্বা বললেন, 'চলো ব্যাটা।' আমি বললাম আরও। আব্বা বললেন, বেশী লোভ ভালো নয়। ততক্ষণে ভোর আম গাছের পাতার ফাঁক দিয়ে একটু একটু চোখ খুলতে আরম্ভ করেছে। এঁটেল মাটির পিছলা রাস্তা ধরে আমরা বাড়ির দিকে ফিরতে আরম্ভ করলাম। আব্বাকে মনে হতে থাকল সব কিছু পারা আব্বা। বাড়ি ফিরে আব্বা অফিসে যাবেন আমি স্কুলে। আমি আমার ছেলেকে এই গল্পটা বেশী বেশী করে শোনাই। ওরা ওদের দাদুকে তুমি করে ডাকে এবং এই গল্পটা শুনে দাদুকে ওরা সুপার হিরো বলে। আমি কিন্তু আমার দাদাকে দাদু বলতাম না। দাদা বলতাম এবং আমার দাদা ছিলো আমার জন্য সুপার হিরো। আমার দাদা মারা গেছেন। আমার সন্তানের দাদু বেঁচে আছেন। তিনি রিটায়ার্ডমেন্ট সেরে এখন ফিরে গেছেন মহারাজপুরে, ওখানে তাঁর বাপু শুয়ে আছেন বাড়ির বুক ছুঁয়ে থাকা কবরস্থানে। আব্বার মা মানে আমার বুবুও শুয়ে আছেন আমার দাদার পাশে। বুবুকে আমার আব্বা ডাকতেন, মাগে, মা বলে! আমিও আমার মাকে মা বলেই ডাকি। আমার সন্তানেরা ওদের মাকে ডাকে ম্যাম বলে। আমার আব্বা মারা যাবার পর তাঁর বাপুর পাশে শুয়ে গেলে আমিও হয়তো ফিরে যাবো মহারাজপুরে। আমার আব্বার পাশে শুয়ে থাকার জন্য। আমি মারা গেলে কি আমার বাচ্চারা ফিরে যাবে মহারাজপুরে ? বিশ্বাসের এতোটা জোর নেই আমার।
ওরা মহারাজপুর মানে আমার বাবার জন্ম গ্রামে ফিরে গেলে কিন্তু খুব ভাল হবে। আমার দাদার সঙ্গে আমার আব্বা, আমার দাদা এবং আব্বার সঙ্গে আমি, আমার দাদা আব্বা আমি এবং আমার ছেলে একসঙ্গে থাকা যেত। বাড়ির বুক ছুঁয়ে থাকা কবরস্থানে আমার আব্বার দাদাও কিন্তু শুয়ে আছেন। ভাল হতো। খুব ভালো হতো। সত্যিই খুব খুব ভালো হতো। অনেক গল্প মিলিয়ে নেয়া যেতো। সব আব্বারা মিলে এক সঙ্গে স্মৃতিচারণ করা যেতো পৃথিবীর পূর্বতন আব্বাদের নিয়ে।

পুনশ্চ:
গল্পটা কিন্তু আমার না। এখানে গল্পের বর্ণনাকারীর নাম এশাহাক মণ্ডল এবং এশাহাক মণ্ডলের আব্বা মারা গেছিলো তার জন্মের দুই তিন মাস পূর্বেই। এশাহাক মণ্ডল তাঁর আব্বার একটা ছবি এঁকে ঘটনাগুলো সাজিয়েছেন। সেই হিসেবে গল্পটা একটা সত্য ঘটনার হুবহু বর্ণনা। আরেকটা কথা এখানে লেখকের মানে আশরাফ জুয়েলের বংশ নাম 'মণ্ডল', সেই অর্থে বিবৃত ঘটনাগুলো আসলে লেখকের নিজ জীবনেরই ঘটে যাওয়া বা ঘটতে যাওয়া গল্প।

Image
Flag Counter