২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গেছে যে দিন

afsana_begum

Published : 10 Apr 2016, 08:55 AM

Updated : 23 Jun 2022, 04:03 PM

বাড়িটাকে ঠিক বাড়ি না, কোনোরকমে মাথা গোঁজার ঠাঁই বলা ভালো। গলির শেষ মাথায় দুটো বাড়ির ঘেঁসাঘেঁসি করা পাঁচিলের মিলে যাবার জায়গায় সরু একটা টিনের দরজা। ত্রিভুজের দুই বাহুর মতো দুটো পাঁচিল দুদিকে সরিয়ে দিয়ে দরজাটা ভেতরের দিকে খুলে যায়। দরজার পাশেই এক বর্গফুটের মধ্যে কয়েকটা আধা ইট দিয়ে ঘেরা একটা সুস্থ সবল লাউ গাছ, লকলক করে দরজার চৌকাঠ ছাড়িয়ে দুই ভাগ হয়ে দুটো পাঁচিলের উপরে এগিয়ে যাচ্ছে। লাউপাতার নীচে দিয়ে ঢুকলে সামনে ত্রিভুজাকৃতি ছোট্ট বারান্দা আর বারান্দার উপরের দরজা খুললে পাশাপাশি দুটো ঘর। ঘরগুলোর মেঝেতে কম আর দেয়ালে জিনিস বেশি। একটি ঘরে পুরোনো, জায়গায় জায়গায় বেতের রশি বের হওয়া দুটো বেতের চেয়ার আর অতি ব্যবহারে গর্ত গর্ত হয়ে যাওয়া কাঠের টেবিল। আরেক ঘরে চৌকি আর কাচ লাগানো কাঠের আলমারি, পাশে একটা রঙচটা ড্রেসিং টেবিল, তার আয়নায় মুখ দেখতে চাইলে মুখের কোনো কোনো জায়গা কল্পনা করে নিতে হবে। প্রতিবিম্ব সবখানে পারদের পরতে আটকাবে না, কোথাও কোথাও আলো বেরিয়ে গিয়ে পড়বে পেছনের জরাজীর্ণ দেয়ালে। কল্পনা ছাড়া উপায় নেই তখন। সাদা রং কোথাও কোথাও ঝরে পড়া আর কিছু জায়গায় প্লাস্টার খসে পড়া দেয়ালে ঝোলানো নানান আকৃতির ফটো ফ্রেম। দিনের বেলাতেও প্রায় অন্ধকার হয়ে থাকা ঘরদুটোতে দেয়ালে দেয়ালে সাফল্যের নানান কাহিনি বোনা ছবিগুলো নেহায়েত বেমানান। তবুও যখনতখন জুলেখা বেগম যে কোনো ছবির সামনে দাঁড়িয়ে পড়েন, আধাআধি আলোছায়ায় তাকিয়ে থাকেন অতীতের কোনো মুহূর্তের দিকে। একটা ছবি তো আসলে কেবল ছবি নয়, একটা ছবি একটা গল্প, একটা ছবি একটা আস্ত সময়। জুলেখা বেগম সেই সময়ে চলে যান। চারদিকে হাসাহাসি, গান-বাজনা, মানুষের আনন্দ চিৎকার, সব শুনতে পান দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক সময় পুরোপুরি অন্ধকার না নামলে সরে যেতেও পারেন না ফ্রেমের সামনে থেকে। তারপর অন্ধকার নামে কল্পনায় বাজতে থাকা শব্দ বন্ধের সুইচের মতো। হাসি, আনন্দ, চিৎকার কানের পাশ থেকে সব বিদায় নেয়। বেশিরভাগই প্রয়োজন ছাড়া বাতি জ্বালেন না তিনি। আজকাল দুটো ফ্যান-বাতির বিল দেয়াও তার জন্য কঠিন।

কয়েক বাড়ি পরে থাকা এক ভাগনি মাঝেমধ্যে খোঁজ নিতে আসা ছাড়া জুলেখা বেগমের আর তেমন কোনো অতিথির সম্ভাবনা নেই বললেই চলে। আবার আছেও। সারা মাস তিনি অপেক্ষা করেন কোনো নাটক বা সিনেমা কোম্পানি থেকে কেউ আসবে, পাঁচ কি দশ মিনিটের একটা রোলের জন্য নিতে আসবে তাকে। তারপর সেখান থেকে পাওয়া পাঁচ-সাত হাজার টাকা দিয়ে দিন চলবে কোনোরকমে আরেকজন না আসা পর্যন্ত।

বেশিরভাগ সকাল জুলেখা বেগমের বিছানাতেই কেটে যায়। উঠতে ইচ্ছে করে না। অনেক সময় মনে হয় শরীরে এমন কোনো শক্তি নেই যা দিয়ে আরেকটি দিন শুরু করবেন। কখনো মনে হয়, কী হয় আর না উঠলে? কিন্তু কতইবা আর শুয়ে থাকা যায়, একটা সময়ে উঠতেই হয়। কোনোরকমে বাসার ঘর পার হয়ে এক চিলতে বারান্দায় আসেন, তাকিয়ে থাকেন লকলকে লাউ গাছটার দিকে। চারদিকে সমস্ত বর্ণহীন জিনিসের ভিড়ে লাউ গাছটার উজ্জ্বল সবুজ রঙ আরো বেশি উজ্জ্বল লাগে। আগে অবশ্য ওখানে একটা লতানো গোলাপ গাছ ছিল। কে যেন বলেছিল জাতটার নাম হলো হাজারি গোলাপ। নামের মান রাখতে গিয়েই হাজার হাজার ফ্যাকাশে গোলাপি গোলাপ থোকা থোকা ফুটে থাকত। তবে সমস্যা ছিল গাছটায়। ওটার পাশ দিয়ে দরজা খুলে বেরোতে গেলে প্রায়ই হাতে, গলায় আঁচড় লাগত। একবার তো শাড়ি খানিকটা ছিঁড়ে গেল। বাইরে পরে যাবার মতো শাড়ি আছেইবা কয়টা জুলেখা বেগমের। যে কয়টা আছে তা দিয়ে অবশ্য চলেও যায়। তেমন ঝকমকে শাড়ি তার লাগেও না। তাকে তো আর কেউ কোনো দাওয়াতে নিয়ে যায় না, নিয়ে যায় অভিনয়ের জন্য, বস্তি কি গ্রামের কোনো চরিত্র বেশিরভাগ, তার নিজের শাড়ি দিয়ে বেশ চলেও যায়। সেরকম দরকার পড়লে ইউনিটের কস্টিউম তো থাকেই। তবু, গোলাপের কাঁটা লেগে একটা শাড়ির চার ইঞ্চি ছিঁড়ে যাওয়ায় বিরক্ত হয়েছিলেন তিনি। সেটা ছিল তার বড়ো ক্ষতি। পরদিন দুপুরে রান্নার সময়ে লাউ কাটতে গিয়ে মনে হয়েছিল, শাড়িটা ছিঁড়ল খামোখা, কী হবে বাহারী গোলাপ গাছ দিয়ে? কে আসবে এ বাড়িতে? কে দেখবে গোলাপের গুচ্ছ? কে প্রশংসা করবে? আর কেউ যখন তাকে দেখছেই না তখন সে গাছের বেঁচে থাকার কী মানেইবা হয়! তিনি লাউ কাটার বটি হাতেই বেরিয়ে এসেছিলেন ছোট্ট তিনকোণা উঠোনটাতে। পুরোনো শক্তপোক্ত গোলাপ গাছটাকে কেটে সরাতে খুব কসরত করতে হয়েছিল। তবে কাটার সময়ে সেটা খেয়াল ছিল না। কী যেন এক ক্রোধে একের পর এক কোপ বসিয়ে যাচ্ছিলেন প্যাঁচানো কা-টাতে। তারপর পড়ে থাকা একটা সিমেন্টের বস্তায় ফুলসমেত কাটা ডালগুলো ঢুকিয়ে তাকিয়ে ছিলেন পেট ফোলা বস্তাটার দিকে। যেন কাউকে খুন করে বস্তাবন্দী করেছেন। হ্যাঁ, খুনের চিহ্নও ছিল, নিজের দুই হাতে কাঁটার আঁচড় লেগে বহু জায়গা থেকে রক্ত ঝরছিল। গাছটা নিধন করার উদ্দাম মুহূর্তে সেসব মাথায় আসেনি। হাত থেকে রক্ত গড়াতে দেখেও অবশ্য তিনি পিছ পা হননি। গাছের গোঁড়াটা খুঁচিয়ে উঠিয়ে ফেলে সেখানে কয়েকটা লাউয়ের বিচি পুঁতে দিয়ে তবে ক্ষ্যান্ত হয়েছেন। এমনিতেই নিশ্বাসের কষ্ট, তারপর এত বেশি শারীরিক পরিশ্রম হয়েছিল যে নিশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। তবে তার জন্য পুরো বিষয়টা নতুন কিছু ছিল না। সিনেমায় এরকম দৃশ্যে তিনি বহুবার অভিনয় করেছেন।

একবার একটা দৃশ্য ছিল একান্নবর্তী একটা পরিবারের। জমিজমার বিরোধ নিয়ে কাহিনি। দৃশ্যটা ছিল গভীর রাতে অন্ধকার ঘরে ঢুকে একটা ঘুমন্ত বাচ্চাকে জবাই করে ফেলতে হবে। অভিনয়ে তিনি এবং তার সহযোগী। ছুরিটা চালাবে সহযোগী শিল্পী আর তার সঙ্গে সঙ্গে ক্যামেরায় মুখের ভঙ্গি দেখানো হবে জুলেখা বেগমের। তা, কম করে হলেও তিরিশ বছর আগের কথা। তখনকার দিনে ভালো পরিচালকের ভালো সিনেমার ওরকম নিষ্ঠুর দৃশ্যের জন্য জুলেখা বেগম ছাড়া অন্য কাউকে কল্পনাও করা যেত না। নিষ্ঠুরতার প্রতীক হিসেবে তার খুব নামডাক ছিল। ব্যাপারটা এমন হয়েছিল যে তাকে ওভাবে দেখতে দেখতে সেটের লোকজনও ভুলে গিয়েছিল যে জুলেখা বেগম স্বাভাবিক একটা মানুষ। জাত ভিলেন চরিত্রের জুলেখা বেগমকে বাস্তবেও সবার কাছে ভয়ঙ্করই মনে হতো। অভিনয়ের সময়ে কোনো ভঙ্গি, কোনো কথার থ্রো তাকে শেখাতে হতো না, সব ভেতর থেকে এমনিতেই আসত। সেদিন রাগের মাথায় গোলাপ গাছ কাটার পরে ওরকম দৃশ্যের কথা তার মনে হয়েছিল বটে। যেন একটানা অভিনিত হলো, একবারের জন্য 'কাট' বলা হয়নি। তারপর মনে মনে হাসছিলেন তিনি, হাসতে হাসতে কেঁদে ফেলেছিলেন। এক চিলতে বারান্দায় রাখা একমাত্র চেয়ারটাতে ধপ করে বসে পড়েছিলেন। চেয়ারটার একটা পা নড়বড়ে, কান্নার দমকের মধ্যেও সতর্ক হয়ে বসতে ভোলেননি। কোনো সুখ বা কোনো দুঃখে তিনি পুরোপুরি আর ভেসে যেতে পারেন না আজকাল; বাস্তবতাটা বরাবর মাথায় থাকে। গোলাপ গাছ কি আর শুধু কাঁটার অপরাধে খুন হলো? গোলাপ গাছের জায়গায় লাউ গাছ থাকলে কয়েকটা লাউ ধরবে, কয়েকদিনের বাজার করা থেকে তিনি বেঁচে যাবেন, সেটা কি তার মাথায় ছিল না? আর কচি লাউয়ের দুটো পাতা সামান্য কালজিরা আর পোড়া রসুন-মরিচ দিয়ে বেটে নিলেই হলো। ওরকম একটা ভর্তা থাকলে জুলেখা বেগমের ভাত খেতে আর কিছুই লাগবে না।

সিনেমা ইউনিটের সুপারভাইজার রঞ্জু এসেছিল তার পরের দিন। দরজা খোলার পরে চমকে বলেছিল, 'হায় হায় গোলাপ গাছটা মইরা গেছে বুঝি? বড়োই সুন্দর আছিল, চাচি।'
'না রে, বাবা, মরে নাই। মারছি।' গেটের পাশে জড়োসড়ো করে রাখা গাছসমেত বস্তাটার দিকে ইশারা করে বলেছিলেন জুলেখা বেগম।
'কন কী! এইভাবে মাইরা ফালাইলেন?'
বস্তার খোলা মুখে এক থোকা গোলাপ তখনো তাজা, রাতের শিশিরে একটু ভেজাভেজাও। মনমরা জুলেখা বেগমের কোনো যুক্তিই হয়ত তখন রঞ্জুর ভালো লাগবে না সজীব গাছটার মৃত্যুর কারণ হিসেবে। তাই তিনি সে পথে যাননি। বরং অবহেলার ভঙ্গিতে বলেছিলেন, 'আমি তো বস্তাটা টাইনা ফালায়ে দিয়াসতে পারব না, যাওয়ার সময়ে একটু নিয়া যাবি তো, বাপ, রাস্তার মোড়ের কাছে ময়লার বড়ো বাক্সটার মধ্যে ফালায়ে দিস।'
রঞ্জু কিছু না বুঝে মাথা দুলিয়েছিল। প্রসঙ্গ বদলাতে গিয়ে জুলেখা বেগম বলেছিলেন, 'নতুন কাজ কী আনছিস? কবে? কত দিবে?'
রঞ্জু হয়ত গোলাপ পাছের জায়গায় ভেজা মাটি চাপা দেয়া দেখে কিছু বুঝেছিল। কাজের কথা বাদ দিয়ে বলেছিল, 'চাচি, আপনের নামটা আমি কবে প্রথম শুনছি জানেন?'
'কবে?'
'ছোট্টকালে। স্কুলের এক স্যার খুব গল্প বলত। একদিন বলছিল রাজকুমারী জুলেখার কাহিনি। সেই থেইকা এই নাম শুনলে মনে হয় রাজকুমারী। ইন্ডাস্ট্রিতে আপনার যে জায়গা আছিল, আপনার রাজকুমারী হওনের কথা আছিল।'
জুলেখা বেগম তখন উত্তর না দিলেও, পরে ঘাড়ে বস্তা উঠিয়ে রঞ্জুকে বেরিয়ে যেতে দেখে মনে মনে ভেবেছিলেন, রাজকুমারী না হলেও ঘুটেকুড়োনি হবার কথা তার নিশ্চয় ছিল না।

নড়বড়ে চেয়ারে বসে ঘণ্টার পর ঘণ্টা লাউগাছের দিকে তাকিয়ে থাকেন জুলেখা বেগম। লতানো একটা নতুন ডগা বেরোলে তিনি ভাবার চেষ্টা করেন ডগাটা গেটের চৌকাঠের দিকে এগোবে নাকি পাশের পাঁচিলের দিকে। যে কোনোরকম সম্ভাবনার কথা ভাবতে ভালোই লাগে। একটা জুয়ার মতো। কোনো কোনোদিন এই ভাবনাচিন্তাও আর ভালো লাগে না। নড়বড়ে পা-ওলা চেয়ার থেকে কায়দা করে দাঁড়িয়ে হেলেদুলে নিজের ঘরে চলে যান। চৌকির উপরে গুটিশুটি বসে উলটোদিকের ছবির দিকে তাকিয়ে থাকেন। পাঁচজন অভিনয় শিল্পী দাঁড়িয়ে আছেন পাশাপাশি। প্রত্যেকের হাতে জাতীয় পুরস্কারের মূর্তি। সাদাকালো ছবিতেও মূর্তির ঝিলিক আছে। কোনা এক বছর জাতীয় পুরস্কার অনুষ্ঠানের পরপর তোলা হয়েছিল ছবিটা। কোনো ফটোগ্রাফার হয়ত শখ করে বড়ো ফ্রেমে বাঁধিয়ে উপহার দিয়েছিল তাকে। সে বছর শাবানা শ্রেষ্ঠ অভিনেত্রী আর জুলেখা বেগম শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের জন্য পুরস্কার পেয়েছিলেন। ছবিতে শাবানা ঠিক তার পাশে। জুলেখা বেগম শুনেছেন সে নাকি এখন তার সিনেমায় অভিনয়ের স্মৃতি ভুলে যেতে চায়। এত অপরাধবোধ শিল্পের জন্য! অথচ এত অভাবেও জুলেখা বেগমকে কেন সেই লাইট-ক্যামেরা-অ্যাকশন টানতে থাকে, তিনি বোঝেন না। এমনই টান যে কোনাদিন ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে হাতের মূর্তির আসল রঙটা দেখার জন্য তাকে চৌকি থেকে নেমে পাশের ঘরে চলে যেতে হয়। বেতের চেয়ারের উপরে দেয়ালে ঝোলানো তাকের উপরে আরো কিছু ট্রফির সঙ্গে মূর্তিটা শোভা পায়। কিছু বাঁধাই করা সার্টিফিকেটও থাকে সেখানে। সেসবের গালভরা কথাগুলোও এখন এত মলিন, এত পুরোনো যে কোনো উত্তেজনাই নতুন করে তাদের পাঠোদ্ধার করাতে পারে না জুলেখা বেগমকে দিয়ে। শুধু মাঝখানে দাঁড়িয়ে থাকা মূর্তিটা আলতো করে হাতে নিয়ে বহু ব্যবহারে পালকের মতো নরম শাড়ির আঁচলটা দিয়ে মুছে নেন তিনি। তারপর আবার তাকে দাঁড় করিয়ে রাখেন নিজের জায়গায়। রেখে কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকেন তার দিকে। মানুষের তালি, উল্লাস, কত কথা কানে বাজে. . . এ বছর এটা আপনার প্রাপ্য ছিল। এমন ঝগড়া করেছেন সিনেমাটায়, কে বলবে আসল ঝগড়া নয়! আচ্ছা, আপা, আপনি কি বাস্তব জীবনেও এমনই ঝগড়াটে?. . . সাংবাদিকদের কত প্রশ্নের উত্তর দিতে হয়েছিল সেদিন। এমনিতেও মানুষ যখন তাকে হাসতে দেখত, অবাক হতো, আপনি হাসতেও জানেন! বাস্তব জীবনে যে জুলেখা বেগম যে কোনোদিন কারো সঙ্গে এক ফোঁটা ঝগড়াও করেননি তা তাদের কে বোঝাবে? তাই জুলেখা বেগম তাদের প্রশ্নের উত্তরে কেবল হাসতেন।

এখন হাসেন মনে মনে। সিনেমার দৃশ্যের মতো সত্যিকারের ঝগড়াটে হলে কোথাও গিয়ে বলতেন, এই সমাজ তার বুড়ো হয়ে যাওয়া শিল্পীকে দেখতে চায় না কেন? শিল্পী কি চিরকাল তরুণ থাকবে? তারা তো অতিমানব নয় যে তাদের বার্ধক্য আসবে না। দেশের প্রত্যেক বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রীর মা কি বোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেসব ছবি কত সাড়া ফেলেছে সে সময়ে। অথচ আজ কে তার খবর রাখে? কেউ কি তার জন্য সরকারের কাছে ভিক্ষে চাওয়ার কষ্ট করবে? বাস্তব জীবনে তিনি তো মোটেও ঝগড়াটে নন। এমনকি নিজের জন্য কারো কাছে কোনো দাবিও নেই তার। তবে আছে এক ছেলে, বাড়ির কাছাকাছি ছোটো এক সিনেমাহলের ম্যানেজার, বাদল, তার কাছে অনেক দাবি থাকে জুলেখা বেগমের। কোনোদিন এমন হয় যে দিনভর মাথার মধ্যে সিনেমার দৃশ্য ঘোরে, ঘুরেফিরে ঘরবারান্দা করেও দৃশ্যের আনাগোনা থামানো যায় না। তখন কোনোরকম তৈরি হয়ে নিয়ে তিনি হাঁটতে হাঁটতে চলে যান কাছের সেই সিনেমা হলে। বেশিরভাগ যান শুক্রবারে। দুপুরে খাওয়ার পরে ঘুম আসে না, ম্যাটিনি শোয়ের ভূত চাপে মাথায়। বাদল তাকে দেখলে বিরক্তই হয়, জেনেও তিনি ছুটে যান সেখানে।
'খালাম্মা, দুপুরে খাওয়ার পরে ঘুম আসে না আপনার, এইখানে ক্যান আসেন?'
'দে না বাপ, যেইটা আছে সেইটাই একটু চালায়ে দে, দেখি।'
'আছে, খাইছি তোরে নামে একটা ছবি। দেখবেন?'
'কী কইলি, খাইছি তোরে?'
'ক্যান, আপনে নিজেও তো তখন এফডিসিতেই আছিলেন যখন পাশের ফ্লোরে এইটার স্যুটিং হইতেছিল?'
'তুই কেমনে জানলি?'
'ওই যে আপনের বাসায় রঞ্জু আসে, সে বলছে।'
'কী জানি আমার মনে নাই। তুই সিনেমা লাগা।'
'একজন মানুষও নাই হলে, খালাম্মা, যান আইজকা।'
'মানুষ নাই ক্যান? সিনেমা ভালো হয় নাই?'
'আইচ্ছা, তারা মোবাইলের মধ্যেও সিনেমা দেখতে পায় এখন, হলে আসবে কোন দুঃখে?'
'তা ঠিক। এত ট্র্যাফিক জ্যাম চাইরদিকে, হাতের মুঠায় সুযোগ সুবিধা থাকতে আর এইখানে আসবে কেন?'
'এই তো বুঝছেন। এইবার বাড়ি যান।'
বাড়ি যাবার কোনো লক্ষ্মণ দেখা যায় না জুলেখা বেগমের। কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলেন তিনি।
'এই ঘটনাটা যে ঘটবে তা সেই কবেই জানতাম রে, বাদল!'
'কবে?'
'সেই যে ধর আশির দশকের প্রথম দিকে, ভিসিপি-ভিসিআর আসল, মানুষ ঘরে বইসা বইসা সিনেমা দেখা শুরু করল, সবাই বলল মানুষ নাকি সিনেমার দিকে আরো ঝুঁকবে। ঘোড়ার ডিম।'
বাদল চুপ করে ভাবতে লাগল।
'আরে বাদল, বাদ দে তো এইগুলা। সত্যি কথা বল, পুরান কোনো টেপ পইড়া নাই তোর কাছে? দেখা না রে বাপ।'
'বুড়ি দেখি আমারে ছাড়েই না। আছে কয়েকটা। কেউ নিয়াও যায় না। ভাড়া-টাড়াও খাটে না মনে হয়।'
'কী ছবি?'
'এই হইল গিয়া দূর দেশ, দেখবেন?'
'নাহ্, দেশি বল, দেশি।'
'ধুর, খালাম্মা, নাইগ্রা দ্যাখতে চান না? আইচ্ছা, এই যে এইটা দ্যাখেন, এখনই সময়, দেখবেন?'
'দে দে, ওইটাই দে। আবদুল্লাহ আল মামুন খুব ভালো বানাইছে ছবিটা।'
'ঠিক আছে, বসেন গিয়া।'
বাদল বিরক্ত হয়ে সরু সিঁড়ি দিয়ে সিনেমার স্পুল হাতে উঠতে থাকে।
'দেখা সিনেমা, পুরা দেখার কিছু নাই, খালাম্মা। চালায়ে দিতেছি, আধা ঘণ্টা দেইখা বাড়ি যান গিয়া।'
জুলেখা বেগম সবচেয়ে নীচের সারির মাঝামাঝি বসেন। বাদল সাধলেও উপরে যান না। নীচে বসে ঘাড় বাঁকিয়েই দেখতে থাকেন। প্রথম প্রথম বাদল বলত, 'ধুর, খালাম্মা, পুরা হল খালি থাকতে কেউ থার্ড কেলাসে বইসা সিনেমা দেখে? উপরে ডিলাক্সে গিয়া বসেন তো–' পরে ধীরে ধীরে মহিলার কা-কারখানা দেখার পরে বলা বন্ধ করেছে। সিনেমা দেখতে দেখতে জুলেখা বেগম উত্তেজিত হয়ে ওঠেন, কোনো দৃশ্যে সিনেমার চরিত্র হয়ে গিয়ে ওখানেই দাঁড়িয়ে অভিনয় করতে থাকেন। ডায়ালগ বলে যান মুখস্ত, গানও গাইতে থাকেন।
আধা ঘণ্টা হলেও জুলেখা বেগম টেপ বন্ধ করতে দেন না। বরং বাদলকেও বলেন, 'আয় আয়, এইখানে বইসা আমার সাথে দেখ। পাশাপাশি অনেক দর্শক না হইলে সিনেমা দেইখা মজা আছে?'
তারপর চেয়ারে বসেই শুরু করে দেন গান গাওয়া, জীবন মানেই যন্ত্রণা নয় ফুলের বিছানা, এ কথা সহজে কেউ মানতে চায় না. . .
পাশের সিটে বসে ম্যানেজার বাদল ঝিমায়। জুলেখা বেগমের গানের উত্তেজনায় কখনো চোখ মেলে বলে, 'খালাম্মা, হইল? নাকি আরো দেখবেন?'
'দেখব না মানে? একটা লোকরে দেখবি জ্যান্ত পুইতা ফেলবে। তুইও দেখ।'
'বাদ দেন তো, খালাম্মা, এইকখনে যা টেপ পইড়া আছে সবই তো আপনার মুখস্ত হইয়া গেছে। তাও ক্যান দেখেন?'
'দেখতে হয়। অভিনয় বুঝতে হইলে অনেক দেখতে হয়। বাদ দে। এই যে দেখতেছিস ববিতা। খুব আদর করতাম ওরে। কম কইরা হইলেও বিশটা সিনেমায় আমি ওর সাথে ছিলাম।'
'ছিলেন, নাকি ভিলেন হইয়া ঝামেলা পাকাইছেন?'
'হা হা হা. . . কী করব, ওইটাই তো ছিল আমার কাজ।'
জুলেখা বেগমকে বাদলের যে খবরটা দেয়া দরকার সেটা বলতে ইচ্ছে করে না। ভাতঘুম ভুলে দুই সিট দূরত্বে চুপচাপ বসে জুলেখা বেগমের মুখের দিকে তাকিয়ে থাকে সে। সিনেমার আলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে জুলেখা বেগমের মুখের চেহারা পরিবর্তিত হয়। কখনো অল্প আলোয় মুখটা মসৃণ মনে হয়, আবার আলো বাড়তেই মুখের হাজারো বলিরেখার মধ্যে ঝুড়ি নামা প্রাচীন বটগাছের ডালপালার দৃশ্য স্পষ্ট হয়ে ওঠে। চোয়ালের হাড় বেরিয়ে এসে যেন সেই গাছের অবাধ্য কোনো ডালের আগমনের বার্তা দেয়। সিনেমার কাহিনি এগিয়ে যাওয়ার সমস্ত ছাপ জুলেখা বেগমের মুখে দেখতে পাওয়া যায়। ছোটোকাল থেকে সিনেমার পোকা বাদল ঠিকই জানে জুলেখা বেগমের শিল্পী স্বত্তার কথা। সিনেমার সাথে তার সম্পর্কের কথা জানে, আবার সিনেমা থেকে বাধ্য হয়ে তার দূরে পড়ে থাকার কথাও বাদলের অজানা নয়। লাইট-ক্যামেরা-অ্যাকশনের টানেই যে জুলেখা বেগম তার কাছে ছুটে আসে, কিছুক্ষণ সেসবের মধ্যে কাটিয়ে যায়, তাকে সে কী করে সমস্ত কিছু শেষ করে দেবার গল্প শোনায়!
'কী রে, এত উত্তেজনার শেষ দৃশ্যটা রাইখা আমার মুখের দিকে কী দেখিস?' এক পলকের জন্য বাদলের দিকে তাকিয়ে ধমকেই আবার সিনেমার পর্দায় চোখ রাখেন জুলেখা বেগম। শেষ দৃশ্যও একসময় শেষ হয়। কালো পর্দায় একের পর এক নামের লাইন ওপর থেকে নীচের দিকে নেমে যেতে থাকে, ব্যাকগ্রাউন্ডে গান বাজতে থাকে, জীবন মানেই যন্ত্রণা. . .
তাও একসময় থেমে গিয়ে নিস্তব্ধ হয় হল। জুলেখা বেগম পাশে তাকিয়ে বাদলকে বলে, 'কী রে, আইজকা কী দেখতেছিস খালি আমার দিকে তাকায়ে তাকায়ে? সিনেমা শেষ, বাতি জ্বালবি না?'
বাদল বলে, 'খালাম্মা, আজকেই শেষ শো কিন্তু। দিন দশেকের মধ্যে আপনি যদি আবার আসেন, আমারে পাবেন না।'
'মানে? অন্য কোথাও চাকরি পাইলি?'
'না। মালিক এই সিনেমা হল ভাইঙা ফেলতেছে। এইখানে বড়ো মার্কেট হবে।'
'কী বলিস, এত পুরানা একটা হল থাকবে না? সবাই যদি এইভাবে হাত গুটায়ে নেয় তাইলে কীভাবে চলবে?'
'কী করবে বলেন, রাইতের শোয়ে দুই চারটা মানুষ কখনো আইসা পড়ে। এমনিতে সব সময় খা খা করতেছে। এত বড়ো একটা জায়গা ঢাকা শহরের উপরে থাকলে মানুষ সেইখান থেকে কত্ত টাকা কামাইতে পারে। এইভাবে ফালায়ে রাখলে চলে?'
জুলেখা বেগম আর কোনো কথা বলেন না। মলিন শাড়ির আঁচলটা মাথায় তুলে সামান্য আলোয় হাতড়ে হাতড়ে সিঁড়ি ভাঙতে থাকেন। আঁচল হাতে নিয়ে নাক মোছেন বার কয়েক। পেছনে আর ফিরে তাকান না। দেয়ালে হাতের ভর দিয়ে উপরে উঠতে থাকেন। হাতড়ে হাতড়ে বুঝে নেন, জায়গায় জায়গায় প্লাস্টার খসে যাওয়া সিনেমা হলটার অবস্থাও তার নিজের মতোই। যেন না পারতে গিয়ে দাঁড়িয়ে আছে। এত পুরোনো কিছু দিয়ে কোনো লাভ হয় না। তাকে ধ্বংস হয়ে যেতে হয়। বাদল পেছন থেকে বলে, 'সাবধানে ওঠেন, খালাম্মা। আর আমি কিন্তু মাঝে মধ্যে বাড়িতে আসব। ভালো থাইকেন।'
সিনেমা হলের বাইরে এসেও জুলেখা বেগম কেন যেন সেখান থেকে নড়তে পারেন না। সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকেন হলের উপরে প্রায় ছাদের কাছাকাছি খোদাই করা নামটার দিকে। কলেজে পড়ার সময়ে ক্লাসের মেয়েদের সঙ্গে দল বেঁধে সিনেমা দেখতে যেতেন তিনি। জুলেখা বেগম ছিলেন বরাবর সেই দলের হেড। কবে কোন সিনেমা দেখা হবে তাকেই সিদ্ধান্ত নিতে হতো। একবার সবাই মিলে ক্লাস শেষে সন্ধ্যার শোয়ের জন্য রওনা দিলেন কিন্তু যেতে যেতে খুব দেরি হয়ে গেল। হলের সামনে এসে দেখেন ফাঁকা। বুঝতে পারছিলেন না আগের শো চলছে নাকি নতুন শো শুরু হয়ে গেছে। অন্যমনস্কভাবে সেখানে দাঁড়িয়ে একজন মানুষকে সিগারেট খেতে দেখে, হাঁফাতে হাঁফাতে জিজ্ঞাসা করেছিলেন, 'ভাই, হল কি ভাঙছে?' লোকটা মেয়েদের দলটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে নির্লিপ্তভাবে হলের ছাদের দিকে তাকিয়ে বলেছিল, 'কই, আমি তো দেখতেছি হলটা দাঁড়ায়েই আছে!'
পুরোনো দিনের কথা ভেবে নাকি অন্য কোনো কারণে জুলেখা বেগমের চোখে পানি এসে যায়। চিৎকার করে বলতে ইচ্ছে করে, হলটা যেন দাঁড়িয়ে থাকে। হল যেন কখনো না ভাঙেÑ কিন্তু বলা হয় না। বহুদিন পর্দায় যাচ্ছেতাই চেঁচামেচি করার পরে যে অভিজ্ঞতা তার হয়েছে তা হলো, নিজের চিৎকার নিজেই ঘপাৎ করে গিলে ফেলার নাম ধৈর্য। তিনি মাটির দিকে তাকিয়ে চিৎকারের ঢোক গিলতে গিলতে বাড়ির রাস্তায় চলতে থাকেন। কিন্তু আর কত ধৈর্য ধরবেন তিনি? রঞ্জু বলে গেছে, এবার নাকি তার জন্য সরকারের তরফ থেকে কিছু ভাবা হচ্ছে। অচিরেই জানা যাবে। ওসব রঞ্জুর মনভোলানো কথা। রোগে-শোকে তাকে কাহিল দেখলে ওরকম কথা প্রায়ই বলে। তিনি জানেন যে দু'চারজন মানুষ তাকে ভালোবাসে তারা তাকে খুশি করতে চায়। যেমন এখনো যদি কোনো চ্যানেল, যারা তাকে এখনো ভোলেনি, কিংবা এফডিসিরই কোনো অনুষ্ঠানে তাকে কখনো আমন্ত্রণ জানানো হয়, পাড়াতো ভাগনিটি তার সবচেয়ে সুন্দর কোনো একটা শাড়ি নিয়ে সেদিন উপস্থিত হয়। তাকে অনুরোধ করে শাড়িটা পরে অনুষ্ঠানে যেতে। তিনি শরীরের সাথে ঝলমলে শাড়িটাকে মেলে ধরেন, এখানেওখানে পারদ খসে যাওয়া আয়নাটার সামনে গিয়ে দাঁড়ান। তারপর আবার কী মনে করে শাড়িটা ফিরিয়ে দেন ভাগনিকে। নিজের পুরোনো শাড়ি পরেই রওনা দেন। মনে মনে বলেন, জীবন তো অভিনয় নয়, তিনি যা তিনি তো তাই, বাস্তব জীবনে নিজেকে অন্য রূপে কারো কাছে তুলে ধরার তার কোনো দরকার তো নেই। কিন্তু সেসব তার নিজস্ব ব্যাপার, তিনি নিজে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছেন, তিনি সহ্য করেছেন, কিন্তু এখন বাড়ির কাছের এই জমজমাট সিনেমা হলটা ভেঙে পড়বে, এটা কী করে মেনে নেয়া যায়?
'এক্সকিউজ মি, আপনি জুলেখা বেগম না?'
ভাবনার ঘোরে কোথা থেকে যেন ভেসে আসে কথাটা। তিনি মুখ তুলে সামনে তাকান। মাঝবয়সী এক লোক বাজারের ব্যাগ হাতে উলটোদিক থেকে হেঁটে আসছিল। তার কথায় ভাবনার মগ্নতা থেকে বেরিয়ে সেদিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন জুলেখা বেগম।
'মানে, আমি জানতে চাচ্ছিলাম, আপনি অভিনেত্রী জুলেখা বেগম না?'
'হ্যাঁ। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না।'
'আমাকে তো আপনার চেনার কথা না, আপা। আমি আপনার সামান্য ভক্ত। কোনোদিন এভাবে আপনাকে সামনাসামনি দেখতে পাব ভাবিইনি।'
লোকটির দিকে একভাবে তাকিয়ে থাকেন জুলেখা বেগম। প্রায় সন্ধ্যার হালকা আলোতেও বোঝা যায় সে ঘেমে ভিজে আছে। দুই হাতে বেশ কয়েকটা পলিথিনের ব্যাগ থেকে শাক-সবজির মাথা উঁকি দিচ্ছে। লোকটা নিজেও দুই হাতে ধরা ভারী ব্যাগগুলোর দিকে তাকায়, যেন খানিকটা অপ্রস্তুত, বলে, 'ছুটির দিন তো, সারাদিন গড়াগড়ি করে সন্ধ্যাবেলা বাজারে গেলাম। সঙ্গে তো কাগজ-কলম কিছুই নাই, আপনার একটা অটোগ্রাফ নিলে হতো।'

জুলেখা বেগম বিস্ময়ের চোখে তাকিয়ে থাকেন তার দিকে। বলে কী লোকটা! তার আবার অটোগ্রাফ? সে কত দিন আগের কথা, এফডিসিতে ঢোকার মুখে মানুষ দুদিকে লাইন ধরে থাকত। গাড়ি দেখলেই লাইনদুটো কাছাকাছি চলে আসত। এলোমেলো মাথাগুলো যত্রতত্র উঁকিঝুঁকি দিতে থাকত। দারোয়ান এসে কৌতূহলী লোকগুলোকে নির্মমভাবে পেছনে সরিয়ে দিয়ে গেট খুলত। গেটের ভেতরে গাড়ি ঢুকে গেলেই অন্যরকম। সুনসান। কেউ গাড়ির দরজা খুলে দাঁড়াত, তারপর তিনি নামতেন। তবে সেখানেও স্যুটিং দেখতে প্রতিদিনই কিছু সাধারণ মানুষ আসত, ইউনিটের কারো বন্ধু, কারো আত্মীয়। তাদের মধ্যে কেউ কোনোদিন সাদা কাগজ আর কলম নিয়ে এগিয়ে আসত জুলেখা বেগমের দিকে। হাসি মুখে আহ্লাদ করে কলমটা এগিয়ে দিত। তিনিও মিষ্টি হেসে মানুষটার নাম জিজ্ঞাসা করতেন। নিজের প্রিয় কবি নজরুল ইসলামের কোনো একটা লাইন লিখে দিতেন এক টানে। যেমন এই মুহূর্তে সামনের লোকটার ব্যস্ত আর বিব্রত মুখ দেখে তার মনে হয় তিনি সাদা কাগজে খসখস করে লিখে দেন, তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে। কিন্তু কেন, কেন এই লাইনটা তার মাথায় এল তখন? ঠিক জানেন না তিনি, হ্যাঁ, তবে তিনি জন্ম জন্মান্তর নিয়ে ভাবছিলেন সকাল বেলা। মানুষের কি একটাই জন্ম নাকি অনেক? যদি আবার জন্ম হয়, তাহলে তিনি কী হতে চাইবেন? হ্যাঁ, তিনি অভিনেত্রীই হতে চাইবেন। তবে জীবনটা আবার শুরু থেকে যাপন করার সুযোগ পেলে তিনি আখের গোছানোর কাজটায় একটু মনোযোগ দিতেন। যৌবন আর জৌলুস যে চিরকাল থাকে না, এই ব্যাপারটা জেনে নতুন করে জীবন শুরু করতে পারলে বেশ হতো।
'সত্যি, একটা অটোগ্রাফ নিয়ে যেতে পারলে আমার বউ বিশ্বাস করত যে আপনার সঙ্গে আমার এভাবে রাস্তাঘাটে দেখা হয়ে গেছিল। এমনিতে তো আপনাকে আজকাল দেখি না। আসলে সিনেমাও দেখা হয় না আমার তেমন। ছোটোবেলায় আপনাকে সিনেমায় দেখলেই ভয় লাগত।'
জুলেখা বেগম হাসি হাসি মুখ করে তাকিয়ে থাকেন লোকটার দিকে।
'এই যে হাসছেন, অবাক লাগছে এখনো। যাই হোক অটোগ্রাফটা যদি…'
'আমার অটোগ্রাফ দিয়ে কী করবেন, ভাই। দেখা হলো এটাই ভালো লাগল।' আগের চেয়ে আরেকটু বেশি হেসে বলেন জুলেখা বেগম। তারপর কোনো সৌজন্য না করেই বাড়ির দিকে হাঁটা দেন।
হালকা শীতল বাতাসের মধ্যে শাড়ির আঁচলটা টেনে গায়ে জড়িয়ে নেন তিনি। হাঁটতে হাঁটতে মনে অদ্ভুত এক প্রশান্তি টের পেতে থাকেন। মানুষ এখনো তাকে মনে রেখেছে! তার অভিনয় মনে রেখেছে। এই কোঁচকানো চামড়ার মুখও তাদের সে স্মৃতি মনে করিয়ে দেয়। নিজের গালের উপরে হাত বুলিয়ে নেন একবার। হাত সরিয়ে সামান্য হাসেন। এটাই কি তার জীবনের চরম পাওয়া নয়? বহুদিন পরে তৃপ্তি নিয়ে মনে মনে হাসতে থাকেন তিনি। অথচ সেই হাসির মধ্যেই কেন যেন কোত্থেকে চোখের কোণে পানি এসে জমে। আবছা আলোয় ধুলোয় ধুসরিত রাস্তা চোখে আরো বেশি ঘোলাটে হয়ে আসে। তিনি দ্রুত পা চালান। টিনের সরু দরজাটা এক ধাক্কায় খুলে ফেলে ভেতরে ঢোকেন। লাউয়ের কচি দুটো ঝুলন্ত ডগা দরজার ধাক্কায় পেন্ডুলামের মতো দুলতে থাকে। অন্ধকারে বোঝা যায় না ছিঁড়েই গেল নাকি কচি ডগাগুলো। জুলেখা বেগমের মনে হয়, যাক, ছিঁড়লে ছিঁড়ুক। কে থাকে? কে তার কাছে থেকে যায়? সব কিছু ভেঙে পড়ে। সব নিঃশেষ হয়ে যায়। তিনি গেটের দিকে ফিরে তাকান না। ব্যাগ থেকে চাবি বের করে ঘরের দরজার জং ধরা তালাটা খুলতে চেষ্টা করেন। অন্ধকারে তালায় চাবির মিলন ঘটাতে পারেন না। রাগে আর জেদে কান্না আসে তার। বারবারের চেষ্টায় খটাস করে খুলে যায় তালা। তিনি কোনোরকমে দুটো সিঁড়ির উপরে দরজার চৌকাঠে পা দেন। বাতি জ্বালিয়েই বেতের চেয়ারের মাথায় তাকটার কাছে চলে যান। হাত দিয়ে আড়াআড়ি ধাক্কা দিয়ে ছোটোখাটো ট্রফি আর সার্টিফিকেটগুলো মাটিতে ফেলে দেন। নানারকমের ঝনঝন ঝিনঝিন শব্দ হয়। তিনি মেঝের দিকে তাকান না। ধপাস করে বসে পড়েন একটা বেতের চেয়ারে। তারপর মুখের উপরে দুই হাত ঢেকে কাঁদতে থাকেন। কান্না থামলে সামনে তাকান। সামনের দেয়ালে বড়ো একটা ছবি, তিনি একা, তরুণী তিনি তখন, সমুদ্রের তীরে দাঁড়িয়ে সিনেমার গানের দৃশ্য। আজকে রাস্তায় লোকটি তাকে যেরকম সমীহ করে কথা বলছিলেন, একসময় প্রযোজক, পরিচালকেরা ঠিক এইভাবে কথা বলতেন. . . আসুন ম্যাডাম, এই যে এখানে বসুন, ম্যাডাম, আসতে কোনো অসুবিধা হয়নি তো, ম্যাডাম? অ্যাই, ম্যাডামকে চা দিয়ে যাও. . . উঠতে বসতে ম্যাডাম ম্যাডাম। আজকে সেই প্রযোজক পরিচালকেরা একবারও তার খবর নেয় না। যেন জীবিত অবস্থায়ই তিনি মরে গেছেন তাদের কাছে। এফডিসির গেটে কখনো দেখা হলে না দেখার ভান করে অন্যদিকে চলে যান তারা। আবার ছবির দিকে তাকিয়ে ভাবেন আজকে ঠিক ওই ছবির মতো তরুণী যে অভিনেত্রী এসেছে, সব আদিখ্যেতা যেন তারই প্রাপ্য। হায় রে, অদৃষ্ট! এখন এফডিসিতে কত নতুন স্টুডিও হয়েছে, কতরকম সয়ংক্রিয় ব্যবস্থা হয়েছে স্যুটিঙের, সেই আগের ম্যাড়মেড়ে জায়গায় কত জাঁকজমকের পরত লেগেছে, অথচ তিনি যে এর অংশ ছিলেন এক সময়, তার জীবনে কি সেই উজ্জ্বলতার কোনো আভা লাগতে নেই?

চেয়ারে বসে কাঁদতে কাঁদতে কিংবা ভাবতে ভাবতে হয়ত অনেক রাত হয়ে যায়। উঠে দাঁড়াতেই জুলেখা বেগম খেয়াল করেন একটা সার্টিফিকেটের উপরের কাচ ভেঙে টুকরোগুলো সারা ঘরে ছড়িয়ে পড়েছে। তখন যেন হঠাৎ কীসের ঘোর কেটে যায়। সোজা পেছনের বারান্দায় গিয়ে ঝাড়ুটা নিয়ে আসেন। অনেকক্ষণ ধরে কাচের ছোটো ছোটো টুকরোগুলো জড়ো করে একটা কাগজে ওঠান। ইলেকট্রিক বাতির ঝকঝকে আলোয় সেগুলো হীরের মতো জ্বলজ্বল করে। যতই জ্বলজ্বল করুক কাচ কাচই। তিনি জানেন তার তারুণ্যের সেই উজ্জ্বল দিন আর ফেরত আসবে না। কাগজ দিয়ে হীরারূপী কাচগুলো মুড়িয়ে পেছনের বারান্দার চুলার পাশে রাখা পুরোনো বালতিটাতে ফেলে আসেন তিনি।
পরদিন সকালে রঞ্জু আসে। হয়ত অনেক রাত অনেক হয়েছিল ঘুমাতে ঘুমাতে তাই সকালে উঠতে পারেননি জুলেখা বেগম। দরজায় রঞ্জুর ধাক্কাধাক্কিতে ঘুম ভাঙে।
'হায় হায়, খালাম্মা এখনো রেডি হন নাই?'
'কীসের জন্য রেডি?'
'আরে, সেদিন বলে গেলাম না? ভালো রোল তো। হাজার দশেক পাইতে পারেন।'
'তো, সময়টা ঠিকমতো বলবি না? আমাকে কোনোদিন কেউ এক মিনিট দেরিতে স্যুটিঙে যাইতে দেখছে?'
'বলছি তো, খালাম্মা, আপনের বয়স হইছে, মনে রাখতে পারতেছেন না।'
জুলেখা বেগম রঞ্জর মুখের উপরে ঘরের দরজা লাগিয়ে দিয়ে বলেন, 'কীসের বয়স হইছে? দাঁড়া ওইখানে, ছ্যামড়া। দশ মিনিটের মধ্যে রেডি হইয়া আসতেছি আমি।'
দ্রুত তৈরি হয়ে হাঁফাতে থাকেন তিনি। মনে হয় পৃথিবীতে এত বাতাস, শুধু তার ছোটো একটা বুক যেন সেই বাতাস টেনে নেয়ার ক্ষমতা রাখে না। ইনহেলার শেষ হয়ে গেছে তিন দিন হলো। আজ সেটে টাকা পেলে কিনে আনা যাবে। এখন তাই নিশ্বাসের কষ্টের কথা ভেবে লাভ নেই। তিনি বরং তাড়াতাড়ি তৈরি হয়ে রঞ্জুর সঙ্গে হাঁটা দেন। স্যুটিঙের সেটে সেদিন এক পরিচিত পরিচালক এগিয়ে এসে কথা বলে জুলেখা বেগমের সাথে।
'খালাম্মা, মনে আছে, আমি ছোটোকালে আপনার সঙ্গে একটা সিনেমায় অভিনয় করছিলাম?'
'মনে থাকবে না আবার? আমার সব মনে আছে। তোমরাই ভুইলা গেছ।' মাঝে মাঝে অভিমান না চাইতেও উগড়ে আসে। কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না।
'কী যে বলেন, খালাম্মা, ভুলব কেন? আপনাকে নিয়ে কথা হচ্ছিল। আজীবন সম্মাননা পুরস্কারের ব্যাপারে আপনার কথা উঠছে।'
জুলেখা বেগমের আর কোনো কথা বলতে ইচ্ছে করে না। এরকম বহু আলাপ আর গুজোব বা প্রতিশ্রুতির কথা শুনে শুনে তিনি অভ্যস্ত। এসব এখন আর তাকে তেমন নাড়ায় না। তার লক্ষ থাকে রোলটা ঠিকমতো শেষ করা আর তারপর টাকাটা গুনে নিয়ে বাড়ি ফেরা।

রঞ্জু সাথে আসে স্যুটিঙের পর। বলে, 'যাই সঙ্গে, আপনারে খুব কাহিল লাগতেছে।' রঞ্জুর কথা ঠিক। সেদিনের স্যুটিঙে দশ হাজার টাকা পাওয়া গেল। জুলেখা বেগমের ভালো লাগে। রাস্তায় ফার্মেসিতে দাঁড়িয়ে অষুধপত্র কিনে নিতে পারেন। বাসায় ফিরে কেন যেন ঘরে থাকতে মন চায় না। হালকা শীত শীত সন্ধ্যায় বাইরের নড়বড়ে চেয়ারটায় বসে থাকেন। চারদিকে উঁচু উঁচু বাড়ির মাঝখানে বসে কখনো উপরের দিকে তাকালে মনে হয় একটা গর্তে পড়েছেন তিনি। কোণাকুণি দুই বাড়ির মাথার উপরের এক চিলতে আকাশে এক ফালি চাঁদ দেখা যায়। তিনি সেদিকে তাকিয়ে থাকেন। শরীর স্থির রেখে চেয়ারের পেছনে মাথাটা এলিয়ে দেন। বিচিত্র ভাবনারা হুড়োহুড়ি করে আসতে থাকে। কতজনে কতরকম আশার কথা বলে, একসময় তিনিও এসব শুনে উত্তেজিত হয়ে যেতেন. . . এবারে শুধু আপনার কথা মাথায় রেখে একটা ছবি বানাব, আপনিই প্রধান চরিত্র… ব্যস, শুরু হয়ে যেত স্বপ্নের আনাগোনা। এই সরকার কিন্তু শিল্পীদের ভালো সাহায্য সহযোগিতা করতেছে, আপনার কথাটা এবারে উঠবেই… শুরু হয়ে যেত স্বপ্ন… তারপর তালির শব্দ, হাসাহাসি, আনন্দের কতরকম আওয়াজ…একটা ছোটো ডিপোজিট থাকবে, সেখান থেকে অন্তত ওষুধের পয়সাটা হলেও হয়ে যাবে। বেশি চাওয়া নেই জুলেখা বেগমের। আর আজ আবার আজীবন সম্মাননার কথা! থাক, আর স্বপ্ন দেখতে মন চায় না।

পাশের বাড়ির দোতলার বারান্দায় উজ্জ্বল একটা আলো জ্বলে ওঠে। লাউগাছের উপরে তীর্যক হয়ে পড়ে সে আলো। অন্ধকারে কালচে হয়ে থাকা পাতাগুলো আকস্মিক সবুজাভ হয়ে যায়। তীব্র আলোটা যেখানে পড়েছে ঠিক সেখানে ছোট্ট কচি পেয়ারার মতো লাউয়ের আগমনী বার্তা দেখা যায়। দিনের বেলায় চোখেই পড়েনি জুলেখা বেগমের। তখন দেখে হঠাৎ করেই মনটা ফুরফুরে হয়ে যায়। জীবনে কতরকম সম্ভাবনা থাকে! আরেকটু ভালো করে দেখার জন্য নড়বড়ে চেয়ার থেকে কায়দা করে উঠে লাউগাছের কাছে এগিয়ে যান তিনি। তারপর আলোটা না নেভা পর্যন্ত সম্ভাবনাটার দিকে তাকিয়ে থাকেন।