২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই চোর কিংবা দুই প্রেমিক

দিলওয়ারহাসান

Published : 26 Nov 2015, 09:13 AM

Updated : 02 Sep 2022, 08:36 PM

ছিঁচকে চোরদের নিয়ে লিখতে আমার ভাল লাগে, কারণ ওদেরকে আমার খুব খারাপ মনে হয় না। ওরা বড়জোর দু চার হাজার টাকার জিনিস চুরি করে আর তা দিয়ে খিদের অন্ন কিংবা জীবনের জন্যে নেহায়েত প্রয়োজনীয় জিনিস কেনে। ধরা যাক একজন ছিচকে চোর আপনার বাড়ি থেকে হাজার খানেক টাকার জিনিস চুরি করে বাজারে বিক্রি করে দিল। ওই টাকায় সে নিজে দু চারদিন খেল অথবা খাওয়াল পরিবারের লোকজনদের, কিংবা ওই টাকায় নিজের জন্যে কিনল একটা জামা বা লুঙ্গি, বউয়ের জন্যে একটা শাড়ি বা মেয়ের জন্য একটা ফ্রক। এর বেশি কিছু তো আর নয়।
আমি এক ছিচকে চোরকে চিনতাম, যে চুরি করে প্রথমে সিনেমা হলে ঢুকে একটা ছবি দেখত তারপর রেস্তোরাঁয় বসে ভরপেট খেত নিজের পছন্দ মতো, টাকা বাচলে অন্য কিছু করত। এ রকম একজন মানুষকে মহান বলতেও বাধে না আমার, যদি সমাজের বড়-বড় চোরদের সাথে এদের তুলনা করি। অথচ দেখুন এরকম একজন চোর ধরা পড়লে প্রথমে আমরা তাকে আচ্ছা করে পিটুনি লাগাই, নাক-মুখ ফাটিয়ে দিয়ে পুলিশে সোপর্দ করি। কখনো-কখনো পেটাতে-পেটাতে মেরেও ফেলি। এইসব মৃত্যুর কোনো বিচার আচার হয় না। কিন্তু যারা বিরাট চোর– শেয়ারবাজারের মতো জায়গা থেকে কোটি-কোটি টাকা সরিয়ে ফেলে, ব্যাংক থেকে গায়েব করে মিলিয়ন-মিলিয়ন টাকা, তাদের ব্যাপারে আমাদের কোনো বিধান থাকে না। আমরা কেউ তাদের কেশের অগ্রভাগও স্পর্শ করতে পারি না।

বেশ কয়েক বছর আগে দুর্নীতির দায়ে আটক হয়ে স্বল্পকালের জন্য জেলে যাওয়া কতিপয় ভদ্রলোক চোরকে নিয়ে একটা গল্প লিখেছিলাম। জেলখানায় তারা কী করে, কী খায়, কী করে সময় কাটায় এই সব ছিল গল্পের বিষয়। ওখানে একজন ছিঁচকে চোরও ছিল। হাইপ্রোফাইল চোরদের বিনোদনের জন্যে নিজের চুরির ঘটনা বলত। তার একটা চুরির কাহিনি শুনুন তার নিজের জবানীতে: 'আমি সেই সুময় জুয়ান মর্দ। খাই দাই ঘুইরা বেড়াই, সুযোগ পাইলে মাইনষের জিনিস গাপ কইরা দেই।

'হেইবার আমার বইনের বিয়া ঠিক হইল। আমরা গরিব মানুষ। বইনডার বিয়া ঠিক হইল যে বাড়িতে, হেরাও গরিব। কিছু দিবার-থুইবার পারব না। আমরাও দিবার পারুম না কিছু। আমার মায় কইল, বিয়ার জন্যি একখান নোলক অন্তত চাই, নাইলে বিয়া হইব কেমনে?
'আমি কইলাম, নোলক আমি জুগাড় কইরা দিমু। কইলাম তো কথাডা; কিন্তু সেইটা কিনবার মতো ট্যাকা-পয়সা আমার কাচে আছিল না। মাথাটা কেমুন বন-বন কইরা ঘুরবার লাগল। এই খানে যাই, সেই খানে যাই ট্যাকা কিংব্যা নোলক কোনোডাই জুগাড় হয় না।
'একদিন খাঁ-খাঁ দুফারে একটা গেরামের পুকুরের পাশ দিয়ে হাঁইটা যাইতাছিলাম। দেহি সুন্দরী একটা মাইয়া নাইতে নামছে। ঘাটলার এট্টুখানি উপারে তার কাপুর চুপুর আর গয়নাগাট্টি রাহা। আমার নোলকের কথা মনে পইড়া গেল। মাইয়াডা সাঁতার পাড়তে-পাড়তে পুকুরের মদ্দিখানে চইলা গেলে ভাল কইরা দেইখা লইলাম ওইখানে নোলক আচে নাহি। আছিলো, হায়রে বাই, আছিলো জিনিসডা সেই খানে! বুক আমার ছ্যাৎ কইরা উঠল। নোলকখান হারাহারি তুইলা লইয়া কাইটা পড়লাম সেইখান থিকা।
'বইনের বিয়া হইয়া গেলে শ্বশুর বাড়ি চইলা গেল হে। তার নাকে আমার চুরি করা নোলক। ইয়ার পরের দিন আমি আবার সেই গেরামের পথ ধইরা গঞ্জে যাইবার লাগচি। একটা বাড়ির সামনে মানুষজনের ভিড় দেইখা খারায়া গেলাম। কী হইচে জিগানের পর একটা লোকে কইল- এই বাড়ির বউয়ের নোলক চুরি গেছে। নোলক চুরি যাওয়া নাহি বড় দুষের বিষয়। মাইয়া লোকেগো নাহি খুব খারাপি হয় ইয়াতে। ব্যাবাক্তে কইতাছে, মাইয়াডা অপায়া, তাই নোলক খুইয়াইচে। সক্কলে মিলা তাই মাইয়াডারে বাড়ি থিকা বাইর কইরা দিতাছে।
'শুইনা আমার যে কী খারাপ লাগল, কী কমু আপনে গো। মনে হইলো এক্কেবারে মাটির লগে মিশ্যা যাই। আমার লিগাই আইজ মাইয়াডার এই অবস্থা- হে তার সংসার হারাইতাছে। মনে হইল চিল্লাইয়া কই- আমিই হ্যার নোলক চুরি করছি, তার কুনো দুষ নাই; কিন্তু শত চেষ্টা কইরাও মুখ থিকা কুনো আওয়াজই বার করবার পারলাম না। চাইয়া দেখলাম, একটা মাইয়া আমার বইনের লাহানই বয়স, পুটলা পাটলি বুকে গুইজা কানতে-কানতে বাড়ি থিকা বাইর হইয়া যাইতাছে।

'ঘটনাডা আমার মনের মদ্দি বড় একডা ঘাউ বানাইয়া দিল। কী করুম কী করুম ভাবতে-ভাবতে পাগলের লাহান হইয়া গেলাম। হুনলাম হেই মাইয়া তার বাপের বাড়িতে আশ্রয় নিচে। ঠিকানা জুগাড় কইরা গেলাম সেই খানে। মায়াডারে কইলাম- আপনের এই অবস্থার জন্যে আমিই দায়ী। আমিই আপনের নোলক চুরি করচি। খেমা কইরা দ্যান আমারে। কাইন্দা বুক ভাসাইয়া ম্যায়াডা আমারে কইল- আপনেরে খেমা করলে আমার কী লাভ? আপনে কি আমার সংসার ফিরাইয়া দিবার পারবেন? সে কথায় চুপ মাইরা থাকি আমি। কিন্তুক মায়াডা নাছোড়বান্দা। বার-বার আমারে জিগায় আমি তার সংসার ফিরায়ে দিবার পারুম কিনা। লজ্জা আর দু:খে মইরা যাইতে ইচ্ছা করে। হ্যাষে কই, তাইলে আমি আপনেরে বিবাহ করব। তাইলে হইবো তো? সেই থিকা- ওই মায়া আমার বউ।'

ওই ছিঁচকে চোর জেল থেকে ছাড়া পেয়ে চুরি ছেড়ে দিয়ে একটা পান-বিড়ির দোকান দিয়েছিল। ওই চোরের কাহিনি শোনার পর বার বারই আমার মনে হয়েছে, কেন জঁ পল সার্ত্রের মতো দার্শনিক কুখ্যাত চোর, ক্রিমিনাল আর সমকামী জঁ জেনেকে নিয়ে বই লিখেছিলেন- সেইন্ট জেনে: আকটর অ্যান্ড মর্টার
( সন্ত জেনে অভিনেতা ও শহীদ)। এক সাক্ষাৎকার গ্রহণকারী জেনেকে একবার জিজ্ঞেস করেছিলেন 'চোর, বিশ্বাসঘাতক আর সমকামী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন?' উত্তরে জেনে বলেছিলেন, 'ভাইরে আমি তো সিদ্ধান্ত নেইনি, প্রথমে চুরি করতে নেমেছিলাম পেটের দায়ে; খুব খিদে লাগত, তাই। হোমো কেন হয়েছিলাম।? জানি না, আমি হই নাই ওটা আমার ওপর এসে চেপেছিল।'
এবার দুই চোর কিংবা দুই প্রেমিকদের গল্প।

প্রথম গল্প

কিসমত জোয়ার্দার প্রিসিলা অ্যান্ড আরনেস্ট হাউজিং কোম্পানি নৈশ প্রহরী হলেও বৃহস্পতিবার রাতে চুরি করে আর শুক্রবার সারাদিন ঘুমায়, তবে জুমার নামাজ আদায় করতে ভোলে না।
গেল বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ সে তার ফ্ল্যাট থেকে দশ বারোটা বাড়ি দূরে একতলা একটা বাড়িতে গিয়ে ঢোকে। বাড়ির মালকিন শুভ্রা হক রিমঝিম রেডিওর আর জে। প্রতিরাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত একটা সঙ্গীতানুষ্ঠানের অ্যাংকরিং করে। শ্রোতাদের পছন্দ মতো গান বাজিয়ে শোনায় সে । নিজে সে গান ভালবাসে, গাইতেও পারে। তবে অনুষ্ঠান পরিচালনার সময় গায় না খুব একটা। এই যেমন ধরুন সে বলে, এখন যে গানটি বাজানো হবে সেটির জন্যে অনুরোধ করেছেন উত্তরা থেকে টিংকু গানটি তিনি তার মনের মানুষ অন্বেষাকে ডেডিকেট করেছেন তার ২০ তম জন্মদিনে। গানের প্রথম লাইন, না সজনী না। এই না সজনী না অবধি গেয়ে সে থেমে যায়, প্লে হতে থাকে পাপিয়া সরোয়ারের কণ্ঠে বিখ্যাত রবীন্দ্র সঙ্গীতটি। গান শেষ হলে সে নানা বিষয়ে শ্রোতাদের উদ্দেশ্যে খানিকটা বকবক করে তারপর অন্য গানে চলে যায়। মাঝে মধ্যে বিজ্ঞাপন বাজে।
শুভ্রার স্বামী রফিকুল হক একটা গার্মেন্টস ফ্যক্টরির কর্মকর্তা। প্রায়ই গভীর রাতে বাড়ি ফেরে। মাঝে মাঝে ঢাকার বাইরেও যায়। সেই রাতে সে বাসায় ছিল না, চট্টগ্রাম গিয়েছিল।
কিসমত জোর্য়াদারের এসব মুখস্ত। গোয়েন্দাগিরি করে সব খবর রাখে সে। তা আমাদের বৃহস্পতিবারের চোর কাম নৈশ প্রহরী গ্রিল কেটে বাড়িতে ঢুকে শুভ্রার বুকে বড়সড়ো একটা ছুরি ধরে কর্কশ কণ্ঠে চেচিয়ে ওঠে, 'ট্যাকা-পয়সা, গয়নাগাটি যা আছে সব দিয়া ফালান। নাইলে বুঝতেই পারতাছেন, …।'ওই হুমকির মুখে শুভ্রা সোনাদানা আর বাসায় রাখা টাকা-পয়সা চোরকে দিয়ে দিল। বলল, 'যা ছিল মূল্যবান সবই দিলাম, খবরদাার আমার মেয়ে শিউলির দশ হাত দূরে থাকবে, না হলে খবর করে ছাড়ব তোমার।'
এত কিছুর পরও কিছুক্ষণের মধ্যেই শিউলি কিসমতের কাছে গেল। জাদু-মন্ত্র বলে কিসমতের মন গলিয়ে ফেলল সে। শুভ্রা খুব অবাক হলো তা দেখে। মেয়েকে মৃদু একটা ধমক লাগিয়ে বলল, 'এসব কী হচ্ছে শিউলি অ্যা ?' ও কথায় কান না-দিয়ে সে সদ্য কেনা তার একটা পুতুল কিসমতকে দেখাতে ব্যস্ত হয়ে পড়ল।
সোনা-দানা আর টাকা-পয়সা হাতে পেয়েও কিসমত ও বাড়ি থেকে এক পা-ও নড়ল না। ভাবল এতো তাড়া কিসের? ওর স্বামী বাবাজির আসতে-আসতে সেই শুক্রবার রাত। মেয়েটার সান্নিধ্যে ভালই তো কাটছে তার সময়। সে শুভ্রার ওপর হুকুম জারি করে বলল, 'জলদি কইরা একটা লুঙ্গি দেন আমারে, আর পোলাও-কোরমা কিছু রান্না করেন; অনেক দিন ভাল কিছু খাই না। মিষ্টি কুমড়ার ঘন্ট আর চাষের পাঙ্গাশ মাছ খাইতে-খাইতে এক্কেবারে অরুচি ধইরা গেছে।
'আর ভাল কথা। চমৎকার দেইখা কিছু গান চালাইয়া দেন-পল্লী গীতি, ভাটিয়ালি, লালন শা, করিম সাহেব, উকিল মুন্সী এই সব হইলে ভাল, না থাকলে আপনে গো রবিঠাকুর হইলেও চলবে,…. গান ছাড়া কিন্তু আমার বাচন মুশকিল।'
এ-কথা শুনে শুভ্রা হক খানিকটা ভ্র কুচকায়। পরক্ষণেই একটা হাসির আভাস দেখা দেয় তার চোখে-মুখে। ভাবে চোর হলে কী তবে সঙ্গীতে রুচি ভাল। সে পোলাও আর খাসির কালিয়া তৈরির সিদ্ধান্ত নেয়। কিসমত ওদের টেলিফোনের লাইনটা কেটে দেওয়ায় শুভ্রা খুব ফাঁপরে পড়ে। কাজ করতে-করতে শিউলির জন্যে খুব ভাবনা হয় তার। দূর থেকে দেখে চোরের সঙ্গে খেলায় ব্যস্ত তার মেয়ে। সে গুণ গুণ করে একটা গানের কলি ভেজে চলে- বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখি কবে, …। তা শুনে কিসমত অবাক হয়। এতো রিমঝিম রেডিওতে তার প্রিয় অনুষ্ঠান 'রাতভর' গান এর আর জে শুভ্রা হকের গলা। অনুষ্ঠানটা সে নিয়মিত শোনে। মাঝে মধ্যে অনুরোধও পাঠায়। ওই তো সেদিন তার অনুরোধে শুভ্রা মমতাজের গাওয়া লালন গীতি– আঁধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি নাই সেখানে বাজিয়ে শোনাল।
চোরের সঙ্গীত প্রীতিতে শুভ্রা মুগ্ধ হয়, আর তখনই সে সাংঘাতিক অনুশোচনার মধ্যে পড়ে যায়। চোর তার কাছে এক গ্লাস পানি চাইলে ছল করে তার গ্লাসে কটা ঘুমের বড়ি মিশিয়ে দিয়েছে আর চোর বাবাজি সেটা খেয়েও নিয়েছে। কিন্তু শুভ্রা বড় একটা ভুল করে বসেছিল- বড়িওয়ালা গ্লাসের পানি সে নিজে খেয়ে বড়িহীন গ্লাসের পানি চোরকে দিয়েছিল, ফলে অচিরেই সে ঘুমের রাজ্যে চলে গিয়েছিল।
পরের দিন সুখ নিদ্রা থেকে উঠে শুভ্রা সুন্দর একটা শাড়ি পরল। সাজগোজ করে একটুখানি সুরভি মাখালো তারপর বাইরে তাকিয়ে দেখল, শিউলি আর চোরটা বাগানে খেলছে। টেবিলে তার নাশতা ঢাকা দেওয়া। এটা নিশ্চয়ই চোরের কান্ড। ডিমের জর্দা, বেগুনের চাক ভাজি আর পরোটাটা চমৎকার হয়েছে। পটে রাখা চা টাও ভাল লাগল তার, কারণ দুধ-চিনি পরিমাণ মতো দেওয়া হয়েছে। সে ভেবে অবাক হলো এ-রকম একজন মানুষ এত ভাল রান্না করল কী করে। লোকটাকে ভাল করে দেখার জন্যে বাইরে তাকাল। লম্বা। শরীর স্বাস্থ্য ভাল। গায়ের রং ফর্সা না হলেও ফর্সার কাছাকাছি। ব্যাক ব্রাশ করা চুল, তবে গোঁফ আছে। সব মিলিয়ে সুদর্শনই বলা যায় লোকটাকে। তখন শুভ্রার শরীর-মনে অদ্ভূত রকমের সুখানুভূতির হাওয়া বয়ে গেল।
সেই সময় কলিংবেল বেজে উঠল। দরজা খুলে শুভ্রা দেখল, তার প্রিয় বান্ধবী মিলি। পাশের একটা ফ্ল্যাটে থাকে। বলল, 'আজ আমাদের সঙ্গে খাবি। কোনো অকেশন নেই, এমনি। রফিক ভাই কোথায় রে ?'
'আজ তো পারব না রে মিলি। তোর রফিক ভাই চট্টগ্রামে। তাছাড়া শিউলির শরীরটাও বেশি ভাল না।' একথা শুনে মিলি চলে গেল, স্বস্তির নিঃশ্বাস ছাড়ল শুভ্রা। অতঃপর তিন জনে মিলে শুক্রবারটা উপভোগ করতে চাইল। শুভ্রা জানতে পারল কিসমত রাধারমণের ভ্রমর কইয়ো গিয়া গানটা খুব ভাল গাইতে পারে, কারণ সম্প্রতি ইমন চক্রবর্তীর কন্ঠে গানটা শুনে সে হুবহু নকল করেছে। ইমনের গানটা শোনেনি বলে শুভ্রার আফসোস হলো খানিকটা। তবে সে দিলরূবা খানের গলায় গানটা শুনেছে, গাইতেও পারে। কিসমত গানটার সাথে তাকে গলা মেলাতে অনুরোধ জানালে সে না করতে পারল না।
শিউলি গানে অংশ নিল, খুব করে হাত তালি টালি দিল, তারপর এক সময় ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর শুভ্রা ও কিসমতের চোখও লেগে এল। ড্রইং রুমের একটা সোফার ওপর ঢলে পড়ল তারা।
শুভ্রার নিষেধ অমান্য করে কিসমত যা কিছু নিয়েছিল তার সবটা ফিরিয়ে দিল, আর চোরের উপদ্রব থেকে কী করে রক্ষা পাওয়া যায় সে-বিষয়ে লম্বা একটা বক্তৃতা দিয়ে ফেলল।
কোনো রকম দুঃখ-বেদনা বা বিষাদে আক্রান্ত না হয়ে কিসমত দুই নারীকে বিদায় জানিয়ে ওই বাড়ি থেকে ধীরে-ধীরে বেরিয়ে গেল। শুভ্রা অনেকক্ষণ ধরে তার গমন পথের দিকে তাকিয়ে রইল। কিসমত খানিকটা দূরে চলে গেলে শুভ্রা চিৎকার করে বলল, 'এ্যাই, এ্যাই শোন, আগামী বিষ্যুৎবারও কিন্তু রফিক বাসায় থাকবে না, খুলনা যাবে,…।'
তখন ধীরে-ধীরে পৃথিবীতে অন্ধকার নামছিল। বাড়ির পথে হাঁটতে-হাঁটতে কিসমত শাহ আবদুল করিমের বিখ্যাত গান- বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে গাইছিল। তার চোখে-মুখে ছিল অপার আনন্দের আভাস।

দ্বিতীয় গল্প

'কী বললি? চুরি হয়েছে তোর ফ্ল্যাটে ? কে চুরি করল? কী কী নিয়েছে?'
'একটা লোক আমার সবকিছু চুরি করে নিয়ে গেছে। প্রথমে সে আমার মন চুরি করে, তারপর আমার সঙ্গে দেখা করতে আসে আমার ফ্ল্যাটে, তারপর আমার ল্যাপটপ, আ্যান্টিক শো পিস, ইমিটেশনের গহনা, ইজিপশিয়ান মুখোশ সব নিয়ে যায়।'
'দাঁড়া, দাঁড়া, প্রথমে লোকটা তোর মন চুরি করল, তারপর জিনিস। ও রকম ধাড়ি চোরকে ভালবাসতে গেলি কেন অ্যা?'
'ও-যে চোর জানব কেমন করে? কিছু বুঝে ওঠার আগেই তো দেখি চলে গেছে,….'
'দেখতে বুঝি খুব হ্যান্ডসাম ছিল? না হলে পয়লা চোটেই অমোন পটে গেলি কী করে? একেবারে মাথা ঘুরিয়ে দেবার মতোন সুপুরুষ? তোর ওই আগের হারামজাদাটার চেয়েও সুন্দর? শোন ছুঁড়ি, তোরে একটা কথা কই, আমার না কথাটাÑমহাতœা শেক্সপীয়র সাহেবের-লাভ অল, ট্রাস্ট অ্যা ফিউ, ডু রং টু নান।
টেলিফোনে আমার এতো সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার বান্ধবী হিমশিম খেয়ে গিয়েছিল। খেলে কী হবে? সব তো জানতে হবে, নাকি ?
আমার বান্ধবী ছিল খুবই সুন্দরী। যাকে বলে ছেলেদের পাগল করে তোলার মতো সুন্দরী। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ অনার্সে পড়বার সময় ওর প্রেমে পড়েনি এমন ছেলে আমি দেখিনি। আমি ওর সহপাঠী ছিলাম। গোটা দশেক তো আমার কাছেই এসেছিল দূতিয়ালির অনুরোধ নিয়ে। আমি সাফ মানা করে দিয়েছিÑ ও সব প্রেম ট্রেমের মধ্যে আমি নেই! আমি মানা করলে কী হবে, ওসবে লোকের অভাব হয় না। ক এটা দিচ্ছে, খ সেটা দিচ্ছে, গ চাইনিজে নিয়ে যাচ্ছে তো ঘ নিয়ে যাচ্ছে বুফ্যেতে।
আমার বান্ধবী ছিল বোকা কিসিমের মেয়ে। এক লালটু মার্কা তাকে পটিয়ে ফেলল ফেরেপবাজ এক দূতের মাধ্যমে। ওমা, কিছুদিন পরেই বিয়ে। ছেলের বাপের ভাল পয়সা পাতি ছিল; কিন্তু ছেলে একেবারে অকর্মার ধাড়ি। এসব নিয়ে বাপ-মায়ের সঙ্গে রেগুলার ঝগড়া ঝাটি। আমার বান্ধবীও জুটে ছিল তাদের সঙ্গেÑ চাকরি কর নাইলে ব্যবসা। বসে থাকা চলবে না। লালটুস একেবারে ঝালাপালা।
কিছুদিন পর হেরোইন ধরল। আর যাবে কোথায় ? ছাইপাশ খেয়ে এসে বউকে পেটায় আর ঝিম ধরে পড়ে থাকে। শেষে নেশা কাটানোর হাসপাতালে ভর্তি করা হলো; কিন্তু ওই হারামজাদার ঘাড়ের বড় রগটা ছিল ত্যাড়া। পালালো হাসপাতাল থেকে। আবার সেই বাড়ি। আবার নেশা। বউকে পেটায়, বাবা-মাকে কিল-ঘুষি মারে, একেবারে যাচ্ছে তাই অবস্থা। আপনারা তো জানেন, এক বার কারও শরীরে হেরোইন ঢুকলে সে আর মানুষ থাকে না। শেষ পর্যন্ত ছাড়াছাড়ি।
আমার বান্ধবী এল বাপের বাড়িতে। সেখানে বাবা-মা ছাড়াও দুই ভাই আর দু ভাবি। তারা বিবাহিত সোমত্ত মেয়ের বাাড়ি ফেরাকে বরদাস্ত করতে পারল না। বাবা-মাও ছেলে আর ছেলের বউদের বিপক্ষে যেতে পারল না।
আমার বান্ধবী বোকা কিসিমের হলেও কঠিন পার্সেনালিটির মেয়ে ছিল। ছাত্রী হিসেবেও সে ছিল খুব ভাল। অনার্স-মাস্টার্স দুটোতেই ফার্স্ট ক্লাশ পেয়েছিল। তার জোরে চমৎকার একটা চাকরি বাগিয়ে নীলক্ষেতের মহিলা হোস্টেলে উঠে গেল। এর কিছু দিন পরে লোন নিয়ে শ্যামলীতে কিনল চমৎকার একটা ফ্ল্যাট, অফিস থেকে গাড়িও পেল। আমার বান্ধবীর জীবনে অপার ইহজগতিক সুখ নেমে এল। কিন্তু মনে শান্তি ছিল না। দেহে ছিল অশেষ কøান্তি আর ক্লেশÑ ছিল নিঃসঙ্গতার যন্ত্রণা, একাকীত্বের জ্বালা।

সেই সময় আমার বান্ধবী ফেসবুকে আসক্ত হয়। জানেনই তো ফেসবুকের নেশা হেরাইনের নেশার চেয়ে কোনো অংশ কম নয়। ওখানেই ওই চোরটার সঙ্গে পরিচয়। দীর্ঘ দিন প্রেম ট্রেমের পর চোর আমার বান্ধবীর ফ্ল্যাটে আসার বাসনা ব্যক্ত করল। দু চার সপ্তাহ আর দুচার মাস কোনো রকমে কাটানি দিয়ে শেষাবধি আর তাকে রুখতে পারল না আমার বান্ধবী চোরকে ফ্ল্যাটে আমন্ত্রণ জানাল। আমাকে খবর না-দিয়ে ফ্ল্যাটে প্রেমিক ঢুকিয়ে আমার বান্ধবী বিরাট ভুল করেছিল। প্রেমে পড়লে বোকা হয় চালাক আর চালাক হয় বোকা। আমার বান্ধবী হয়েছিল চালাক, তাই আমার কথা মনে পড়েনি তার।
তবে তার ওই বিপদের কথা শুনে অভিমান টভিমান ভুলে তার ফ্ল্যাটে ছুটে গিয়েছিলাম। আমার বান্ধবী কেঁদেকেটে একসা। প্রথমত ধোকা যাওয়ার শোক, দ্বিতীয়ত জিনিস হারানোর বেদনা।
আমি আর দেরি করিনি সোজা আদারব থানায় গিয়ে একখানা জেনারেল ডাইরি ঠুকে দিয়েছি ফেসবুক থেকে নেওয়া চোরের ছবিটবি সহ। সব শুনে ওসি সাহেব হেসে খুন। ফেসবুকের মানুষকে এত বিশ্বাস? কিন্তু ও ব্যাটা তো আর প্রেমে পড়েনি, ওসবের সে বুঝবে কী। যা বুঝবার তা হাড়ে হাড়ে বুঝেছে আমার বান্ধবী।
ওসি ভদ্রলোক অবশ্য দ্রুত ব্যবস্থা নিয়েছিলেন। পরের দিন বমাল আটক হয়েছিল চোর। চোর অবশ্য বলেছিল ভিন্নকথা। জিনিসপত্র ফেরৎ দিতে সে নাকি আমার বান্ধবীর ফ্ল্যাটে যাচ্ছিল, পথি মধ্যে গ্রেপ্তার হয়।
ওসি সাহেবের ফোন পেয়ে আমি আর আমার বান্ধবী থানায় গিয়েছিলাম। লজ্জায় সে লোকটার মুখোমুখি হতে পারছিল না। আর আমি তার চেহারা সুরত দেখে ভিমরি খাচ্ছিলাম বার বার – সাক্ষাৎ কার্তিক ঠাকুর। এ-রকম সুদর্শন মানুষ কমই আমার চোখে পড়েছে। দিব্যি করে বলতে পারি সুযোগ পেলে আমিও ওই ব্যাটার প্রেমে পড়তাম। এ রকম একজন মানুষ চুরি করে কী ভাবে- ছ্যা ছ্যা ছ্যা। ঘেন্নায় মরে যাই একেবারে। বান্ধবীকে চওড়া একটা ধমকানি দিয়ে বললাম, 'চুরি করল ওই ব্যাটা আর লজ্জা পাচ্ছিস তুই। ঢং দেখে আর বাচিনে।'
আমার বান্ধবী বলল, 'লজ্জা পাচ্ছি কেন জানিস? প্রেম করবার সময় ওই লোকটাকে কত কী না বলেছি, সব আবেগের কথা, কী বুঝলি?'

'চুপ কর। ঢের হয়েছে। এবার ওই ব্যাটাকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। চুরি করার আর জায়গা পেল না, একেবারে প্রেমিকার বাড়িতে, ছি করো ছি।'
রাগে আমার শরীর কিচকিচ করছিল। ঘামাচি হলে যে-রকমটা হয়। ওসি সাহেবকে বললাম, 'ওই ব্যাটার সঙ্গে একটু কথা বলতে পারি ?'
'কেন জেরা করবেন নাকি ? তা করুন না।'
সত্যিকথা বলতে কী লোকটার সঙ্গে কথা বলতেই সংকোচ হচ্ছিল। তার পরও সাহসে বুক বেঁধে বললাম, 'ওই মিয়া, আমার বান্ধবী আপনেরে জিগায় নাইÑডু ইউ লাভ মি? রিয়েল অর নট রিয়েল? আপনে বলেন নাই-রিয়েল। চোর হইয়া এসব কথা আপনার মুখে মানায় না। দেখতে তো মনে হয় ভদ্রলোক। চুরি ছাড়তে পারেন না ?'
চোরটা বলে কিনা, আমি তাকে সত্যিই খুব ভালবাসি বুঝলেন। তবে আমি হচ্ছি 'ক্লিপটোমেনিয়ার ভয়াবহ এক রোগী। ইচ্ছা করলেই ওসব ছাড়তে পারি না।'
'ক্লিপটোমেনিয়া?'
'ইয়েস, ক্লিপটোমেনিয়া। কেতাবে লেখা আছে-ক্লিপটোমেনিয়া ইজ দ্য ইনঅ্যাবিলিটি টু রিফরেইন ফ্রম দ্য আর্জ টু স্টিল আইটেমস অ্যান্ড ইজ ডান ফর রিজন্স আদার দ্যান পার্সেনাল ইয়ুজ অর ফাইনাসিয়াল গেইন। দাঁড়ান, এর আর একটা নাম আছে– অবসেসিভ কমপালসিভ স্পেকট্রাম ডিস অর্ডার, তবে এটা নিয়ে বিতর্ক আছে।'
ক্লিপটোমেনিয়া বলুন আর যা-ই বলুন, লোকটার কাছ থেকে যখন উঠে এলাম, মনেই হলো না একটা চোরের সঙ্গে কথা বলছিলাম।…

প্রিয় পাঠক, প্রথম গল্পটা আমার নয়, ভূবন-বিখ্যাত এক লেখকের। আমি ভাষা আর নামধাম বদল করে বর্ণনা করেছি মাত্র। আপনারাই বলুন না গল্পটা কার লেখা? প্রশ্নটার প্রথম তিন সঠিক উত্তরদাতার জন্যে রয়েছে উপহারের বন্দোবস্ত। নাম, ঠিকানা, মোবাইল ফোন আর ইমেইল নাম্বার সহ যোগাযোগ করুন-
dilwarh@live.com

Image
Flag Counter