২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দ্রালোকে ঘরে ফেরা

anwar_hossen

Published : 09 Jul 2015, 01:44 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

'জমিলার বিয়ে' ও 'প্রত্যুষে ওদের কথা'-র পর ত্রয়ী গল্পের শেষ কিস্তি।

ঘন গাছ-গাছালির পাতার ফাঁক গলে সোনালি রোদের রশ্মি এসে পড়েছে গুহামুখে। শেষ রাতের দু'জন যারা প্রহরায় ছিল তারা আর ঘুমুতে যায় না। আমাদের সবাই উঠে পড়েছে। শুধু ঘুমিয়ে থাকে রমজান। দিনের খাবার এসেছে যথারীতি। পনের জন মানুষের খাবার আজ নিয়ে তিন দিন ধরে। যারা খাবার পাঠাচ্ছে, তারা দরিদ্র। অনেকাংশেই অসহায়। অচেনা যুবকদের প্রতি তবু কেন এই মায়া? তখনই মনে হয় স্বাধীনতার স্পৃহাতো এক ঘোরের মত। আরাকানের ছোট এই জনপদের মুসলমান জনগোষ্ঠী সে ঘোরের মধ্যে পড়েছে। নাফ নদীর ওপার থেকে আসা পনের যুবক তাদের সে ঘোরে ফেলেছে। আজন্ম লালিত তাদের স্বপ্নে দোলা দিয়েছে অচেনা যুবকেরা। তাই ডাকাতের ভয়, খাদ্য কষ্ট – এসব আর তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেনা। খাবার নিয়ে আসা যুবক জানিয়ে গেল আজ রাতে নাফ নদী পাড়ি দেয়ার সম্ভাবনার কথা। শঙ্কার কথাও জানিয়েছে। মোক্তার ঘোষণা দিয়েছে, আমাদের নাফ নদী পার করিয়ে দিলে তার পরিণাম হবে ভয়াবহ।

রাত নেমেছে আরাকানে। খাবার সাঙ্গ হয়েছে। এবার অপেক্ষা নাফ নদী পেরিয়ে টেকনাফে ফিরে যাওয়ার। কিন্তু কেউতো আসছেনা আমাদের নিয়ে যেতে। কি হবে? আকাশে অষ্টমীর চাঁদ উজ্জ্বল। জ্যোৎস্না প্লাবিত করছে চারদিক। আর আমরা কিনা আটকে পড়া ইঁদুরের মত এই গুহায়?

'এভাবে বসে থাকা যায় না।'

সাঈদ ভাইয়ের এ কথায় নিজ নিজ ভাবনায় ছেদ পড়ে। রমজান অবাক হয়ে তাকায়। তার বোহেমিয়ান জীবনের সাথে এই যুবকের কোথায় যেন মিল পায়। কারো মতামতের অপেক্ষা না করে সাঈদ ভাই বেরিয়ে পড়ে। কি খবর আনবে সে? আমাদের অপেক্ষা শুরু হয়।

'ভাল খবরই আনবে সাঈদ।'

বাচ্চু ভাইয়ের এ প্রত্যয়ে গুহায় স্বস্থির দোলা লাগে। এতক্ষণের স্তব্ধ নীরবতা চুরচুর করে ভেঙ্গে পড়ে। তার জায়গায় কেমন এক প্রগলভতা পেয়ে বসে সবাইকে। মুক্তির সুবাতাসের আগাম সংবাদ দেহের স্নায়ুকোষগুলো কি পেয়ে গেছে? যেমন পায় পিঁপড়া, পোকা-মাকড় ও নিম্ন বর্গের প্রাণীকুল?

নানা গল্প চলে। আকা ফজলুল হকের ভাণ্ডারে কত কৌতুক জমে আছে।

'পাগলে পাগলামি করে কিন্তু মরিচ খায় না আর কারফিউর রাতে বাইরে যায়না।'

আকা'র এ মন্তব্যে প্রভূত আনন্দ পাই আমরা। ডাকাত রমজান বুদ্ধিমান। এ কৌতুকের গুঢ় অর্থটি সে ঠিকই ধরতে পারে। আমাদের ধরিয়ে দিলে তাদেরও খবর আছে। টেকনাফে তার ও মোক্তারের পরিবার আছে না। রমজানও অভয় দেয় আমাদের।

তারপরও এক অজানা আশঙ্কা আমাদের হাড়ে, মাংসে, অস্থিমজ্জায় এবং স্নায়ুতন্ত্রে ঘোরে ফেরে। ঘাড় গুজু করে চলা দু'পেয়ে বানরকুলের সোজা প্রবুদ্ধ মানুষ হয়ে উঠা কত লক্ষ বছরে সম্পন্ন হয়েছে। গুহাবাসী মানুষ বাড়ি-ঘর বসতি করেছে, প্রথমে অরণ্যে-পাহাড়ে পরে সমতলে, নদীকূলে-সাগরপাড়ে। কিন্তু প্রতিনিয়ত মৃত্যুভয় তাকে তাড়া করেছে। সেই আদিযুগ থেকে ভয় তাড়ানিয়া ধ্বনি শুধু নয়, কত চেষ্টা ও উদ্যমে নানা কৌশল সে আয়ত্ত করেছে, নিজেকে সজ্জিত করেছে কত অস্ত্রে। কত অভিযান, জয়ী হওয়া। তারপরও ভয়শূন্য হয় না মানুষ। অসহায়ই সে থাকে। মানুষই মানুষের মনে ভয় জাগায়, তাকে অসহায় করে। আমাদের মস্তিষ্কের ধুষর কোষে তার একটা রিলে দৌড় হয়ে গেল আরাকানের এই গুহায়।

সাঈদ ভাইয়ের চোখ পায়ে চলা পথ খোঁজে। জ্যোৎস্নায় তা পেয়েও যায়। লোকালয়ের আলোর সন্ধান করে। এভাবে সরু পায়ে চলা পথ ও দূরের আলো তাকে যেখানে নিয়ে আসে, সেখানে মনুষ্য বসতি আছে। বড় উঠোন ঘিরে ঘরের সারি। আরাকানের এই অরণ্যে মানুষকে যূথবদ্ধ হয়ে থাকতে হয়। প্রতিকূল অবস্থায় নিজেদের রক্ষায় এমন সঙ্গবদ্ধতা। ঘরের ঠিক বাইরে খড়ের বড় পারা। তার পেছনে বসেছে সাঈদ ভাই। একটি সভা চলছে উঠোনে। নারীরা বসেছে ঘরের দাওয়ায়। বিতর্ক চলছে। পনের অচেনা যুবককে নাফ নদীর ওপারে রেখে আসা হবে কি হবেনা। পক্ষে-বিপক্ষে মত আছে ঘোরতর। সাঈদ ভাই শুনতে পাচ্ছে সবই। এ বিতর্কের যেন শেষ নেই। কোন সময় এ পাল্লা ভারি তো পরক্ষনেই ও পাল্লা।

তার সঙ্গত কারণও আছে। যুক্তির কথা মানলে আমাদের নিরাপদে পার করে দেয়াটা বড় ঝুঁকির বটে। শুধু তাই নয়। সমূহ বিপদ তাতে। মোক্তারের রোষানলে পড়া, বর্মী বাহিনীর কাছে এ খবর পৌঁছালে তার পরিণতি। সবচেয়ে বড় কথা এই যুবকদের তারা চেনে না, জানে না। কি প্রয়োজন এদের সাহায্য করে নিজেদের বিপদে ফেলা। অপর দিকে আবেগ, ভালবাসা। অসহায় মানুষের প্রতি সাহায্যের হাতটি বাড়ানো। সর্বোপরি বহু বছর ধরে আরাকানের অরণ্যবাসীর মুক্তির প্রত্যাশা সমার্থক হয়ে ওঠে গুহায় আটকে পড়া যুবকদের মুক্তির সাথে। কোন দিকে যাবে অরণ্যের এই জনপদ? সাঈদ ভাইয়ের অপেক্ষার পালা দীর্ঘ হয়। কখনো মনে হয়, সোজা উঠানে গিয়ে দাঁড়ায়। কথা বলে। পরক্ষনেই দ্বিধা। সেই দোলাচলে সাঈদ ভাই অপেক্ষা করে।

তারপর এক অলৌকিক ঘটনা ঘটে যায়। উচ্চ নারীকণ্ঠে উঠোনের বিতর্ক স্তব্ধ হয়। সে কথা সংক্ষিপ্ত ও নির্ধারক। তা এক নির্দেশের মত সবার কানে বাজে। নারী বৃদ্ধা। কিন্তু তার গলা স্পষ্ট।

'এই পোলাগো লাই ভাত রাইনছি। অ্যাঁর পোলা হেই ভাত লই গেছে, খাবাইছে। এঁয়ারাবেগগুন অ্যাঁর পোয়া। আরার লাগি মা-বাপ ছাড়ি হেরা আইজ্যে অ্যাঁরার দেশত। তোয়ারা কথা ন খও। সড়কি, লাডি, বল্লম লই তৈরি হওঁ। অ্যাঁর পোয়াগো নদীর হেই পাড়ে থুই আস। যও, ত্বরা খর। এই আমার হুকুম।'

মুহূর্তে সাঙ্গ হয় সভা। এই নিশুথি রাতে জীবনের শ্রেষ্ঠ ভাষণটি শুনে সাঈদ ভাইয়ের চোখে পানি আসে। সাঈদ ভাই আড়াল থেকে দৃশ্যমান হয় এ সময়।

জীবকোষের মাইটোকন্ড্রিয়ার ডিএনএ আসে শুধু মাতার কাছ থেকে। কোন সেই আদি মাতা যার কাছ থেকে প্রথম মাইটোকন্ড্রিয়া এল সন্তানের দেহে? হোমিনিডের সৃষ্টি হলো? মাইটোকন্ড্রিয়ার ডিএনএ নিয়ে নানা পরীক্ষা থেকে এখন পর্যন্ত যা জানা গেছে তা হল সেই আদি মাতা আড়াই লক্ষ বছর আগের আফ্রিকার এক কালো নারী। তার থেকেই মানব জাতির সৃষ্টি। বিজ্ঞানীরা সঙ্গত ভাবেই সে নারীর নামকরণ করেছেন আফ্রিকান ঈভ। আরাকানের নিভৃত এই জনপদে সেই ঈভ হয়ে বনবিবি রূপে আবির্ভূত হয়েছেন বৃদ্ধা। সাঈদ ভাই তাঁকে কদমবুচি করে।

'ওঁনের হোগল কথা হুইনচি, অ্যাঁরর লাই দোয়া খরেন।'

বৃদ্ধা এই অচেনা যুবকের মাথায়, গালে হাত বুলিয়ে দেন গভীর মমতায়। সুরা পড়েন, ফু দেন মাথায়।

মধ্যরাত পার হয়ে গেলে পরে দূর থেকে ভেসে আসা এক কোলাহল আমরা শুনি। ক্রমে তা স্পষ্ট হয়। এই নিশুথি রাতে কারা কোলাহল করে? মোক্তারের ডাকাত দল কি ধেয়ে আসছে?

গুহার সামনে জড়ো হয়েছে বড়সড় একটি দল। সবার হাতে দেশীয় অস্ত্র। কিন্তু মোক্তার এগিয়ে আসে না। আসে সাঈদ ভাই। তার বিজয়ী হাসি মুহূর্তে সকল শঙ্কা দূর করে। এখন গুহার বাইরে সবাই। যদিও শত্রু বেষ্টিত আরাকানের প্রত্যন্ত গভীরে আমরা, তারপরও গুহার বাইরে স্নিগ্ধ জ্যোৎস্নায় আমরা মুক্তির সুবাতাস পেয়ে যাই। গ্রামবাসী দু'টো লাইনে দাঁড়িয়েছে। মাঝখানে ফাইল করে দাঁড়িয়েছি আমরা।

প্রথম দিনে দেখা বৃদ্ধ এগিয়ে আসেন।

'বাবারা ঘরত ফিরি যাও। যত্ন ন করিত পারি। কথ বড় ঘরের পোয়া তোয়ারা। অ্যাঁরার লাই দোয়া কইজ্জ।'

তারপর রওয়ানা হতে বলেন সবাইকে। নাফ নদী পার না হওয়া পর্যন্ত নদীর এপারে অপেক্ষার নির্দেশ দেন বৃদ্ধ।

'খোদা হাফেজ।'

বৃদ্ধের হাতের ইশারায় তিনটি সমান্তরাল লাইন চলতে শুরু করে। বৃদ্ধ তাকিয়ে থাকেন চন্দ্রালোকে অপসৃয়মান দলটির দিকে। তাঁর দৃষ্টি তখন হয়তো ঠিক সেখানেও নয়, তা নিবদ্ধ হয়েছে স্বপ্নের স্বাধীন আবাসভূমির দিকে যার কথা বলেছিল অচেনা যুবকেরা।

"মানুষ রবে না আর, রবে শুধু মানুষের স্বপ্ন তখন।"

চন্দ্রালোকে সেই স্বপ্নের ভুবনে প্রবেশ করেছেন বৃদ্ধ। স্বপ্ন যাত্রায় দু'পারের যুবকদের সাথে তিনিও সামিল হয়েছেন।