২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কমলার খালে বিয়ারের ক্যান

anwar_hossen

Published : 06 Jun 2015, 01:55 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

রুবেলের বয়স আঠার। ছিপছিপে লম্বা। গায়ের রং গাঁঢ় তামাটে। চেহারায় মায়া আছে। দুপুর সাড়ে তিনটার দিকে সে এল। নিঝুম দ্বীপের অধিকাংশ মানুষ এসেছে হাতিয়া থেকে। মুখের ভাষাও একই। তবে রুবেল পর্যটকদের সাথে পুরো কথ্য ভাষায় কথা বলে না।

'চলেন রওনা দেই।'

গতরাতে ডাকবাংলায় তার সাথে কথা হয়। নৌকায় আমাদের নিয়ে যাবে চিত্রা হরিণ দেখাতে। বিকেল ৪টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত আমরা থাকবো কেওড়া বনে। ভাড়া ঠিক হয়েছে চারশো টাকা।

'কমলার খাল'টির এমন নাম কেন হল, তা জানতে চেয়েছি রুবেলের কাছে। সে অবশ্য তেমন কিছু বলতে পারেনি। কমলা নামের কোন মেয়ে কি এই খালে ডুবে মরে গিয়েছিল? তো, এই খাল ধরেই আমাদের যেতে হবে। ভাটা শেষ হয়ে জোয়ার আসার সময় হয়ে এসেছে।

খাল পাড়ে এসে বিপত্তিতেই পড়লাম। থকথকে কাদা পেরিয়ে নৌকায় উঠতে হবে। ভাটায় নৌকার নিচে এখন পানি সামান্যই। নৌকায়ই বা পানিতে নামবে কি করে! রুবেলের বড় ভাই সোহেলও আছে। ওরা পিঠাপিঠি ভাই। রুবেলের চাইতে অল্প একটু লম্বা। দু'জনের বাক্যালাপে ভাইয়ের চেয়ে বন্ধুভাবটি বেশী দেখা গেল। সোহেল মৃদুভাষী। আমাদের সাথে কথা রুবেলই বলে।

'স্যান্ডেল হাতে লন, প্যান্ট গুটাই উপরে উঠান।'

'নৌকাতো কাদার উপর, পানিতে নামাবে কি করে?'

'আপনেরা বইলে আমরা দুই জনে ঠেলি নামামু।'

কমলার খালের কাদা গাঁঢ় ছাই বর্ণের। নোনা পানির জোয়ার-ভাটায় কাদায় একটা মোলায়েম ভাব এসেছে। কোথাও সামান্য কোন ময়লা নেই। একেবারে ধোয়ামোছা। কাদায় পা দিতেই প্রায় হাঁটু অবধি গেড়ে গেল। তবে নোনা নরম কাদায় পা ফেলতে এক শিহরণ বোধ করি। মনে পড়ল ১৯৭১ সালের ২৭ মার্চ ঢাকার ধোলাই খালে ডোবানো নৌকা উঠিয়ে বুড়িগঙ্গা পার করিয়ে ছিলেন গেণ্ডারিয়ার ঢাকাইয়া আত্মীয়। সেদিনও কাদায় নামতে হয়েছিল। যতদূর মনে পড়ে পানি ছিল পরিষ্কার, কাদায় নোংরাও তেমন ছিল না। সে ধোলাই খাল এখন সভ্যতার বর্জ্যে পুতি-দুর্গন্ধময়। বুড়িগঙ্গার পানি কাল আলকাতরা।

'পা ঝুলাই বসেন। পানিত গেলে প্যাক ধুই ফালাইবেন।'

আমার সাথী প্রীতম বাংলার ছাত্র। উচ্চ-মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান পড়লেও বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য পড়ছে নিজ ইচ্ছাতেই। আপতিক ভাবেই আমার সাথী হয়েছে। রুবেল ও সোহেল পিচ্ছিল কাদার উপর দিয়ে বেশ আয়েশেই নৌকা ঠেলে পানিতে নামাল। নোনা পানিতে দু'পায়ের আন্দোলনে কাদা ধুয়ে আমরা নৌকায় জুত হয়ে বসেছি।

শীতের সূর্য এখনো উজ্জ্বল। তবে তার তাপ মনোরম। কমলার খালের পূর্ব পাড় ধরে ঘন কেওড়া বন। পশ্চিম পাড়ে বিস্তীর্ণ চর। গাছ-গাছালি দেখে বোঝা যায় মানুষের বসতি আছে। বৈঠা হাতে দুই ভাই দু'দিকে বসেছে। নৌকা চলছে মৃদু-মন্দ লয়ে। সামনে বঙ্গোপসাগরকে বাঁয়ে ফেলে কমলার খাল গিয়ে পড়বে চৌধুরীর খালে। বিত্তশালী চৌধুরী বাড়ি নামা বাজারের কাছেই। বহু বছর আগে এ বাড়ির এক চৌধুরীর নামে খালের নামকরণ।

কমলার খালে আমরা চলব প্রায় দুই কিলোমিটার। গরু-মহিষের পাল দিনের ভোজন শেষে পুবের বন থেকে পশ্চিমে যাচ্ছে আলাদা আলাদা গোত্রে। একজন করে রাখাল আছে পালগুলোর সাথে। পশুগুলো বলবান। সারাদিন বন আর লাগোয়া খোলা মাঠে লতাপাতা-ঘাস খেয়ে তাদের চেহারায় একটা পরিতৃপ্তির ভাব এসেছে। মাঘ মাস হলেও বঙ্গোপসাগরের এই দ্বীপে তাপমাত্রা বসন্তকালের মতই। গরু-মহিশের পাল খালের নোনা পানিতে গা ডুবিয়ে আরাম পাচ্ছে বলেই মনে হল। ধীর লয়ে তারা খাল পেরুচ্ছে। খুব প্রশস্থ নয় কমলার খাল। দুই রাখাল বালক রুবেল-সোহেলের পরিচিত। ওরা নৌকায় তাদের খাল পার করে দিল। দিনের শেষ বিকেলে রাখালদের কাপড় ভিজাতে হলো না।

কমলার খালে আমাদের ডিঙ্গির পেছনে বড় একটি নৌকায় যুবকের এক দলও আছে। গতকাল ওদের সাথে একটু কথা হয়েছিল। সদ্য লেখাপড়া শেষ করে চাকুরী অথবা ব্যবসা করে। উচ্চ প্রবৃদ্ধির বাংলাদেশে স্মার্ট তরুণেরা প্রথম যৌবনেই যে সচ্ছলতার দেখা পাচ্ছে, তা এই যুবকদের সাথে কথা বলে বুঝতে পারি। রুবেল-সোহেল ওদের পছন্দ করছে না। দু'ভাইয়ের কথায় তা বোঝা যাচ্ছিল।

'কি করেছে ওরা? কেন ওদের পছন্দ কর না?'

'বড় থুপথাপ করে। ভাড়া লই ক্যাচাল করে। মানুষ ভাল না হেতারা।'

অপছন্দের আরও কারণ বলল ওরা।

'হরিণ দেখতে হইলে চুপে-চাপে যাইতে হয়। এমন হই-হল্লা কইরল্লে হরিণ দেহন লাইগত ন।'

যুবকদের নৌকার দুই তরুণ মাঝি রুবেলদের পরিচিত। এক বিচিত্র ভাষায় ওদের সাথে রুবেলের কথা হয়।

'কোন ভাষায় কথা বললে ওই মাঝিদের সাথে? কি কথা হল?'

মৃদু হাসি ওদের মুখে।

'আন্নেরা বুঝতে পাইরবেন না। অ্যাঁরার গোপন ভাষা। অ্যাঁরাই হুদু বুঝি। কই দিছি হ্যাঁগোরে লই যেন সামনের খাল দি ডাইনমুড় নেয়। অ্যাঁরা যাইউম সামনে।'

নৌকা থামিয়ে দিল রুবেল-সোহেল। যুবকেরা জানতে চাইলে বলল, আর সামনে যাবে না। ওদের নৌকা ডানের খাল ধরে অনেকটা চলে গেলে পর, বৈঠা চালালো রুবেল-সোহেল। তরতরিয়ে নৌকা পড়ল আরও সামনে চৌধুরীর খালে।

এখন আমদের বায়ে দিগন্ত প্রসারিত মাঠ। সবুজ ঘাসের ডগায় শেষ বিকেলের রোদ পড়েছে। দূরে কেওড়া বন। সেখান থেকে চিত্রা হরিণের পাল নামবে এই মাঠে, সবুজ ঘাসে। আমরা যাচ্ছি তাদের দেখতে।

খাল বেয়ে আমাদের নৌকা এখন বনের পাশ দিয়ে যাচ্ছে। এর মধ্যে দূরে ওদের দেখা গেল। কেওড়া বন থেকে বেরিয়ে চিত্রা হরিণের দল মাঠে নামছে। রুবেলের চোখের তারায় অন্য আলো দেখি। ইশারায় দেখালো সবুজ ঘাসের মাঠে বিচরণরত হরিণদের। তারা আমাদের দেখতে না পায়, এমন জায়গায় নৌকা থামে। গুটি পায়ে আমরা কেওড়া বনে প্রবেশ করি। চারদিকে ছড়ানো কেওড়ার শ্বাসমূল এড়িয়ে গাছের আড়ালে আড়ালে আমরা এগুই নিঃশব্দে। হরিণের কান বড় খাড়া। তারা বহুদূরের শব্দও শুনতে পায়। আমরা মাটিতে বসেছি। আরও হরিণেরা বের হচ্ছে মাঠে। রুবেল ফিসফিস করে জানালো শতশত হরিণ নামবে এই মাঠে। শুধু ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতে হবে। আমার সাথের ছাত্রটি উত্তেজিত। এত কাছে থেকে হরিণ দেখা! আর হয়তো আধঘণ্টা। তারপর পশ্চিমের সূর্য ডুবতে শুরু করবে। গাছের আড়াল থেকে আমরা ছবি তুলতে শুরু করি। তাতে কিছু নাড়াচড়া, কিছু শব্দও হয়। মুহূর্তে কান খাড়া করে হরিণের দল। তাদের ষষ্ট ইন্দ্রিয় আমাদের চাইতে প্রখর। রুবেলের চেহারায় বিরক্তির রেখা। আমরা সংযত হই। মনে ভাবি, আমাদের চাইতে কত বেশী ধৈর্য নিঝুম দ্বীপের হতদরিদ্র, নিরক্ষর দুই যুবকের। হরিণের প্রতি মায়াও কত বেশী।

এখন সাঁজের বেলা। মনের সুখে হরিণেরা ঘাস খেয়ে চলে। ভুলটি আমিই করি। ভাল করে ছবি তুলতে গিয়ে গাছকে আড়াল করে দাঁড়াই। মুহূর্তে বড় চাঞ্চল্য দেখা যায় হরিণের দলে। ডেকেও ওঠে অনেকে। তারপর ঊর্ধ্বশ্বাসে তাদের বনে প্রবেশ। হায় হায় করে ওঠে রুবেল ও সোহেল।

'আন্নেরা এ কি কইল্লেন? আরও কত হরিণ নাইমত। হেরা ত ঘাস খাইবার লাই হারাদিন পথ চাই রইছিল।'

নৌকাচালক দুইভাই স্থির করেছিল, চাঁদের আলোয় হরিণ দেখাবে খুব কাছে থেকে। আমার অধৈর্য ও বিবেচনাহীন আচরণে তা হলো না। লজ্জিতই বোধ করলাম। আমরা শিক্ষিত-জনেরা প্রকৃতির পশু-পাখি, গাছ-গাছালি, কীট-পতঙ্গের সুরক্ষায় কত কথা বলি, লিখি। সভা-সেমিনার করি। কিন্তু এই সন্ধ্যায় মনে হলো, প্রকৃতির প্রতি আমাদের ভালবাসায় খাদ আছে।

আমরা আবার নৌকায় উঠে বসেছি। সূর্য অস্তগামী। পশ্চিম আকাশে ডুবে যাবার পর এখনও কিছুটা আলো আছে নিঝুম দ্বীপের খালে। নৌকা এগিয়ে চলেছে। সামনের খাল থেকে যুবকদের নৌকাও বের হয়েছে। চলছে আমদের সামনে। জানালো তারা কাছ থেকে হরিণ দেখতে পায়নি। রুবেল-সোহেলদের মুখে মৃদু কৌতুকের হাসি আমাদের চোখ এড়ায়না।

নানা কথা হয় রুবেলদের সাথে। তাদের জন্ম এই দ্বীপে হলেও বাবা-মা এখানে বসতি গড়েছে হাতিয়া থেকে এসে। ওরা ছয় ভাই ও দুই বোন। বড় ভাই ও বোনদের বিয়ে হয়েছে। ওদের সংসার আলাদা। বাকি ভাইরা বাবা-মার সাথেই থাকে। বাবা বুড়ো হয়েছেন। তাকে আর কাজ করতে দেয়না ছেলেরা। বড় তিনভাই গভীর সাগরে যায় জেলে দলের সাথে। নিজেদের জাল বা নৌকা নেই। মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে ভাড়ায় নেয় নৌকা ও জাল। সেগুলোর মালিক ওই মহাজনরাই। হরিণের কথা জিজ্ঞাসা করি। তারা নিশ্চয়ই হরিণ মারে মাংসের জন্য, বিক্রির জন্য।

তারা বলে, আমরা একসাথে এই দ্বীপে থাকি। কেন তাদের মারবো? ওরা না থাকলে তো বাইরে থেকে এই দ্বীপে কেউ আসবে না। আরও একটা কথা বলে।

'আন্নেরার মতন মানুষেরা আংগোরে কয় হরিণের মাংস যোগাড় করি দিতে। চামড়ার, শিঙের ব্যবস্থা কইরতে। লোভে পড়ি কেউ কইত্ত্যও পারে। তয় জাইনলে খবর আছে। অ্যাঁরা পুলিশে খবর দেই। অ্যাঁরা যদি হরিণ মাইত্তাম, তয় আন্নেরা অত হরিণ দেইকতেন?'

রুবেলের কথাকে বানানো মনে হয় না।

প্রায় অন্ধকার হয়ে এসেছে। হটাতই রুবেল নিচু হয়ে পানি থেকে যা উঠালো, তা বিয়ারের একটি খালি ক্যান।
'দেহেন, বিয়ার খাইছে খাইছে, আবার ক্যান হালাইছে হানিত।'
শুরুতে বর্জ্যমুক্ত কমলার খালের কথা বলেছি। সেটা যে শুধু জোয়ার-ভাটার জন্য তা কিন্তু নয়। এ দ্বীপের সাধারণ বাসিন্দারা খাল, পানি, বনকে পরিষ্কার রাখতে চায় টুরিস্টদের ফেলে দেয়া আবর্জনা উঠিয়ে ফেলে। কমলার খালে মৃদু সন্ধ্যায় মনে একটি প্রশ্ন উদয় হলো। সত্যিকার শিক্ষিতজন কারা? লেখাপড়া জানা আমরা, না এই নিরক্ষরজনেরা যাদের স্বাধীন বাংলাদেশে লেখাপড়ার সুযোগ এখনো রাষ্ট্র করেনি।

'তোমরা দুই ভাই জোরে বৈঠা চালাও। সামনের নৌকার পাশে গেলে বলবে, আপনারা বিয়ার খেয়ে ক্যান পানিতে ফেলেছেন। আমরা তা উঠিয়ে ফেলেছি। এমন কাজ আর করবেন না।'

একটু দ্বিধা নিয়ে তারা অগ্রসর হলো। কাছাকাছি হলে কথাগুলোও বলল। শেষের বাক্যটি ছাড়া। হয়তো শিক্ষিতজন জ্ঞান করেই যুবকদের সে কথাটি বলতে তারা দ্বিধা করলো। তবে যুবকদের উচ্চকণ্ঠ সেই যে নিশ্চুপ হলো, তা আর সরব হল না নৌকার বাকি পথে।

বঙ্গবন্ধু সোনার বাংলার কথা বলেছেন। আমাদের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।' মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী যুদ্ধাহত কর্নেল তাহের তার 'সোনার বাংলা গড়তে হলে' নিবন্ধ শুরু করেছেন, 'আমি একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছি' বলে। কিন্তু স্বাধীনতা অর্জনের পর গত চুয়াল্লিশ বছরে অপরূপ বাংলাদেশের কি হাল করেছি আমরা। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বংশী নদী তীরের মানুষের জীবন বিপন্ন-দুর্বিষহ। নদী দস্যুদের বেপরোয়া দখলে মরে যাচ্ছে সেসব নদী। এক সময়ের সুপেয় জলের এসব প্রাণবন্ত নদীর কাল পানি থেকে এখন উত্থিত হচ্ছে দুর্গন্ধ। মানুষ, গরু-মহিশ নামতে পারে না। পানি ব্যবহার করতে পারেনা। ওই বিষাক্ত পানিতে ফসলের আবাদ কমে গেছে। খাদ্যচক্রে ঢুকে পড়ছে ঘাতক সীসা, ক্রোমিয়াম ও নানা কেমিক্যাল। দুইপারের মানুষ নদীকে আর ভালবাসে না। তারা নদীর তীর ছেড়ে চলে যেতে চায় দূরে। কিন্তু সে যাওয়া হয় না বিত্তহীন এসব বিপন্ন মানুষদের। অন্যদিকে যারা নদীকে হত্যা করছে, তারা থাকে দুর্গন্ধ থেকে দূরে। সভ্য জায়গায়, শহরে।

মনে পড়ল সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবে বিপন্ন হয়েছিল বনের গাছপালা, প্রাণীকুল ও নদীর পানি, মাছ, পাখি। বন, পানি ও পরিবেশকে বাঁচাতে রাষ্ট্রের প্রশিক্ষিত সংস্থা যেমন প্রতিরক্ষা বাহিনী কিংবা পরিবেশ দপ্তরের সদস্যরা নয়, সুন্দরবন সংলগ্ন সাধারণ মানুষরাই এগিয়ে এসেছিল। শীতের প্রচণ্ড ঠাণ্ডায় পানিতে ভাসমান তেল তারা নিজ হাতে নৌকায় তুলছিল কাপড় বা স্পঞ্জে ভিজিয়ে। সেভাবেই কিছুটা রক্ষা পেয়েছে সুন্দরবন।

সুন্দরবনের বুকের মধ্য দিয়ে দিয়ে প্রবাহিত শ্যালা নদী দিয়ে পণ্যবাহী জলযানের চলাচল করবার কথা নয়। সুন্দরবনের অনেক বাইরে দিয়ে প্রবাহিত ঘাশিয়াখালি জলপথ ছিল চলাচলের নির্ধারিত রুট। কিন্তু ঘাশিয়াখালি জলপথ অনাব্য করেছে চিংড়ি ঘেরের মালিকেরা। ঘাশিয়াখালির পানির প্রবাহ তারা রুদ্ধ করেছে পানির উৎস অনেকগুলো খালের পানি বাঁধ দিয়ে আটকে রেখে। চিংড়ির ঘের তৈরি করেছে সমাজের প্রতিপত্তিশালীরা। সরকারি সংস্থা যেমন বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর অথবা জনপ্রতিনিধিরা তাতে বাধা হয়ে দাঁড়ায়নি। প্রকৃতিকে বিপন্ন করে মুনাফার পাহাড় গড়বার যে ক্ষমতাবান সুবিধাভোগী চক্র গড়ে উঠেছে, তার সাথে অলিখিত চুক্তিতে বাঁধা পড়েছে সবাই। ঘেরের চিংড়ি রপ্তানি হবে ধনী দেশের সভ্য মানুষদের জন্য।

স্বাধীনতা লাভের পর থেকে পরিবেশ রক্ষায় কত সুশীল বিজ্ঞজনেরা গুরুত্বপূর্ণ পদাধিকারী হয়েছেন। কত অর্থ ব্যয় হয়েছে সরকারি ও এনজিও খাতে। বন ও পরিবেশ মন্ত্রণালয় সহ রাষ্ট্রের কত বিভাগ কাজ করছে পরিবেশ যেন বিপন্ন না হয়। কিন্তু যেখানেই উন্নতি, যেখানেই সভ্যতা, সেখানেই পরিবেশ বিপন্ন। শিক্ষিত, ক্ষমতাবান আমরা কতভাবেই না প্রকৃতিকে আঘাত করে চলেছি। নির্বিকারভাবে কমলার খালে বিয়ারের খালি ক্যান ফেলে দেয়ার মনোবৈকল্য থেকে যে শিক্ষা আমাদের মুক্ত করেনা, তা নিয়ে আমরা আর কতদিন চলবো? নানা দস্যুদের হাত থেকে নদী, পানি, বন, বাতাস রক্ষায় যে রাষ্ট্র সক্রিয় হয় না, বরং নিজেই আগ্রাসী হয় তা দখলে, তেমন রাষ্ট্রের ভার আর কতকাল সাধারণ মানুষ বহন করবে? যে বন ও পরিবেশ মন্ত্রী নিজেই বেহাত করেছেন হাজার হাজার বিঘা বনাঞ্চলের জমি, বিদেশে বানিয়েছেন প্রাসাদসম বাড়ি, তিনি কারাগারের বাইরে থাকবেন কেন?

রুবেল-সোহেলরা বড় বেশী ভদ্র, বড় বেশী বিনয়ী। ধৈর্য-সহ্য তাদের অনেক বেশী। শিক্ষিতজনের উপর আস্থা তাদের এখনো শেষ হয়ে যায়নি। তাই পার পেয়ে যাচ্ছি আমরা। তবে আর কতদিন?