প্রত্যুষে ওদের কথা
ঘড়ির দুইটি ছোট কাল হাত ধীরে
আমাদের নিতে চায় যেই শব্দহীন মাঠে, ঘাসে
সাহস-সঙ্কল্প-প্রেম আমাদের
কোনদিন সেদিকে যাবে না
তবুও পায়ের চিহ্ন সেদিকেই চলে যায়
কি গভীর সহজ অভ্যাসে।
– জীবনানন্দ দাশ
আরাকানে তৃতীয় ভোর। পাহাড়ে ভোরের নিজস্ব রূপ আছে। সুবেহ সাদেকের সময় ক্ষণস্থায়ী স্বর্গীয় আলোতে কিছু পাখী ডেকে উঠে। তারপর আবার নরম অন্ধকার। আবার নিস্তব্ধতা। ভোরের আলো ফুটতে শুরু করে এরপর থেকে। তার আগে আগে পাখীর কল-কাকলি জানান দেয় সূর্যদেবের আবির্ভাবের। বনমোরগের ডাক পাহাড় থেকে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফেরে। ভোরের আলো স্নিগ্ধ। গাছের পাতা, পোকা-মাকড়, পাখী ও প্রাণীকুল সে আলোয় জেগে উঠে। লক্ষ কোটি বছরের মুগ্ধতা নিয়ে প্রকৃতি তাকায় সূর্যের রশ্মির দিকে। প্রায় পনের কোটি কিলোমিটার দূর থেকে আট মিনিট আগে সূর্যদেব যে আলো পাঠিয়েছে, তার জন্য সারারাত অপেক্ষা করেছে সে।
গহীন অরণ্যে পানির উৎস থাকে। থাকে জলাধার। প্রবহমান ঝরনা ও কঠিন শিলাপাহাড়ের শীর্ষ থেকে জলপ্রপাতের পানি তা তৈরি করে। এ জলাধারের চারপাশ ঘিরে ঘন অরণ্য। উঁচু গাছের পত্রাবলির ফাঁক গলে ভোরের স্নিগ্ধ আলোর কিছু রশ্মি পড়েছে পড়ন্ত পানির দেয়ালের উপর। তাতে সৃষ্টি হয়েছে বাহারি রংধনু। জলাধারের পানি পরিষ্কার, টলটলে। তার উপর ভোরের আলো এবং গাছ-গাছালির ছায়া পড়ে তৈরি করেছে এক মায়াবী জলবাগান।
সুন্দর পৃথিবীর আরও সুন্দর এমন দৃশ্যাবলী এক সময়তো ছিল না। এই মহাবিশ্বের আর কোথাও ধরিত্রীর মত প্রাণময় জগত আছে কিনা তা এখনও জানা যায়নি। এক সময় সূর্যের আলো শুধুই হারিয়ে যেত শুন্যতায়, বাড়াত এনট্রপি বা বিশৃঙ্খলা। পরেতার এক অতি ক্ষুদ্র অংশকে অনর্থ সৃষ্টিকরতে না দিয়ে জীবন সৃষ্টির কাজে লাগানো সম্ভব হয়েছে এই পৃথিবীতে। সালোক সংশ্লেষণের এ কাজটি প্রায় তিনশো কোটি বছর আগে শুরু করেছিল এক কোষী ব্যাকটেরিয়া। পঁচাত্তর কোটি বছর আগে সবুজ শৈবাল। এরা সবাই ছিল পানিতে, ধরিত্রীর 'আদি স্যুপ' নামে যা পরিচিতি পেয়েছে। প্রায় পঞ্চাশ কোটি বছর আগে মখমলের মত সবুজ মস সালোক সংশ্লেষণের কাজটি শুরু করল কঠিন মাটিতে। আর পঁয়তাল্লিশ কোটি বছর আগে সবুজ পত্রাবলির উদ্ভিদরাজি ছেয়ে ফেললো স্থলভূমি। পোকা-মাকড়, পাখী, স্তন্যপায়ী প্রাণী, বানরকুল হয়ে সোজা হয়ে হাঁটা মানুষ এল গত চল্লিশ কোটি থেকে আড়াই লক্ষ বছরের মধ্যে। উদ্ভিদ ও সালোক সংশ্লেষি এককোষী ব্যাকটেরিয়া ও শৈবাল আলোর ফোটন কণার শক্তি কাজে লাগিয়ে বাতাসের কার্বন-ডায়-অক্সাইডকে পরিণত করছে মানুষ সহ বহু প্রজাতির খাদ্যে। তা না হলে শূন্যে হারিয়ে যাওয়া সূর্যতাপ শুধুই বিশৃঙ্খলা বাড়াত। তার চূড়ান্ত ক্ষণে 'ডুমস ডে' বা ধর্মগ্রন্থে বর্ণিত 'কেয়ামত' বা মহাপ্রলয় হবার কথা। সেই অমোঘ নিয়তির হাত থেকে এই সুন্দর পৃথিবীর সবার বাঁচবার সময়কে দীর্ঘতর করছে সালোক-সংশ্লেষি উদ্ভিদ ও অতি ক্ষুদ্র এককোষী প্রজাতিরা যাদের আমরা খোলা চোখে দেখতেও পাইনা।
পানির সাথে আছে জীবনের যোগ। আরাকানের এই প্রত্যুষে এক স্বর্গীয় জলাধারের চারপাশে জড়ো হয়েছে অরণ্যের প্রানবাহি নানা প্রজাতি।তিনশো কোটি বছর আগের আদি ব্যাকটেরিয়া থেকে শুরু করে সবাই আছে। কেউ আছে পানিতে – ব্যাকটেরিয়া, জলজ শৈবাল, ব্যাঙ, শামুক, ঝিনুক, গুগলি, মাছ, পানি সাপ। ডাঙ্গা একটু ভেজা-জলজ। উঁচু বৃক্ষ ছাড়াও ভেজা মাটিতে গজিয়েছে সতেজ, ঝলমলে লতা-গুল্ম। মসের মোলায়েম সবুজ আচ্ছাদিত করেছে জলাধার লাগোয়া ছায়াঢাকা মাটি ও ভেজা কঠিন শিলা। শীতের শেষে নানা ফুল ফুটেছে লতা-গুল্মে। এরা সবাই নানাভাবে কথা বলে নিজেদের মত করে। ভাবের আদান প্রদান করে।
জলাধারের পানিতে যে মরা গাছটি মাথা উঁচু করে আছে, তার সবচেয়ে উঁচু ডাল পেঁচিয়ে আছে হলুদবরণ বড়সড় একটি ঢোঁড়া সাপ। তার মুখে পুঁঠিমাছটি এখনও তড়পাচ্ছে। তার রুপালি শরীরের উপর ভোরের আলো পড়ে খুব চকচক করছে।
'পুঁঠি কিছু মনে করো না। তোমাকেই সামনে পেয়ে মুখে পুরেছি। বড় ক্ষুধা পেয়েছিল। ঠাণ্ডা পানিতে কষ্টও পেয়েছি সারারাত। এখন সূর্যস্নান করতে গাছের এই ডালে উঠেছি। একটু খারাপ লাগছে, আর অল্প পরে তুমি মরে যাবে। আর আমি কিনা রোদ পোহাতে পোহাতে তোমাকে উদরস্থ করবো। তবে ঠিক করেছি আজ সারাদিন আর কিছু খাব না।'
সাপের এসব কথা শুনলেও তার উত্তর দেয়া হয়ে ওঠে না পুঁঠি মাছের। তার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার অপেক্ষাতেই ছিল। আরও দুজন সাপের কথা শুনেছে। মরা গাছটির খুব কাছে ডাঙ্গায় ঘন লতা-গুল্ম একজনকে একটু আড়াল দিয়েছে।
'রোদ কমলে তুমি ডাল থেকে নিচে নামবে। পানি ছেড়ে এই ডাঙ্গায়ই তুমি আসবে। সে কথা জানি, তাই আমি অপেক্ষায় আছি। দেখে মনে হচ্ছে তোমাকে খেতে মজাই হবে। আগামী সাতদিন আর কিছু খেতেও হবে না।'
বিশালদেহি গুইসাপটির এমন নিঃশব্দ ভাবনার কথা সাপ অবশ্য বুঝতে পারে না। সে আয়েশে রোদ পোহাতে থাকে। পুঁঠিমাছের তেল তাকে একটু তন্দ্রালুও করেছে। বেজী বেশি দূরে ছিল না। তবে তার ভাবনা একটু ভিন্ন।
'শিকার হিসেবে এই ঢোঁড়া বেশি বড়। ছোটখাট সাপ হলে ভাল হতো। তবে এর মাংস খুব মজার হবে।'
গুইসাপএবং বেজীর এসব মনোবাসনা অবশ্য ফলবতী হয় না। ভোরের সূর্য আর একটু প্রখর হলে খাদ্যের সন্ধানে বের হওয়া চিলের তীক্ষ্ণ নজর ঠিকই পড়ে সাপের ওপর। উপর থেকে প্রবল বেগে ধেয়ে আসা চিলের পায়ের ধারাল নখর যখন তাকে শূন্যে তুলে নিচ্ছে, তখন সাপ ছিল গভীর ঘুমে। যে শৈলশিখর থেকে পানির ধারা গড়িয়ে পড়ছে, সেখানে আকাশে উঠে যাওয়া উঁচু গাছটির একেবারে মাথায় চিলের বাসায় পাঁচটি ছানা অধীর অপেক্ষায় আছে কখন মা খাবার নিয়ে ফিরবে। আজ তাদের ভোজ হবে। কারণ বড় শিকার মিলেছে।
জলাধারের অপরপাশে হরিণী ও তার শাবকদের ওপর নজর পড়ে বাঘের। সারারাত খাটুনি গেছে, শিকার তেমন মেলেনি। জলপিপাসা মেটাতে বাঘ চলে এসেছে সকাল সকাল। একেবারে এত কাছে শিকার!পেটের ক্ষুধা মোচড় দিচ্ছে। কিন্তু বনের নিয়ম?দোটানায় পড়ে বাঘ।
'ব্যাপার কি? তোমাদেরতো পানি খেতে আসবার কথাআরও পরে।'
রাগের সাথেই বাঘ বলে। ভীত চোখে ওরা বাঘকে দেখে।
'ভুল হয়ে গেছে। কি করবো, বাচ্চাগুলোর পানির তেষ্টা পেয়েছিল খুব। কত করে বললাম, এখন বাঘ মামার পানি খাবার সময়। ওরা বলে চুপিচুপি পানি খেয়ে চলে আসবো। তাই আসতে হলো। এরপর আর ভুল হবে না।'
মায়াভরা চোখে হরিণীর এমনসব কথায় বাঘের মেজাজ নরম হয়েছে।
'ঠিক আছে। ভয় পেয় না। ভাল করে পানি খেয়ে যাও সবাই। তবে আর কোনদিন যেন এমন ভুল না হয়।'
শাবকদের নিয়ে দ্রুত প্রস্থান করে হরিণী।
'বনের সব নিয়ম শিখতে হবে তোদের। আজ বড় বাঁচা বেঁচে গেছি।'
শাবকদের সাবধান করে মা। ওরাতো এখনো শেখেনি চোখকান খোলা রেখে কি করে মাংসাশীদের হাত থেকে জীবন বাঁচাতে হয়।
আমলকীর ডালে ঝুলছিলবানরের একটি দল। জনা বিশেকের এই দলের নেতা কথা বলে। বয়সে সবার বড়ও সে।
'এতো ত্বরা করে কথায় চলেছো তোমরা?'
'আর বলোনা। এই ভোরে বাঘ মামার পানি খাবার সময়। ভুল করে এদের নিয়ে ওখানটায় গিয়েছিলাম।'
'বেঁচে এলে কি করে?'
হরিণী সব বৃত্তান্ত জানায় তার সবচেয়ে ভাল বন্ধু বানরদের।
'বেঁচেই যখন গেছো, একটু জিরিয়ে যাও। তোমাদের জন্য আমলকী আর পাতা ফেলছি।'
বানর জানে হরিণেরা আমলকীর পাতা, ফল খেতে খুব ভালবাসে।
জলবাগানে আবার ফিরে আসি। হাতীর পাল এসেছে দল বেধে। পানি খেতে শুধু নয়, খুব মজা করেজলকেলি করতেও। এ সময় সারা গা কাদা দিয়ে মাখতে বড় ভালবাসে তারা। সবচেয়ে বয়স্ক মেয়ে হাতিটি দলের সর্দার। ফিঙ্গে বসেছে তার মাথায়।
'এতক্ষণে আসার সময় হলো তোমার? বসে আছ কেন? কানের পেছনে দেখ আঠালি রক্ত খেয়ে কেমন ডাঁশা হয়েছে। টপ করে ওকে মুখে পুরতো। বড় জ্বালাচ্ছে বেটা।'
হাতির কানের পেছনের অংশ নরম, সংবেদনশীল। ঝটপট ফিঙ্গে হাতির এবং নিজেরও আশা পূরণ করে।
রাতজাগা নিশাচরেরা ঘুমুতে যাবে। তার আগে শেষবারের মত তারা এসেছে পানির এই উৎসের কাছে। প্রাণীকুল এক অলিখিত নিয়মে একই উৎস থেকে জলপান সারে। এই মায়াবী স্থান তাদের আবিষ্ট করে। চকিত চাউনিতে এরা তাকিয়ে দেখে অন্যদের। এ সময় কেউ কাউকে আক্রমণ করে না। প্রকৃতির জীবন চক্রে প্রাণীকুল একে অন্যের ওপর নির্ভর করে। বেঁচে থাকার প্রয়োজনে এক পশু অন্য পশুকে হত্যাও করে। এ কথা সত্য। কিন্তু তারা অযথা প্রাণক্ষয় করে না। প্রকৃতির এসব নিয়ম কি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রজাতি মানুষ মেনে চলে? এই গুঢ় প্রশ্নের উত্তর খুব সহজ যে নয়, তা বোঝা যায় গুহায় আটকে পড়া নাফ নদীর ওপারের পনের যুবক, ডাকাত মোক্তার ও রমজান, আরাকানের গ্রামবাসী ও বর্মী নাসাকা বাহিনীর সম্পর্কের জটাজালে।
রমজানের থ্রি নট থ্রির গুলিতে বিয়ের মেহদী পরা জমিলার মৃত্যু, তার জন্য রমজানের অনুশোচনা – এসব বোধকরি প্রকৃতির সাধারণ নিয়মের বাইরে ক্রমাগত 'সভ্য' হয়ে ওঠা মানব প্রজাতির অমোঘ নিয়তি। কিন্তু সভ্যতার নামে মনুষ্য সমাজ প্রকৃতিকে বিনষ্ট করে কি দ্রুত গতিতেই নাসেই মহাবিপর্যয়ের দিকেই ধেয়েচলেছে। সেইসব অসহায় গরু-মহিশের পালের মত, যারা শহরের রাতের রাস্তায় যূথবদ্ধ হয়ে এগিয়ে চলে। তারা জানেনা কয়েক ঘণ্টাপরেই কসাইখানায় তাদের করুণ মৃত্যুর কথা। আমরাও যে তেমন যাত্রায় চলেছি তাজেনেও কেন আমরা তা ভুলে থাকতে চাইছি?স্বাভাবিক মৃত্যুর কথাই বা কি আমাদের মনে পড়ে? তা হয়তো নয়। মানুষ মানুষকে পরাধীন করে, অকারণে হত্যা করে। সেই সব ভাবনা থেকেই কি শুরুতে উধৃত কবিতাটি জীবনানন্দ দাশ রচনা করেছিলেন? আরাকানের গুহায় এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকি আমরা।
এটি লেখকের ত্রয়ী গল্পের দ্বিতীয় গল্প। আগের গল্পটি পড়ার জন্য নিচের লিংক-এ ক্লিক করুন:
জমিলার বিয়ে
