ভার্সিটি যেতে যেতে
এক
ভার্সিটিতে ভর্তির পর থেকেই হিয়ার সবসময়ই মনে হয়েছে চট্টগ্রাম ভার্সিটিতে পড়তে যাবার সবচেয়ে ব্যতিক্রম দিক হচ্ছে—প্রতিদিন সকাল থেকে বাসায় ফেরা পর্যন্ত সময়ের ভেতর যত রকমের যানবাহন আছে, সবগুলোতেই একের পর এক চড়তে থাকা। এক্কেবারে ননস্টপ লাগাতার ওঠানামা।
বাসায় ফেরা মাত্রই ছোটচাচার মেয়ে রাধিকা চোখ বড় বড় করে প্রায়ই তার যানবাহনের লিস্ট করে। দশ বছর বয়স থেকে রাধিকা ওটা করা শুরু করেছে। এখনও থামেনি। থামাথামিতে নেই। ১৫-১৬ বছরেও করে যাচ্ছে।
প্রায় রাধিকা জিগ্যেস করে নতুন কোনো যান কি যোগ হল। কোনো নভোযান? হিয়ারও ধারণা আল্লাহর দুনিয়ায় আর কোনো যান বাকি নেই, তাদের জান পেরেসান করবার জন্য। কেবল-কারও ভবিষ্যতে লাগানো হবে। পাহাড়ের ব্যবস্থা তো আল্লাহতালাই করে রেখেছেন।
চারদিকে কেবল পাহাড় আর পাহাড়। কেবল-কারও তাই লাগানো যাবে সহসাই। বাসা থেকে বের হয়ে সোজা বাসার গাড়িতে ষোলশহর রেলস্টেশন। ট্রেন ফেল করলে মুরাদপুর বাস স্টেশন। বাস স্টেশন থেকে ভার্সিটি। তা ট্রেনে যাক বা বাসে, ভার্সিটির গেট থেকে ভার্সিটির বাসে ফ্যাকাল্টি। বাসে না যেতে চাইলে রিকশায় বা হেঁটে না হলে সাইকেলে ফ্যাকাল্টি। আবার ফেরার সময়ও একইভাবে সব চড়ে এসে গাড়ি স্টেশনে না থাকলে রিকশা করে বাসায়। মাগো। অসম্ভব পারা। তারপরও সবাই চারদিকে মহাখুশিতে আছে যেন। পারাপারের জন্য ফেরি বা স্টিমার সার্ভিস যোগ হচ্ছে না কেন, তাতেই যেন আলগা দুঃখ উড়ে এসে যোগ হচ্ছে একেকজনের মনে। সৌমিক তো প্রায়ই রং তুলিতে ভার্সিটির চার ধারে একটা নদী আঁকে। তারপরে আক্ষেপ করে বলে, আহা সত্যিই যদি নদীটা থাকত; আর তাতে যদি একটা পারাপারের ফেরিঘাট থাকত, তাহলে দিনরাত সে ওখানে বসেই ছবি এঁকে যেতে পারত। আর তা শুনে হিয়া মনে মনে ভেবেছে, সেরেছে, ভোগান্তির ষোলআনা পূর্তি তাহলে।
তারপরও দেখছে যৌবনের আনন্দে সবকিছুই পগারপার। কারও কোনো অভিযোগ নেই। সম্ভবত সেই একমাত্র অভিযোগকারিনী। কে কেয়ার করে কত সময়, শ্রম শক্তি আসতে-যেতেই শেষ হয়ে যাচ্ছে তা নিয়ে। নাহ্ কোনো ভালো লাগা তার নেই এই পথ চলায়। আর রাস্তাঘাটের যা অবস্থা! মাহদী যেন কী বলত, যা উঁচু ও নিচু, তা বন্ধুর নয়—তা হচ্ছে রাস্তাঘাট। আপনমনেই হাসল হিয়া। আজ হঠাৎ মাহদীকে মনে পড়ল যে বড়! সেই কলেজ জীবনের বন্ধু।
বাহ্ মনে আসলেই-বা কি?
কতজনকেই তো আসতে যেতে মনে পড়ে। বহু বছর দেখা নেই মাহদীর। বহু বছর হয় সে প্রবাসী। চোখের আড়াল হলে মনেরও আড়াল হয় বোধ হয়। তবে ফিরে ফিরে অনেক কিছুই সামনে এসে যায়।
আজকের এই রিকশাওয়ালাটাকেও, যে সাফারি পড়ে রিকশা চালাচ্ছে, তাকেও তো বহু বছর থেকে থেকে তার মনে পড়বে। দেখেছে কি কেউ কখনও কাউকে সাফারি পরে রিকশা চালাতে। বাসার গাড়ি আজ ব্যস্ত। ভয়ানক ব্যস্ত। তাই গাড়িটা দাঁড়িয়ে আছে চুপচাপ বাসার সামনেই। ঐ যে এসেছেন না বড় ফুপু হিল্লি-দিল্লি করবার জন্য ওনাকে নিয়ে দৌড়ের উপর থাকবে গাড়ি। এমনকি উনি যদি শুয়ে লম্বা হয়ে ঘুমও দেন, তা হলেও এক পায়ে ড্রাইভারকে গাড়ি নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে হবে। নট নড়নচড়ন।
বড়ফুপু ওনার বাপের বাড়িতে এসেছেন তাই ওনার বাবা না থাকলেও এই জমকালো দম ফাটানো রাজকীয় ব্যবস্থা তার নিজের বাবা এটা করে দিচ্ছে ভাই হয়ে বোনের জন্য, আর পিতা হয়ে তাকে রিকশা চড়ে স্টেশনে যেতে বলে দিয়েছে। মহাদাপটের মানুষদের এই হচ্ছে লাভ। নিজেরটা ষোলআনা গুছিয়ে নিতে পারে। এটা হচ্ছে স্রেফ ক্ষমতার অপব্যবহার। হিয়া রিকশাতে বসেই বেশ কবার ঠোঁট বাকায়। বড় ফুপু দেশে এলেই হাঙ্গামা শুরু হয়। ভাগ্যিস তার মহাআদরের ছেলে আকাশকে আনেননি এবার সঙ্গে করে। তাহলে তো মামার বাড়ির আদর যে কোথায় উঠত কে জানে।
কামিনীবু এসে ঘুরে গেছেন কবার। খালা খালা করে জান দিয়ে দিচ্ছেন। কান ঝালাপালা হয়ে গেল। যত্তসব। বারবার বলছে আমার বাসায় রুমে রুমে এসি। এখানে কষ্ট হলে আমার সঙ্গে চলেন। এক রুম থেকে আরেক রুমে এসি ছাড়া হেঁটে যাবেন কীভাবে। ঢং মনে হয় একেই বলে। এহ্। ইহ্। ছ্যায় ছ্যায়। তারা তাদের খালার জন্য পালকি আনলেই পারে। এই রিকশাওয়ালাটাকে ভাড়া করলে কেমন হয়। সাদা সাফারি শ্যুট পরে ফুপুকে এক রুম থেকে আরেক রুমে নিচ্ছে রিকশা করে। হা হা করে আপনমনেই হাসল হিয়া।
বকুলপা বসে থাকেননি। বকুলপা আর কামিনীবু দুজনাই আরেক ফুপুর মেয়ে। উনিও তার খালাকে তুষ্ট করবার জন্য তার জায়গা থেকে একটি বেণিওয়ালা সুন্দরী বালিকা আমদানি করতে চাইছেন। সারা দিনরাত সে ফুপুর হাত-পা টিপবে, বাতাস করবে, সঙ্গে সঙ্গে থাকবে। বকুলপা যেহেতু গ্রামাঞ্চলের দিকে থাকেন সেহেতু উনিই একমাত্র এই কাজটি করতে পারবেন বলে জানিয়েছেন ছোট চাচি, ঐ রাধিকার মা। মা বলেছেন সবাই সবার সাধ্যানুযায়ী চেষ্টা করছে সেটাই বড় কথা। বকুলপা দুজনার কথাতেই খুশি হবার ভঙ্গিমা করেছেন। কামিনীবু বোনকে ডেকে বলেছেন তোর কোনো দরকার আছে তোর শ্বশুর বাড়ি থেকে মেয়ে এই বাসায় আমদানি করে এ বাসার সব খবর তোর এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছে দেবার। একদম করবি না এ কাজ।
এতে করে বেণিওয়ালার আগমন আর হয়নি গত দুদিনে। দেখা যাক আরও তো দিন আছে। কামিনীবুর বলা কথাগুলো যে বকুলপা পছন্দ করেননি তা তো উনি নিজেই এসে হিয়াকে বলেছেন। এ রকম স্বার্থচিন্তা করলে কীভাবে হবে, ভেবে খুবই অসহায় বোধ করছেন বকুলপা। ওনার ভালোবাসা উথলে উঠলে দেখা যাবে ঠিকই একটা বেণি বা খোপাওয়ালীকে ধরে নিয়ে চলে আসবেন। দরদী মানুষজন নিজের কথা না ভেবেই অপরের জন্য এগিয়ে আসে।
আর এ তো নিজের খালা। কম মার তো খায়নি এনার হাতে। কামিনীবু তো প্রায়ই বলেন উনিই হচ্ছে একমাত্র খালার নজির, যিনি ভাগ্নিদের মারতে পারেন। তারপরও বকুলপা তার ভালোমানুষি ভুলতে পারছেন না।
হিয়া আপনা মনেই হাসল। আজ ইতিমধ্যেই দেরি হয়ে গেছে। রিকশা করে যেতে যেতে না আবার ট্রেনই মিস করে। স্টেশন রোডের মেইন স্টেশনে তো যায়ইনি সে। ওখান থেকে আধা ঘণ্টা আগে ট্রেন ছেড়ে দেয়। দেরি হলে তাই ষোলশহরে যায়। আজও সেই উদ্দেশ্য। এখন এই ঢিমাতালে চলমান বাবরিচুল হাওয়ায় দুলিয়ে চলছে এই রিকশাওয়ালা কতক্ষণে যে নিয়ে পৌঁছাবে।
দুই
একটু তাড়াতাড়ি চালান তো।…
রিকশাওয়ালাটা ফিরেও তাকাল না। আজকাল এই শুরু হয়েছে। দেখছে সবখানে সবাই তাকে অবহেলা করছে। হিয়ার অন্তত তাই মনে হল। মনে হচ্ছে। সবাই সবখানে এমন একটা ভাব করছে যেন সে বুঝে কম, অবুঝ। না বোঝা। আগাছা। পরগাছা। ধুৎতোর।
বাপমায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে যেন সে শুধু ধিঙ্গিপনাই করেছে আর ধাইধাই করে লম্বা হয়ে উঠেছে। এর বাইরে শতভাগ মহাআকামা। বড়ফুপু তো আসার পর থেকে এ ব্যাপারে বহু ধরনের ইঙ্গিত দিয়েছেন। এসেছেন তিন দিন। বক্তব্য তিনশত তিনটা। যত্তসব।
ভাই তাড়াতাড়ি চালান। ট্রেন মিস করব তো।
এবারও ফিরল না। কানে কম শোনে নাকি। কালা। দারোয়ানটা রিকশাটা ডেকে এনে তাকে ভাড়া বলে দিয়েছিল। সেও কী কী সব ভাবতে ভাবতে ঐ ফুপুর কথাই হবে হয়ত-বা এসে রিকশায় চড়ে বসেছে। ফিরেও তাকায়নি চালকের দিকে। এখন এই বাহারি সাজের চালক ফিরেও তাকাচ্ছে না। হচ্ছে কী এইসব। আজকের দিনটাই খারাপ। ষোলশহর থেকে তো সবসময়ই দাঁড়িয়েই থাকতে হয়, বসার জায়গা পাওয়া যায় না ট্রেনে। আজও তাই হবে। তখন থেকে যে বিরক্তিটার শুরু হবার কথা তা এখন থেকেই শুরু হয়ে গেছে। আজ বের হতে গিয়েও দু-দুইবার ধাক্কা খেয়েছে দরজায়। ফুপু বিরক্ত হয়ে বলেছেন, এই মেয়ের হল কী। এ তো চোখে সর্ষেফুল দেখছে দিনদুপুরে।
ওনাকে দেখলেই যে তার এই অবস্থা হয় তা কে বলবে ওনাকে। রাতভর নির্ঘুম। মন ভালো নেই। নিজের মনটাকে ভালো রাখা দরকার। কিন্তু কেন মন খারাপ তাও বুঝতে পারছে না। কেবলই শুধু মন খারাপ লাগছে। একবার ভাবল, রিকশাওয়ালাকে জিগ্যেস করবে, কী ব্যাপার সাফারি পরেছেন কেন? কিন্তু জিগ্যেস করল না। হয়ত বলে বসবে, চাকুরির ইন্টারভিউ দিতে গিয়েছিল, হয়নি, তাই সোজা এসে রিকশা চালাতে শুরু করেছে।
যদিও ভাবল কিছু বলবে না, তারপরও হঠাৎ জিগ্যেস করে বসল, আপনি কি এমএ পাস?
রিকশাওয়ালা কোনো জবাবই দিল না, এবং ফিরেও তাকাল না।
জন্মকালা মনে হয়। হিয়া ভাবল জিগ্যেস করবে না আর কিছু। তারপরও আবার জিগ্যেস করে ফেলল আরেকটা প্রশ্ন। সম্ভবত এটা করেছে তার নিজের বিক্ষিপ্ত মনমানসিকতার কারণে। নিজের মেজাজ থেকে নিজেকে বাঁচাতেই যেন আক্রান্ত করল সামনের চালককে।
আপনি কি এমএ ফেল? আপনাকে ভার্সিটিতে দেখেছি বলে মনে হচ্ছে?
আপনি কি আমার মুখ দেখেছেন? আমি তো পেছন ফিরে তাকাই ইনি।
বাহ্ কী বাহাদুর উনি, পেছন ফিরে তাকাননি।
তাকাননি কেন?
আমার চোখ মুখ আমি যেদিকে খুশি সেদিকে চালাব। এই আমার রিকশার মতন।
তাড়াতাড়ি চালান। ট্রেন ফেল করব।
আপনারা ভাবেন বুঝি শুধু প্রেসিডেন্ট হলেই সাফারি পরা যায়।
ইস, কেন যে মরতে এর সঙ্গে কথা বলতে গেছিল। বেশি চালাক। আগ বাড়িয়ে বুঝে গেছে কেন সে এমএ পাস-এর কথা জানতে চেয়েছে।
প্রেসিডেন্ট সাহেবদের ফেলে দেওয়া সাফারি পরার লোকও তো লাগে, কি বলেন?
জলদি চালান।
মুখ কি আর বন্ধ হবে এত সহজে। বলল, মাইন্ড খাইয়েন না। আমি কথা কম বলি, বা বলি না। কিন্তু যখন বলতে থাকি তখন আর থামি না।
হিয়া মনে মনে বলে সর্বনাশ। সাড়ে সর্বনাশ। আজ জীবননাশ।
রিকশাওয়ালা বলল, চুল দেখছেন আফা আমার। হেভি ঢেউ খেলানো। কোনো বড় লোকের তো আর শ্যাম্পু ফেলানোর অভ্যাস নেই, তাই পাকা তাল গোলা দিয়া মাথা ঘইষা শ্যাম্পুর কাজ সারছি। সরিষার খৈল দিয়াও কাজ চলে।
কত অজানারে। হিয়া অবাক হয়। যে যার মতন কাজ চালিয়ে নিচ্ছে। একেই বলে বোধহয়, ইচ্ছে থাকলে উপায় হয়।
রিকশাওয়ালা আপনমনে তার বহু স্বপ্ন আর ইচ্ছার কথা বলেই যেতে লাগল উপায়সহ। কিন্তু তার কী উপায়, এত ইচ্ছার পরও তো কই সে কোনো উপায় পাচ্ছে না খুঁজে। পরিবারের সবার হাতের পুতুল হয়েই তো থাকতে হচ্ছে তাকে। অথচ বড় ফুপু কেবলই বলে চলেছেন ও তো ফ্যানটাসিতে ভুগছে। বাস্তবে নেই এই মেয়ে। এই মেয়ে তো স্বপ্নে আছে পঙ্খিরাজে চড়ে রাজার কুমার আসবে তাকে বিয়ে করতে।
কেন যে সে বকুলপাকে বলতে গিয়েছিল প্রায় সে স্বপ্ন দেখত ছোটবেলায়, একটা নীল ঘোড়ায় চড়ে হলুদ শাড়ি পরে সে কার সঙ্গে যেন চলে যাচ্ছে। বকুলপাই বলেছে, হবে কোনো এক রাজপুত্তুর। এখন কথাটা ঘুরে এ কী রকম দাঁড়াল। বকুলপার কি-বা দরকার ছিল এসব ফুপুকে বলার। তাও সে সেটা দেখত ছোটবেলায়। অথচ ফুপু আসার পর থেকে ঐ কথা শোনাঅব্দি এমন একটা ভাব করছেন যেন তোকে ঘোড়া থেকে নামাতে না পারলে ফুপুর দেশে আসা মাটি। ঘোড়ায় চড়িয়া মর্দানি লাফাইয়া চলিল—কোথায় এ রকম একটা ভাব নিয়ে চেয়ে চেয়ে আপাদমস্তক তাকে দেখছেন উনি। উফ উফ রে উফ। ফু ফু ফু ফু। ফু উ উ উ। যার পর নাই অশান্তি।
চূড়ান্ত অশান্তি। সেঁজুতি আর তিথিটা যে কই। এতক্ষণে নিশ্চয়ই ষোলশহরে পৌঁছে গেছে। আজ ওদের খুবই দরকার। এ কারণেই মনে হয় সবাই তাদের ত্রিরত্ন বলে। সদা সর্বদা একসঙ্গে। যদিও একেকজন একেক ডিপার্টমেন্টের ছাত্রী। তারপরও এক সঙ্গে। সেই কলেজজীবন থেকেই এক সঙ্গে। সঙ্গে মাহদীও ছিল। এখন আর কেউ জানে না তার কথা। কোথায় হারাল সে। কে জানে। কলেজ ছেড়ে এসেছে যে প্রায় পাঁচ বছর হতে চলল। সহসা ভার্সিটিও শেষ হবে। পরক্ষণে মনে হল, ভালো হবে, বাচা যাবে, রোজকার এই জার্নি থেকে বাঁচবে।
তিন
শেষপর্যন্ত আজ তাকে বুঝি বাসেই যেতে হবে ভার্সিটিতে। এটাই আজ তার কপালে বরাদ্দ হয়েছে। ভেবে আপনমনেই আরও বিরক্ত হয়ে উঠল। বাসে যেতে মোটেই পছন্দ করে না হিয়া। চার দিকে অচেনা অজানা মানুষে ভরা, সিগারেটের ধোঁয়া, যখন তখন বাস থামা, কনট্রাক্টরের চিৎকার, গাড়ি হর্ন, বাসের ধোঁয়া—উফ সবকিছু মাথায় নিয়ে আজ একা একা ভার্সিটি যেতে হবে। সেঁজুতি বা তিথি সঙ্গে থাকলে এতটা বিরক্ত লাগত না। সেই মহান রিকশাওয়ালা যেন তাকে একা পেয়েই হঠাৎ মুরাদপুর পর্যন্ত আসতেই সোজা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গিয়ে বলল, আপা, বাসে যান গা। ট্রেন মিস করবেন। আমারও আজ আর চালাইতে মন চাইছে না।
কী আজব, আপনার কথামতো আর কি?
সরি।
নাহ, এই লোকের মতিগতি তার মোটেও ভালো লাগছে না। সরি-ও বলে আবার। আরেকটা রিকশা নিয়ে চলে যাবে ভেবেছিল কিন্তু দেখল নাহ্ আসলেই ট্রেন মিস করবে। ষোলশহর থেকেও ট্রেন পাবে না। হিয়া একটা কথাও আর না বলে ঐ সাজধরকে একা ছেড়ে নেমে পড়ল। দু-একজনের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গিয়ে দ্রুত ছুটে গিয়ে বাসে উঠে পড়ল। আসতে আসতে তাকে রিকশাওয়ালা অনেক গল্প শুনিয়েছে। যেমন একটা হচ্ছে, আলেকজান্ডার দ্য গ্রেটের তিনটে শেষ ইচ্ছে ছিল।
হিয়া ভেবেছিল একবার জিগ্যেস করবে, আপনাকে কি গোপনে কোনো পত্র দিয়ে তা উনি জানিয়ে ছিলেন। পরমুহূর্তেই এই ইচ্ছে বাতিল করেছে। ঐ লোকের সঙ্গে কথা শুরু করাটাই ছিল মস্তবড় বোকামি। ঐ রিকশাওয়ালাকে থামানোর জন্যই এখন লোক ভাড়া করতে হবে। কিন্তু কথা তো ঐ লোক থামায়ইনি বরঞ্চ রিকশা চালানো থামিয়ে দিয়েছে। হয়ত আরও কোনো প্রেম পত্র এসেছে, তার কাছে সেগুলো পড়বে।
যেটা পড়েছে সেটার দাপটে অনেকক্ষণ হাত দুটো দুধারে সোজা করে রেখে রিকশা চালিয়েছে। আরে বাবা, তোমার মরতে শখ হলে মরো গিয়ে। তাকে কেন সঙ্গে টানা। এমনিতেই অনেক মরণ দশা তার। আলেকজান্ডার দ্য গ্রেট নাকি বলে গিয়েছিলেন, তাকে কবর দিতে নেওয়ার সময় হাত দুদিকে সোজা করে বাহিরে ঝুলিয়ে রাখতে। বিশ্ব দেখুক, বিশ্ববিজেতা শূন্য হাতে যাচ্ছে।
দ্বিতীয়টি ছিল শ্রেষ্ঠ চিকিৎসকরা যেন তাকে বহন করে। বিশ্ব দেখুক এত নামিদামি ডাক্তাররাও তাকে মৃত্যুর কাছ থেকে বাঁচাতে পারেনি। যে পথে তাকে নেওয়া হবে, তার দুই ধারে ছড়িয়ে দেওয়া হোক তার ধনরাজি। আবার ঐ বিশ্ব দেখুক, এত সম্পদ কিছুই তার সঙ্গে নেই। সব ফেলে গেছে পেছনে। গল্পটা হিয়া আগেও শুনেছে। মাহদীর কাছে শোনা। মাহদী ও সব পেছনে ফেলে রেখে চলে গেছে বহুদূর প্রবাসে। বেঁচে আছে কিন্তু সঙ্গে নেই কোনো অতীত।
রিকশাওয়ালাটার গল্প বলার ভেতরে কী যেন একটা গমগম করছিল, একবার মনে হয়েছিল এ যেন কোনো এক যাত্রা দলের নায়ক। হতেও পারে। কিন্তু পরক্ষণেই মনে হল অন্য কিছু নয় তো। সেঁজুতি অনেক রকম গল্প বলে জিন-দরবেশ নিয়ে। সেঁজুতির কাছেই শুধু ঐ ধরনের অসম্ভব সব ঘটনার সন্ধান পাওয়া যায়। চট্টগ্রাম হচ্ছে পির-আওলিয়ার দেশ। কে কোনো ভেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলা যায় না। প্রতি মোড়ে একটা করে গরম মাজার আছে। শাহ আমানত শাহর মাজার, বায়েজিদ বোস্তামির মাজার, মিসকিন শাহর মাজার। আরও অনেকগুলো রয়েছে। অনেক ঘটনা শুনেছে। থাক বাবা এ রকম অদ্ভুত কিছু দেখলে তা নিয়ে কথা না বলাই উচিত। নাহ্, সেঁজুতি তার মুণ্ডুটা ভালোই ভটকিয়ে রেখেছে। রিকশাওয়ালাটাকে তার দিনদুপুরেই অদ্ভুত কিছু মনে হচ্ছে।
এখন যদি বাসে উঠে ভালো সিট না পায়, তাহলে তো মরে যেতে ইচ্ছে হবে তার। সময়ও নেই যে পরের বাস ধরবে। যেটা সামনে আছে সেটাতেই ঝাঁপিয়ে উঠল, যা আছে কপালে। উঠতেই দেখল ভার্সিটির প্রচুর পোলাপান আছে। অপরিচিত, তারপরও মনে মনে খুশি হল। আরও ভালো লাগল সামনের সিট থেকে একটি ছেলে উঠে দাঁড়িয়ে বসতেও তাকে দিল যখন। সে একটু বেশ অবাকও হল। এতটা ভদ্রতা আজকাল কেউ অচেনাকে দেখায় না। ছেলেটা এক গাল হেসে বলল সেও ফাইন আর্টসেরই ছাত্র। প্রথম বর্ষে ভর্তি হয়েছে মাত্র। হিয়া'পু কে সে ডিপার্টমেন্টে দেখেছে। তবুও ভালো সিনিয়রদের সে সম্মান দেখাচ্ছে। সম্মান দেখিয়ে সে পেছনে চলে গেল। পাশের সিটে যে ছেলেটি বসে ছিল সেও উঠে সুড়সুড় করে আগের জনের পিছু নিল। বাসে করে ভার্সিটি পর্যন্ত পৌঁছাটা বেশি হলে ৪৫ মিনিটের পথ।
কিন্তু তাতেও বন্ধুকে ছাড়া অচল পরের জন। অনুগামী আর অগ্রগামী দুজনাই হেসে হেসে খুব গল্পে মেতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম পেছনে গিয়ে। দাঁড়িয়ে থাকবে তারপরও বাসে গম্ভীর হয়ে বড়পার পাশে বসে ভার্সিটি যেতে নারাজ। দাঁড়ায়ে ঝুলে যাবে কিন্তু আড্ডা থাকবে সঙ্গে। ফার্স্ট ইয়ার বলেই এত তেজ। এত গরম রক্ত। এভাবে যাক আরও কয় বছর তখন দেখা যাবে। বাস ছাড়তে মনে হয় আর বাকি নেই। বাস প্রায় ভরে গেছে। তার পাশের জায়গাটা খালি। কেউ বসছে না। নোংরা ময়লা কাপড়চোপড়েও উঠেছে অনেকে। আতংকে আছে এদেরই কেউ না আবার ধাম করে বসে পড়ে। তবে কেউ বসছে না চেয়ে চেয়ে তাকে দেখছে। এ রকম সচরাচর হয় না। একেকদিন একেক ধরনের মানুষের সঙ্গে যেতে হয়। একটা ছিপছিপে চাপরাশি ধরনের ছেলের মনে হচ্ছে খুব বসবার ইচ্ছে। ভাবসাবে তাই মনে হচ্ছে। এগুচ্ছে। কন্ডাক্টর দিল এক ধমক। যাস কই, ঐটা আপাগো সিট। দুই হাত দূরে থাক। আর কোনো ইউনিভার্সিটির আপা আসলে বসব। দরজার বাইরেও চিৎকার করে করে বলছে 'আপাগোর জন্য স্পেশাল সিট। শুধু একটা খালি আছে।
কিন্তু কোনো আপা দেখা গেল না। শেষে পেছন থেকে এক বোরখা পরা মহিলাকে তুলে এনে তার পাশে বসানো হল। হিয়া আপনমনেই হাসল। ইউনিভার্সিটির আপা, তাই প্রচুর সেবা চলছে। তবে সবসময় এ রকম হয় না। একবার বসেছিল এক সিগারেটখোরের পাশে। দম বন্ধ হয়ে যাচ্ছিল তার। আরেকবার এক ফেরিওয়ালা। মুরগি ফেরি করে। কী যে দুর্গন্ধ তার গায়ে। সেই থেকে বহুদিন সে মুরগি খেতে পারেনি। আজ যদি ঐ রকম কিছু হয় তাহলে তো সে নেমেই চলে যাবে।
তবে মুরগিওয়ালা তাকে আর আশপাশের সব পেসেঞ্জারদের অদ্ভুত একটা জ্ঞান বিতরণ করল ফ্রি। বললও আবার, বিনা পয়সায় জ্ঞান দিচ্ছে সবাইকে। জ্ঞানটা হচ্ছে, যেসব মুরগির কানের লতি লাল তারা বাদামি রংয়ের ডিম দেয় আর যেসব মুরগির কানের লতি সাদা তারা সাদা বর্ণের ডিম দেয়।
কে যাবে এখন তা পরীক্ষা করে দেখতে! সত্যি না মিথ্যা বলেছে সেই জানে। আরেকবার বসেছিল এক ভয়ংকর অংকের শিক্ষক। খুব গম্ভীর হয়ে সবাইকে সে বলল একটা কাগজকে আপনারা সর্বোচ্চ কয়বার ভাজ করতে পারবেন তা আমি এখনই বলে দিতে পারি। অর্ধেক বলতে এক ভাজে কাগজের সাইজ অর্ধেক হবে। চতুষ্কোণ কাগজ। সেঁজুতি ছিল সেদিন সঙ্গে। বৃদ্ধ শিক্ষকটা সাতবার বলা মাত্রই সেঁজুতি কাগজ টেনে বার করে ভাজ করতে লাগল, ভাজ শেষে যে রকম অবাক হয়ে শ্রদ্ধাভরে সে ঐ শিক্ষকের দিকে চেয়ে ছিল হিয়া তাতেই বুঝেছে, ভাঁজ সে শুধু সাতবারই করতে পেরেছে। যদিও আজও সে কোনো কাগজ সাতবার কি দুবারও ভাঁজ করে দেখেনি যা বলেছে ঠিক বলেছে কি না। কত আজব মানুষের দেখা মেলে এই যাত্রাপথে, আহারে একটাও যদি পেত মনের মানুষ। আজ পর্যন্ত কোনো একজন কাউকে দেখে মনে কেন হল না এই তো সে। আহ্ কোথায় গেল সেই পঙ্খিরাজ আর যুবরাজ। রাজকুমার। স্বপ্নকুমার।
তিথি বলেছিল তার আফসোসের কথা শুনে একদিন, বাসে পাবি কীভাবে, প্লেনে উঠলে পেয়ে যাবি। মনে পড়ায় হাসি পেয়ে গেল হঠাৎ।
হঠাৎই পাশ থেকে কে যেন বলল, আফা ১০টা টাকা দেন, কফি খামু।
হিয়া ফিরেও তাকাল না। ফকিরের আবার কফি খাবার শখ হয়েছে, তাও আবার ভিক্ষে করে। অন্য কাউকে বলছে এবার। কে জানে কাকে।
টাকা দেন ভাই, কফি খামু।
উত্তর এল কানে, চা খাবে না—কফি খাবে, ফাজলামি হচ্ছে।
আবার ফকিরের গলা শোনা গেল।
জি, ১০ টাকা লাগব। নাহ্ ২০ টাকা।
কে যেন জানতে চাইল, ১০ থেকে ২০ টাকায় প্রমোশন নিলা কেন?
১০ টাকায় হইব না, ২০ টাকা লাগব। সঙ্গে গার্লফেন্ডও আছে তো।
ফকিরের আবার গার্লফেন্ড।
ফকির ছিলাম না গার্লফেন্ডই ফকির বানাইছে। এই তুমিই তো করছ।
সবাই হো-হো করে হেসে উঠতে হিয়াও পেছন দিয়ে চাইল। একটা জোড়া, জোড়া শালিক। কপোত-কপোতি। হিয়া নিজেও এবার হেসে ফেলল। বাদরামি করছে ভালোবাসার মানুষকে নিয়ে অন্য মানুষদের সঙ্গে। গানও গাইছে ঐ মেয়ের দিকে চেয়ে 'তুমি মোরে করেছ রাজা।'
আহা গলার কী ছিরি কিন্তু ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী, এদের থামায় কে।
হেসে উঠে হিয়ার মনটা অনেকটা ভালো হয়ে গেল। বাসও চলতে শুরু করেছে।
চার
কিন্তু এই বাস আর গিয়ে পৌঁছেছে। চলছে ঢিমাতালে। যেন টেলাগাড়ির দাদা। সবখানে থামছে। নামাচ্ছে, উঠাচ্ছে। পাশের বোরখাওয়ালী বহুক্ষণ হয় নেমে গেছে। একটা বাচ্চামতো মেয়ে কোত্থেকে এসে যেন বসেছে। একটু পরপর বমি করার উদ্যোগ নিচ্ছে। সে বিরক্ত হচ্ছে দেখে মেয়েকে সরিয়ে বাপ এসে বসেছে। লোকটা এমন চেপে বসেছে, যেন তাকে চেপেই মেরে ফেলবে। তার মেয়ের উপর বিরক্ত হওয়ায় কি বলিহারি শোধ তোলা। উফ্, লোকটার গায়ে কী গন্ধ!
একটু সরে বস না, বাবা, তা না, যেন জোর করেই লেগে বসতে চাইছে। হিয়া নির্বিকার নোটবুকটা দুজনের মাঝে গেঁথে দিল। পার্টিশন। বাহুতে লাগতে চাইলে তারও ব্যবস্থা আছে। বড় ব্যাগের ভেতর চেপ্টা ধরনের আরেকটা স্পাইক স্টিলের ফনা তোলা ব্যাগ আছে সেটা মাঝে দিয়ে দেবে। ব্যস, বুঝবে মজা। সে জানে আশপাশের সবাই এই প্রতিরক্ষা ব্যবস্থা সাপোর্ট করবে। প্রায়ই এটা করতে হয়। লোকটা কিছু বলতে পারবে না শুধু সইতে হবে। ইস, তিথি আর সেঁজুতি নিশ্চয়ই এতক্ষণে ভার্সিটিতে পৌঁছে গেছে। লাইব্রেরিতে আজ কত কাজ ছিল।
কিন্তু ঐ যে পথ। 'পথেই হল দেরি।' এই ডায়ালগটা গেয়ে গেয়ে আজ ওদের দেখামাত্র দিতে হবে। এই পথ যদি আজ আর শেষ না হয় তবে কেমন হতো বলতগানটা বেজে যাচ্ছে বাসের ভেতর। গানটা তার কাছে ভয়াবহ দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে। নিশ্চয়ই ওরা দুজন পড়ে পড়ে দ্বিগগজ হচ্ছে সকাল থেকে আর গজগজ করছে সেঁজুতি তিথির কাছে 'সে যে কেন এল না', বলে বলে। সেঁজুতির ব্যাকুল হওয়া মুখটা এক ব্রেকের প্রচণ্ড ঝাঁকুনিতে দূরে কোথাও গিয়ে পড়ল। ভালোই হয়েছে। নিজেকে নিয়ে ভেবে কুল পায় না তো আবার যোগ হয়েছে বান্ধবীরা। বাসায় যে কত ঝক্কি। সারাক্ষণ তার মাথাটা ঝমাঝম করছে। সারাক্ষণ বাসায় শুধু ঐ বিয়ে নিয়ে খচখচানি মনটা বিষিয়ে আছে। নাহ্ ঐসব সে ভাবতেই চায় না।
সৌমিক যেন কি বলেছিল, বলেছিল মন খারাপ থাকলে নীল অপরাজিতা দেখবে মন ভালো হয়ে যাবে। এক্কেবারেই যাচ্ছে তাই ছেলেটা। কোথায় পাবে সে খুঁজে এখন নীল অপরাজিতা। চোখে তো সর্ষে ফুল দেখছে। অসহ্য ছেলেটা। মাহদী সেই কবে চট্টগ্রাম কলেজে থাকতে বলেছিল, যখন মন খারাপ হবে ভালোবাসার মানুষের মুখটা ভাববে মন ভালো হয়ে যাবে। হিয়া চোখ বন্ধ করে ভাবতে চাইল। কোথাও কেউ নেই। কোনো পুরুষ নেই। সব মেয়ে। আপনমনেই হাসল। সেঁজুতি আর তিথির আর রুবানেরও মুখটা মনে পড়ছে। তার ভালোবাসার বান্ধবীরা। একগুচ্ছ ভালো লাগার মুখ। সব কজন কাউকাউ করে একসঙ্গে যেন বলছে, তুই কবে মানুষ হবি রে হিয়া আর কত বাছাবাছি করবি। বাপ-মায়ের বেশি আদরে তোর মাথাটা এক্কেবারে গোল্লায় গেছে রে।
হিয়ার বোধহয় চোখটাই লেগে এসেছিল। প্রচণ্ড ব্রেক দিয়ে বাসটা দাঁড়িয়ে গেল। এত গরম, এত ভিড়—তার ভেতর বাস সোজা গেল দাঁড়ায়ে। বাতাস বন্ধ। কন্ডাক্টর জোরে জোরে ঘোষণা দিল, সবাই নেমে পড়েন। বাস স্টপ, পা ভাঙছে। যাইব না আর কোনোদিকে।
বাসের পা ভাঙছে, আর কথা পায় না খুঁজে। বাসময় হৈহৈ। পারলে চালকের পা দুটোও ভাঙবে পাবলিক। ড্রাইভার যতই বলতে চাইছে যান্ত্রিক গোলযোগ, কে শোনে কার কথা। অর্ধেক টাকা ফেরতের জন্য কন্ট্রাক্টরের চার ধারে ভিড়ও হয়েছে। সেই জটলা ঠেলে ঐ জুনিয়র ছেলেটি যে উঠে জায়গা করে দিয়েছিল সে এসে বলল।
আপা, আপনি আমাদের সঙ্গে আসেন। দেখি কী করা যায়।
হিয়া বলল, ঠেলা গাড়ি পাওয়া যাবে?
ছেলেটা হেসে দিল।
নামতে গিয়ে ধাক্কা খেল, সেই মেয়ের বজ্জাত বাবাটার। এসব আজেবাজে লোকদের ধরে ধরে জেলে ভরা দরকার। ইচ্ছে করে ধাক্কা দিল। তারও তো একটা মেয়ে আছে। তারপরও এটা সে করল। মানুষ যে কত ইতর হতে পারে!
নামতেই দেখল একটা ঝুপড়ির মতন চায়ের দোকান। অনেকে তাতে ঢুকে বসেছে। সে দ্রুত ভার্সিটি যেতে চায়। টেক্সি পেলেও হত। একবার মনে হচ্ছে সোজা বাসায় ফিরে চলে যেতে। কিন্তু ওখানে গেলেও তো শান্তি নেই। বড় ফুপু ও দলবল রয়েছেন। একান্তবর্তী পরিবারের সব জটিলতা নিয়ে তারা তাকে গ্রাস করবে। বকুলপার বর এখনও শুধু আসেননি ফুপুর সঙ্গে দেখা করতে। ওনারও যদি কামিনীবুর বরের মতন গাড়ি-বাড়ি থাকত হয়ত-বা উনিও ছুটে আসতেন ফুপুর কাছে, ওনার খালা শ্বাশুড়ির কাছে। আর্থিক স্বচ্ছলতা মানুষের কাজেকর্মে সামাজিকতায় সবকিছুতেই প্রচণ্ড প্রভাব ফেলে। বকুলপার মিউমিউ চালচলন তাকে বারবার মনে করিয়ে দেয় যে সবকিছু ঠিকমতন না হলে অবশ্যই বিয়ের পিঁড়িতে বসবে না।
এর পরের দৃশ্যটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ছেলেপেলের দল একটা খড়বাহী ট্রাক দাঁড় করিয়েছে। ওটাতে উঠছে। ফ্রি লিফট দিচ্ছে এতেই তারা বিশ্বজয়ী স্টাইলে লাফঝাঁপ মেরে মেরে ওতে উঠছে। সেই জুনিয়র ছেলেটি এসে বলল, চলেন আপা, ব্যবস্থা হয়ে গেছে, এক্কেবারে ফ্যাকাল্টিতে নামিয়ে দেবে।
খড়ের ট্রাকে ফ্যাকাল্টি। হিয়া অবাক হয়ে চেয়ে থাকল। তারপর বলল, অসম্ভব, আমি ট্রাকে উঠব না।
তার হঠাৎ খেয়াল হল, সেই একমাত্র মেয়ে। বাকি ছয়-সাতজনই ছেলে।
নাহ্ এভাবে সে কীভাবে যাবে। বলল, না, পরের বাসের জন্য দাঁড়াই। এখানে এলে উঠে পড়ব। তোমরা যাও।
ছেলেটা বলল, আপনাকে এখানে একা রেখে যাই কীভাবে।
যাও কোনো অসুবিধা নেই।
একবার ভাবল, নাম জিগ্যেস করে ছেলেটির। এত আপা আপা করছে। কিন্তু জিগ্যেস করল না। হেঁটে গিয়ে চায়ের দোকানের সামনের বেঞ্চিতে বসে পড়ল। চেয়ে দেখল একমাত্র মানবী সে। বাকিরা মানব না দানব বুঝতে পারছে না। ভয় ভয় করছে। দোকানির দিকে চেয়ে বোঝার চেষ্টা করল, যার দোকানে বসেছে সে কেমন। টাক মাথা। হাতকাটা গেঞ্জি। ৪৫ বছর হবে বয়স। সৌমিক না একদিন বলেছিল ছেলেদের সবচেয়ে খারাপ বয়স হচ্ছে ৪৫। বুড়াও না জোয়ানও না। ধুৎ, সৌমিকের সব কিছুতেই বাঁদরামি।
দোকানি পেছন ফিরে কাকে যেন জিগ্যেস করল, হেতি আঁর মুই রেনি রইছে কিল্লাই।
মানে কী? কী বলছে এই লোক। তাকে নিয়েই কিছু বলছে বোঝা যাচ্ছে।
পাশের লোক বলল, আই কিয়াম। চাঁন আংগোরে হরদের।
তারপর তার দিকে চেয়ে বলল, তুই মনা কোনান তুন আইছ।
সে কি ভিন্ন কোনো গ্রহে এসে গেল নাকি। নাহ্ তাড়াতাড়ি সরে যেতে হবে। ঐ তো দূরে একটা বাস দেখা যাচ্ছে। উঠে গিয়ে হাত দেখাল। বাসটা থেমেও গেল। অবাক তো। কিন্তু জায়গা তো নেই একটু। দু-তিনজন বানরের মতন ঝুলছে। কন্ট্রাক্টর তারপরও বলছে, আপা উঠে আসেন। আর বাস পাইবেন না। মুরাদপুরে বাস ধর্মঘট শুরু হইছে। শ্রমিক-ছাত্র সংঘর্ষ।
কী সর্বনাশ! কিন্তু এখানে উঠবে কীভাবে? চেপেই তো দম বন্ধ করে মেরে ফেলবে।
পেছনে বসে তামাসা দেখছে যারা, তাদের ভেতর থেকে কে যেন বলল, মনে হয় আগের লোকই, হিতি তো যার গোই। মানে কী। সে চলে যাচ্ছে তাই বলছে। এরা অবশ্যই চট্টগ্রামের ভাষায় কথা বলছে না। বললে সে সবই বুঝত। মনে হয় নোয়াখালীর। ভার্সিটি যেতে যেতে বহু গ্রাম পেরুতে হয়। বহুরকম ভাষা তাদের। জীবিকার জন্য বহুজন বহুদিকে আসছে যাচ্ছে। ভাষায় ভাষায় ধাক্কা ধাক্কি হচ্ছে, দেখাদেখি চলছে। কিন্তু সে চলে যাচ্ছে দেখে ওদের দুঃখ কেন? মতলবটা কী। হিয়া আরও ঘাবড়ে যায়। হঠাৎ দেখল সেই মেয়েটি। ভিক্ষুকের সেই গার্লফ্রেন্ড। ছিল কই এতক্ষণ মেয়েটি! এখন দিব্যি একটা রিকশা নিয়ে চলল তার রাজকুমারকে নিয়ে ভার্সিটির দিকে। যেতে যেতে হয়ত দুপুর গড়াবে। তাতে কি। না পৌঁছালেও চলবে। পথেই ওদের আনন্দ। আহ্ একটা মনের মানুষ তার জুটল না। থাক এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে। একা একা একটা রিকশা নিয়ে সে এখান থেকে কোন দিকেই যেতে পারবে না। কোন উপন্যাসের নায়িকা হলে এখন এই সময়ই আবির্ভাব হত সেই যুবরাজের। এসে বলত এসো চল, আমার সঙ্গে। কিন্তু সে তো আমজনতা। ম্যাংগো-ম্যান। মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা ছাড়া তার আর কি গতি হবে।
স্কুটার বা ফটফটি নিয়ে এক লোক ধাই করে সামনে দিয়ে চলে গেল। তখন আবার মনে হল, ভাগ্য ভালো যে এসে বলেনি চল আমার সঙ্গে চুপচাপ। না হলে দুই নলা একটা পাঁচ হাত লম্বা বন্দুক বের করব। ধুরছাই, কী ছাইপাশ ভাবছে সে।
সেই ছেলে দুটো আবার এগিয়ে এল। এবার এদের দেখেও সে ভয় পেল। ব্যাপার কি? ওরা কি তাকে ফলো করছে। ঐ ট্রাকে করে না ওদেরও চলে যাবার কথা ছিল। না যেয়ে বসে আছে কেন। মজা দেখছে। কিন্তু ভাবগতি সে রকম না। গোবেচারা টাইপের।
আপা চিন্তা করেন না। আরও বাস আসবে। ঐ চায়ের দোকানের কাকু দোকানি বাসায় খবর দিছে তার মেয়ে যেন এসে আপনার সঙ্গে বসে থাকে আপনি না যাওয়া পর্যন্ত।
হিয়া গভীর মমতা নিয়ে ঐ ৪৫ বছরের ভয়াল দর্শন লোকটার দিকে ফিরে তাকাল।
হঠাৎ পাওয়া কাকু বলল, চিন্তা নাই। বাস কামিং।
হিয়া হেসে ফেলল। ইংরেজিতে তাকে বোঝাচ্ছে। ভার্সিটিতে পড়ে বলে তাকে ইংরেজিতে বোঝাতে হবে। হা-হা।
ছেলেটা বলল, বাসওয়ালা ছাদেও প্যাসেঞ্জার উঠানোর জন্য ঐ রকম মিথ্যা বলেছে। আমার বন্ধুকে ফোন করেছিলাম বলল সব ঠিক আছে।
বাসায় ফোন করে গাড়ি পাঠাতে বলতেও সাহস হচ্ছে না। গাড়ি তাকে নিয়ে বাসায় পৌঁছার আগেই দেখা যাবে হাতির মতন একটা কাউকে ধরে এনে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তারপর বলছে যাও হাতির হাত ধর আর মাহুতের পেছন পেছন মাহুতের বাড়ি চলে যাও সংসার করতে। বনে গিয়ে আর লেখাপড়ার কোনো দরকার নেই। অনেক বিদ্যাধরী হয়েছ। তোমাকে নিয়ে এত ঝামেলা আর কেউ পোহাবে না। বকুল আর কামিনী বিদায় হওয়াতে এই বাড়িতে যে শান্তি নেমে এসেছিল, তোমার কারণে তা বিঘ্নিত হচ্ছে। তুমি হচ্ছ জলজ্যান্ত সমস্যা।
ভাবতে না ভাবতেই দেখা গেল একটা মাইক্রোবাস আসছে। ভালোই হয়েছে। থামলও। যত সিট তত প্যাসেঞ্জার। ভেতরে কয়েকজন লেডিসও দেখা যাচ্ছে। কিন্তু শুধু একজন যেতে পারবে। ছেলে দুটো তাকে এগিয়ে দিল। না ছেলে দুটো ভালো। এখনও ভালো ছেলে আছে পৃথিবীতে। প্রচুর আছে। মাইক্রোবাসে উঠেই সে দম ছেড়ে বাঁচল। হঠাৎ পেছন ফিরে চলন্ত মাইক্রোবাস থেকে নাম জানতে চাইল ছেলে দুটোর। কিন্তু কি বলল হিয়ার কানে এসে তা আর পৌঁছাল না। একই ডিপার্টমেন্ট যখন তখন আবার দেখা হয়ত-বা হয়ে যাবে। না হলেও ঠিক আছে। চলার পথে কতজনকেই তো অচেনা থেকে যেতে হয়।
হিয়ার এবার মনে হল সে নিশ্চিন্তে ভার্সিটি পৌঁছে যাবে।
