বিষাক্ত গল্প
হাসান জামালের সঙ্গে পরিচয় বছর তিনেক আগে, একুশের বই মেলায়।
কে পরিচয় করিয়ে দিয়েছিল, মনে নেই। হাসান জামাল গল্প উপন্যাস কবিতা লেখেন। প্রথম বছর পরিচয়ের দিনে তিনি জানান, প্রায় বছর বিশেক পর আবার লেখার জগতে এলাম।
মানে? আমি বিস্মিত হয়ে প্রশ্ন করি। এতদিন, বছর লেখেননি কেন?
নানা কারণে হয়ে ওঠেনি।
আমার কাছে বিস্ময় লাগে, একজন মানুষ যখন লেখেন, লিখতে শুরু করেন, তিনি লেখা ছাড়া থাকেন কী করে? হতে পারে, মানুষ বলেই হয়ত সম্ভব। মানুষ পারে না এমন কাজ জগতে আছে? এক সময়ের বেতারে জনপ্রিয় সংবাদ পাঠক ইমরুল চৌধুরী কবিতা লিখতেন। মাঝে অনেক বছর লেখেননি। কয়েক বছর আগে আবার লিখতে শুরু করেছিলেন। কী চমৎকার কবিতা লিখতেন ইমরুল চৌধুরী। একটা পত্রিকাও বের করেছিলেন কবিতাবিষয়ক। যতদূর মনে পড়ছে–সময়ের স্রোত ছিল পত্রিকাটির নাম। পুরনো ঢাকার ইতিহাসখ্যাত বিউটি বোর্ডিং নিয়ে একটা কমিটি গঠন করেছিলেন। একাত্তরের পাকিস্তানি জল্লাদের হাতে শহীদ প্রহল্লাদের স্মৃতিবিধৌত স্থনটিকে দখলদারদের হাত ধেকে বাঁচাতে আন্দোলন গড়ে তুলেছিলেন। এখন আর দেখতে পাই না ইমরুল চৌধুরীর কবিতা। তিনি কি আবার নিজেকে লেখার জগত থেকে প্রত্যাহার করে নিয়েছেন? হয়ত। নইলে পত্রপত্রিকায় লেখা দেখতাম। এ হয়। অনেক লেখকের হয়। জীবন কি আর ব্যাকরণ মেনে চলে? জীবন নিজেই তো একটা নিজস্ব ব্যাকরণ।
প্রথম বছর পরিচয়ের দিন হাসান জামাল তার ব্যাগ থেকে আমাকে একটি বই দিয়ে বলেছিলেন, বইটি পড়ে দেখবেন। আপনারা এই সময়ের লেখক, অনেক দিন পর লিখতে এলাম, হচ্ছে কি না জানাবেন।
তিনি আমাকে একটি কার্ড ও দিলেন। হাসান একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। হালকা পাতলা গড়ন। মাথার সামনের চুল একুট কম। কথা বলেন মিষ্টি বচনে। বাম দিকের চোখে একটু কম দেখেন। কিন্তু নিজে না বললে বোঝা যেত না। কোনো কিছু পড়ার সময়ে চশমা পরেন চোখে। তার আন্তরিকতা ভালো লাগে। আরও ভালো লাগল–একজন লেখক হিসেবে তার ফিরে আসায়। আমরা বাংলা একাডেমির সামনে বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ারের গেটে শাহ আলমের দোকানে চা খেতে যাই। চা খেতে খেতে হাসান বলেন, জানেন এক সময়ে আবদুল মান্নান সৈয়দ আর আমার লেখা পাশাপাশি ছাপা হত।
তাই নাকি?
হ্যাঁ। কিন্তু কনটিনিউ করতে পারলাম না–তার ভেতরের গহীন থেকে আক্ষেপের সুর শুনতে পাই। মান্নান সৈয়দের সমসাময়িক আরও কয়েকজন লেখকের নাম বলেন হাসান, এদের সঙ্গে তখন আমার ভালো যোগাযোগ ছিল। এখন নেই। কে কোথায় আছে, কে জানে? তা ছাড়া এত বছরে সবাই আমাকে ভুলে গেছে।
যেতেই পারে, কিন্তু আপনি আবার সবার সঙ্গে সম্পর্ক নবায়ন করুন। সেইসব লেখকদের সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন সবাই আপনাকে গ্রহণ করেছেন আগের মতো–আমি তাকে অনুপাণিত করার চেষ্টা করি। কিন্তু হাসান তেমন উৎসাহ দেখান না। চা খাওয়া শেষ করে মেলার দিকে যেতে যেতে তিনি আমার কাছে জানতে চান, অনল রায়হান, এবার আপনার কয়টি বই বেরুচ্ছে?
চারটা বই আসার কথা। দুটো চলে এসেছে–আর কয়েক দিনের মধ্যে বাকি দুটো আসবে।
সবই কি গল্পগ্রন্থ?
না, একটা গল্পের বই 'ঘাসকন্যা'। বড়দের। একটা উপন্যাস 'মন নাগর'। একটা ছোটদের গল্প বই 'হ্যালো ঘুম'। আর একটা মুক্তিযুদ্ধের গল্পসংকলন সম্পাদনা করেছি।
যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই।
করুন।
আপনি কি বই টাকা দিয়ে করেন?
নাহ, বরং আমি টাকা নিয়ে বই দিই প্রকাশককে। একজন লেখক কেন টাকা দিয়ে বই করবেন? এটা খুব একটা প্রবণতা বাংলাদেশে। লেখক তার মনন মেধা বিনিয়োগ করবেন আবার টাকাও দেবেন–এই যোজনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
কিন্তু আমাকে তো টাকা দিয়ে বই করতে হয়েছে–হাসান জামালের গলায় তিক্ত বিষণ্নতা।
আমি বলি, কারণ আছে, আপনাকে তো এই সময়ের প্রকাশকরা চেনে না। জানে না পাঠকরাও। একটা বই করতে আজকাল বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে। কে আপনার পেছনে এত টাকার ঝুঁকি নেবে? আপনি পত্রপত্রিকায় লিখতে থাকুন, আবার লেখক পরিচয় পরিচিত হোন, তখন দেখবেন, টাকা দিয়ে বই করতে হবে না।
এভাবে হাসানের সঙ্গে আমার পরিচয়। মানুষটাকে আমার ভালোই লাগে। মেলার মধ্যে আরও কয়েকদিন দেখা হয়েছিল। আমার পরিচিত দুটি টিভি চ্যানেলে হাসানের সরাসরি সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছি। হাসান খুব খুশি হয়েছেন। চ্যানেলে সাক্ষাৎকার যাবার আগে বাসায় ফোন করে স্ত্রীকে দেখতে বলেছেন।
এবার তার দুটি বই প্রকাশিত হয়েছে। একটি কবিতার আর একটি উপন্যাস। যেহেতু আমি গদ্য লিখি, হাসান আমাকে তার উপন্যাস 'আমলকি বনে মৌ' উপহার দিয়ে বললেন, গত বছরের বই নিয়ে আমাকে কিছু বলেননি কিন্তু। ব্যস্ত মানুষ, হয়ত আমাকে মনে ছিল না।
আমার চেয়ে বয়স্ক একজন মানুষ এমনভাবে বললে একটু সংকোচই লাগে। আসলে নাগরিক দৌড়ে আমরা প্রত্যেকেই ব্যস্ত। কারও দিকে ফিরে তাকানোর সময় নেই। আর সত্যি কথা বলতে কী হাসান জামালকে আমার মনে রাখার কোনো উপলক্ষও ছিল না। তার দেওয়া বইটা কোথায় রেখেছিলাম মনেও ছিল না। কিন্তু এবার মনে মনে সিদ্ধান্ত নিলাম, হাসানের 'আমলকি বনে মৌ' উপন্যাসটা পড়ব এবং আমার প্রতিক্রিয়া তাকে জানাব। আমি মেলার মধ্যেই তার বইটি পাঠ করলাম। এবং তাকে আমার প্রতিক্রিয়া জানালাম। বইমেলার মধ্যেই বইটি পাঠ করে আমি প্রতিক্রিয়া জানাব হাসান জামাল প্রস্তুত ছিল না। ভীষণ খুশি হয়েছিলেন। 'আমলকি মনে মৌ' উপন্যাসটার নামে মনে হয়েছিল রোমান্টিক ধরনের আখ্যান হবে। কিন্ত পাঠ করতে করতে আবিষ্কার করলাম, উপন্যাসটির আখ্যান অফিসের ঘটনা আর নায়কের ক্যারিয়ার নিয়ে গড়ে উঠেছে। নায়িকা একজন আছে কিন্তু তার ভূমিকা খুবই গৌণ। ঘরের সুগৃহিনী মাত্র। কিন্তু 'আমলকি বনে মৌ' উপন্যাসটি পড়ে যাওয়া যায়। আর ঘটনার বেশ ঘনঘটা আছে।
হাসান জামালকে বললাম, আপনার উপন্যাস ঠিকই আছে। সমাজের চরম বাস্তবতা আছে। কিন্তু গোটা উপন্যাসে নায়িকার উপস্থিতি এত কম কেন? আর প্রেমের তো কোনো প্রসঙ্গই নেই। উপন্যাস লিখেছেন, অথচ প্রেম নেই, এমন উপন্যাস চলবে কেন? আর প্রেম তো জীবনের গভীর অংশ।
আমি জানি, আমার কথার পিঠে বললেন হাসান, আগামীবার চেষ্টা করব নায়িকার অংশ বাড়াতে। সঙ্গে প্রেমের অংশও। আমি জানি, একতরফা কোনো কিছু হয় না। কিন্তু আমার সমস্যা আছে।
ভেবে পেলাম না, গল্পে বা উপন্যাসের আখ্যানে নায়িকার অংশ বাড়াতে একজন গল্পকারের সমস্যা কোথায়? প্রেম ছাড়া গল্প উপন্যাস? আরও অবাক ঘটনা, একজন গল্পকার বা উপন্যাসিক যখন এমন মন্তব্য করেন। আমার মনে হয়, হাসান জামালের কোথাও একটা ঝামেলা বা কুহুক আছে, যা আপতত প্রকাশযোগ্য নয়। আবার ভাবি, আমরা মানুষ তো–মানুষের থাকে নানামুখী অন্তর্প্রবাহ, থাকে বেদনার বিচিত্র সূত্র, থাকে যোগ-বিয়োগ-গুণ-ভাগের নানা সমীকরণ। সব সমীকরণ সবসময়ে মেলেও না। সুতরাং আমি চুপ করে থাকি।
গত বছরের মতো এবারও দুজনের মধ্যে একটা যোগযোগ তৈরি হল। মেলায় আমি প্রতিদিনই যাই। এ এক অদ্ভুত নেশা। বইমেলায় একদিন না গেলে কোনো কিছু ভালো লাগে না। মেলায় বন্ধুদের ও পাঠকদের সঙ্গে দেখা হয়। গল্পে, আড্ডায় সময় কাটে। অনেকের মতো আসেন হাসান জামাল। দেখা হলে কিছুটা খোশগল্প চলে, চা পানের সঙ্গে প্রকাশিত বই নিয়ে কথা হয়। এবং একদিন দুইদিন করে এক সময়ে নিয়তির মতো অমর একুশের বইমেলা শেষ হয়, আমরাও বাসায় ফিরে আসি।
তৃতীয় বছর, মানে এ বছরের বই 'কুহকের ডালপালা' নামে মেলায় হাসান জামালের একটা গল্পের বই বের হয়েছে। প্রচ্ছদটা বেশ সুন্দর। বইটিতে এগারটি গল্প আছে। অবশ্য বইটি মেলায় আসতে আসতে ফেব্রুয়ারির মাঝামাঝি লেগেছে। আমাকে বইটি হাতে দিয়ে আগের মতোই বলেছেন, পড়ে জানাবেন।
জানাব, আমি বললাম।
আমরা দুজন বাংলা একাডেমির নতুন সুদৃশ্য ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের সামনে দাঁড়িয়ে আছি। সামনে পুকুরের অল্প পানিতে ছোট ছোট মাছের আনাগোনা দেখছি। লোকজন কম এদিকটায়। পুকুরপাড়ে তিনটি সাদা রাজহাঁস ঘুরছে, সঙ্গে বেশ কয়েকটি বাচ্চা।
হাসান বললেন, আমি জানি এবারও আমার গল্প পড়ে আপনি মজা পাবেন না। আপনি কেন, কেউ আমার গল্প পাঠ করে মজা বা আনন্দ পাবে না। তারপরও লিখি। কেন লিখি তাও জানি না। কিন্তু লিখতে ভালো লাগে।
এসব বলছেন কেন?
হাসেন হাসান জামাল, ওই আগের সমস্যা।
আগের সমস্যা?
নায়িকার কারবার নেই আমার গল্পগুলোতে। প্রায়ই নায়িকা ছাড়া গল্প, সমাজের নানা অসংগতিকে কেন্দ্র করে লেখা আমার গল্পগুলো।
আমি বললাম, ভালোই তো। নতুন একটা ডাইমেনশন এনেছেন গল্পে।
আমাকে থামিয়ে বলেন হাসান জামাল, আপনি যতই আমাকে শান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন না কেন আমি তো জানি, একতরফা গল্প-উপন্যাস এমনকি জীবন হয় না।
আমি একটু ঝাঁঝের সঙ্গে বলি, যদি বোঝেনই তাহলে একতরফা গল্প-উপন্যাস লেখেন কেন? কেন মিছিমিছি সময় নষ্ট করছেন?
হাসান সামনের দিকে, দূরের আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি তো প্রেমের আখ্যান, নায়কের সঙ্গে নায়িকার শারীরিক সম্পর্ক, চুমুর উপাখ্যান লিখতে চাই। কিন্তু পারছি না।
কেন পারছেন না?
সে আপনি বুঝবেন না।
বললে বুঝব না কেন? বলেন, আমি বুঝব।
হাসান জামাল বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে চোখ অন্যদিকে সরিয়ে নেন। আমার মনে হল, গল্পকার হাসান জামালের ভেতর একটা বন্ধ দরজা খোলার চেষ্টা হচ্ছে। ভদ্রলোক ভাবছেন, তার ভেতরের জটিল চক্রবুহ্য আমাকে বলবে কি বলবে না। হয়ত জটিল কোনো ঘূর্ণিপাক আছে তার ভেতরে, যা আমাকে তিনি জানাতে চাইছেন না। আবার জানাতেও ইচ্ছে–তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কিন্তু একসময়ে তিনি আমার মুখের দিকে আবার তাকালেন এবং বললেন, আমি আটকে আছি আমার স্ত্রীর জন্য।
মানে?
আমার স্ত্রী অন্যরকম মানুষ। আমার প্রতিটি গল্প উপন্যাস কবিতা ও পড়ে। আমার লেখার মধ্যে প্রেম, নায়ক নায়িকার সঙ্গে শরীরের সম্পর্ক–চুমু, আদর থাকলে ওর তীব্র প্রতিক্রিয়া হয়। সব ছিঁড়ে কুটিকুটি করে ফেলে দেয়। চেঁচামেচি করে। আজেবাজে গালিগালাজ করে। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। ভাই, সংসার তো, একটা ছেলে আর একটা মেয়ে আছে, দাঁতে দাঁত চেপে সহ্য করছি।
আমি অবাক বিস্ময়ে হাসান জামালের দিকে তাকিয়ে থাকি। আমার সামনে দাঁড়ানো এই মানুষটাকে আমি কী বলতে পারি? একজন গল্পকার, নিজের জীবনকে কীভাবে মুড়ে দিচ্ছেন যাতনার যাঁতাকলে? আমার দিকে তাকিয়ে হাসান জামাল একটু হাসেন–কী, অবাক হচ্ছেন?
হ্যাঁ, কেবল অবাক নয়, আপনার কথা শুনে আমি অনুভূতিশূন্য হয়ে পড়ছি। আমার মনে হচ্ছে আপনি একজন পাথরমানুষ।
তাহলে আমার জীবনটা বোঝেন।
কিন্তু আপনি এ জীবন বহন করছেন কেন?
'কুহকের ডালপালা' গল্পগ্রন্থের ফ্ল্যাপ পড়ে জানতে পারলাম, হাসান জামাল আমার থেকে আট বছরের বড়। এ রকম একজন বয়স্ক মানুষ কতটা যন্ত্রণার সঙ্গে জীবনযাপন করে আসছেন, আমাকে তার জীবনের গভীর গোপন বিষাদ ঘটনা শোনাচ্ছেন।
হঠাৎ আমার মনে হল, মানুষটি বড় একা। এই যে তিনবছর ধরে তার সঙ্গে আমার পরিচয়, দেখা, কই অন্য কোনো লোকের সঙ্গে কথা বলতে দেখিনি। মেলায় আসেনও একা। চলেও যান একা। হাতে সবসময় থাকে ছোট্ট একটা ব্যাগ। ব্যাগের মধ্যে প্রকাশিত বইয়ের কয়েকটা কপি। কারও সঙ্গে পরিচয় করিয়ে দিলে তিনি ব্যাগ থেকে বই বের করে দেখান। বড় অকৃত্রিম মানুষ তিনি। সাধারণ জীবনযাপন তার।
আমার প্রশ্নে তিনি বললেন, না করে উপায় কী, ভাই?
কোনো বিকল্প কী নেই?
বিকল্প? কী বিকল্প থাকতে পারে? এমনকি আমার স্ত্রীর শারীরিক অনুভবের ইচ্ছেও নেই।
আমার শরীর মন ছমছম করে ওঠে। মনে হচ্ছে, আমি এক বিশাল বালুর মাঠে দাঁড়িয়ে আছি। বালুর মাঠে বইছে বালিয়াড়ি ঝড়। সঙ্গে একজন গল্পকার হাসান জামাল। যিনি তার গল্পের আখ্যানে সমাজের অফিসের রাষ্ট্রের যাবতীয় অন্যায় আর অসংগতির মানচিত্র আঁকেন। জীবনের এ কী গল্পের আখ্যান শোনাচ্ছেন আমাকে?
আপনার স্ত্রীর এই সমস্যা কি শুরু থেকেই?
হ্যাঁ। একেবারেই শুরু থেকেই।
তখনই সিদ্ধান্ত নেননি কেন?
আমার হাত ধরেন হাসান, শুনুন, আমার এক ঘনিষ্ঠ বন্ধুর প্রস্তাবে পারিবারিকভাবেই বিয়ে করি। আমার স্ত্রী ছিল বন্ধুর দূর সর্ম্পকের আত্মীয়। আমার স্ত্রী দেখতে শুনতে ভালো। সুন্দরীই বলা যায়। গায়ের রং ফরসা। ঢাকা ইউনিভারসিটি থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স করা মেয়ে। বিয়ের পর বাসর ঘরেই টের পেলাম, সে শারীরিক সর্ম্পকের ব্যাপারটাকে দারুণ ভয় পায়। ঘটনায় বিরক্ত। ক্ষেপে উঠছে। আমি যতবার যতভাবে তাকে সংযুক্ত করার চেষ্টা করি, সে তত ক্ষিপ্ত হয়ে ওঠে।
আমি চিরকাল রোমান্টিক মানুষ। যদিও কোনো মেয়ের সঙ্গে আমার তেমন উল্লেখ করার মতো প্রেমের সম্পর্ক হয়নি, কিন্তু আমি ভেতরে ভেতরে রোমান্সে ভরপুর একজন তরুণ। লিখছি গল্প-কবিতা। বিয়ের আগেই আমার গল্প আর কবিতার বই বের হয়েছে। কিন্তু স্ত্রীর ঘটনায় আমি হতবাক। বলা যায় শোকে মূহ্যমান। যে যৌবন এতদিন ধরে যত্নে লালন করে এসেছি, সেই যৌবনের কোরক কামনা আমি কোথায় রাখব? আর এসব কি কাউকে বলা যায়? কিন্তু আমি লজ্জার মাথা খেয়ে আমার ঘটক বন্ধুকে সব জানালাম। প্রথমে সে অবিশ্বাস করল। উল্টো বন্ধু আমাকে অক্ষমতার প্রসঙ্গ তুলে অভিযুক্ত করতে চাইল। আমি আমার সঙ্গে কথা বলতে বললাম।
তারপর? আমি অবাক হয়ে শুনছি গল্পকার হাসান জামালের গল্প।
আমি আমার বন্ধুকে জানিয়ে দিলাম, এই মেয়ের সঙ্গে সংসার করা সম্ভব নয়। আমি তাকে ডিভোর্স দেব।
আচ্ছা!
বন্ধু বললেন, আপনি ডিভোর্স দিলে মেয়েটির কী হবে একবার ভেবে দেখেছেন?
আমি বললাম, আমি কীভাবে এই মেয়েকে নিয়ে সংসার করব? আমার ব্যাপারটা একটু ভাবুন।
বন্ধু বললেন, হাসান, কোনো কোনো মেয়ের এ রকম সমস্যা থাকে; কিন্তু একটা বাচ্চা হলেই সব ঠিক হয়ে যায়। আপনি একটু ধৈর্য্য ধরুন। প্লিজ, মেয়েটার জীবন নষ্ট করবেন না। আপনি পুরুষ মানুষ আর একটা বিয়ে সহজেই করতে পারবেন। কিন্তু আপনার স্ত্রীর কী হবে? খুব সহজেই কী আর একটি বিয়ে হবে?
আমার বন্ধুর কথায় আমি আটকে গেলাম। খুব মানবিক একজন নায়কে পরিণত হলাম। আমি আমার স্ত্রীকে আর ডিভোর্স দিইনি। আমি চেষ্টা করতে লাগলাম, তাকে স্বাভাবিক একজন নারীতে রূপান্তরিত করতে।
বাচ্চা হবার পরও আপনার স্ত্রী স্বাভাবিক হননি?
না।
তাহলে?
আর বাচ্চা হবার ব্যাপারে তার খুব আগ্রহও ছিল না। অনেক কষ্টে তার সঙ্গে মাসে একবার কি দুবার মিলিত হতে পারতাম। এখন তো একদমই পারি না। কত রাত আমার কেটেছে অসীম যন্ত্রনায়, আপনাকে বোঝাতে পারব না।
চলছেন কীভাবে?
চলছি আর কই? এইভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি। আর একা একা রাতে নিজের কামনাকে গলা টিপে মারছি। আমার স্ত্রী কেবল মানসিকভাবে নয়, শারীরিকভাবেই অসুস্থ।
ডাক্তার দেখাননি?
না, সম্ভব হয়নি।
কেন?
ডাক্তারের প্রসঙ্গ তুললে ঘরের আসবাব ভেঙেচুরে তছনছ করে দেয়। কারণ, সে বিশ্বাস করে তার কোনো অসুখ নেই। আমিই অসুস্থ। ডাক্তার দেখানো দরকার আমাকে।
আমি বলি, বেশ তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। তখন বলত, তোমার দরকার তুমি যাও, আমি যাব কেন? তাকে সমাজে সংসারে ছোট করার জন্য আমি ডাক্তারের প্রসঙ্গ আনছি।
এ তো দেখছি চমৎকার গ্যাঁড়াকল।
ঠিকই বলেছেন।
বিকল্প কোনো ব্যবস্থা করেননি?
না, ইচ্ছে করলে করতে পারতাম। অনেকভাবে পারতাম। আমার সে সুযোগ ছিল, আছে আর্থিক সুবিধাও। কিন্তু নিজেকে নিজে শান্তি দিতে চাইলাম। বলতে পারেন অক্ষমতার প্রতিশোধ আর কি! পৃথিবীতে এত মানুষ থাকতে এই মেয়েটি কেন আমার স্ত্রী হল? একটা সুস্থ স্বাভাবিক মেয়ে আমার স্ত্রী হলে কী ক্ষতি ছিল জগৎ সংসারের? মাঝেমধ্যে ভাবি, আরব দেশে একটা প্রথা নাকি আছে, বিয়ে ঠিক হলে হবু বর আর কনে সাদা এক টুকরো কাপড় নিয়ে নির্দিষ্ট ঘরে ঢোকে। এক সময়ে সাদা কাপড়ে রক্তের দাগ নিয়ে বাইরে আসে বর আর কনে। অপেক্ষারত আত্মীয়রা উল্লাসে মেতে ওঠে, সাদা কাগজে রক্তের পতাকা দুজনার শারীরিক সক্ষমতার প্রকাশ। ব্যাপারটাতে এক ধরনের আদিম পাশবিকতা আছে; কিন্তু আমার মনে হয় কখনও কখনও আদিমতারও প্রয়োজন, কথা বলতে বলতে থেমে যান হাসান জামাল।
চারদিকে সন্ধ্যার ছায়া নেমে আসছে। মেলার স্টলে স্টলে আলো জ্বলে উঠছে। মাইকে শুনতে পাচ্ছি, ঘোষক বলছেন, স্বরবৃত্ত থেকে প্রকাশিত হয়েছে গল্পকার হাসান জামালের গল্পগ্রন্থ 'কুহকের ডালপালা'। প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। দাম একশত চল্লিশ টাকা।
আমি কী শান্ত্বনা দেব আমার সামনে দাঁড়ানো গল্পকার হাসান জামালকে? গল্পকার তার গল্পে কত ক্যারেকটার তৈরি করেন, তৈরি ক্যারেকটার নিয়ে কত আলোচনা হয়, হয় সমালোচনা। কিন্তু গল্পকারও যে নিঃশব্দে বিষাক্ত গল্প বয়ে বেড়ান ক্ষয়ে যাওয়া জীবনের আগুন চাখতে চাখতে–কে রাখে তার খবর!
হাসান জামালের মোবাইলে ফোন আসে। তিনি রিসিভ করেন। কথায় টোনে বুঝতে পারি, বাসা থেকে তার স্ত্রীই ফোন করেছেন। পকেটে ফোনটা রাখতে রাখতে বলেন, আজ যাই, কাল দেখা হবে, হাসান জামাল ব্যস্থ হয়ে চলে যান।
আমি নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে থাকি, আমার গল্প আমি কাকে শোনাব? আমার স্ত্রী যে আমাকে ডির্ভোস দিয়ে আমার বন্ধুকে বিয়ে করে সংসার করছে!
