২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জমিলার বিয়ে

anwar_hossen

Published : 18 Apr 2015, 07:44 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

পঞ্চমীর চাঁদ তখনও ডুবে যায়নি। তার আলোয় প্রথম যা নজরে পড়ল তা একটি থ্রি নট থ্রি রাইফেলের নল। শীতের ঠান্ডা এখন স্বস্থিদায়ী। তারপরও নদীর খোলা হাওয়ায় একটু শীত অনুভব করি আমরা। যে নৌকাটিতে আমরা উঠেছি, তা ঠিক সাম্পান নয়। যদিও নাফ নদিতে প্রায় সব নৌকাই ছই তোলা সাম্পান। এ নৌকাটি ছিপ নৌকার মতো। লম্বা ও খোলা। তার দুপাশে দুজন করে চারজন যুবক বৈঠা নিয়ে বসেছিল। নৌকার পাটাতনে বিছানো ছিল রাইফেলটি। মোক্তারের নির্দেশে ওই যুবকেরা আমাদের ব্যাকপ্যাকগুলো এমনভাবে গুছিয়ে রাখছিল যাতে নৌকার ভারসাম্য ঠিক থাকে। আমরা পনেরজন যুৎ হয়ে বসেছি। নৌকা চলতে শুরু করেছে। সঁপাসপ বৈঠা পড়ছে। নাফ নদীর নোনা পানি কেটে নৌকা চলছে তিরবেগে।
জামার সাইড পকেটে হাত ঢোকাল মোক্তার। তারপর বের করা হাত যখন মেলে ধরল, তখন চাঁদের আলোয় পাঁচটি বুলেট চকচক করে উঠল। আমরা চলেছি অজানা গন্তব্যে। মোক্তার আমাদের গাইড। সুঠাম চার যুবকের আটটি হাতের ছন্দময় আন্দোলনে নৌকা এগিয়ে চলেছে। সাম্পানের গতি মন্থর। আমাদের এপারে যেমন আছে ইপিআর ঠিক তেমনি ওপারে বর্মি সীমান্তরক্ষী নাসাকা বাহিনী। দ্রুতগতির গানবোট আছে তাদের। ওদের দৃষ্টি এড়িয়ে ওপারে পৌঁছাতে হবে। এই নিশিরাতে লম্বা ছিপ নৌকা বেছে নেওয়ার কারণটি বোঝা গেল। খোলা রাইফেল ও তাজা বুলেট কেন দেখাল মোক্তার? তা কি এ কথা বোঝাতে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। অস্ত্র আছে আমাদের সঙ্গে। নাকি আমাদের মনে ভয় সঞ্চার করা তার উদ্দেশ্য?

টেকনাফ বাজারের পশ্চিমে পাহাড় পেরিয়ে মোক্তারের বাড়ি। আমাদের নিয়ে যাচ্ছে আরাকানে। চার যুবকের সঙ্গে তার কথোপকথন আমরা সামান্যই বুঝতে পারি। তবে আমাদের সঙ্গে যখন সে কথা বলে, তখন তা ভিন্ন। ঠিক চট্টগ্রামেরও নয়। মোক্তার বহু জায়গা ঘুরেছে। শুনেছে নানা ভাষা। সবার বোধগম্য করে কথা বলার কায়দাটি সে ভালোই রপ্ত করেছে।
আমরা যখন ওপারে পৌঁছেছি, তখন চাঁদ প্রায় ডুবে গেছে। আরও যুবকদের আমরা অপেক্ষমাণ দেখি। মোক্তারের নির্দেশে ওরা টপাটপ ব্যাকপ্যাকগুলো মাথায় উঠিয়ে নেয়। ওদের সঙ্গে মোক্তারের স্বল্প বাক্যবিনিময় আমরা ধরতে পারি না। দ্রুত চলতে শুরু করে ওরা। ব্যাপারটা কী হচ্ছে, চট্টগ্রামের ভাষায় জানতে চায় সাঈদভাই।
'চিন্তা ন গইজ্জুন। কষ্ট অইব অনেরার। ইতারা আঁর লোগ। আঁর ঘাডিত লই যাইব।' মোক্তারের এ কথার পরও সাঈদভাই বলে, 'আঁরার জিনিস আঁরা টাইন্নুম, খনও অসুবিদা নাই।'
মোক্তার কথা বলে না। হাতের ইশারায় আমাদের আশ্বস্ত করার চেষ্টা করে।
সন্দেহটি দানা বাঁধতে থাকে তখন থেকে। কোথায় আমাদের নিয়ে চলেছে মোক্তার? এর আগে একবার ওর সঙ্গে দেখা হয়েছে। আমাদের দলপতি পরিচয় করিয়ে দিয়েছেন। মধ্যবয়সী মোক্তারের মুখে হাল্কা হাসিটি লেগেই থাকে। কথা বলে কম, শোনেই বেশি। বার্মার কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ আছে তার। মোক্তারের সঙ্গে সে সাক্ষাতের সময়ই ঠিক হয়েছিল, আরাকানে কমিউনিস্ট পার্টির ঘাঁটি এলাকায় সে আমাদের নিয়ে যাবে।
সারিবদ্ধ আমাদের জোর কদম যাত্রা শেষ হয় প্রায় দুই ঘণ্টা পর। ভোর হতে তখন আর খুব বেশি বাকি নেই। সমতল শেষ হয়ে পাহাড়ের শ্রেণি শুরু হয়েছে। আমাদের পথ চলা শেষ হয় যেখানটায়, তা একটি বড় গুহার মতো। পায়ে চলার সরু পথ ছেড়ে এলোমেলো বনবাদাড় পেরিয়ে গহীন এই জায়গায় আমাদের আনা হয়েছে। পাঁচ ব্যাটারির আলো ফেলল মোক্তার। তাতে ভেতরটা দৃশ্যমান হয়। মাটিতে খড় বিছানো দেখে বোঝা গেল, মানুষজনের পা এ গুহায় আগেও পড়েছে।
'ইবা জাগা নিরাপদ, আইজ দিনর বেলাত অনেরা থাইবেন এনডে। বাইরে ন যাইয়ুন। আঁই আইসসুম তরাতরি।'
দ্রুত মোক্তার আরও যা জানিয়ে যায়, তা হল নাসাকা বাহিনীর ঘাঁটি খুব দূরে নয়। মোক্তার অপেক্ষা করে না, সঙ্গী দুজন নিয়ে অদৃশ্য হয়ে যায় ভোরের আলো ফোটার আগের অন্ধকারে।

হাত-পা ঝাড়া আমরা। আমাদের সব জিনিসপত্র তো নিয়ে গেছে মোক্তারের লোকজন। শুকনো খাবার ও ফ্লাস্কে পানি ছিল ব্যাকপ্যাকে। সারা রাতের রোমাঞ্চকর যাত্রায় তৃষ্ণা ও ক্ষুধা পেয়েছে আমাদের। তারপরও খড় বিছানো গুহাটি দেখে আমরা আরাম বোধ করি। ঘুমও পায় আমাদের। গা এলিয়ে দিয়েছে অনেকে। ভোরের আলো দৃশ্যমান হচ্ছে। ঘন অরণ্যের ফাঁক গলে সূর্যরশ্মি পৌঁছে গেছে গুহামুখে।
প্রকৃতির ডাক শব্দটি কে কখন আবিষ্কার করেছে? সে ডাকে নিদ্রাভঙ্গ হয়েছে অনেকের। কিন্তু মোক্তারের নির্দেশের কথা মনে হতেই গভীর ভাবনা আচ্ছন্ন করে আমাদের। এক শব্দহীন ভয় আছর করে গুহায়। সাঈদভাই কথা বলে প্রথম।
'নাহ্ এভাবে থাকা যায় না। আমি যাচ্ছি বাইরে।'
আমার অগ্রজ সাঈদভাই দলে যুক্ত হয়েছেন দিন পনের আগে। আরাকানের গোপন গুহা থেকে সাঈদভাই বের হয়েছেন অনেকক্ষণ। এক অজানা আশংকা নিয়ে আমাদের অপেক্ষার পালা চলতে থাকে।
সাঈদভাই ফেরেন। তবে একাকি নয়। সঙ্গে বুড়ো বয়সী একজন।
'গুহা থেকে বেরিয়ে পানি খুঁজছিলাম। একটা ছড়াও পেয়ে যাই। মহিষ নিয়ে ইনি যাচ্ছিলেন। আমাকে দেখে ভয় পেয়ে চলে যেতে চান। বুঝিয়ে নিয়ে এসেছি। কিছু কথাও হয়েছে। চাঁটগার ভাষা বোঝেন।'
সাঈদভাইয়ের কথা শুনে সবাই তাকাই বুড়োর দিকে। আতঙ্ক ও অবিশ্বাসের ছায়া বুড়োর চেহারায় এখনও বেশ আছে। যে কাহিনি বলে এই বুড়োর মন কিছুটা জয় করেছে সাঈদভাই, তার একটা সারসংক্ষেপ এখন বলব।
'আঁরা মুসলমান। টেকনাফত্থুন আঁইচ্ছি। আরাকানের মুসলমানর আজাদি আঁরা চাই। নাফ নদীর হেই ফারে আঁরার বড় দল আছে।'

আমাদের প্রত্যেককে ভালো করে দেখে বৃদ্ধ। বোঝার চেষ্টা করে। ছেলেগুলোকে দেখে তো খারাপ মনে হয় না। কথাও যা বলছে তাও তো সত্যি। বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে বৃদ্ধের মন পাক খায়। সাঈদভাই তার কথা চালিয়ে যায়।
'আঁরা ঢাকাত থাকি। ইনভারসিটিত ফরি।'
চাটগাঁর এমন নানা কথা বলা হয়ে গেছে বুড়োকে।
'অঁনেরা হজত যাইত ন পারন।'
এ প্রসঙ্গও সাঈদভাই তোলে। আরাকানবাসী মুসলমানদের হজে যেতে না পারার বেদনার কথা সাঈদভাই জানে। বুড়ো ভাবে। বার্মা সরকার, সীমান্ত রক্ষী বাহিনী, বৌদ্ধ সম্প্রদায়– এদের নিপীড়নের কথা হয়ত স্মরণ করে। এক ফাঁকে তার হজে যাওয়ার ইচ্ছার কথা জানায়। আমরা সে ব্যবস্থা করতে পারব কি না জানতে চায়।
'ইন তো কিছু ন, সামনর হজত অনে আঁর অনেরার গেরামর যারা যাইতো চায়, ইতারার জওনের বেয়াক ব্যবস্থা আঁই গইজ্জুম।'
সাঈদভাইয়ের এ প্রত্যয় শুনে বৃদ্ধের চোখ উজ্জ্বল হয়। একটু সহজ হয়েছে সে। 'আঁই ভাইব্বি, অনেরা ওইপারর ডাহাইত।'
বুড়োর সরল স্বীকারোক্তি। তবে সাঈদভাই যখন বলে টেকনাফের মোক্তার আমাদের এখানে নিয়ে এসেছে, তখনই আতঙ্ক দেখা যায় বুড়োর অবয়বে।
'মোক্তার–হে তো বড় ডাকাইত। আঁরা খুব ডরাই। এবের বড় ডাহাইত দল আছে। ইতারার ডেরা অই জঙ্গলে। কেউ ন যায়। অই পারর জওয়ান পোঅক্কল তার দলত্ আছে।'
চকিতে গতরাতে আলো-আঁধারিতে নৌকায় এবং নাফ নদীর এপারে সুঠামদেহী নিঃশব্দ যুবকদের অবয়ব আমাদের চোখে ভেসে ওঠে।

'আঁই এহন বাড়িত যাইর। অনরার খানার জোগাড় গরি আগে। তরাতরি আইসসুম আঁর পোয়ারে লই।'
বুড়ো চলে যায়। মিশ্র এক অনুভূতি। কিন্তু প্রকৃতির ডাক অন্যকিছু ভাবতে দেয় না। গুহার বাইরে যাওয়া এবং সাঈদভাইয়ের বলা ঝরনার কথাই সবার মনে হয়। দ্রুতই প্রাতঃকৃত্য সেরে গুহায় ঘন হয়ে বসেছি আমরা।
বুড়ো কি ফিরে আসবে? না খবর দেবে নাসাকা বাহিনীকে? পাড়ার লোকেরা কীভাবে নেবে তার কথা? মোক্তার ডাকাত আমাদের এই গুহায় এনে রেখেছে। সে যখন জানতে পারবে স্থানীয় অধিবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তখন কী হবে গ্রামবাসীর? ভয় ব্যাপারটি এমন যে তা দ্রুতই সংক্রমিত হয়। তেমনটাই ঘটছে এই গুহায়। নাফ নদী তো বহুদূর। পথও আমরা চিনি না। পারই-বা হব কী করে?
নাসাকা বাহিনীর ঘাঁটি দূরে নয়। তাদের টহল আছে। এখানকার মানুষজনদের আইডি কার্ড আছে। বার্মিজ বাহিনীর হাতে পড়লে হয় মৃত্যু, না হয় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড। এসব ভাবনা সবার মনে। তার ছাপ পড়েছে চেহারায়। সবার দৃষ্টি গুহার প্রবেশমুখে। কাদের দেখা পাওয়া যাবে সেখানে? খাবার নিয়ে বৃদ্ধ ও তাঁর পুত্র, নাকি উদ্যত অস্ত্র হাতে বার্মিজ সীমান্তরক্ষী বাহিনী? অপেক্ষার প্রহর দীর্ঘ হয়। নিরবতাও নেমে আসে।
গুহামুখে বৃদ্ধকে আমাদের দেবদূতের মতোই মনে হয়। একটি ভারে করে দুটো বাঁশের টুকরি বহন করে নিয়ে এসেছে যে যুবক, সে বৃদ্ধের পুত্র। এক টুকরিতে কলাপাতা মোড়া গরম ভাত। তার উপর বড় একটি ডেকচিতে ঝোলে ডোবানো মুরগির মাংস। অন্য টুকরিতে এক কলস পানি, এনামেলের গ্লাস, কাটা কলাপাতার বান্ডিল ও মাটির সানকিতে লবণ। নিমিষে আশার, আনন্দের এবং স্বস্থির হর্ষধ্বনি ওঠে গুহাটিতে। জীবনের সর্বশ্রেষ্ঠ ভোজটি সাঙ্গ হয় দ্রুত।
সন্ধ্যায় মোক্তার আসে। ইতোমধ্যেই ঘটে যাওয়া নাটকীয় সব ঘটনার কথা তার কানে এখনও যায়নি। সে কথা বোঝা যায়, নিরীহ চেহারা করে তার দুঃখ প্রকাশ দেখে। 'অঁনেরা কষ্ট গইজ্জুন আরাদিন। খুদার কষ্ট বর কষ্ট। দিনের বেলা আইত ন পারি। আজিয়ে রাইতত ডেরাত লই যাইয়ুম। চিন্তা ন গইজ্জুন।'

সঙ্গের লোকটিসহ মোক্তারকে আমাদের মাঝখানে বসাই। এলাকাবাসীর সঙ্গে সংযোগ এবং দুপুরের ভোজ আমাদের শক্তি দিয়েছে। সঙ্গে সাহসও দিয়েছে। আমাদের দেখে মোক্তার একটু বিস্মিত, গহীন বনে অজানা এই গুহায় ভয় ও ক্ষুধা আমাদের তেমন কাবু করেনি দেখে। তার ডাকাত পরিচয় যে আমরা জেনে ফেলেছি, তা বলি না। তবে স্পষ্ট করে তাকে জানিয়ে দেই আমাদের ব্যাকপ্যাকগুলো এই গুহায় না আনা পর্যন্ত আমরা কোথাও যাব না। রমজান নামের সঙ্গের বলবান লোকটিকে আমাদের সঙ্গে রেখে মোক্তারকে বিদায় দেই আমরা। রমজানের শরীর পেশীবহুল। চেহারায় এক বন্য ভাব আছে।
রাতের প্রথম প্রহরেই ভার কাঁধে বৃদ্ধের পুত্র আসে। এবার একটি লন্ঠনও নিয়ে এসেছে সে। তার মৃদু আলোয় আমাদের খাওয়ার কাজটি সেরে নিই আমরা। সাঈদভাই মোক্তারের বিষয়ে আদ্দ্যোপান্ত জানিয়েছে রমজানকে। গ্রামবাসী আমাদের খাবার পাঠাচ্ছে, তা তো সে নিজ চোখেই দেখল। এরমধ্যে একজন পেছন থেকে তার গলা পেঁচিয়ে দেখায়, কীভাবে খালি হাতে শত্রুকে হত্যা করা যায়। রমজান বুঝে নিয়েছে আমাদের হাতে সে কার্যত জিম্মি। ইতোমধ্যে রমজানের সঙ্গে ভালোই ভাব জমিয়ে ফেলেছে সাঈদভাই। হয়ত রমজান সাঈদভাইকে আপনও ভাবতে শুরু করেছে। আরাকান ও বান্দরবানের বিভিন্ন জায়গায় ডাকাতির নানা গল্প সে করে।

তবে মোক্তারের এক ভিন্ন রূপ আমরা পাই রমজানের কাছ থেকে। শুধু এক ডাকাত সর্দার নয়, আধুনিক কালের এক রবিনহুড হয়েই মোক্তার আমাদের চোখে ধরা পড়ে। টেকনাফ ও আরাকানের মংডু এলাকার বড় চোরাচালানিদের উপর চাঁদা ধার্য করে মোক্তার। ধনী লোক ছাড়া অন্যদের বাড়িতে ডাকাতি করে না। আরাকানের গরিব মুসলমানেরা তাই মোক্তারকে ভয় পেলেও তার বিরুদ্ধে যায় না। রমজান জানায় মোক্তারের পরিকল্পনা ছিল তার ডেরায় নিয়ে গিয়ে আমাদের দিয়ে বোমা তৈরি করাবে। নাফ নদীর উপর একচ্ছত্র আধিপত্যের জন্য তার শক্তি বৃদ্ধি প্রয়োজন। আমাদের দলপতির কাছ থেকে নানা গল্প শুনেছে সে আমাদের সম্পর্কে।
চন্দ্রঘোনার কাগজকলের বাঁশ সংগ্রহের জন্য সমতলের মানুষদের ভুলিয়ে-ভালিয়ে গহীন অরণ্যে নিয়ে দাসের মতো ব্যবহার করবার বিষয়টিও হয়ত সে জেনেছে। আমাদের তেমন দাস বানাবার পরিকল্পনা হয়ত তার ছিল। অথবা কে বলতে পারে হয়ত আমরা যা ভাবছি, তা ঠিক নয় একেবারে। সে সম্ভাবনার কথা একটু হলেও উঁকি দেয় আমাদের মনে। রমজানের পরবর্তী বয়ান সে দিকে ইংগিত করে।
মোক্তারের বড় স্বপ্ন আছে। স্বাধীনতার স্বপ্ন। যেমনটা আছে আমাদের। স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠা তার মূল লক্ষ্য। বার্মার কমিউনিস্টদের মতো সেও যুদ্ধ করতে চায় বর্মি সরকারি বাহিনীর বিরুদ্ধে। আরাকানের স্বঘোষিত কর্নেল কাসেম রাজার স্বপ্নও তো তাই ছিল। তার কথা মোক্তারের কাছেই শুনেছি।
মোক্তার সম্পর্কে এতসব জেনে আমাদের মনের গ্লানি অনেকটা দূর হয়েছে। ডাকাতের পাল্লায় পড়ে এই গুহায় আমাদের নিরাপত্তাহীন, নিঃস্বহায় অবস্থা সে গ্লানির জন্ম দিয়েছিল।
রাত গভীর হয়। পালা করে আমরা জেগে থাকি। রমজানের শোয়ার জায়গাটি ঠিক করা হয়েছে গুহার মুখের অপর পাশে দেয়াল ঘেঁষে। নাক ডাকা থেকে বুঝতে পারি সে গভীর নিদ্রায় ডুবে গেছে। আমরাও তা-ই চাই। তার উপর তীক্ষ্ণ নজরে অবশ্য কোনো গাফিলতি হয় না।

আরাকানের গুহায় আরেকটি ভোর আসে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে। আজও দুবেলার খাবার এসেছে। রাইফেল হাতে মোক্তার ও তার স্যাঙ্গাৎদের দেখা গেছে গুহা থেকে অল্প দূরে। রাতের খাবার দিতে আসা যুবকের কাছ থেকে পাওয়া এ সংবাদে নতুন শঙ্কা জেঁকে বসতে শুরু করেছে সবার মনে।
আরাকানের এই গুহায় আমাদের দ্বিতীয় রাত। মোক্তারের প্রধান সাগরেদ ডাকাত রমজানকে ঘিরে আমরা বসেছি। আহার ও নিদ্রা তাকে উজ্জীবিত করেছে। নিজের থেকেই নানা গল্প সে করে। হয়ত আমাদের সঙ্গ তাকে আনন্দই দিচ্ছে। চাঁটগার আঞ্চলিক ভাষায় তার কথা মোটামুটি সবাই ধরতে পারি। বান্দরবানের থাঞ্চি বাজারের সবচেয়ে বড় সওদাগরের বাড়িতে ডাকাতির গল্প সে বলে।
সে রাতে শুক্লপক্ষ। আকাশে নবীন চাঁদের ডোবার অপেক্ষায় আছে তারা। শীতের নিশুতি রাতে ঘুমে কাত হয়েছে অরণ্যবাসী। কুকুরগুলোও গরম জায়গা বেছে নিয়ে কুণ্ডুলি পাকিয়ে ঘুমুচ্ছে। অন্ধকার গাঢ় হতেই বাঁশঝাড়ের আড়াল থেকে ছায়ার মতো বেরিয়ে আসে ওরা। এখন তারা উঠানে। খড়ের গাঁদার পাশে অবস্থান নিয়েছে রমজান। থ্রি নট থ্রি রাইফেল তার হাতে। ঘরের পেছন দরজা দিয়ে যেন কেউ পালাতে না পারে। গাঁদা বন্দুক আছে আরও পাঁচজনের হাতে। মোক্তারের নির্দেশে তারা অবস্থান নিয়েছে নির্ধারিত জায়গায়। ডাকাতি শুরু হলে গ্রামবাসী যাতে এগিয়ে আসতে না পারে, তার জন্য কাট অফ পার্টি রাখা হয়েছে। মোক্তারের গুপ্তচর শরাফত নিশ্চিত খবর এনেছে আজ সন্ধ্যায় বিক্রির মোটা টাকা পেয়েছে সওদাগর তমিজ মিয়াঁ। কয়েক দিন পরেই তার ছোটমেয়ে জমিলার বিয়ে।

এ বাড়ির কামলা শরাফত নজর রাখছে গত এক মাস ধরে। রাতদিন কাজ করে তমিজ মিয়াঁর মন কেড়েছে শরাফত। তবে এখানে আজই তার শেষ রাত। ডাকাতির পর থাঞ্ছি থেকে পাততাড়ি গুটাবে সে। চলে যাবে মোক্তারের সঙ্গে অন্য কোনোখানে। গুপ্তচরের নতুন কাজে। উঠানের খোলা রান্না ঘর থেকে ভারী ঢেঁকিটি বের করেছে চারজন। আরও দুজন লম্বালম্বি ঢেঁকিটি ধরেছে বাড়ির বড় দরজার দিকে তাক করে। সবার অপেক্ষা মোক্তারের নির্দেশের জন্য। মোক্তারের রিভলভারের নল থেকে আলোর ঝলকানি দেখা যায় প্রথম। তারপর ধাতব শব্দ। প্রচণ্ড গতিতে ধেয়ে যায় বারোটি শক্ত হাতে ধরা ভারী ঢেঁকি। আঘাত করে সদর দরজা। দুই ইঞ্চি পুরু পুরনো গর্জন কাঠের দরজা। শক্ত চৌকাঠ। তারপরও তৃতীয় ধাক্কায় দড়াম করে খুলে যায় দরজা। মোক্তার ছয় সঙ্গীকে নিয়ে ঘরে প্রবেশ করে। তমিজের ঘুম পাতলা। তবে বধির না হলে গুলির শব্দ এবং দরজায় প্রচণ্ড আঘাতের শব্দে সবার ঘুম ভেঙে যাবার কথা। তাই হয়েছে শুধু নয়, ডাকাত, ডাকাত রব উঠে সবার কণ্ঠে। পূর্ব নির্দেশ মতো পাঁচটি গাদা বন্দুক গর্জে ওঠে। নিশ্চুপ হয় অরণ্যবাসী।

তমিজ মিয়াঁ ঘুমাচ্ছিল বড় সিন্দুকের উপর। বিশাল বপুর এক স্যাঙ্গাৎ হেঁচকা টানে তাকে নিচে ফেলে তার বুকের উপর বসে। মোক্তারের রিভলভারের নল ঢোকে তার মুখে। তাড়াহুড়া করেনা মোক্তার। শান্তভাবে টাকা এবং মেয়ের বিয়ের সোনাদানা বের করে দিতে বলে। তমিজ থর থর করে কাঁপে। কোরবানির গলাকাটা পশুর মত শুধু গোঙ্গানি বের হয় তার কণ্ঠ থেকে। মোক্তার নির্বিকার। মুখ থেকে রিভলভারের নল বের করে আঘাত করে কপালে। শীতের রাতে মোক্তারের মুখে ছিটকে পড়া উষ্ণ রক্ত একটু শিহরণ জাগায়। মোক্তার আবারও শান্তভাবে জানতে চায় টাকা, সোনাদানার খবর। এবার তমিজ সিন্ধুকের দিকে ইশারা করে। তড়িৎ ঢাকনা খুলে ভেতরে আলো ফেলে কয়েকজন। টিনের বাক্স, কাপড় চোপর, বিয়ের পোশাক–সবকিছু সিন্দুকের বাইরে ফেলে। মোক্তার বাক্সটি খোলে। টিনের কৌটায় কিছু টাকা এবং ভাংতি পয়সা পাওয়া যায়। কিন্তু সোনাদানা, টাকা? কোথাও তো নেই। বুকের উপর চেপে বসা ডাকাতের মুষ্ঠাঘাতে তমিজ তখন জ্ঞানশূন্য।
রমজানের বিড়ালের চোখ তীক্ষ্ণ নজর রাখে কেউ পালায় কি না। ঘটনাটি ঘটে তখন। বড় ঘরের লাগোয়া ছোট ঘরটির পেছন দরজা দিয়ে ছায়ামূর্তিকে বেরিয়ে পড়তে দেখে রমজান। টর্চের আলো এবং রাইফেলের নল একসঙ্গেই তাক করে। থামতে বললেও নারীমূর্তি থামেনা। একটু দ্বিধা হয় রমজানের। তারপরই থ্রি নট থ্রি রাইফেলের গুলির শব্দ প্রকম্পিত করে নিশীথের চরাচর। গভীর নিস্তব্ধতা নামে হাত ধরেই। একহাতে রাইফেল অন্য হাতে টর্চের আলো ফেলে এগোয় রমজান। কাছের গাছ-গাছালির ঝোপ পর্যন্ত যেতে পারেনি ত্রস্থ হরিণী। যে দেহটি কাত হয়ে পড়ে আছে, তার উপর আলো ফেললে মুখটি দৃশ্যমান হয়। পরীর মত মেয়েটি। হাঁটু গেঁড়ে বসে রমজান। যা ভেবেছিল তাই। পুটলিটি মেয়েটির হাতে ধরা। শরাফত যে মেয়েটির বিয়ের কথা বলেছিল, সে তো এই মেয়েটি! টর্চের আলোয় মেহেদী মাখা হাত দেখে রমজান প্রায় নিশ্চিত হয়। নিশ্চল হয়ে থাকে। পুটলিটি নিতে হাত ওঠে না। মোক্তার ও অন্য ডাকাতেরা এখন মেয়েটিকে ঘিরে আছে। গুলি লেগেছে সরাসরি মাথায়। তাজা রক্তের একটি গন্ধ আছে। মাথার নিচে জমে থাকা উষ্ণ রক্ত থেকে তা পাওয়া যায়। পুটলিটি খুলে নেয় মোক্তার। গুপ্তচর শরাফতের সংবাদ ঠিকই আছে। পুরো টাকা এবং বিয়ের গহনা অক্ষত আছে পুটলিতে।
রমজানের গল্প যখন শেষ হয়, তখন মধ্যরাত পেরিয়ে গেছে। লণ্ঠনের মৃদু আলোতে ঠিক বোঝা যায় না, তার বন্য দুটো চোখ আদ্র হয়ে উঠেছে কি না। গুহার নিস্তব্ধতা ভাঙে একটু পর, রমজানের কথায়, 'ভাইজানেরা, আঁরও ওগ্গা মাইয়া পোয়া আছে। ইবা আবার জমিলার মতন। ইবার বিয়া ঠিক হইয়ি সামনের মাসে। ইবার লাই এই ডাকাতিত আইসসি।'
এবার আর চোখ বাঁধ মানে না, ডুকরে কেঁদে ওঠে রমজান।