একটি অনবদ্য সুপারিশ ও দুখিনী বর্ণমালা
বাঁ-পায়ের হাঁটুর মালার ঠিক নীচে মেশিনগানের পরপর দুটো গুলি খাওয়ার পর সবাই ভেবেছিল সুশীল আর বাঁচবে না। আগরতলার এক হাসপাতালে আহত সুশীলের রক্তাক্ত পা থেকে দুটো গুলি বের করে নেয়ার সময় ডাক্তারবাবু ধরেই নিয়েছিলেন পাটি কেটে বাদ দিতে হবে।
আশ্চর্য ! সেই পাটি শেষ পর্যন্ত কাটতে হল না।
মাংশের খাবলানো দলা নিয়ে সে শেষ পর্যন্ত পাটি ফিরে পেলেও সেই থেকে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। কৃত্রিম পায়ে ভর দিয়ে হাঁটার চেয়ে সে যে নিজের পায়ে ভর দিয়ে হাঁটা-চলা করতে পারে সেজন্য অদৃশ্য ভগবানের প্রতি তার কৃতজ্ঞতার অন্ত নেই।
কারো সঙ্গে কথা বলবার সুযোগ পেলে সুশীল মোদক এই বিষয়টি তুলে এনে এক অপার্থিব আনন্দের আস্বাদ পেতে চায় ,' বাঁইচা রইছি , এইডাই আচ্চর্য। বাঁচনের তো কতা আছিল না রে ভাই। '
গার্ডের পোশাক পরে সেই মানুষটিকে আজ সেজেগুঁজে যেতে হচ্ছে চাকুরিস্থলে।
কাল রাতে নতুন বস বলল, ' আগামিকাল ২৬শে মার্চ । আপনার দিন। একেবারে ভোরবেলায় চলে আসবেন কিন্তু । ঠিকাছে ? ' মুখেচোখে রহস্যময় হাসির ছোঁয়া।
'সবই আপনার কৃপা স্যর। ' বলে মাথা গুজে বিনয়ের নরোম হাসি হাসে সে ।
এসময় নিজের কাঁধের রাইফেলটার উপর চোখ পড়ে যায় ওর; বুকের গহীন থেকে একটা বড় দীর্ঘশ্বাস বের হয়ে আসে ।
বছরের পর বছর কলুর বলদের মতো কোনো পদবী ছাড়া চাকুরি করতে করতে সে এখন ক্লান্ত।
একটা পদ ও পদবী পেতে সে এখন মরিয়া ; এ কথাটা সে বহুবার বহুভাবে ওর বসদের কাছে বলে যাচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। চাকুরি থেকে অবসর গ্রহণের সময় চলে এসেছে ; তবু দ্বারে দ্বারে ঘুরে এটুকু আদায় করতে না পারায় সে দেশ ও জাতির প্রতি এখন বীতশ্রদ্ধ ; ক্ষণে ক্ষণে এক বিচ্ছিন্নতাবোধে আহত হয়ে দীর্ঘশ্বাস ছাড়ে,' এইজন্য গুলি খাইছিলাম ? আমার অস্থায়ী চাকরিডা স্থায়ী করব এমন একটা মার পুত নাই এই দেশে ? যারে কই হে কদিন আগ্রহ দেহায়। হের পর যাওনের সময় অইলে মিনমিন কইরা কয় , তুমার ব্যাপারডা অনেক বড় লেভেলের , আমরা ছাপোষা চাকুরিজীবী , কি করি কও ? কই যাইতাম , আমার মতন একটা মানুষের চাকরিডা স্থায়ী করলে নাহি হেগো চাকুরি থাহে না। ভগবান , হেগো আরো বড় অফিসার বানাইও আর আমরারে আরো মাইরা রাইখো । ' বলে সে আকাশের দিকে তাকিয়ে অদৃশ্য শক্তির কাছে ফরিয়াদ জানায়।
সুযোগ পেলেই ওর এরকম আর্তি ইকো পার্কের নিুপদস্থ কর্মচারীদের অস্বস্তিতে ফেলে। কেউ কেউ একটানা এই ঘ্যানর -ঘ্যানর শুনতে হবে বলে সুশীলকে ইচ্ছে করে এড়িয়ে চলে। আবার কেউ কেউ এগিয়ে এসে নিজের দুঃখগুলো ওর সঙ্গে বিনিময় করে একধরনের প্রশান্তি খুঁজে নেবার চেষ্টা করে।
কিন্তু কম বয়সের নতুন বন কর্মকর্তা আকরাম খান যেন অন্য ধাতের এক মানুষ।
সুশীলের চিরচেনা প্যানপ্যানানি শুনে অন্য বসদের মতো সে বিরক্ত বোধ করেনি ; বরং দরদমেশা গলায় সঙ্গে সঙ্গে উত্তর দিল,' আমি অবশ্যই আপনার ব্যাপারটা দেখব। আমাকে কটা দিন সবকিছু বুঝতে দিন। '
তাতেই আনন্দ আর ধরে না সুশীলের ; বাড়ি গিয়ে সরলাকে গদগদ গলায় বলল,' এই বসের হেডাম আছে । হে-ই পারব ।'
নিত্যদিনের রোগী সরলা ভগবানকে উদ্দেশ্য করে কপালে জোড়হাত ছোঁয়ায়। চোখ বেয়ে কষ্টের জল গড়িয়ে পড়ে।
সুশীল অপেক্ষা করতে থাকে কবে এই তরুণ বস ওকে তাজ্জব করে দিয়ে নিজের কাছে ডেকে নেবে।
একদিন সত্যি সত্যি ওর ডাক এল।
তরুণ বসের অস্থায়ী আবাস এখন পার্কের রেস্ট হাউজের একটি কক্ষ । সেখানেই অস্থায়ীভাবে থাকার বন্দোবস্ত হয়েছে তার । অফিসের কাজকর্মও ওকে এখানে থেকেই করতে হয়।
দশ বাই বারো মাপের কক্ষে সূশীল ঢুকতেই বস ওর দিকে তাকিয়ে চোখ কপালে তুলে বলে উঠল,' হায় খোদা, আপনি আগে বলবেন না ?
সুশীল আমতা আমতা করতে শুরু করে। মুখে বলে ,' বুজলাম না , একটু যদি বুজাইয়া কইতেন স্যর। '
' আরে মহাশয় , আপনার এই চাকুরি তো হয়েছে সরাসরি জাতির জনক বঙ্গবন্ধুর সুপারিশে ! আমি এখানে কোন্ ছার ? কী করব বলেন ? '
আকরামের চোখদুটো ওর পার্সোনাল ফাইলের উপর ক্রমাগত ঘুরপাক খেতে থাকে।
বহুকষ্টে সে এই ফাইলটি ডিএফওর অফিস থেকে চেয়ে নিয়ে এসেছে ; এখন সবকিছু খতিয়ে দেখতে গিয়ে ওর তো চক্ষু চড়কগাছ !
নতুন এই বসের নাম আকরাম খান হলেও শুকনো চিমসানো এক তরুণ সে। নামের সাথে নিজের দেহকান্ড কিংবা কিশোরসুলভ পাতলা কন্ঠস্বরটি ঠিক যায় না।
এর উপর সুশীল সম্পর্কে সদ্য এই আবিষ্কার ; চোখেমুখে ফুটে উঠছে এমন এক অপরিচিত বিস্ময় যে সে বুঝতে পারছে না সামনে দাঁড়ানো বনবিভাগের নাম-গোত্রহীন অস্থায়ী এই গার্ডকে সে কিভাবে নেবে।
বসের এই বিমূঢ়তা সুশীলকে ফুল্ল করে তোলে। সে যে শুধু সামান্য বাধা-শ্রমিক নয় এখানকার কিংবা একজন অস্থায়ী কর্মচারীর অস্তিত্ত্বের চেয়ে অনেক বড় কিছু , এই গুঢ় সত্যটি যে নতুন বসের মাথায় টোকা দিয়ে বারবার জানান দিচ্ছে, তাতেই ওর আহ্লাদের সীমা -পরিসীমা নেই।
'স্যর আপনে খালি আমার লাইগা একটা সুপারিশ করে দেন। ' আর্তি ঝরে সুশীলের কন্ঠ থেকে।
আকরামের বিস্ময়ের ঘোর তখনো কাটেনি। যাঁর কল্যাণে এদেশের মানুষ একটি স্বাধীন -সার্বভৌম দেশের পাসপোর্ট নিয়ে সারা পৃথিবী জুড়ে দাবড়ে বেড়াচ্ছে তাঁর সুপারিশের পর আর কী বাকি থাকে সে বুঝতে না পেরে নতুন বস পাল্টা প্রশ্ন করল,' আমার সুপারিশ ? কেন সুশীলবাবু ?'
'আমার চাকুরিডা তো স্থায়ী কিছু না স্যর। গার্ড হিসাবে তখন একটা প্রজেক্টে চাকুরি পাইছিলাম। প্রজেক্ট শেষ অওনের পর বিশেষ বিবেচনায় বেতন পাই হাছা , কিন্তু কুন পদবী তো নাই স্যর। আমি পদবী চাই। আপনে যদি একটু সুপারিশ করতেন ? ভগবান আপনের বালা করবেন।' বছরের পর বছর পূর্বেকার আর সকল বসকে যেভাবে সুশীল এই মিনতিভরা অুনরোধ করে এসেছে, এখনো তা-ই করছে। মনে মনে জানে শেষ পর্যন্ত কিছু হবে না , তবু আশায় বুক বাধতে দোষ কি ?
'বঙ্গবন্ধুর সুপারিশের পর আমি ? আচ্ছা ঠিকাছে , আমি খতিয়ে দেখছি । ভাল থাকবেন। ' এই বলে ইতি টানতে চাইল তরুণ বস।
কিন্তু সুশীল নাছোড়বান্দা। সে সময় -সুযোগ খুঁজে ঠিকই পুরনো নিয়মে ঘ্যানঘ্যান করতে শুরু করে দেয় বসের সামনে। অতীতের বসদের কাছে যেভাবে সে এই ঘ্যানর ঘ্যানর করে এসেছে, এখনো অভ্যাসবশে তা-ই করে চলেছে ; তবে তফাত হল অতীতের বসসকল এক-দুবারের পর কেউ আর ওকে পাত্তা দিতে চাইত না। বরাবর ধমক দিয়ে দাবিয়ে রাখত ।
কিন্তু এই নতুন বসটি কিছুটা অন্যরকম ; সুশীলের প্রতি কৌতূহল রয়েছে মানুষটির ; কথায় রয়েছে সমবেদনা।
আর তাতেই সুশীল ওর জীবনের শ্রেষ্ঠ গল্পটি ওকে বলবার জন্যে মরিয়া হয়ে ওঠে।
গুপ্ত খাজানার মতো সুশীলের জীবনের সবচেয়ে বড় ঘটনা এটি।
এমন এক আচানক ঘটনা যে প্রতিদিন একবার করে এটি কারো কাছে বয়ান করতে না পারলে ওর অস্বস্তিবোধ হতে থাকে। মনে হয় জীবনটাই বুঝি বৃথা। জীবনের এই অবিস্মরণীয় ঘটনাটি একদিনের জন্যে ভুলে থাকাও রীতিমতো দুঃসহ। এ এক এমন স্বপ্ন যা সারাক্ষণ ওকে জড়িয়ে থাকে। এর থেকে কোনো কারণে বিচ্যুত হলে নিজেকে ফকির বলে মনে হয় ; চরম এক নিঃস্বতাবোধ পেয়ে বসে তখন।
কিন্তু যে গল্পটি সে জীবনভর তারিয়ে তারিয়ে আর সবাইকে বলে এসেছে সেটি বসকে বলার মতো কোনো যুঁৎসই সুযোগ খুঁজে পাচ্ছে না কিংবা পেলেও সুশীলের কাছে তা অপ্রতুল মনে হচ্ছে।
সে শুধু একটা কথাই বারবার করে বলতে পারছে আর সেটি হল,' আমার কতা মনে রাইখেন স্যর। '
তরুণ বস এদ্দিনে ওর এই মিনতি-আকুতি শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। মাথা নেড়ে তাতে সায় দেয়া ছাড়া আর কিছ্ইু করার সুযোগ নেই। চারপাশে কাজের চাপ এত বেশি যে এধরনের দিন আনি দিন খাই কর্মচারীকে নিয়ে আলাদা করে ভাববার সময় ও ফুরসত কোনোটাই আর মিলছে না তার।
সুশীলও গল্পটা বলবার মতো কোনো জমজমাট সুযোগ পাচ্ছে না। এরকম গল্প যেমন যারে-তারে শোনানো যায় না তেমনি যেন-তেনভাবে একে বয়ান করাও ঠিক নয় বলে ওর ধারণা। তাতে এর মর্যাদা খর্ব হয় ।
ওর কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সমার্থক ; একটিকে আরেকটি থেকে আলাদা করে ভাবা যায় না বলে এ ব্যাপারে কারো এতটুকু দ্বিধা বা অনীহা লক্ষ্য করলেই সে আর গল্পটি বলতে চায় না।
সেরকম মওকা সে পাচ্ছে না। নিজের জীবনের সবচেয়ে গর্বের , সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি কি সুশীল যা-তাভাবে বলতে পারে ? তাও আবার বসকে ?
একদিন সকালবেলায় সহকারী বন সংরক্ষক আকরাম খান ওর অস্থায়ী অফিসে ঢুকে নিজের টেবিলের উপর এক তোড়া তাজা ফুল আর মিষ্টির প্যাকেট দেখতে পেল । কিন্তু কাজটা কার সে বুঝতে না পেরে কিছুক্ষণ চুপচাপ বসে রইল নিজের টেবিলে।
কিছুক্ষণ বদে ওর সামনে সুশীল এসে উপস্থিত । মুখে মিটিমিট হাসির রেখা। পরনে পরিচ্ছন্ন সাদা পাজামা-পাঞ্জাবী। চুল-দাড়ি ভদ্রলোকদের মতো ছাটা। সুপ্রসন্ন সুশ্রী এক মুখ ওর সামনে।
আকরাম সুশীলের তৃপ্ত মুখের দিকে বেশ কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবার পরও কিছুই ঠাহর করতে পারে না। কী এমন শুভ ঘটনা এর ভেতর ঘটে গেছে যে, ফুল-মিষ্টি নিয়ে হাজির হতে হবে। যতদূর জানা আছে , সুশীলের স্থায়ী পদায়ন নিয়ে কোনোরূপ ইতিবাচক সংবাদও তৈরি হয়নি । তাহলে এমন কি ঘটনা ঘটল ? পারিবারিক কোনো আনন্দ সংবাদ নয়তো ?
'কি ব্যাপার সুশীল ? এত আয়োজন ? কি ঘটনা ? ' বেশ খোশমেজাজের সাথে প্রশ্ন করে আকরাম।
'স্যর আপনি হলেন বস মানুষ । আনন্দের দিনে বসের কতাই ত হগলের আগে মনে পড়ে। তাই না স্যর ?'
' কী এমন আনন্দ ?' কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকে সুশীলের দিকে।
বসের হতভম্ব অবস্থা টের পেয়ে সে বেশ রহস্যের সুরে প্রশ্ন করে,' স্যর , আজ কত তারিখ ?'
আকরাম একবার হাতের ঘড়ি , একবার মোবাইল উল্টেপাল্টে উত্তর দেয় ,' ১৭ই মার্চ। '
'তাকাইয়া রইছেন ক্যান স্যর ? তবু বুঝতে পারতাছেন না ?'
'কী বুঝব ?' কিছুটা বিরক্তির আভাস বসের কন্ঠে।
'স্যর আজ বঙ্গবন্ধুর জন্মদিন। ' বলে একরাশ উচ্ছ্বাসে ভেঙ্গে পড়ে সুশীল। ওর সমস্ত চেহারায় অনির্বচনীয় এক আনন্দের ছটা ; আকরাম না বলে পারে না ,' বসেন । ' বলে সে ওর টেবিলের সামনে কাঠের চেয়ার দেখিয়ে দেয়।
কিছুটা ইতঃস্ততবোধ থাকলেও ভেতরের আতিশয্যের কারণে সবকিছু ভুলে এতটুকু দ্বিধা না করে সে বসে পড়ে বসের সামনে।
'আচ্ছা বঙ্গবন্ধুর সঙ্গে আপনার দেখাটা কিভাবে হল ? এদ্দিন ধরে এই রেস্টহাউজে রয়েছি , শোনা হয়নি আপনার মুখ থেকে। আজ বরবেন ? ' বেশ নড়েচড়ে বসে আকরাম। চোখেমুখে তার কৌতূহল ; সঙ্গে সুশীলের প্রতি মিঠা শ্রদ্ধাবোধ যা ওর কাছে আশা করছে অনেকদিন থেকে।
'ঘটনাডা তো তিয়াত্তর সনের। বঙ্গবন্ধু আসলেন এই এলাকায়। বিকাল দুইডায় ভাষণ। হেলিকপ্টারে খেলার মাডে তিনি নামবেন। হায়রে ভগবান , কী মানুষ। ভোর থেইক্যা আওন শুরু করছে। গাছের ডালে, বাড়ির চালে, পুকুরের পাড়ে– কুনহানে মানুষ নাই কন ? ছোডো বাইচ্চা পোলাপান থেইক্যা শুরু কইরা একশ বচ্ছরের বুড়া বুড়ি পুলার ঘাড়ে বইয়া আইছে শেখের ব্যাটারে এক নজর দেখব বইলা । কাতারে কাতারে মানুষ দলা অইতাছে। যহন হেলিকপ্টারের আওয়াজ ভাইসা আইল তহন সে কি উত্তেজনা। সাগরের ঢেউর লাহান বিশাল হেই সমুদ্র একবার সামনে কয়েক কদম আগায় তো পিছায় চাইর কদম। এ য্যান উচ্ছব ; শইলকূপার ঈদের জমায়েত এর থেইক্যাও বেশি ; যে না দেখছে , হায় ভগবান , বিশ্বাস করতে পারবে না। '
'একটু তাড়াতাড়ি করলে ভাল হয় সুশীলবাবু। অফিসের কাজ পড়ে রয়েছে।' বিনীতভাবে তাড়া দেয় আকরাম।
একথা সুশীল গায়ে মাখল না। সে মশগুল হয়ে আছে সেই সময়ে ; সে যেন ফিরে গেছে তিয়াত্তর সনের কোনো এক দুপুরে।
' বঙ্গবন্ধুর বক্তৃতার পর বিকালে ডাকবাংলোয় সব মুক্তিযোদ্ধাদের জড় করা অইল। আমি জড়সড় অয়ে আছি। সবাই একটা দুইটা কইরা কতা কইয়া কাইটা পড়তাছে। আমি যহন সামনে গিয়া দাঁড়াইলাম তহন এক্কেরে থ ; খালি ভাবতাছি এ্যাইডা কি হাছা ? যেই লোকডার আহবানে মুত্যুরে পরোয়া না কইরা ঝাপাইয়া পড়ছি যুদ্ধে সে কিনা আমার চোহের সামনে ইজিচেয়ারে বইসা পাইপ খাইতাছে আর মিটিমিটি হাসতাছে ? নিজের চোখরে বিশ্বাস করবার পারতাছি না। টপটপ কইরা চোখ বাইয়া জল গড়াইতছে ; ঠোটঁ কাঁপতাছে। বিশ্বাস করেন একটা কতা কইতে পারি নাই। পাশ থেইক্যা এমপি সাব আমার দরখাস্তটা দিয়া ফিসফিস কইা কইয়া উঠল , লোকটা যুদ্ধে গুলি খাইছে পায়ে । একটা চাকরি দরকার। বনবিভাগের একটা প্রজেক্টে কাজ করনের লাইগা ঢুকাইয়া দেয়া যায় । আপনে সুপারিশ করলে আমরা তারে নিয়া নিতে পারি। আর তখনি ঘডল আচানক ঘটনাডা।' বলে সুশীল দম নেয়। সে পুরোপুরি ডুবে রয়েছে তেয়াত্তরের সেই বিকেলবেলায়। চোখেমুখে ভেসে বেড়াচ্ছে এক অনাবলি আনন্দের ছটা।
গল্পটা এমন এক জায়গায় এসে দম নেয় যে আকরামের মতো পেশাদার কর্মকর্তাও বলতে বাধ্য হয় ,' তারপর ?'
' বঙ্গবন্ধু আমার দিকে তাকালেন ; পাইপে একটা টান দিয়া মোটা ভারি গলায় জিগাইলেন , কুন পায় গুলি খাইছিস ? হতভম্ব আমি বাঁ-ও পাডা বঙ্গবন্ধুর দিকে বাড়াইয়া দিলাম। আমি য্যান মন্ত্রমুগ্ধ এক মানুষ। যার ডাকে সাড়া দিয়া মরণরে আলিঙ্গন করছি হাসতে হাসতে সেই লোকটা আমার সামনে বইয়া আমার আহত পাওডা দেখবার চাইতাছে ? আমার শরীরের লোম খাড়া অইয়া যাইতাছে ; কী যে এক মাতন বইয়া যাইতাছে সারা শরীর জুইড়া , বইলা এতদিন পরও বুজাইতে পারব না স্যর । ' ফের দম নেয় সুশীল ।
'তারপর কী হল ?' আকরাম গল্পের ভেতর ঢোকার জন্যে মরিয়া হয়ে ওঠে।
'সেইটাই তো কইতের্ছি স্যর। বঙ্গবন্ধু নুইয়া ডান হাত দিয়ে আমার গুলি খাওয়া থ্যাতলানো জায়গাটা আদর করতে করতে বলে ওঠেন , খুব কষ্ট অইছিল তোর , নারে ? উনার বাঁহাতে ধরা পাইপ থেকে ধোঁয়া উড়তাছে তামাকের। চাইরপাশের হুমড়ি খাওয়া লোকজনের চোখ চড়কগাছ। আর আমি তহন বাহ্যজ্ঞানশুন্য এক মানুষ ; চক্ষু দিয়া যে কখন জল পড়তাছে তা টেরই পাই নাই। অনেকদিন পরে বাপের দেহা পাইলে আনন্দে যেমনে পোলাপানের চোখমুখ জলে ভইরা ওঠে , আমার তেমনি হইবার লাগছে। আমার মনে অইতাছে হাঁউমাঁউ কইরা আমি ডুকরাইয়া কাইন্দা ফেলামু। একসময় বঙ্গবন্ধু হাতডা সরাইয়া নিয়া এমপি সাবরে কইল , এপ্লি¬ক্যাশনডা কই ? হেরপর কাগজডার উপর ঘসঘস কইরা লেখল , সুশীল এই বাংলার এক দামাল ছেলে। আমার এই পঙ্গু মুক্তিযোদ্ধা সোনার ছেলেটার একটা চাকুরি দরকার। এই চাকুরিটা হলে আমি খুশি হব। শেখ মুজিবুর রহমান।' কথা শেষ হবার পর কিছুক্ষণ মাথা নীচু করে বসে থাকে সুশীল । যখন চোখ তুলে আকরামের দিকে তাকায় তখন ওর চোখ ভরা জল। সমস্ত মুখ জুড়ে স্মৃতি-জাগানিয়া আনন্দ -বেদনার অপার্থিব রেশ।
বলার মতো কোন কথা খুঁজে পায় না আকরাম । সুশীলের চেহারার দিকে একবার , অন্যবার টেবিলের উপর একটি গুরুত্বপূর্ণ ফাইলের উপর ওর দৃষ্টি ওঠা-নামা করে।
এসময় ওর কক্ষের দরোজায় একজন বয়স্ক মহিলা আর দুটো উঠতি বয়সের ছেলেমেয়ে এসে দাঁড়ায়।
ওদের ভেতর ছেলেটি ডেকে ওঠে ,' বাবা !'
সঙ্গে -সঙ্গে সুশীল সীট ছেড়ে উঠে দাঁড়িয়ে আকরামকে বলে ,' এরা আমার পরিবার। আস , আস। '
আকরাম দেখল , ছেলেমেয়ে দুটোকে বেশ সপ্রতিভ দেখালেও সুশীলের স্ত্রীকে সত্যিকার বয়সের চাইতে বেশি বয়স্ক আর দুঃখী বলে মনে হচ্ছে । সে দাঁড়িয়ে ওদের ভেতরে আসতে বলে এবং মিষ্টির প্যাকেট খুলে সবাইকে সেখান থেকে মিষ্টি নিতে অনুরোধ করে।
ওরা ভীরু হাতে একটি করে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকে ওর সামনে ; মুখে কোনো কথা নেই। সুশীলের বউর চোখদুটো মরা মাছের মতো ; কোনো কথা নেই মুখে ।
বাচ্চা দুটো কৌতূহল নিয়ে কক্ষটিকে পরখ করতে থাকে।
ছোটজন ছেলে ; বয়স আট-নয়ের ঘরে; হঠাৎ আকরাম সাহেবের সীটের পিছনে টাঙানো বঙ্গবন্ধুর ছবিটার দিকে তাকিয়ে হুল্লোড়ে গলায় বলে ওঠে,' এই ছবিডা তো আমরার বাড়িতেও আছে , তাই না বাবা ?'
সুশীলের ঠোঁটের ফাঁকে হাসির রেখা ; ছেলের মাথায় হাত দিয়ে উত্তর দেয় ,' হ বাবা। উনিই আমগোরে বাচাইয়া রাখছে। আমগো ভগবান। নম কর। আজ উনার জন্মদিন। '
'আমি তো সকালেই উনারে নম কইরা বাইর অইছি বাবা। আবার করুম ?'
'কর। '
ছেলেটির সাথে পুরো পরিবার বঙ্গবন্ধুর ছবিটাকে জোড়হাত তুলে প্রণাম করে। সন্তানের কথায় সুশীলের স্ত্রী হাসবার চেষ্টা করে ; কিন্তু হাসিটা ফোটে না ; ম্রিয়মান আর বিষণ্ন দেখায়।
সুশীল বলল,' আমার মাইয়াডা এইবার মেট্রিক দিব। আর পোলাডা ফোরে পড়ে। বউডার শরীলডা খারাপ। মেয়েলি অসুখে ভুইগা-ভুইগা শ্যাষ। যে বেতন পাই হেই দিয়া পেটের ভাত যোগাড় করতে আর পোলাপানের পড়ালেখার খরচ যুগাইতেই শ্যাষ স্যর, চিকিৎসা করামু কেমনে ?' বলে করুণা মেশানো দৃৃষ্টি দিয়ে স্ত্রীকে একবার দেখে নেয়।
সুশীলের স্ত্রী মাথা নীচু করে থাকে এসময়। যেন অসুস্থ থাকার কারণে স্বামীর যে অসুবিধা হচ্ছে এর সবটুকু দায় ওর নিজের।
আকরাম বিয়ে থা কিছু করেনি। কী করলে এসময় ভাল হবে তা সে বুঝতে না পেরে মানিব্যাগ খুলে দুটো পাঁচশত টাকার নোট ওর হাতে গুজে দিয়ে বলে উঠল,'বাচ্চাদের কিছু কিনে দিয়েন।'
সুশীল টাকার নোট দুটো নিয়ে কপালে ছোঁয়ায় ; তারপর পকেটে রেখে বলে ওঠে,' ভগবান আপনের মঙ্গল করুন। '
বিদায় নেবার সময় ও ফের অনুরোধ জানায় ,' স্যর, আমার ব্যাপারটা দেইখেন।'
'আপনার চাকুরিটা তো আপনাকে বঙ্গবন্ধুই দিয়ে গেছেন। আমি কোন ছার ? কিন্তু একটা জিনিস বুজতে পারি না এদ্দিন ধরে আপনাকে স্থায়ী করা হল না কেন ?' বলে আকরাম শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে।
' সব আমার কপাল স্যর। ' বলে সে এক অদৃশ্য শক্তিকে আঙুল তুলে দোষী বানাবার চেষ্টা করে ।
' অতীতে যাই ঘটে থাকুক , আমি অন্তত আপ্রাণ চেষ্টা করব এ ব্যাপারে। আপনি নিশ্চিন্ত থাকেন। '
ওরা চলে যাওয়ার পর অনেক্ষণ থ হয়ে বসে থাকে আকরাম। ওর স্মৃতিতে কোনো মুক্তিযুদ্ধ নেই ; কিন্তু মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীর হাতে নিহত রেলওয়ে কর্মচারী ওর বড় দুলাভাই আর নির্যাতিত বড়বোনের রক্তঝরানো স্মৃতি রয়েছে। ওদের হাতে দুলাভাই মরে গিয়ে বেঁচে গেলেও পাঁচ মাসের পোয়াতি বড় আপা কনসেন্ট্রেশান ক্যাম্পের নিদারূণ অত্যাচার সহ্য করতে না পেরে প্রথমে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে । তারপর একদিন নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে।
বড় দুলাভাই আর বোনকে সে চোখে দেখেনি ; কিন্তু যখনি সেই স্মৃতিটুকু মনে পড়ে তখনি লাল-সবুজ ওই পতাকাটা জ্বলজ্বল করে ওঠে চোখের সামনে ; পবিত্র পতাকার সঙ্গে মিশে থাকা লক্ষ-কোটি কষ্টের গল্পের সাথে যে সদ্য বিবাহিত ওর বড়বোন-দুলাভাইর গল্পটাও রয়েছে তা ভেবে সে এক ধরনের প্রশান্তি খুঁজে পায়। কিভাবে যেন সুশীলের আনন্দস্মৃতির সঙ্গে ওর কষ্টের গল্পটা আপনাআপনি মিলে গেছে। সুশীলের গুলি খাওয়ার কষ্ট আর ওর স্বজন হারানোর বেদনা তো একই সুতোয় বাধা ; সে কিভাবে অস্বীকার করবে ?
মাথা চেপে যখন এসব কথা ভাবছিল আকরাম ঠিক তখন ক্রিং ক্রিং শব্দে ওর টেলিফোনটা বেজে ওঠে। মন্ত্রী মহোদয়ের এপিএস হামদু হাঁউমাউ করা গলায় বলে ওঠে,' আরে ভাই আপনেরে খুঁজতে খুঁজতে জান শেষ। কই থাকেন ?'
'আমি তো স্যর অফিসে। '
' মন্ত্রী সাহেব নিজ এলাকায় আসতেছেন। উনার প্রোগ্রামে আপনিও আছেন। বুজলেন ?'
'জ্বি ?'
' কি জ্বি জ্বি করতেছেন ? মনোযোগ দিয়া শোনেন। স্যর নিজের এলাকা ভিজিট করা শেষ কইরা আপনাদের ইকো পার্কে যাবেন। ব্রেকফাস্ট – লাঞ্চ করবেন সেখানে। সঙ্গে গেস্ট থাকবে। শিকার করলে করতেও পারেন। আমি বলতে পারব না। ফাইনাল ?'
'কত তারিখ ?'
'এইডাও বোঝেন না ? ২৬শে মার্চ। স্বাধীনতা দিবস। তিনি নিজের এলাকায় কামকাজ সাইরা ঢাকা ফেরার পথে সময় কাটাবেন আপনাদের এখানে। সমস্ত এন্তেজাম করে রাখবেন। স্যর কতডা রাগি তা তো জানেন ? হুঁশিয়ার । ডিসি- এসপি ডিএফওকেও বলে দিচ্ছি আমি। ' বলে লাইনটা কেটে দিল এপিএস সাহেব।
আকরামের মনে হল স্বর্গ থেকে সে মাটিতে পড়ে গেল। এতক্ষণ যে স্মৃতিগুলো দুঃখবোধের সাথে সাথে একধরনের প্রশান্তি জাগিয়ে তুলছিল অন্তরে, এপিএসের ধুমধারাক্কা টেলিফোন পেয়ে সেগুলো নিমিষে কেটে গেল ; সে ফিরে এল বাস্তবে।
পুরো পার্ক জুড়ে শুরু হয়ে গেল সাজ সাজ রব। বড় বড় গাছের গুড়িগুলো লাল-সাদা রঙের আলপনায় সাজুগুজু করছে। নিরন্তর জলের ধারায় সিক্ত হচ্ছে ঘাস-ফুল-লতাপাতা সব। যেন এলানো সবুজে কেউ মালিন্য খুঁজে না পায় ; এতটুকু ধূলাবালি যেন ঘন সবুজের গায়ে লেগে না থেকে সেদিকে সবার নজর ; পার্কের গেটে রং , রেস্টহাউজের যেখানাটয় এসে তিনি বসবেন ও শরীর জুড়োবেন, সেখানেও রঙের ছড়াছড়ি। পার্কের ভেতর এঁেকবেঁকে চলা যে রাস্তাগুলো পচা-পাতা আর গুল্মে ভরে থাকত সেগুলো সব সাফসুতরো করা হয়ে গেছে। কতগুলো ঝরনাধারা যেগুলো মৃতপ্রায় হয়ে পড়েছিল সেগুলো হঠাৎ জাগা কোনো ওয়েসিসের মতো অবিরাম জল ঝরাতে শুরু করেছে। কতগুলো বন্য কংক্রিটের তৈরি জীবজন্তু এদ্দিন শ্যাওলা পড়ে পড়ে বিবর্ণ হয়ে পড়েছিল ; এখন ঝকঝক তকতক করছে । যে পথ দিয়ে তিনি যাবেন সেখানকার গাছগুলোর গুড়িতে লাল-সবুজ বোল্ডার ছড়িয়ে রয়েছে ; যেন প্রতিটি গাছের গুড়ি এখন বাংলাদেশের পতাকা !
আর এতসব কাজ করতে গিয়ে পার্ক কর্তৃপক্ষের মাথা ঠিক নেই। ডিএফও , রেঞ্জার , ডেপুটি রেঞ্জার , ফরেস্ট অফিসার , গার্ড সবাই ব্যতিব্যস্ত।
এর ভেতরও অস্থায়ী গার্ড সুশীল মিনমিন করে একবার আকরামকে বলে ফেলেছে ,' স্যর আমার কথাডা কি মনে আছে ?'
'কোন্ কথা ?'
' স্থায়ীকরণ। '
বিরক্ত না হয়ে একথায় আকরাম হেসে ফেলল ,' আপনি আছেন আপনার স্থায়ীকরণ-আত্তীকরণ নিয়ে ? আর এদিকে দেখেছেন ২৬শে মার্চকে সামনে রেখে আমরা কিভাবে খেটে মরছি ? শহর থেকে ডিসি- এসপি সাহেব কয়বার রিং করেছেন দেখছেন তো ? ডিএফও বস কিরকম হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন চারদিকে বুঝতে পারছেন না ? '
'আমি নগণ্য মানুষ। ২৬শে মার্চ একটা মহান দিন বাংলাদেশে । যদি আমার কাজটা হইয়া যায় এই দিনে। যদি আপনে একটু ছুটাছুটি করতেন আমার লাইগা! '
'ছুটাছুটি না করলে দশদিনের নোটিসে কিভাবে এই বুনো ইকো পার্কটিকে বাসযোগ্য করে তুললাম , বুঝতে পারেন না ? '
'আপনে করিৎকর্মা মানুষ। হ¹লে আপনের বাহবা দিতাছে। যদি আমার স্বপ্নডা পূরণ করতেন স্যর । ' অনুনয় ঝরে সুশীলের কন্ঠ থেকে।
আকরাম একদৃষ্টিতে সুশীলের দিকে তাকিয়ে থাকে। সঠিক কিছু বুঝতে না পেরে বলে ওঠে ,'স্বপ্ন বলতে আপনি কি বুঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনাকে গার্ড পদে স্থায়ী তো যে কেউ করতে পারত । এদ্দিন কেন করল না সেটাই তো বুঝতে কষ্ট হচ্ছে। এপদে স্থায়ী করতে তো বেশি লেখাপড়ার প্রয়োজন হয় না। বঙ্গবন্ধু যা পারেন তা কি আমরা রক্ষাও করতে পারি না ? আমাদের মতো পেটি অফিসারদের এই এক সমস্যা , যদি কিছু হয়ে যায় , ঘটে যায় এই ভাবতে ভাবতেই মেয়াদ শেষ। কে ভাববে আপনার কথা বলেন ? কার অত সময় আছে ? '
'স্যর , আমার জন্য আপনি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কি শুধু একজন স্যর ? আমার কাছে যার দিল আসমানের লাহান , মানুষের উপর যার বিশ্বাস সমুদ্রের লাহান হেই তো বঙ্গবন্ধু । আপনের কি এইরকম এক বঙ্গবন্ধু হইতে মন চায় না ?'
আকরাম হতভম্ব। একটা প্রায় মূর্খ লোক কিভাবে এমন শক্ত কথা মুখের উপর অবলীলায় বলে দিতে পারে তা-ই কেবল ওর মগজে ঘুরপাক খেতে থাকে।
একথার কোন উত্তর না দিয়ে রেস্টহাউজে নিজের কক্ষে ফিরে আয়নায় সে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে আকরাম। সহসা ওর মনে হল সে সত্যি সত্যি এক বঙ্গবন্ধু হতে চায় ; এর দহন সে টের পাচ্ছে নিজের ভেতর। ওর চেহারা সুরতেও চিরচেনা সেই বলিষ্ঠতার এক নির্ভীক ইমেজ ভেসে বেড়াচ্ছে।
সে কিছুক্ষণ আয়নার সামনে বঙ্গবন্ধুর কিছু চেনা ম্যানারিজম করে নিজেকে নিজে বলে উঠল ,' কুছ পরোয়া নেহি।' বলে আরো একবার তাকাল নিজের দিকে। বয়স এখনো দুইর ঘরে ; চোখেমুখে এখনো কেরাণীসুলভ কোনো জটিলতার ছাপ পড়েনি ; এখনো তারূণ্যের দৃপ্ত লাবণ্য পুরো চেহারা জুড়ে লেপ্টে রয়েছে ; সে কেন ভয় পাবে ?
আকরাম নিজের সীটে বসে মন্ত্রী মহোদয়ের এপিএসকে রিং দেয় ,' স্যরকে বলে দিন আমাদের আয়োজন হানড্রেড পারসেন্ট কমপ্লিট । এখন শুধু স্যরের জন্য ওয়েটিং। '
'গুড । ভেরি গুড।' এপিএসের ভাবখানা এমন যে মনে হচ্ছে সে নিজেই মন্ত্রী মহোদয় বনে গেছে।
'কিন্তু পিএসসাহেব , একটা কথা রাখতে হবে আপনাকে। আপনাকে মানে স্যরের কাছে তুলে ধরতে হবে। '
'আলবৎ। আপনারা ইয়ং অফিসার। স্যর তো চান আপনারা নতুন নতুন প্রপোজাল নিয়ে স্যরকে ব্যতিব্যস্ত করে তোলেন। স্যর যেন মুখ তুলে আকাশের দিকে তাকাতে না পারেন আপনাদের বিজলি-চমকানো প্রপোজাল পড়ে পড়ে , সেইটাই তো উনি চান। স্যরকে চিনলেন না , সাংঘাতিক লেখাপড়া জানা লোক। ' লোকটি মন্ত্রী মহোদয়ের হোমিওপাথি সম্পর্কের এক আত্মীয় ; তাই কিঞ্চিৎ দাপুটে ।
'অবশ্যই। তাইলে প্রপোজালটা '?
'আইজই মেইল করে পাঠাইয়া দেন। ত্বড়িৎ এ্যাকশন পাবেন। মুড একেবারে এ প্লাস। '
আকরাম ফুল্ল মনে কাজটি সেরে মেইল করে দিল এপিএসকে। এর আগে ডিএফওর সঙ্গে হালকা করে কিছু কথা সেরে নিল। তিনি বস হলেও কোনোকিছুতে জড়াতে চান না। দিনের শেষে কজের ক্রেডিটটুকু দিয়ে দিলেই উনি বেজায় খুশি । এরকম বসকে বেশিকিছু বোঝানোর যেমন প্রয়োজন হয় না , তেমনি দরকার হলেই সাপোর্ট মেলে।
সব শুনে তিনি শুধু বললেন ,' এপিএসের সঙ্গে আলোচনা করে সব করছেন তো ?'
'অক্ষরে অক্ষরে ।'
'তাইলে ঠিকাছে। গো এহেড। '
আকরাম নিজের ভেতর এক তৃপ্তির ঢেঁকুর তোলে। কেন যে এক অনাবিল আনন্দে মন ভাসতে চাইছে তা সে নিজেও বুঝতে পারে না।
সুশীল ওর টেবিলে এক কাপ চা দিতেই আকরাম চায়ের কাপে চুমুক দিয়ে বলে উঠল,' আপনারটা হয়ে যাবে। '
সুশীলের চোখমুখ আনন্দে ঝকমক করতে থাকে।
ওর হনু বের করা গালে এক নির্মল হাসির রেখা ; এই সুবাতাস সংক্রমিত হচ্ছে অকরামের মাঝেও।
সে চায়ে চুমুক দিয়ে যখন কিছু একটা ভাবতে চাইছে তখনি ওর মোবাইলটা বেজে উঠল ।
'হ্যালো ?'
'মনে করেন ওইটা হয়ে গেছে। স্যর সাইন করে দিছে। '
'কিছু বলছেন স্যর?'
'বলে নাই আবার ? '
'কি ?'
'ইয়ংরাই এই দেশডা নতুন করে সাজাইব। হাঃ হাঃ হাঃ । '
আকরাম মোবাইলটা টেবিলের উপর রেখে দাঁড়ানো সুশীলকে জিজ্ঞাসা করে,' কত বছর হল বঙ্গবন্ধু আপনাকে মূল্যায়ন করেছিলেন ?'
'মূল্যায়ন ? না , না স্যর। তাইনে মূল্যায়ন করব কেরে ? তাইনে তো আমারে বাইচা থাকনের তরিকা বাতলাইয়া দিছে এই দেশডা স্বাধীন কইরা। মূল্যায়ন আপনেরা করবেন স্যর । ইয়ংরা।' বলে সে কাপটা নিয়ে আকরামের কক্ষ থেকে বের হয়ে যায়।
আকরাম আচানক বিস্ময় নিয়ে লোকটির চলার দিকে তাকিয়ে থাকে।
সেদিন রাতে ঘুমোতে গিয়ে সে অদ্ভুত একটা স্বপ্ন দেখে ।
পার্কের ভেতর রেস্টহাউজে ওর অস্থায়ী থাকার জায়গা। সে ব্যাচেলার বলে একা থাকে।
কোয়ার্টারের বাইরে প্রহরীর হুইসেলের শব্দ আর পার্কের ভেতরকার নিশাচরদের একটানা কিংবা ভাঙাভাঙা ডাকাডাকির শব্দ।
সে তখন একা -একা গান শোনে কিংবা ভিডিও দেখে সময় কাটাতে গিয়ে কখন যে ঘুমের কোলে ঢলে পড়ে সে নিজেও টের পায় না।
ঘুমের ভেতর সেই বিশালদেহী পুরুষটি এসে জলদগম্ভীর কন্ঠে ওকে বলে ওঠে,' তুই কি আমি হতে চাস ?'
ওর চোখ বিস্ফারিত ; কথা বলতে পারে না। শুধু দেখতে পায় পাইপের চিকন ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে আস্তে আস্তে।
এক সময় অট্টহাসিতে ভেঙে পড়ে মানুষটি ; ওর কাছে এসে সহসা পিঠ চাপড়ে বলে ওঠে ,' বহুত আচ্ছা ।'
স্বপ্নের ঘোর কেটে যাবার পর চোখ খুলে সে অন্ধকারময় ঘরের ভেতর অন্ধদৃষ্টি মেলে ধরে। একজন বিশাল মানুষের গায়ের সাদা পাজামা আর সফেদ পাঞ্জাবী যেন ওর চোখ ধাঁধিয়ে দিচ্ছে। চারপাশ জুড়ে এত আলো যে সহ্য করা দায় !
সকালে অফিসে গিয়ে মন্ত্রী মহ্দোয়ের এপিএসকে রিং করে ; বলে,' আমি কিন্তু সব ফাইনাল করে ফেলছি।'
'ব্যস্ত। পরে কথা বলব। ফাইনাল … ফাইনাল … সব ফাইনাল। ' পাগলের মতো কথা বলে এপিএস। মনে হয় বেশ চাপের ভেতর উপোড় হয়ে শুয়ে রয়েছে সে।
পচিশে মার্চ সারারাত আকরাম জেগে কাটাল। সঙ্গে সুশীল ও অন্যান্যরা। বাসায় ফেরার পথে শহর থেকে ডিসি সাহেব পার্কে একবার হয়ে গেলেন ।
'সব ফাইনাল তো এসিএফ সাহেব ?'
'জ্বি স্যর। '
'জানেন তো মন্ত্রী মহোদয় কিন্তু খুব মুডি। কেয়ারফুল থাকবেন। কোথাও কোন ফ্ল যেন না থাকে। '
'জ্বি। '
গাড়িতে ওঠার সময় সহসা বলে উঠলেন ,' আচ্ছা , ২৬ শে মার্চ এমপি সাহেব যে তিনজন মুক্তিযোদ্ধা চাকুরিজীবীকে গার্ড ও গার্ডেন ওয়ার্কারের পদে স্থায়ীকরণ করবার জন্য ঠিক করলেন এদের নামগুলো মন্ত্রী মহোদয়ের কাছে কে পাঠিয়েছে জানেন ?'
'কেন স্যর? কোন কমপ্লেন ?'
'না না। ভাল এনডিভার। গুড। খুঁজে খুঁজে বঞ্চিতদের বের করাও তো কম কথা নয়। এদের মধ্যে নাকি একজন সরাসরি বঙ্গবন্ধুর সুপারিশে গার্ডের চাকুরি নিয়ে প্রজেক্টের কাজে ঢুকেছে। আশ্চর্য ! এদ্দিন ধরে লোকটা পড়ে পড়ে মার খাচ্ছে। কেউ তাকে রাস্তা বাতলায়নি ? স্যাড , ভেরি স্যাড!'
'এসব এপিএস সাহেবের কাজ। উনিই জোগাড় করেছেন। ফাইনাল করার আগে আমার বসের সঙ্গে কথা বলেছেন, স্যর।' নিজেকে ইচ্ছে করেই সরিয়ে রাখল আকরাম ; পাছে কোনো হুজ্জোতিতে জড়িয়ে পড়ে সেজন্য। চাকুরি তো ; মেধার চেয়ে বুদ্ধিটাই এখানে বেশি ফলপ্রসূ।
'অ। '
তিনি আর কথা বাড়ালেন না। গাড়িতে উঠে পড়লেন।
পঁিচশে মার্চ কালোরাতে আকরামের চোখে ঘুম নেই। রাতভর জেগে সে অসমাপ্ত কাজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছে ; তিনি নাকি খুব রাগী মানুষ ; তাই শেষ সময়ে এসে কোথাও যাতে কাজের ত্রুটি কেউ খুঁজে না পায় সেজন্য সে মরিয়া ; খাওয়া-দাওয়া, বিশ্রামের জায়গা, বক্তৃতার মঞ্চ , কার্ড ছাপিয়ে শহরের গুরুত্বপূর্ণ লোকজনদের দাওয়াত দেয়া এবং খাওয়াদাওয়ার পর কিঞ্চিৎ সাংস্কৃতিক আয়োজন সবই ওকে দেখেতে হচ্ছে।
সুশীল বলল,' স্যর আপনে খুব কাজের লোক। বঙ্গবন্ধুর মত। '
' কি যে বলেন। আপনার মাথা ঠিক আছে তো ?'
' না স্যর , আমি যারে সৎভাবে সাহস লইয়া কামকাজ করতে দেহি , আমার কেন য্যান বঙ্গবন্ধু মনে অয়। কিয়া করাম , মনে যে অয়। বঙ্গবন্ধু একজন এক্কেরে সাধারণ মানুষ অইলে এইরহমই অইত। '
আকরাম আর কথা বাড়ায় না। ভোরবেলায় নিজের কোয়ার্টারে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দিতেই সে স্পষ্ট দেখতে পায় সফেদ পাজামা-পাঞ্জাবি পরা একজন মানুষের মুখ।
সকালে এপিএসের টেলিফোন,' আমরা কিন্তু নয়টার ভেতর আপনার পার্কে ইন করতেছি। সাকলে ব্রেকফাস্ট এভরিথিং রেডি তো ?'
' জ্বি। সব রেডি। '
পড়িমড়ি করে আকরাম ছুটে যায় সেখানে। ঠিক নটা দশে মন্ত্রী মহোদয় চলে এলেন দলবল নিয়ে। হুডখোলা জীপের মাঝখানে সানগ্লাস পরে মধ্যবয়সী এই নেতা দাঁড়নো ; পাশে একজন পুরুষ ও নারী ; আকরাম এদের পরিচয় এরই মধ্যে জেনে নিয়েছে এপিএসের বদৌলতে ; শালা আর শালার বউ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে ; মূলত দেশের ভেতর তাদের সময়টুকু উজ্জীবিত করে রাখতেই দুলাভাইর এই আয়োজন ; গাড়ির পিছনকার সীটে বসে রয়েছেন নিরীহ গোছের দেখতে মন্ত্রী মহোদয়ের স্ত্রী।
জীপটির পেছন পেছন ধীরতালে পার্কটি প্রদক্ষিণ করে চলেছে ডিসি-এসপি ও অন্যান্য কর্মকার্তদের গাড়িবহর।
সবার পিছনে পার্ক কর্তৃপক্ষের গাড়িটি। সেখানে আরো অনেকের সাথে আকরাম ও সুশীলও রয়েছে।
ঠিক এসময় সহসা এমপি সাহেবের গাড়িটি ব্রেক কষে থেমে যায়। দেখাদেখি সবার গাড়িগুলোও ক্যাচ ক্যাচ শব্দে ব্রেক কষতে থাকে। সবার ভেতর অপার জিজ্ঞাসা। কারো কারো চোখেমুখে অস্থির উৎকন্ঠা।
মন্ত্রী মহোদয় তখন স্বয়ং গাড়ি থেকে নেমে পড়েছেন ; গটগট করে হেঁটে সোজা কংক্রিটের ঝরনাতলার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন ; তারপর তুমুল গর্জনে কাঁপিয়ে দিলেন পুরো এলাকা ', এসব কি ?' , মেঠো বক্তৃতায় নিত্য অভ্যস্ত বাজখাঁই গলা ; চীৎকারটি পুরো গাড়িরবহরের সবাইকে এক লহমায় কাঁপিয়ে দিয়ে গেল।
সবাই গাড়ি থেকে নেমে ছুটে এলেন ঝরনার সামনে। বড় বড় ডাকসাঁইটে সব কর্মকর্তাদের চোখ এখন ছানাবড়া ; কারো চোখে আর সানগ্লাস নেই। চোখের সাইজও স্বাভাবিকের চেয়ে বড় দেখাচ্ছে সবার।
ডিসি সাহেব এসপিকে ফিসফিস করে বলছেন ,' কি, ব্যপারটা কি ?'
এসপি তার সাবঅর্ডিনেটের দিকে তাকিয়ে একরাশ উৎকন্ঠা নিয়ে জিজ্ঞাসা করছেন ,' কি ?'
'স্যর গু। ' বলেই এএসপি পদবীর পুলিশ কর্মকর্তা আরো বেশি করে জানবার আশায় সামনের দিকে এগিয়ে গেলেন।
এবার মন্ত্রী মহোদয়ের দৃষ্টিরেখা অনুসরণ করে সবার নজর ঠিক সেদিকে।
ঝরনার বেদীর উপর এক দলা কুত্তার কুচকুচে কালো গু। আর এর উপরই মন্ত্রী মহোদয়ের তীক্ষ্ণ শিকারী নজর।
তার নাকের পাটা ফুলে উঠছে রাগে। তার চোখ জোড়া রীতিমতে লাল। এমনভাবে তাকাচ্ছেন সেদিকে যে কুকর্মকারী সেই কুকুরটিকে পেলে তিনি তক্ষুণি গুলি করতেন।
আকরামের বস এগিয়ে গেল এমপি সাহেবের সামনে।
তিনি ফের গর্জে ওঠার আগেই এপিএস চেঁচিয়ে উঠল,' এই আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ? এতবার করে পঁই পঁই করে বললাম, পুরা পার্কটারে পাঁচবার করে জলে চুবাইবেন , শুকাইবেন আবার চুবাইবেন। এই তার নমুনা ? স্যর অপরিষ্কার-অপরিচ্ছন্নতা সহ্য করতে পারেন না , জানেন না ? ছিঃ। '
মাথা নুইয়ে ফেলে আকরামের ডিএফও বস।
আকরাম এগিয়ে যায় ; ওর পিছন পিছন সুশীল।
সুশীলের উপর মন্ত্রী মহোদয়ের নজর পড়তেই ওর জুবুথুবু চেহারার দিকে তাকিয়ে তিনি বুঝে গেলেন ওর স্ট্যাটাস ; সঙ্গে সঙ্গে দ্বিতীয় গর্জন,' এই ব্যাটা , তুমি এইখানাকর না ?'
'জ্বি স্যর। আমি গার্ড ' মিনমিন করে উত্তর দেয় সে । কাঁধের রাইফেলটি এ-কাঁধ থেকে ও-কাঁধে নিয়ে সে নির্বাক ছবির দৃশ্যের মতো নিজের গুরুত্ব বাড়িয়ে তুলতে চায় সবার সামনে।
'এইগুলা কি ? এই তোমাদের কামকাজ ? বেতন নিতে লজ্জা করে না ? সবকটার চাকুরি খাওয়া উচৎ । উজবুক কোথাকার । আবার কয় গার্ড ? কান্দে বন্দুক ঝুলাইয়া আবার ভাব নিতাছে , আম্মক কুনহানের ?'
পাশ থেকে এপিএস সমস্ত শক্তি গলায় জড়ো করে সুশীলকে বলে ওঠে,' এখনো দাঁড়ায়া দেকতেছ কি আম্মক ? তাড়াতাড়ি পরিষ্কার কর হারামজাদা ?'
হতভম্ব সুশীল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল উগ্রমূর্তি সবার দিকে। এসপির উপর একবার নজর পড়ল ওর। মনে হল তিনি এক্ষুণি ওকে এরেস্ট করার নির্দেশ দেবেন। ডিসির চোখের দিকে তাকানো যায় না । মনে হচ্ছে নিমিষের ভেতর তিনি ওকে চাকুরি থেকে ডিসমিস করে ছাড়বেন।
শুধু আকরাম আর ওর বস সমস্ত অপরাধ নিজেদের কাঁধে নিয়ে মাটির দিকে মুখ করে রয়েছে ; লজ্জায় যেন ওরা কারো দিকে তাকাতে পর্যন্ত পারছে না।
'কী হইল ?' ফের গর্জে ওঠে এপিএস।
ক্ষীণকায় সুশীলের দেহকান্ড সেই অমিতবিক্রম গর্জনে কেঁপে কেঁপে ওঠে। সে এমনিতেই ভাঙাচোরা দুর্বল এক মানুষ ; সারাক্ষণ ওর বসবাস এক মানসিক দোদুল্যমানতায় ভরপুর এক জগতে ; এতগুলো মানুষের রক্তচক্ষু ওর সইবে কেন ?
সে এক ছুটে ঝরনাতলার কংক্রিটের উপর থেকে নিজের করতালুতে কুকুরের দলা দলা বিষ্ঠাগুলো নিয়ে পাশের বনের দিকে খোঁড়া পায়ে ল্যাাংচাতে ল্যাংচাতে দৌঁড়ে চলে যায়। ওর শরীরের দুলুনির সঙ্গে কাঁধের রাইফেলটিও দোল খায়। এসময় রাইফেলটিকে বড়বেশি অসহায় দেখায়।
সুশীলের হাতের তালু থেকে বিটকেলে দুর্গন্ধ ওর নাক দিয়ে ভেতরে ঢুকে পেটে ঘনঘন মোচড় দিতে শুরু করলেও ওর কোনো হুঁশ-জ্ঞান থাকে না। সে বনের ভেতর কোনো তাড়া খাওয়া অর্ধচেতন জন্তুর মতো ছুটতে শুরু করে। একসময় সে থামে ; একটি গাছের নীচে একাকী দাঁড়িয়ে হাঁফাতে হাঁফাতে অসহায়ের মতো ভাবে , ওই লোকগুলো আরো ক্ষেপে উঠবে নাতো ?
কিন্তু মন্ত্রী মহোদয়ের রাগ তক্ষুণি পড়ে যায় ; এবং তিনি হুডখোলা গাড়ির ভেতর গিয়ে বাংলা ছবির হিরোর মতো দাঁড়িয়ে পড়তেই সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করে।
শুধু আকরাম ওদের গাড়িতে ওঠে চারপাশে সুশীলকে না দেখতে পেয়ে ফিসফিস করে বসকে জিজ্ঞাসা করে,' স্যর সুশীল তো আসল না ?'
নির্বিরোধ বস চাপা গলায় উত্তর দেন,' চুপ করেন তো। মানে মানে সব শেষ হতে দেন। '
সকালের এলাহি নাশতা , দুপুরের ভুড়িভোজ ও বিকালের কয়েকঘন্টার ঘোরাঘুরির পর সামান্য বিশ্রাম নিয়ে জমকালো এক পাঞ্জাবী পরে এমপি সাহেব সোজাসুজি মঞ্চে উঠে এলেন। ইকো ফরেস্টের কর্মচারী -কর্মকর্তা ও সংলগ্ন এলাকার গণ্যমান্য মানুষজন তখন অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর কথা শোনার। তিনি কাউকে নিরাশ না করে এক ঘন্টার এক জ্বালাময়ী ভাষণ দিলেন। ঘন-ঘন করতালিতে যখন তিনি সিক্ত হচ্ছেন তখন মঞ্চের এক কোণে দাঁড়িয়ে আকরাম খোঁজ করে চলেছে সুশীলকে। সকালের সেই অনভিপ্রেত ঘটনার পর সে আর দেখতে পাচ্ছে না ওকে। অথচ কিছুক্ষণ বাদে শুরু হবে আকাক্সিক্ষত সেই অনুষ্ঠান যেখানে এমপি মহোদয় এই ইকো পার্কে কাজ করে এমন তিনজন বঞ্চিত কর্মচারীকে নিজ হাতে চাকুরি স্থায়ীকরণের চিঠি দেবেন। এটি এক বিরল ঘটনা যা এদ্দিন ধরে সে সবার সঙ্গে যোগাযোগ করে কাজটি এগিয়ে নিয়েছে। এখন যাকে ঘিরে ওর এই উদ্যোগ তাকেই সে চোখের সামনে দেখতে পাচ্ছে না।
অস্থিরতা ও উত্তেজনা ওকে পেয়ে বসেছে। এদ্দিনের ওর এই পরিকল্পনাটি ভেস্তে গেলে ওর মোটেই ভাল লাগবে না ভেবে সে একবার উদাসী চোখে দর্শক-শ্রোতার সারির দিকে তাকাচ্ছে ; পরক্ষণে একধরনের হতাশাবোধে আক্রান্ত হয়ে নিজেকে উপলব্ধি করার নীরব চেষ্টা করছে।
আকরাম যখন এসব ভাবছে তখনি এপিএস এসে ওকে তাড়া দিয়ে উঠল,' আপনার মুক্তিযোদ্ধারা কই ? সব ঠিকঠাক ?'
'জ্বি সব ঠিক আছে।'
'এমপি সহেবের বক্তৃতা শেষ হবার পরই কিন্তু আপনার অনুষ্ঠান। মনে রাখবেন, এটাই কিন্তু আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। মিডিয়া এসব খুব খায়।' বলে এক চোখ টিপে দিলেন।
আকরামের হাতে ধরা কাগজটিতে চোখ বুলিয়ে নেয় সে। কারণ, একটু পর মাইক্রোফোনের সামনে গিয়ে গুছিয়ে সব বলতে হবে ওকেই।
মোট তিনজন মুক্তিযোদ্ধা কর্মচারী রয়েছেন এই ইকো পার্কে ; যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে ; কিন্তু প্রজেক্টের আয়ু ফুরিয়ে গেলে বিশেষ বিচেনায় তাদের কজ করার সুযোগ মিলেছে বটে কিন্তু স্থায়ী কোনো পদে আত্তীকরণ হয়নি ওদের। এখানে কারো কারো অবসর গ্রহণের সময় এগিয়ে এলেও কেউ এদের সমস্যার সমাধান করতে চাইছে না। অর এরাও নিরীহ গোবেচারা হওয়ায় কোেনা মামলা-মোকদ্দমার দিকে এগোয়নি। এই প্রথম ওদের তিনজনকে পুরো চাকুরি জীবনের পূর্ণ সুবিধা দিয়ে গার্ড ও গার্ডেন ওয়ার্কার পদে আত্তীকরণের প্রস্তাব দিয়েছে আকরাম, যা মন্ত্রী মহোদয়ের বিশেষ বিবেচনা ও বদান্যতায় অনুমোদন পেয়ে আজ চূড়ান্ত রূপ পাচ্ছে। অথচ যার জন্য এতকিছু , সেই সুশীল কোথায় ? সে কি জানে এতসব ?
পরপর দুজনের হাতে নতুন এই পদায়নের চিঠি এমপি সাহেব দিয়ে ফেলেছেন। এবারকার শেষ নামটি উচ্চারণ করল আকরাম ; মুখে বলল,' মুক্তিযোদ্ধা সুশীল মোদক , যার চাকুরি হয়েছে সরাসরি বঙ্গবন্ধুর সুপারিশে, সেই সৎ সাহসী মুক্তিযোদ্ধাকে মন্ত্রী মহোদয়ের হাত থেকে চিঠি নিতে অনুরোধ করছি। এরা আমাদের গর্ব ; আমাদের বীর। জান বাজি রেখে যে মানুষগুলো লাল-সবুজ পতাকাটি আমাদের হাতে তুলে দিয়েছেন , নিশ্চয়ই তাদের প্রতি আমাদের ঋণ রয়েছে। যেমনিভাবে মা-বাবার ঋণ শোধ করা যায় না তেমনি এদের কাছে জাতির যে ঋণ তা শোধ করবার মতো নয় ; তবু আমরা চেষ্টা করছি মাননীয় মন্ত্রীর আন্তুরিক প্রচেষ্টায় একটুখানি হলেও এই বীরপুরুষদের সম্মান জানাতে। আজকের এই কার্যক্রম এরই বহিঃপ্রকাশ । মুক্তিযোদ্ধা শ্রী সুশীল কুমার মোদক , আপনি যেখানেই থাকুন মঞ্চে চলে আসুন এবং মাননীয় মন্ত্রীর হাত থেকে আপনার স্থায়ীকরণের চিঠিটি গ্রহণ করে আমাদের কৃতার্থবোধ করবার সুযোগ দান করুন। '
এক মিনিট যায়, সুশীলের দেখা নেই। সবাই মুখ চাওায়াচাওয়ি করছে ; আকরামের চোখমুখ লজ্জা ও অপমানে লাল হয়ে পড়ছে। হাত-পা কাঁপছে অস্থিরতা ও টেনশনে। যে মানুষটিকে সবার সামনে সম্মান জানাবে বলে এত আয়োজন ; যাকে সবার সামনে তুলে ধরবে বলে এতদিন ধরে নোট চালাচালি আর বসদের কাছে ঘনঘন ধর্না দেয়া এখন তারই পাত্তা নেই ?
সে অর সহ্য করতে পারছে না। যে ভয় সে পাচ্ছে সেটাই কি সত্যি হল ? সকাল বেলার ঘটনায় অভিমানী সুশীল কি এই পুরষ্কার বর্জন করল ?
ঠিক তখনি মঞ্চে ছুটে এল সুশীল । এমপি সাহেবের কাছ থেকে চিঠিটি নেবার সময় সুশীল অদ্ভুত চোখে তাকিয়ে রইল আকরামের দিকে।
আকরাম হাঁফ ছেড়ে বাঁচল । বুকের ভেতর চেপে থাকা বড় একটা পাথর যেন সরে গেল ।
পরদিন সকালে আকরাম সুশীলকে জিজ্ঞাসা করে,' খুশি তো ?'
'কেরে ?'
'চিঠি পাইয়া ?'
'ওইটা তো ফালাইয়া দিছি বনের ভিত্রে। ' বিস্ময় আকরামের চোখেমুখে।
'মানে ?'
'কুত্তার গু কেউ হাতে বেশিক্ষণ ধইরা রাখবার পারে ? '
'কি কইতেছ ?'
'আপনের অপমান অইব দেইখা গু নিতে মঞ্চে উঠছিলাম । নাইলে কেডা হাতের ভিতরে গু লয় ?'
বলে সুশীল মোদক অদ্ভুত এক দৃষ্টি দিয়ে দেখে নেয় ওর বসকে । সেই দৃষ্টিতে একইসঙ্গে মিশেছিল অপারগ উদাসীনতা ও নির্বিকার বিষণ্নতার এক অপরিচিত ফ্যাকাশে রং ।
আকরাম কিছু বুঝতে পারে না ; কেবল হতভম্ব হয়ে এ পর্যন্ত ঘটে যাওয়া সবকিছু মিলিয়ে নিতে চায় নিজের মতো করে।
