অন্ধকারে কীসের কোলাহল
কার যেন উষ্ণ হাত আমার কপাল ছুঁয়ে গেল।
আমি দুলছিলাম। ডুবছিলাম। ভেসে উঠছিলাম। অস্পষ্ট, কী এক ঘোরের ঘেরাটোপে ঘুরপাক খাচ্ছিলাম অনবরত। এক অব্যাখ্যেয় অস্বস্তি, মনখারাপ, আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল আগেই। এসবের ভেতরে কী করে যেন ঢিল পড়ে আমার স্নায়ুর সরোবরে, সচকিত হয়ে ওঠে মস্তিষ্কের নিউরণগুলো।
কার যেন উষ্ণ হাত আমার কপাল ছুঁয়েই আছে! সে হাত একটি নির্দিষ্ট ছন্দে খেলা করে বেড়াচ্ছে কপালের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে।
'বাবা?'
আমার মস্তিষ্কের ভেতরটা এবার তোলপাড় করে ওঠে। কেউ আমাকে ডাকছে! কে ডাকছে? আমার মেয়ে? আমার ছেলে? আমার কি কোনও ছেলে বা মেয়ে আছে? ঠিক মনে করতে পারছিলাম না। কিন্তু এটুকু বুঝতে পারছিলাম, ভীষণ চেনা আর প্রিয় আমার ওই কণ্ঠ, ওই ডাক। তাই, আমার মাথার ভেতরটা চিৎকার করে উত্তর দেয়, 'হুহ্।'
বুঝতে পারি আমার গলা দিয়ে স্বর বের হয়নি। কিন্তু আমি যেন অস্পষ্টে শুনতে পাই সেই প্রিয় কণ্ঠ বলছে, 'বাবা নড়েছে… বাবা শুনতে পাচ্ছে!'
আমি টের পাই একটা কোমল হাতের পাঁচটা আঙুল আমার নিস্তেজ আঙুলগুলোকে মুঠোমধ্যে চেপে ধরেছে। আমার আঙুল সেই প্রিয় আঙুলের আলিঙ্গনে একটু বোধহয় কেঁপে উঠতে চেষ্টা করে। চেষ্টা করে প্রিয় আঙুলের সাধিন্ন্যের ভালোলাগার অনুভূতিটুকু প্রকাশ করতে। আবার বোধহয় শুনতে পাই, 'দেখো মা বাবা সাড়া দিচ্ছে! … মা!'
তারপর সব কী রকম মিলিয়ে যায়। অন্ধকারে ডুবে ছিলাম আগেই, সেখানে এসে ভর করে অসহ্য নৈঃশব্দ। আমি আর কিছু মনে করতে পারি না।
তারপর আবার জেগে উঠি কারো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দে। জেগে উঠলেও আমার জগৎ ডুবে থাকে কোন এক পোড়া অন্ধকারে। মসীঅন্ধকার নয়, কেমন ধোঁয়া ধোঁয়া অন্ধকার। সেখানে শুধু লাল শুধু নীল রঙের ঢেউ দুলে বেড়ায় চারদিকে। চোখের পাতার ওপর যেন ভর করে আছে কোনও কালো দৈত্যের শরীর। সেই দৈত্যকে সরিয়ে আমার চোখের মণি কিছুতেই নাগাল পায় না আলোময় জগতের।
ফুঁপিয়ে কান্নার শব্দে আমার বোধ ফিরে এলেও আর কিছু শুনতে পাই না। শুধু ঢেউয়ের তোড়ে দুলতে থাকি আবার, অবিরত। যেন অলৌকিক কোনও জলযানে ভেসে বেড়াচ্ছি অনন্তকাল ধরে। অস্পষ্টভাবে মনে পড়ে কিছু কিছু।
নাকে এসে ধাক্কা দেয় হাসপাতালের ঝাঁঝালো কেমিকেলের গন্ধ। মনটা তোলপাড় করে ওঠে। মনে পড়ে আমার একটি গুরুতর অপারেশন হয়েছে। কী অপারেশন মনে করতে পারি না। কী অদ্ভুত, হঠাৎ আমি দেখতে শুরু করি! দেখি, হাসপাতালের হলদেতে ছোপছাপ দাগওঠা জানালার লম্বা পর্দাগুলো প্রবল বাতাসের ঝাপটায় তড়পাচ্ছে। বৈশাখের তপ্ত বিকেলের পর প্রকৃতিকে ঠাণ্ডা করতে কালবৈশাখি শুরু হয়েছে। জানালার ভারি পাল্লাগুলো দমকা হওয়ায় ঠুসঠাস বাড়ি খাচ্ছে দেয়ালের সঙ্গে। আর তখনই লেবার ওয়ার্ডের করিডর দিয়ে ছুটে আসে মেঘবতী। নামটা আমিই দিয়েছিলাম। মেডিকেলে ইন্টার্নির এক বছর ওর সঙ্গে আমার চার বছরের প্রেম পরিপূর্ণভাবে জমাট বাঁধে। একপাশের জানালার পাল্লা আটকানোর সময় মেঘবতীর সঙ্গে আমিও হাত লাগাই পাশের জানালাটা বন্ধ করতে। সেই মনউতাল সময়ে তার দীঘল চুল দমকা হাওয়ায় উড়ে উড়ে আমার মুখ ছুঁয়ে যায়। মেঘবতী বিব্রত হয়, আমি হেসে উঠি।
মেঘবতী ঠিক সেইরকমই আছে, যেমনটি আমি তাকে দেখেছিলাম মেডিকেলে পড়ার সময়। বিয়ে হয়নি আমাদের। রাস্তা পার হতে গিয়ে অসাবধানে একদিন গাড়িচাপা পড়েছিল মেঘবতী। মেডিকেল কলেজের সামনেই। সার্জারির ওপর উচ্চতর ডিগ্রির ছাত্র হয়েও অমন রক্তভাসা দৃশ্যে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। মেঘবতীর মৃত্যু হয়েছে প্রায় পঞ্চাশ বছর আগে, অথচ এখনও মনে হয় এই তো সেদিনের ঘটনা।
মেঘবতীকে দেখার পর পরই আমার দুষ্ট মস্তিষ্ক ঠিক খুঁজে খুঁজে আরেকটি দুঃস্বপ্নের কথা আমাকে জোর করে মনে করিয়ে দেয়। সেই দুঃস্বপ্নও প্রায় পঁচিশ বছর আগের। কিন্তু স্বপ্নটার কথা বারবার ভেবেছি বলে ছায়ার মতো স্মৃতির প্রথম সারিতে ঘাপটে মেরে থাকে সবসময়।
সেবার আমার পঞ্চাশতম জন্মদিন খুব ধুমধামে উদ্্্যাপন করা হলো। তার পরের দিনটায় আমার ছুটি ছিল। শরীরটা একটু ম্যাচম্যাচ করছিল বলে দুপুরে একটু ভাতঘুম দিই। ঘুমিয়ে পড়ার পর প্রথম ভাগের স্বপ্নে শেখরকে দেখি। স্বপ্নের জায়গাগুলো সবসময়ই অদ্ভুত হয়, তেমন বিচিত্র কিছু জায়গায় শেখর আর আমি লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াই। অমন করে দুই বন্ধু খুব ঘুরতাম ছোটবেলায়। স্বপ্নে ফিরে যাই সেসব দিনে। এও খুব স্বাভাবিক। যদিও চাকরিতে যোগদানের পরের বছরই আমার এই প্রিয় বন্ধুর হঠাৎ মৃত্যু ঘটে। অবাক ব্যাপার হলো, স্বপ্নে ওকে কেমন বুড়িয়ে যেতে দেখি। স্বপ্নেও কি মানুষের বয়স বাড়ে? অবশ্য কোনওকিছুই আজগুবি মনে হয় না স্বপ্নের বেঘোর জগতে।
আমি বললাম, 'দ্যাখ, সবাই বলে তুই নাকি মরে গিয়েছিস।'
শেখর শুনে হো হো করে হেসে ওঠে।
স্বপ্ন তার পটভূমি পাল্টায়। দ্বিতীয় ভাগে দেখি আফসার কাকাকে। আমার ছোট কাকার খুব ঘনিষ্ঠ বন্ধু। কোন এক গ্রামীণ-মেলায় আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন মেলা ছোটবেলায় আমার মামাবাড়িতে অনেক বসতো। মায়ের হাত ধরে কত ঘুরেছি মেলায়, বায়না ধরেছি মেলা মেলা। আমার সবচেয়ে প্রিয় ছিল দশ টাকার ছোট্ট লঞ্চ। হঠাৎ দেখি আফসার কাকা ওরকম একটা লঞ্চ আমাকে কিনে দিতে দরদাম করছেন। লজ্জা পেয়ে বলি, 'আমি এখন মেডিকেল কলেজে পড়াই কাকা। আমি কি আর ছোট আছি?'
আফসার কাকা হাসেন। বলেন, 'লঞ্চের ভিতরের সলতে ধরায়ে চৌবাচ্চার পানিতে ভাসায়ে দিবি। ভটভট করে চলবে। দেখবি তখন কী আনন্দ লাগে।'
বিয়ের প্রথম বছরেই আফসার কাকা নদীপথে শ্বশুরবাড়িতে যাবার সময় লঞ্চডুবিতে মারা গিয়েছিলেন।
আবার ঘুরে যায় স্বপ্নের পটভূমি। এবারও দেখি আরেক মৃত মানুষকে। আমার বড় মামী, গলায় দড়ি দিয়ে আমগাছে ঝুলে পড়েছিলেন প্রবল দুঃসাহসে। অথচ তাঁর খুব ভয় ছিল মৃত্যু নিয়ে। মামী আমাকে দাওয়ায় বসিয়ে খাওয়াচ্ছেন। মামাবাড়ির খেতের লাল চালের বাষ্পওঠা ফেনাভাত আর আলু ভর্তা, পটলভাজা…।
স্বপ্ন ভেঙে গেলে দেখি সন্ধ্যা ঘনিয়ে এসেছে। খুব ভয়াল বিষন্ন শীতের সন্ধ্যা। আমি ঝিম মেরে বসে বসে ভাবছিলাম–শেষ জন্মদিন বোধহয় উদযাপন করা হয়ে গিয়েছে কাল। বয়স একান্ন হবে না আর কোনওদিন।
পরের বছর জন্মদিনে সে কথা স্মরণ করে মনে মনে হেসে উঠেছিলাম। সার্জারিতে খুব নামডাক ছিল আমার। তাই টাকা আসতে থাকে বানের জলের মতো। চাকরি ছেড়ে সে বছরই ব্যবসায় নামি। বিশেষায়িত হাসপাতালের ব্যবসা। সেই হাসপাতালের খ্যাতি এতদূর ছড়ায় যে বেশির ভাগ মন্ত্রী রাজনীতিক আর ধনকুবের এ দেশে প্রাথমিক চেকআপ বা সর্দিকাশি-জাতীয় চিকিৎসা করালে আমার হাসপাতালেই আসেন। একমাত্র এখানেই সরকারি আর বিরোধীদল এক কাতারে।…
মনে পড়ে আমার অপারেশন হয়েছিল। কী অপারেশন? কী অদ্ভুত! অপারেশনের নাম মনে করতে পারছি না, অথচ স্মৃতি অর্ধেক তথ্য ধরে রেখেছে। স্মৃতি বলছে–রবীন্দ্রনাথেরও ঠিক এরকম একটি অপারেশন হয়েছিল। কিন্তু পুরনো চিকিৎসা-ব্যবস্থায় বাঁচেননি তিনি। বিচিত্র ভাবনায় ডুবে যেতে যেতে আমি আবার ঘুমের দেশে ঢুকে পড়ি, কিংবা সংজ্ঞাহীন হয়ে পড়ি পূর্ববৎ।
অস্বস্তির কত বিচিত্র জগতে ঘুরে বেড়াচ্ছি আমি। তার মাঝেই ছেঁড়া-ছেঁড়া ভাবে ঘুম-জাগরণের বিষম টানাটানিতে বিভ্রান্ত হয়ে আছি পুরোদস্তুর। ঘুম ভাঙলে বুঝতে পারি না, ঘুম নাকি স্বপ্ন? স্বপ্নকে আলাদা করতে পারি না জাগরণের সঙ্গে। আমার তপ্ত মস্তিষ্কের বিকারময় স্বপ্ন কিংবা বাস্তবের কানাগলিতে আমি ভূতগ্রস্ত! সে অবস্থায় কোনও এক সময় কয়েকজন নার্সের কথা শুনতে পাই। স্পষ্টে-অস্পষ্টে ভেঙেচুরে আমার কানে পৌঁছয় নানা টুকরো কথা। তাতে আমার মস্তিষ্কের প্রবল প্রাণময় অংশ, যে অংশটি বেঁচে থাকতে আকুল, যেন আঁতকে ওঠে। কত দিন আমি এভাবে আছি? এক বেলা? এক দিন? তার বেশি না বোধহয়। আমার তো তাই মনে হতো। জানতে পারলাম, বিকেলে হোম মিনিস্টার আসবেন আমাকে দেখতে। নিবিড় পরিচর্যায় আছি, আমারই হাসপাতালে। জীবন-মৃত্যুর মাঝখানে বারো দিন ধরে লড়ছি।
বারো দিন! কি বিচিত্র আমার মস্তিষ্কের রসবোধ–তা হলে দুর্ভাগ্যের তেরো সংখ্যার দিনেই কি টসকে যাবো আমি? আমি হাসলাম, কিংবা বলা যায় আমার মস্তিষ্কের প্রাণময় অংশ হেসে উঠল। আমি তো জানি, যখন মরে যাব মাটিতে মিশে যাব, সব ফুরিয়ে যাবে। ব্যস। এর বাইরে মনের ওপর চেপে বসা আর সব ফালতু সংস্কার ভেসে যাবে ভাগাড়ে।
মস্তিষ্কের প্রবল প্রাণময় অংশ দীর্ঘশ্বাস ফেলে। প্লাটিনাম জন্মজয়ন্তী পার করেছি, আরও শত বছর পার করলেও জীবনতৃষ্ণা কমবে না, বরং বাড়বে, আরও বাড়বে।
শুধু ধাক্কা লাগে, প্রবল ধাক্কা লাগে যখন বুঝি এই আমি নিজেকে আর কোনওদিন অনুভব করতে পারবো না। একদিন দেখলাম–দার্শনিকের মতো দারুন একটি উপলব্ধিতে নিজেকেই নিজে চমকে দিয়েছি। একা একা আমি লাশের হিমঘরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, ১৯৩৮ সালের আগে এই 'আমি' বলে কেউ এ জগতে ছিল না। এখন 'আমি' নিজেকে ঠিক আলাদা সত্তার মতো অনুভব করতে পারছি। তা হলে কোথায় ছিলাম আমি? যত পুরনো আর সাধারণ জিজ্ঞাসাই হোক, ভাবনাটা আমার মাথায় এসেছিল স্বতঃস্ফূর্তভাবে। তাই মাথার ভেতরটা তোলপাড় হয়ে গিয়েছিল, যখন ভাবছিলাম একদিন এই ধরনের কোনও হিমঘরের একটি ট্রেতে আমার নিষ্প্রাণ শরীরও সাময়িক সময়ের জন্য আশ্রয় নেবে। তার মানে 'আমি' একসময় শূন্য হয়ে যাবো। ১৯৩৮-এর আগে যদি কোথাও না থাকত আমার সত্তা, অর্থাৎ এই 'আমি'–তা হলে এলাম কোথা থেকে? মহাকালের কাছে আমার সত্তা, আমার উপস্থিতি কী দুঃসহ সামান্য। অথচ নিজেকে আমি অনুভব করতে পারছি পরিপূর্ণভাবেই। তারপর বুঝতে পারি–এই বিশ্বজগৎ আসলে কিছুই নয়। সব মিথ্যা। একমাত্র সত্য 'আমি'। কেননা, আমার কাছে 'আমি'ই বিশ্ব। আমার অস্তিত্বেই বিশ্বজগৎ অস্তিত্বময়। আমি না থাকলে এই সবই মূল্যহীন।
লাশের হিমঘরে ঢুকতে ঢুকতে দরজার চৌকাঠে অন্যমনষ্কায় আমি হোঁচট খেলাম। হোঁচট মনেও লাগল, যখন মনে হলো, প্রতিটি প্রাণীই তো এক একটি 'আমি'সত্তাময়।
বয়স পঞ্চাশের পর ব্যবসা নিয়ে নেশাগ্রস্তের মতো ব্যস্ত হয়ে পড়লে প্রায়ই মনে হতো, কী করছি আমি? কালকের জন্য কিছু ডেভেলপমেন্টের অপেক্ষায় আছি? এর মানে কি? মৃত্যুদিনের সঙ্গে একটা দিনের ব্যবধান কমাচ্ছি অন্যমনস্কতার ছলে? এসব কি মৃত্যুদিনের কাছে পৌঁছানোর মনভোলানো খেলা? নাকি জন্মের পর মৃত্যুর কোনও স্বাদ পাইনি বলে ওটাকে ভ্রূক্ষেপই করি না? অথচ আমার হাতের তলেই কত মৃত্যুমিছিল নীরবে হিমঘরে গিয়ে আশ্রয় নিয়েছে।
এরপর একলা হলেই ভাবতাম, নিজের কাছে কি এ বিশ্বজগৎ শুধুই আমার জীবদ্দশার সময়টুকু? তারপর সিদ্ধান্তে পৌঁছাই–মহাকালের অতীতে যাই ঘটুক, ধ্বংস কিংবা সৃষ্টিময় কিছু, আমার কাছে তা শুধু রূপকথার মতো মনোমুগ্ধকর কাহিনি মাত্র। আর কিছু নয়। ভবিষ্যতটিও ঠিক তাই। এবং কী আশ্চর্য, নিজের আমিত্বের বিচার থেকে বুঝি, প্রত্যেকেই নিজের কাছে কী ভীষণ গুরুত্বপূর্ণ। আমার গাড়ির ড্রাইভার থেকে প্রাগৈতিহাসিকের ভিখারি পর্যন্ত। এমনকি একটি আরশোলাও।
আরশোলা! আহা রে। দুটো আরশোলা বেসিনের ওপরের উচ্ছিষ্ট খেতে খেতে প্রেম করছিল। আমি তাদের গায়ের ওপর ঢেলে দিচ্ছি গরম ভাতের ফ্যান। কিংবা বেসিনের কলের জল ছেড়ে দিয়েছি, তলার আরশোলাটি বার বার হেঁচড়ে-পিছড়ে ওঠার চেষ্টা করছে ওপরে। আমি ডুবিয়ে মারছি। … এবং এভাবে হয়তো অনেক মারতাম, হঠাৎ একবার ডুবিয়ে মারার সময় মনে হলো, জলের তোড়ে দম আটকে যাওয়া আরশোলাটি আসলে আমি নিজেই। মামাবাড়ির পুকুরে ছয় বছর বয়সে সাঁতার শিখতে গিয়ে ডুবে গিয়েছিলাম। ওই প্রথম মৃত্যুকে দেখেছিলাম খুব কাছ থেকে। বাতাসের জন্য বুক-ফেটে-যাওয়া কষ্ট, আর তা থেকে বাঁচতে ঢকঢক করে জল খাওয়া! আহা! আমি আরশোলা দুটিকে উদ্ধার করি। খুব ক্লান্ত আর বিধ্বস্ত ছিল ওরা, ঠিক আমার মতো। যেন নিজে এই মাত্র বেঁচে ফিরলাম, বাঁচার আনন্দে আমি কয়েক ফোঁটা কেঁদে নিই। আমার মতোই ওদের সবারও তো রয়েছে নিজ নিজ পরিমণ্ডলে বিশেষ সত্তা। কিংবা ধরা যাক জীবাণুদের কথা। ধরা যাক গুটি বসন্তের জীবাণু! আহা, ওদেরও তো একটি বিশেষ জগৎ ছিল। অথচ আমরা নিশ্চিহ্ন করে ফেললাম? এমনটি ভাবলে মাথা এলোমেলো লাগে। আমি মরার সঙ্গে সঙ্গে কোটি কোটি জীবাণু মহানন্দে আমার শরীর খেতে শুরু করবে। দেরি করলেই ডিকম্পজিশনের দুঃসহ পচা গন্ধ বের হবে। আহা রে। কী যত্নের, কী বিলিয়ন টাকার শরীর আমার।
আমার বয়সী বেশিরভাগ আসন্ন অশীতিপর মানুষগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য আছে–সবাই বুক চেরা দীর্ঘশ্বাস ছাড়ে সুন্দরী যুবতীদের জন্য। মৃত্যুর পর সুন্দরী মেয়েদের হরিণ চাউনি আর শরীরী স্পর্শ পাওয়া যাবে না–এমন আকাশ-ভেঙে-পড়া কষ্টটা মেনে নিতে পারে না কেউ। আমি মনে মনে তারিফ করতাম জীবপ্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রকৃতির এমন মোক্ষম মাদক-থেরাপিকে। চাকরি জীবনের প্রথম দিকের একটা ঘটনা মনে পড়ে। এক রূপবতী মডেল-কন্যা, আমার খুব প্রিয়ভাজন, হঠাৎ আত্মহত্যা করে। লাশ দাফনও হয়। তারপর সন্দেহ করা হয়, বিষপ্রয়োগে মারা হয়েছে। যথারীতি বাইশ দিনের পচাগলা লাশ তোলা হয়। রূপবতীর বাবার বন্ধু হিসেবে তার সঙ্গে পাশে দাঁড়িয়ে লাশ তোলা দেখি আমি। পচালাশের অতি বীভৎস দুর্গন্ধে মস্তিষ্কের ঘ্রাণেন্দ্রিয়র কোষকলা পাগল হয়ে ওঠে। বাতাসে যেন উগরে দেওয়া হয় লাখ লাখ নোংরা ডাস্টবিন। সেই লাশের ভিসেরা পরীক্ষার সময়ও পাশে থেকে দীর্ঘশ্বাস ফেলে ভাবছিলাম, যার দেহের কলাকারুকাজ পুরুষের হৃদস্পন্দন বাড়িয়ে দিত খুব, তার সেই দেহ আজ কোটি জীবাণুর অভয়ারণ্য, ভোজনালয়।
একবার ব্রিটেন সফরের সময় খবরের কাগজে পড়া একটি ঘটনা আমার মনে খুব দাগ কাটে। এক মধ্যবয়সী নারীর হঠাৎ হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে অনেক চেষ্টার পরও তার হৃৎপিণ্ড সচল রাখা সম্ভব হয় না। নারীটির মৃতদেহ ঢোকানো হয় হাসপাতালটির মরচুয়ারিতে। ঘণ্টা পার হওয়ার আগেই হঠাৎ দেখা যায় তিনি নড়াচড়া করছেন! এমন ঘটনা পড়ার পর থেকে প্রায়ই আমি নিজের হাসপাতালের মরচুয়ারির ভেতরে মাঝে মধ্যে একা একা হেঁটে বেড়াতাম। নতুন রাখা লাশগুলোর ট্রে টেনে টেনে দেখতাম কোনও কিছু নড়াচড়া করে কিনা। জানি করবে না। তবু কাজটা বাতিকের মতো হয়ে যায়। লাশের হিমঘরের দায়িত্বে থাকা মকবুল খুব অবাক হতো আমার এমন কাণ্ডে। কেমন সরীসৃপের মতো চাউনি ছিল মকবুলের। খুব ভয়ে ভয়ে একদিন ও জানতে চায়, কী দেখি আমি ট্রে টেনে টেনে? লণ্ডনের গল্পটা বলি ওকে। এর কয়েকদিন পর মকবুল বলে, 'স্যার, আপনার মতো আমিও মাঝে মাঝে ট্রে টাইনে দেখি। সেদিন মনে হলো নয় নম্বর ট্রের লাশটা নড়ে উঠল। আমি ভয়ে দৌড় দিই। পরে আইসে দেখি ঠাণ্ডা বরফ শরীর। নড়াচড়া নাই।'
শুনে আমি ভ্রু কুঁচকে তাকাই মকবুলের দিকে। একদিন স্বপ্নে দেখি মরচুয়ারির কোথাও খচখচ শব্দ হচ্ছে। যেন একপাল ইঁদুর তাদের ধাঁরালো দাঁত দিয়ে কাটছে কিছু। মরচুয়ারির পেছনের দিকে নেগেটিভ তাপমাত্রায় লাশ জমানো থাকে। সেসব চেম্বারের তাপমাত্রা খুবই শীতল। পেছনে এসে দেখি মকবুল সেসব চেম্বার থেকে লাশ নামিয়ে গভীর মনোযোগে কিছু একটা করছে। কি করছে? বুঝতে পেরে হিমঘরে আমার শরীরও যেন হিম হয়ে যায়। মাইনাস দশ ডিগ্রিতে জমে যাওয়া পুরনো লাশের শরীর ইলেকট্রিক করাত দিয়ে কেটে কেটে আলাদা করছে মকবুল! তারপর ভরে রাখছে পজেটিভ ডিগ্রির চেম্বারে, যেখানে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি। সেখানে লাশের ডিকম্পোজিশন ঘটে বেশ ধীরগতিতে। পরের দৃশ্যটা অতি বীভৎস। কিছুটা ডিকম্পোজিট হওয়া একটি লাশের মাংস খুবলে খাচ্ছে মকবুল। সেসময় হঠাৎ আমাকে দেখতে পেয়ে কেমন চুপসে যায় সে। আমি ভাবলাম, 'স্যার' বলে হয়তো হাউমাউ করে আমার পা জড়িয়ে ধরে মাফ চাইবে। কিন্তু এ যেন মকবুল না। সরীসৃপের শীতল দৃষ্টিতে তাকায় আমার দিকে, যেন সম্মোহিত করতে চায়। আমি পাগলের মতো দৌড় দিই। মকবুল পিছু নেয়। আমি দৌড়াচ্ছি আমার শৈশবের ছোট্ট শহরের লাশকাটা ঘরের পাশ দিয়ে। স্বপ্নের কোনও আগা-মাথা নেই। তারপর কোথায় এলাম? যেন নবকুমারের কোনও বিজন জায়গা, ভুতুড়ে নির্জন…।
এরপর থেকে মকবুলকে দেখলে কেমন ভয় লাগতো। যেন সে জানতো আমার স্বপ্নের কথা। যেন সে বুঝতে পারতো আমি চিনে ফেলেছি তাকে। ভেবেছি চাকরি থেকে ছাড়িয়ে দেবো। দুই মিনিটের মামলা। কিন্তু বিবেকে বাঁধতো। বেচারা পুরুষ হিসেবে উর্বর, ঘরে আটটা ছেলে মেয়ে। অথচ খুব সামান্য আয়। তা ছাড়া ওকে গলাধাক্কা দিলে তো আমি নিজের সংস্কারের কাছেই হেরে যাই। তাই কি হয়? যখন নিশ্চিত জানি উষ্ণ বায়ুচড়া মাথায় ভর করতে পারে জগতের যত উদ্ভট ঘটনা, তখন মকবুলের আর দোষ কীসের?
হঠাৎ একবার আমি চোখ খুলতে পারি খুব সামান্য। হয়তো মকবুলকে নিয়ে নানা কিছু ভাবছিলাম, দেখি, আমার সামনে মকবুল দাঁড়িয়ে। তারপরই খেয়াল করলাম, মকবুল না, গৌরাঙ্গ। আমার ড্রাইভার। চোখের মণি ঘুরিয়ে দেখি আমার স্ত্রী দীপশিখা পাশে বসে কাঁদছে।
গৌরাঙ্গ বুঝতে পারে আমার চোখের নড়াচড়া, অস্থির হয়ে বলে, 'ম্যাডাম ম্যাডাম, স্যার চোখ খুলছে!'
দীপশিখা আমার দিকে তড়িৎগতিতে ঝুঁকে আসে। আঁতিপাতি করে খোঁজে আমার চোখের মণি। আমি হাসতে চেষ্টা করি। কিন্তু কিছুই করতে পারি না। আবার অন্ধকার নেমে আসে। ধোঁয়াটে নয়, গাঢ় অন্ধকার।
এরপর যখন তাকাই তখন আমি সেই অতল অন্ধকারেই। যেন জমে যাচ্ছি হিম ঠাণ্ডায়। হঠাৎ-ই মাথার পেছন দিক থেকে আমার মুখের সামনে ঝুঁকে আসে একটি অস্পষ্ট মুখ। সে মুখ নানাভাবে দেখতে চেষ্টা করছে আমাকে। কে? হঠাৎ চিনতে পারলাম–মকবুল! এত শীত করছে কেন? কোথায় আমি? তখনই কীভাবে যেন এক বিবশ অনুভূতি হলো–আমি কি লাশঘরের ট্রেতে? নানাভাবে উঁকিঝুঁকি দিচ্ছে সেই অস্পষ্ট মুখ। আমি ডাকতে চেষ্টা করি, 'মকবুল?'
আমার গলা দিয়ে কি কোনও স্বর বের হলো? বুঝতে পারি না। শুধু বুঝতে পারি, অস্পষ্ট মুখ, সম্ভবত মকবুল, আরও ঝুঁকে আমার চোখের মণির প্রতিক্রিয়া দেখতে চায়। আমি মণি নড়াতে চেষ্টা করি। আবার ডাকতে চেষ্টা করি, 'মকবুল?'
মকবুল ফিসফিস করে ডাকে, 'স্যার?' যেন মহাজাগতিক দূরত্ব থেকে ভেসে এল মকবুলের গলা। আমি প্রাণপণে চোখের মণি নড়াতে চেষ্টা করি। আর তখনই কি বুঝলো মকবুল–'হায় খোদা' বলে এক দৌড়ে চলে গেল কোথায়।
