২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাহ্ণ সুসমিতোর দুটি অনুগল্প

aporanho_susmito

Published : 18 Feb 2014, 06:12 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

বাওয়ালী

প্রথম চুরি করি শ্যামনগরে আমার ছোটো ফুপুর বাড়ি । ফুপুদের বাড়ি মা আমাকে হরিণের মাংস দিয়ে পাঠালে সে রাতে ফুপুর বাড়ি চুরি করি । বেশি কিছু না, ফুপার ঘড়ি আর তার কুর্তার পকেটে থেকে শ'তিনেক টাকার মতো ।
চুরির আনন্দটা যৌবন জ্বালার মতো টকটক করে বাড়তে থাকে । ভয়, লোভ, নিষিদ্ধ এই শিহরণে আমার দিনরাত কাটে । তার উপর বাবাকে বাঘে খেয়ে ফেললে আমাদের সংসারে অভাব গল্কি নৌকার মতো দুলে দুলে বাড়তে থাকে ।
রূপসা নদীর পাড়ে সন্ধ্যা নামলেই যেন যৌবন রাত । লোকজন ঘর থেকে বেরোয় না সহজে । সুন্দরবন বলে মানুষ খেকো বাঘের ভয় আছে । আমাদের গ্রামে বাঘ নিয়ে হরেক পদের গল্প ভাতের ধোঁয়ার মতো উড়ে বেড়ায় । নাইট স্কুলে আমাকে ভর্তি করানো হয়েছিল । পড়ালেখায় আমার মন কোনোকালেই ছিল না ।
একটা বোবা রাগ আছে আমার সারাক্ষণ । রাগটা খুব কিলবিল করে । রাগটা মাথা থেকে শুরু হয়ে সমস্ত গতরে কিলুবিলু করে । বোবা রাগ গোঙাতে শুরু হয় । তখন ট্রলারে করে শরণখোলা চলে যাই । ওখানে ঝুমুর আছে । সারাক্ষণ পান খেয়ে ঠোঁট লাল করে থাকে । নাচ জানে । আমি গেলে ঝুমুর আর কোনো কাস্টমার নেবে না । অন্য কাস্টমার দেখলে আমার গোঙানী রূপসার ঢেউয়ের লাহান দোল খায়,ঝুমুর জানে সেটা ।
বাবা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতো । রেয়ান্দা গ্রামে সবাই এক নামে চেনে । নূরালী বাওয়ালী । সাতক্ষীরায় আমার দাদার বাড়ি । কিন্তু দাদা মারা গেলে বাবাকে চাচারা কোনো জায়গা সম্পত্তি দেয়নি । বিপদ দেখে বাবা এই রেয়ান্দাতে এসে আশ্রয় নেয় । আমি তখন মায়ের পেটে ।
গ্রামের কাউকে বাঘে খেয়ে ফেললে পুরো পরিবারকে পথে নেমে যেতে হয়,সবচেয়ে কঠিন বিষয় হলো স্বামীকে বাঘে খেলে বউকে অপয়া ঘোষনা করে সমাজ । এক ঘরে করে দেয়া হয় । বাণের পানির লাহান অভাব আয় আয় তৈ তৈ করে গোলপাতার ঘরে ঢোকে ।
আমার মা সারাদিন আহাজারী করে । খেতে পাই না । আমাকে সারাদিন খিস্তি গালিগালাজ করে । অভাব সুনসান হরতাল টাইপ আমাদের একলা ঘরে ফোঁড়ার মতো জেগে থাকে । শালার ব্যাথা আছে, পুঁজ নেই । শেষমেষ মা শরণখোলায় এক ঠিকাদারের বাড়ি কাজ নেয় । ফুটফরমাস খাটার । বছরখানেক এরকম চলতে থাকে । একদিন অনেক রাতে মায়ের মরণ চিৎকারে ঘুম ভেঙ্গে গেলে দেখি মা উঠানে রক্ত বমি করছে । লোকজন আসার আগেই মা'র জীবন আউট । মরে ঠুস ।
লোকজন বলছিল শরনখোলায় ঠিকাদারের বাড়ি কাজ করতে করতে গর্ভবতী হয় মা । সংসারে নতুন অতিথি আসবে বাবা ছাড়া, মা এটা মেনে নিতে পারছিল না । গর্ভ খালাস করার জন্য কোন এক কবিরাজের কাছ থেকে কি এক ঔষধ খেয়ে এই রক্তবমি । তারপর আর কি ? খোদা হাফেজ শরণখোলা, খোদা হাফেজ রায়েন্দা, খোদা হাফেজ সুন্দরবন ।
চুরি করতে তখনই শিখে যাই । রোজগার খারাপ না । চুরি করি আর ঝুমুরের সাথে রসের সেলাই কল খেলি । ঝুমুরকে এনজিও এর এক আপা কনডম দিয়ে যেতো । আমাকে ঝুমুর ওসব ব্যবহার করতে বললে আমি হেসে দিতাম । বলতাম ;
গোসল করব রেইনকোট পরে ? পারব না রে রসের বাইদানী । আরেকদিন রাবার পরবানি,আজ না ।
দিন খারাপ যায় না । এর মধ্যে একদল ডাকাতের সাথে খাতির হয়ে যায় । ওরা সুন্দরবনের ভিতর ট্রলার নৌকা ইত্যাদিতে ডাকাতি করে । মাঝে মধ্যে ডাকাতি শেষে লোকজনকে রামদা দিয়ে কেটে টুকরো করে নদীতে ভাসিয়ে দেয় । আমাকে ওদের পছন্দ হয়ে যায় ।
আজকে আমার ডাকাতি করবার পয়লা দিন । খাকি রঙের প্যান্ট, পায়ে কেডস, মুখে মৌমাছি থেকে বাঁচার জন্য জালি জালি মুখোশ,গলায় মাফলার.. শরীরে কয়েক জায়গায় তারপিন তেল মেখে ছোট্ট খালটার পাশে বসে আছি ..মশা চারপাশে ভনভন করছে ..দূরে নানা রকমের ডাক..
আমার বাম হাতে শক্তি বেশি বলে শক্ত করে ধরে রেখেছি ইয়াব্বড় এক রামদা । আহ শিহরণ লাগছে..
খবর আছে যে আজ এই পথে কয়েকজন বিদেশী যাবে । ডলার মালদার পার্টি । অপেক্ষায় আছি আমাদের দল । বর্ষার কইয়ের মতো খলবলে জোয়ার নদীতে, শরীরে..
আহ ঝুমুর তুমি কোন হানি ?
অন্ধকার নামতে থাকে দোয়াতের কালির মতো কুচকুচে । ঝুমুর গাঙের ঢেউয়ের লাহান আমার সামনে খুলে ফেলতে থাকে সব..ওরে ঝুমুর রে আয় ডুবে যাই যমুনা..হুমহুম করে ওঠে অভ্যস্ত গতর..
আহ !

গোয়ালন্দ

ওরে আমার মন গোয়ালা দিন দুবেলা
দুধ যোগাবি
দুধ রেখো না আলগা করে হিংসা বিড়াল
সদাই ঘোরে ..

টিনের খুপড়ি থেকে দরাজ কন্ঠ ভেসে আসে । কে গান গায়, কে ? আমি জানালার শিক ধরে দাঁড়াই । মাথা উঁচু করে দেখি সামনের দোকানে কাজ করে সদরুদ্দিন ভাই, শিরিষ গাছের নিচে পা ছড়িয়ে চোখ বন্ধ করে গান করছে । সদরুদ্দিন ভাইকে নিয়ে সবাই হাসাহাসি করে । কারন পুরুষ মানুষ, রাগ নাই চ্যাতব্যাত নাই । খালি হাসে । একটু সুযোগ পেলেই গান ধরে । হনুফা খালা তার পান খাওয়া কুচকুচ দাঁত বের করে বলে;
: সদরুদ্দিনের লিঙ্গ নাই ।

শুনে সব মেয়েদের কী হাসি । আমার বুকটা ধ্বক করে ওঠে ।

শেষ রাতে সবাই ঘুমায়, দূরে নিশিপক্ষী ডাকে । আমার ইচ্ছা করে পারিন্দা হয়ে সদরুদ্দিন ভাইকে নিয়ে কামরুখকামাক্ষা দেশে চলে যাই । ও গান করবে, আমি ঘুঙুর পরে নাচব ।

ও ও ও
বাচপানই গি তানগেলি
ছোটি ছোটি মিঠে চোরি ঘাটেসে বান্ধে

আমার চোখ ভিজে যায় । সকাল এসে জানালায় কড়া নাড়ে চড়ুই এর কোমল ঠোঁটে । পাখির ঠোঁট আমার খুব প্রিয়, পাখির চোখও । দেখে মনে হয় কী সুন্দর কাজল দিয়েছে চোখে ।
আমি কান্না মুছে চোখে কাজল দেই পাখির আদলে ।

গোয়ালন্দ ফেরিঘাটের কাছেই আমাদের পাড়া । লোকজন লুঙ্গিটা তেরসা করে ধরে, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে মাগীপাড়া ।

সন্ধ্যা নামতে লোকজন ভুরভুর মদ খেয়ে জর্দা পান খেতে খেতে আসে..আমরা খুপড়ির সামনে এসে দাঁড়াই । আমার চোখে পাখির কোমল কাজল, ঠোঁটে নিঃস্বার্থ ভালোবাসা লিপস্টিক ।
ভদ্দরনোকরা ইঁদুরের মতো চোখ করে আমাদের দেখে, কখনো মুখের দিকে তাকায় না, বুকের দিকে তাকায়, গতরের দিকে তাকিয়ে মাপজোক করে । কেউ কেউ ওখানে ফস করে হাত দেয় ।

আমার সাথের বিলকিস ফিক করে হেসে দেয় । আজ বিলকিস খুব হাসছে ।

সদরুদ্দিন ভাই পরশু বিকেলে আমাকে যা বলেছে শুনে তো আমার হার্টফেল হবার দশা । হনুফা খালা নাকি বিলকিসকে গরু মোটা তাজা করার ইনজেকশন দিয়েছে । বিলকিসটা খুব রোগা দুর্বল, কাস্টমাররা ওকে নেয় না ।

আমার বিলকিসকে দেখে ভয় লাগে । মেয়েটা এত হাসছে কেন ?

এক হুজুর আমার সামনে এসে দাঁড়ায় ।
: এই মাগী বসবি ?
: মাগী ডাকেন কেন ? আমার নাম রুমঝুম ।
: চুপ । আমরা ২ জন । কতো নিবি ?

গোয়ালন্দ ঘাটে তিরবির করে ইলিশের চালান চলে যায় দূরদূরান্তের উদ্দেশ্যে । রাত নামে বাবু বাবু করে । ধুলো উড়িয়ে ট্রাকগুলো থামে ফেরীর জন্য । আমাদের কাস্টমার বাড়ে । সদরুদ্দিন ভাই আমার হাতে কতোগুলো কনডম গুঁজে দেয় । হাসে শুধু । কী মায়া ..

হুজুর ও তার সঙ্গী আমাকে নিয়ে উৎসবে নামে । দাঁত কামড়ে থাকি ..চোখে ভাসতে থাকে…টের পাই আমি পারিন্দা হয়ে উড়তে থাকি, চোখের কাজল ভিজে যাচ্ছে ..সদরুদ্দিন ভাই আমার হাত ধরে বলে ;

: শুধু আজকের রাত । কাল আমরা নতুন দেশে যাব ।

আচানক গগনবিদারী চিৎকার ভেসে আসে নিচ তলা থেকে । পুরো পাড়া হৈচৈ । শোরগোল । মেয়েরা ভয়ে দৌঁড়াচ্ছে ..

সদরুদ্দিন ভাইয়ের হাসি হাসি মুখ কিন্তু সমস্ত শরীরে লাল রক্তের পিচকারী । বাম হাতে কি ছুরি ? উপর থেকে আমি বুঝতে পারি না স্পষ্ট ..হনুফা খালার গলাটা দুই ভাগ হয়ে পড়ে আছে সদরুদ্দিন ভাইয়ের পাশে..

আহ রক্তে ভেসে যাচ্ছে গোয়ালন্দ ..

রাতের ইলিশ রাতেই চলে যাচ্ছে দূরের বন্দরে । চাঁদের আলোতে ইলিশগুলো কী সুন্দর চকচক করছে গো..