২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতার রং-তুলি

monish_roy

Published : 14 Feb 2014, 12:07 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

অদ্ভুত কিসিমের পোশাক পরে মেলায় ঘুরে বেড়াচ্ছে লোকটি।
পরনে ছাপ্পা মারা জোড়াতালির এক আলখেল্লা। চুলে ঝুঁটি বাধা। মাথায় নেপালী টুপি। চোখে পাওয়ারের চশমা ।
লোকটির দিকে তেরছা করে এক পলক তাকিয়ে তন্দ্রা অরূ-তরূর প্রতি মনোযোগ দেয়।
এই দুজনকে নিয়ে কোথাও বের হবার অর্থ হচ্ছে সারাক্ষণ ওদেরই পিছু নিজেকে লগ্নী করে রাখা।
'এ্যাই অরূ, ডানদিকে যাবি না। খবর্দার। গর্ত আছে। ' কথা শেষ না করতেই 'তরূ, এভাবে ছুটবি না। হোঁচট খাবি বাবা। আমার কাছে চলে আয় বলছি। আয় । ' বলে চেঁচাতে হয়।
ওদের বাবা ছেলে দুটোকে ওর ঘাড়ে চাপিয়ে উধাও। ঠিকই মফস্বল-মেলার মজা লুটতে ব্যস্ত। অথচ চারপাশে নিজের খেয়ালে একটুখানি হাঁটবার পর্যন্ত সময় নেই ওর। কিঞ্চিৎ বেখেয়াল হলে মারাত্মক কোনো দুর্ঘটনা হয়তো ঘটে যেতে পারে । এই ভাবনায় তন্দ্রা সারাক্ষণ সিঁটিয়ে থাকে, মেলায় এসে মজা করবে কই ?
মেলাটা বছরে একবার খুব ঘটা করে এই এলাকায় হয়ে থাকে। এখানকার মানুষ সারাবছর এর জন্যে অপেক্ষা করে বসে থাকে। একটা মহোৎসবের সাড়া পড়ে যায় এ উপলক্ষ্যে।
এলাকার লোকজন যেমন থাকে , বড়ো বড়ো শহর থেকেও এখানে লোকের সমাগম হয়। সাতদিন ধরে গান -বাজনা ,
যাত্রা-পালা , কবিতা আবৃত্তির অনুষ্ঠান মেলাটিকে উষ্ণ করে রাখে। এখানকার অলস দুপুর আর ঘুম-ঘুম রাতগুলো তখন লাফিয়ে লাফিয়ে চলে ।
তন্দ্রা ঢাকার মেয়ে। পড়াশুনো করেছে সেখানে। এখানে স্বামীর চাকুরি সূত্রে বসবাস। ঢাকায় থাকতে ওর একটা নাটকের দল ছিল। মফস্বলে আসবার পর ওগুলো সব গেছে। এখন দু-একটা এসএমএস ছাড়া আর তেমন কোনো যোগাযোগ নেই কারো সাথে। অরূ-তরূ এমনভাবে ওকে বেধে ফেলেছে যে ওর নিঃশ্বাস ফেলবার জো নেই।
এখন ওর যা কিছু আনন্দ -উল্লাস আর ভাল লাগা তা স্বরচিত এই সংসারটির চার দেয়ালের ঘেরাটোপের ভেতর আবদ্ধ। ইলিয়াসের মেজাজ-মর্জিটাই এখানে বড়ো কথা। ওর অফিসছুটি থাকা বা না থাকার উপর নির্ভর করে ওদের বিনোদন। কোথায় যাবে কখন যাবে কিভাবে যাবে সব এখন ইলিয়াসের হাতে।
অফিস থেকে বাসার ল্যান্ড ফোনে রিং করে ইলিয়াস,' হ্যালো জান?'
'বল।' ওর হাতে হলুদের দাগ। মাছ সাঁতলাচ্ছিল, ওমনি সময় ওর ফোন।
'আজ মেলায় যাব। আগেভাগে অরূ-তরূকে খাওয়ায়া ঘুম পাড়াইয়া নিবা। ওখানে যেন ডিসটার্ব না করে। ওকে?'
'ঠিকাছে।' বাধ্য মেয়ের মতো ইলিয়াসকে মেনে নেয় তন্দ্রা।
'আর শোন, গত ঈদে যে নীল শাড়িটা কিনে দিয়েছিলাম ওটা পরবা। '
'লাল-হলুদ কিছু পরি? ফাল্গুণ মাস তো। ' নরোম করে জিজ্ঞাসা করে সে।
'ধ্যাৎ। ' পাত্তাই দেয় না স্ত্রীকে,' আর রং মিলাইয়া ফ্যাশন জুয়েলারী পরবা। দেখো, আবার স্বর্ণের গহনা গায়ে চড়াবা না। তোমার বাপের বাড়িতে তো সব আবার ওসবের চল। এনিওয়ে , বাই। চারটার ভেতর আসছি। রেডি থাকবা। '
তন্দ্রা প্রথমে খানিকটা মনমরা হয়ে থাকে। বিয়ের আগেকার স্বাধীন জীবন যাপনের কথা ভেবে একটুক্ষণের জন্য আনমনা-উদাসীন হয়ে পড়লেও পরক্ষণে এই ভেবে প্রশান্তি খুঁজে নেয় যে এটুকু আনন্দই বা কে কাকে দেয়!
কিন্তু চেটেপুটে আনন্দ উপভোগের প্রবল আকাক্সক্ষা নিয়ে এখানে এলেও শেষপর্যন্ত তা আর হয়ে ওঠে না। চারপাশে
একটুখানি চোখ দেবার সময়টুকু পর্যন্ত ওর কাছ থেকে কেড়ে নেয় এই মিষ্টি দস্যু দুটো!
তবু লোকটির উপর ফের চোখ পড়ে যায় তন্দ্রার। খুব চেনা-চেনা লাগছে এই অদ্ভুত দর্শন মানুষটিকে। ঢাকায় কি কখনো দেখা হয়েছে?
এরকম ভাবনা-চিন্তার মাঝখানে আচমকা লোকটি এসে ওর ঠিক সামনে দাঁড়িয়ে পড়ল। এমনভাবে মুখভঙ্গি করতে লাগল যে মনে হচ্ছে অনেকদিনের পরিচিত। তন্দ্রা কিছু না বুঝে স্বামী ইলিয়াসকে খুঁজতে লাগল। কিন্তু ইলিয়াস তখন পুরনো ইয়ার-বন্ধুদের নিয়ে বড্ড বেশি মশগুল। নিজের স্ত্রীর দিকে তাকাবার সময় কই ?
'আচ্ছা, আমি কি আপনাকে চিনি ? ঢাকায় কখনো দেখা হয়েছে?' কন্ঠস্বরটি পাতলা কিন্তু মিষ্টি। কিশোরদের মতো।
তন্দ্রা ঠিক কী উত্তর দেবে বুঝতে পারে না। সরলভাবে বলে দেবে, আমারও মনে হচ্ছে আপনার সাথে কোথায় যেন দেখা হয়েছে , এরকম কিছু একটা?
ধ্যাৎ, এভাবে বলা যায় নাকি একজন অপরিচিত মানুষকে?
তন্দ্রা ওর গেঁজ দাঁত বের করা মিষ্টি হাসিটা দিয়ে উত্তর দিল,' বুঝতে পারছি না।'
লোকটি পাওয়ারের চশমার ফাঁক দিয়ে ওর দিকে তীব্রভাবে তাকাল। হাসল। উত্তর দিল বিনীত ভঙ্গিতে,' সরি। কেন যেন মনে হচ্ছিল আপনি আমার খুব চেনা। '
'না না। ঠিকাছে। আমি বুঝতে পারছি। ' বলে ও হাসবার চেষ্টা করল। একই সঙ্গে তন্দ্রা যে কোনোকালে বাংলাসাহিত্যের ছাত্রী ছিল তা ওর ব্যক্তিত্বপূর্ণ মিষ্টি সৌজন্যবোধ আর নরেণ স্যরের কাছে শেখা শুদ্ধ বাংলা উচ্চারণ দিয়ে লোকটিকে বোঝাতে চাইল।
'আসলে ভুলটা আমারই। এখানে আসবার পর থেকে সবকিছু আপন মনে হচ্ছে। পাখীগুলো , বৃক্ষগুলো, এমনকি আকাশটাও। সরি ম্যাম।' লোকটা মাথা থেকে নেপালী টুপিটা খুলে সম্মান দেখাল তন্দ্রাকে।
লোকটিকে দূর থেকে যতটা হ্যাংলা মনে হয়েছিল, কাছে এসে কথা বলবার পর সেরকম আর মনে হল না। বরং লোকটির বুদ্ধিদীপ্ত প্রগাঢ় চোখ , চওড়া কপাল , ঘন লম্বা চুল আর মিহি আচরণের ঘটা দেখে বেশ ভদ্রলোক বলেই মনে হল। মফস্বলে যা হয়, পান খাওয়া রক্তাক্ত মুখে ভাবী সম্বোধন করে অশ্লীল হাসি হাসবার চেয়ে ঢের স্বস্তিকর চেহারা লোকটির।
কৌতূহলী দৃষ্টি লোকটির উপর ফেলে তন্দ্রা আমতা আমতা করে বলল,'আপনি?'
'আমি শাদাব রশীদ। কবিতা চর্চা করে থাকি। এখানে আজ আমি কবিতা পড়ব। ডিসটার্ব করলাম। সরি। ' বলে লোকটি চলে গেল।
তন্দ্রার মনে লোকটির চলে যাওয়ার একটা রেশ রয়ে গেল। সে কি চেনে এই কবিকে?
মনে না করতে পারলেও লোকটি যে অন্যরকম জগতে বাস করা এক মানুষ তা সে সহজেই বুঝতে পারে। নাকের সামনে সুস্বাদু খাবার পেলে যেরকম হয় ওরও লোকটিকে ঘিরে সেরকম হচ্ছে।
তন্দ্রা অপরিচিত লোকটির কাছ থেকে মন সরিয়ে ফের অরূ-তরূর প্রতি মনোযোগী হয়ে ওঠে।

২.
মেলা থেকে ফেরার পর হঠাৎ ইলিয়াস বলল তন্দ্রাকে,' আমাদের বাসায় রাতে পাঁচ-ছজন খাবে। একটু ব্যবস্থা রেখো। প্লিজ, মেরে জান। '
লোকজনদের খাওয়ানোর ব্যাপারে ওর উৎসাহের কমতি ছিল না কোনোকালে। কিন্তু অরূ-তরূ বড় হবার পর ও আর এসব পারে না। বিরক্তি এসে যায়। মেজাজ খিঁচড়ে থাকে। খিঁচড়ানো মন-মেজাজ নিয়ে অতিথিদের সামনে হাসি-হাসি মুখে ' ভাবী, খেয়েছেন তো?' কিংবা ' হায় হায়, কিছুই যে নিলেন না ' বলে আদিখ্যেতা দেখানোর প্রক্রিয়াকে রীতিমতো বিরক্তিকর লাগে নিজের কাছে। সব জেনে বুঝেও ইলিয়াস এটা করতে পারল?
'কারা আসবে?' কন্ঠে উস্মা মিশিয়ে প্রশ্ন করে তন্দ্রা।
'মেলায় কবিতা পড়তে এসেছে কজন উঠতি কবি । ওরা খাবে। শাদাব রশীদও থাকবে। খুব পাওয়ারফুল কবি। ভার্সিটিতে আমার দু বছরের জুনিয়র। প্লিজ, একটু খাইয়ে দিও। তোমার যা রান্নার হাত। একবার খেলে শালারা বুঝতে পারবে। ' বলে হোঃ হোঃ করে হেসে ওঠে ইলিয়াস।
'আমাকে গ্যাস দিচ্ছ ?' চোখ তুলে ওর দিকে তাকায় তন্দ্রা ।
'প্লিজ, মেরে দিলরূবা! দরকার হলে একজন কাজের লোক বাড়িয়ে নিও। আমার অফিসের একজন পিয়নকে না হয় রেখে দেব। ' বলে ইলিয়াস বেরিয়ে পড়ল।
তন্দ্রা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল ড্রয়িংরুমের মাঝখানে। একজন মানুষকে খাওয়ানোও যে একটা বাড়তি ঝামেলা তা ইলিয়াস বুঝতে চায় না। অথচ কত রোমান্টিকভাবে রাতের বেলায় চার-পাঁজন অতিথিকে খাওয়ানোর দায় চাপিয়ে গেল ওর কাঁধে। ফ্রিজ ভরা মাছ-মাংশ থাকার অর্থ কি যখন তখন লোকজন ডেকে এনে খাওয়ানো? তাছাড়া, এই খাওয়াবার বিষয়টি সে একদিন আগেভাগে ওকে জানাতে পারত। তাতে তন্দ্রা অন্তত নিজেকে সেভাবে প্রস্তুত রাখবার একটা সুযোগ পেত !
সব মিলিয়ে ওর মনটা তেতো হতে থাকে। হাসতে রীতিমতো কষ্ট হচ্ছে ওর। অরূ-তরূকে দুবার চড়ও মারতে চেয়েছে ও।
তবু রাতের বেলায় সেজেগুঁজে ফিটফাট হয়ে খাওয়ার টেবিল আগলে বসে রইল তন্দ্রা।
ইলিয়াসের পরনে গরদের পাঞ্জাবী। মহাতৃপ্ত সুখী-সুখী চেহারা নিয়ে এঘর-ওঘর করতে থাকে এবং মাঝে মাঝে 'হ্যান্ডওয়াশটা এই বাথরুমে নেই কেন' কিংবা 'ওয়ার্মারগুলো বাঁকা কেন, জ্বলছে তো ঠিক মতো ' বলে বুয়া -অরডারলিদের ধমকাতে থাকে।
রাত নটার দিকে তরুণ কবির দল এসে উপস্থিত। এরা খুব একটা গুছানো লোকজন যে নয় তা তাদের বেঢপ চলাফেরা আর কথাবার্তায় স্পষ্ট।
একজন এসে সরাসরি তন্দ্রাকে সাষ্টাঙ্গে প্রণাম করল করিডোরে শুয়ে। একজন নবাবী কায়দায় আদাবর বলে নিজেকে প্রকাশ করল।
ইলিয়াস একজন সরকারী কর্মকর্তা। এটিকেট-ভদ্রতা এসব ব্যাপারে এক কাঠি এগিয়ে অন্যদের থেকে। তবু তন্দ্রা লক্ষ্য করল– সে এগুলো মোটেই মাইন্ড করছে না। বরং হেসে হেসে ওদের সাথে তাল মেলাতে থাকে।
এক ফাঁকে ওর কানে কানে ফিসফিস করে সে বলে উঠল ,' এরা কবি মানুষ। এরকমই। হৃদয় ওদের চালায়। খানিকটা মানিয়ে নাও সুইট হার্ট!'
তন্দ্রার এসব মিষ্টি কথা মোটেই ভাল লাগল না। ওর শরীর জুড়ে ক্লান্তি। ও যদি আগেভাগে ওদের আসবার কথা জানত তবে অরূ -তরূকে নিয়ে মেলায় যেত না। যত্তোসব।
ঠিক এসময় অদ্ভুত দর্শন সেই শাদাব রশীদ কানের কাছে মুখ নিয়ে সহসা ফিসফিস করে বলে উঠল', আপনাকে ভীষণ মিষ্টি লাগছে। প্রেমে পড়বার মতো। সত্যি।'
পাখির শীস দেবার মতো কথা কয়টি। বলেই লোকটি অন্যদিকে চলে গেল।
তন্দ্রার গা শিরশির করে উঠল। বহু আগের একটা পরিচতি অনুভূতি , যা কেবল ইলিয়াসের সাথেই বিনিময় হতো, তা টের পায় ওর বুকের তলায়।
সে মুখ তুলে শাদাব রশীদের দিকে আর তাকাতে পারে না। একধরনের আচ্ছন্নতাবোধ জড়তা হয়ে ওকে বেধে রাখল কিছুক্ষণ।
বেশ কতক্ষণ লাগল নিজেকে স্বাভাবিক করে নিতে। ফের হাসি-হাসি মুখে সবাইকে বলতে থাকে,'লজ্জা করে খাবেন না কিন্তু। মাছের ভূনাটা যে নেন নাই ভাইয়া ?'
শুধু শাদাব রশীদের সামনে এসে ও থমকে দাঁড়ায়। সরাসরি ওর দিকে তাকাবার কথা ওর। কিন্তু অজানা এক কারণে তন্দ্রা সোজাসুজি চোখ রাখতে পারছে না লোকটির চোখে। অগত্যা পাশে বসা ইলিয়াসের দিকে তাকিয়ে পরোক্ষভাবে শাদাবকে বলে উঠল,' পি¬জ ভাল করে খাবেন। লজ্জা পাবেন না।'
'কে বলেছে আমি খেতে এসেছি? আমি তো আপনাকে দেখতে এসেছি।' পাতলা গোঁফের ফাঁকে সিগারেট খাওয়া কালো পুরু ঠোঁট জোড়া নির্লজ্জের মতো কথা কয়ে উঠল।
ইলিয়াসসহ সবাই হেসে উঠল একসাথে । তন্দ্রা ইচ্ছে করে দূরে সরে গেল । নিজের ভেতরকার অদৃশ্য ও অদ্ভুত অস্বস্তিটুকুর অস্তিত্ব যাতে কারো চোখে ধরা না দেয় সেজন্য সে অরূ -তরূকে নিয়ে পাশের রুমে আশ্রয় নিল।
বিছানায় আধশোয়া হয়ে অরূ-তরূর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সে। মাথার ভেতর তালগোল পাকানো এক অনুভবের অশরীরী ছায়া ।
একটু পর ওকে চমকে দিয়ে লোকটি ওর কক্ষে এসে উপস্থিত, কোনো ভণিতা না করে সরাসরি ওকে ইংরেজিতে বলে ফেলল,' আমি আপনাকে ভালবাসতে চাই। আপনি আমাকে গ্রহণ করবেন?'
তন্দ্রা চটজলদি লোকটির চোখের দিকে সরাসরি তাকাল। স্পষ্ট টের পেল লোকটির চোখ থেকে কিছু একটা বিচ্ছুরিত হয়ে ওকে মোহগ্রস্ত করে ফেলছে। স্পষ্ট অনুভব করতে পারছে নিজের ভেতর লোকটির আবেগময় উচ্চারণ বিষ্ফোরণ ঘটিয়ে ফেলতে পারে যে- কোনো সময়। তাই সে বাঁচতে চায় এধরনের অযাচিত মানসিক টর্ণেডোর হাত থেকে। প্রাণপনে সে সেই চেষ্টাটাই চালায় ।
ফিসফিস করে চাপা ক্ষোভের সাথে তন্দ্রা বলে উঠল,' প্লিজ , আপনি যাবেন এখান থেকে?'
'আমি উত্তর চাই। বিদায় নেবার আগে আমি ঠিক আপনাকে জিজ্ঞেস করব।' একটুও গলা কাঁপল না। যেন উপাদেয় খাওয়ার মেন্যু বলছে কোনো হোটেল বয়কে।
একটু পর লোকটি পাশের রুমে আড্ডায় শরীক হয়ে হাঃহাঃ হোঃ হোঃ করতে থাকে। তারুণ্য কি এরকমই ? প্রশ্নটা মনের কোনে একবার উঁকি মেরে মিলিয়ে গেল। তন্দ্রা আসলে নিজে থেকেই মন থেকে প্রশ্নটাকে যাঃ যাঃ বলে খেদিয়ে দিতে চাইল।
ঝাড়া হাত-পা গোছের একটা অনুভব নিয়ে ফের সে অরূ-তরূর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে।
এক ফাঁকে হাঃ হাঃ করে হাসতে হাসতে ইলিয়াস তন্দ্রার ঘরে ঢোকে। একইরকম হাসি হেসে বলতে থাকে,' ছেলেগুলো অন্যরকম। বহুদিন পর অর্গানিক হাসি হাসলাম জান। ওই রুমে আসতে পারো তো। মজা পাবা।'
'আসছি।' বলে তন্দ্রা ইলিয়াসকে আড্ডার ঘরে পাঠিয়ে দেয়।
কিন্তু কিছুতেই আড্ডার ঘরে যেতে ইচ্ছে করছে না তন্দ্রার। সে যত দ্রুত সম্ভব এই এলোমেলো লোকগুলোকে তাড়িয়ে একটা গভীর ঘুমে মগ্ন হতে চায়। রগরগে লোকগুলোকে কেন যে ইলিয়াসের ঘরে আনার শখ হয়েছে!
রাগ হল বড় স্বামীর উপর।
তবু শাদাব রশীদের জন্য বুকের ভেতরটা কেন যে চমকে উঠছে বারবার। কী আছে চালচুলোহীন বেখাপ্পা টাইপের একটা তরূণ তুর্কির কথায় ?
কিছুক্ষণ পর ওকে চমকে দিয়ে 'ভাবি কই ' বলে ওর ঘরে ঢুকে চাপা গলায় শাদাব রশীদ প্রশ্ন করল,' আমি উত্তর চাই। প্লিজ?'
'ওদের নাম অরূ-তরূ। খুব মিষ্টি দুটো ছেলে আমার। টুইন। আমাকে জান দিয়ে ভালবাসে। '
'জানি। ' উত্তেজনা ও প্রত্যাখ্যানের জ্বালায় ছেলেটি রীতিমতো কাঁপছে।
'ওই রুমে আমার স্বামী ইলিয়াস। খুব ভাল মানুষ। বউকে সে প্রচন্ড ভালবাসে। ' তন্দ্রা চাপা গলায় জানাল। তারপর নীরব অবজ্ঞায় চুপ হয়ে গেল।
শাদাব রশীদ দাঁড়ানো অবস্থায় অদ্ভুত ঘোর লাগা দৃষ্টি দিয়ে ওকে কিছুক্ষণ পরখ করল । তারপর নিপাট ভদ্রলোকের মতো ওর পাতলা অথচ গাঢ়-গভীর কন্ঠস্বর দিয়ে তন্দ্রাকে জানাল,' সরি।'
তন্দ্রা আরো কিছু আশা করেছিল ওর কাছ থেকে। তবে আরো কী আশা করেছিল তা নিজের কাছেও স্পষ্ট নয়।
ছোটো গল্পের সমাপ্তির মতো শাদাব ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর চার বছরের অরূ মাকে জিজ্ঞাসা করল,' আংকেলটা কি রাগী ? আব্বুর মতো?'
'না।' স্পষ্ট করে বলল তন্দ্রা।
বলার সঙ্গে সঙ্গে অসম্ভব ভাল লাগার এক তীব্র অনুরণন ওর মনের কোনে দেখা দিয়ে পরক্ষণে মিলিয়ে গেল।

৩.
'শাদাব রশীদকে মনে আছে তোমার?' তন্দ্রার মোবাইলে আচমকা ইলিয়াসের প্রশ্ন।
'কে?' তন্দ্রা ভুলে যাওয়া পৃষ্ঠা পড়বার চেষ্টা করলেও মুখে স্বামীর সঙ্গে এটুকু ভণিতা না করে পারে না ।
'আরে বাবা, বছর পাঁচেক আগে নবীগঞ্জে থাকতে চার-পাঁচজন তরুণ কবিকে দাওয়াত করে খাইয়েছিলাম। মনে পড়ছে? আলখেলল্লা পরা একজন। তোমার খুব ফ্যান হয়ে পড়েছিল। চেননি?' ইলিয়াস ধরেই নেয় সরকারী কর্মকর্তার স্ত্রী তন্দ্রা বেগমের এরকম চালচুলোহীন চার-পাঁচজন কবির কথা মনে থাকবার কিংবা মনে পড়ার কোনো কারণ নেই। তাই, সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্ত্রীর প্রতি।
এটি ইলিয়াসের একধরনের ন্যাকামোও হাতে পারে ।
তন্দ্রা এই অদিখ্যেতার নোংরা জলে ইচ্ছে করে গা ভাসায়,' কে? কতজনকেই তো খাওয়াচ্ছ, পার্টি দিচ্ছ । অত সঠিক করে মনে করতে পারব না। যা বলবার বলে ফেল।' তাড়া দিলেও বুকের গভীরে একসঙ্গে অনেকগুলো গং যেন বাজতে শুরু করেছে , গুরু-গম্ভীর সেই শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে সে বুকের গহীনে। ঢং,ঢং, ঢং। ইচ্ছের বাইরে যেন সবকিছু ঘটে চলেছে।
'শাদাব আজ রাতে আমাদের সাথে খাবে। অন্যকিছু নয়। একটা বাড়তি মাংস রাখলেই হবে। বাই।' ইলিয়াস কথা সংক্ষেপ করে ফোনটা রেখে দিল ।
তন্দ্রা ছুটে গেল ড্রেসিং টেবিলটার সামনে। অদ্ভুত অপরিচিত নজর দিয়ে সে পরখ করতে থাকে নিজেকে ।
চুলে পাক ধরেছে। ডাই করে সেগুলো ঢাকবার চেষ্টা চলছে। চোখের নীচে কালি, শারীরিক স্থুলতা, মুখাবয়বের লাবণ্যহীনতা Ñ সব একসঙ্গে যেন মুখ ভেংচাতে শুরু করে ওকে।
এখন ওর যা অবস্থা তাতে তন্দ্রার সমস্ত ভালোবাসা আর শ্রম তোলা রয়েছে স্বামী-সন্তানের কল্যাণে। ছেলেদের কোচিং নিয়ে দৌড়ঝাঁপ আর স্বামীর মেজাজ-মর্জি সামলাতে গিয়ে ওর নিজের একান্ত সময়টুকু যে কখন হারিয়ে গেছে টেরই পায়নি।
নিজের ভালো লাগার খাতিরে কতোদিন যে সে মেকাপ-বাক্স কিংবা আহ্লাদ করে একটুখানি লিপস্টিক চর্চা করেও দেখেনি!
অথচ আজ একথা ভাবতে গিয়ে বড় আফসোস হচ্ছে ওর। অপহৃত সময়টুকু ফিরে পাওয়ার আকাক্সক্ষা খুব স্পষ্ট হয়ে উঠছে নিজের ভেতর!
ইলিয়াস প্রায়ই মুডে থাকলে তন্দ্রাকে ' তুমি হচ্ছ নেচারেল বিউটি। তোমাকে মেকাপ ছাড়াই কিউট লাগে'বলে সোহাগ ঝরায়। কথাগুলো শুনে শুনে ওরও ধারণা জন্মেছে কোনোকিছু ছাড়াই বুঝি ওকে ভালো লাগে।
আজ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ইলিয়াসকে একটা আস্ত মিথ্যুক বলে মনে হচ্ছে ওর।
অথচ বিয়ের আগে নানা রঙের লিপস্টিক আর নেইলপলিশের প্রতি যে কী দুর্বলতা ছিল ওর! রং ছিল ওর কাছে প্রিয় বিষয়। যখন তখন নিজেকে রাঙাতে পারলে বড় সুখ অনুভব করত ভেতরে-ভেতরে। ভার্সিটিতে পড়বার সময় প্রতিটি অনুষ্ঠান-পার্বণে ওর রঙীন পোশাক -আশাক আর সাজগোঁজ সবাইকে মুগ্ধ করে রাখত। বান্ধবীদের ভেতর তন্দ্রা ছিল একটা সুরেলা ঝর্ণাধারা অথবা হাস্যোজ্জ্বল একখানা রংধনু!
অথচ এখন কারো সাথেই ওর কোনো যোগাযোগ নেই। এক-দুজন খোঁজখবর নিয়ে কাছে ঘেঁষলেও ওর উচ্ছ্বাসহীন নি®প্রাণ আচরণ সবাইকে শেষ পর্যন্ত দূরেই ঠেলে দেয়।
তন্দ্রা যে বুঝতে পারে না তা নয়। কী করবে? নিজের ভেতরে লুকিয়ে থাকা ঝর্ণাটা শুকিয়ে গেলে সে কি করতে পারে?
এজন্য কি সে-ই কেবল দায়ী ?
ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওর কেবল এসব কথাই মনে হচ্ছে। অনুতাপ, আক্ষেপ, উষ্মা , ক্ষোভ আর অভিমান।
তারপরও তন্দ্রা আজ যতœ করে নিজেকে সাজাতে শুরু করে।
ডোভ সাবান দিয়ে মুখ পরিষ্কার করে। চুলে গার্ণিয়ার শ্যাম্পু ও কন্ডিশনার। শরীরে নিভিয়া মিল্ক। নেলপলিশ অনেকদিন পর ওর ক্ষয়ে যাওয়া নখে স্পর্শ বুলিয়ে দেয়। গোসল সেরে পাটভাঙা একটা তাঁতের রঙচঙে শাড়ী শরীরে চড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নায় সে ফের পরখ করতে থাকে নিজেকে ।
নিজেকে নিজে শুধায়', আমি কি আগের মতো আছি?'
উত্তরে ওর বসে যাওয়া চোখ দুটো যতই জ্বলে ওঠার চেষ্টা করুক, শেষ পর্যন্ত তা পারে না। উত্তাপহীন দৃষ্টি কান্নায় ভেঙে পড়তে চায়।
বিকালের দিকে ইলিয়াস অফিস থেকে ফিরে তন্দ্রাকে দেখতে পেয়ে রৈ-রৈ করে ওঠে আনন্দে,' বাব্বা, হেভী সাজগোজ করলা তো? '
'মন চাইল । করলাম একটু। '
'নাইস। ওয়েল , অরূ-তরূরা কখন আসবে?'
'চলে আসবে। গাড়ি পাঠিয়ে দিয়েছি তো ?' সোহাগ ঝরে তন্দ্রার গলায় ।
'হু। ' ইলিয়াস উত্তর দেয়। বহুদিন পর স্ত্রীকে আগের মেজাজে পাওয়ায় সে নিজেও বেশ উৎফুল্ল বোধ করে।
আজাকাল তন্দ্রার যে কী হয়েছে , সারাক্ষণ কেবল বিষন্ন চেহারা নিয়ে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলেই যেন-তেন কারণে ওর সাথে তর্ক জুড়ে দেয়। ভাল লাগে না এসব একঘেঁয়ে ঘ্যাঁনঘ্যাঁনানি ইলিয়াসের কাছে।
আজ ইলিয়াস স্ত্রীকে একুটখানি ফুল্ল হতে দেখে গুন গুন করে প্রিয় গানের কলি ঠোঁটে তুলে নেয় আয়েসের সাথে।

৪.
যে শাদাব রশীদকে দেখবে বলে তন্দ্রা অপেক্ষা করছিল দুপুরবেলা থেকে , তার মুখোমুখি হয়ে চমকে উঠল সে। এ কাকে দেখবে বলে আশা করছিল আর কাকে ধরে এনেছে ইলিয়াস শাদাব রশীদ বলে?
তন্দ্রার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে স্যুটেড-বুটেড এক ভদ্রলোক। শার্টের কালারের সাথে ম্যাচ করা টাই জড়ানো গলায়। তাকানো-টাকানোগুলো ভদ্রলোকদের মতো। রুচিশীল ও মার্জিত সেই চাহনি। কোথাও বন্যতার আভাস পর্যন্ত নেই। যে মানুষটিকে তার আলাদা পোশাকের জন্য দূর থেকে চেনা যেত তাকে এখন ইলিয়াস থেকে আলাদা করা যাচ্ছে না মোটেই।
এ কি শাদাব রশীদ নাকি ইলিয়াসের কোনো কলিগ?
একটুখানি যা বেঢপ ঠেকছে তা হল মাথার হ্যাটটা। স্যুট -বুটের সাথে যেন যাচ্ছে না।
তবু থমকে গেল তন্দ্রা।
কিছু বলবার আগে পাশ থেকে ইলিয়াস বলে উঠল,' এ হল শাদাব রশীদ। ব্যাংকের বড় একজিকিউটিভ। কবিতা-টবিতা কি এখন লেখ শাদাব?'
শাদাবের চোখে রে-বন সানগ্লাস। চোখ থেকে গ্লাসটি হাতে নিয়ে এমনভাবে হাসল যে তন্দ্রার রীতিমতো করুণা হতে থাকে লোকটির প্রতি। এরকম লোক তো তন্দ্রা অহরহ দেখছে, এদের নিয়েই তো তন্দ্রাদের জগৎ এখানে শাদাব রশীদ কই ?
শাদাব নামের লোকটির চোখের দিকে তাকাল একবার তন্দ্রা। সেই প্রগাঢ় দৃষ্টির তীব্রতা কই ? যে প্রেমিক মানুষটিকে দেখবে বলে সে সেজেগুঁজে রয়েছে সেই ক্ষ্যাপাটে প্রেমিকটি কই?
অনেকগুলো প্রশ্ন একসাথে তন্দ্রাকে খোঁচাতে শুরু করে দেয় ।
শাদাব তন্দ্রার দিকে ভদ্রলোকের মতো এক ঝলক তাকাল মাত্র। তারপর ইলিয়াসের সাথে কথা বলতে লাগল নিচু স্বরে। যার হাসির তোড়ে পাশের রুমে থাকা মুশকিল হয়ে পড়েছিল সে এভাবে কথা বলছে ?
ড্রয়িংরুমে বেশিক্ষণ বসার ইচ্ছে হল না তন্দ্রার। খাওয়ার বাহানা দিয়ে ভেতরে চলে এল সে।
খাওয়ার টেবিলে ইলিয়াস জানাল,' শাদাব কিন্তু বিয়ে করেছে। বউটি ভারি মিষ্টি দেখতে।'
'তুমি দেখলে কোথায়?'
'ছবি পাঠিয়েছিল মেইলে। '
'অ।' বলে চুপ হয়ে যায় সে।
শাদাব খুব ধীরেসুস্থে মাথা নুইয়ে খেতে লাগল। ইলিয়াসের এক-দুটো প্রশ্নের খুব সংক্ষিপ্ত উত্তর দিয়ে ফের খাওয়ায় মনোযোগ দেয়।
কথা বলবার ফাঁকে একসময় ইলিয়াস শাদাবের এই নিষ্প্রাণ আচরণের ব্যাখ্যা দিয়ে ফেলে,' ব্যাংকের বড় কর্মকর্তা তো। তাই গম্ভীর হয়ে গেছে। আগের মতো নেই , তাই না শাদাব?'
শাদাব মুখ তুলে লাজুক হাসি হাসল।
সঙ্গে সঙ্গে তন্দ্রা মুখ ফিরিয়ে নিল চরম অনীহায়।
রাতের খাওয়া-দাওয়ার পর কোনো এক ফাঁকে শাদাব রশীদকে একা পেয়ে তন্দ্রা জিজ্ঞাসা করে বসল,' আগের পাগলামো টাগলামো গুলো নেই এখন?' কন্ঠে হালকা সুর থাকলেও ভেতরে এক ধরনের দহন সামলে নিতে হচ্ছে ওকে।
কোনো উত্তর নেই শাদাবের মুখে। ওর ফ্যাকাসে ধূসর চোখে এক ধরনের অশ্লীল লজ্জা দেখতে পেল তন্দ্রা।
'কবিতা লেখেন না?'
'না।'
'কেন?' প্রবল কৌতূহল নিয়ে ওকে প্রশ্ন করে তন্দ্রা।
'অফিসে কাজের চাপ-টাপ বেড়েছে তো , তাই।'
'ওঃ। ' বলে ছিটকে ওর সামনে থেকে বের হয়ে এল তন্দ্রা। অদ্ভুত কারণে ওর কান্না পেতে থাকে। কিছুতেই নিজেকে সামলাতে পারছে না।
শাদাব রশীদ চলে যাওয়ার পর মাথাটা ঝিমঝিম করতে শুরু করে ওর। শরীর গুলিয়ে উঠছে বারবার। একসময় বেসিনের সামনে দাঁড়িয়ে ওয়াক করে বমি করে ফেলল সে।
ইলিয়াস বলল,' শরীর খারাপ লাগছে?'
'হু।' সংক্ষিপ্ত উত্তর ওর।
মাথায় জল ঢেলে কিছুটা ভালো বোধ করার পর মুখ ঘষে মেকাপ আর লিপস্টিক সরাতে সরাতে ইলিয়াসকে সহসা ধমকে উঠল ও,'যখন তখন যাকে-তাকে হুটহাট দাওয়াত খাওয়াতে নিয়া আসবা না বাড়ির ভেতর, বুঝলা ? খবর্দার!'
'ও তো আমাদের ছোটো ভাই। মাইন্ড করতেছ কেন?' ইলিয়াস বোঝাতে চায় স্ত্রীকে।
'আমি ওসব বুঝি না। মড়া-ফড়া যাকে তাকে তুমি এভাবে বাসায় তুলবা না। আমার কষ্ট হয়। '
'ঠিকাছে। ঠিকাছে।' হার মেনে নেয় সে। ক্লাস টেন-পড়–য়া অরূ-তরূকে সামলে তন্দ্রা এখন সামাজিকতার দায় নিজের কাঁধে নিতে ভয় পায়া। ইলিয়াস ভাবে।
স্ত্রীর এটুকু জ্বালা স্বামী হিসাবে সে ঠিকই বুঝতে পারে। মনে মনে একধরনের অনুতাপ বোধ করে ইলিয়াস এবং দায়িত্বশীল স্বামী হিসাবে অদূর ভবিষ্যতে এসব বিষয়ে আরো সতর্ক থাকাবার প্রতিজ্ঞা গ্রহণ করে ।
কিন্তু দীর্ঘদিন ওদের ভেতর যা সাধারণত ঘটে না, গভীর রাতে ইলিয়াসকে চমকে দিয়ে তা-ই ঘটতে শুরু করে।
ইলিয়াসকে হতবাক করে দিয়ে তন্দ্রা ওর কাঁচা ঘুম ভাঙিয়ে তীব্রভাবে আদর করতে শুরু করে।
ইলিয়াসের ঘুম-ঘুম চোখে বিস্ময়,' কি হল?'
' আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ? বল দেবে ?' হিসহিসিয়ে প্রশ্ন করে তন্দ্রা তার স্বামীকে।
'এই রাত দুপুরে কিসের প্রশ্ন ?' চোখ ভরা বিরক্তি ইলিয়াসের।
'আমরা ভালবাসতে জানি কিনা বল? প্লিজ বল ? এক্ষুণি উত্তর দাও ? প্লিজ !!'
ইলিয়াস এ প্রশ্নের কোনো সরাসরি উত্তর খুঁজে পায় না। অবাক হয়ে কেবল হিস্টিরিয়াগ্রস্ত স্ত্রীর আচরণ পরখ করতে থাকে।

Image
Flag Counter