বারান্দার টবে তামাক চাষ
অ.
এই ৯ তলার ওপরের ফ্ল্যাটের সামনে আর কোনো উঁচু বিল্ডিং না থাকায় পুরো জায়গাটাই ফাঁকা। অ্যাপার্টমেন্টের সামনের খোলা ছাদে, যেখানে আরেকটি ফ্ল্যাট থাকার কথা ছিল, সেই খোলা ছাদটায় রুপালি আলো লুটোপুটি খাচ্ছে। ভরাট চাঁদের দিকে যতবার চোখ মেলে ধরি ততবারই মনে হয় বৃষ্টির ফোঁটা, ফোঁটা-ফোঁটা বৃষ্টি এসে পড়ছে চোখের পাপড়িতে। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আর ঢেউয়ের বিশাল জিব্বায় ব্যাপক ছুরির ফলা ঝলকাচ্ছে, চাঁদের আলোয় দুর্বার হয়ে ঝাপটে পড়ছে বিচে। বাম দিকে মাথা ঘুরিয়ে ইনানের এস্রাজ বাজানো শুনতে শুনতে এমন সব দৃশ্য মুভিং ইমেজ তৈরি করে যাচ্ছে। ইনান চাইলেও চোখ ঘুরিয়ে আমাকে দেখতে পারবে না, তারে তার ঘষার কোনো ফাঁকেও। আমরা পাশাপাশি বসে আছি অনেকক্ষণ। শব্দহীন। প্রায় ১৫ দিন পর আমাদের দেখা হলো।
সকাল বেলাতেই ওর বাসায় গেছিলাম। যথারীতি খোলা দরজা। আমাকে দেখে এক পলকের বিস্ময় নেই তার চোখে। একটুখানি সরাসরি তাকিয়ে, কোনো ইমপ্রেশনই তৈরি করে না এমনভাবে, আবার চোখ ঘুরিয়ে মাথা নিচু করে বসে থাকলো। সারাদিনে আমরা কথা বলছি খুবই কম। এমনকি যে কারণে ১৫ দিনের লম্বা গ্যাপ, তার ধারে কাছেও না। কারণ আমরা দুজনই পরিষ্কার–ইটস অ্যান আনডিফাইন্ড বন্ডেজ। কিন্তু এই বসে থাকাটা একটা অসাধারণ মুহূর্তের মতো। আমরা শরীরের মধ্যকার যোগাযোগ টের পাচ্ছি এবং আমরা যোগাযোগহীনভাবে বসে আছি পাশাপাশি।
চোখের সামনে একটা বিশাল উঠান এসে মেলে বসালো নিজেকে। সরাবন বিবি আর ইয়াসিন গাজী–দুজন দাঁড়িয়ে আছেন মুখোমুখি। দুজনেরই মাথা নিচু। ইয়াসিন গাজী বয়সে বছর ছয় সাতেক ছোট হলেও চাচি সরাবনের চেয়ে তাকেই বেশি বুড়া মনে হয়। ১০ মাস শহরে ছেলে মেয়েদের বাসা-বাড়িতে থেকে হাঁফিয়ে উঠেছিলেন ৮৬ বছর বয়সী সরাবন। খোলা জায়গা নাই, হাঁটাহাটি করা যায় না, শরীরে মেদ জমছে প্রচুর–এরকম নানা অজুহাত নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। ফিরেই মহা আনন্দ। ইয়াসিন গাজীর চোখেও অনেক আনন্দ। শুধু অনেকদিন পর প্রিয় চাচিকে দেখবার আনন্দ এমন নয়, যেন নিজের মানুষটিকে দেখতে পারা গেল। প্রায় ১০ ইঞ্চির মতো উচ্চতার গ্যাপে বাঁকানো শরীরের দুই বুড়া-বুড়ির মধ্যে সরাবনই প্রথম চোখ তুলে জিজ্ঞেস করলেন, ধান ক্যামন হইছে?
ব্যক্তিগত আলাপই তোলে নাই, বিস্মিত ইয়াসিন গাজী পাল্টা জিজ্ঞেস করলো, শইল বালা?
সরাবন বিবি উঠানে রাখা মোড়া টেনে বসে সামনের মোড়ায় বসতে বললেন ইয়াসিনকে। উঠান জুড়ে গোধূলি মিছিল, চলে-চলে যাওয়া কমলা রঙের রোদ ঝির ঝির। আরো যারা সরাবন বিবিকে দেখতে এসেছিল, ব্যক্তিগত সংলাপ ভেবে তাদের কেউ কেউ দূরে সরে গেল; কেউ কেউ পরে আসবে পরিকল্পনা করে ফিরেই গেল।
আমি তোমারে দুইবার স্বপ্ন দেখছি গাজী। দুনোবারেই তুমি খালি আমার সামনে আসি খাড়াও, কিন্তু কোনো কথা কও না। বউ, পোলা-মাইয়ার কোনো সমস্যা অইছেনি, কও চাই।
'আমিও আপনেরে স্বপ্নে দেখছি। আপনে উঠানে লাঠি ভর দি হাঁইটতেছেন। এরম মোড়ায় বসি বসি আমি আপনের হাঁটন দেইখতেছিলাম। এইবার ঢাকাত যাই বহুত দিন আছিলেন!' একটা শ্বাস ফেলে ইয়াসিন গাজী আবার মাটির দিকে তাকিয়ে থাকলো।
ই.
তুমি কি এখানেই বসে থাকতে চাও, নাকি ভেতরে গিয়ে বসবা? অনেকক্ষণ পর, এস্রাজ বাজানো থামিয়ে হঠাৎ করে ইনান কথা বললো।
আমি এখানেই বসে থাকতে চাই। ক্যানো তোমার প্রতিবেশীরা অবজেকশন দিবে?
ইনান হেসে বললো, এত রাতে প্রতিবেশী আসবে কৈত্থেকে।
ইনান ভেতরে চলে গেল। এ বাসায় এলে শুধু যে ইনানের সঙ্গেই সাবিনের কথা-বার্তা হয়, এমন না। ইনানের বেশ কিছু বন্ধু, যারা সবাই কোনো না কোনো কর্পোরেট অফিসে কাজ করে, নিষ্ঠার সাথেই কাজ করে আর সন্ধ্যা এলে এই ৯ তলার ফ্ল্যাটে জমা হয়ে সমানে গালি দিতে থাকে কর্পোরেট সিস্টেমকে। বোতলবন্দি মানুষের মতো তারা ছটফট করে। এরা স্ট্যাবলিশমেন্ট এবং অ্যান্টি স্ট্যাবলিশমেন্টের ঝাপসা প্লাটফর্মে দাঁড়িয়ে বলতে থাকে, 'অল আর ফাকিং!' যেকোনো মুহূর্তেই চাকরি ছেড়ে দিতে পারি। তারপর কী হবে জানি না। অ্যাট লিস্ট একটা স্বস্তি তো লাগবে। এই এরাও সাবিনের বন্ধু হয়ে গেছে। আড্ডায় পুরা পার্টিসিপেন্ট সে। কোথাও, কোনো এক জায়গায় যেন একটা অন্তর্গত চত্বর তৈরি হয়েছে তাদের ভেতর। আর এর ভরকেন্দ্রে ইনান। ব্যক্তিগত পরিচিতির বেলায় বলা চলে, এখানে অসংসারী, সংসারত্যাগী, কিন্তু পরবর্তী সম্পর্কের আকাঙ্ক্ষা নিয়ে চলে এমন, আবার ওপেন রিলেশনশিপ প্র্যাক্টিশনার, অন এন অফ, ভরপুর সংসারী—সবাই আসে। সংখ্যা খুব বেশি না রেগ্যুলারদের। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক আপস্ এন্ড ডাউন যাওয়ার পর 'বন্ধুর পথে মেলে না তো কোনো বন্ধু' এমন অনুভূতি নিতে নিতে ইনানদের এ আড্ডায়, সাবিনের একেবারেই অন্য একটা ফিলিং হয়। যেন সবকিছুই অসম্ভব ভাল্লাগার, আবার কোনো কিচ্ছুই ভাল্লাগে না–এমন; বলা যায় ইমপালসিভ।
অক্সফাম জিবি'র একটা প্রজেক্টে কাজ করে এখন সাবিনের বেকার দশা যাচ্ছে। প্রজেক্ট শেষ। বিদেশে পড়তে যাব-যাব, ভাবছি-ভাবছি ব্যস্ততায় আছে। বছরখানেকের মধ্যে ব্রিটিশ কাউন্সিলের একটা প্রজেক্টের কো-অর্ডিনেটর ইনানের সাথে ব্যক্তিগততার আড্ডা কাকরোল ডগার মতো এমন বেয়ে বেয়ে উঠেছে যে, এর ডিউরেশন আরো লম্বা মনে হয় সাবিনের। অনেক সকাল, রাত্রি সন্ধ্যা তাদের এক সঙ্গে কেটেছে; কখনো লা ভিঞ্চিতে, কখনো সামদাদো-সারিনা-রিজেন্সিতে, অবশ্য অনেকখানি সময় এই বাসাতেই গেছে। রেস্টুরেন্টের আড্ডাটা একটু অন্য আনন্দের। শুধু নিজেরাই নিজেদের মধ্যে থাকে না, ওরা চারপাশের আড্ডালু ছটফট-হাহা-হিহি-একলা চেহারা-উদ্ভ্রান্ত চেহারা দেখতে দারুণ আগ্রহ পায়। রেস্টুরেন্টের আলোয় মুখগুলো আলাদা। মুখের ছাঁচে আলো প্রভাব বিস্তার করে একেক রকম ইম্প্রেশন তৈরি করে। তাদের নিজের মুখেও তৈরি হয়। এবং ঘরে ফিরে ঘুমাতে যাবার সময় দুয়েকবার কেমন যেন একটা ফিলিং টের পায়—দুজনই। তবে পৃথকভাবে। মনে হচ্ছে আড্ডা-প্রেমে-আদর, অভিমান, খোঁচা-খুঁচি-দুষ্টামির পাশ দিয়ে, একটা রেলিংও উঠতে শুরু করেছে টানা, লম্বা। যেন একটা পূর্ণ ঢেউয়ের তীর ঘষে জলের নাচন শেষে ফিরে যাবার আগেই আরেকটা পূর্ণ ঢেউয়ের ছুটে আসা। এই আনডিফাইন্ড স্ট্যাটাস থেকে কখনো ইনান, কখনো সাবিন বের হয়ে ডিফাইন্ড হওয়ার চেষ্টা যে করে নাই এমন না। সাবিন অনেকবার বলেছে, আমি একটা বেবি নিতে চাই, ইনান অনেকবার চেয়েছে সম্পর্কটাকে একটা আনুষ্ঠানিকতা দিতে, অন্তত ক্লোজ লেয়ারে। কেন জানি রেসপন্সিবিলিটির জায়গায় এসে দুজনই আনডিফাইন্ড স্ট্যাটাসকেই মেলে ধরে। যেমন: এরকম নরম, কোমল, আবেগময় সময়ে মোমের মতো গলে গলে পড়বার পরের দিনই দেখা যায়, যে কোনো একজন ফোন বন্ধ করে বাসা থেকে দূরে অন্য কোথাও গিয়ে থাকা শুরু করে। বেশ কিছুদিন যোগাযোগহীন। তারপর আবার হয়তো সাবিনই ফোন করলো, ইনান এমন স্বরে কথা বলবে যেন এ ফোনটার জন্যই তার দীর্ঘ অপেক্ষা। অদ্ভুত! এইসব অনেক রকমের অদ্ভুতামির সাথে প্রতিবারই নৃশংসতা চড়ে বসতো। 'কেমন যেন ফিলিং' থেকে নিজেরাই টের পেতো রেলিং উঠছে। রেলিং উঠছে।
মাল্টি ন্যাশ-কর্পোরেট চাকরজীবীদের এখানকার আড্ডাটা একধরনের রিফ্রেশমেন্ট। আসলে শুধু রিফ্রেশমেন্টই না, এদের জীবন বোনার ধরন: খাপ্পা-বেখাপ্পার দ্বন্দ্ব আর দ্বন্দ্বের মধ্যে গড়াগড়ি প্রায় কাছাকাছি। পিকো, রাদ, মিশুক, লাবনী, লিপু, রূপক…। কেবল সুপ্রিয়। যৌথ আড্ডায় কী করে যেন অন্য সবার চাইতে, সবার লক্ষ্যে এবং অলক্ষ্যেই বলা যায় সাবিন আর সুপ্রিয়ের এক্সচেইঞ্জটা বেশিই হতো। সুপ্রিয় একদিন ইনানের বেডরুমের পাশে লাগোয়া বারান্দায় আড্ডার মধ্যে সাবিনের দিকে ঘুরে বসে, চোখের মণিতে দেড়-দুই সেকেন্ডের চক্কর দিয়ে বললো, তোদের হাসি দেখলে কী মনে হয় জানিস? মনে হয় দাঁতের আগায় দুই জনই বিষ লাগায়ে রাখিস। এ্যাই, তোরা চুমু খাওয়ার সময় কি বিষ, মানে পয়জন দাঁত থেকে লালায় লালায় এক্সচেইঞ্জ করিস? হা হা হা।
কী আজিব! এসব কী ধরনের কথাবার্তা?
শোন, প্রেম, রাজনীতি এসবই তো সুপারস্ট্রাকচারের পার্ট। ব্যাখ্যা করতে গ্যালে দুইয়ের ভেতর যথেষ্ট উপাদান পাবা, কাছাকাছি। প্যাশন ছাড়া রাজনীতি হয় না। প্যাশন ছাড়া প্রেম হয় না, রাইট! সো, আজিব ভাবার কিচ্ছু নাই।
সাবিন নিজের ভেতর একটা কিছুর বাড়ন্তি টের পাচ্ছিল। টের পাচ্ছিল এখন মাঝে মাঝেই এ বাসায় সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবাই থাকলেও একলা লাগে। ইনান পাশে বসলে বডি সতর্কতার মেসেজ পাঠায়।
আ.
আজকে ইনানের সাথে দেখা করার পরিকল্পনা করার পর থেকেই সাবিনের মনে হচ্ছিল, চুল খুলে খোলা হাওয়ায় ট্রেনের ছাদে বসে সূর্যাস্ত দেখার দিন। সাবিন সারাক্ষণই ভাবছে আনডিফাইন্ড রিলেশনশিপ নিয়ে ইনানের যে রিজিডিটি আছে, সেটার ভঙ্গি এক্সচেইঞ্জ হওয়া দরকার। এ বাসায় আসার আগে ফোনে সেটাই ঠিক করা ছিল। কিন্তু ইনান এর ধারকাছ দিয়েও যাচ্ছে না। কথা অস্বাভাবিক টাইপের কম বলছে। বেশ কয়েকবার ইংরেজিতে, কয়েক দফায় লম্বা সময় ধরে ফোনে কথা বলেছে। কথা বলবার ফাঁকে ফাঁকে কয়েকবার সাবিনের পাশে এসে বসেছে, এই! প্রসঙ্গ তুলে কথা বলতে না পারার যে পেইন, সাবিন অস্বস্তি আর বেখাপ্পা ফিল করতে থাকলো।
দেখো তোমার লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল আলাদা, তো প্রবলেমটা কী?
অনেক প্রবলেম। লাইফস্টাইল রিপ্রেজেন্ট করে হোয়াট য়্যু আর।
ইয়াপ। তো সেই রিপ্রেজেন্টেশন কী প্রবলেম মেইক করছে?
তুমি তো প্রীতমদের আড্ডায় যাও, নাবিলদের সাথেও ব্যাপক মাস্তি তোমার। তোমার পকেট পকেট অনেক আড্ডা। সেটা যে স্রেফ আড্ডা তা তো না।
তা তো না–তোমার এ কথা নিয়ে আমার আপত্তি আছে। তুমি তো আমার সাথে ওসব আড্ডায় যাও নাই। সো তোমার ভাবনাটা সিম্পলি পার্শিয়াল। বাট তোমার সাথে আমার সম্পর্ক সামথিং স্পেশাল, আবার কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে না। তুমি বিশ্বাস করো, এটা লুকিয়ে রাখার জিনিস না। অপরাধবোধের বিষয় না। সোসাইটি কী ভাবে তাতেও কিছু যায় আসে না তোমার, তাইলে আমার বেলায় ক্যানো? তার আগে বলো, এসব কথা বলতেছো ক্যানো?
অযথাই। অল আর ননসেন্স টকিং!
সাবিন পিঠ সোজা করে বললো, নট ননসেন্স। আমি তো তোমাকে ভালোবাসি, বাট এটা কোনো সো কল্ড বন্ডেইজে যাবে না, এবং সো কল্ড বন্ডেইজের ছাঁচে ফেলার আগ্রহও আমার নাই।
আমিও চাই না। বলে ইনান হেসে উঠবে।
একা একা বসে থাকতে থাকতে সাবিন এরকম অনেক ভাবনা ভাবতে থাকলো।
কিন্তু মনোযোগ বা ভাবাবেগের কোনো গড়াগড়ি নাই ইনানের চোখে! ডাবল উইন্ডোর পিসির সামনে বসে ইনান এক নাগাড়ে একটা ডক্যুমেন্টারি দেখে যাচ্ছে। ভীষণ মনোযোগ। আশপাশে কেউ আছে বলে মনে হচ্ছে না। আজ এ বাসায় রাদ, রূপক কেউ আসে নাই। সাবিন দরজায় দাঁড়িয়ে খেয়াল করলো–না কোনো খেয়াল নাই। তারপর হঠাৎ চেয়ার ছেড়ে উঠে এসে কোনো কথা ছাড়াই চুমু খাওয়া শুরু করলো ইনান। সাবিনের অপেক্ষা ছিল, কিন্তু এমন অতর্কিত, কোনো কথা নাই, এক্সচেইঞ্জ নাই! সাবিনের পুরো শরীর শক্ত হয়ে যেতে থাকলো। শক্ত হয়ে থাকা শরীরের সাথে ইনান যা করলো, সেটা স্যুয়েরেইজ লাইনের পানি প্রবাহের মতো একটা প্রবাহই হলো।
ইনান উঠে চলে গেল বাথরুমে। কোনো কথাই বললো না। এমনভাবে সে অন্য ঘরে ঘুমাতে গেল যে প্রশ্নবোধক কোনো কথাই সে সহ্য করবে না, বডি ল্যাঙ্গুয়েজে তা বুঝিয়ে দিয়ে গেল। অন্য ঘরেই ঘুমালো।
সাবিন বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে থাকে। দূর থেকে আ্যাম্বুলেন্সের ঘন ঘন যাওয়া-আসার শব্দ হচ্ছে। ফাঁকা রাস্তায় অনেক জোরে দৌড়ে বেড়াচ্ছে। গভীর রাতে আ্যাম্বুলেন্সের দৌড়াদৌড়ির সাথে কোথায় যেন র্যায়বের একটা সম্পর্ক ভেসে ওঠে সাবিনের ভেতর। লাশের দৃশ্য ভেসে উঠতে থাকলো। সাবিনের ভীষণ একলা লাগতে থাকলো, মন খারাপ, অপমান-অপমান, টু সাম এক্সটেইন্ড রেইপ ফিলিং–ঠিক পরিষ্কার না, আবার সবগুলো অনুভূতিই কম্পিউটারে কম্পোজ করার মতো, পাশাপাশি ধাপাধাপ একটার পর একটা অক্ষর বসে পড়ার মতো। কোনো কিছুই কিছু মনে হচ্ছে না। 'আনডিফাইন্ড। কিন্তু আনডিফাইন্ড বন্ডেইজ কি ইমোশনের প্রতি সেন্সিবল থাকবে না!'
'আমার আসা মানেই কি তাইলে কেবল ফিজিক্যাল এক্সচেইঞ্জ অ্যান্ড নাথিং!'
অনেক বেলায় ঘুম থেকে উঠে তরমুজ আর ব্রেড আর চা খেয়ে বের হয়ে পড়লো সাবিন। ইনানকে কিছুই বলা হয় নি। আসলে কিছু বলার আগ্রহও ছিল না। বের হয়ে সাবিন একলা বেশ কিছু পথ হাঁটতে থাকলো। মেইন রাস্তা বেশ দূরেই। মাথার ভেতর কুয়াশা ফিলিং, কুয়াশার ভেতর হাজার কিছু, স্পেসিফিক-ননস্পেসিফিক, ঘুরে ঘুরে পাক খাচ্ছে। বাসস্ট্যান্ডে একটা বড় বটগাছ। ঝুড়ি নেমেছে অনেক। কিছুক্ষণ এখানেই কাটানো যায়। না হচ্ছে না। যাওয়ার জায়গাগুলো ভাবতে ভাবতে বেশিরভাগ আড্ডাই বাতিল করে দিয়েছে। বন্ধুদের সাথে তাদের ট্যাগিংয়ে নানান বিপ্লবী আড্ডায় যাওয়া হয়। সমাবেশে, মিছিলে—তেল-গ্যাস-বন্দর জাতীয় সম্পদ রক্ষা কমিটির। কখনো স্লোগান দেয়, কখনো দেয় না। বন্ধুদের সাথে পিছের সারিতে পা ফেলতেই বেশি ভাল্লাগে। জাতীয়তাবাদী আন্দোলন এখনও কেন দরকার ভার্সেস জাতীয়তাবাদী আন্দোলন আসলে ভেজিটাবল ড্রাগস-এর মতো একটা টান আর ইমাজিনারি প্লাটফর্ম–এসব তর্ক চলে রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের বাইরে চায়ের দোকানে। আইসক্রিম পার্লারে। একবার জিতেন খুব ক্ষেপে গিয়ে বলেছিল, এসব আবজাব ডিবেট আমি বুঝি না, আমি বুঝি আমার দেশের সম্পদ আমার। দেশ ভাগ করার গণতন্ত্র, সার্বভৌমত্ব, ভৌগলিক আয়তন–এসবের ধারাকে যদি তুমি সভ্যতা বইলা মাইনা নাও, তাইলে আমি ক্যানো আমার সম্পদ থেকে আমার অধিকার ছাড়বো! বল? ছাড়বো না।
তর্কের চাইতে আবেগ বেশি। আবেগের চাইতে অংশগ্রহণ করে নিজেকে জাহিরের প্রবণতা বেশি, সোশালিস্ট মুভমেন্টের জারগন ওয়ার্ড ব্যবহার করে বিপ্লবী হবার চেষ্টাও এদের মধ্যে আছে। জাতীয় দৈনিকে কলাম লিখে প্রভাবশালী, তরুণ বুদ্ধিজীবী, বিপ্লবী হওয়ার সুযোগের সদ্ব্যবহার করা এবং এর জন্য প্রতিদ্বন্দ্বিতার চর্চা এসব যেমন তিতাসের কাছে অযথা মনে হয়, সাবিনেরও তাই। ওরা আড্ডা ফেলে এলিফ্যান্ট রোডের ফুটপাতে এসে দাঁড়ায়। কী ঠা ঠা গরম। তিতাস একটা হলুদ ফ্রেমের সানগ্লাস পরে আছে। সাদা ফ্রক টাইপের জামা আর জিন্সের প্যান্ট। সাবিন পুরাই সাদা ড্রেস পরে আছে। তিতাস বললো, এ্যাই খেয়াল করছো, আমরা বেশ সায়েন্টিফিক ড্রেসআপ করছি। হা হা হা। কী বলিস, ওই রকম একটা জঘন্য আড্ডা, অশ্লীলভাবে নিজেকে জাহির করার জায়গা থেকে বাইর হৈয়া আমার এ ধরনের আরামদায়ক ভাবনা ভাবতেই ভাল্লাগতেছে। কী!
তিতাসের সাথে সময় যাপন করলে সাবিনের মনে হয়, শহরটা আসলে ততটা কুৎসিত নয়। এখনও নিঃশ্বাস নেবার জায়গা আছে। তিতাসও চাকরি-বাকরি করে না। ফ্রি-ল্যান্স রিসার্চার। মাঝে মাঝে ব্যাপক বড়লোক, মাঝে মাঝে পুরা ফতুর। সংসার করেছে, সংসার ভাঙছে–সম্পর্কে আছে, সম্পর্কে নাই।
চল, রিক্সায় ঘুরি।
তোমার কি মন খারাপ?
উম-ম-ম্ মন খারাপ বলা যায়, আবার বলা যায়ও না। হাউ ওয়াজ য়্যুর কনভারসেশন উইথ শেলী?
কক্সবাজার ট্রিপের কথা বলতেছো?
হু।
ততক্ষণে রিক্সাঅলা নীলক্ষেত ঘুরে বিশ্ববিদ্যালয়ের সীমানায় ঢুকে গেছে। তিতাস একটা সিগারেট ধরালো।
আ-আ। ওয়াজ বিউটিফুল। ওই তো দেখা হলে যেমন মাস্তি হয়। কাগজে কলমে ডিভোর্স হবার পরও আমরা যে নিয়মিত, না হৈল না, নিয়মিত তো না, মাঝে মধ্যে যে দেখা করি ওইটাতে ফিজিক্যাল আর্জের এক্সচেইঞ্জটাই বেশি হয়। এবারও তার বাইরে যায় নাই। তবে একটা আরাম হইছে, বুঝছ।
ক্যামন আরাম?
এইবার আমরা ডিসিশন নিয়েই গেসিলাম, একটা আলাপ করবো। আমরা মারমেইড রিসোর্টে থাকলাম। ইনানী বিচের ওখানে। বিচে গেছি কয়েকবার। নামি নাই। নামতে ইচ্ছা করে নাই। আমি বুঝতে পারছি এইবার। বিলিভ মি লাস্ট টু ইয়ার্স আই ক্যান্ট ফাইন্ড আউট দিজ ফিলিং। সো, ইটস অ্যা সুদিং ফিলিং।
হোয়াট দ্যাট?
আমার শেলীর সাথে হোল লাইফ কাটাবার রিয়্যেলিটি নাই। ও এর মধ্যে আরো বেশ কয়েকটা রিলেশনে গ্যাছে। তুই তো জানিস-ই। তাতে আমার কিছু যায় আসে না। কারণ, আমিও তো গ্যাছি। বাট আমি প্রতিবারই শেলীকে ফিল করসি, মিস করসি। ট্রু। আসলে এটা সেও জানে। এইবারের আলাপটা একেবারেই সেনশনাল, সেনসেটিভ। জানিস, এইবার আমি পরিষ্কার বুঝছি, আমি শেলীর বাচ্চা নেবো না। এই মুহূর্তে কারণ জিজ্ঞেস করলে কারণ বলতে পারবো না। প্লিজ, ডোন্ট ডিগ মি। আমি এতোদিন পাগল ছিলাম, আমি শেলীর জন্য সব ভাবেই আবার থাকা শুরু করার জন্য রেডি ছিলাম। বাট নাউ…
পলাশীর সামনে থেকে আইসক্রিম কিনে খেতে খেতে তারা দুজনই চুপ মেরে থাকলো অনেকক্ষণ। রিকশা চলছে। এই শহর, এইসব রাস্তা প্রাণের ভেতরে ঢুকে যাওয়া। দুপুর বেলার খাঁ খাঁ রোদে, চারপাশটা রোদে কাঁপছে তির তির। তিতাসও কাঁপছে। ওর কথা বলার সময় গলার স্বর আরো হাস্কি হয়ে উঠছে। সিগেরেট আর ললি আইসক্রিমের কম্বিনেশনে সে এমনভাবে কথা বলছে, সেন্টেন্সে সেন্টেন্সে গলায় কান্না দলা পাকিয়ে খসখসে হয়ে উঠছে। কিন্তু তিতাস কাঁদছে না। ইউনিভার্সিটি-পলাশী-চানখারপুল-শহীদ মিনার-হাইকোর্ট-বাংলা একাডেমী হয়ে আবার ফুলার রোড, হুড ফেলে রিক্সায় ঘুরে বেড়াচ্ছে তারা শুক্রবারের ফাঁকা রাস্তায়। হঠাৎ করে তিতাস বলে উঠলো: আচ্ছা তুই কি জানিস, দেশে কোনো ভ্রুণ ব্যাংক আছে?
না, নাই। কনফার্ম নাই।
দেখ ইন্ডিয়াতেই কিন্তু ভ্রণ ব্যাংক আছে। ইউরোপে তো আছেই। আইনস্ট্যাইনের একটা স্পার্ম এখনো নাকি মিউজিয়ামে রাখা আছে। তিতাস উদাস হয়ে গলা উঁচু করে, মাথাটা পেছনে ঠেলে আকাশ দেখতে থাকলো। তারপর রাস্তার দিকে তাকিয়ে বললো, আমাদের এখানে একটা ভ্রুণের ব্যাংক থাকলে অনেক দারুণ হৈতো, তাই না?
সাবিন তার মুখের দিকে তাকালো। ওর চিক কাঁপছে, কিন্তু চোয়ালের এক্সপ্রেশন খুব শক্ত। চোখ ছলছল। এখন কোনো কথাই বলতে ইচ্ছা করছে না। আনডিফাইন্ড বন্ডেইজ–চেক ইন–চেক আউট…।
চুপচাপ। সাবিনের চোখের সামনে নানু আর সম্পর্কিত মামার অনেকদিন পর দেখা হবার দৃশ্যটা আবার রিসাইক্যাল বিন থেকে উঠে হাজির হল।
সরাবন বিবি আর ইয়াসিন গাজী যেভাবে দাঁড়ায়া ছিল উঠানে প্রথম দেখায়, জাস্ট ওইটুকুই। ওই দাঁড়ায়া থাকার দৃশ্যটা এত সিম্পল, মায়া আর ভালোবাসার আকুতি ভরা। মুভিং শট থেকে শুধু দাঁড়ায় থাকার একটা স্টিল শট, স্থির চিত্র চলতে থাকলো, রিক্সার ঘূর্ণন গতির পাশ দিয়ে।
—–
আর্টস-এ প্রকাশিত লেখা
লাল ব্যাসার্ধ্ব (গল্প)
অরুন্ধতী রায়ের নিউইয়র্ক বক্তৃতা: ইনস্ট্যান্ট-মিক্স সাম্রাজ্যীয় গণতন্ত্র (একটা কিনলে আরেকটা ফ্রি)
সরল রেখা (গল্প)
মকবুল ফিদা হুসেনের সাক্ষাৎকার
বারান্দার টবে তামাক চাষ (গল্প)
লেখকের আর্টস প্রোফাইল: শামীমা বিনতে রহমান
ইমেইল: sbinte@gmail.com
—
ফেসবুক পেজ । আর্টস :: Arts
