২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাদত হাসান মান্টোর গল্প: প্রয়োজনীয় ব্যবস্থা

আবদুর রাজ্জাক

Published : 11 Apr 2022, 07:47 PM

Updated : 22 Jul 2022, 02:46 AM


সালমান রুশদির ভাষায় সাদত হাসান মান্টো হলেন "Undisputed master of modern Indian short story." তবে তিনি একটি উপন্যাসও রচনা করেছিলেন। তার গল্পে সাম্প্রদায়িকতা, দেশভাগ, দাঙ্গা ও মানব চরিত্রের বীভৎসতা বারবার ঘুরে ফিরে এসেছে। এসেছে বোহেমিয়ান জীবন, সমাজের অন্ধকার জীবনের জটিলতা, মাতাল, পাগল, ভবঘুরে ও পতিতারা। তবে ভারত ও পাকিস্তান উভয় দেশেই অশ্লীলতার দায়ে নিষিদ্ধ হয়েছিল তার লেখা।

সাদত হাসান মান্টোর জন্ম ১৯১২ সালের ১১ মে ভারতের পাঞ্জাবের লুধিয়ানার পাপরউদি গ্রামের এক ব্যারিস্টার পরিবারে। ১৯৩৩ সালে ২২ বছর বয়সে তার পরিচয় হয় লেখক আবদুল বারি আলিগের সঙ্গে। আবদুল বারি আলিগের সঙ্গে এই সাক্ষাৎই ছিল মান্টোর জীবনে এক অন্যতম মাইলফলক। আবদুল বারি আলিগ একদিন তাকে বললেন, "মান্টো বিশ্বসাহিত্য জানতে চাও তো রুশ এবং ফরাসি ভাষা শিখে নাও। এটি ভীষণ কাজে দেবে তোমাকে। এই দুই ভাষাই বিশ্বসাহিত্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে আছে।" রুশ ও ফরাসি ভাষা দু'টি মান্টো অনেকখানি আয়ত্ত করেছিলেন। পরবর্তীতে মান্টো ফরাসি লেখক ভিক্টর হুগোর বিখ্যাত "The last Day of a Condemned Man"-এর উর্দু অনুবাদ করেছিলেন।

১৯৩৭ থেকে ১৯৪১ সাল পর্যন্ত তিনি মুম্বাইয়ে অবস্থান করেন। এখানে তিনি পত্রিকার সম্পাদক ও হিন্দি চলচ্চিত্রের সংলাপ রচয়িতা ও চিত্র নাট্যকার হিসেবে কাজ করেন। ৪৭-এ দেশভাগের সময় হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে মান্টোও তার শিকার হলেন। সেই সাম্প্রদায়িক দাঙ্গায় চরম আঘাত পেয়েছিলেন মান্টো। চেনা মানুষগুলো অচেনা হয়ে উঠলো। এতদিনের চিরচেনা মাতৃভূমি ছেড়ে তিনি চলে এলেন অচেনা লাহোরে- অচেনা দেশ, অচেনা ভূমি। পাকিস্তানে এসে আরো অসহায় হয়ে পড়লেন তিনি। মদের প্রতি তার আকর্ষণ ছিল আগে থেকেই। এই পরবাসে এসে বন্ধু আর সহায়হীন হয়ে তা হয়ে গেল নেশা। অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার সিরোসিসে ১৮ জানুয়ারি, ১৯৫৫ সালে লাহোরে তিনি মারা যান। মান্টোর এই গল্পটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন আবদুর রাজ্জাক।

প্রয়োজনীয় ব্যবস্থা
সাদত হাসান মান্টো

হামলায় প্রতিবেশী সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ খুন হলো আর যারা প্রাণে বেঁচে গেল তারা দৌড়ে পালালো। এক লোক তার স্ত্রীসহ তাদেরই বাড়ীর বেজমেন্টে গিয়ে লুকালো।
যেকোনো মুহূর্তে ধরা পড়ে যাওয়ার ভয় নিয়ে দুই রাত তারা সেখানে লুকিয়ে থাকলো।

আরও দুই রাত কেটে গেল। মৃত্যু ভয় তাদের মন থেকে মুছে যেতে থাকলো এবং সেখানটায় জায়গা করে নিল ক্ষুধার যন্ত্রণা।

কেটে গেল আরও চারটি রাত। কিন্তু ইতোমধ্যে তারা এমন একটা বোধে উপনীত হলো যেখানে বেঁচে থাকা কিংবা মরে যাওয়া নিয়ে সত্যিকার অর্থে তাদের মাঝে আর কোন ভাবনা কাজ করলো না। তারা তাদের গুপ্ত আশ্রয়স্থল থেকে বেরিয়ে এলো।

অতি ক্ষীণকন্ঠে লোকটি তার বাসার জবরদখলকারী নতুন বাসিন্দাদের বললো, "আমরা আত্মসমর্পন করছি। দয়া করে আমাদেরকে হত্যা করুন।"
তারা বললো, "আমাদের ধর্মে হত্যা নিষিদ্ধ।"

তারা ছিল জৈন সম্প্রদায়ের যারা সর্বপ্রাণের প্রতি শ্রদ্ধাশীল।

পারস্পরিক বোঝাপড়া শেষে পলায়নপর দম্পতিকে পাশের পাড়ার অ-জৈন প্রতিবেশীদের হাতে তুলে দেয়া হলো 'প্রয়োজনীয় ব্যবস্থা' গ্রহণের জন্য।