২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওরা বরিশাল যায়

নকিব ফিরোজ

Published : 22 Mar 2022, 10:23 AM

Updated : 22 Jul 2022, 02:46 AM


চিত্রকর্ম: কাজী রকিব

সুন্দরী নূরজাহানকে পরহেজগার মালেক মুসল্লি তালাক দিয়েছিল, ছেলে মোসারপের তখন সাত বছর। যুদ্ধের পর সেই অভাবকালে, খেয়েপরে বেঁচে থাকার উপায় না পেয়ে ছেলে নিয়ে শহরে চলে যায় নূরজাহান। মালেক মুসল্লি আবার বিয়ে করে নতুন সংসার পাতে। স্বাধীনত্তোর কঠিন পরিস্থিতিতে নূরজাহানের মত বিপদগ্রস্ত মানুষের কথা গ্রামে আর কেউ মনে রাখে না।
অনেক বছর পর যুবক হয়ে ওঠা নূরজাহানের ছেলে মোসারপ গ্রামে আসা যাওয়া শুরু করে। তখনও তার বাবা মালেক মুসল্লি বেঁচে ছিলেন। তার দ্বিতীয় বউয়ের পেটে পাঁচ ছেলেমেয়ের জন্ম হয়,তাদের খাওয়াতে পরাতে তখন হিমশিম খাচ্ছে মুসল্লি। এ অবস্থায় দেশে ফিরে মোসারপ বাবাকে টাকাপয়সা দিয়ে বেশ সাহায্য সহযোগিতা করে। বাবার সম্মতিতে পুরনো ঘরের পাশে উঁচু করে টিনের চৌচালা ঘর তোলে। তারপর নিয়মিতই আসাযাওয়া করতে থাকে, যদিও বাড়িতে বেশি সময় থাকে না,থাকলেও দরকার না হলে বাইরে তেমন বের হয় না,কখন আসে কখন যায়, বেশিরভাগ মানুষ টেরও পায় না। এনিয়ে কেউ তেমন মাথাও ঘামায় না, কারন বরিশালেও তার বাসা আছে,তার মা সেখানেই থাকে। তবে তার টাকার গরম মানুষকে কৌতূহলী করে তোলে।

কিছুদিন পর মোসারপ একটি কিশোরী মেয়েসহ তার স্বাস্থবতী বউকে বাড়ি নিয়ে এলে কানাঘুষা চলে যে বউ তার চেয়ে বয়সে কিছু বড় হবে। তবে পাড়া প্রতিবেশির সাথে সুসম্পর্ক রেখে চলায় এবং তার খরচের বহর দেখে গ্রামের লোকজন সমীহ করে চলে তাকে। তবে কখন সে বাড়ি আসে কখন যায়,সহজে জানা যায় না,জিজ্ঞেস করলে বলে,বরিশাল গেছে।
মাঝেমধ্যে তাকে বাসে গাড়িতে বিভিন্ন পথে চলাচল করতে দেখে কেউ কেউ। সে বলে, বিভিন্ন জায়গায় তার জমিজায়গা দোকানপাট আছে সেসব দেখাশোনার জন্য যায় সে। কয়েক মাইল পায়ে হেঁটে অন্য রুটের গাড়িতে যাতায়াত করে সে।খুব ভোরে যায়,গভীর রাতে ফেরে,এর বেশি কিছু তার সম্পর্কে জানা যায় না।
তবে কৌতূহলিরা তার মায়ের সম্পর্কে কিছু কিছু তথ্য জানতে পারে যার সত্যমিথ্যা কেউ যাচাই করতে যায় না, যাতে জানা যায়,শহরে গিয়ে প্রথমে তার মা মানুষের বাড়িবাড়ি কাজ করতো,একসময় দেহ ব্যবসায়ও জড়িয়ে পড়ে,শেষে নানারকম প্রতারণা শুরু করে,জেল-হাজতেও যায় মাঝেমধ্যে ।তবে সুন্দরী হওয়ায় এবং পুলিশের সাথে হাত থাকায় তার কিছুই হয় না।এসব নিয়ে কৌতূহলি লোকদের মোসারপ সমঝে চলে,পথেঘাটে সালাম দেয়,হাটখোলার দোকানে চা নাস্তা খাওয়ায়,তাই নিশ্চিত করে তার সম্পর্কে কেউ কিছু বলে না,আর মোসারপও এলাকায় এমন কিছু করে না,যাতে খারাপ বলা যায়,যদিও জানা যায় সে মাদকে আসক্ত। মোসারপের মা কখনও এবাড়িতে আসে না।

বছরে দু'একবার একটানা বেশ কিছু দিন গ্রামে তাকে দেখা যায় না,তাতে সকালের মাছের বাজারে আসা লোকজন স্বস্তি বোধ করে এজন্যে যে ভালো মাছগুলো তারা কিনতে পারে, মোসারপ থাকলে বেশি দামে সেগুলো কিনে নিতো,এর বেশি ভাবনা মোসারপকে নিয়ে কারো ছিলো না। এভাবেই সে একটা রহস্যময় সুখি জীবন যাপন করছিল নির্বিঘ্নে। গ্রামের সবার সাথেই সুসম্পর্ক থাকলেও অধিকাংশ মানুষের সঙ্গ প্রায় এড়িয়েই চলে সে, দুএকজনমাত্র যুবকের সাথে ঘনিষ্ঠতা দেখা যায় যারা মাগনা দুএকটা সিগারেট বা হয়ত একআধটুকু মাদকও খেতে পেয়ে প্রশ্নহীন আনুগত্যে সাহচর্য উপভোগ করতো,তারা তার বাড়িতেও যাতায়াত করতো,তাদের মাধ্যমে জানা যায় তার পূর্বে আরেক স্বামীকে তালাক দিয়ে মোসারপকে বিয়ে করেছে, কিশোরি মেয়েটির বাবা তার আগের স্বামী।

মোশাররফ সুখী কি না,বন্ধু মহলে তা নিয়ে সংশয় দেখা দেয় এক পর্যায়ে,যখন নেশাগ্রস্থ হয়ে নিজেকে দুঃসাহসী প্রমাণ করতে চেয়ে কোনও বন্ধুর সামনে নিজেকে রক্তাক্ত করতো সে, ব্লেড দিয়ে নিজের শরীরের বিভিন্ন স্থান, বিশেষত পোশাকে ঢেকে থাকে হাতপায়ের এমন জায়গাগুলো চিরে চিরে ফেলতো আর ফিনকি দিয়ে রক্ত বের হতো আর দাঁতেদাঁত চেপে সেদিকে তাকিয়ে থাকত আর কী এক কষ্টে তার মুখ বিকৃত হয়ে উঠত, টপটপ করে চোখ থেকে ঝরে পড়তো পানি কিন্তু মুখে মাগো ছাড়া কোনও আহাউঁহু শব্দ করতো না। তার এসব কর্মকান্ড যুবকদের কাছে অন্যরকম শক্তি ও সাহসের পরিচয় বলে মনে হত কিন্তু এমন আচরণের কোনও কারণ তাদের জানা ছিল না। বউয়ের সাথে মাঝেমধ্যে তার ঝগড়াঝাটি হতো কিন্তু সেজন্য কী কেউ এমন করবে? তা মনে করতো না কেউ। এর মাঝে মোসারপের বউ একটি ছেলে জন্ম দেয়।

ক্রমে বউয়ের সাথে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে মোসারপের, ঝগড়াঝাটি বাড়তে থাকে, তার বউ দেখতে শুনতে শরীর-স্বাস্থ্যে যেমন কম না, তেমনি তেজীও। মোসারপকে সে ভয় করতো না,আর মোসারপ প্রায়ই বাড়ি থাকতো না বলে অবাধ স্বাধীনতাও ভোগ করতো সে। বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রাখতো সে, কথা বলতো ফোনে।
ছেলেটার বয়স বছর খানিক হয়ে আসলে, মোসারপের বউও মাঝেমধ্যেই শহরে গিয়ে থাকতো। জিজ্ঞেস করলে বলতো বরিশাল গেছিলাম।
একদিন ভোররাতে মোসারপের বাড়িতে হৈচে কান্নার শব্দ শুনে প্রতিবেশিরা গিয়ে দেখতে পায় মোসারপ মারা গিয়েছে।জানা যায়,কয়েকবার দাস্তবমি করেই তার প্রাণ চলে যায়,ডাক্তার ডাকার সময়ও দেয়নি। বিছানায় পড়ে আছে নীল হয়ে যাওয়া তার নিথর দেহ।

মোসারপের এই হঠাৎ মৃত্যু গ্রামের মানুষের কাছে অস্বাভাবিক মনে হয় না কারণ সবাইই বিশ্বাস করে, হায়াত মউত আল্লার হাতে, যেকোনও সময় মৃত্যু হতে পারে যে কারো,তবে তারা আফসোস করে, এমন একটা সুখের জীবন লোকটার কপালে সইলো না, যেন তারা কষ্ট পায়, মানুষ তো খারাপ ছিল না সে,কারও ক্ষতিও সে করেনি।
মোসারপের বউ খুব সহজেই যেন মেনে নিতে পেরেছিলো এ বাস্তবতা। ছেলেমেয়ে নিয়ে যথারীতি কাটে তার দিন।
কিছুদিন পর মালেক মুসল্লিও মারা যায়। এর পরই মোসারপের মা গ্রামে এসে ছেলের ঘরে ওঠে। এতদিন আসেনি জেদ করে, যে স্বামী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার জীবদ্দশায় এ বাড়ি সে আসেনি। এখন নাতি ও ছেলের বৌয়ের সাথে থাকতে শুরু করে।
সেই থেকে মোসারপের বউ নিয়মিত বরিশাল যায়, আসে, মাঝেমাঝে আসে না।