উইপিং উইলো ও নিহা–শেষ পর্ব
চিত্রকর্ম: মনিরুল ইসলাম
সেদিন ফেরার সময়ও নিহার পাশে বসা হলো না বেচারার। রানী বসলো। তার জন্মদিনে তার শোফারের সাথে তারই তো বসবার কথা। একদম পিছনের সিটে নন্দিনী ও তার বর। মাঝের সিটে নিহা একা। সামাজিক দূরত্ব বজায়ে রেখে ওরা এক গাড়ীতে বেরিয়েছে, নিহাকে ওর বাসায় নামিয়ে দিয়ে ফিরে যাবে। গাড়ীতে উঠতে গিয়েই সাইদ মাইনর রানীকে সামনের সিটে পাশে বসালে পুলিশ ধরলে কি হবে তা নিয়ে নন্দিনী বা তার বরের সাথে এমন এক ড্রাইভার ড্রাইং ড্রামা শুরু করার আভাস দিলে যে নিহা বাধ্যই হলো প্রতিজ্ঞা করতে সহসাই সাইদের সাথে সে বের হবে। আজ রানী আনন্দিত থাকুক।
সেই প্রতিজ্ঞা রক্ষার রাত আজ। আর তাই এবং তারপর শুরু হয়েছে ঐ লোকের বিশ্বঘোরা। ঘুরছে ঘুরছে ঘুরে বেড়াচ্ছে ডালাসময়। জজ বুশ টোল ওয়ে হয়ে ১১৪ আর ৬৩৫ হাই ওয়ে হয়ে আরও কোথায় কোথায় চককর কেটেই চলেছে চরকির তালে , থামাথামি নেই। এই রাত এই সড়ক এই মহাসড়ক সবই যেন আজ কেবলই সাইদ নামের এক পাগলের মাতামাতির জন্য।
বলছেও, বহুদিন ধরে তোমার পেছনে এভাবে ভব ঘুরের মতন ঘুরে মরছি। তুমি ফিরেও তাকাচ্ছো না। আজ তোমাকে বোঝাবো যে চরকি কাটে মনের সুখে এক সময় তারও কষ্ট লাগে সেও থামতে চায়। চাঁদ ঘুরছে সূর্য্যরে চারদিকে, এটাই জানে সবাই। অথচ সূর্য্য ঘুরছে তোমার চারদিকে। নন স্টপ। এটা তুমিও দেখ না !
নিহা বলল, আমার রাতের ডালাসে ঘুরে বেড়াতে কোনই খারাপ বা কষ্ট লাগছে না। তুমি রাত ভর ঘুরতে পার।
সাইদ খুব অবাক হয়, বলে, রাতভর ঘুরবো?
হ্যাঁ ঘোর। ঘুর। ঘুরতে থাক। মনে হচ্ছে ঘোর লাগা রাত যেন এটি।
সাইদ বলে, সারারাত আমার সাথে থাকতে পারবে।
হ্যাঁ পারবো।
সাইদ ঊহ-হু বলে শিষ দিয়ে উঠে বলে, হঠাৎ এত সাহসী বালিকা।
নিহা উত্তরে হাসলো শুধু।
ঐ ছেলে সাথে সাথে বলল, চল এই খুশিতে আইসক্রীম খাই।
পাবে এই সময়ে। সব দোকান পাটই তো বন্ধ।
বসে খেতে দেবে না নিহি। তবে নিয়ে তো চলে যাওয়া যাবে।
আইক্রিমের দোকানে ঢুকে মনে হলো এক্কেবারে ইগলুদের দেশে চলে এসেছে যেন তারা । চারিদিকে প্রটেকশন, ঐ কোভিট-১৯ এর বিপক্ষে দাঁড়ানো শক্তিশালী দল। প্রচুর হাইজিন ম্যানটেইন করা কর্মচারিরা যেন নোভোকাশ যানে করে আইসক্রিম দিয়ে গেল। কিন্তু ওটা মুখে দিতে না দিতেই সাইদ বলল, ওহ্ নো নিহা করোনাতে শুধু গরম কিছু খাওয়া দরকার। নো আইসক্রিম। চল কফির দোকানে যাই, নিহা বলল, খালি অপচয় কর।
চল চল , চল তো আগে।
গাড়ীতে স্টাট দিতে দিতেই বললো, বাহ্ হঠাৎ যে তুমি আমার টাকা পয়সার হাল ধরছো ধরছো ভাব করছো এতে তোমাকে আমার কয়েন কয়েন মনে হচ্ছে।
কি? কি মনে হচ্ছে, কয়েন, পয়সা!
হ্যা, আমার সেই বাংলা খালাকে তো খালু ডাকেন বাংলাতে ঐ কয়েন যা হয় তাই। গিনি না মিনি কি যেন।
নিহা হাসতে শুরু করলো, বলল, আরে পাগল, ওটা গিন্নি। গিনি সোনা না। যত্তসব। এই পাগল শোনে একটা বুঝে আরেকটা।
সাইদ সাই করে ড্রাইভ থু দিয়ে দুই মগ কফি নিয়ে নিলো তারপর দাড় করিয়ে দিল গাড়িটা রাস্তার পাশে। পাশেই লেক। সাইদ বলল, চল এই লেকের পাশে একটু ঘুরে দেখি।
নামলো গাড়ী থেকে। নিহা বললো , চল।
একা নিঃসঙ্গ লেকটি, লোকালয় চারধারে খুব বেশী কিছু নেই। ধানমন্ডীর লোকের মতন এর চারপাশে অতি অবশ্যই কোন চায়ের দোকানও নেই। নিহার মনে হলো থাকলে ভাল হতো। এই কফির চেয়ে ঐ মুদির দোকানের চা তার আরো বেশি ভাল লাগতো। সাইদ কফিতে চুমু দিয়ে মগটা হাতে নিয়ে বলল, চল লেকের পাশে হেটে ঐ কফি শেষ করবো। যতক্ষণ শেষ না হবে ততক্ষণ হাটবো।
নিহা বলল, তাহলে আর হয়েছে শেষ তোমার ঐ কফি।
এতই যখন জান আমাকে তখন বল তো আমার মনে এখন কি চলছে।
নিহা বলল, এখন হাটতে বলা হয়েছে ছয়ফিট দূরে দূরে থেকে। দূরে দূরে হাটো।
সাইদ ভাল ছেলের মতন ঠিক গুনে গুনে ছয় পা দূরে গেল। এক কি দুই মিনিট ভাব করলো হাটছে। কথা শুনছে। পরে মুহূর্তেই দৌড়েই এসে পাশে দাঁড়ালে যেন বাতাসের ধাককায় এসেছে। বাতাসে দূরে থাকা যাচ্ছে না এমন ভাব। বলছে, কি ফুরফুরে বিশুদ্ধ বাতাস। সব জীবানু উড়ে যাবে, উবে যাবে।
নিহা চোখ পাকিয়ে তাকালো।
সাইদ সাথে সাথে বলল, আরে হাত তো আর ধরছি না। গ্লোভস পরা হাত দেখে দেখে তো আমার আজকাল মনে হচ্ছে ফিংগার নেই কারো, আংটি পরাবো কিভাবে আঙ্গুলে ? এখন তো বলছে কোন সমাগম এতজন অতজন কত কি ফিগার বলছে এর বেশি হতে পারবে না। ৫০ জন থেকে কমতে কমতে শেষে দুইজনও থাকবে না। তখন বিয়ে করাটা খুবই রিস্কি হয়ে যাবে। আমার মাদার বলেছেন হ্যাং হয়ে যাবে। তাই আমি কুইক বিয়েটা করে ফেলতে চাই।
নিহা চুপচাপ তাকিয়ে আছে দেখে সাইদ উৎসাহ বা সাহস পেয়ে বলল, আমার পাশে একটু থাকলেই তোমাকে আমি শিখিয়ে দিতে পারবো সব 'নো' কে কিভাবে 'ইয়েস' করা যায়।
ওয়াও, পারবে। বলে নিহা হাসে, চোখ নাচায়। সাইদ বলে, পারবো না কেন। উদাহরণ থেকেই তো বলছি। তোমাকে কি বলি নাই যে আমাদের অফিসের এক লোকের করোনা সাসপেক্ট করায় তাকে বাসায় পাঠনো হয়েছে কোয়ারান্টাইলে। বাসায় থাকতে থাকতে তার বউয়ের সাথে প্রেম হয়ে গেছে আর আর বান্ধবীর সাথে ছাড়াছাড়ি। বন্ধুদের এখন ঐ মেয়ে বলে বেড়াচ্ছে একি তছনছ অবস্থা করলো করোনা। এটা থেকে আমি শিক্ষা নিয়েছি, ভাবছি সর্বোক্ষণ তোমার আগে পিছে ঘুরবো। কি বল?
নিহা এবার মায়াভরা চোখে বলল, সে তো করেই চলেছো। এত হ্যাংলামো কর কেন বলতো, চাইলেই কত ভাল একটা মেয়েকে বিয়ে করে সংসারী হয়ে যেতে পার, বলতো।
সাইদ সাথে সাথে তার দুটো আঙ্গুল নিজের চোখ থেকে নিহার দিকে তাক করিয়ে দেখিয়ে বলল, তাইতো চাইছি।
নিহা হাসলো। মুখও বাকালো একটু। ভাবখানা, এ কে আর কে বুঝাবে। এরকম আঠার মতন জোকের মতন লেগে থাকলে ভালতো বাসবারই কথা। একদিন ভাল রকমেই বেসেও ফেলবে। বুঝতে পারছে এরকম একজন ক্রমাগত পিছু ধাওয়াকারী সহসা দ্বিতীয়টা সে পাবে না, সবাই পায় না। সেই কবে থেকে লেগে আছে। কতকি নামে ডেকেছে। মেঘা, আকাশী, বাতাসী, হরিনী, আঙ্গুরলতা কতকি। যা যখন মন চায় তাই ডাকে। রাগ লাগতে লাগতে এখন দেখছে রাগের থলি শূন্য হয়ে গেছে। আর রাগও হয় না। পাগল একটা। বড্ডবেশী পাগল।
নন্দিনী আজকাল খুব চলে গেছে এই পাগলের পক্ষে। আর যবে থেকে জেনেছে শারলট মেলোডীদের ঘটনাটা সেই থেকে আরো পেরেশান, আরো অস্থির। তাকে একটা কোথাও সুরক্ষিত না করতে পারলে ঐ মেয়ের যেন জান যাচ্ছে। সারাক্ষণই বলছে সে এখন আর এই পৃথিবীর কোন কিছু বুঝতে পারছে না। আসলে সব সময় সব কিছুই ছিল। আগে দেখা যেত না। এখন যায়। আগেও গে ছিল কিন্তু গোলাকার বিশ্বে গোলক ধাঁধাঁয় ওরা ছিল না সরলরেখার মতন দৃশ্যমান। নন্দিনী ঘরে থাকা একটি মেয়ে সে তাই জানে না অনেক কথাই । বলে এখন অনেকেই অনেককে। সবই এখন উন্মুক্ত সবার জন্য। এখন মেনেও নেয় অনেকেই অনেককিছু। অনেকেই বলছে তারা বুঝতে পারছে প্রকৃতির খেলা বহুবিধ। হাত নেই কারো অনেক কিছুতেই। হয়তোবা এটি শুধু প্রকৃতিরই অনিবার্য একটি এক ধরনের পরিনতি। অনেকেরই কাছে এ শুধু কেবল অপরাধই হয়তো নয়, ঘৃন্য অপরাধ, অপবাধও তাই দেওয়া হয় প্রচুর। কিন্তু তারপরও এরা এমনই, এটাই সত্যি।
মমতা হয় নিহার। মায়া লাগে আজকাল। বুঝতে পারে তার মনোজগত ঠিক আর দশজনের মতন নয়। সাদাকে শুধু সাদা না দেখে আরো কিছু দেখতে পারে। কালোর মাঝে লুকানো আরও সব রংকে ধরতে চায়, পারেও মাঝে মাঝে। শুধু কালোটুকুই দেখে না। আলোটুকুও দেখতে চায়। সব কিছুই সতত প্রতিষ্ঠিত সত্যের উপর নির্ভর করে চলে না সেটাও বুঝতে পারে, মানতেও। বুঝে গেছে মানবতাবাদী হওয়াই সবচেয়ে বড় সত্য। গতকাল শারলটকে দেখেছে দূর থেকে। তাকে দেখে দূর থেকেই হাই বলেছে। আগের মতন তার কিউবে ডাকেনা। সক্রেটিস যেন সরে গেছে কোথাও। আশ্চর্য্য সে কি লুকিয়ে রাখতে চেয়েছিল তার ঐ পরিচয়টুকু তার কাছ থেকে। দরকারই বা কি। তাকে বলার বা না বলার কোনটারই বা কি দরকার তাও সে বুঝেনা। সে তো শুধু কাজের সঙ্গী। অফিস যায় একটু দেখা হয়। না গেলে দেখা নেই। ভাবছে বটে এমন কিন্তু তারপরেও কি কোথাও কোথাও চক্ষুর পর্দার ব্যাপারটা আছে। সবাই কি অন্যের চোখে নিজেকে সম্মানীত দেখতে চায়। সক্রেটিস কি ভাবছে তার চোখে অন্য কিছু দেখবে এখন, নিহার ভেবে মন খারাপ হয়ে যায়। সেখানে এখন অন্য কিছু থাকলেও সক্রেটিসকে কি সে তা দেখাবে। দেখাবে না। কিন্তু ঐ যে মনের ভিতর দ্বিধা তাই সক্রেটিসকে ভোগাচ্ছে।
আহা কি যাতনায় আছে সক্রেটিস।
পরদেশী একটি মেয়ে তাকে নিয়ে ভাবলো কি, তাইবা এত তাকে কেন ভোগাচ্ছে। মেলোডী ওইদিকে নির্বিকারভাবে তাকে মেসেজ পাঠিয়েই যাচ্ছে। এটা ওটা খোস গল্প। তার নতুন অফিসের গল্প। আজ সকালে তাকেও মেসেজে জবাব দিয়েছে। শুধু চ্যাটের শেষে মেলোডী যখন লাভ সাইন দিল, সাধারণভাবেই স্বাভাবিকভাবেই হয়তোবা সে এই ইমোজী দিয়েছে, কিন্তু জবাবে নিহা তা দিলো না। মনে হলো, না জানি আবার কি ভেবে বসে, কোন ভুল মেসেজ পায় । দরকার নেই ঝামেলায় গড়াগড়ি করবার। সে তাই শুধু লিখেছে ভাল থেকো।
আশ্চর্য্য সে যা ভাবছে সাইদও তাই জানতে চাইলো, বলছে তোমার কলিগ বান্ধবীদের খবর কি? তোমাকে ওদের দলে ভিড়ানোর চেষ্টা শুনেছিলাম করে যাচ্ছে। কতদূর সফল,মেলোডী না কে ফুল পাঠিয়েছে শুনলাম। বলে হাসলো।
নিহা অবাক হয়ে তাকাতেই বলল, আমার অনেক স্পাই আছে তাদের থেকেই জেনেছি। নিহা জানে স্পাই হচ্ছে নন্দিনী, সেই ফাঁস করে যাচ্ছে ।
সাইদ হেসে বলছে, তুমি যে ওদের সাথে লাঞ্চ করতে গিয়েছো ওটুকু জানলেও তোমার সেই আদি গ্রামে আর ঢুকতে পারবে না। তুমি নিষিদ্ধ হয়ে যাবে। অপা হয়ে যাবে। ধোপা বাড়ি যেতে হবে।
অপা কি?
সাইদ সাথে সাথে আরো উৎসাহ নিয়ে বলল, তাতো জানি না নন্দিনী ভাবী বলছিলেন।
নিহা ভ্রæ কুচকে বলল,অপাংতেয় বলেছে।
একদম ঠিক ধরেছো নিহা, রাইট।
তো তারপরে ধোপাবাড়ী কেন সাইদ?
ঐ আর কি ধোপাদল যেমন কাপড় পিটায় তোমাকে তেমনিভাবে গ্রামবাসী ধোলাই দিয়ে পরিষ্কার করে নেবে। বলে সাইদ হাহা করে হাসতে লাগলো।
নিহা বলল,নন্দিনী তাহলে তোমাকে ওয়াশিং মেশিনের যুগে ধোপা বাড়ির কথা বলছে।
সাইদ তাড়াতাড়ি নন্দিনীর পক্ষে গিয়ে বলল, আরে সি ইজ ভেরী ওয়ারিড ফর ইউ ম্যম। আমার জন্যও।
তোমার জন্য কেন সাইদ? তোমার কি হয়েছে?
আরে ভাবী জানে তো আমি প্রেমে পড়েছি তাই উনি ভয়ে আছেন আমি না আবার সত্যি সত্যিই সুইসাইড জাতীয় কিছু করে বসি।
তার মানে তুমি ওইরকম কোন হুমকী দিয়েছো যে তুমি সুইসাইড করতে পার। খামোখাই মানুষকে ভয় কেন দেখাও সাইদ বলতো! আজগুবি আর বাজে বকবক করবা না আর , স্টপ ইট।
বলবো। বলেই যাব। তুমি কি ভয় পাও।
এই সব বায়নাতে কোন কাজ হবে না।
কি করলে কাজ হবে, তোমার মন পাওয়া যাবে, বলতো।
পাবে না আগেই তো বলেছি,ওটা গাছের উপর তুলে রেখেছি।
কোন গাছে, নাম বল, গাছের গোড়া দিয়ে কেটে পেড়ে নেব।
নিহা এবার হাসলো, বলল, কোথায় কবে কোন গাছে যে রেখে এসেছিলাম নিজেই ভুলে গেছি।
সাথে সাথে এক লাফে উঠে বলল,
সব গাছ কেটে দেই। এই পৃথিবীকে ট্রি ফ্রি করে দেই। তারপর শুধু দাঁড়িয়ে থাকবো তুমি আর আমি।
নিহা হাসতে থাকে। এত পাগল কেন এই ছেলে। নিহা বলে, শোন, চল আমরা ঐ ব্রীজে উঠে লেকে পা ঝুলিয়ে বসি। চাদটা ঠিক আমাদের চোখের সামনে থাকবে। বাতাসও যেন কেমন বিড়বিড় করছে, কত কি বলছে।
সাইদও সাথে সাথে বলল, চল, নেচার আপন মনে স্পিকিং করছে। আমার হাত ধরো। নিয়ম আছে হাত ধরে ব্রীজে উঠতে হয়। আমি মহাভারতে এটা পড়েছি এখন তাহলে হাত না ধরলে মহান মহাভারত অশুদ্ধ হয়ে যাবে।
নিহা হেসে হাত বাড়ায়। জানে, দরকার মতন এই লোক সব সাগর মহাসাগর শুষে পেট বানানো বিদ্যার ভান্ডার জাহির করবে।
পিংক ব্লজম আর হোয়াইট ব্লজম গাছের সারি ব্রীজের ওধারটায়, নিহা দেখে অবাক হলো, ধানমন্ডীর লেকের পাড়েও ছিল কৃষ্ণচ‚ড়া আর রাধাচ‚ড়ার সারি। ওখানেও একদিন বসা হয়েছিল সেই একজনের সাথে। কত বছর আগেকার সেই একটা দিন। কতবার অনেকবার বহুবার করে যে মনে পড়ে, তাও না। হঠাৎ হঠাৎ এমন সময় গুলোতে দৃশ্য গুলোতে দিনগুলোতে মনে পড়ে যায়। হঠাৎ হঠাৎ-ই। এটা কি আসলে মনে পড়া না স্মৃতির রিপ্লেসমেন্টে হঠাৎ-ই পুরাতনকে এক ঝলক দেখে ফেলা। পুরাতনকে ঢেকে দিচ্ছে নতুন কিছু। হ্যাঁ তাই। সেটাই। এটাই ঠিক। তবে তাই হোক। নতুন আসুক। নতুন আসুক আশা আর ভালবাসায় , ঢেকে যাক পুরাতন।
সাইদ ব্রীজে উঠেই কাঠের উপর ধুপ করে হাটু গড়ে বসে পড়লো।
নিহা বলল, কি কর।
সাইদ বলল, প্রেকট্রিস করছি।
নিহা চোখ বড় করে বলল, কিসের?
যেদিন আমি তোমাকে প্রপোজ করবো, জানতে চাইবো, উইল ইউ ম্যারী মি নিহা, সেদিন কিভাবে করবো।
নিহা বলল,করলে এখনই কর। সেকেন্ড চাঞ্চ পাবে না।
বলে নিহা হাসলো। ধরেই নিয়েছে এই ছেলের কাছে আংটি নেই। কিন্তু ব্যাপারটা সেরকম হলো না।
সাইদ সাথে সাথে আংটি বের করে বলল,
বহুদিন ধরেই এটা সাথে নিয়ে ঘুরছি। আজ আংটিকে তার ঠিক জায়গায় পৌঁছে দিতে চাই। বিয়ে করো মেয়ে আমাকে,ম্যারী মি নিহা।
নিহা অবাক হয়ে চেয়ে থাকলো। হঠাৎ জলে ভরলো চোখ। আংটির হিরার পাথরগুলো উঠলো ঠিকরে, যেন দেখাতে আগামীর পথ।
নিহা হাত বাড়ালো, ধরতে আগামী।
(সমাপ্ত)
