২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তসলিমা নাসরিন : রত্নার ঠিকানা

তসলিমা নাসরিন তসলিমা নাসরিন

Published : 02 Mar 2022, 03:06 PM

Updated : 22 Jul 2022, 02:46 AM


শিল্পকর্ম: রাকীব হাসান

রত্না কল্পনাও করেনি এমন হবে। এ ঠিক ঝড় নেমে আসা নয়, সব ভেসে যাওয়া নয়, তারও চেয়ে বেশি। সুভাষ মরে যাওয়া মানে রত্নার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া। টুকটুকির পড়াশোনা কে চালাবে, কে তাদের খাওয়াবে, পরাবে, সে জানে না। সড়ক দুর্ঘটনায় থেতলে যাওয়া সুভাষের লাশটি সামনে নিয়ে স্তব্ধ বসে থাকে রত্না। পড়শি এক মাসি হাত চেপে চেপে তার শাঁখা খুলে ফেললো,লাশের পায়ের কাছে মাথা চেপে ধরে বুড়ো আঙুল দিয়ে ঘষে ঘষে তার সিঁদুর তুলে ফেললো। সেই মাসিটিই টেনে তাকে ঘরে নিয়ে লাল শাড়িটি খুলে ফেলে সাদা একটি থান ছুড়ে দিল পরতে। সাদা থানটি জড়িয়ে রত্নার মনে হতে থাকে ট্রাকের একটি ধাক্কা সুভাষকে আচমকা স্থবির করে দিয়েছে, সেই ধাক্কাটিই যেন রত্নার গায়েও এসে লেগেছে, রত্না মরেনি কিন্তু তার জগত ভয়ঙ্কর রকম তছনছ হয়ে গেছে। সুভাষের সঙ্গে তার সম্পর্ক যে খুব মধুর ছিল, তা নয়। টুকটুকির জন্মের পর সুভাষ খুব মন খারাপ করে থাকতো, কন্যাসন্তান জন্মের সব দোষ সে রত্নাকে দিত। পুত্র জন্ম দেওয়ার জন্য রত্নার ওপর কম চাপ সে সৃষ্টি করেনি! পর পর দুটো মিস্ক্যরেজ হওয়ার পর রত্নার সঙ্গে সুভাষের শারীরিক দূরত্ব না বাড়লেও মানসিক দূরত্ব বেড়ে গিয়েছিল। সুভাষের মৃত্যু রত্নাকে যত না পীড়িত করছে, তার চেয়ে বেশি পীড়িত করছে তার অনিশ্চিত ভবিষ্যত। শরীর পালকের মতো হালকা হয়ে উঠছে, আবার পরক্ষণেই পাথরের মতো ভারি।

সুভাষকে পছন্দ করে বিয়ে করেছিল রত্না। শূদ্রের পুত্র সুভাষ পালের সঙ্গে বিয়েতে মুখার্জি বাড়ির কারো আপত্তি ছিল না। তার বড়দাও জাতের বাইরে বিয়ে করেছে। রত্নাদের বাড়িতে পুজো আচ্চা হতো না, ধর্মের রীতি নীতিও কেউ মানতো না। তাদের বাড়ি আর দশটা হিন্দু বাড়ির মতো ছিল না। বাবা সুবিনয় মুখার্জি অল্প বয়স থেকেই কম্যুনিস্ট, মা-ও ছিলেন একই দলে। রত্নার দুই দাদাও বাবা মা'র মতোই, ধর্মকর্মে আগ্রহ নেই, জাতপাতের তোয়াক্কা করে না। বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, প্রথম দিকে সরকারি চাকরি করলেও পরে ইস্তফা দিয়ে রিয়েল এস্টেটের ব্যবসা করতেন। বিয়ের সময় রত্নাকে গয়নায় মুড়িয়ে দিয়েছিলেন তার বাবা। খাট পালঙ থেকে শুরু করে নতুন সংসারের সব আসবাব তো দিয়েছেনই, সুভাষকেও সেরা কোম্পানীর মোটর বাইক দিয়েছেন। কয়েক লাখ টাকাও দেওয়া হয়েছিল হাতে। একান্নবর্তী পরিবারে কয়েক বছরের মধ্যে সবই উধাও হতে সময় লাগেনি। সুভাষের ব্যবসায় গেছে,গয়না বন্ধক রেখে টাকা নেওয়া হয়েছে। আর বাকিটা নিরাপত্তার জন্য রাখা হয়েছে শাশুড়ির সিন্দুকে।

রত্নাকে শ্বশুরবাড়িতে হবিষ্যি খেতে হয়। তার ওসব খেতে ভালো লাগে না। খেতে গিয়ে অনেকবারই সে বমি করেছে। তার মনে হয়েছে হবিষ্যি খাওয়ার চেয়ে উপোস করা ভালো। বিধবা হওয়ার শুরুতেই শত সংস্কারের বোঝা এমন ভাবে রত্নার ওপর সবাই চাপিয়ে দিয়েছে যে রত্নার শ্বাস বন্ধ হয়ে যেতে থাকে। নিঃশ্বাস নেওয়ার জন্য সে বাড়ি থেকে বেরোতে চায়, কিন্তু পায়ে তার শক্ত শেকল। তার মনে হতে থাকে যেন সুভাষের জ্বলন্ত চিতায় তাকে ছুড়ে দেওয়া হয়েছে, সহমরণের আগুনে সে ঝলসে যাচ্ছে। যেন তার এই জীবন কোনও জীবন নয়। স্বামীর মৃত্যুর পর স্ত্রীর বেঁচে থাকাটা যেন নিতান্তই অর্থহীন। সুবিনয় মুখার্জি বেঁচে থাকলে, রত্নার বিশ্বাস, তাকে এই ঘোর অন্ধকার থেকে যে করেই হোক আলোয় নিয়ে যেতেন। বাবা মা বেঁচে নেই, কিন্তু দাদারা তো আছে। এই দুর্যোগে দাদাদের কাছেই সে দুদণ্ড শান্তি পেতে পারে। এ সময় শ্বশুরবাড়ি ছেড়ে যেতে সবাই তাকে বাধা দেয়, কিন্তু কারও বাধা না মেনে, কারও অনুমতির দিকে না তাকিয়ে রত্না টুকটুকির হাত ধরে বেরিয়ে যায়। বড় একটি সুটকেসে কাপড় চোপড়, জিনিসপত্র, টুকটুকির বই খাতা যত নেওয়া যায়, নিয়ে নেয়।

বাপের বাড়িতে গিয়ে সে স্বাভাবিক জীবন ফিরে পেল। শ্বশুর বাড়ির চৌহদ্দি থেকে বেরিয়ে মুক্তির অপার আনন্দ। রত্না মাছ মাংস খেতে শুরু করলো, রঙিন কাপড়-চোপড় পরতে লাগলো। রত্না তার শৈশব কৈশোরের ঘরটি নতুন করে গুছিয়ে থাকতে চেয়েছিল। কিন্তু সেই ঘরটি অনেক আগেই দেওয়া হয়ে গেছে বড়দার বড় ছেলে উজানকে। রত্না আর টুকটুকিকে থাকতে দেওয়া হয়েছে বৈঠকঘরে। সোফা বেডে ঘুমোতে অসুবিধে হয় বটে কিছুটা, কিন্তু দুঃসময়ে ওটিই আরাম দেয়। দাদাদের ছেলেমেয়েদের সঙ্গে টুকটুকির বেশ চমৎকার সময় কাটে। রত্নাকে একদিন সে বলে, 'ঠাকমা'র বাড়িতে আমি কিন্তু আর যাবো না'।

হাসি আনন্দে দিন যেতে থাকে, মাসও যেতে থাকে। এমন সময় এক বিকেলে কোচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে বড়দা এসে বসলো বৈঠক ঘরে।
–কী, খাওয়া দাওয়া ঠিকঠাক করছিস তো?
–হ্যাঁ। করছি।
–তোর শ্বশুরবাড়ি থেকে কেউ কোনও ফোন টোন করেছিল?
–ওরা আবার কেন ফোন করবে!
–দেখি, আমি একবার যোগাযোগ করবো।
–কেন?
–জিজ্ঞেস করবো তোকে নিতে ওরা কবে আসবে।
–কী বলছো এসব?
–কেন?
–আমি ও বাড়িতে আর ফিরবো না, দাদা।
–রাগ করে এতদিন থাকতে হয় না রত্না। তুই গেলেই দেখবি সব ঠিক হয়ে গেছে।
–ঠিক কিছুই হবে না। ও বাড়িতে টুকটুকিও যেতে চায় না। ওকে কলাবাগান ইস্কুলে ভর্তি করিয়ে দেব। আমি এ বাড়ি ছেড়ে কোথাও আর যাচ্ছি না।
বড়দা বেরিয়ে যাওয়ার সময় হাসতে হাসতে বলে, বাপের বাড়িতে মেয়েরা অনন্তকাল থাকতে আসে না। বাপের বাড়িতে মেয়েরা অনন্ত কাল থাকতে আসে না, বড়দা হয়তো ঠিকই বলেছে। কেউ অনন্তকাল থাকতে না আসুক, রত্না কিন্তু অনন্তকালই বাপের বাড়িতে থাকতে এসেছে।

সুভাষের মৃত্যুর পর শ্বশুর বাড়িতে রত্না জানে যে সে রীতিমত অনাকাঙ্ক্ষিত। বিয়ের পর থেকে শাশুড়ি ভাসুর দেবর তার হাড় মাংস জ্বালিয়ে খেয়েছে, সবচেয়ে বেশি জ্বালিয়েছে সুভাষ। ওর মৃত্যুর পর ওই নরক থেকে সে বেরিয়েছে, এটিই, রত্না মনের সব শক্তি জড়ো করে চায়,যেন তার শেষ বের হওয়া হয়।
সপ্তাহ খানিক পর খাবার টেবিলে যখন সবাই রত্নার বানানো কাচ্চি বিরানি উপভোগ করছে, রত্না হাসতে হাসতে বললো, মায়ের রান্নার মতো হয়েছে কি না বলো। আমার তো কলাবাগান ইস্কুল থেকে টুকটুকিকে ভর্তি করানোর ফরম নিয়ে আসতেই দেরি হয়ে গেল, তাড়াহুড়া করে না বানালে এই কাচ্চি বিরানি মায়ের হাতের বিরানির মতোই হতো।
ছোড়দা বললো, –টুকটুকি কি কলাবাগানে ভর্তি হবে নাকি? ও তো খিলগাঁও গার্লসে পড়ে।
–পড়তো ওখানে, এখন এখানে পড়বে।
ছোড়দা হেসে বলে, –শ্বশুরবাড়ির লোকেরা রাজি হবে? ইস্কুল তো দূর হয়ে যাবে। খিলগাঁও থেকে কলাবাগান। ডেইলি যাওয়া আসা!
–আমরা তো এ বাড়িতে থাকবো, ছোড়দা। খিলগাঁও আর যাচ্ছি না।
–টুকটুকির ব্যাপারে তুই ডিসিশান নিলে তো চলবে না। ওরা নেবে ডিসিশান। টুকটুকি তো ওদের মেয়ে।
–টুকটুকি ওদের মেয়ে হবে কেন? টুকটুকি আমার মেয়ে।
রত্নার কথা শুনে দুই দাদা আর দুই বৌদি জোরে হেসে উঠলো। রত্না ফ্যালফ্যাল করে সবার হাসিমুখের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে সে মজা করছে না।
বড়দা বললো, টুকটুকিকে তো ওর বাপের বাড়ির লোকেরা ভালোবাসে।
–মোটেই না। টুকটুকিকে তার বাপের বাড়ির কেউই ভালোবাসে না। ও যে মেয়ে, সে কারণে ভালোবাসে না। সুভাষও তো ছেলে চাইতো। মেয়ে জন্ম দিয়েছি বলে কত রকম খোটা দিয়েছে। ওরা সব ছোটলোক। বিয়ের আগে বুঝতে পারিনি।
–সুভাষ তো শিক্ষিত ছিল।
–শিক্ষিত না ছাই। মাস্টার্স করেছিল। মাস্টার ডিগ্রি নিলেই বুঝি শিক্ষিত হয়? তোমরা তো জানো সব। জানার পর এমন ভাব দেখাচ্ছ যেন নতুন শুনছো এসব। সুভাষদের বাড়ি গিয়েও তো কতবার দেখে এসেছো কেমন তারা। মনে মনে নিশ্চয়ই আমার জন্য দুঃখ করেছো। শুধু মুখ ফুটে দুঃখটাই করোনি। কোনওদিন আমাকে অমন স্বামী ছেড়ে বেরিয়ে আসতেও বলোনি।
দাদা-বৌদিরা চুপ। রত্নার চোখ ভিজে ওঠে, অঝোরে জল ঝরতে থাকে।

রত্নার চোখের জল কাউকে কাঁদায় না। রত্না টের পায় দাদা বৌদিরা চায় সুভাষের মৃত্যু হলেও রত্না সুভাষের বাড়িতে যে কোনও শর্তেই থাকুক। টুকটুকি তার ঠাকুর্মা, কাকা, জ্যাঠাদের কাছেই বড় হোক। রত্না এতে একেবারেই রাজি নয়। রত্না যদি শ্বশুর বাড়ি না ফিরে যায়, তবে থাকবে কোথায়? এই প্রশ্নটি ওঠে। বড় বৌদি ওঠায়। রত্না বুঝতে পারছে, বিয়ের পর বাপের বাড়িতে বেড়াতে আসা এক জিনিস, আর বাস করা আরেক জিনিস। এও সে বুঝতে পারছে, এ বাড়ি এখন আর তার বা তাদের বাড়ি নয়, এ বাড়ি ভাগ হয়ে গিয়ে অর্ধেক পেয়েছে বড়দা, বাকি অর্ধেক পেয়েছে ছোড়দা। বাবা মা বেঁচে থাকলে অবস্থা হয়তো অন্যরকম হতে পারতো। ওঁরা বেঁচে নেই বলে রত্না আর কত কাঁদবে! একসময় চোখই তো বলে তার আর জল নেই জল ঝরাবার।

সুবিনয় মুখার্জি তিরিশটি বাড়ির একটি কলোনি করেছিলেন টঙ্গিতে। বাড়িগুলোয় ভাড়াটে বসানো। তাছাড়া আছে বারিধারার প্লটে ডেভেলপারদের বানানো একটি দশ তলা বাড়ি, উত্তরার প্লটে আরও একটি দশ তলা। কলাবাগানে নিজেদের ভিটে বাড়িটি তাদের আদি বাড়ি। রত্না দাদাদের কাছে দাবি করল তাকে যেন বারিধারার বা উত্তরার দশতলাগুলোর একটি ফ্ল্যাট দেওয়া হয়। বারিধারার বাড়িটির মালিক বড়দা, উত্তরার বাড়িটির মালিক ছোড়দা। দুজনের কেউই কোনও ফ্ল্যাট রত্নার জন্য ছাড়তে চাইলো না। শেষ পর্যন্ত টঙ্গির একটি বাড়িই সে চাইলো। বাড়িগুলো বাবার মৃত্যুর পর দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়ে গেছে, কেউ কোনও বাড়িই ছাড়বে না বলে দিল। ছাড়লে, মুখ অসম্ভব করুণ করে তারা বললো যে তারা অর্থকষ্টে পড়বে।

–আমি যে অর্থকষ্টে আছি, সেটা তোমরা দেখবে না?
বড়দা বললো –শ্বশুরবাড়ি যা। ওটাই তোর ঠিকানা। ওরা তোর অর্থকষ্ট ঘোচাবে। এটা ওদের দায়িত্ব, আমাদের না। বিয়ের পর মেয়েরা বাপের বাড়ির কেউ থাকে না, শ্বশুর বাড়ির হয়ে যায়।
–না। এসব আমি মানি না। আমার বাবা, মা, ভাইরাই আমার আপন, তারাই আত্মীয়।
–জেদ করলে তো হবে না। বাস্তবটাকে মেনে নিতে হবে।
রত্না বড় একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, –আমার বাবার সম্পত্তির ভাগ আমাকে দাও।
শুনে দুই দাদা হাসার আগে হাসলো বৌদিরা।
বৌদিরাই এক এক করে বললো,– মেয়েরা সম্পত্তির ভাগ পায় না, এ মনে হচ্ছে জানো না?
মেয়েদের স্ত্রীধন দিয়ে দেওয়া হয় বিয়ের সময়, সেটাই তাদের সম্পদ। তোমাকে যা গয়নাগাটি টাকা পয়সা দেওয়া হয়েছে, ফার্নিচার দেওয়া হয়েছে, সেটাই তোমার ভাগের টাকা।
–কোনও গয়না বা টাকাপয়সা আমার হাতে নেই। সব শ্বশুরবাড়ির লোকেরা নিয়ে গেছে। বিয়ের সময় খরচ করা বাবার কর্তব্য ছিল, করেছে। বাবা কি দাদাদের বিয়েতে খরচ করেনি? করেছে। আমাদের তিন ভাই বোনের মধ্যে টঙ্গির কলোনি, কলাবাগানের বাড়ি আর বারিধারা উত্তরার মতো জায়গায় দশ তলা দুটো বিল্ডিং ভাগ হলে যা পেতাম, তা কি বিয়ের সময় বাবা আমাকে যা দিয়েছে তার সমান? বাবার সম্পদ আর সম্পত্তি দাদারা যা পেয়েছে, তার লক্ষ ভাগের এক ভাগও কি আমি পেয়েছি?
–সেটা তো তোমার দাদাদের দোষ নয়।
–বাবা বেঁচে থাকলে কি এমন হতে পারতো?
–হতে নিশ্চয়ই পারতো। বাবার কী অধিকার আছে তোমাকে বাড়ি দেবার? আমাদের আইনেই তো মেয়েদের কোনও স্থাবর সম্পত্তি দেওয়ার নিয়ম নেই। আমরা, তোমার বৌদিরা কি বাপের বাড়ির কিছু পাবো? পাবো না। আমাদের যা দেওয়ার, বিয়ের সময়ই দিয়ে দেওয়া হয়েছে। আদিকাল থেকেই এই নিয়ম চলছে। আমাদের মা মাসিরা, ঠাকুর্মা দিদিমারা, তাদের ঠাকুর্মা দিদিমারাও এই নিয়মের মধ্যে থেকেছেন, কই কারও তো কোনও অভিযোগ ছিল না! সবচেয়ে বড় তো ধর্ম, নাকি?
দাদারা মাথা নেড়ে সায় দেয় বৌদিদের কথায়।
–আমার এত ধনী বাবার সম্পত্তির কিছুই পাবো না আমি? রত্না অবাক হয়ে দাদাদের দিকে তাকিয়ে প্রশ্নটি করে।
–আমাদের হিন্দু ধর্মে মেয়েরা কিছু পায় না রত্না। ছোড়দা বললো।
রত্না এবার চেঁচিয়ে বললো,– আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করবো তাহলে? সেটাই চাও তোমরা? আর তোমরা অঢেল প্রাচুর্য নিয়ে সারা জীবন আনন্দ করবে? এ কেমন বিচার? বাবা কি শুধু তোমাদেরই বাবা ছিল, আমার বাবা ছিল না? তোমরা যেমন সন্তান, আমিও তো তেমনই সন্তান!
বড়দা মুখ খুললো,গলায় ঝাঁজ, –- হ্যাঁ সন্তান আমরা তিনজনই। তবে আমরা পুত্র, আর তুই পুত্র নস।
–আমি পুত্র নই, এটা কি আমার দোষ? কার দোষের শাস্তি আমাকে পেতে হচ্ছে?
কেউ কোনও জবাব দেয় না।

কিছুক্ষণ চুপ থেকে রত্না বললো, আজ আমি কিছু একটা চাকরি করে চলতে পারতাম, কিন্তু সেই পড়াশোনাটাও আমাকে করতে দেওয়া হয়নি শ্বশুরবাড়ি থেকে। ইস্কুল পাশ করার পরই অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। আমি কি তখন আর অত বুঝি? এখন যে আরও একটা বিয়ে করে স্বামীর ওপর নির্ভর করবো, তাও তো হবে না। তোমাদের এই ধর্মে তো আবার বিধবাদের বিয়ে করা নেই। তাই না? হঠাৎ করে দাদাদের বেশ ধর্ম মানতে দেখছি। আগে তো কোনওদিন ধর্ম মানোনি। সম্পত্তি ভাগের কথা হলেই ধার্মিক হয়ে উঠছো!
–বেশ মুখে মুখে কথা শিখেছিস! ধমকে উঠলো ছোড়দা।
–তোমরা তো আগে আমার সঙ্গে এমন ব্যবহার করোনি। হঠাৎ এমন বদলে গেলে কেন? কী করেছি আমি? আমি কি তোমাদের ছোটবোন নই? ছোটবোন কষ্টে থাকলে তোমাদের কষ্ট হয় না কেন?
এই প্রশ্নেরও কোনও উত্তর নেই।

রত্না সারাদিন ফুঁপিয়ে কাঁদলো, সারারাত কাঁদলো। বড়দা স্ত্রী পুত্র নিয়ে বেড়াতে চলে যাবে। বাড়িতে তালা দিয়ে যাবে। বাড়িটি খালি পড়ে থাকবে, তারপরও রত্নার থাকা চলবে না। কারণ দাদারা বলে দিয়েছে রত্না শ্বশুরবাড়িতে ফিরে না গেলে কেলেংকারি কাণ্ড ঘটে যেতে পারে। অন্য যে কোনও জায়গায় যেতে রাজি রত্না। কিন্তু শ্বশুরবাড়ি নয়। তারপরও শ্বশুরবাড়িতে একরকম ধরে বেঁধেই পরদিন সকালবেলায় নামিয়ে দিয়ে এলো বড়দা। রত্নার জন্য এই কষ্টটি নিজের মৃত্যুর কষ্টের মতো। তার মনে হতে থাকে, সে আর বেঁচে নেই। মনে হতে থাকে বড়দা তাকে শ্মশানে নিয়ে গিয়ে তার চিতাকাঠ জ্বালিয়ে দিয়েছে।

শ্বশুর বাড়িতেও তার ঘরটি দখল হয়ে গেছে। দেবর সজল তার স্ত্রী কল্পনাকে নিয়ে ঢুকেছে রত্না আর সুভাষের ঘরে। পাকাপাকি ভাবে থাকার জন্য ঘরটি গুছিয়ে নিয়েছে। ওদের কাছে জানতে চাইলো রত্না তার ঘরের জিনিসপত্র কোথায়। কোনও উত্তর নেই। শাশুড়ির কাছে জানতে চাইলো, শাশুড়ি বললেন বাড়ির সবাই ভেবেছিল সুভাষের বউ আর ফেরত আসবে না, বাপ দাদারা বড়লোক, সেখানেই আরাম আয়েশে থাকবে। তাই জিনিসপত্র কিছু ফেলে দেওয়া হয়েছে, কিছু কাজের লোকদের দিয়ে দেওয়া হয়েছে। টুকটুকি রত্নাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তার জামা জুতো, তার খেলনা সে ফেরত চায়। টুকটুকিকে শান্ত করার জন্য কোনও শব্দ তার নেই। মাথার ভেতর প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে রত্নার। বারান্দায় বসে শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে। মানুষ যাওয়া আসা করছে, সে দেখছে, কিন্তু দেখছে না। বিয়ের আগের জগত আর বিয়ের পরের জগতে বিস্তর পার্থক্য ছিল রত্না জানে, সে এও জানলো সধবা থাকাকালীন জগত আর বিধবা হওয়ার পর জগত সম্পূর্ণ আলাদা। এমন অসহায় আগে সে কখনও বোধ করেনি। বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে থাকে। সারদিন কেউ তাদের খেতে ডাকেনি। রত্নার ক্ষিধে তৃষ্ণা উবে গেছে। নিজের জন্য নয়, টুকটুকির জন্য খাবার জোগাড় করতে তাকে একসময় রান্নাঘরে ঢুকতে হয়। যেহেতু ভাসুরের পুত্রের জন্য দেবর তার ঘরটি ছেড়ে দিয়ে রত্নার ঘর দখল করেছে, এখন কোথাও ঘুমোতে হলে রান্নাঘরেই ঘুমোতে হবে রত্না আর টুকটুকিকে। শাশুড়ি এমন ইঙ্গিতই দিয়েছেন। বাড়ির রান্নার লোককে ছাড়িয়ে দেওয়া হয়েছে, ঘরদোর সাফ করার লোককেও। সব কাজ এখন রত্নাকেই করতে হবে বিনে বেতনে। রত্না বুঝতে পারে, এ বাড়িতে তাকে জায়গা দেওয়া হয়েছে রান্না করা, কাপড় কাচা, ঘর বাড়ি সাফ করার কাজকর্মের জন্য । টুকটুকিকে ইস্কুলে পাঠানোর তাগিদ কারও নেই। শাশুড়ি, ভাসুর, দেবরকে বলেও কোনও কাজ হয় না। সুভাষের ব্যাংকে টাকা পয়সা যা ছিল তা তার ভাসুর দেবরের হাতেই চলে গিয়েছে, একটি পয়সাও রত্নাকে দেওয়া হয়নি। দুবেলা খাবার পাচ্ছে রত্না আর টুকটুকি, এটিই নাকি যথেষ্ট। শাশুড়ি বলে দিয়েছেন, যদি এভাবে থাকতে পছন্দ না হয়, তাহলে রত্নার তো সামনে বাপের বাড়ির রাস্তা খোলাই আছে। শাশুড়ি জানেন না, বাপের বাড়ির রাস্তা রত্নার জন্য খোলা নেই। বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব বাড়িতেই সে অবাঞ্ছিত। রত্নার মনে হয়, টুকটুকি যদি মেয়ে না হয়ে ছেলে হতো, তাহলে তাকে তারা বংশের সন্তান বলে গ্রাহ্য করতো।

বাড়ির সব কাজ শেষ করে উঠোনে মাদুর পেতে বসে বিকেলের দিকে টুকটুকিকে পড়াতে বসায় রত্না। কোনওদিন স্থির হয়ে বসে টুকটুকি পড়তে পারে না। কল্পনা তাকে ফুটফরমাশ করানোর জন্য ডেকে নিয়ে যায়। যেদিন টুকটুকিকে ডেকে বাচ্চার কাঁথা কাপড় কাচতে বললো, ডেটল দিয়ে ভালো করে ঘর মুছে দিতে বললো, রত্না ছুটে গিয়ে টুকটুকিকে টেনে এনে মাদুরে রাখা বইয়ের ওপর ধাক্কা দিয়ে ফেললো। কল্পনাকে গলা চড়িয়েই বলে দিল — আমাকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছো, তাতে হচ্ছে না? এখন দশ বছরের বাচ্চাটার পেছনে লেগেছো? তোমরা সবাই কী পেয়েছো, বলো তো? এ তো তোমার ভাসুরের মেয়ে। ওকে এইভাবে কাজের লোক হিসেবে দেখছো, তোমাদের বিবেকে বাধে না?

টুকটুকি কাঁদতে শুরু করলো। রত্না বেশ শুনতে পেল কল্পনা বলছে, ভিখিরির দেমাগ দেখে বাঁচি না। একসময় রত্নার কাছে বসে জীবনের কত গল্পই না করতো কল্পনা। রত্না ছিল তার দুঃসময়ের সাথী। আর এই কল্পনাই, রত্না বিধবা হওয়ার পর সম্পূর্ণ বদলে গেছে। যেন সে ভুলেই গেছে রত্না এ বাড়ির বউ ছিল এক সময়। চেনা মানুষেরা দ্রুত অচেনা হয়ে যাচ্ছে। বৌদি বলে অবশ্য আজও কল্পনা তাকে ডাকে, সজলও বৌদি বলেই ডাকে। কিন্তু সে ডাকে এক ফোঁটা শ্রদ্ধা নেই। সজল বাড়ি ফিরলে কল্পনা অভিযোগ করে টুকটুকিকে দিয়ে বাচ্চার কিছু করানো যায় না, বৌদি করতে দেয় না। ব্যস, সজলের গলা এবার সপ্তমে চড়ে।

শাশুড়িকে ডেকে সে চিৎকার করলো, —কী কাজটা হচ্ছে এদের এ বাড়িতে রেখে? তার বাপ নেই, দাদারা তো আছে, তাদের কাছে গিয়ে থাকুক না! কীই বা এমন রাঁধে। তার চেয়ে সুপর্ণাই ভালো রাঁধতো, ওকেই রাখো। কল্পনাকে বাচ্চার কাজে হেল্প যে করবে না, তাকে খামোকা বসিয়ে বসিয়ে খাওয়ানোর কোনও মানে হয় না।

সুপর্ণা ছিল এ বাড়ির রান্নার লোক, যেহেতু রত্নাকে দিয়ে বাড়ির কাজকর্ম ভালো হচ্ছে না বলে মনে করছে সজল, তাই রত্নাকে বাদ দিয়ে সুপর্ণাকে রাখা যৌক্তিক মনে করছে। এবার ভাসুর কী মনে করেন কে জানে। তিনি কি সজলের প্রস্তাবে সায় দেবেন! আশঙ্কায় তিরতির কাঁপে রত্না।

আঘাত পেতে পেতে রত্নার এও মনে হয় সে পাথর হয়ে গেছে, কারও কোনও আঘাতই তাকে আর স্পর্শ করে না। দেবরের চিৎকার, শাশুড়ির নীরবতা, কল্পনার ষড়যন্ত্র, সবই তার কাছে মনে হতে থাকে তার চিতায় আগুন ধরানো। তাকে জ্যান্ত পোড়াচ্ছে সবাই মিলে।

দেয়ালে পিঠ তার আগেই ঠেকেছে। এগোতে গেলে তার পায়ে পায়ে বাধা। পথে তার কাঁটা বিছিয়ে রাখা। দু'পায়ে শেকল তার। অগত্যা শাশুড়ির কাছে রত্না তার বাপের বাড়ি থেকে আনা গয়না যেটুকু অবশিষ্ট আছে ফেরত চায়। টুকটুকিকে ইস্কুলে ভর্তি করাবে সে। কিন্তু শাশুড়ি কোনও গয়নাই ফেরত দেন না। পরিস্কার বলে দেন, গয়না বন্ধক রেখে সুভাষ টাকা নিয়েছিল, টাকা দিয়ে গয়না ছাড়াতে পারেনি সে। শাশুড়ি নিজে ছাড়িয়েছেন, সুতরাং ওসব সোনাদানা তাঁর। বাঁচার শেষ অঙ্কুরটুকুও মরে যায়। কিছু নেই এখন সামনে, ধু ধু মরুভূমি শুধু। একবিন্দু জল নেই, একটুও সবুজ নেই কোথাও।

চরম দুঃস্বপ্নের অতল থেকে একবার শেষবারের মতো বাঁচার জন্য প্রাণপণে রত্না আঁকড়ে ধরে শেষ খড়কুটো। আপোস করে। বিকেলে টুকটুকিকে পড়াতে বসার আগে কল্পনাকে বলে, –বাচ্চার কী কাঁথা কাপড় আছে, আমায় দাও, আমি কেচে দিচ্ছি।
ডাঁই করে রাখা কাঁথা কাপড় কলতলায় নিয়ে কাচতে কাচতে বলে,– আজকাল তো বাচ্চাদের জন্য ডাইপার আছে। ডাইপার পরালেই হয়। কাঁথায় গু-মুত ফেলে কেউ?
রত্না সকালেই সবার কাপড় চোপড় কেচে দেয়। বাচ্চার কাঁথা কাপড় আবার দু'তিন বেলা কাচতে হয়। যদি করতেই হয় কাজ, রত্না করবে। কেন টুকটুকিকে ডাকাডাকি! মেয়েটার ইস্কুলের বান্ধবীরা নতুন ক্লাসে উঠে যাচ্ছে, আর ও কি জীবনভর পুরোনো ক্লাসেই পড়ে থাকবে! বাপ নেই, তাতে কী! কাকা জ্যাঠারা তো আছেন। তাঁরা কি চোখের সামনে দেখবেন এ বাড়ির মেয়ে অশিক্ষিত থেকে যাচ্ছে!
রত্না পড়াশোনা বেশি করতে পারেনি। তাই আজ চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াতে পারছে না কিন্তু টুকটুকি যেন নিজের পায়ে দাঁড়ায়। বাপের সম্পত্তির কিছুই সে পাবে না, মামাদের থেকেও কিছু পাবে না। তার তো আর উপায় নেই নিজের উপার্জন ছাড়া।

আপোসে কাজ হয় না। দিন দিন রাগ বাড়তে থাকে সজলের। সেই রাগের স্ফুলিঙ্গে বারুদ ঢালতে থাকে কল্পনা। বলতে থাকে –আমার ছেলেকে যে কী হিংসে করে, কী বলবো! নিজের তো ছেলে হয়নি, সে কারণেই। তার মেয়ে নাকি জজ ব্যারিস্টার হবে। দেখবো কেমন হয়! তার চেহারা দেখেই ছেলে ভয় পেয়ে কাঁদতে থাকে। সেদিন আমি চান করতে গেছি, টুকটুকিকে বললাম ছেলেকে দেখতে । ওমা চান শেষ করে এসে দেখি ছেলে কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। সারা গায়ে লাল ছোপ। ঘুমের ছেলেকে কে ওঠালো? কী করে ওই দাগ এলো ছেলের গায়ে? টুকটুকি কিছু একটা করেছে ছেলেকে। নিশ্চয়ই করেছে। ওকে জানিনা ওর মা'ই শিখিয়ে দিয়েছিল কিনা কিছু করতে। আমার তো মনে হয় মুখে কিছু দিয়েছে,কে জানে বিষ টিষ কিনা। ছেলের কান্না থেমেছে এক ঘণ্টা পর। আমার তো রীতিমত ভয় করছে।

দেবর, ভাসু্‌র আর শাশুড়ির শলা পরামর্শের পর যা দাঁড়ায়, তা হলো, সুপর্ণা আর তার বোনকেই আগের মতো রাখা হবে, রত্না আর টুকটুকির কোনও দরকার নেই এ বাড়িতে। সুপর্ণাদের বেতন দিতে হবে, তা হোক। কিন্তু আদেশ করলে শুনবে না, উলটে তর্ক করবে, এ সহ্য করা যায় না। সুভাষের বউ ছিল সে, হ্যাঁ ছিল। সুভাষ এখন অতীত, রত্নাও অতীত। এমন তো নয় যে সুভাষের কোনও পুত্র সন্তান সে জন্ম দিয়েছে। এই কন্যা সন্তানকে আমরা পুষবো কেন, এর লেখাপড়ার খরচ আর বিয়ের খরচটাই বা আমাদের দিতে হবে কেন? এসবের দায়িত্ব না নেওয়াই ভালো। লোকজন আসে বাড়িতে তারাও দেখে বলবে, কী ব্যাপার, মেয়ে ইস্কুলে যায় না! তার চেয়ে রত্না এ বাড়িতে পড়ে না থেকে তার দাদাদের কাছে গিয়ে থাকুক। দাদাদের তো টাকার অভাব নেই। একজন তো রীতিমত মার্সিডিজ চালায়।

রত্নাকে বলে দেওয়া হলো বাড়ি ছাড়তে। শাশুড়ি আর ভাসুরের পা জড়িয়ে রত্না কেঁদে ভাসালো, বললো, তাঁরা যে শাস্তিই দিতে চান, দিন, কিন্তু বাড়ি ছাড়তে যেন না বলেন। তার জায়গা নেই কোথাও যাওয়ার। রত্নার কান্না কাউকে স্পর্শ করে না। রান্নাঘরে ঢুকতে বারণ করা হলো। উঠোনে বসে আরও দু'দিন অভুক্ত কাটালো সে। পরদিন ভাসুর নিজেই রত্নাকে বাড়ির বাইরে বের করে দিয়ে সদর দরজা ভেতর থেকে লাগিয়ে দিলেন। বলে দিলেন, এই চৌহদ্দিতে যেন তাকে আর দেখেন। দেখলে পুলিশে খবর দিয়ে বলবেন যে রত্না টাকাপয়সা চুরি করে পালিয়েছে। তারপর আর কী! থানায় পুলিশের মার খেয়ে তাকে মরতে হবে।

রত্না টুকটুকির হাত ধরে হাঁটতে থাকে। হাঁটতেই থাকে। চিতার আগুন তাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। টুকটুকি জিজ্ঞেস করে, মা কোথায় যাচ্ছি আমরা?
রত্না কোনও উত্তর দেয় না। হাঁটতে থাকে ফুটপাত ধরে।
মামাদের বাড়ি যাচ্ছি?
রত্না বলে, না।
–তাহলে কোথায় যাচ্ছি।
–জানি না।
ডানে বামে না তাকিয়ে হাঁটতে থাকে রত্না। তার কোনও ঠিকানা নেই। সে কোথাও যায় না, কোথাও পৌঁছোয় না।