২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে হেলসা দিও, অতলান্ত

আসিফ কবীর

Published : 21 Oct 2021, 04:04 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


চিত্রকর্ম: জ্যাসন হফম্যান
স্টকহোমের তিরেসো সেন্টরুমের একটি কফিশপ। খোলামেলা স্পেস। সেল্ফ সার্ভিস। কফিশপের বাইরে দুদিকেই চলাচলের রাস্তা। চলার পথটা পেরিয়ে সারিসারি দোকানের পসরা।

কফিশপের সজ্জা, পরিচ্ছন্নতা, টেবিল এবং সোফা, কাউন্টার কিংবা তৈজসপত্র সবকিছুই যে ছিমছাম, তা বলাবাহুল্য হবে।

কাজের পাশাপাশি বেড়ানোর জন্য এবার দিন দশেকের জন্য স্টকহোমে আসা। আজ তার দেখা করার কথা ফারহিনের সাথে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না।

ফারহিনকে দেখা গেল। এখন স্টকহোমেরই স্থায়ী বাসিন্দা। টুকটাক যোগাযোগ রয়ে গেছে অতলান্তের সঙ্গে। তাই অনেকদিন বাদে দেখা হলেও খুব উচ্ছ্বাস প্রকাশের অভিব্যক্তি দুজনেরই কারো চেহারাতেই ফুটে উঠলো না। চোখে-মুখে কিছুটা উজ্জ্বল আভা এবং স্মিত হাসি, ব্যস্ এটুকুই।

ফারহিন বসার পর অর্ডারের সিদ্ধান্ত ও কাউন্টারে জানিয়ে আসা। এরপর খাবারের ডাক আসা পর্যন্ত প্রথমদফার আলোচনা এবং খাবার এলে ইন্টারভেনশনের মত বিরতি নিয়ে খেতে খেতে আলাপ। এমন একটা ছকে বাঁধা ধারণা মাথায় রেখেই দুইজনের কথা শুরু হলো- কী, কেমন আছো (পরস্পরকে)? সুইডেন কেমন? কোথায় কোথায় ঘুরলে? তোমার কাজ সব হলো? সমুদ্রচারী ডাইকিংদের কী কী কীর্তি দেখলে? রাজবাড়িগুলোর কয়টি দেখতে পেরেছ? নোবেল লরিয়েটদের নিয়ে নোবেল প্রাইজের শহর থেকে কী বাস্তব অভিজ্ঞতা নিলে? কয়টি মিউজিয়ামে গেলে? সিটি হল, গ্লুবেন, মর্ডানা মিউজিয়েট (আর্ট গ্যালারি) ? সেখানকার কমপাউন্ডে মহামতি লেনিনের স্মৃতি চিহ্ন দেখলে…?

এসব প্রাথমিক আলাপচারিতা শেষে অতলান্ত হালকাচালে প্রশ্ন করতে করতে ফারহিনের মনোজগতে ঢোকার চেষ্টা করলো- হাব্বি কেমন পারে? কত মার্কস পেতে পারেন? আমি কত? ভালোরকম কে? মুখের ব্যবহার করো তোমরা? তোমার আমার সাথে পরিচয়েরও আগে সিগারেটের আগুনে পুড়িয়ে ফেলা সুন্দরতম অর্গানটি দেখে কিছু বলে টলে কি…?

কিছু প্রশ্নের উত্তর দেয় ফারহিন, কিছুর জবাবে শুধুই হাসে, কিছুর উত্তর করে কপট রাগের ভঙ্গি করে। এরই মাঝে খাবার নেয়ার কল আসে। ফারহিন উঠে দাঁড়ায়। ফারহিনের স্বাস্থ্য এখন অনেক ভালো হয়েছে। চুল রেড ওয়াইন কালার করা, বিজনেস সুট পরেছে, পায়ে সু আর ম্যান্ডারিন কলারের সাদা লেডিস-ওয়্যার।

অবশ্য ফারহিনকে লাল জামাতেই ভাল লাগে বেশি। গোলগাল তার চেহারা, গালে লাল রুজ দিয়ে লালাভ রঙ করলে আরো ভাল লাগে। তার চেহারা বোঝাতে অতশত কথা না বলে আমাদের খুলনার মেয়ে মডেল ও ক্রিকেট অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে সম্প্রতি দর্শকদের মনোযোগ পাওয়া জান্নাতুল ফেরদৌস পিয়াকে উদাহরণ হিসেবে টানা যেতে পারে। ফারহিনের চেহারায় সে আদল স্পষ্ট। তবে হাইট অমন না।

অবস্থার চাপে একসময় তার স্বাস্থ্য ভেঙ্গে পড়েছিল। স্লিম হলে ভালো দেখায়, কিন্তু কঙ্কালসার হলে ভালোটা উবে যায়। এখন স্বাস্থ্য ফিরেছে। মানবীর সবচে সুন্দরতম যে অঙ্গযুগল, তাও স্বাস্থ্যহানির শিকার হয়ে যেমন দৃষ্টিগ্রাহী থাকেনি, এখন আবার গ্লোবাল সৌন্দর্যের স্ট্যান্ডার্ড' অনুযায়ী স্বাস্থ্য বাড়ায় বহুগুণে দৃষ্টিনন্দন হয়েছে। ফারহিনের মুখশ্রী, শরীর এবং কথার ভঙ্গিতে আত্মবিশ্বাস ফিরে এসেছে।

খাবার সাজিয়ে আনতে ফারহিন কাউন্টারে যাওয়ার পর অতলান্ত সাময়িক একা হয়ে নস্টালজিয়ায় ভোগে। ফারহিনের জীবনের বাংলাদেশ পর্বের স্ট্রাগল, যতটুকু প্রসঙ্গক্রমে জানতো, একে একে মনে পড়ে যেতে লাগলো।

একটা বেসরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী এক পদে চাকরি করতো ফারহিন। বেতন সামান্য ছিল, পাশাপাশি চাকরিও স্থায়ী হচ্ছিল না। প্রেম করে বিয়ে করেছিল ব্যান্ড দলের এক সদস্যকে। বরের আয়-রোজগার নিয়মিত না; বাবার সম্পত্তি সামান্য একখণ্ড ডিসপুট ল্যান্ড, সংসারী নয় একদমই। বরং অনেক বেশি উদাসীন, অবৈষয়িক। কিছু লোনও ফারহিন করে দিয়েছিল। সেই লোন নিয়েও জটলা। সুদে আসলে বাড়তেই থাকে। অল্প আয়ে ফারহিন তা শোধ করতে পারছিল না। ওই টাকার সামান্য বেনিফিশিয়ারিও সে নয়। কেবল গ্রান্টার। দায় তার, শোধ দিতে হবে তাকেই। আরও নানা অনৈক্য-অশান্তিতে দাম্পত্য জীবন বিষময় হয়ে যায় ফারহিনের। এই টাকার সংস্থান করতেই 'আপস' করতে হয় তাকে। যতটা বুঝতে পারে অতলান্ত জীবনের চাপে এমন হয়েছে ফারহিন। অতলান্তের সাথেও তার পরিচয় এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে।

অতলান্ত সবদিনই খুবই সৌজন্যপরায়ন ছিল ওর সাথে, পরিচয়ের প্রথম থেকেই। তাই ওই দুঃসহ সময়কে পেছনে ফেলার লড়াইয়ে ফারহিনের জীবনে যতো মানুষ এসেছে, তাদের মধ্যে কেবল অতলান্তের সাথের সম্পর্কটাই আজ স্টকহোম পর্যন্ত এসে গড়িয়েছে।

ফারহিন অতলান্তকে বাধাহীনভাবে অ্যালাউ করেছে, বিনিময়ে আর্থিক সুবিধা নিয়েছে। একপর্যায়ে মাসোহারার মতো করে নিয়েছে। কখনো কখনো চরম বিরক্ত করে ছেড়েছে, টাকার জন্য ঘ্যানঘ্যান করে করে। বিপরীতে অতলান্ত কখনো বিরক্তি প্রকাশ করেনি। সে সৌজন্যের বরখেলাপ করেনি। সে এ মাসোহারার নাম ঠিক করেছিল 'স্ট্রাইপেন্ড'। ভাবতে ভাবতে অতলান্ত এতো বছর পরেও নিজের মনেই হেসে ফেললো।

দেহবাসের পর অন্যরা টাকা নিয়ে ঝোলাতো, ঠিকমত দিত না বা কম দিত। অতলান্ত একটি দিনও তা করেনি। বরং টুকটাক উপহার দিয়েছে, লাঞ্চ, ডিনার বা আজকের মত কফি-ব্রেকে ফারহিনকে সঙ্গে নিয়ে খোশগল্প করেছে।

মেয়েটির আত্মসম্মানের দৃঢ়তা যাতে ভেঙে না যায় এবং মন যাতে ছোট না হয়, সে বিষয়ে অতলান্ত সবসময়ই আন্তরিক চেষ্টা করেছে। ফারহিনকে বোঝাতে চেয়েছে- জীবনের প্রয়োজনে আমরা কাছাকাছি এসেছি, দুইপক্ষের কাছেই আমাদের ঠ্যাকা আছে, কোনও পক্ষই এখানে ছোট নয়। এসবের নেপথ্যে আরেকটি কারণও ছিল- ফারহিনের 'বিশ্বাস' অর্জন। হ্যা অতলান্ত ফারহিনকে কখনো নাজেহাল করবে না, ঠকাবে না কিংবা ব্লাকমেইল করবে না- এরকম একটা বিশ্বাস অর্জন করতে চেয়েছিল। সম্পর্কের কোনও পরিণতির কথা- প্রেম বা বিয়ে, ইত্যাদি চিন্তা না করেও অতলান্ত কেন এমনটা চেয়েছিল, সেটি তার নিজের কাছেও পরিষ্কার নয়।

সে যাই হোক, সে সময়ে অতলান্তের 'প্রফেসি' আর ফারহিনের সর্বান্তকরণ নির্ভরতা এক বিচিত্র কাঠামোর মনোজাগতিক সম্পর্ক দুইজনের মধ্যে তৈরি করেছিল, যা এখন এই স্টকহোমে সুখস্মৃতি (!) তৈরিতে ব্যস্ত।

শব্দের চেয়ে আলোর গতি বেশি, তারচেয়ে বেশি উচ্চারণের চেয়ে চিন্তার গতি। যে সময়ে যতটুকু কথা বলা যায়, সেই সময়ের মধ্যে কয়েক শ গুণ ভেবে নেয়া যায়। ভাবনার বাহনে বহুবছর পেরিয়ে যাওয়া যায় অনায়াসে, কী আগে, কী পেছনে। নাগরিক মধ্যবিত্তের জীবন সংগ্রাম অন্যরকম- সে ছাগল পুষলো কী মুরগি পাললো, ডিম বেঁচলো কি ভিটে সংলগ্ন খামার করলো, এমন হয় না।

চাকরি খোঁজা, চাকরির মাইনে বাড়াানো, পার্মানেন্ট হওয়া, অনলাইনে প্রোডাক্ট বিক্রি, মেলা অর্গানাইজ করে প্যাভিলিয়ন ভাড়া দেয়া… এসবও করেছে ফারহিন- সাবলম্বী হতে, নিজের পায়ে দাঁড়াতে। মেলার টাকা অনেক সময় উঠে আসেনি। তিনদিন বা পাঁচদিন মেলার মধ্যে প্রতিদিনই মুষলধারে বৃষ্টি হয়েছে। আরেকবার হলি আর্টিজান হামলার জন্য সব প্রস্তুতি ভেস্তে গিয়েছিল। এরপরেও ঘটেছে এমন। এফআর টাওয়ারে আগুন লাগায় প্রথমদিনের পরই মেলা সংলগ্ন পুরো রাস্তাই এমাথা-ওমাথা বন্ধ। এমন সব 'লস' খেয়ে 'লুজার' হওয়া কিংবা বলা যেতে পারে পোড় খেয়ে পোক্ত হওয়ার ঘটনা ফারহিনের জীবনে কম নয়।

এছাড়া মেলার জায়গা ভাড়া দেয়া কর্তৃপক্ষের নানা মোড়ামোড়ি, আটসাঁট তো লেগেই থাকতো। ফারহিন যখন অনলাইনের ব্যবসাটা চালু করেছিল তখন আর অতো ভাল যোগাযোগ ছিল না তাদের। ফারহিন উদ্যমী মেয়ে। এসব ছাড়াও নানা সংগঠনের সাথে যুক্ত ছিল সে।

এরকমই একটি সংগঠনের ইয়ুথ ডেলিগেটের সদস্য হয়ে ইন্ডিয়াতে গিয়েছিল ফারহিন। ইয়োগা-র প্রমোশনালে প্রতিবেশী দেশগুলো থেকে তরুণ-তরুণীদের ভারত সরকার ডেকে নিয়েছিল। সেখানেই পরিচয় আফগানি তরুণ ইয়াজদানির সঙ্গে। ইন্ডিয়াতে ইয়াজদানি ভারত সরকারের বৃত্তি নিয়ে এমফিল করছিল। তারপর আলাপ চলতে থাকে ফেইসবুকে। সেখান থেকে টেকসই প্রণয় ও বিয়ে।


একদিন দীর্ঘ যোগাযোগ বিরতির পর অতলান্ত ফারহিনের বিয়ের কথা জানতে পারে। মধ্যে যোগাযোগটা ছোপ ছোপ ছিল। ঠিকমত কথাবার্তা হয়ে উঠত না। আসলে ইয়াজদানির সাথে প্রেম ঘনীভূত হতে থাকলে ফারহিন সবকিছু থেকে গুটিয়ে নিতে থাকে নিজেকে। তখন ফোন করলে ফোন ধরত না বেশিরভাগ সময়। কথা বললেও খুব অল্পতে ছাড়তো। যে কারণে তখনকার ডেভলপমেন্টগুলো ঠিক সে সময়ই পুরোপুরি জানা হয়নি অতলান্তের। তবে মোটামুটি জেনেছিল বিয়ের জন্য সে প্রস্তুতি নিচ্ছে, কথাবার্তা শুরু হয়েছে কারো সাথে।

ইয়াজদানি ইন্ডিয়ার পাট চুকিয়ে সুইডেনে অ্যাসাইলাম নিয়ে চলে আসে। সুইডিস পাসপোর্টে সে বাংলাদেশে গিয়ে বিয়ের পর্ব শেষ করে, কোনও এক রোজার ঈদের আগে-পরে। তার বিশ-বাইশদিন পর কুশল বিনিময়ের কার্টেসি কলে ফারহিনকে পেয়েছিল অতলান্ত। ফারহিন তার বিয়ের খবরটা খুবই সম্পূর্ণতার চিত্তে নিজেই জানিয়েছিল অতলান্তকে। পরিচয় থেকে পরিণয়ের ব্যাকগ্রাউন্ডও বলেছিল।

ফারহিনকে তার অবস্থা নিয়ে খুশি দেখে অতলান্তেরও মন্দ লাগেনি। অতলান্তও এরপর একটা স্ট্রাটেজি নেয়, 'তুমি' থেকে 'আপনি' সম্বোধনে ফেরে, এসএমএস লিখলে আগে সালাম সম্ভাষণ, শেষে রিগার্ড জুড়ে দেয়। তাদের যোগাযোগ অন্য কেউ দেখলে তার চিন্তার অগম্য হবে কোনওকালে অতলান্ত-ফারহিনের গভীর চেনাজানার আর অবাধ মেলামেশার সম্পর্ক ছিল।

এর মাঝে ন্যাপকিন, ডিসপোজেবল গ্লাস, কাটলারিজ, সস-মেয়নিজের স্যাশে নিতে বসার জায়গার একটু কাছাকাছি আসে ফারহিন। অতলান্তের সঙ্গে চোখাচোখি হলে হাসি বিনিময় হয়। অতলান্তের ভাবালুতায় সাময়িক বিরতি পরে।

ফারহিন আবার কাউন্টারের দিকে গেলে, অতলান্ত ডুব দেয় স্মৃতিতে। মনে পড়ে বাংলাদেশে দুইবার পুলিশি-হাঙ্গামার জড়িয়েছিল ফারহিন। একদিন সাপ্তাহিক ছুটির দিনের বিকালবেলায় ফোনের পর ফোন। বেশ কয়েকটা 'মিসড কল' জমার পর ফোনের কাছে যায় অতলান্ত। এত অল্প ব্যবধানে এতবার কে ট্রাই করছে ভেবে ফোন হাতে নিয়েছিল ব্যাক করতে। সে মুহূর্তে আবার ফোন আসে ফারহিনের থেকেই, আর ডায়াল করা লাগে না। ফোন রিসিভ করে জানতে পারে আশুলিয়ায় তাকে পুলিশ আটকেছে। এক বন্ধুর সাথে গাড়ি করে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে গাড়ি সার্চ করে কনডম পাওয়া গেছে। ফারহিনের দাবি সেটা মেয়াদোত্তীর্ণ। অবশ্য অতলান্ত যা বোঝার বুঝে নেয়। কিছুটা বচসা, গাড়িওয়ালা বন্ধুর উল্টোসিধে কথায় বিগড়ে যায় 'কপ'। তারা আরও 'হেনস্তা' করে। বাঁকা বাঁকা প্রশ্ন করে। ফারহিন সে অসহায়ত্বের মুহূর্তগুলোয় আর কাউকে নয়, অতলান্তের কথাই মনে করেছিল। অবশ্য এর কিছু পরেই খবর আসে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

আরেকবারও ছুটির দিন শুক্রবারের ঘটনা। সেবার ফোনটা কাছেই ছিল। এক বা দুই রিংয়েই ধরা সম্ভব হয়েছিল। ফারহিন জানায় বনানী থানায় নেয়া হয়েছে তাদের। রিয়াদ নামে একজনের সাথে। ফারহিন জানালো, প্রোগ্রামের জন্য কাস্টিউম আনতে গিয়েছিল রিয়াদের ফ্ল্যাটে, তখনই পুলিশি ঝামেলা। তাদের ধরে নিয়ে গেছে থানায়। কাঁদো কাঁদো অবস্থা, সেভাবেই বললো- 'আমার চাকরিতেও সমস্যা হবে বাড়াবাড়ি কিছু হলে।' যতটা ডগোমগো গলায় ফোনটা ধরে 'হ্যালো', 'কী খবর' বলেছিল অতলান্ত, ঠিক ততোটাই দমে গিয়েছিল সে। মাখোমাখো স্বরটা উবে গিয়েছিল। এরপর তাকে পুলিশ বন্ধু, ক্রাইম রিপোর্টার, সুহৃদ প্রমুখকে ফোন করতে হলো। বললো, "আমার পরিচিত ভাই রিয়াদ, বিপদে পড়ছে, থানায় নিসে, মে' সহ। কিছু করা যায় কিনা। প্লিজ।" যদিও রিয়াদকে সে চেনেই না। শুধু ফারহিনকে এক্সপোজ না করার জন্যই এ স্ট্রাটেজি। বিকালের ঘটনা, অনেকক্ষণ বসিয়ে রেখে পুলিশ তাদের ছেড়েছিল রাত সাড়ে আটটার দিকে। এরমধ্যে বহুদফায় কথা হল ফারহিনের সাথে, এরই প্রতিবারের সিনথিসিসে সাংবাদিক ও পুলিশ বন্ধুদের সাথে। পরে পুলিশের বক্তব্যে জানা গিয়েছিল- মি. রিয়াদ প্রায়ই ফাঁকা ফ্ল্যাটে তরুণীদের নিয়ে আসে, আসে বন্ধু-বান্ধবীদের দলও। রাত-বিরাতে। হৈ-হল্লা-অনিয়ন্ত্রিত উম্মত্ত উল্লাসে অতিষ্ঠ বিল্ডিংয়ের অন্য বাসিন্দা প্রতিবেশীরা। তারাই নালিশ করে থানায়। থানা থেকে বলা ছিলো এরপর এমন কাউকে নিয়ে আসলে তারা হাতে-নাতে ধরতে চায়। তাহলেই একটা শিক্ষা দেয়া হবে। থানায় তুলে এনে কয়েক ঘণ্টা বসিয়ে রাখলেই কাজ হয়ে যাবে। সেই মোতাবেক, সেদিন দারোয়ান জানায় হাউজিং সোসাইটির সেক্রেটারিকে। সেক্রেটারি বনানী থানায় খবর দেয়। এটা ফারহিনের দুর্ভাগ্যই বলতে হয়।

ফারহিনের সাথে একই স্মৃতির পুনরাবৃত্তি অতলান্তের নানা জায়গায়। বন্ধুদের মালিকশূন্য বাসায়-বাসায়, ওয়েস্টিন হোটেলে- একবার মাত্র। অতলান্তের বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের এক বড় ভাইয়ের মাধ্যমে দুইজনের পরিচয়। তাদের পরিচয়ের কিছুদিনের মধ্যেই সে বড় ভাই দেশ ছেড়েছিলেন। এমবিএ করে কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার গড়া ওই বড়ভাইকে ফারহিন খুব একটা ভালো লোক মনে করতো না কখনো। প্রবাস জীবন থেকে মাঝে .একবার দেশে ফিরে যোগাযোগ করেছিল ফারহিনের সাথে। ইঙ্গিতে বোঝাতে চেয়েছে পুরানো ঘনিষ্ঠতার পুনরাবৃত্তি চায়। ফারহিন আগায়নি। শুষ্কভাবে ফোন ছাড়ে। কিন্তু অতলান্তের ব্যাপারে তার একটা টান ছিল, আলাদা। নির্ভর করত অতলান্তকে। বিশ্বাস ছিল বলে যখন যেখানে ঠিকানা দিয়েছে, কিছু না ভেবেই চলে এসেছে ফারহিন। ফারহিন অবশ্য সে ব্যাপারে সাহসী ছিল বলা যায়। অতোকিছুর পরোয়া করেনি তেমনভাবে। অতলান্তও বুঝতে পারতো তার ব্যাপারে ফারহিনের একটা আলাদা মনোযোগ আছে। তাছাড়া বৈধ বা বৈধ নয়, সবকাজেই ডেডিকেসি লাগেই। অতলান্তও মর্যাদা করেছে তার প্রতি নির্ভরতা ও একনিষ্ঠতার, না হোক তা প্রেমমিশ্রিত (!)। সে বন্ধু-বান্ধবকে আর দশজনের মত ফেনিয়ে ফেনিয়ে বলেনি। ফেইসবুকে ছবিটা দেখিয়ে পরিচয় রাষ্ট্র করে বেড়ায়নি। কখনো গল্প দিয়ে বেড়ায়নি। বরং টুকটাক বন্ধুসুলভ অনেক সাপোর্ট দিয়েছে। মেলায় লস খাওয়ার পর ফারহিনের হয়ে পরিচিতদের ধরে ভেন্যু ভাড়া ও সার্ভিস চার্জ কমিয়ে দিয়েছে। অতলান্তের এক প্রিয় ছাত্রের মা ছিলেন কাকতালীয়ভাবে লেডিস ক্লাবটির প্রেসিডেন্ট। সেই লিঙ্কে রিবেটটি করিয়ে নেয় অতলান্ত। উইমেন অন্ত্রাপ্রেনরদের অর্গানাইজের সদস্য থাকায় ফারহিনদের জন্য সাংবাদিক বন্ধুদের সংগঠনটির কাভারেজের অনুরোধ করেছে। এসব আরো কত কী!

ওয়েস্টিনের একটা প্রমোশনাল অফার পেলে ফারহিনকে নিয়ে থেকেছিল সেখানে। পাঁচতারা হোটেল রুমে সেটাই ছিল ফারহিনের প্রথম যাওয়া। ভাল ইন্টেরিয়র করা তাপানুকূল রুম। পোলভোল্টের খেলোয়াড় শূন্য থেকে আছড়ে পড়লে যেন সামান্য চোট না পান- তেমন সাপোর্টের মতো নরম বিছানা। এতোটাই আধুনিক বাথরুম ফিটিংস, যেটি ঠিকঠাক ইউজ করে পানি বের করাই অতলান্তের কাছে একটা স্মার্টনেস মনে হয়েছে। সেসব দেখে খুবই খুশি হয়েছিল সেদিন ফারহিন।

বিদেশের মাটিতে সেদিনের সেই অভিজ্ঞতা দ্বিতীয়বার অপ্রস্তুত করেনি ফারহিনকে। অবশ্য দেশেই ওয়েস্টিন পর্বের পরই নানা কানেকশনে অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল ফারহিন। তার কিছু ব্যবসায়ী বন্ধু অনেক মিটিংয়ে সাথে নিয়ে গেছে ফারহিনকে। টোপ দেয়া হয়েছে তাকে দেখিয়ে কাজ বাগিয়ে নিতে। কখনো ডিল হয়েছে, বেশিরভাগ আলোচনাই ভেঙ্গে গিয়েছে। এসবে স্ট্যাটাস বাড়লেও ভাল ডিনার-লাঞ্চ ছাড়া তেমন লাভ হয়নি। এক্সপোজড হওয়ার ঝুঁকির তুলনায় প্রাপ্তিযোগ একদম সামান্যই, যা বলার মতো না।

ওদিকে কাউন্টারে পাউচ থেকে কার্ড বের করে বিল মেটাতে মেটাতে ফারহিনেরও মনে পড়ে বাংলাদেশে তার অন্যরকম জীবন সংগ্রামের দিনগুলো। সে মনে করতে চেষ্টা করে অতলান্তের সাথে শেষবার কবে চ্যাট এর বাইরে কথা হয়েছিল। অতলান্তের গলা ভাল লাগত ফারহিনের, কথা শুনতেও। উচ্চারণ, বলার ভঙ্গি সুন্দর ওর খুব। বাংলাদেশে ফারহিনের সঙ্গে হওয়া শেষ কথায় বলেছিল, 'একটা ভাল খবর দেয়ার আছে। ফাইনালি আই গট ম্যারিড'। জবাব আসলো ওদিক থেকে, 'কংগ্রাচুলেশনস। নো আইডিয়া বিফোর। নট ইভেন ইন ফেইসবুক।' জবাবে ফারহিন বলেছিল, ইয়্যু বেটার নো সাম ডিফিকাল্টিস। দ্যাট স্টিল একজিটস। আই অ্যাম প্রিপিয়ারিং ফর বিং অ্যাপেয়ার মাই সেলফ অ্যাট ভিসা সাবমিশন কিউ।… এই সব আর কি।

এসব ভাবতে ভাবতে ক্যাটারিংয়ের কাজ গুছিয়ে ফারহিন চলে এল ট্রে নিয়ে অতলান্তের কাছে। তার্কিশ কাবাব, অনেক গ্রিন সালাদ, গার্লিক ক্রিম দিয়ে। হোয়াইট চকোলেট কোটেড বল। চিজ কেইক। রাশিয়া-আমেরিকার বোনাক্যুয়া, রামলোসা স্পার্কলিঙ্ক পানীয় হিসেবে। ঝাঁঝ ছাড়া রেগুলার পানি খেতে চাইলে প্রস্রবণের দামী পানি কাঁচের বোতলে, পাশের দেশ নরওয়ের বিখ্যাত বিশুদ্ধ পানি প্রস্তুতকারী কোম্পানির। ট্রে টেবিলে রেখে সব ঠিকঠাক করে দিয়ে, খাবার খেতে ইশারা করে বলল- 'প্লিজ'।

খাবার পর্ব শুরু হতেই কথামালার পর্বও শুরু হলো, পুনরায়। সবকিছুর শুরুতে অতলান্ত একবার 'ধন্যবাদ' বলে নিল। খাবার নিতে নিতে এবার বললো- "দেশে তোমার সবাই কেমন আছে? তোমার নিস, নেফিউ, যাদের ছবি দেখতাম, তারা?" ফারহিনের তার মত করে জবাব দিল খুশি হয়ে। তারপর অতলান্ত জানতে চাইলো, "আচ্ছা বাংলাদেশে শেষ এক দেড় বছর তোমাকে ঠিকঠাক মতো পাওয়া যেত না কেন, আই মিন ফোন অ্যাটেন্ড করতে সেলডম?"

"দেখ আমার সময়টা খুব টেনশনে কাটতো, অনিশ্চয়তা ছিল জীবনে। আমি যেভাবে চলতাম, সেটাতো আল্টিমেট জীবন হতে পারে না। তাছাড়া প্রেমে পড়ে কমিটমেন্ট হাই করে দেই। যাতে আমার ডেডিকেসি যেন আমাকে সুরক্ষা দেয়। হঠাৎ করেই প্র্যাকটিসিং, আই ওয়ান্না সে.. পায়াস হয়ে যাই। এই তো।"

"তোমার বিয়ে'র খবরটা?"

"ইউ নো বেটার অতলান্ত। রিস্কস্ ছিল। সবাই তুমি না। অনেকে ঝামেলা করতে পারত। ভিসা আটকাতে এমনকি উড়ো চিঠি দিয়ে।"

অতলান্তকে নিয়ে কণ্ঠে তার প্রগলভ তারিফের সুর, ভাল লাগে ব্যাপারটা। অতলান্তের মনে হয়, প্রেম যৌনজীবনকে অনুশাসনে নিয়ে আসে, এটা শ্বাশত। সে ফারহিনের বর্তমান দাম্পত্যের ভালমন্দ জানতে চায় ক্যাজুয়ালি।

"ইয়াজদানি ওয়াজ শর্টলি ম্যারিড উইথ এ ইন্দোনেশিয়ান গার্ল নেইমড ইনরি ইন ডেলহি, হু কেইম টু দেয়ার ফর স্ট্যাডি, অবটেইনিং আইসিসিআর স্কলারশিপ ঠ্যু। সো নাউ-এ-ডেজ হি ইজ এক্সট্রা কেয়ারিং রিগার্ডিং কনজ্যুগাল অ্যাফেয়ার ইন অল ওয়াকস্।"

জেনে ভাল লাগে অতলান্তের। হালকা আলোচনায় অনুপ্রবেশের জন্য সে এবার বলে, "ফারহিন তোমাকে একটা কথা বলি, যা আগে কখনো বলিনি। এরকম মিষ্টি জিনিস, আমি কখনো দেখি নি। . . . আমার যে মেমোরি আছে মিষ্টি জিনিসটার, সেটার জন্য আমি কারো কাছে অ্যাকাউন্টেবল নই। ইভেন তোমার কাছেও। একে বেইজ করে হস্তশিল্প করে যেতে পারবো একজীবন।"

ফারহিন লজ্জিতভাবে মৃদু হাসে, শুনে।

ফারহিন তার জার্মান ব্র্যান্ডের এইনার হ্যান্ডব্যাগ থেকে একটি সুইডিশ স্যুভেনির ট্র্যাডিশনাল 'উডেন রেড হর্স' বের করে, কাগজে মোড়া। এসব দেশে প্যাকেট এমনই হয়, নরম কাগজে মোড়ানো, বড়জোড় মিহি করে বোনা দড়িতে বাঁধা। অতলান্তের মনে পড়ে সে নেদারল্যান্ডস থেকে এক যাত্রায় টয়লেট্রিজের একটা গিফটবক্স এনেছিল ফারহিনের জন্য। ইউরোপে এরকম গিফট বক্সের চল বেশি, না খুঁজতেই পাওয়া যায়। আমেরিকার বাজারে আবার সব এক্সট্রা লার্জ, জায়ান্ট, মানুষ খোঁজে বাল্ক, এক গ্যালনের কন্টেইনারের নিচে মনে হয় কিছু রোচে না সেদেশে কারও। আজ এতদিন বাদে ইনরিটার্নে উপহার নিতে বেশি ভাল লাগার তোড়ে আক্ষরিকই কাতর হয়ে পড়ল সে।

উপহার দিয়ে দেয়া হলো মানে বিদায় মুহূর্ত ঘনিয়ে এলো। ফারহিন-অতলান্তের আজকের সাক্ষাৎ পর্বেও তাই। সবকিছুর জন্য আরো একবার 'ধন্যবাদ' বলল অতলান্ত। ফারহিনও তার প্রতিধ্বনি করল। শুধু অতলান্তের পরে বলায় 'ঠ্যু' যোগ করলো। বিদায় বেলায় অতলান্ত হাগিং বা জড়িয়ে ধরা-চুমু খাওয়ার মতো কেতা দেখাল না। এই পরিমিতিবোধের জন্যই সে শ্রেষ্ঠ। বড় কথা, বাড়তি দাবি, হামবড়া ভাব, ফাঁপর দেয়া তার স্বভাব না। তার সাথে কখনোই মানানসইও নয়। আজও বিদেশের মাটিতে কেউ দেখবে না, জানবে না সত্ত্বেও নিয়ন্ত্রিত থেকে ভালমানুষী যেমন করল, অন্যজনকেও আশ্বস্ত করল, এই বুঝিয়ে যে, তার জীবনাচারকেই সে সম্মান করে। ফারহিন বিদায়কালে বলল, বাংলা-সুইডিশের মিশেলে, 'বাংলাদেশে সকলকে আমার হেলসা দিও।'

('হেলসা' শব্দটি সুইডিশে 'শুভেচ্ছা' অর্থে ব্যবহৃত হয়।)