সালেহ উদ্দিন আহমদ-এর গল্প: লুচ্চা
কালু গ্রামে মুটের কাজ করে । ব্রজেন মাস্টার ডাকেন কালু মিয়া , চেয়ারম্যান আর ভূঁইয়ারা ডাকেন কাউল্যা । গ্রামের লোকে ওকে জানে মটকা কালু নামে ।
নামের আগে মটকা পদবীটা কালুর পেশাগত সুত্রে পাওয়া । ভারী মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নেয়ার কাজে কালুর খুব নাম আছে ।
বড় বড় মাটির মটকা মাথায় নিয়ে কালু যখন নিখুঁতভাবে ভারসাম্য রক্ষা করে গাঁয়ের সরুপথ দিয়ে হেটে যায় তখন গ্রামের অনেক লোকজন চেয়ে থাকে । মাটির মটকা , মিঠার পিন্ড, চালের বস্তা , তরকারির ঝুড়ি ইত্যাদি মটকা কালু বয়ে বেড়ায় ঘাট থেকে হাটে , হাট থেকে ঘরে , আর গ্রাম থেকে গ্রামে ।
মুটের কাজ করে কালুর কোনো রকমে পেটের ভাত জুটে । টানাহেঁচড়ায় চলে সংসার । খাটুনির কাজ , দিনে একটার বেশি কোমরে সয়না । কালুর ক্ষুধা ও খোরাক দুটাই অনেক বেশি । তাছাড়া রয়েছে ময়ূরী ও কইতুরীর খরচ ।
কালু থাকে বিলের পারের পরিত্যাক্ত হিন্দু বাড়িটায় । বাড়িটা পরিচর্যার অভাবে মিলে যাচ্ছে বিলে । বাড়ির কোনায় একটা পুরানো মঠ । মঠের ভাঙা কয়টা পাকা স্তম্ভ এখনো দেখা যায় জঙ্গলের ফাঁকে , ফাটল ভেদ করে শেওলা ও আগাছারা বিস্তার করছে নিজেদের রাজত্ব । সবাই বলে ভূতের বাড়ি । চেয়ারম্যান ও ভূঁইয়াদের মামলা-মকদ্দমায় কিংবা ভূতের উৎপাতের করণে বাড়িটা আপাতত কারো দখলে নেই ।
ভূত পেত্নী নিয়ে কালুর কোনো মাথা ব্যাথা নেই । প্রতি রাতে সে নিজেই একটা ভূতের ডাক দিয়ে আসে বাড়ির কোনাটায় গিয়ে । থাকার জন্য বাড়িটা এখন আরও নিরাপদ ।
কয়টা মরচে ধরা টিন উপরে দিয়ে একটা একচালা দাঁড় করিয়ে কালু থাকে ময়ূরী ও কইতুরীকে নিয়ে । চারিদিকে বেড়া আছে কি নেই , মাঘ মাসের শীতে বুঝা যায় , যখন কনকনে হাওয়া গায়ে গাঁথে পেরেকের মত । ঘরের মাঝে একটা চাটাই দিয়ে দু'ভাগ করা । একদিকে থাকে কালু, অন্য দিকটাতে মেয়ে দু'টি । ঝড় বৃষ্টিতে মেয়েদের খুপড়িতেই ভাত ফোটে ।
ময়ূরী বা কইতুরী কেউ কালুর নিজের মেয়ে নয় । বলা যায় , পালক মেয়ে । ময়ূরীকে এনেছিল ছয় -সাত বছর আগে । ময়ূরী পরে থাকত করিম মিয়ার চায়ের দোকনটার কোনে । কখনো ভিক্ষা করত, কখনো চায়ের দোকানের বড় বড় ডেকচি ঘষে পরিষ্কার করত আর ডেকচির তলা থেকে খুটে খুটে যতসব খেতো ।
কালু ওখান থেকেই তুলে এনেছিল ময়ূরীকে, অনেকটা নিজের প্রয়োজনে । বউটা যখন মরে গেল, ঘরে ভাত রান্না করার আর কেউ রইলো না । কালু ভাবলো মেয়েটা যদি অন্তত ভাতটা রান্না করতে পারে ! মেয়েটাও একটা আশ্রয় পাবে , রক্ষা পাবে দুষ্ট লোকগুলোর টানা হেঁচড়া থেকে , কালুরও ভাত রান্নার একটা হিল্লে হবে । প্রথম দিন ময়ূরীকে যখন কালু বাংলা সাবান দিয়ে গোসল করলো , দেখে সারা শরীরে যেন খামচি আর আচরের দাগ । এমনি খারাপ করিম মিয়ার দোকানের লোকজনগুলো । করিম মিয়া বলে, ময়ূরীকে ভূতের আছড়ে ধরেছে । তাইতো টাইন্যা নিয়ে গেছে ভূতের বাড়িতে । মটকা কালুত খালি উছিলা !
কালু ময়ূরীকে সাফ বলে দেয় , তার বাড়িতে থেকে ভিক্ষা করতে যেতে পারবে না । থাকতে ইচ্ছা না হলে , চলে যাইছ ।
টিকে গেছে ময়ূরী । ও নিজের ঘর বাড়ি কখনো দেখেনি । এই টিনের চ।লার নিচে একটু নিরাপদ আশ্রয় আর পেটের আগুন দাউ দাউ করার আগেই চারটা গরম ভাত , এমন সুখ ছেড়ে ময়ূরী যাবে কোথায় ?
ময়ূরী সারাদিন ভূতের জংলায় মনের সুখে ঘুরে বেড়ায় । ফিরার পথে নিয়ে আসে নানান ধরণের শাক , কচুর লতি আর এক গোছা বেত ফল । বাড়ির পিছনের পেয়ারা গাছটা ময়ূরীর খুব প্রিয় । প্রায়ই উঠে বসে থাকে কাঠ বিড়ালীর মত ।
ভাত রান্নার সাথে সাথে টুকটাক রান্না করাও শিখেছে ময়ূরী। তবে বেশির ভাগ দিনই শাক বা লতি, আর ডালের পানি – এই দিয়েই ওদের খাবার চলে । কালু ময়ূরীর পাতে ভাত না দিয়ে কোনো দিনই নিজে ভাত নেয় না । ময়ূরী ভাবে – বাজান যেন মুনি-ঋষি-ফেরেশতা ! কৃতজ্ঞতায় ভরে উঠে ওর মন ।
এভাবেই কেটে যাচ্ছিলো কালু ও ময়ূরীর নিতান্তই ঘটনা-বিহীন ভুতুড়ে বাড়ির জীবন ।ময়ূরী মেয়েলি কায়দায় বড় হতে থাকে খুব তাড়াতাড়ি । কালুরও দেখা যায় কিছুটা বয়সের ছাপ , আর বেড়ে যায় গলার খুক-খাক আওয়াজ ।
কালু একবার ভাবলো , ময়ূরী বড্ড একা থাকে, ওর একটা সাথির প্রয়োজন । তাই বছর খানেক আগে কইতুরীকে নিয়ে আসে । কইতুরী ময়ূরীর দেয়া নাম । ছোট্ট কইতরী, তাও ভিক্ষা করত – কখনও কোনো দলে, কখনও দল ছুটে হয়ে । টানাহ্যাঁচড়ার বয়সের আগেই কালু ওকে ধরে নিয়ে আসে । ছাগলের বাচ্চা আনতে গেলেও হাটে-বাজারে যেতে হয় , টাকা পয়সা নগদ খরচ করা লাগে । মানুষের বাচ্চা আনতে সে সবের ঝামেলা নেই, রাস্তা ঘাটে খুঁজলেই পাওয়া যায় । ভাবতেই কালুর খুব অবাক লাগে !
কইতুরী এসে ভালোই হয়েছে । ময়ূরী যেমন চুপচাপ , কইতুরী ঠিক তার উল্টো । সারাদিন কুটকাট কথা বলে আর খিলখিল করে হাসে ।ভূতের বাড়িটা যেন নতুন প্রাণ পেয়েছে । ময়ূরী এখন আর পেয়ারা গাছে উঠে না , পুরা গাছটাই কইতুরীর দখলে ।
ময়ূরী এখন কালুর সামনেও খুব আসেনা । কইতুরীকে দিয়েই ভাত পাঠিয়ে দেয় । মাঝে মাঝে চাটাইয়ের ওপাশ থেকে জিজ্ঞেস করে , বাজান – আর কিছু লাইগবো ?
কালুর মনে হয় ময়ূরীকে একটা বিয়ে দেয়া দরকার , ও এখন লায়েক হয়েছে । কিন্তু ময়ূরীর বিয়ে হয়ে গেলে ওর ডাল-ভাত সিদ্ধ করবে কে ? কইতুরীতো অনেক ছোট ! তাছাড়া বিয়ে দিতেওতো অনেক খরচ ।
কালুর ইদানিং নিজেকে খুব একাকী মনে হয় । নিজেও চেয়েছিল একটা বিয়ে করতে । টোনার মা রাজি ছিল । বেটির গতর-গড়ন ভালোই । কিন্তু অনেক লম্বা দাবি দাওয়ার ফর্দ – রুপার হাঁসুলী , সাথে দুটা পাবনার শাড়ী , টনাকেও রাখতে হবে ঘরে । আর ময়ূরী ও কইতুরীকে বিয়ের আগেই তাড়াতে হবে বাড়ী থেকে ।
কালু টনার মাকে তখনিই না করে দিয়েছে । ময়ূরী ও কইতুরী না হউক তার রক্তের কেউ । শুধু এইটুকু আশ্রয় মেয়ে দুটোর । তাড়িয়ে দিলে আবার যাবে কোথায় ? রাস্তায় গিয়ে দাঁড়াবে , শুরু হবে আবার টানাহেঁচড়া , খামচা -খামচি , ঠিক করিম মিয়ার দোকানের মতো ।
রাত কয়টা হয়েছে কি জানি ? কালুর জ্বরটা মনে হয় বাড়ছে । আজকাল একটুতেই শরীর ও মন কেমন কাহিল হয়ে যায় । ইদানিং কালু অনেক কিছু ভাবে । নিজেকে মনে হয় বড্ডো একা । বৌটা মরে যাওয়ার পর এমন ভাবে কালু এর কখনো ভাবেনি । পেতে ইচ্ছে করে খুব কাছের কাউকে , আরো কাছে – যেমনটা সংসার করেছিল বৌটা মরে যাওয়ার আগে ।
মনে হয় , সবই কঠিন হযে গেছে । টনার মায়ের একগাদা শর্ত , ময়ূরী ও কইতুরীর ভবিষ্যত , টাকা কড়ির টানাটানি – সব মিলিয়ে কালুর কোনো হিসাবই মিলছে না ।গলাটা শুকিয়ে গেছে , পিপাসাটা আরো বেড়ে গেছে । কালু ময়ূরীকে ডাকল , ময়ূরী ময়ূরী হুনছত ? আরে একটু পানি ডিবি মা ?
ময়ূরী জেগে গেলো । জবাব দিলো , খাড়ান বাজান । পানি আইনতাছি ।
কুপিটা জ্বালিয়ে চাটাইয়ের ফাক দিয়ে ময়ূরী কালুর কাছে এসে বসলো । পানি খেয়ে কালু আবার শুয়ে গেলো । ময়ূরী কালুর কপালে হাত রাখলো । বললো , বাজান , জ্বর অনেক বাইরছে ।একটু জলপট্টি দিয়া দিমু ?
লাইগবো না , এমনিতেই ভালা হয় যাইবো । কপালটা একটু টিপ্পা দিবি ?
ময়ূরী মৃদু ছন্দে কালুর কপালটা টিপতে থাকে ।কুপির আলোতে ময়ূরীর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে । হাট থেকে কালু যে নোলোকটা এনেছিল সেটা ময়ূরীর নাকে কেমন চিক চিক করে দুলছে । কত বড় হয়ে গেছে ময়ূরী ! এই কি সেই ময়ূরী, যাকে কালু করিম মিয়ার দোকানের কোন থেকে তুলে এনেছিল ? মনে হয় এইতো সেদিন !
কালু ভাবতে থাকে । নিজের অজান্তেই ময়ূরীর হাতটা কপালের উপরে বেশ একটু চেপে ধরলো ।
ময়ূরী একটু চমকালো । বললো , বাজান খুউব কষ্ট আইতাছে ?
নারে – না । একন একটু বালা লাইগতাছে ।
কালুর মনে আবার সেই হিসেবে নিকেশ ভিড় করলো – টনার মার্ একগাদা শর্ত , ময়ূরীর বিয়ে , নিজের একাকিত্ব , কইতরির ভবিষ্যত । অনেকভাবেই কালু হিসেবে মিলাতে চেষ্টা করে । হঠাৎ কালুর মনে হলো – হিসেবে হয়তো মিলে গেছে । কালু ঢোক গিলে নিজের জিহবাটা বার কয়েক চাটলো, কয়বার খুক খুক করে কাশলো ।তারপর বললো , ময়ূরা – তুই আমারে বিয়া করবি ?
বা-জান !
ময়ূরীর গলা আর্তনাদের মতো শুনালো । অনেক্ষন দুজন চুপ চাপ রইলো । মাঝে মাঝে কুপিটার আলো নিভু নিভু করে এদিক ওদিক হেলে যায় , আবার সোজা হয়ে ফিরে আসে । ময়ূরীই নীরবতা ভাঙলো –
বাজান , তুই যা কইবা , হেডায় অইবো । আড় কোনো অমত নাই ।
পরের দিন কালু ময়ূরীকে বিয়ে করলো । ব্যাপারটা গ্রামে জানাজানি হয়ে গেল । সবাইর মুখে ছি ছি –
কি ভুতেড়ে কান্ড ! পালক মেয়ে নিজের মেয়ের মতো । কিভাবে মোটকা কালু বিয়ে করলো ?
কালু বিকালে ভূঁইয়াদের দোকানে গেলো , চালের বস্তা হাটে নিতে । কালুকে দেখে সাদেক ভূঁইয়া লাফিয়ে দাড়ালো, আর সজোরে চিৎকার করে উঠলো –
নাজুবিল্লাহ, নাজুবিল্লাহ ! ইটা কি করলি কাউল্যা ? লুচ্চা কোথাকার !
কালু শান্ত গলায় বললো , হুজুর, রক্তের সম্পর্কত কিছু নাই । মেয়েডারও একডা গতি অইলো ।
সাদেক ভূঁইয়া আগের উত্তেজিত গলায় আবারও বললো , নাজুবিল্লাহ, নাজুবিল্লাহ ! লুচ্চা কোথাকার !
ভূতের বাড়ীতে তেমন কোনো পরিবর্তন হলোনা । আজও কালু, ময়ূরী , ও কইতুরী মরিচ ভেঙে ডালের চর্চরি দিয়ে ভাত খেয়েছে । ময়ূরীর লজ্জাটা যেন আরো বেড়ে গেছে । কালু আকবর মুন্সীর দোকান থেকে একটা লাল শাড়ী এনেছে । ময়ূরী পরেনি । কইতুরীর সামনে নতুন শাড়ি পড়তে ওর খুব লজ্জা করছে ।
ময়ূরী রাতে কালুর খোপেতে ঘুমাতে গেলো । কইতুরী একা চাটাইয়ের ওপাশে । ওর ঘুম আসছে না । 'বুজি বাজানের খোপে হুইতছে !' এইটা মনে হতেই ওর খুব হাসি পেলো । হঠাৎ কইরতুরী খুট-খুট শব্দ করে হাসে ফেললো ।
ওপাশ থেকে কালু ধমকে উঠলো , কইতুরী ঘুইম্যা যা । অনেক রাইত অইছে |
