২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তুমি আত্মহত্যা করনি কেন, অনন্ত ?

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 19 Aug 2021, 08:56 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


কত মানুষ সারাদিনে আসে যায় কিন্তু কে খেয়াল রাখে কি হয়? কেমনে মানুষে জানে কই চা পাওয়া যায়? দোকানের মালিকে বেশি কিসসু কয় না, পাবলিকে আইসা চা সিঙ্গারা, পুরি খায়। পয়সা দিয়া চইলা যায়। দুই তিন টা পোলা কাম করে, কে জানে কি জানে। আসলে কে জানে এগুলা কে, কি বেচে, কত বেতন পায়, কই থাকে? সবই ঠিক আসে। কে জানে কি হয় চায়ের দোকানে।

২
বুড়াটা সন্ধ্যার দিকে আসে মাঝে মধ্যে, তারপর বইয়া থাকে বাইরের দিকে তাকাইয়া। পোলাটা কিসু না জিগাইয়া বইয়া থাকতে দেয়। লোকটা বড় গাছটার দিকে তাকাইয়া থাকে অনেকক্ষণ। পোলাটা তহন গিয়া জিগায়, "কি স্যার, কিসু দিমু?
"ওরা কয় গাস্টারে কাইটা দিবো?"
"হ, তাই শুনতাসি। ক্যান ?
"আমি ওই গাসটার থন ঝুলসি। মাজে মাজে এহনো রাত হইলে গিয়া ঝুইলা থাহি। মনে আরাম পাই। কাইট্টা ফালাইলে ঝুলুম কোন গাছ থন?
"গাসের থন ঝুললেন ক্যান? ঘরে ফ্যান আসিল না? আজকাল তো বেবাক লোক ফ্যান থিকা ঝুলে। গাস শেষ, আপ্নে বুড়া মানুষ তাই করসেন।"
"সবাই তো গাসের থিকা ঝুলতো আমার কালে। রাতে যহন ঝুলি, আরো মাইনসেরে দেহি। পুরান গাস, বহুত মানুষ অনেকদিন থিকা ঝুলসে। কি করুম বুঝিতাসি না।
পোলাটা চা দিয়ে যায়। লোকটা খায় না, বাইরে তাকায় তাহে।

৩
অনেক রাত পর্যন্ত দোকান খোলা থাকে। তখন তরুণরা আসে, কেউ নেশা কোরে, কেউ নেশা করতে। তারা চুপ চাপ বসে নিজের কাজ সামলায়, কেউ উৎফুল্ল, কেউ বিমর্ষ, কেউ কেউ বিপন্ন। একজন চায়ের কাপের চিনি নেড়ে পানিটা থামলে জিজ্ঞাসা করে , "তুমি আত্নহত্যা করোনি কেন, অনন্ত ?"
ছেলেটা চায়ের পানিটা চড়িয়ে তরুণতর কাছে এসে দুইটা পুরি রাখে। "যাওনের সময় যদি খিদা লাগে খাইয়েন। দুইটা পুরি ফ্রি দিতাসি আমরা।"

৪
পরের দিন যহন জোয়ান লোকটা আহে, তখন হেরে বুড়াটার কাসে নিয়া যায় পোলাটা। "এই লোক যাইতে চায়, গাছের খোঁজ নিতাসে। বুজান, ফিরলে থাকনের জাগা পাইবো না, গাস যদি কাইট্টা ফালায়। জোয়ানটা বুড়া মানুষটার কথা শোনে মন দিয়া। হগলের ফিরণের ঠিকানা লাগে, লোকে কয়।

৫
আইজকাল রাত নামলে নোংরা পানির লেকে ধারে বইসা যারা মদ খায় – সিএনজি ড্রাইভার, দোকানদারের ভাতিজা, কাবাবি এই রকম আর কি– রাত্তিরের পানিতে হেরা এদিক ওদিক কিলবিল করে দেইখ্তে পায়। হেরা বেশি কথা কয় না। তয় মাঝে মাঝে আইসা তাগো কাস থন বিড়ি সিগ্রেটের আগুন নেয়। কৈলে দোকানের পোলাটা চা আইনে দেয়। হেগো, এগো ….. গাছ কাটার চিন্তা নিয়া কেউ মাথা ঘামায় না আর।