তসলিমা নাসরিন-এর গোলাপ
চিত্রকর্ম: দাবিদ আলফারো সিকেইরোস-এর শিল্পকর্ম
১
আমার নাম গোলাপ শুনে অনেকে জিজ্ঞেস করে, নামের শেষে বেগম বা খাতুন নেই? আমি বলি, নেই। জন্মের পর থেকে বাড়ির সবাই আমাকে গোলাপ নামেই ডাকতো। ইস্কুলে ভর্তি করিয়েছিল। গোলাপই ছিল নাম। গার্মেন্টে চাকরি হওয়ার দিন নাম লিখতে গিয়ে গোলাপই লিখেছি। ওখানেই তো আজ দশ বছর। চোখের পলকে বছর চলে যায়। বেতন পাঁচ হাজার দিয়ে শুরু, শেষ পেয়েছি সাড়ে ন' হাজার। শম্ভুগঞ্জ থেকে সাভারে এসে এই চাকরিতে ঢুকেছি কুসুমদের হাত ধরে। কুসুমরা আমার লতায় পাতায় আত্মীয়।
বাবার মৃত্যু হলো আমার এগারো বছর বয়সে। দু' বছর পর মা'র আবার বিয়ে হলো। মা'র নতুন শ্বশুরবাড়িতে মা'র থাকা চলবে, কিন্তু মা'র মেয়ের থাকা চলবে না। আমাকে অগত্যা কুসুমদের বাড়িতেই পাঠিয়ে দিয়েছিল মা। একদিন কুসুম আর কুসুমের দিদি চলে এ্লো ঢাকায়, আমাকেও নিয়ে এলো। চাকরিতে ঢুকিয়ে দিল চৌদ্দ বছর বয়সকে কাগজ-পত্রে আঠারো দেখিয়ে। কারখানার কাছেই এক বস্তিতে একখানা ঘর ভাড়া করে তিন জনের থাকা হলো। নড়বড়ে ঘর ছেড়ে একটি ভালো ঘরও ভাড়া নেওয়া হলো। ডাল ভাতের পাতে একটু একটু করে মাছ মাংস পড়তে লাগলো। চুলে তেল শ্যাম্পু পড়তে লাগলো, গায়ে মাখার সুগন্ধী সাবানও ঘরে আসতে লাগলো, ছেঁড়া চটির জায়গায় নতুন চটি পায়ে এলো, জামা-পাজামার বদলে থ্রি-পিস ঢুকলো ঘরে। কপর্দকশূন্য গ্রামের মেয়েগুলোর হাতে এখন থাকা আর খাওয়া-পরার টাকা, পায়ের নিচেও ধীরে ধীরে এসে গেছে মাটি।
মাসের বেতনটা পেলে মা'কে খুব মনে পড়ে। কিছু টাকা যদি মা'র হাতে দিতে পারতাম! কিন্তু কী করে দেবো! মা আমার ছায়া মাড়াতে চাইবে না এখন। আমার সঙ্গে যোগযোগ বেশি হলে মা'র নতুন লোক মা'কে তালাক দেবে। টাকা-পয়সার অভাব ছিল বলেই তো মা বিয়েতে আপত্তি করেনি, তা না হলে আমাকে ছেড়ে মা থাকতে চাইবে কেন! আমি চাই মা সব ছেড়ে সাভারে আমার কাছে চলে আসুক। দু'জনের বেঁচে থাকার জন্য যেটুকু দরকার তা আমি এখন রোজগার করি। কিন্তু মা তো আসবে না। কী করে আসবে, ওই ঘরে মা'র আবার এক ছেলে হয়েছে। মা বোধহয় আমাকে না দেখতে দেখতে একদিন ভুলেও যাবে আমাকে, ভুলে যাবে আমি দেখতে কেমন ছিলাম। আমার জন্য মা আর গোপনেও কাঁদবে না।
২
এক দশক একই কারখানায়। কাজ বেড়েছে। বেতন বেড়েছে। ওভারটাইম বেড়েছে। কুসুম আর কুসুমের দিদি দুজনই বিয়ে করে আলাদা হয়ে গেছে। আমি পড়ে আছি সেই পুরোনো ঘরে। ঘরটির মালিকের কাছ থেকে কিস্তিতে টাকা দিয়ে ঘরটি একদিন কিনেই নিই। কুসুমদের তো দেশের বাড়ি বলতে কিছু আছে, আমার তো কিছু নেই। যে কারখানা আমাকে খাওয়াচ্ছে পরাচ্ছে, সেই কারখানার নাগালেই তো থাকা উচিত আমার ঘর বাড়ি, আমার ঠিকানা।
দু'তিন মাস ধরে লক্ষ্য করেছি, পল্টু নামের এক লোক কারখানায় যাওয়া আসার সময় আমার সঙ্গে গায়ে পড়ে কথা বলতে চাইছে। লোকটি সিএনজি চালায়। গার্মেন্ট ফ্যাক্টরিতে তার আত্মীয় আছে, মাঝে মাঝে দেখা করতে আসে। ফুলপুরে বাড়ি হলেও শম্ভুগঞ্জের কুসুমকে চেনে। কী চায় লোকটি? বেশি কিছু চায় না, কিছুক্ষণ গল্প করতে চায়।
-কিন্তু আমার তো টাইম নাই।
-টাইম তো আমারও নাই। কিন্তু দেশের মানুষ পাইলে কথা কইতে ইচ্ছা হয়। কামের কথা ভুইলা যাই।
-আপনে তো ফুলপুরের, আমি শম্ভুগঞ্জের। দেশ তো এক না।
-আরে ওই হইলো। শম্ভুগঞ্জ থেইকা ফুলপুর আর কতদূর। দৌড়াইয়াই যাওয়া যায়। কুসুম তো আমারে দেশি ভাই কইয়া ডাকে। তোমার সমস্যা কী?
-তাইলে কুসুমরেও চিনেন?
-চিনবো না কেন? হের বাড়ি যাই, খাই দাই। দেশি লোক।
-ঠিক আছে, আপনেরেও আমি দেশি ভাই কইয়া ডাকবোনে।
-খালি ডাকলেই হইবো। চা টা তো খাওয়াইতে হইবো।
দেশি ভাই হয়ে সেই থেকে ফাঁক পেলেই সিএনজি থামিয়ে পল্টু আমার ঘরে আসে। একদিন অনেক রাতে নেশা করে এলো। পা টলছিল। মুখ থেকে মদের উৎকট গন্ধ বেরোচ্ছিল। ঘরে ঢুকেই বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে পড়লো। টেনেও তাকে ওঠাতে পারিনি। সকালে কাজে যাওয়ার আগে পল্টুকে ঘর থেকে বের করে তবে কাজে গেলাম। আমাদের চার তলায় কাজ। মেশিনে বসার আগে কুসুমের কাছে যাই, জিজ্ঞেস করি পল্টুর ব্যাপারটা কী? সে চায় কী?
কুসুম নির্লিপ্ত গলায় উত্তর দিল, কী আর চায়, তরে বিয়া করতে চায়।
-ছ্যা।
-ছ্যা কেন? রাজি হইয়া যা। ছেলে খারাপ না। রোজগারপাতি ভালো। একলা একলাই বা কয়দিন থাকবি। একটা সঙ্গী চাই জীবনে। তারও চাই, তরও চাই। সঙ্গী না হইলে হতাশ লাগে।
-তারে কতদিন চেনো?
-তিন চার মাস ধইরা চিনি। শম্ভুগঞ্জেরও আরও কয়েকজন চিনে তারে। এই এলাকায় নতুন আইছে।
-ও তো মদ খায়।
-মদ কোন পুরুষলোক না খায়?
আমার ভালো লাগে না পল্টুকে, আবার কখনও কখনও ভালোও লাগে। সেই রাতে সে কোনও বদ উদ্দেশ্য নিয়ে ঘরে ঢোকেনি। এই কারণেই ভালো লাগে। একদিন আমাকে তার সিএনজিতে উঠিয়ে একটা পার্কে নিয়ে গেল। আইসক্রিম খাওয়ালো আর সিনেমার গান গেয়ে শোনালো। আমাকে নিয়ে একদিন সিনেমায় যাবে বললো। এর ক'দিন পরেই ভালো কাপড় চোপড় পরে এসে সিনেমায় নিয়ে গেল। সেদিন পল্টুকে দেখতে এত ভালো লাগছিল যে মনেই হচ্ছিল না ও সিএনজি চালায়, মনে হচ্ছিল কোনও অফিসে বুঝি ভালো কোনও চাকরি করে।
সাভারে আমিই আমার অভিভাবক। কেউ নেই আমার। মা থেকেও নেই। কুসুম আর কুসুমের দিদিকেই আপন লোক বলে ভাবি। তারা হাঁটা দূরত্বেই থাকে। বিপদে আপদে তাদের কাছেই পরামর্শ নিই। আনন্দে স্ফূর্তিতেও তারা। নতুন বান্ধবী হয়েছে এই দশ বছরে বেশ কয়েকজন, কাছে পিঠেই থাকে। একসঙ্গেই দল বেঁধে কারখানায় যাই, কারখানা থেকে ফিরি। তবে তাদের সঙ্গে কারখানার সমস্যা নিয়েই যত কথা বেশি হয়, বিয়েশাদি সংসার নিয়ে তত হয় না। কুসুম যদিও বলছে, এই বয়সে পুরুষ-সঙ্গীর দরকার, তা না হলে হতাশ লাগে। আমি কিন্তু লক্ষ্য করেছি হতাশা বলতে কিছু আমার ত্রিসীমানায় নেই। বেশ আছি আমি, বেশ আছি এইজন্য যে, নিজের মতো করে নিজের জীবন আমি যাপন করতে পারছি। কুসুমের সংসারে দেখেছি, কুসুম তার বরের জন্য রাঁধে, তাকে বেড়ে খাওয়ায়, তার বাসন ধুয়ে দেয়, তার কাপড় কেচে দেয়, তাকে মায়ের মতো সেবা-যত্ন করে, তারপর তরকারিতে নুন কম হলে তারই গালি খায়। একদিন তো জানিনা কী কারণে চড় -থাপড়ও খেলো। কুসুমের দিদির সংসারই বা এমন কী সুখের! পর পর দুটো মেয়ে-বাচ্চা জন্ম দিয়েছে বলে দিদির বর দিদিকে উঠতে বসতে বলে যে পাপী নারীরাই পুত্র-সন্তান গর্ভে ধারণ করতে পারে না।
পল্টু জানে কখন আমি ঘরে থাকবো, কখন কারখানায়। সময় বুঝেই সে চলে আসে ঘরে। এত ঘন ঘন আসা যাওয়া নিয়ে পাড়ায় কথা ওঠে। লোকেরা যা বলে তা হলো, আগে মেয়েটা দুই বোনের সঙ্গে থাকতো, তখন ঠিক ছিল। একা থাকা শুরু করার সঙ্গে সঙ্গে পরপুরুষ নিয়ে থাকতে শুরু করেছে। গার্মেন্টের মেয়েদের ইজ্জত আছে, সবাই পরিবার নিয়ে থাকে। এই পাড়া ভদ্র পাড়া, এই পাড়াকে বেশ্যাপাড়া বানানো চলবে না। এইসব কথা দাবানলের মতো ছড়িয়ে পড়লো। কেউ অসুস্থ হলে আমি যে সেবা করি, নিজের টাকায় ওষুধ কিনে দিই, হাসপাতালে নিয়ে যাই, কোনও মেয়ে পেটে বাচ্চা নিয়ে নড়তে চড়তে না পারলে, তাকে যে খাবার দিয়ে আসি, পাড়ার ছোট বাচ্চাদের যে ছুটির দিনে অ আ ক খ পড়তে শেখাই, গ্রাম থেকে কোনও নতুন মেয়ে এসে কোথাও থাকার জায়গা না পেলে আমার ঘরেই যে জায়গা দিই, খাবার দিই, সে খবর কিন্তু পাড়ায় ছড়িয়ে পড়ে না। পল্টু আমার ঘরে দু'দিন এলেই ঢি ঢি পড়ে যায়। এক রাতেই সে এসে ঘুমিয়ে পড়েছিল, আর কোনও রাতে সে আমার ঘরে থাকেনি। রাত বারোটা বাজলেও চলে গেছে। আর বলা হচ্ছে পল্টু আমার ঘরে রাত কাটায়, পাড়াটাকে বেশ্যাপাড়া বানিয়ে ফেলেছি! এসব গুজব কুসুমদের কানে যায়। একদিন আমার ওপর ভীষণ ক্ষিপ্ত হয়ে হাজির হলো কুসুম আর কুসুমের দিদি।
-কী হইতাছে এইসব, তোর বদনামের জ্বালায় তো আর টিকতে পারতাসি না। তরে নাকি পাড়া-ছাড়া করবো মানুষ। তর বদনাম মানে আমাদেরও বদনাম। তর চরিত্র খারাপ, সুতরাং আমাদেরও নাকি চরিত্র খারাপ। এইসব সহ্য করা যাবে না। হয় পল্টুরে বিয়া কর, নাইলে ওর সাথে মিলামিশা বন্ধ কর।
-আমি কি যাইচা মিলামিশা করি? পল্টু ভাইই তো আসে, চা খাইতে চায়, চা খাইতে খাইতে দেশের বাড়ির গপ্প করে। সব দিন ত আসে না। মাঝে মধ্যে আসে। কোনওদিন রাত হইয়া গেলে ভাত দেই, ভাত খাইয়া চলে যায়।
-লোকে তো কয় রাইতে থাকে তর সাথে।
-ছ্যা।
-ছ্যা কইলে চলবে না, ওরে বিয়া কর।
-বিয়া কর কইলেই বিয়া করা যায়? লোকটা কে, তার বাপ মা কে, কী পরিচয় কিছুই তো জানা নাই।
-তর কী পরিচয় শুনি। তর বাপ কই, মা কই? কিছু দেখাইতে পারবি? তিন কূলে কেউ নাই, তুই চাস অন্যের কূলের খবর।
পড়শিদের দুর্নাম থেকে গা বাঁচাতে, কুসুমের চাপে একদিন পল্টুর সঙ্গে বিয়েতে আমাকে রাজি হতে হয়। কোনও দেরি না করে, কোনও ঢাক ঢোল না পিটিয়ে শুধু কিছু পড়শি আর কিছু বান্ধবীকে জানিয়ে বিয়েটা হয়ে যায়।
কাগজে মুড়িয়ে লাল একখানা শাড়ি এনেছিল পল্টু, সেটি পরলাম। পাত্র-পাত্রীর কাছের আত্মীয়দের কেউই বিয়েতে নেই। পল্টুর যে চেনা পরিচিত লোক বা ইয়ার দোস্ত আছে এ শহরে, তারাও নেই। কুসুমের দিদি কাজি ডেকে আনলো। কাজির তাড়া ছিল। পঞ্চাশ হাজার এক টাকার কাবিন লিখে তড়িঘড়ি আমাদের কবুল শুনে মুখে দুটো মিষ্টি ঢুকিয়ে পকেটে টাকা গুঁজে চলে গেল। তারপর কুসুম আর পল্টু মিলে যে পাঁচ কিলো মিষ্টি সকালের দিকে প্যাকেট করে এনেছিল, সেগুলোই ঘরে ঘরে বিতরণ করে দিল। ব্যস।
৩
পল্টু বিয়ের দিন থেকেই আমার ঘরে থাকতে শুরু করেছে। আগেও সিএনজি চালাতো, এখনও চালায়। ওর জীবনে শুধু জায়গা বদল ছাড়া আর কোনও বদল নেই। বিয়েটা আমার জীবনকে বিস্তর বদলে দিয়েছে। আগে একজনের জন্য ভাত তরকারি রান্না করতাম, এখন দু'জনের জন্য করি। পল্টু রাতে খায়, সকালে আবার খেয়ে কাজে বেরোয়। আগে ওর মদের জন্য আমাকে টাকা দিতে হতো না, এখন হয়। মদ না খেলে নাকি রাতে ওর ঘুম হয় না। আমি বলেছি অন্তত এ ছাইপাঁশটা নিজের পয়সায় গেলো। না, কেনার টাকা নেই, টাকা থাকলে কিনতো। টাকা পাঠিয়ে দেয় দেশের বাড়ি ফুলপুরে। সংসারে কোনও টাকা দেয় না পল্টু, বলে তার বাপ মা ভাই বোন তার টাকার ওপরই নির্ভর করে, টাকা পাঠানোর পর হাতে কোনও টাকা বাঁচে না যে আমার হাতে দেবে বা বাজার সদাই কিনে আনবে। বিয়ের পর অন্য মেয়েরা নিজের রোজগারের টাকা জমাতে পারে, আর আমার উলটো। বিয়ের আগে টাকা জমাতাম, বিয়ের পর টাকা জমানো বন্ধ। বদনাম বন্ধ করার খরচ কম নয়।
বিয়ের ছ'মাস পর পল্টু বললো বাড়ি যাবে সে, ঠিক আছে, আমাকেও নিয়ে যাও, তোমার বাড়িতে দেখবে না কাকে বিয়ে করলে? না, পল্টু আমাকে নেবে না, তার নাকি জমিজমা সংক্রান্ত জরুরি কাজে দু'দিনের জন্য যেতে হবে, দু'দিন পরই তাকে ফিরে আসতে হবে। দু'দিন পর যার ফেরার কথা, সে দু'মাস পর ফিরলো। শ্বশুর শাশুড়ির সঙ্গে অন্তত ফোনে কথা বলিয়ে দাও, বলেছিলাম। পল্টু রাজি নয়। বলে বিয়ের কথা এক্ষুণি জানানো যাবে না, জানালে ওরা ভাববে খরচপাতি আর যাবে না গাঁয়ে। তবে সময় এলেই সে বউ নিয়ে বাড়ি যাবে। সেই সময় কিন্তু মাস যায়, বছর যায়, আসে না। এর মধ্যে আমি গর্ভবতী হই। একটি মেয়ে-সন্তান জন্ম দিই। মেয়ে আমাকে মা বলে, পল্টুকে বাবা বলে। মেয়ের দুধ কেনার জন্যও পল্টুর পকেট থেকে দু'পয়সা বেরোয় না। পল্টুকে বিয়ে করা মানে পল্টুকে পোষা, পল্টুর দেওয়া বাচ্চাকে পোষা।
বাচ্চার নাম আমি রেখেছি বেলি। বেলি ফুলের গন্ধ আমার ভালো লাগে খুব। আমার মা'র গোলাপ ছিল প্রিয়, তাই তার মেয়ের নাম রেখেছে গোলাপ। আমার বেলি প্রিয়, আমি তো আমার মেয়ের নাম রাখবোই বেলি। বেলির তখন তিন বছর বয়স, আর পল্টু তখন তার দেশের বাড়িতে, তখনই নতুন পরিচয় হওয়া ফুলপুরের এক মেয়ে আমাকে বলে সে পল্টুকে ছোটবেলা থেকেই চেনে, দেশের বাড়িতে পল্টুর বউ বাচ্চা আছে। শুনে আমি শুধু দীর্ঘশ্বাস ফেলি। কুসুমকে কিছু জানাতে ইচ্ছে করে না, ওর সঙ্গে শুধু চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করতে ইচ্ছে করে।
৪
পল্টুর গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর আমি যখন ভীষণই বিপর্যস্ত, কারখানার সিঁড়ি দিয়ে চার তলায় উঠতে গিয়ে দেয়ালে দুটো ফাটল দেখি। থামও দেখেছি কেমন বাঁকা হয়ে আছে। চার তলার দু'চারজনকে জিজ্ঞেস করেছি তারা দেখেছে কিনা, তারাও দেখেছে। মেয়েদের চোখের তারায় আশঙ্কা চিকচিক করে। আমার মনে হতে থাকে পুরো আট তলা ভবনটি ধ্বসে পড়বে যে কোনও মুহূর্তে। সেদিনই ছুটি চেয়েছি ক'দিনের জন্য। ছুটি মঞ্জুর হয়নি। সুপারভাইজারকে কয়েকজন মেয়ে বেশ কয়েকবার বলেছে, ফাটলের চেহারা কিন্তু ভালো দেখাচ্ছে না, আমরা তো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি, বাড়িতে আমাদের ছোট বাচ্চা আছে। কে শোনে কার কথা! তবে আমাদের আশঙ্কা অমূলক ছিল না। সেদিন পুরো ভবনের পাঁচটি পোশাকশিল্প কারখানার সবাইকে বেরিয়ে যেতে বলা হলো। নিচ তলার ব্যাংক আর দোকানও বন্ধ করে দেওয়া হলো।
পরদিন সকালে খবর নিতেই গিয়েছি ফাটল সারবে ক'দিনে, কারখানা খুলবে কবে। ভেতরে কেউ ঢুকিনি, সবাই জড়ো হয়েছি ভবনের বাইরে। প্রায় চার হাজার কর্মী নতুন কোনও নির্দেশ শোনার জন্য অপেক্ষা করছি। আর তখনই শুনি কিনা আমাদের কারখানার ভেতরে ঢুকতে হবে, কাজ শুরু করতে হবে। ভবনের মালিক পক্ষের সঙ্গে কারখানার কয়েকজন সুপারভাইজার, ম্যানেজার আমাদের ভয় পেতে বারণ করলেন। বললেন মালিক বলে দিয়েছেন ভবন পরীক্ষা করা হয়েছে, ও ফাটল নয়, দেয়ালের পলেস্তারা সামান্য খসে গেছে, এই যা। ও নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। ইঞ্জিনিয়ার এসে দেখে গেছেন, বলেছেন ও কিছু না। আমরা, আমি, কুসুম, কুসুমের দিদি এবং আরও কয়েকজন, দিপা, সাবিহা, চম্পা, রেশমা, আন্না প্রতিবাদ করলাম, বললাম, 'সবাই আমরা দেখেছি ফাটল, পলেস্তারা খসা এক জিনিস, ফাটল আরেক জিনিস'। আমাদের সুপারভাইজার এবার দাঁত মুখ খিচিয়ে বললেন, 'কী বোঝো বিল্ডিংএর? তোমরা কি ইঞ্জিনিয়ার?' তারপর, বেশ গম্ভীর হয়ে গম্ভীর আদেশ দিয়ে দিলেন, 'এ নিয়ে বেশি ঘ্যানঘ্যান করলে এ মাসের বেতন হবে না'। একটু থেমে বললেন, 'আজ ভেতরে গিয়ে কাজ না শুরু করলে চাকরি চলে যাবে'। আমাদের কোলাহল হঠাৎ থেমে গেল। আমাদের তো চাকরি চলে গেলে চলবে না। মাস গেলে আমরা যে বেতন পাই, তা না পেলে আমাদের সংসার কী করে চলবে! আমরা খাবো কী! অন্যদের মতো আমিও চুপ করে রইলাম। কিন্তু আশঙ্কারা ঠিকই রোমকূপের ভেতরে বসে হল্লা করছিল। সবাই শেষ পর্যন্ত বাধ্য হলাম কারখানায় যেতে। কারণ তো ওই একটিই, না গেলে আমাদের চাকরি চলে যাবে।
চারতলায় মেশিন চালিয়ে প্যান্ট সেলাইয়ের কাজ শুরু করেছি। এমন সময় বাতি চলে গেল। ছাদের জেনারেটর কাজ করতে শুরু করেছে বিকট শব্দ করে। এর মধ্যেই আমাদের পায়ের নিচে মেঝে কেঁপে উঠলো। আমরা যখন সব দৌড়োচ্ছি বেরিয়ে যাওয়ার জন্য, এমন সময় আমাদের মাথার ওপর ভেঙ্গে পড়তে লাগলো ছাদ, আর পায়ের নিচ থেকে সরে যেতে লাগলো মেঝে। ছুটে বেরোনোর আগেই ধ্বসে গেছে পুরো ভবন। ওপরের তলা আমাদের গায়ের ওপর, আমরা গিয়ে পড়লাম তিন তলার ওপর, তিন তলা আছড়ে পড়লো দোতলায়। সব লণ্ডভণ্ড হয়ে গেল, আমরা সবাই চাপা পড়ে গেলাম, কংক্রিট, মেশিন, বীম, বিস্তর ইট পাথর আর লোহার রডের নিচে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে গেল কয়েক মুহূর্তের মধ্যে। আমরা ডুবে গেলাম ঘুরঘুট্টি অন্ধকারে। চারদিকে থেকে ভেসে আসছে কান্নার শব্দ, আর বাঁচাও বাঁচাও চিৎকার। কেউ মোবাইল ফোনের ফ্লাশ জ্বালালো, দেখলাম মাহমুদা, ওরও আমার মতো পা কংক্রিটে আটকে আছে। ফোন করার চেষ্টা করছে, কিন্তু ফোন কোথাও যাচ্ছে না। আমার ডানে বামে ছ'জন। দিপার মাথা গেঁথে আছে বীমে, বাকি শরীর কোথায় কে জানে। কারও একটি কাটা হাতও ঝুলে আছে বীমে। আন্নার শরীর বাইরে, কিন্তু কংক্রিটে হাত আটকে আছে। আসমা হাত পা কিছুই নাড়াতে পারছে না, শুধু কাতরাচ্ছে। বাকিরা, জানিনা কারা ওরা, উপুড় হয়ে আছে, নড়ছে না। শরীর ধুলোয় ঢাকা। এরা আমার দীর্ঘকালের সহকর্মী। চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে আমাদের কণ্ঠ ভেঙে গেছে। এক একটা ঘণ্টাকে মনে হচ্ছে এক একটা বছর। যত সময় পেরোচ্ছে, তত আমাদের বাঁচার সম্ভাবনা কমছে। মাহমুদার ফোনের আলো অনেক আগেই নিভে গেছে। হাত বাড়িয়ে একসময় তার হাতখানা স্পর্শ করে দেখলাম ঠাণ্ডা হয়ে আছে। আমার বাঁ পাশেও তাই। আসমা, সেও কাতরাতে কাতরাতে এক সময় আর কাতরাচ্ছে না। সেও ঠান্ডা হয়ে পড়ে আছে। বাইরের শব্দ আমরা পাচ্ছি। কিন্তু আমাদের চিৎকার, আমাদের আর্তনাদ, আমাদের কাতরানো গোঙানো বাইরের কারও কানে যায়নি। চিৎকার করে লাভ নেই, আবার চিৎকার ছাড়া পারছিও না থাকতে। বেদনায়, যন্ত্রণায়, কষ্টে, দুঃখে, বাঁচার আশায় করছি চিৎকার।
একদিন দু'দিন গেছে, ভয়াবহ দুঃস্বপ্নের মতো গেছে। তিন দিনের দিন আমি ছাড়া আমার ডানে বামে বা সামনে যারা ছিল, তাদের কারওর আর কোনও শব্দ শোনা যায়নি। আমার আর্তনাদ ওই ইট সুড়কি আর লোহার গুহার মধ্যেই ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসে। বুঝি যে আমার কবর হয়ে গিয়েছে। আর সব লাশের সঙ্গে শুয়ে থেকে নিজেকে একসময় লাশ বলে মনে হয়। তারপরও একটুখানি পানির জন্য কাতরাই। ঠোঁট জিভ গলা শুকিয়ে চৌচির হয়ে আছে। বাইরের কেউ জানে না এখানে একটি প্রাণী এখনও মরেনি। মরা মানুষ থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে থাকে আর ওই দুর্গন্ধ সারা গায়ে মেখে হাওয়াও স্তব্ধ হয়ে আছে। পেটে খাবার না থাক, একটু পানি আমাকে পেতেই হবে বাঁচতে হলে। কিন্তু পানি কোথায় পাবো! কোথায় গিয়ে আমি পানি খুঁজবো! আমার পা-এর ওপর ভারি এক থাম পড়ে আছে, থামের ওপর কংক্রিট আর বীমের স্তূপ। শত চেষ্টা করেও এক চুল সরাতে পারিনি পা। ওই ভবন-চাপা গরমে ভীষণ ঘাম হচ্ছিল। এক সময় চুল থেকে ঘাড় থেকে কপাল থেকে আঙুলে করে ঘাম নিয়ে নিয়ে জিভ ভেজাই, আলজিভ ভেজাই। জামা খুলে জামার ঘামই নিংড়ে নিংড়ে পান করি।
চারদিনের দিন দেখি একটা ফুটো দিয়ে আলো আসছে। মানুষের শব্দও শুনি। কেউ একজন বলে বলে যাচ্ছে, 'এদিকে জীবিত কেউ আছে? জীবিত কেউ আছে এদিকে?' তখন আমি যতটুকু শক্তি অবশিষ্ট আছে শরীরে, সেই শক্তি সবটা ঢেলে চিৎকার করলাম। 'হ্যাঁ আছি'। 'আমি আছি'। এইবার শুনলো কেউ। এর আগেও তো এদিকে জীবিত কেউ আছে কিনা জিজ্ঞেস করে লোক গেছে, কেউ শুনতে পায়নি আমার চিৎকার। না পানি, না খাবার—জোরই বা কতটুকু থাকে শরীরে! আমি নিভে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম, আমার দম ফুরিয়ে আসছে। আমিও যে ওদের মতো পচা লাশ হয়ে পড়ে থাকবো, সে আমি বেশ টের পাচ্ছিলাম। ফুটোটার কিনার ঘেঁষে লোকগুলো মেশিন দিয়ে কেটে নেয় কংক্রিট। প্রায় এক বিঘৎএর মতো কাটার পরই আমি কোথায় আছি দেখে নিয়ে ছুঁড়ে দিল একখানা পানির বোতল। ছ'সাত ফুট দূরে হাতের ডানেই ওরা কংক্রিট কাটছে। আমি কাঁপা হাতে পানির বোতল খুলে পানি পান করলাম। এক ঢোক দুই ঢোক করে অনেকটা। অনুভব করলাম আমি বেঁচে আছি।
ওরা এক ফুটের সামান্য বেশি কংক্রিট কেটে আমার বেরোবার রাস্তা করে। এটুকু করতে এক ঘণ্টারও বেশি সময় ওরা নেয়। আমাকে বলে হামাগুঁড়ি দিয়ে যেন বেরিয়ে আসি। এই জায়গা আমি হামাগুঁড়ি দিয়ে পেরিয়ে যেতে পারবো, আমি ছোট খাটো মানুষ। কিন্তু আমি হামাগুঁড়ি দেবো কী করে, আমি তো আটকে আছি, আমি তো আমার পা'কে বের করতে পারছি না। পা আমার অবশ হয়ে রয়েছে। ডুকরে কেঁদে উঠে বলি যে পা আমি টেনে তুলতে পারছি না। লোকেরা নিজেদের মধ্যে কথা বলে। আমার ভয় হতে থাকে, ওরা হয়তো পা আটকে পড়া মেয়েকে বাঁচানো সম্ভব নয় বলে আশা ছেড়ে দিয়ে চলে যাবে। বাঁচার একবিন্দু আশা ধুকপুক করতে থাকে। এই বুঝি আশা নিভে গেল। এই বুঝি নিভে গেল সব। জীবন আর মৃত্যুর মাঝখানে যে একটি শুধু সরু সুতো, তা আমি টের পেতে থাকি। নিজেদের মধ্যে কথা বলে ওরা চলে যায়। আমার শরীরে এবং মনে তখন আর এক ফোঁটা শক্তি নেই। যে মাথাটি উঁচু করে ওদের দেখছিলাম, সে মাথাটি শিথিল হয়ে ঢলে পড়ে, যেন মৃত্যুর কোলে মাথাটি নিজেকে অবশেষে সমর্পন করলো।
হঠাৎ ওই ফাঁকা জায়গা দিয়ে লিকলিকে একটি লোক ঢোকে। লাশ ডিঙিয়ে আমার কাছে এসে পা ধরে টানাটানি করে দেখল বের করা যায় কিনা। বলে দিল, পা কাটা ছাড়া উপায় নেই। আর এইটুকু জায়গায় কোনও ডাক্তারকে ঢোকানো যাবে না পা কাটার জন্য। এই বলে লোকটি সরীসৃপের মতো বেরিয়ে গেল। তার মানে কি লোকটি আশা ছেড়ে দিয়ে গেল! আরও অনেককে তাদের বাঁচাতে যেতে হবে। একজনের জন্য এত সময় নষ্ট না করে যাদের হাত পা কিছু না কেটে বাঁচানো যায়, তাদের বাঁচানোটাই হয়তো কাজের কাজ বলে মনে করছে। এরা এই এলাকার লোক। আগে দেখেছি এদের। এরাই তাহলে প্রতিদিন ধ্বংসস্তূপের গহবর থেকে আহত মানুষদের বাঁচাচ্ছে! আমাকে দেখে কি মনে করেছে আমি হাল ছেড়ে দিয়েছি! আমি চিৎকার করে ডাকতে থাকি ওদের যেন আমার পা কাটে, যেন আমাকে বাঁচতে দেয়, আমাকে ফেলে যেন না যায়, যেন দয়া করে। লোকটি পেছনে তাকায় না। লোকটির সঙ্গের লোকগুলোও চলে যায়। আমি মৃত্যু গুনতে থাকি। এক দুই করে গুনলে ঠিক কতয় গিয়ে মৃত্যু হবে আমার! এই মৃত্যু চারদিন আমার বুকের ওপর বসে আছে। কিন্তু আমি তো মরতে চাই না, আমার ঘরে একটি তিন বছর বয়সী কন্যা আছে, আমার তো মরে গেলে চলবে না। লোকটি একসময় ফিরে আসে, বুকে হেঁটে আমার কাছে আসে। হাতে তার করাত, হাতে কুড়োল, আর সিরিঞ্জ। সিরিঞ্জে অবশ হওয়ার ওষুধ। বলে দিল, আমার পায়ে ইঞ্জেকশান দিয়ে পা কাটবে সে। আমি চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রাখলাম। লোকটি করাত চালালো, কুড়োলের কোপ দিল, আমার পা থেকে আমার শরীর আলাদা করে নিল। পা পড়ে রইলো, যেখানে পড়ে ছিল। কাটা জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। সরীসৃপের মত আমিও বের হলাম। জ্ঞান আমার অল্প অল্প করে চলে যাচ্ছে। ঝাপসা দেখছিলাম সবকিছু।
এরপর নিজেকে দেখলাম আমি হাসপাতালের বিছানায়। হাসপাতালে দু'মাস থাকতে হয়েছে। ইঞ্জেকশান, স্যালাইন, রক্ত দেওয়া, কাটাছেঁড়া, অবশ করা, সেলাই করা এসব দু'মাস ধরে চলেছে। পল্টু দেখতে আসতো আমাকে। বলে যেত, বেলিকে সে দেখছে, বেলির সে বাবা, আমি যেন চিন্তা না করি।
৫
পল্টু আমাদের কারখানা ধ্বসে পড়ার খবর পেয়ে, আমাকে, কুসুমকে, কুসুমের দিদিকে ফোন করেও না পেয়ে ফুলপুর থেকে সাভারে চলে এসেছিল সেদিনই। সে তো নাকি আশাই ছেড়ে দিয়েছিল। আমার ফটো হাতে নিয়ে দু'দিন ধ্বসের সামনে দাঁড়িয়ে থেকেছে। ফটো নিয়ে প্রতিদিন প্রচুর মানুষ দাঁড়িয়েছে আর উদ্ধারকর্মীদের কাছে গিয়ে আকুল নয়নে তাকিয়ে থেকেছে আর থেকে থেকে জানতে চেয়েছে, 'কেউ কি এই মানুষটাকে দেখেছ, এ কি বেঁচে আছে?' এলাকার মানুষ স্বতস্ফূর্তভাবে উদ্ধারের কাজ করেছে, সরকার মিলিটারি নামিয়েছে। হাত পা কেটে মেয়েদের উদ্ধার করেছে ওই ধ্বংস স্তূপের মধ্য থেকে। কত মেয়ের মেরুদণ্ড ভেঙে গেছে। তারা আজ শয্যাশায়ী। কেউ কেউ শুনেছি আত্মহত্যা করছে। আমি এর কোনও অর্থ খুঁজে পাই না। আত্মহত্যার ইচ্ছে আমার কখনও হয় না। আমি কি কম অনাথ? দুঃখ কি আমার কারও চেয়ে কিছু কম?
হাসপাতাল থেকে পল্টুই আমাকে বাড়ি এনেছে। সিএনজি এখন সপ্তাহে সে দু'দিনের বেশি চালায় না। ঘরে থাকে। রান্না করে। বেলিকে খাওয়ায়। আমার সেবা যত্ন করে। একটি সংগঠন থেকে হুইল চেয়ার দিয়ে গেছে। আরেকটি সংগঠন নকল একটি পা বানিয়ে দেবে বলেছে। হাসপাতাল থেকে ক্রাচ দিয়েছিল হাঁটার জন্য। ঘরের মধ্যে সেটিই কাজে লাগে বেশি।
আমার ঘরের ডানে বাঁয়ে কারখানার বারোজন মেয়ের ঘর ছিল। পাঁচজন ফিরে আসেনি। আমি কারখানায় চলে গেলে যে খালার কাছে বেলি থাকতো, সেই খালার মেয়ে সোহেলি ফিরে আসেনি। একজনের পা কাটা পড়েছে। বাকিরা বেঁচে বেরিয়েছে, হাত পা বাদ পড়েনি, তবে ঘটনার ভয়াবহতায় স্তব্ধ হয়ে রয়েছে। ঘনিষ্ঠদের মধ্যে কুসুমের কাটা পড়েছে। আন্নার তো দুটো পা-ই গেছে। চম্পার এক হাত এক পা গেছে। সুমিরও গেছে একটি পা। লাবণীর বাঁ হাত গেছে। ওরাও অপেক্ষা করছে নকল হাত পা'র জন্য। রেশমা সতেরো দিন পর বেঁচে বেরিয়েছে। বেঁচেছিল হাতের কাছে পানি আর টিফিন-বক্সের খাবার পেয়েছিল বলে। খাবার পচে গিয়েছিল, ওই পচা খাবারই খেয়ে বেঁচেছে। আমার নাগালে তো কোনও পানি বা খাবার ছিল না। যে লোকটি কান পেতে আমার কণ্ঠস্বর শুনেছিল, যদি কোনও কারণে না শুনতো, তাহলে ওখানেই আমি মরে থাকতাম। আমার বেঁচে যাওয়াটা আমার কাছে অলৌকিক বলে মনে হয়। বেঁচে যাওয়া জীবনটাকে নতুন জীবন বলেও মনে হয়। যেন আগের জীবনটি আমার কাটা পা'টির মতো, কোথাও মরে পড়ে আছে।
হাসপাতালে কত লোক দেখতে আসতো। সাংবাদিকরাও আসতো। জিজ্ঞেস করতো কোথায় কিভাবে ছিলাম, কিভাবেই বা বেরোলাম। যখন বলতাম ওদের, আমার চোখের সামনে ঝুপ ঝুপ করে অন্ধকার পড়তো। আমার পা, আমি অনুভব করতাম, কোথাও আটকে গেছে, আমার ঘাম হতো, শ্বাস নিতে কষ্ট হতো। হাসপাতালে আমার কাছে এসে অনেকেই, সম্ভবত বিভিন্ন সংগঠনের লোক, নানারকম ওয়াদা করতো। যারা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছি, নিজের দোষে নয়, রানা প্লাজা নামের ভবনটির মালিকের দোষে, তাদের বিশাল বিশাল অঙ্কের টাকার ক্ষতিপুরণ দেওয়া হবে।
ঘরে ফিরে আসার পর আমার এইটুকু অন্তত স্বস্তি জোটে যে লোকে দিবানিশি এখন জিজ্ঞেস করে না কোথায় ছিলাম, কিভাবে বেঁচে বেরোলাম। বলতে গিয়ে আমার আর ওই ভয়ঙ্কর অন্ধকারে ফিরে যেতে হয় না, ওই তীব্র যন্ত্রণা আবার আমাকে পেতে হয় না। হুইল চেয়ার ঘরে দিয়ে গেলেও নকল পা নিয়ে আসার জন্য আমাকে যেতে হয় ক্লিনিকে। পায়ে ঠিকঠাক বসলো কিনা, পরীক্ষা করে দেখবে। পল্টুই তার সিএনজিতে করে আমাকে নিয়ে যায়।
বেলি যখন আমার পঙ্গুত্বের দিকে বিস্ময় চোখে তাকিয়ে থাকে, বড় মায়া হয় আমার। মনে হয় ওর জন্যই আমার পা'টা থাকা দরকার ছিল। আবার মাঝে মাঝে এও খুব তীব্র করে অনুভব করি যে বেলিকে জন্ম দিয়ে ভুল করেছি আমি। নিজেকে ক্ষমা করতে পারি না। আজ যদি আমি বেঁচে না ফিরতাম, কী হতো বেলির! কে ওকে লালন পালন করতো! কে ওর দায়িত্ব নিত! হয়তো রাস্তায় তাকে ভিক্ষে করতে হতো একদিন! পল্টুর নিজের বউ বাচ্চা আছে, সে আজও আমাদের বিয়ের কথা তার বাড়িতে জানায়নি। বেলি যে তার মেয়ে, এ কথাও সে জানাবে না। বেলিকে সে হারিয়ে যেতে দেবে। হয়তো আমি ফিরে না এলে কুসুম দেখতো বেলিকে। কুসুম বেলিকে মানুষ করছে, এই দৃশ্যটি আমি কল্পনা করতে থাকি, আর কুসুমকে আমি ক্ষমা করে দিতে থাকি। তার ওপর আমার রাগগুলো জল হতে থাকে।
পল্টুকে ভেবেছিলাম আমি আমার ঘরে আর উঠতে দেবো না, কিন্তু সে যে বেলিকে দেখে রাখছে, আমাকে খেতে দিচ্ছে, বাসন মাজছে, কাপড় কাচছে, বালতিতে পানি ভরছে, বিছানা গোছাচ্ছে, ঘর ঝাড়ু দিচ্ছে, সে জন্য ওকেও আমি মনে মনে ক্ষমা করে দিই। ওকে বুঝতে দিই না যে আমি জানি ওর যে দেশের বাড়িতে বউ বাচ্চা আছে। পল্টুর যে বউ বাচ্চা আছে সে কথা আমাকে না জানিয়ে সে আমাকে বিয়ে করেছে, আমার খেয়ে আমার পরে আমার সঙ্গে মিথ্যেচার করেছে – এই সত্য আমাকে বিশাল দুঃখ দিতে পারতো, কিন্তু পারেনি, কারণ ওই সত্যকে সরিয়ে মানুষের মৃত্যুর খবরের বীভৎস সত্য সামনে এসে দাঁড়ায়। কারা কারা বাঁচেনি নাম পেতে থাকি। যারা যেতে চায়নি কারখানার ভেতরে, যাদের চাকরি খেয়ে নেবে ভয় দেখিয়ে ভেতরে ঢুকিয়েছিলেন ম্যানেজার, সুপারভাইজার, মালিকের লোকেরা; তারা আমারই সহকর্মী, আমারই চেনাজানা, আমারই বান্ধবী, আমারই সই। তাদের কত সুখ দুঃখের সাক্ষী আমি, আজ তারা নেই। অথচ আমি তাদের সঙ্গে একই মিছিলে ছিলাম, আমি আছি!
কুসুমের বর ফ্যাক্টরিতেই কাজ করতো, সুপারভাইজারের সহকারী ছিল, ধ্বসে যাওয়ার দু'দিন পর তার লাশ বের করা হয়েছে। কুসুম একখানা হাত হারিয়েছে। কুসুমের দিদিকে হাত পা কিছু হারাতে হয়নি। তবে ঘটনার বীভৎসতা দেখে কুসুমের দিদি শম্ভুগঞ্জ চলে গেছে, সে আর কারখানায় কাজ করবে না। কুসুমের দিদি একা নয়, অনেকে মেয়েই গ্রামের বাড়িতে চলে গেছে, শহরে আর ফিরবে না।
আমি যতই ভুলতে চাই, ভুলতে পারি না মৃত্যুর সঙ্গে আমার ওই চারদিনের বসবাস। প্রতি রাতে স্বপ্ন দেখি আমি কোনও অন্ধকার খাদে আটকা পড়ে আছি, চিৎকার করছি, কেউ শুনছে না। স্বপ্ন আমার ঘুম ভাঙিয়ে দেয়। পল্টু মদ খেয়ে বেঘোরে ঘুমোয়। আমারও ইচ্ছে হয় মদ খেয়ে ওর মতো ঘুমোতে। কিন্তু ও জিনিসটা আমি একেবারেই মুখের কাছে নিতে পারি না। লাশের গন্ধের মতো গন্ধ বেরোয় বোতল থেকে।
৬
জমানো টাকা খরচ হতে থাকে। কিন্তু এভাবে ক'দিন! এত লোক আর এত সংগঠন যে আহতদের দান করবে কথা দিয়েছিল, সরকার যে বলেছিল ভাতা দেবে, কোথায় সব? কারখানাই বা আমাদের জন্য কী রেখেছে! মালিক ম্যানেজার সবাই শুনেছি জেলে। জেলে তো মাগনা ভাত দেয়, খাচ্ছে ওরা। কিন্তু আমাদের তো কেউ মাগনা ভাত দিচ্ছে না! আমাদের গাঁটের পয়সা যে ফুরিয়ে যাচ্ছে!
এর মধ্যে এক ঘর হতাশার দেওয়ালে একটি ফুটো তৈরি হলো, সেরকম ফুটো, যে রকম ফুটো দিয়ে আলো এসে আমাকে ধ্বসের কবর থেকে উঠিয়ে এনেছিল। এই ফুটো দিয়ে যে আলো আসে, সেই আলো আমাকে নিয়ে যায় সেই মানুষের কাছে যে মানুষেরা একবার আমাকে সাতানব্বই হাজার টাকা দেয়, আরেক বার দেয় আশি হাজার টাকা। আমাদের বানানো কাপড় বিদেশের যে কোম্পানীগুলো কিনতো, মূলত সেই কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানি আহতদের জন্য দান করেছে এই টাকা, নিহতদের পরিবারকেও দিয়েছে। এত টাকা আমার জীবনে কোনওদিন দেখিনি আমি। এক লক্ষ সাতাত্তর হাজার টাকা। যারা হাতে টাকা দিয়েছে, তারাই ব্যাংকে একখানা একাউণ্ট খুলে দিল, কী করে টাকা জমা দিতে হয়, কী করে তুলতে হয় বুঝিয়ে দিল। এ আমার পা হারানোর মূল্য, আমার চাকরি হারানোর মূল্য।
পল্টু আমাকে বলে টাকা যেন আমি বুদ্ধি করে কোনও একটা ব্যবসায় খাটাই। মূল টাকাটা খরচ করে ফেললে বিপদ হবে। চাকরি বাকরি পাওয়া আর নাও যেতে পারে। গার্মেন্টস মালিক সমিতি হয়তো দেবে কিছু ক্ষতিপূরণ, সরকারও হয়তো দেবে, কিন্তু আবার নাও দিতে পারে। সুতরাং যে টাকা হাতে এসেছে সে টাকাই কোথাও খাটিয়ে মাসে মাসে টাকা আসার ব্যবস্থা করতে হবে। মদ খেয়ে বেহুঁশ হয়ে ঘুমোনো ছাড়া কারখানার দুর্ঘটনার পর থেকে পল্টুর মধ্যে খারাপ কিছু দেখিনি। তার পরিবর্তন এখন চোখে পড়ার মতো। যে পল্টু আমার ঘরে শুধু খেতো আর ঘুমোতো, সেই পল্টু স্ত্রী কন্যার প্রতি এখন দায়িত্বশীল, তাছাড়াও দিন দিন হয়ে উঠছে সৎ এবং সংবেদনশীল। যতদিন না হুইল চেয়ারে আমি অভ্যস্ত হয়েছি, নকল পা পরে একটু একটু করে পা ফেলতে অভ্যস্ত হয়েছি, ততদিন পল্টুই একা হাতে আমার সংসারের দায়িত্ব নিয়েছে। ডাক্তারখানায়, এনজিওর অফিসে, যেখানে আমাকে নিয়ে যাওয়া দরকার ধরে ধরে নিয়ে গেছে। কাঁধ দিয়েছে ভর দেওয়ার, হুইল চেয়ার চালিয়ে নিয়ে গেছে।
পল্টুই ব্যবসার বুদ্ধি দেয়। যেন একটা নতুন অটোরিক্সা বা সিএনজি কিনি, দুলাখ টাকা দাম পড়বে, আমি দেব এক লাখ, পল্টু দেবে এক লাখ। যেটি এখন চালাচ্ছে, তার মালিককে এত টাকা ভাড়া দিতে হয় যে নিজের পকেটে দিনশেষে বেশি কিছু থাকে না। আমরা দু'জন যদি সিএনজির মালিক হতে পারি, তবে সিএনজি চালিয়ে যে টাকা রোজগার হবে, সব টাকাই আমাদের টাকা। দু'জনে হিসেব করে টাকা ভাগ করে নিলেই হবে। আমার পছন্দ হয় পল্টুর পরামর্শ। সে আমাকে কয়েকটি অটোরক্সার ছবি দেখায়। আমি হলুদ রঙের একটি পছন্দ করি। পল্টুকে চেক লিখে দিই এক লাখ টাকার।
পল্টু চেক নিয়ে সেই যে বেরিয়ে গেছে, আর ঘরে ফেরেনি। ফোনেও তাকে আর পাওয়া যায়নি। তার চেনা পরিচিত কাউকে জিজ্ঞেস করেও তার কোনও হদিশ পাওয়া যায়নি। সাভার এলাকাতেই তাকে আর দেখা যায়নি, যতদূর শুনি।
৭
পল্টু হাওয়া হয়ে যাওয়ার পর কুসুম আসে আমার ঘরে প্রতিদিন। দু'বোন মিলে হাসি কাঁদি। কুসুমও আমি যত টাকা পেয়েছি, পেয়েছে। একদিন আমিই বলি কুসুমকে যে পল্টু হয়তো আর ফিরবে না কোনওদিন। কুসুম যেন তার ভাড়া-ঘর ছেড়ে দিয়ে আমার কাছেই চলে আসে।
কুসুম চলে এলে দুই পঙ্গু বোন আমার ঘরটিতে থাকি। যা আমি পারি না, সে করে দেয়, যা সে পারে না, আমি করে দিই। আমরা মৃত্যু কাকে বলে দেখে এসেছি। এ আমার তো বটেই, কুসুমেরও নতুন জীবন। বেলিকে আমরা দুজনই বড় করি।
কুসুমের শম্ভুগঞ্জে ফিরে যাওয়ার ইচ্ছে নেই। ওখানেই বা পঙ্গু জীবন নিয়ে কার বোঝা হবে! তার চেয়ে এখানেই থাকবে, এখানেই কিছু একটা করবে।
-কী করা যায় ক'তো!
-পল্টু তো কইছিল একটা সিএনজি কিনে নিলে ভালো ব্যবসা।
-ভালো ব্যবসা হইলে ও ভাগলো কেন?
-হয়তো টাকার লোভ সামলাইতে পারে নাই।
-গোলাপ, টাকার কথা চিন্তা কইরা দুঃখ করিস না। যা গেছে গেছে। দেখলি তো কয়েক সেকেন্ডের মধ্যে সেদিন এক হাজারের চেয়েও বেশি মানুষ মইরা গেল! তারা কত টাকা জমাইয়া কত কিছু করবে স্বপ্ন দেখতো, দেখতো না? কই গেল স্বপ্ন! কই আজকে রুমানা, বেনু, সাজিদা? কই হামিদা, শিখা, দিপা, কই বিলকিস, রুখসানা, কই নুরুন, চামেলি, ক। কেউ নাই। টাকা নিয়া যায় নাই কবরে।
-পল্টু আমারে যে এত বড় ধোঁকা দিব, বুঝতে পারি নাই।
-গোলাপ তুই ভুইলা যা পল্টুরে। পল্টুরে আমিও চিনি নাই। তার খোঁজ করসিলাম। কোথাও সে নাই। মনে হয় গ্রামে ফিরত গেছে। ওইখানেই চাষবাস করবে। কিছু ত ভাল কাজ করসে সে তর জন্য গোলাপ, সেইগুলা শুধু মনে রাখ। বাকি সব ভুইলা যা। ভাব, দানের এক লাখ টাকা তুই পাস নাই।
বড় একটি দীর্ঘশ্বাস ফেলি। ঠিকই তো। মৃত্যু থেকে উঠে আসা মানুষ, টাকা সে যত বড় অঙ্কের টাকাই হোক না কেন, তার জন্য যে চিৎকার করবো, তা তো বাঁচার জন্য যে চিৎকার করেছিলাম, সেরকম হবে না, হওয়া উচিতও নয়। টাকা তো জীবন নয়।
কুসুম আর আমি আমাদের মূলধন খাটিয়ে যৌথ একটি ব্যবসার কথা ভাবতে থাকি।
–পার্কে পিঠা বানাইয়া বিক্রি করা?
–খারাপ না।
–ঘর থেইকা রেডিমেড শাড়ি কাপড় বিক্রি করা?
–খারাপ না।
–সেলাই মেশিন কিন্যা ঘরেই আপাতত টেইলারিং দেওয়া?
–খারাপ না।
-বাজারে একটা মুদির দোকান শুরু করা?
-ছ্যা।
কিছু একটা হবে, হবে না কেন? আমিও আর আগের আমি নই, কুসুমও আর আগের কুসুম নয়। আমাদের আত্মবিশ্বাস আগের চেয়ে বেশি, আমাদের সাহসও আগের চেয়ে বেশি। এ আমাদের নতুন জীবন। নতুন জীবনে নতুন কিছু করার জন্য মনস্থির করি। পায়ের নিচে আমাদের ফের মাটি আনতেই হবে।
