কাইয়ো বেতাঙ্কুরের গল্প: আলেহান্দ্রা
কাইয়ো বেতাঙ্কুর (Cayo Betancourt)-এর জন্ম ১৯৭৩-এ কলম্বিয়ার পোপাইয়ান (Popayán)-এ। স্ত্রী মার্গোৎ এবং তিন পুত্র হোসে, নিকোলাস আর হুয়ানের সঙ্গে থাকেন বোগোতার উত্তরে। ছোটবেলা থেকেই পড়ার দিকে খুব ঝোঁক। বিশেষ করে জুল ভের্ন (Julio Verne) এবং গার্সিয়া মার্কেস (García Márquez)'র লেখা বার বার পড়েছেন। ২০০০ সালে পোপাইয়ানের কাউকা বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল ও টেলিযোগাযোগে স্নাতক হওয়ার পর একটি টেলিযোগাযোগ কোম্পানিতে চাকুরিতে যোগ দেন এবং কয়েকটি দেশে কাজের দায়িত্ব পান। কোম্পানিটির পরিচালক স্তরে উন্নীত হওয়ার আগপর্যন্ত তিনি প্রযুক্তিগত বিভিন্ন পদে ছিলেন। ২০১৩-তে তিনি তাঁর উচ্চতর শিক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) শ্রেণিতে ভর্তি হন এবং ২০১৫'র ডিসেম্বরে সাফল্যের সঙ্গে তা শেষ করেন। এসময়ে লেখালেখির নিবিড় অনুশীলন চালানোর সময় তিনি তাঁর প্রথম গ্রন্থটি প্রকাশের উদ্যোগ নেন। লিঙ্কডইন-এও তিনি বিস্তর লেখালেখি করে থাকেন নেতৃত্ব, পেশাগত উন্নয়ন এবং কর্পোরেট সংস্কৃতি সম্পর্কে। Alexandra গল্পটি ইংরেজি থেকে অনুবাদ করেছেন অনুবাদক জ্যোতির্ময় নন্দী।
কাইয়ো বেতাঙ্কুর: আলেহান্দ্রা
ভাষান্তর: জ্যোতির্ময় নন্দী
বিরাট কামরাটার এককোণায় বসে ছিল আলেহান্দ্রা– চিন্তাগ্রস্ত, অন্যমনস্ক। কেউ জানত না কখন সে এসেছে। কথা কম বলত সে, কিন্তু তার এমন একটা হৃদয় ছিল, সোনালি চুলে সাদার ছোপ লাগা, যেটা মনে করিয়ে দিত শুদ্ধতার কথা। প্রতি রাতেই সে বসে থাকত। মারিয়া নিয়মিত তার সঙ্গে কথা বললেও প্রায়ই লক্ষ্য করত তার অন্যমনস্কতা। পুরুষরা আলেহান্দ্রাকে চাইত না বললেই চলে, হয়তো তার চোখের চিরস্থায়ী বিষণ্ণতা এড়িয়ে চলার জন্যেই।
চিত্রকর্ম: ভাসিলি কান্দিনিস্কি
ব্যথাটা ক্রমশ বেড়েই চলেছিল। বেচারা মেয়েটার ফোলা মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কতটা কষ্ট পাচ্ছে। এদমুন্দো তার দৃষ্টিকে এড়িয়ে চলত, ছলছুতো খুঁজত কেটে পড়ার। মেয়েটাকে তার দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা। মারিয়া তাকে কাজটার ভার দিয়েছে কয়েক হপ্তা আগে, কিন্তু তার তাচ্ছিল্যের ভাব আর মনের ভেতরকার অন্ধকার গলিঘুঁজি তাকে আবারও যাত্রা স্থগিত রাখতে বাধ্য করেছে। আলেহান্দ্রার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। দুঃসহ ব্যথা তাকে মনে করিয়ে দিচ্ছিল তার নিজের দেশে সন্তান জন্ম দেয়ার ঘটনাটা, যখন সে তার মা আর মাসিদের হাতে ভীষণ কষ্ট পেয়েছিল। তার গর্ভাবস্থার শুরু থেকেই ওরা তার সঙ্গে দুর্ব্যবহার করে আসছিল। এর ফলে তাকে একটা যন্ত্রণাদায়ক, অস্বস্তিকর, এবং খুব খারাপভাবে দেখাশোনা করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার চিন্তাগুলো মিশে গেছে পরিত্যক্ত পুত্রসন্তানের জন্যে দুঃখে আর আজ সে বেঁচে থাকলে তার নিজের পরিবারে কতটা সুখী হত সেই কথা ভেবে। গরম নুনজল দিয়ে কুলকুচি করে ফোলা মাড়ির ব্যথা কিছুটা কমানো গেল, কিন্তু অতীতের কষ্টগুলো তাকে বর্তমান ভুলিয়ে দিচ্ছিল। ওখানে ছিল এদমুন্দোও, এক অদৃশ্য দণ্ডদাতা, যে তার চাবুককে ব্যবহার করে মেয়েটার কষ্টভোগ বাড়ানোর জন্যে। ঘরটার ভেতরে বাজতে থাকা সঙ্গীতের সাথে সাথে আলেহান্দ্রার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। খালি কোণাটা অনেকেই দেখল, কিন্তু ওখানে আলেহান্দ্রা সাদা পোশাক পরে পরবর্তী খদ্দেরের জন্যে অপেক্ষা করছিল, যে শিগগিরই আসবে, কিন্তু অন্যরকম পোশাক পরে। মারিয়া ছিল চুপচাপ, কারণ এদমুন্দো তার দেয়া কাজটাকে নিপুণভাবে টুপি পরিয়েছে। আলেহান্দ্রার যে তার সবচেয়ে বড় যুদ্ধটায় হেরে যাচ্ছে, সে-ব্যাপারে মারিয়ার কোনো ধারণাই ছিল না।
আলেহান্দ্রার যতটুকু আশঙ্কা করেছিল, তার চেয়ে বেশি কাছে চলে এসেছিল অপ্রীতিকর চরিত্রটা, প্রদাহ পরীক্ষা করে দেখার ছলে, তার সঙ্গে গা-ঘেঁষাঘেঁষি করছিল, এবং এ জায়গাটায় আটকা পড়ায় তার যে-কষ্ট, সেটা অনুভব করেছিল।
অন্যান্য মহিলারা একইসঙ্গে ক্ষণস্থায়ী আর চিরন্তন দু ধরনের মজাই উপভোগ করছিল। এদিকে, আরো… আরো বেশি অন্যমনস্ক, নিজের চিন্তায় আরো বেশি ডুবে যাচ্ছিল সে, এবং অপেক্ষা করছিল কখন চলে যেতে পারবে। বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসতো সে, বিশেষ করে নুড়িপাথর আর হাইড্র্যাঞ্জা ফুলে ভরা আঙিনা দিয়ে দৌঁড়ে যাওয়াটা। তার শৈশবে ফিরিয়ে নিয়ে যাওয়া শিশুদের মধ্যে খেলতে খেলতে নিজেকে তার মনে হত যেন সে আরেক বোবার দখলে চলে গেছে। একজন স্নেহময় পিতা, তার জন্যে যাঁর ছিল বুকভরা আদর, আর এক অন্ধকার, দুমুখো স্বভাবের মা, যে সব অনুভবের গলা টিপে মারতো চিলচিৎকার দিয়ে। সে বুঝতে পারত কিভাবে তার মায়ের যন্ত্রণা একটা কালো চাদরের মতো সংক্রমিত হচ্ছে, ধ্বংস করছে তার বাবার জীবনটাকে, এবং ঘটনাক্রমে তারটাকেও।
বাচ্চা ঘোড়াদের পোষ মানাতে খুবই দক্ষতা আর শক্তির দরকার হয়, যেসব গুণ তার বাবার ছিল অঢেল। কাছের এক খামারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করে উনি নিজের পরিবার আর তার মায়ের বোনদের পরিবারে প্রয়োজনীয় আহার যোগাতেন। তিন কামরার ছোট্ট একটা বাড়িতে তারা শান্তিতে থাকার চেষ্টা করছিল। আলেহান্দ্রার মনে পড়ত, পতিতালয়ের মাঝখানের উঠোনে লাগানো ফুলগাছগুলো দেখতে কেমন তার মায়ের লাগানো ফুলগাছগুলোর মতোই। টবগুলোর অসংখ্য রকমের গন্ধ আর রঙের মধ্যেই তার মায়ের ব্যাপারে একমাত্র সুখস্মৃতিটা থেকে যাবে। শেষবার যখন সে তার বাবাকে দেখল, উনি তখন একটা বাদামি রঙের টগবগে ঘোড়ার পিঠে, যেটার ঘামে ভেজা চামড়ার গায়ে ফুটে উঠেছে তার পেশীগুলো। চমৎকার একটা দুলকি চালে এগিয়ে যাওয়া, যার তালে তালে তার বাবার হাতগুলো কাঁপছিল। তাঁকে একটা সেন্টরের মতোই দেখাচ্ছিল, প্রতি রাতে অনেক কষ্ট করে পড়া কাহিনিগুলোর মধ্যে পৌরাণিক যে-প্রাণীটাকে তাঁর সবচেয়ে ভালো লাগত। সেদিন বিকেলে দুর্ভাগ্য তাঁকে স্পর্শ করল। খামারে ফেরার পরপরই একটা ট্রাক পেছন থেকে তেজি জানোয়ারটার কানের কাছে বিকট শব্দে হর্ন বাজাল। আতঙ্কের একটা মুহূর্ত, তারপর দেখা গেল অশ্বারোহীর মাথাটা পাথুরে রাস্তায় আছড়ে পড়ে ফেটে গেছে। আকস্মিক এক মৃত্যু, কোনো যন্ত্রণা ছাড়াই এবং তাঁর ভালোবাসাগুলোর একটার কাছ থেকে পাওয়া। আলেহান্দ্রা স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে কাঁদেনি, কারণ ভালোবাসা মানুষকে কাঁদায় না, ভালোবাসা মানুষকে হাসায়, সে ভেবেছিল।
আর্তুরো অনেকবার তার সঙ্গে কথা বলেছে; মনোমুগ্ধকর ঘোড়াদের গল্পগুলো তাকে উৎসাহ যোগাতো। সেও তার দুঃখ ভাগাভাগি করত একইভাবে। ঘরের অন্যপাশ থেকে আর্তুরো তাকিয়ে থাকত অন্ধকারের চাদরে ঢাকা তার গায়ের ফর্সা রঙের দিকে। কালোর বৈপরীত্যে তখন তাকে আরো সুন্দর দেখাত। দর্শনার্থীদের ওপর যখন সে চোখ বোলাত, সেই প্রশ্নাতীত হাসি তাকে স্বাগত জানাত স্থৈর্য, প্রশান্তি আর প্রচুর ভালোবাসা দিয়ে। জায়গাটায় পরিবারটার মধ্যে শ্বাস-প্রশ্বাস নিত এমন একটা জিনিস, যেটা এদমুন্দো বুঝতে চাইত না; তার উচ্চাভিলাষ আর টাকার জন্যে লাম্পট্য অনেক বছর আগেই প্রকাশ হয়ে গিয়েছিল। জ্যান্ত শরীরে একটা মৃত আত্মা, আর্তুরো ভাবত। আরো কিছুদিন পর সে দুঃখ করত সব ফেলে চলে যাওয়ার জন্যে আর কী ঘটছে সেটা বোঝার মতো অন্তর্দৃষ্টি তার ছিল না বলে। সেসব মুহূর্তে সে তার কোলে মুখ গুঁজে কাঁদতে থাকা মারিয়াকে জড়িয়ে ধরত, অতীতে সে নিজে যেভাবে পেয়েছে সেভাবেই।
আলেহান্দ্রার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, ব্যথা অসহনীয় হয়ে উঠেছিল। ঠিক এসময়টাতেই অসুস্থ হয়ে পড়ল ধাত্রীটা, কী একটা জ্বর তাকে কয়েকদিনের জন্যে শয্যাশায়ী করে ফেলল। নিয়তি ষড়যন্ত্র করল একটা বিশুদ্ধ আত্মাকে নিয়ে যেতে। এদমুন্দো রয়ে গেল অবিচলিত, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, অন্যদের কষ্ট দেয়া আর তাকে আলেহান্দ্রার বিদায় জানানোর স্বপ্নকল্পনা– এ দুইয়ের মাঝখানে হারিয়ে যাওয়া।
এটা তার পছন্দ হয়নি, কারণ তার মনে হিংসা এসেছিল। অবিশ্বাস্য সেসব হিংসে তাকে নিয়ে গেল নৃশংসতার দিকে এবং তাকে ক্রমশ সরিয়ে দিল মানুষের কাছ থেকে দূরে, আরো দূরে। একটা নতুন সত্তা তার পথ জুড়ে দাঁড়িয়ে তাকে অন্যদের কাছ থেকে আলাদা করে দিল। 'আমি কি আমার কৃতকর্মের দাম চোকাচ্ছি?" সে ভাবল।
আলেহান্দ্রাকে ফেলে রাখা হয়েছিল ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে; যেমনটা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল ঠিক সেভাবেই একটা সংক্রমণ তার একটা দাঁত থেকে ছড়িয়ে পড়েছিল সারা মুখে। তাকে আর সারিয়ে তোলা সম্ভব ছিল না, আসল আসামি ছিল দরজার পেছনে। এদমুন্দো কাঁদল না; ভাবল, দুর্ভাগাদের জন্যে সবচেয়ে ঠিক জিনিসটাই ঘটেছে, খাওয়ানোর মুখ একটা কমল। নিজের বিবেক সাফ করার চেষ্টা করছিল সে, যদি এটাকে তেমনটা বলা যায়।
আর্তুরো তার মৃতদেহের ওপরে পড়ে কেঁদেছিল। সে একটা দেবীকে হারিয়ে ফেলেছিল, যে তাকে ভালোবাসত নিঃশর্তভাবে। সাহায্য করতে না পারার জন্যে বিলাপ করতে করতে তবেই বেরিয়ে যেতে পারল সে। অনুশোচনা বড় নোংরা খেলা খেলে, খুঁজে বের করে ফাটল, হৃদয়কে আঘাত করার জন্যে ভেঙে দেয়। কারো কারো নিয়তি সিল করা, অনেক আগেই হারিয়ে যাওয়া। দুঃখ, পরিত্যাগ আর ধিক্কার হৃদয়কে বিদীর্ণ করে, যেমনটা ঘটেছে আলেহান্দ্রার ক্ষেত্রে। দ্ব্যর্থহীনভাবে সে ডেকে এনেছিল কুৎসিত, অন্ধকার এবং অবসাদকে যা আমাদেরকে অবশ্যই টেনে নিয়ে যায় সীমাতীত গভীরতায়।
