তসলিমা নাসরিন-এর এক জীবন
চিত্রকর্ম:পাবলো পিকাসো
১
নার্গিসের ছেলে সুমনের সবে দু'বছর। এই সময় কোলের ছেলেকে ফেলে তাকে সৌদি আরবে চাকরি করতে যেতে হবে। নাজিমুদ্দিনের এই পরামর্শ সে মানে না। সে সোজা বলে দেয় সে যাবে না। যাবে না বললেই নাজিমুদ্দিন মানবে কেন! চন্দ্রকোনা বাজারে নাজিমুদ্দিনের দরজির দোকান। সে দোকান খুঁড়িয়ে চলছে। যে কোনও সময় ঝাঁপি বন্ধ করে দিতে হবে। দোকানের একটিই কর্মচারি, তাকেই চার মাস বেতন দিতে পারছে না নাজিমুদ্দিন। কর্মচারীর কাজ নেই, সারাদিন বসে বসে ঝিমোয়। জামা কাপড় সেলাই তো দূরের কথা, ছোট কোনও রিফুর কাজ করাতেও, বা কিছু অল্টার করাতেও আজকাল কেউ আর এ-মুখো হয় না। রেডিমেড কাপড়ের যুগ এখন। ব্যবসা বদলানো ছাড়া উপায় নেই নাজিমুদ্দিনের। নতুন ব্যবসা করতে হলে চাই অঢেল টাকা। রেডিমেড কাপড়ের একটি দোকান খোলার ইচ্ছে তার। ইচ্ছেটি ডালপালা মেলছে দিন দিন।
নাজিমুদ্দিনের কাছে রিক্রুটিং এজেন্সির খবর আসে। এজেন্টদের কাছ থেকে সে নানা তথ্য সংগ্রহ করে। আরব দেশের চাকরিতে খুব দ্রুত ভাগ্য ফেরে, কয়েক বছর চাকরি করলেই সংসারে অভাব বলে কিছু থাকে না। ওদেরই বা বলতে হবে কেন, নাজিমুদ্দিন নিজের চোখেই দেখেছে চন্দ্রকোনার বেশ কিছু বাড়ির বউ আরব দেশের চাকরিতে যাওয়ার পর টিনের ঘরের জায়গায় নীল সবুজ দোতলা বাড়ি উঠলো, দু'দুটো ট্রাক কিনে বরেরা ভাড়া খাটাচ্ছে। এখন পায়ের ওপর পা তুলে খায়। বউ ফিরে আসার পর সুখের সংসার আরও সুখের হয়েছে। ঠিক এমনটি তো নাজিমুদ্দিনের জীবনেও হতে পারে! নার্গিসকে সৌদি আরবে যেতে রাজি করানোর জন্য যা যা করা দরকার সে করে। শেরপুরে শ্বশুরবাড়ি পর্যন্ত যায়। যেন শ্বশুর অন্তত নার্গিসকে বুঝিয়ে রাজি করান। শ্বশুর জানেন যৌতুকের টাকা দিয়েই নাজিমুদ্দিন দরজির দোকান দিয়েছিল, এখন সে দোকানের আয়-রোজগার তার পছন্দ হচ্ছে না। পছন্দ না হলে লোকে যা করে,সেও তাই করতে চাইছে, নতুন ব্যবসা শুরু করতে চাইছে। শ্বশুর শাশুড়ি দুজনই নাজিমুদ্দিনের রেডিমেড কাপড়ের ব্যবসার পরিকল্পনাকে এক বাক্যে ভালো বলে রায় দেন, কিন্তু নার্গিসের আরব দেশে গিয়ে চাকরি করার ব্যাপারে আপত্তি করেন। একসময় সরকারি অফিসে কেরানির চাকরি করতেন শ্বশুর, দু'বার হার্ট অ্যাটাক হওয়ার পর স্বেচ্ছা অবসর নিয়েছেন। বুকের বাঁ পাশটায় হাত বুলোতে বুলোতে তিনি বললেন, 'দেখ বাবা, এত দূর দেশে একটা মেয়ের একা একা যাওয়া উচিত নয়। তুমি সাথে যেতে, আমরা চিন্তামুক্ত থাকতে পারতাম। আর দুধের বাচ্চাটাই বা মা ছাড়া কী করে থাকবে?'
শাশুড়িরও একই কথা,'মেয়ের বয়স অল্প। ও বিদেশে গেলে কী হয় না হয় কে জানে! তার চেয়ে নিজেরা সুখে শান্তিতে থাকার চেষ্টা করো। টাকা পয়সা কম থাকলেও জীবন চলে। মিল মহব্বতটা বেশি জরুরি।'
নাজিমুদ্দিন সব শুনে এমন ভাবে মাথা ঝাঁকায় যেন নিজের ভুল সে বুঝতে পেরেছে, যেন শ্বশুর শাশুড়ির উপদেশ সে অক্ষরে অক্ষরে মেনে চলবে, যেন নার্গিসকে আরব দেশে পাঠানোর চিন্তা সে মাথা থেকে দূর করবে। শ্বশুরবাড়ি থেকে ভরপেট খেয়ে রাতে বাড়ি ফিরে নার্গিসকে বলে, 'সুমনকে দেখার লোক আছে। তার দাদা দাদি আছে, তাছাড়া আমি আছি। ওর জন্য তোমার চিন্তা না করলেও চলবে। তোমাকে সৌদিতে যেতেই হবে। এ ছাড়া উপায় নেই। আর যদি যেতে না চাও, তোমার বাপকে বলো আমাকে একটা রেডিমেড কাপড়ের দোকান করার টাকা দিক। আমি বুঝি না, হাজার হাজার মেয়ে যাচ্ছে সৌদিতে, তোমার এত কেন অনীহা? তুমি কি তাদের চেয়ে আলাদা? তারা ভদ্রঘরের মেয়ে নয়? তাদের স্বামী সংসার নেই, বাচ্চা কাচ্চা নেই?'
নার্গিস বলে, 'টাকার জন্যই তো যেতে বলছো, তা আমাকেই বা কেন যেতে হবে? তুমি যাও চাকরি নিয়ে! পুরুষরা তো যাচ্ছে।'
নাজিমুদ্দিন গলা চড়ায়। 'তুমি কি ভেবেছো চাকরির সুযোগ পেলে আমি এক মুহূর্ত দেরি করবো? মুশকিল হলো, এখানকার এজেন্সি পুরুষ নেয় না।'
নার্গিস শান্ত কণ্ঠে বলে, 'কোথাকার এজেন্সি পুরুষ নেয়, খোঁজ নাও। তাদের কাছে যাও।'
নাজিমুদ্দিন এবার তেঁতে ওঠে, 'তুমি হেঁয়ালি করছো নার্গিস, আমার কথা বুঝতেই চাইছো না। কাছকাছি যে এজেন্সি আছে, তাদের ওপরই তো ভরসা করা উচিত! তারা নালিতাবাড়ির লোক, আমাদের লোক। ধরা যাক পাঁচশ মাইল দূরে নীলফামারিতে এমন এজেন্ট আছে, যারা পুরুষদের চাকরি দিয়ে বিদেশ পাঠায়। নীলফামারিতে আমি কাউকে জানি না চিনি, বলো? তারা যে ভালো তার গ্যারিন্টি কী? '
নার্গিস বলে, 'বাড়ির কাছের এজেন্সি ভালো—তারই বা কী গ্যারিন্টি!'
নাজিমুদ্দিন উত্তর দেয় না, নার্গিস থেমে থেমে বলে, 'বিদেশের গার্মেন্টসে কাজ করতে হবে কেন, দেশের গার্মেন্টসেই তো কাজ করতে পারি।'
এবার নাজিমুদ্দিন ফুঁসে ওঠে, বলে, 'পাগল হয়েছো? দেশের গার্মেন্টসে বছরে যে টাকা দেবে, তা ওখানে এক মাসে দেবে।'
নার্গিস দীর্ঘশ্বাস ফেলে সুমনকে বুকে জড়িয়ে শুয়ে থাকে। চোখ থেকে টুপটুপ গড়িয়ে পড়তে থাকে অন্ধকার।
গভীর রাতে নার্গিসকে ঘুম থেকে উঠিয়ে নাজিমুদ্দিন বলে, 'আজ তোমার যদি কোনও অসুখ হয়, আমি দেখবো। আমিই তোমাকে হাসপাতালে নিয়ে যাবো, চিকিৎসা করাবো। তোমাকে সুস্থ করে তুলবো। ঠিক না?'
নার্গিস মাথা নাড়ে। ঠিক।
'আজ আমার এই বিপদে তোমাকেই তো এগিয়ে আসতে হবে, বিপদ থেকে আমাকে উদ্ধার করার দায়িত্ব তো তোমার। ব্যবসা যদি ভালো হয়, আমরাই তো ফল ভোগ করবো, সংসারে স্বচ্ছলতা এলে আমরাই তো সুখে থাকবো। ঠিক না?'
নার্গিস মাথা নাড়ে। ঠিক।
'তোমার কাছে দাবি আছে বলেই তো বলছি যে যাও, চার পাঁচ বছর কাজ করো। এ আর এমন কী বছর, চোখের পলকে কেটে যাবে। বুঝতে পেরেছো?'
নার্গিস মাথা নাড়ে, সে বুঝতে পেরেছে।
নার্গিসকে বুকে জড়িয়ে শুয়ে থাকে নাজিমুদ্দিন। বুকের মধ্যে আড়াল হয়ে যাওয়া নার্গিসের চোখ থেকে টুপটুপ গড়িয়ে পড়তে থাকে অন্ধকার। নাজিমুদ্দিন টের পায় না।
পরদিন নার্গিসকে নিয়ে নালিতাবাড়ির এজেন্সিতে রওনা হয় নাজিমুদ্দিন। চন্দ্রকোনা বাসস্ট্যান্ড থেকে বাস ছাড়ে। পথে থেমে থেমে যায় বাস। তারপরও এক ঘণ্টার মধ্যেই পৌঁছে যেতে পারে গন্তব্যে। শহর ঢুকে পড়ছে চন্দ্রকোনা গ্রামে। বাসের জানালা দিয়ে দালানকোঠা দেখতে দেখতে চোখের তারা নেচে ওঠে নাজিমুদ্দিনের। বলে, 'একদিন, জানো নার্গিস, এমন হবে, যে, এখানেই এজেন্সির অফিস খুলবে, হেঁটেই চলে যাওয়া যাবে অফিসে, কষ্ট করে বাস ধরতে হবে না।' নার্গিস শান্ত চোখে দেখে নাজিমুদ্দিনকে, ক'বছর আগেও সে ছিল এক সুদর্শন তরুণ। তরুণটিকে ইস্কুলে আসা যাওয়ার পথে দেখতো সে। যত দেখতো, তত ইচ্ছে হতো দেখতে। সেই নাজিমুদ্দিন, যাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না বাড়িতে জানিয়ে দিয়েছিল। অতএব নার্গিস মাধ্যমিক দেবার পর নাজিমুদ্দিনের সঙ্গেই তার বিয়ে ঠিক করে তার বাবা। নাজিমুদ্দিন চন্দ্রকোনা কলেজে ভর্তি হয়েছিল, ওই ভর্তি পর্যন্তই। পড়াশোনা আর হয়নি। মাঝখানে অসৎ সঙ্গ তাকে গাঁজা ধরিয়েছিল, গাঁজার নেশা নার্গিসই চেষ্টা করে ছাড়িয়েছে। বাপের এক মেয়ে নার্গিস। আদরে আহ্লাদে বড় হয়েছে। শ্বশুরবাড়িতে এসেও বাপের এক ছেলের বউ হিসেবে আদর যত্ন যথেষ্টই পেয়েছে। শ্বশুরের জমিজমা থেকে টাকা আসে, সংসার চলে। স্বচ্ছলতা খুব বেশি নেই বলে নার্গিস অখুশি নয়। অখুশি হবে কেন, জেনেশুনেই নাজিমুদ্দিনের সঙ্গে সে ঘর করতে চেয়েছে। মানুষটা অনেক বদলে গেছে। আচরণ এমনই অদ্ভুত যে বলতে বাধে না 'হয় বাপের কাছ থেকে টাকা নিয়ে এসো, নয়তো আরব দেশে যাও'। কার কাছে বিচার চাইবে নার্গিস? শ্বশুর শাশুড়ির সাধ্য নেই ছেলে যা পণ করেছে, তা থেকে তাকে এক চুল সরাতে। বাড়িতে নাজিমুদ্দিনের কথাই শেষ কথা। নার্গিসকে শেষ পর্যন্ত রাজি হতেই হয়। রাজি হতেই হয় কারণ তার অসুস্থ বাবার কাছে ফের হাত পাততে সে চায় না। যৌতুকের টাকাই তিনি দিয়েছেন তার জমানো টাকার ঝুড়ি উপুড় করে।
নালিতাবাড়িতে এজেন্সির অফিস একটি বাড়ির দোতলায়। বড় একটি ঘরে প্রশিক্ষণ চলে। ছোট ঘরে চলে আলাপ আলোচনা, কাগজ পত্রে সই। টাকা-পয়সা নেওয়া। এজেন্সির পরিচালক জামাল হোসেন কিছু কাগজে নার্গিসের সই নিলেন। অভিভাবক হিসেবে নাজিমুদ্দিনের সইয়েরও দরকার পড়েছে। জামাল হোসেন জানিয়ে দিলেন, আপাতত দু'জায়গায় কাজ আছে মেয়েদের, এক বাসাবাড়িতে, দুই গার্মেন্টসের কারখানায়। দুটোতে একই বেতন। নার্গিস গার্মেন্টসের কাজে রাজি হয়। বলে তার নিজের কিছুটা অভিজ্ঞতা আছে কাপড় কাটায়, সেলাই এম্ব্রয়ডারি ইত্যাদিতে। নাজিমুদ্দিনের দোকানের অনেক কাজই সে ঘরে নিজের হাতে করে। বেতন, জামাল হোসেন বলেন, কম নয়, বেশি নয়, পঁচিশ হাজার। আয় যার পঁচিশ টাকাও ছিল না, এখন মাস গেলে সে পঁচিশ হাজার টাকা হাতে পাবে, এ কী সোজা কথা! অবশ্য তেমন স্বর্গ পেতে হলে কিছু তো খোয়াতে হয়ই। এজেন্সিকে দিতে হবে দেড় লাখ, বিনিময়ে কী? বিনিময়ে টিকিট, আর বিদেশ বিভুঁইয়ে নিরাপত্তা। জামাল হোসেন অমায়িক ভদ্রলোক। মুখে মিষ্টি হাসি লেগেই আছে। নাজিমুদ্দিন খুশিতে লোকটিকে বুকে জড়িয়ে ধরেছে দু'বার।
বাড়িতে নার্গিসের কদর আরও বাড়ছে। সে এখন চাকরি করবে, তাও দেশে নয়, বিদেশে। উড়োজাহাজে চড়ে বিদেশে যাবে। টাকা রোজগার করে সে সংসারের অবস্থা ফেরাবে। তার পাতে একটির জায়গায় দুটো মাছের টুকরো পড়ে। নাজিমুদ্দিন দু'খানা কালো বোরখা কিনে নিয়ে আসে। নার্গিসের হিজাব বোরখা কোনওটিই পরার অভ্যেস নেই। কিন্তু আরব দেশে বোরখা ছাড়া তো এক পা-ও কোথাও বেরোনো চলবে না। ধার দেনা করে হলেও দু'লাখ টাকা যোগাড় করে নাজিমুদ্দিন। ভালো একটি স্মার্ট ফোন কিনে দিয়েছে নার্গিসকে, ফোনটা দরকার। টাকা যোগাড় করতে নাজিমুদ্দিনের জুতোর সুকতলা ক্ষয় হতে হতে ছিঁড়ে গেছে, তবু নার্গিসের শর্ত সে মেনেছে, তার বাপের বাড়িতে সে হাত পাতেনি।
টাকা দেওয়ার পর এক মাস প্রশিক্ষণ চলে এজেন্সির অফিসেই। প্রথম কয়েকদিন নাজিমুদ্দিন নিয়ে গেছে তাকে, তারপর থেকে তাকে একাই পাঠিয়েছে। সেলাই মেশিন কী করে চালাতে হয়, কী করে ইস্ত্রি করতে হয়, এমনকী কী করে ওয়াশিং মেশিন, ওভেন, মাইক্রোওভেন, রেফ্রিজারেটর ব্যবহার করতে হয় সবই এক মাসে শিখতে হয়েছে, আরবি ভাষাও শিখতে হয়েছে কিছু। আরবদের সংস্কৃতি, তাদের আচার ব্যবহার ইত্যাদিও জানতে হয়েছে। গৃহকর্মী, কারখানার শ্রমিক, সবার জন্য একই প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিয়েছেন আরব দেশে পনেরো বছর শ্রমিক এবং গৃহকর্মী দু'কাজই করে আসা সুফিয়া বেগম। তিনি বেশ গুছিয়ে কথা বলেন। তাঁর কথা কানে যায় বটে নার্গিসের, মনে যায় না। মন পড়ে থাকে সুমনে, বাচ্চাটি কী করে থাকবে, তাকে কে গোসল করাবে, কে জামা পরাবে, কে খাওয়াবে, কে ঘুম পাড়াবে! নার্গিস ছাড়া এসব কাজ তো বাড়ির আর কেউ করেনি কোনওদিন! একদিকে স্বামীর আদেশ, অন্যদিকে সন্তানের টান– এ দুটোর মাঝখানে সে জড়বস্তুর মতো বসে থাকে।
প্রশিক্ষণ কেন্দ্রে নার্গিসের আলাপ হয় লিলি, হাসনা আর শিউলির সঙ্গে। ফুলের নামে নাম ফুটফুটে মেয়েদের। নার্গিসও তো ফুল। ফুলগুলো যাবে অচেনা দেশের অচেনা কারখানায় চাকরি করতে। ফুলগুলোর মধ্যে খুব দ্রুত সখ্য গড়ে ওঠে। একই বয়সী এরা। কারও শ্বশুরবাড়ি নকলা, কারও নালিতাবাড়ি। বাপের বাড়ি বহুদূর। বাপের বাড়ির আশেপাশেই আছে শৈশব কৈশোরের সখীরা। শ্বশুরবাড়িতে কোথায় পাবে তাদের! ভিন ভূমিতে নতুন কোনও সখী পেয়ে যাওয়া কোচর ভরে থোকা থোকা সুখ পেয়ে যাওয়ার মতো।
পাসপোর্ট জামাল হোসেনই করে দিয়েছেন, ভিসাও। বাড়ি থেকে জামাল হোসেনই বড় গাড়ি করে নিয়ে গেছেন বিমান বন্দরে। প্রশিক্ষণ নেওয়া পঁচিশ জন মেয়েই ছিল গাড়িতে। ছিল লিলি, হাসনা আর শিউলি। যদিও চোখের জলে সে বিদেয় নিয়েছে শ্বশুর শাশুড়ি স্বামী আর একরত্তি শিশু সুমনের কাছ থেকে, কিন্তু সখীদের সঙ্গ তার বুকের ভেতর আটকে থাকা কষ্টকে যেমন অনেকটা ছুটি দিয়ে দেয়, চোখের জলকেও অনেকটা মুছে দেয়। এ এক অন্য জীবন।
২
রিয়াদে নামে সবাই। বিমান বন্দরেই অপেক্ষা করছিলো জামাল হোসেনের লোক। সেই লোক সবাইকে একটি মিনিবাসে করে নিয়ে যায় শহরে। গরমে কুলকুল করে ঘামছিল মেয়েরা। একজন দুজন ছাড়া এমন নিকাবি বোরখায় কেউ অভ্যস্ত ছিল না আগে। অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। কিন্তু লোকটি কঠোর কণ্ঠে বলে দেয়, বাইরে বোরখা খোলা চলবে না, নিকাব নামানোও চলবে না।
দু'কামরার চিলেকোঠাটিকেই লোকটি বলছে এজেন্সির অফিস। একটি ঘরে পাঁচটি চৌকি। দড়িতে ঝুলছে কাপড় চোপড়। ছড়িয়ে আছে বাসন পত্র। এজেন্ট এবং তার চার সহকারী এখানেই খায় দায়, ঘুমোয়। মেয়েরা চৌকিতে আর চেয়ারে বসে, চেয়ার পর্যাপ্ত নেই বলে কিছু মেয়ে মেঝেয় বসে। নিকাব খুলে ফেলেছে মেয়েরা। কেউ কেউ বোরখাও খুলে বসেছে। মিনিবাসের এসিও ভালো চলেনি, ঘরের এসিও না। গরমে ক্ষিধেয় ছটফট করছে সবাই।
যে লোকটি সবাইকে বিমান বন্দর থেকে নিয়ে এসেছে, সে-ই রিয়াদের এজেন্ট। নাম মোহাম্মদ। সে আরাম-চেয়ারে আরাম ক'রে বসে একটির পর একটি ফোন করছে, বাংলায় কথা বলছে, আবার আরবিতেও চেঁচাচ্ছে। কিছু মেয়েকে মিনিবাসে তুলে দিচ্ছে, একজন সহকারী তাদের কোথাও রেখে ফেরত আসছে। আবার এসে কিছু মেয়েকে নিয়ে যাচ্ছে।
পঁচিশজনের মধ্যে গৃহকর্মী পনেরো জন, কারখানার শ্রমিক দশ জন। পনেরোজনকে বাড়ি বাড়ি গৃহকর্মের জন্য পৌঁছে দেওয়া হবে। আর কারখানার দশজনকে নিয়ে যাওয়া হবে একসঙ্গে, এক জায়গায়। এমনই কথা, নালিতাবাড়ি থেকেই এমনই ঠিক হয়ে আছে। কিন্তু কারখানায় শ্রমিকের কাজ করার জন্য যে মেয়ে চুক্তি করেছে তাকে যখন গৃহকর্মীদের সঙ্গে মিনিবাসে ওঠাতে চাইছে, মেয়ে বেঁকে বসলো। সে যাবে না, সে কারখানার বাকি শ্রমিকের সঙ্গে যাবে।
মোহাম্মদকে ঘিরে ধরলো শ্রমিকের চুক্তি করে আসা মেয়েরা। সঙ্গে নার্গিস, লিলি, হাসনা, শিউলি।
–ওকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল? ও তো গার্মেন্টসের। গৃহকর্মীদের সঙ্গে ও যাবে কেন? ও আমাদের দশজনের টিমে যাবে।
চশমা-পরা টাক-পড়া ছোটখাটো মোহাম্মদ কোনও প্রশ্নের উত্তর দেয় না। সে ফোনে ব্যস্ত।
এরপর মেয়েরা চেঁচামেচি শুরু করে। এবার মুখ খোলে মোহাম্মদ।
– কারো চাকরি কারখানায় হবে না, হবে মানুষের বাড়িতে।
-কারখানায় হবে না কেন?
– কারখানায় কোনও কাজ নেই। লোক নেওয়া হয়ে গেছে। এখন আছে শুধু বাসাবাড়ির কাজ। যদি কারখানায় শ্রমিক দরকার হয়, আমি ঢুকিয়ে দেব ওখানে। আর, বাসাবাড়ির কাজও তো শ্রমিকের কাজই। বিদেশে আবার কাজ নিয়ে ঝামেলা করে কেউ? মুখ বুজে কাজ করবে। বেতনটাই আসল। কী কাজ করলে, টয়লেট সাফ করলে কী বাচ্চার ডাইপার বদলালে, সে কোনও বিষয় নয়।
— কারখানায় যে লোক নেওয়া হয়ে গেছে, তা আপনাদের জামাল সাহেব আমাদের জানাননি কেন? জানলে তো আমরা এত টাকা খরচ করে আসতাম না।
মোহাম্মদের প্রতিক্রিয়া নেই। সে জানে এমনই হয়ে আসছে, গার্মেন্টসের চাকরির কথা বলা হয়, কিন্তু এখানে আসার পর সবাইকে বাসাবাড়িতেই পাঠানো হয়।
একজন জিজ্ঞেস করে, –বাসাবাড়িতে কী কাজ বলবেন তো? কী কাজ করতে হবে, আমাদের তো জানতে হবে?
মোহাম্মদ এবার চেঁচিয়েই বললো, –চাকরানির কাজ।
এবার ফুঁসে উঠলো কিছু মেয়ে। –আমরা এখানে চাকরানির কাজ করতে এসেছি? নাহ, এ কাজ করবো না। আমাদের বলা হয়েছে গার্মেন্টসের কাজ। গার্মেন্টসের কাজ না থাকলে আমাদের দেশে ফেরত পাঠান।
ফুলের নামে নাম মেয়েগুলোর চোখ উপচে জল ঝরতে থাকে। মোহাম্মদ ধমকে কথা বলতে শুরু করে সবার সঙ্গে। তার সহকারী দুজনের মেজাজ এমন তিরিক্ষি যে, যে মেয়েরা মানি না মানবো না করছে, তাদের চড় কষাতে এগিয়ে এল। মেয়েরা বাংলাদেশের এজেন্ট জামালের সঙ্গে কথা বলতে চাইলো। মোহাম্মদ পরোয়া করলো না। মেয়েরা নিজেরাই ফোন করল, না জামাল ফোন ওঠাবেন না। কথা বলবেন না। তাহলে? তাহলে আর কী? যে বাড়িতে যাকে দেওয়া হবে, সে বাড়িতেই তাকে কাজ করতে হবে। বেতন কত? বেতন দেশের টাকায় পঁচিশ হাজার। টাকার অঙ্কটা ছাড়া জামালের দেওয়া বাকি তথ্য তাহলে ভুল।
এসি ভালো না চললেও ওয়াইফাই ভালো চলছে এজেন্সির অফিসে। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বাকি মেয়েদের মতো নার্গিসও নেয়। নাজিমুদ্দিনের সঙ্গে কথা বলে, জানায় এখানকার এজেন্ট বলছে গার্মেন্টসে কাজ নেই, মানুষের বাড়িতে কাজ করতে পাঠাবে। আমি মানুষের বাড়িতে কাজ করবো না। ফিরে যেতে চাইলে ফিরে যাওয়া যাবে। আমাকে নেওয়ার ব্যবস্থা করো। জামাল হোসেনের সঙ্গে এক্ষুনি কথা বলো। ফেরার টিকিট কেনার টাকা আমার বাপের বাড়ি থেকে নাও, তবু ফিরিয়ে নাও আমাকে।
নাজিমুদ্দিন তাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে না। মাখনের মতো নরম কণ্ঠে বোঝায় নার্গিসকে, 'এত দূর গিয়ে ফিরে আসবে কেন? বাড়িতে কাজ করতে হবে, করো। বাড়িতে তো কাজ করোই তুমি। বাড়ির কোনও কাজই তো তোমার অজানা নয়। এখানে সবাই জানবে তুমি মেয়েদের সঙ্গে কারখানায় কাপড় সেলাই করছো। তারা জানবে না মানুষের বাসায় কাজ করছো। তাহলে আর অসুবিধে কী? টাকাটাই আসল নার্গিস। তোমার জন্য যে দু'লাখ টাকা ধার নিয়েছি, তা ফেরত দিতে হবে, তা কিন্তু ভুলো না।'
নাজিমুদ্দিনের কথা শুনে চোখ ছলছল করছিল নার্গিসের। চোখ মুছে সে আল মোহাম্মদিয়া এলাকায় যাবে বলে যে গাড়ি তৈরি, সে গাড়িতে আরও কিছু মেয়ের সঙ্গে ওঠে। গাড়িতে ওঠার আগে লিলি, শিউলি আর হাসনাকে জড়িয়ে ধরে নার্গিস সেভাবে কেঁদেছে যেভাবে কেঁদে আরব দেশে আসার আগে তার মা বাবার কাছ থেকে সে বিদেয় নিয়েছে। এরা যেন তার বাপের বাড়ির লোক। একই এলাকায় শিউলি আর নার্গিসকে দেওয়া হবে গৃহকর্মীর কাজ করতে। শিউলিকেও সে গাড়িতে ওঠানো হয়। আল মোহাম্মদিয়া এলাকায় আসার পর নার্গিসকে বলা হয়, যে বাড়িতে নার্গিস যাবে তার মালিকের নাম আবু ফয়সল, ঠিকানা পাঁচ বাই দু'হাজার তিনশ সাত। শিউলির বাড়ির মালিকের নাম আবু সুফিয়ান, ঠিকানা আট বাই ষোলোশ সাত। নার্গিসের মালিকের বাড়ি শিউলির মালিকের বাড়ি থেকে দু'দালান দূরে।
আকাশে উঠে গেছে উঁচু উঁচু কিছু দালান। এত উঁচু যে দেখে মাথা ঘোরে। সারাদিনের না-খাওয়া শরীর বলেই হয়তো বেশি ঘোরে। এজেন্টদের কাছে খাবার চেয়েছিল মেয়েরা, খাবার দেয়নি, বলেছে মালিকের বাড়িতেই খাবার দেওয়া হবে। তেইশ তলায় উঠে আবু ফয়সলের বাড়িটির দরজায় বেল বাজিয়ে বুক কাঁপে নার্গিসের। ঢুকেই দেখে দুটো বয়স্ক নারী পুরুষ। সম্ভবত পুরুষটি আবু ফয়সল, নারীটি তার বিবি। আর দুটো দশ বারো বছর বয়সি তাদের ছেলে মেয়ে। পরনে সাদা পোশাক সবার। নার্গিসের সঙ্গে বিবি কথা বললো। আবু ফয়সলও। কী বললো, তা বোঝার সাধ্য নেই তার। অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো। তাকে ছোট একটি ঘর দেখিয়ে দিল বিবি, তার স্যুটকেস খুলে দেখাতে বললো, দেখালো। হাতের ব্যাগ খুলে দেখাতে বললো, দেখালো। হাতের ব্যাগে যেই না দেখলো ফোন, ফোনটি খপ করে নিয়ে নিল। কেন নিল কিছুই নার্গিস বুঝলো না। এই ফোনে সে নম্বর ভরে এনেছে তার সখীদের,এখানকার এজেন্ট মোহাম্মদের, ওখানকার এজেন্ট জামালের, নাজিমুদ্দিনের, তার বাবার। ফোন নিয়ে নিলে সে বাঁচবে কী করে! যা শিখে এসেছিল আরবি, সব গুলিয়ে গেছে ভয়ে। মালিকদের ভাষার একটি বর্ণ সে বুঝতে পারছে না। হাতের ইঙ্গিতে যা বলছে, শুধু সেটুকুই বুঝতে পারছে। ছ'ফুট বাই ছ'ফুট ঘরে শুধু একটি মলিন কার্পেট বিছানো, লাগোয়া এক চিলতে বাথরুম। দরজায় ধাক্কা পড়লে দ্রুত বেরিয়ে আসে সে, তাকে দেখিয়ে দেওয়া হয় কী পরতে হবে, কী করতে হবে। রান্নাঘরের কলের তলায় এঁটো বাসনপত্র, এর মানে এগুলো মাজতে হবে, ধুতে হবে। পরতে হবে গাউন, এপ্রোন, টুপি আর গ্লাবস। আয়নার মতো ঘরদোর। নার্গিসের বার বার মনে হয় সে পিছলে পড়ে যাবে হাঁটতে গেলে। যে কাপড় পরে জামাল হোসেন বলেছিলেন কারখানায় কাজ করতে হবে, সেই কাপড় জুটলো আবু ফয়সলের বাড়ির রান্নাঘরে। বাসন ধোয়া হয়ে গেলে নার্গিস দাঁড়িয়ে থাকে রান্নাঘরেই। এরপর কী কাজ সে জানে না। বিবি এসে বড় রান্নাঘরটিতে সারি সারি পাল্লার একটি খুলতেই দেখে ভ্যাকুয়াম ক্লিনার, মপ, ডাস্টিংএর মাইক্রোফাইবার সব থরে থরে সাজানো। ইশারায় ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়, তাকে এখন পুরো বাড়ি সাফ করতে হবে। সে না হয় করবে নার্গিস, কিন্তু তার আগে তার ফোনটি চাই, তার আগে তাকে কিছু খেতে হবে, বিমানে খেয়েছিল, তারপর পানি ছাড়া আর কিছু তার খাওয়া হয়নি। বাংলায় বলতে থাকে আর দু'হাতে বোঝাতে থাকে সে তার ফোনটি ফেরত চাইছে, বোঝাতে থাকে তার খুব ক্ষিধে পেয়েছে, তাকে কিছু খেতে হবে। শিখে আসা একটি আরবি শব্দও বেরোয় না মুখ থেকে। ক্ষিধে আর ক্লান্তি খেয়ে নিয়েছে তার বর্ণমালা। আবু ফয়সলের বিবি মাথা নাড়ে, সে দেবে না ফোন। তার ক্ষিধের কথাটা, তার যে খেতে হবে কিছু – তা গ্রাহ্য করল না। নার্গিস মুখ বুজে সাতটি ঘর ভ্যাকুয়াম করে,মপ করে, ডাস্টিং করে। রাত অনেক। সে বাড়িতে ঢোকার আগেই তারা রাতের খাবার খেয়ে নিয়েছে। নার্গিস নিজেকে বোঝায় হয়তো খাবার কিছু নেই বলে তাকে খেতে দিতে পারছে না। বাড়িতে সবাই টেলিভিশন দেখছে। একবার সে ফ্রিজ খুলে দেখে নেয় খাবার কিছু আছে কিনা। কোনটি খাবার, কোনটি নয়, বুঝতে পারে না সে। তবে চেনা কোনও খাবার চোখে পড়লো না। আর পড়লেই বা কী? তার তো চুরি করে খাওয়া চলবে না। যত ক্ষিধেই পাক, তাকে ক্ষিধে সহ্য করতে হবে। গ্লাস গ্লাস পানি পান করে ক্ষিধে দমন করতে চায় নার্গিস। রাত যে কত তাও অনুমান করতে পারে না, ফোনটা থাকলে পারতো। একসময় ছোট ঘরটিতে ঘুমোতে যায়। সারারাত ঘুম আসে না। জেলখানায়, নার্গিস জানে, বিছানা বালিশ দেওয়া হয়, খেতে দেওয়া হয়। এ যদি জেলখানাও নয়, এ তবে কী?
সকালে ওই এক চিলতে বাথরুমে তাকে স্নান করে সাফ হয়ে গাউন এপ্রোন পরে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে হয়। মালিকের হুকুমের অপেক্ষা করতে হয়। তাকে বলা হয় ডিমের ওমলেট করতে, রুটি বানাতে, কমলালেবুর রস করতে। নার্গিসের রুটি তাদের রুটির মতো হয় না, কমলালেবুর রস করতে গিয়ে সব ছিটকে পড়ে যায়, ডিমের ওমলেট পুড়ে যায়, দেখে বিবি খবর দেয় ফয়সলকে। আবু ফয়সল প্রস্তুত হচ্ছিল নাস্তা খেয়ে অফিসে যাওয়ার জন্য। রান্নাঘরের অবস্থা দেখে সে নার্গিসকে ধাক্কা দিয়ে মেঝেয় ফেলে লাথি মারতে থাকে। পায়ে জুতো তার, সেই শক্ত জুতোর লাথি পড়ে পেটে পিঠে, মাথায়, ঘাড়ে। জীবনে এই প্রথম মার খেলো নার্গিস। স্তম্ভিত সে, এ কোথায় পাঠানো হয়েছে তাকে! সে কারখানায় ভালো বেতনে শ্রমিকের কাজ করতে এসেছে, চাকরানি হতে আসেনি, মার খেতেও আসেনি। সোজা সে স্যুটকেস গুছিয়ে বড় দরজার দিকে যায়, দরজার কাছে দাঁড়িয়ে সে তার ফোন ফেরত চায়। চিৎকার করে ফেরত চায়, যেন আশে পাশের মানুষ শোনে তাকে। কাউকে যে অত্যাচার করা হচ্ছে এ বাড়িতে, যেন শোনে, যেন তাকে বাঁচায়। না, তাকে কেউ বাঁচাতে আসে না। বরং আবু ফয়সল তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে রান্নাঘরে ফেলে, এক চাবুক নিয়ে এসে বেদম মারতে শুরু করে। বলতে থাকে, 'তোকে কিনেছি, টাকা দিয়ে কিনে এনেছি, তোকে এখানেই থাকতে হবে, এখানেই কাজ করতে হবে, তোর ফোন পাওয়ার অধিকার নেই, বেরোবারও অধিকার নেই।' নার্গিস চিৎকার করে কাঁদতে থাকে। চিৎকার বন্ধ করার জন্য বিবি এসে মুখে শক্ত আঠার টেপ এঁটে দিয়ে যায়, আর হাতও বেঁধে দিয়ে যায়। রান্নাঘরের এক কোণে পড়ে থাকে নির্বাক, স্তব্ধ নার্গিস।
খাবার বাইরে থেকে আসে। খেয়ে বেরিয়ে যায় আবু ফয়সল। টেলিভিশন দেখতে দেখতে বিবি তার বাচ্চাদের নিয়ে খাবার খায়। খাওয়া শেষ হলে নার্গিসের হাত মুখ খুলে দেয়। আবারও তাকে সাফ-ঘর সাফ করতে হয় দু'দিনের না খাওয়া শরীরে। তবে বিবির দয়া হয়েছে। টেবিলে তারা খেয়ে যা পড়ে ছিল, তা ডাস্টনবিনেই হয়তো ফেলে দেওয়া হতো, ফেলে না দিয়ে নার্গিসকে বলা হলো খেতে। কী আর ছিল, একখানা রুটি। সারাদিনে ওটুকুই খাবার তার জুটেছে। রাতে আবু ফয়সল এসে বউ বাচ্চা নিয়ে বেরিয়ে গেল। ফিরলো গভীর রাতে। তারা খেয়ে এসেছে বাইরে থেকে। যখন নার্গিস একা ছিল ঘরে, খুঁজেছে কোথাও তার ফোন পাওয়া যায় কিনা। কোথাও নেই। রান্নাঘর আর খাবার ঘরের বাইরে যাওয়ার কাচের দরজাটি বাইরে থেকে তালা দেওয়া। অন্য কোনও ঘরে যাওয়ার উপায় নেই। বাড়ি থেকে বেরোবার দরজায় যাওয়ারও উপায় নেই। বারান্দায় দাঁড়িয়ে সে চিৎকার ক'রে নিচের মানুষদের ডাকে। তেইশ তলার ওপর থেকে তার ডাক কেউ শোনে না। অথবা শুনলেও ফিরে তাকায় না। দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসে তার আর্তনাদ। শিউলি শিউলি বলে গলা ছেড়ে শিউলিকে ডাকে নার্গিস। শিউলি তো দু' বাড়ি দূরে, শিউলি শোনে না তার ডাক। যেন অন্য এক পৃথিবীতে সে, এই পৃথিবীর কিছুই সে চেনে না। পাশের বাড়ির বারান্দায় এসে দাঁড়ায় গভীর কালো একটি মেয়ে, সে অবাক তাকিয়ে থাকে নার্গিসের দিকে। সেও ভাষা বোঝেনা তার। কান্নার তো ভাষা একটিই। সে শুধু ওই ভাষাটিই পড়তে পারে।
এভাবে দিন যেতে থাকে নার্গিসের। দিন রাত পরিশ্রম ক'রে, রান্না ক'রে, পরিবেশন ক'রে, বাসন মেজে, ঘর দোর সাফ ক'রে, কাপড় কেচে, ইস্ত্রি ক'রে, একটি বা দুটি রুটি খেয়ে, ক্ষিধেয় ভুগে, চাবুকের মার খেয়ে,লাথি খেয়ে, কেঁদে আর পাশের বাড়ির বারান্দার মেয়েটিকে পৃথিবীর সব চেয়ে বড় স্বজন ভেবে। বাড়ির সবাই তাকে তালা বন্ধ করে বাইরে চলে গেলে বারান্দায় দাঁড়িয়ে যখন শিউলি শিউলি বলে গলা ছেড়ে ডাকতে থাকে, তখনই কেনিয়ার মেয়েটি এসে বারান্দায় দাঁড়ায়, ওই মেয়েটিকে সে ভেবে নেয় শিউলি। নার্গিস বোঝে মেয়েটিও তার মতোই ক্রীতদাসি। তাকেও কি তার মতো না খেয়ে কষ্ট পেতে হয়, তাকেও কি চাবুক দিয়ে পেটায় বাড়ির মালিক? এসবের কোনও উত্তর সে জানে না। শুধু বড় বড় কালো কালো চোখ করে তাকানো মেয়েটি যে তার কষ্টগুলো দেখতে পাচ্ছে, এটুকুই তাকে স্বস্তি দেয়।
একদিন মেয়েটিকে সে বলতে থাকে তুমি কি শিউলিকে একবার ডেকে আনতে পারো, দু'বাড়ি পরেই ও থাকে। মেয়েটি হাসে, মাথা নাড়ে, কিছু না বুঝেই। দেখে ভালো লাগে তার। হয়তো মেয়েটি ঠিক ঠিকই একদিন শিউলিকে নিয়ে আসবে তার কাছে। তারপর শিউলি আর সে বেরিয়ে যাবে এই নরক ছেড়ে।
যেদিন বারান্দায় দাঁড়িয়ে কাঁচের দেওয়ালে কপাল ঠুকে কাঁদছিল নার্গিস, সেদিন নেচে নেচে তার দেশের একটি গান গাইলো কেনিয়ার মেয়েটি, 'কানিয়নি কাঁজা, কানিয়নি কাঁজা, গেকুগা জাঁ না মিথেকো, দাকোরিয়া অতিরি দাকোরিয়া অতিরি'। একটি শব্দও নার্গিস বুঝলো না, কিন্তু শুনলো। মেয়েটি তাকে তার দেশের একটি গান গাইতে বললো। পারলো না গাইতে নার্গিস কোনও গান, সে সব গান ভুলে গেছে। তার গলায় কোনও সুর নেই, গলায় শুধু কান্নার স্বর।
নার্গিস বোঝে সে জেলখানার চেয়েও বড় কোনও খারাপ জায়গায় আছে, এখান থেকে বেরোবার জন্য সে যত চেষ্টাই করুক, সে জানে সে বেরোতে পারবে না। কিন্তু দিনের হিসেব রাখে সে। যেদিন মাস পেরোলো, বিবির কাছে চোখ মুখের ভাষা, হাত আর হাতের আঙুলের ভাষা, নিজের মাতৃভাষা, আর তার সঙ্গে কিছু আরবি শব্দ যোগ করে সে বললো, সে আর এ বাড়িতে কাজ করবে না, তার বেতন দিয়ে দেওয়া হোক, সে চলে যাবে। বিবি বুঝেও না বোঝার ভান করে। ফোন করে আরেক ঘর থেকে আবু ফয়সলকে ডেকে আনে। আবু ফয়সল চাবুক নিয়ে হাজির। দেখে পায়ে পড়ে নার্গিস, আমাকে মুক্তি দিন, দয়া করুন, মারবেন না। কে শোনে নার্গিসের কথা! এমন জোরে লাথি মারে আবু ফয়সল, নার্গিস ছিটকে পড়ে দূরে। এরপর নিত্যদিনের মতো চাবুক চলে পিঠে।
নার্গিস বোঝে চেঁচিয়ে, কেঁদে, কপাল ফাটিয়ে, রাগ করে, অভিমান করে কোনও লাভ নেই। তাকে ভেবে নিতে হবে তার অতীত বলে কিছু ছিল না, সে জন্মেছে ক্রীতদাসি হয়ে। তাকে বাকি জীবন ক্রীতদাসি হয়েই বাঁচতে হবে। তাকে চাবুক খেতে হবে প্রতিদিন। জ'ন্মে যে পাপ সে করেছে, সেই পাপের শাস্তি তাকে পেতে হবে। পাপ করলে নরকের আগুনে জ্বলতে হয়। এর নামই হয়তো নরক। হয়তো কেন, এর নামই নরক।
দু'মাস পর আবার সে তার বেতন দাবি করে। তার ওজন অনেক কমে গেছে। আরও কমে যেত, কিন্তু নিজেকে সে বাঁচিয়েছে, ফ্রিজ থেকে মাঝে মাঝে কাউকে না বলে অল্প অল্প আঙুর, কমলার রস, আর খেজুর খেয়ে। আপেল খেতে পারেনি, ও গোনা থাকে, কিন্তু আঙুর খেজুর তো আর গুণে রাখে না কেউ। সে জানে, না বলে কিছু খাওয়া উচিত নয়। কিন্তু তার উপায় ছিল না। সবাই তো বাঁচাতে চায় নিজেকে। নরকেও বাঁচতে চায় মানুষ।
টেনে হিঁচড়ে তাকে রান্নাঘরে ফেলেছে আবু ফয়সল। চাবুক নিয়েছে হাতে। সে চাবুক এবার দু'হাতে শক্ত করে ধরে রেখেছে নার্গিস, সে তার পিঠকে বাঁচাবে। চিৎকার করছে সে, এই চিৎকার শুনে কি কেনিয়ার মেয়েটি আসবে না তাকে রক্ষা করতে! কিন্তু ক্রীতদাসি কী করে আরেক ক্রীতদাসিকে বাঁচাবে! নার্গিস অনুমান করে মেয়েটি হয়তো বারান্দায় এসে দাঁড়িয়েছে। তাকে খুঁজছে। হয়তো তার জন্য আজও গাইছে 'কানিয়নি কাঁজা, কানিয়নি কাঁজা'।
নার্গিসের চিৎকার করার কারণ একটিই, আশে পাশের বাড়ি থেকে কেউ এসে তাকে দেখুক, তাকে এ বাড়ি থেকে বের করুক। শেষ পর্যন্ত জেদ ধরে পড়ে থাকা নার্গিসের দিকে তার মোবাইল ফোনটি ছুঁড়ে দিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দেয় বিবি। নার্গিস চিৎকার করে বলছে, আমার দু'মাসের বেতন চাই আমি, দু'মাসের বেতন দাও। বিবি দরজা খুলে বলে দেয় যে বেতন দেবে না, টাকা দিয়েই তাকে এজেন্টের কাছ থেকে কিনেছিল তারা, ব্যস এবার আপদ বিদেয় হলেই তারা বাঁচে।
ফোন করে সে শিউলিকে। শিউলির ফোন বন্ধ। তার গা কাঁপে। শিউলিরও কি তার মতো দুঃসময়! দ্রুত লিফটে নেমে দু'বাড়ি বাদ দিয়ে সে উঁচু বাড়ির ভেতরে ঢুকে যাকেই সামনে পায়, তাকেই জিজ্ঞেস করে, 'আবু সুফিয়ান কোন তলায় থাকেন, তার বাড়িতে শিউলি নামের মেয়ে কাজ করে। আমি তার সঙ্গে দেখা করতে চাই।' কেউ নার্গিসের ভাষা বোঝে না। কেউ বুঝতেও চায় না। তাকে ধাক্কা দিয়ে বের করে দিল বাড়িটি থেকে। মানুষ তাকে কোথাও মানুষ বলে মনে করছে না।
ফোনে সে মোহাম্মদকে বললো, 'আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন, তাই না? এমন জল্লাদের বাড়িতে মরার জন্য আমাকে পাঠিয়েছিলেন কেন? আমাকে নাকি ওদের কাছে আপনারা বিক্রি করেছেন? কত টাকা দিয়েছিল আপনাদের? দু'মাসের বেতন ওরা আমাকে দেয়নি। আমি বসে আছি গেটের কাছে, নিয়ে যান আমাকে এখান থেকে।'
মোহাম্মদ বললো 'ও বাড়িতে টানা ছ'মাস না থাকলে বেতন দেবে না জানিয়ে দিয়েছিল।' মোহাম্মদ বলে দিল নার্গিসকে নিয়ে আসার লোক এখন নেই, লোক পেলে সে ব্যবস্থা করবে। আবারও মরিয়া হয়ে ফোন করে মোহাম্মদকে নার্গিস, আবারও। শেষে লোকটি বলে, বিকেল হবে। শেষ পর্যন্ত সন্ধ্যে হলো তাকে নিতে। মোহাম্মদের বাড়িতেই ডাল ভাত পেলো সে। পেট পুরে দু'মাস পর খেলো। আয়নায় সে দেখেছে নিজেকে, ওজন তো কমেছেই, চোখের নিচে কালি পড়েছে, নিজে্র চেহারা নিজেই চিনতে পারে না নার্গিস। শিউলি, লিলি, হাসনা ওরা সব কেমন আছে বার বার জিজ্ঞেস করে ছোট্ট উত্তর পাওয়া গেল মোহাম্মদের কাছ থেকে, ভালো। নাজিমুদ্দিনকে সে জানিয়েছে সব কথা, বলেছে কী করে চাবুকের মার খেয়েছে, শুনে নাজিমুদ্দিন বলেছে, সহ্য করলে না কেন, একটু সহ্য করলে কী এমন হতো! বলেছে দেশে ফিরে আসতে চায় সে। নাজিমুদ্দিন বলে দিয়েছে টাকা পয়সা না নিয়ে এলে তার মরা মুখ দেখবে এসে, ধারে দেনায় সে জর্জরিত। সারারাত কাঁদলো নার্গিস। আর পাশের ঘরে সারারাত নিশ্চিন্তে ঘুমোলো মোহাম্মদ আর তার সহকারীরা।
৩
মোহাম্মদ নতুন বাড়ি খুঁজে পরদিন বিদেয় করল নার্গিসকে। নতুন বাড়িও বড়লোকের ঝকঝকে বাড়ি। মালিকের নাম আব্দুর রাশিদ। রাশিদের বিবি শয্যাশায়ী, মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে শরীরের অর্ধেক অচল। তাদের তিনটে ছেলে, উনিশ কুড়ি একুশ এমন বয়স। নার্গিসের কাজ রান্নাবান্না ক'রে টেবিলে পরিবেশন করা থেকে শুরু করে ঘর দোর পয়পরিস্কার রাখা। বিবিকে সেবাযত্ন করার জন্য সকাল সন্ধ্যে নার্স আসে, সেবাযত্ন তার না করলেও চলবে, তবে বিবি বেডপ্যান ব্যবহার করার পর সেটি তাকেই পরিস্কার করতে হবে। বিবির বিছানা চাদর, তার জামা কাপড় প্রতিদিন জীবানুনাশক দিয়ে ধুয়ে রাখতে হবে। বাড়ির কাজ এখন অনেকটাই জানে নার্গিস। তাই অসুবিধে হয় না। আগের বাড়ির মতো এ বাড়িতে দাসিবাঁদিদের শায়েস্তা করার জন্য চাবুক রাখা নেই। এ বাড়িতে খাবার দেওয়া হয়, ওতেও অসুবিধে নেই। বিবির প্যান সাফ করতে গিয়ে কতবার যে তার বমির উদ্রেক হয়েছে! কিন্তু বেতন পাবে ভালো এই ভেবে সে নাক চোখ বুজে হলেও কাজটি করে। নাজিমুদ্দিনের মরা মুখ যেন দেখতে না হয়, সে কারণে করে। আর ভেবে নেয়, জীবনে মস্ত বড় পাপ করেছিল বলে শাস্তি ভোগ করতে হচ্ছে, তাই করে।
ও বাড়ির চেয়ে এ বাড়ি ভালো। আব্দুর রাশিদ হেসে কথা বলে তার সঙ্গে। কেউ কোনও সহজ প্রশ্ন করলে নার্গিসও কিছু আরবি শব্দে উত্তর দিতে শিখেছে। বিবি ম্লান হাসে তাকে দেখলে। ঘর মুছে দিয়ে গেলে ঘাড় নেড়ে জানায়, ঠিক আছে। বিবিকেও নার্গিস আরবিতে কিছু লাগবে? পানি দেব? ভালো হয়ে যাবে, চিন্তা কোরো না, এগুলো বলে। গুগল করে দেখে নেয় কোন শব্দের আরবি কী। ছেলেগুলো যার যার ঘরে যার যার কাজ নিয়ে থাকে। এ বাড়িতে তার ফোন কেড়ে নেওয়া হয়নি। কাজ শেষ হলে সে রান্নাঘরের কোণায় বসে দেশে ফোন করে, সুমনের সঙ্গে কথা বলে। নাজিমুদ্দিনের সঙ্গে তার কথা বলতে ইচ্ছে করে না। নাজিমুদ্দিন কথা বলতে চাইলে তার ভয় হতে থাকে, আবু ফয়সলের আওয়াজ শুনলে যেমন ভয় হতো, তেমন ভয়। শিউলিকে ফোন করে, এখনও সেটি বন্ধ। লিলি আর হাসনাকেও করে। বেজে যায়, কেউ ধরে না ফোন। ওরা কে কেমন আছে জানার জন্য, নিজে কেমন ছিল, কেমন আছে বলার জন্য তার অস্থির লাগে। যখন খুব অস্থির লাগে, তখন সে সুর করে 'কানিয়নি কাঁজা, কানিয়নি কাঁজা' গাইতে থাকে, দেশের সব গান আর গানের সুর সে ভুলে গেছে, শুধু কালো মেয়েটির সুরটিই তার মনে আছে।
একদিন রান্না করছে, এমন সময় আব্দুর রাশিদ এসে নার্গিসকে পেছন থেকে দুহাতে জড়িয়ে ধরলো। নার্গিস ছিটকে সরে গেল। হাসতে হাসতে লোকটি চলে গেল। এমন হলো দু'দিন। একবার ভাবে বিবিকে বলবে সে। বলবে আপনার স্বামীকে আমার সঙ্গে আচরণ ভদ্র করতে বলুন, তা না হলে আমি কিন্তু এ বাড়িতে কাজ করবো না। ভাবে কিন্তু বলে না। অসুস্থ মানুষ স্বামীর চরিত্রের খবর পেয়ে আবার আরও অসুস্থ হয়ে পড়ে যদি! এর পরদিন মধ্যরাতে তার বিছানায় এসে এক হাতে তার মুখ চেপে ধরে, দু' পা দিয়ে তার পা দুটো আটকে রেখে তাকে ধর্ষণ করলো মদ খেয়ে মাতাল হওয়া আব্দুর রাশিদ। এরপর সারা রাত মরার মতো পড়ে রইলো নার্গিস। অস্ফুট স্বরে শুধু বলতে পারলো, 'নাজিমুদ্দিন, আমার মরা মুখ দেখে যাও এসে।'
কী করবে সে এখন? পালাবে? পালিয়ে যাবে কোথায়? এজেন্টরা কি তাকে দেশে পাঠাবে? পাঠাবে না। টাকা চাইবে টিকিট কেনার? টাকা কোত্থেকে পাবে নার্গিস? নাজিমুদ্দিন টাকা দেবে না, তার বাবাই এক মাত্র টাকা দিতে পারে। কিন্তু ফিরে গেলে নাজিমুদ্দিনের মরা মুখ দেখতে হবে। তাকে টাকা পাঠাতে হবে। তার দেনা শোধ প্রথম, তার কাপড়ের দোকান দ্বিতীয়।
খুব ভোরের দিকে আবার সে অনুভব করে তার শরীরের ওপর চেপে বসে আছে আরেক শরীর। আবারও আব্দুর রাশিদ তাকে ধর্ষণ করতে এল? না, এ শরীরের ওজন তত নয়, এ মালিক নয়, হাল্কা আলোয় দেখতে পায় এ মালিকের মেঝ ছেলে,সালমান। নার্গিস চিৎকার করে ওঠার আগেই মুখে কাপড় গুঁজে দেয়। সালমানও তাকে ধর্ষণ করে গেল। এরপর নার্গিসের কী কাজ? গোসল করে পবিত্র হয়ে বাড়ির কাজ করা। ক্রীতদাসিদের তো কাজই এই। ক্রীতদাসিদের কাজ মালিকদের সুখে রাখা।
দিনের পর দিন এভাবে চলতে থাকে। মাসের পর মাস। আব্দুর রাশিদ মদ খেয়ে রাত বারোটার দিকে এসে ধর্ষণ করে, সালমান আসে ভোরের দিকে। কিছুদিন আব্দুর রাশিদ আবার কিছু টাকা ফেলে রেখে যায় শরীরের ওপর। সেই টাকা সে জমিয়ে রাখে নাজিমুদ্দিনের জন্য, তার মরা মুখ না দেখার জন্য। একদিন নাজিমুদ্দিনকে সে ফোন করে অঝোরে কাঁদলো, কিছু বললো না। নাজিমুদ্দিন ওপাশ থেকে বলে গেল, যার কাছ থেকে সে টাকা ধার করেছিল,বার বার সে বাড়ি এসে তাকে হুমকি দিচ্ছে, অন্তত ধার শোধের টাকাটা যেন নার্গিস শীঘ্র পাঠিয়ে দেয়। সে জামালের কাছ থেকে জেনেছে, টাকা পাঠানো খুব সহজ। রিয়াদের এজেণ্টকে টাকা দিলে সেই অঙ্কের টাকা জামাল নাজিমুদ্দিনকে দিয়ে দেবে্ন।
দু' মাস ধরে তার শরীরের ওপর ফেলে রাখা আব্দুর রাশিদের টাকা নার্গিস গুনে দেখে ন'হাজার রিয়াল। পুরো ন'হাজার রিয়ালই সে মোহাম্মদের হাতে একদিন দিয়ে আসে, যেন নাজিমুদ্দিনকে আজ কালের মধ্যে দু' লাখ টাকা বিকাশ করে দেন জামাল। নাজিমুদ্দিনকেও খবরটা এক কথায় জানিয়ে দেয় যে দু' লাখ টাকা তাকে বিকাশ করবেন জামাল।
নাজিমুদ্দিনের কণ্ঠে খুশি উপচে পড়ে। নার্গিসের আর ইচ্ছে করে না ওই খুশির আওয়াজ শুনতে। নেটওয়ার্কের গন্ডগোল বলে ফোন কেটে দেয়।
মোহাম্মদ বেশি কথা বলে না, কিন্তু জিজ্ঞেস করে, তোমার দু'মাসের বেতন তো আরও কম, এত টাকা পেলে কোথায়?
নার্গিস চুপ করে থাকে।
খুশি হয়ে দিয়েছে বুঝি? ও বাড়িতে তো প্যারালাইসিসের রোগী আছে। বেডপ্যান পরিস্কার করতে হয়?
নার্গিস মাথা নাড়ে, হয়।
এরপর যে ট্যাক্সিতে গিয়েছিল, সেটিতেই বাড়ি ফেরে। আব্দুর রাশিদের অনুমতি নিয়েই সে গিয়েছিল কাজটি করতে। কাজটি করে তার হালকা লাগে। যেন ঘাড়ের ওপর দশ মণের একটি বোঝা সে বইছিল এতদিন, সেটি নেমেছে।
তার একবার ইচ্ছে হয় একদিন নাজিমুদ্দিনকে বলে, এরা তাকে দিনের পর দিন ধর্ষণ করছে। সে বলে না, কারণ তার ভয় হয় নাজিমুদ্দিন হয়তো বলে বসবে, ধর্ষণ করুক, এ আর এমন কী, সহ্য করো। ঠিক যেমন আগের বাড়িতে তাকে চাবুক দিয়ে পেটানো হয় শুনে বলেছিল, একটু সহ্য করলে না কেন, একটু সহ্য করতে পারতে। কষ্ট করলেই তো কেষ্ট মেলে। তার চেয়ে নার্গিস না শুনুক নাজিমুদ্দিনের অমন উত্তর। তার চেয়ে নার্গিস ভাবুক যে নার্গিসকে ধর্ষণ করা হচ্ছে শুনে সে রেগে ফেটে পড়বে, জামালের অফিস তছনছ করবে, জামালের কলার ধরে তাকে কষে চড় থাপড় দেবে, তাকে আদেশ করবে যেন নার্গিসকে ভালোয় ভালোয় আজই দেশে ফেরত পাঠায়, তার দরকার নেই টাকা পয়সার।
দাঁতে দাঁত চেপে নার্গিস বাপ ছেলের যৌন নির্যাতন সহ্য করে। সহ্য করে আর অপেক্ষা করে দেশে ফেরার, দেশে ফেরার টিকিট কেনার। নাজিমুদ্দিনকে জানালে সে তাকে বাধা দেবেই। বলবে দেশে ফিরলে তার মরা মুখ দেখতে হবে। নিজের মরা মুখ দেখছে সে প্রতি রাতে। নাজিমুদ্দিনের মরা মুখ যদি দেখতে হয়, দেখবে সে। তিন মাস পর সে আব্দুর রাশিদের কাছে তার বেতন চায়। আব্দুর রাশিদ বলে, বেতন জমা হচ্ছে, একবারে নিও।
না, একবারে নিলে চলবে না। টাকার ভীষণ দরকার আমার।
নিতম্বে খামচি, বুকে কামড় এসব রঙতামাশা শেষ করে টাকাটা আব্দু্র রাশিদ দেয় হাতে।
টাকা হাতে পাওয়ার পরই স্যুটকেস নিয়ে সে সোজা বড় দরজা খুলে বেরিয়ে যায়। আব্দুর রাশিদ হতভম্ব দাঁড়িয়ে থাকে। সালমান থামাতে যায় নার্গিসকে, আব্দুর রাশিদই নিষেধ করে। সোজা সে মোহাম্মদের অফিসে যায়। মোহাম্মদকে দেশে ফেরার টিকিট কিনে দিতে বলে। সে-রাতেও তাকে থাকতে হয় সেই অফিস ঘরে।
গভীর রাতে নার্গিস টের পায় কেউ একজন তার মুখ চেপে ধরেছে। কানে হিশহিশ করে বলছে কোনও শব্দ করবি না, শব্দ করলে গলা টিপে মেরে ফেলবো। গলায় তার হাত শক্ত করে চেপে ধরা। নার্গিস মরার মতো শুয়ে রইলো। লোকটি ধর্ষণ করে গেল। লোকটি কে ছিল? কোনও সহকারী? না, স্বয়ং মোহাম্মদ।
মোহাম্মদ জানায়, তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ সঙ্গে আরও কিছু লোক যাবে দেশে। মালামাল যাবে। নার্গিস নাজিমুদ্দিনকে কিছু জানায়নি যে সে দেশে ফিরছে, মরা মুখ দেখার হুমকি সে আর শুনতে চাইছে না বলে তাকে জানায়নি। জানায়নি যে তার পক্ষে নাজিমুদ্দিনের রেডিমেড দোকানের টাকা রোজগার করা সম্ভব হয়নি। সম্ভব হবে না।
মোহাম্মদ ধর্ষক, অথচ এই মোহাম্মদের কাছে সাহায্য ভিক্ষে চায় নার্গিস। সে খুলে বলে কীভাবে দিনের পর দিন সে বাপ ছেলের ধর্ষণের শিকার হয়েছে। সে বলে যে দু'মাস ধরে তার মাসিক হচ্ছে না, সম্ভবত তার বাচ্চা পেটে। দেশে ফেরার আগে সে গর্ভপাত করতে চাইছে। মোহাম্মদই এ সময় তার সহায় হতে পারে, তাকে পথ দেখাতে পারে, কাজটি কীভাবে করা যায় বলতে পারে। মোহাম্মদ জানিয়ে দেয়, এদেশে সম্ভব নয় গর্ভপাত করা। যা করার দেশেই করতে হবে।
ধর্ষণটা এখন নার্গিসের জীবনে প্রতিরাতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে কোনও ছুতোয়, যে কোনও কায়দায় পুরুষেরা তার শরীরকে ভোগ করবে, এ সে জেনে গেছে। পুরুষের প্রতি তার ঘৃণা এত বাড়ছে যে মাঝে মাঝে মনে হয় সে কাউকে হয়তো খুনই করে ফেলবে। যখন সে এজেন্টদের খাবার রান্না করে দেয়, মাংস কাটার বড় বড় ছুরি হাতে নিয়ে তার ইচ্ছে করে খুন করতে, মোহাম্মদকে খুন করতে। আবু ফয়সল আর আব্দুর রাশিদের বাড়িতে তাকে পাঠিয়েছে মোহাম্মদই। মোহাম্মদ কি জানতো ওই লোকগুলোর একজন যে বর্বর, আরেকজন যে ধর্ষক? হয়তো জানতো। নিশ্চয়ই জানতো। নার্গিসের জীবনটা ছারখার তো মোহাম্মদই করে দিয়েছে। কিন্তু খুন করার অভ্যেস নেই বলে পারে না করতে।
৪
পঁচিশজন মেয়ে এসেছিল সৌদি আরবে। আজ ফিরে যাচ্ছে সাতজন মেয়ে, পাঁচজন জীবিত, দু'জন মৃত, মৃতরা কফিনে। কফিনে শিউলি। ষোলো তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আরেকটি কফিনে হাসনা। তাকে অত্যাচার করতে করতে মেরে ফেলেছে মালিক। দুটো কফিন সামনে নিয়ে হতবুদ্ধি বসে আছে নার্গিস আর লিলি। লিলির শরীরেও কালসিটে দাগ। নার্গিস লিলির কাছে জানতে চায় না সে কোথায় ছিল, কেমন ছিল, তার কেন শরীরে এত কালো দাগ! লিলিও জিজ্ঞেস করে না কেন তার ওজন অর্ধেক হয়ে গেছে, কেন চোখের নিচে এত কালি।
চারদিকে তাকিয়ে নার্গিস প্রশ্ন করতে থাকে, এই অন্যায়ের কি বিচার নেই? মেরে ফেলারও কি বিচার নেই?
কেউ উত্তর দেয় না। কিছুক্ষণ পর একজন সহকারী বলে 'মিসকিনদের ওপর যা খুশি করার অধিকার আরবদের আছে। এসবের বিচার নেই। আমরা তো কত লাশই পাঠাচ্ছি দেশে!'
-তাহলে তোমরা মানুষকে এ দেশে আনো কেন?
-মানুষ আসতে চায় বলে আনি।
বিমানে লিলি আর নার্গিস পাশা পাশি বসে। লিলি নীরবে চোখের জল ফেলেই যাচ্ছে। অন্যের চোখের জল দেখলে চোখে জল আসে। নার্গিসের জল আসে না, তার বুকের ভেতর যন্ত্রণা হতে থাকে। যন্ত্রণাটা এক সময় সশব্দে বেরিয়ে আসে, তীব্র চিৎকারে। ছুটে আসে বিমান বালা। তাকে থামতে বলে। চেষ্টা করেও সে নিজেকে থামাতে পারে না।
বিমান বন্দরে কফিন নিতে শিউলি আর হাসনার আত্মীয়রা আসে। কফিন বেরিয়ে এলে কফিন ছুঁয়ে কাঁদে নার্গিস আর লিলি। তাদের হাহাকারের শব্দ বন্দরের কোলাহলে হারিয়ে যায়। মৃতের জন্য লোক এসেছে, জীবতের জন্য আসেনি। নার্গিস আর লিলির জন্য কেউ আসেনি। দু'জন ঢাকা থেকে বাস ধরে শেরপুরে যায়, নার্গিস রয়ে যায় তার বাপের বাড়ি, লিলি তার শ্বশুরবাড়ি নকলায় চলে যায়। নাজিমুদ্দিনকে জানায় না নার্গিস যে সে ফিরেছে। প্রয়োজন মনে করেনি। নাজিমুদ্দিন অবশ্য জেনে গেছে আগেই। একবারও সে নার্গিসকে ফোন করে জানতে চায় না সে কোথায়।
দু'দিন পড়ে পড়ে নার্গিস ঘুমোয়। মনে হয় কয়েক বছর ঘুমোয়নি সে। বাবা মা বুঝে পান না, এসময় নাজিমুদ্দিন কোথায়। তাকে তাঁরা আর নিজ থেকে ফোন করেন না। দীর্ঘ ঘুম ঘুমিয়ে উঠে অনেকক্ষণ সময় নিয়ে গোসল করে নার্গিস। তার মনে হতে থাকে, নোংরা নর্দমায় অনেককাল ডুবে থাকার পর সে প্রচুর সাবান শ্যাম্পু দিয়ে গোসলটি করেছে। লিলি এলে লিলির সঙ্গে বেরিয়ে যায়। ঢাকায় লিলির একটি পরিচিত ক্লিনিকে লিলিই নিয়ে যায়। টিকিটের জন্য খরচ করে যে টাকা বেচেছিল, সে টাকা দিয়ে গর্ভপাত করায় নার্গিস। ক্লিনিকের কাছেই একটি হোটেল রুম ভাড়া করে তাকে এক রাত বিশ্রাম নিতে হয়। লিলি পাশে থাকে। ধরে ধরে বাথরুমে নিয়ে যায়, মুখে খাবার তুলে খাওয়ায়। একবারও জিজ্ঞেস করেনি স্বামীর সঙ্গে সে ছিল না প্রায় ছ'মাস, আড়াই মাসের বাচ্চা কী করে পেটে এল। লিলিকেও ধর্ষণ করতো বাড়ির মালিক, তবে ভাগ্য ভালো যে সে গর্ভবতী হয়নি। ধর্ষণের অত্যাচারে লিলি পালিয়েছে, পালিয়েছে বলে তার স্বামীও খুশি নয়, সে কারণে তাকে বিমান বন্দরে নিতে আসেনি। শ্বশুর বাড়িতে বলে এসেছে লিলি, তার এক বান্ধবী অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে ঢাকায় যেতে হবে। ফিরবে কাল বা পরশু। লিলির স্বামী চেঁচিয়ে বলেছে, সে এইসব বিশ্বাস করে না, সে বিশ্বাস করে লিলি তার নতুন কোনও নাগরের সঙ্গে রাত কাটাতে যাচ্ছে। এসব কথায় লিলি থামেনি। সে আর আগের নরম সরম মেয়েটি নেই। মানুষের বর্বরতা তাকে মানুষ চিনিয়েছে।
গর্ভপাতের পর নার্গিসের শরীরে এবং মনে কিছুটা আরাম হয়। সৌদি আরবের কালিমা তার শরীরে এখন আর নেই। তবে শরীরের ভেতর থেকে ভ্রুণ বের করে নিলেই কালিমার সব চিহ্ন তো মুছে যায় না। এখনও পিঠ থেকে কালসিটে দাগ দূর হয়নি। এখনও স্পর্শ লাগলে ধনুকের মতো বেঁকে ওঠে পিঠ। ঢাকা থেকে শেরপুরে ফিরে নার্গিস দেখে বাড়িতে বসে আছে নাজিমুদ্দিন। চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। ক্লান্ত, অসুস্থ নার্গিসকে দেখে সে বাঘের মতো ছুটে এল মারতে। নাজিমুদ্দিনকে দু'হাতে প্রাণপণে ফেরালেন নার্গিসের বাবা।
'কোথায় গিয়েছিলি? সৌদি থেকে পেট বাঁধিয়ে এসেছিস, এখন বাচ্চা নষ্ট করতে গিয়েছিলি তো! এই খবর চন্দ্রকোনার সবাই জানে। যা এখন বেশ্যাবাড়ি গিয়ে বেশ্যাগিরি করে খা। ভদ্র সমাজে তোর আর জায়গা নেই। তুই রাস্তায় বেরোলে চন্দ্রকোনার মানুষ তোকে ঢিল ছুঁড়বে। তোর মতো বেশ্যাকে কেন যে আমি মরতে বিয়ে করেছিলাম! সুমন যেন তার বেশ্যা মায়ের মুখ কোনওদিন আর দেখতে না পায়, সে ব্যবস্থা করবো। তোকে আমি তালাক দিলাম, এক তালাক দুই তালাক তিন তালাক, বাইন তালাক।'
নাজিমুদ্দিন কারও সঙ্গে আর কোনও কথা না বলে চলে যায়। নার্গিস ক্লান্ত। সে ঘরে গিয়ে শুয়ে পড়ে বিছানায়। শুয়ে শুয়ে ভাবে নাজিমুদ্দিন ঠিকই বলেছিল, নার্গিস ফিরে এলে তার মরা মুখ দেখবে। তার মরা মুখই আজ সে দেখিয়ে গেল।
৫
এই ঘটনার দু'মাস পর নাজিমুদ্দিন দেখে শুনে চন্দ্রকোনারই একটি মেয়েকে বিয়ে করে। সুমন ও বাড়িতেই বড় হতে থাকে।
