তসলিমা নাসরিন : শেহজাদি
চিত্রকর্ম: মোহাম্মদ ইকবাল
১
বলিউডে চেনাজানা থাকলে অনায়াসে সিনেমার নায়ক হতে পারতো, এমনই চোখ-কাড়া চেহারা। ছ'ফুট লম্বা নয় তাতে কী, সিনেমায় দীর্ঘদেহী হিরো ক'জন আছে শুনি! চুলে, দাড়ি- গোঁফে নতুন স্টাইল, পোশাক -আশাকে ফ্যাশন। যখন অঙ্কিত কোথাও দাঁড়িয়ে থাকে, যখন হাঁটে, যখন মোটর বাইকে তীব্র গতিতে ছুটে চলে, রঘুবীর নগরের কিশোরীরা অঙ্কিত সাক্সেনাকে কেবল অপলক চোখে দেখে, চোখ সরিয়ে নিতে পারে না। কিন্তু অঙ্কিত কাউকে দেখে না। কোনও রূপসী কিশোরীকে না, কোনও চপল কিশোরীকে না। অঙ্কিত শুধু একটি কিশোরীকেই দেখতে চায়। একটি কিশোরীর কাছেই তার মন পড়ে থাকে। সে শেহজাদি।
অঙ্কিত সাক্সেনা ইস্কুল কলেজে পড়েছে কিন্তু চাকরি বাকরি না করে ফটো তোলার শখকেই পেশা করে নিয়েছে। রঘুবীর নগরে নানা পরবে উৎসবে ডাক পড়ে অঙ্কিতের। এখন পাড়ার বাইরের লোকেরাও ডাকে। এমনকী দিল্লির বাইরেও তাকে মাঝে মধ্যে যেতে হয়। রোজগার মন্দ নয়। বাবার কাছে নিজের কোনও খরচের জন্য এখন আর হাত পাততে হয় না। নিজের খরচ করেও সংসারে সাহায্য করে অঙ্কিত। তার টাকাতেই বোন ঐশ্বর্য'র বিয়ে হলো। ঐশ্বর্য এখন বরের সঙ্গে পাঞ্জাবে, আর রঘুবীর নগরে বাবা যশপাল সাক্সেনা'র সংসারে অঙ্কিত সাক্সেনা আজ তেইশ বছর। অঙ্কিত রঘুবীর নগরেই এক বন্ধুর মোবাইলের দোকানে সপ্তাহে চারদিন বসে, তখন কাঁধের ব্যাগে তার দামী ডিএসএলআর ক্যামেরা, পাঁচ ছটি বড় লেন্স। ওখানেই লোকে তার সঙ্গে চুক্তি করে। হাতে হাতে মানুষের মোবাইল ফোন। ফোনেই তারা আজকাল অনুষ্ঠানাদির ফটো তোলে, ভিডিও করে। নাম শুনে তাকে ব্যবসা দিতে যদি দু'জন আসে পাড়া বা পাড়ার আশপাশ থেকে, ওয়েবসাইট দেখে আসে আটজন। বন্ধুদের সঙ্গে হৈ হুল্লোড় করে গান গেয়ে ছোট একখানা ফিল্ম-মতো বানিয়ে ইউটিউবে আপ্লোড করেছে অঙ্কিত। সেটির ভিউ বাড়লে তার ব্যবসাও বাড়ে। ডাক পড়ে ঘন ঘন।
এত মেয়ে থাকতে শেহজাদি কেন? এই প্রশ্নটি বন্ধুরা করে। শেহজাদি কি পরমা সুন্দরী? শেহজাদি কি স্মার্ট? স্টাইলিস্ট? শেহজাদি কিছুই না, কিন্তু শেহজাদিকে না ভেবে, শেহজাদির সঙ্গে কথা না বলে অঙ্কিতের দিন কাটে না। সকাল সন্ধ্যে তার শেহজাদিকে চাই। শেহজাদিকে সে চেনে বয়স যখন তার পনেরো, শেহজাদির দশ। শেহজাদির ইস্কুল আর অঙ্কিতের ইস্কুল প্রায় একই সময় ছুটি হতো। পথে একটি আইস্ক্রিম ভ্যানের চারদিকে ভিড় করে ছেলেমেয়েরা আইসক্রিম কিনছে। শেহজাদি দাঁড়িয়ে আছে, সঙ্গে দুটো মেয়ে। ওরা খাচ্ছে না, কারণ ওদের হাতে টাকা নেই। ওরা অপেক্ষা করছে, অন্য মেয়েদের জন্য। আইসক্রিম কেনা শেষ হলে একসঙ্গে দল বেঁধে হাঁটবে। অঙ্কিত বললো, তোমরা খাচ্ছ না? তিনজনের একজন বললো, টাকা নেই। অঙ্কিত তিনজনের জন্য আইসক্রিম কিনলো। দুজন নিল, শেহজাদি নিল না, বললো সে আইসক্রিম খায় না। অঙ্কিত দুটো আইসক্রিম হাতে নিয়ে খেতে খেতে চলে গেল, সঙ্গে সুশান্ত। কিছুদিন পর একই পথে অঙ্কিত যখন ফিরছিল ইস্কুল থেকে, দেখে আইসক্রিম খাচ্ছে শেহজাদি আর তার এক বান্ধবী। অঙ্কিত থমকে দাঁড়িয়ে বললো, এই মেয়ে তুমি নাকি আইসক্রিম খাও না। শেহজাদি অপ্রস্তুত, দ্রুত ফেলে দিল হাতের আইসক্রিম। অঙ্কিত আহারে আহারে করে কাছে এগিয়ে বললো, আইসক্রিম ফেলে দিলে কেন?
শেহজাদি বললো, এমনি।
সেদিন আইসক্রিম খাওনি কেন?
শেহজাদি চোখ নামিয়ে বললো, আমার কাছে পয়সা ছিল না।
তা ছিল না, কিন্তু আমি তো কিনে দিয়েছিলাম।
আমি অন্যের পয়সায় কিছু খাই না।
কোনও মানে হয়? তোমার নাম কী, থাকো কোথায়? তখনই অঙ্কিতের জানা হয় শেহজাদিকে, শেহজাদির বাড়ি তার বাড়ির খুব দূরে নয়। এর পর প্রায়ই অঙ্কিত দেখে শেহজাদিকে। ইস্কুলে যাওয়া আসা, মায়ের সঙ্গে কোথাও বেরোনো, ছোট ভাইকে নিয়ে কোথাও থেকে ফেরা। ওই দেখাটুকুই। কয়েক বছর পর শেহজাদির সঙ্গে কথা হয় অঙ্কিতের। শেহজাদি যখন তার এক বান্ধবীকে নিয়ে মোবাইলের দোকানটিতে ঢোকে একটি ফোন কিনবে বলে, যে দোকানে বসে ছিল অঙ্কিত, অঙ্কিত নিজেই এগিয়ে এসে ফোন বেছে দিল। সিম ভরে দিল। বান্ধবীও কিনলো ফোন। বান্ধবীকে ফোন দেখালো সুশান্ত। শেহজাদির সেই সরল মুখখানা এখনও। দশ বছর বয়সী সেই মেয়েটি এখন ষোলো। যতবারই অঙ্কিতের সঙ্গে চোখাচোখি হয় তার, চোখ নামিয়ে নেয় সে।
অঙ্কিত হাসতে হাসতে বলে, এই দোকানের নিয়ম কী জানো? যারা ফোন বা কিছু কেনে, তাদের কোল্ড ড্রিংক্স খাওয়ানো হয়। শেহজাদি মৃদু হাসে। অঙ্কিতই দৌড়ে বেরিয়ে গেল শেহজাদিকে অপেক্ষা করতে বলে। ফিরে এল আইসক্রিম নিয়ে। শেহজাদিকে দিল, বান্ধবীকে, নিজে একটি, সুশান্ত'র জন্য একটি। শেহজাদি যখন আইসক্রিম খাচ্ছে, অঙ্কিত তাকিয়েই রইলো। তার মাথা থেকে ওড়না খসে গেল। শেহজাদি এইবার আর অঙ্কিতের চোখ থেকে চোখ সরালো না। অনেকক্ষণ দেখলো। শেহজাদির চোখ কথা বলে। অঙ্কিত সেই চোখের ভাষা পড়ে নিল।
তোমার মুখখানা সেই আগের মতোই আছে শেহজাদি। বছর যে অনেকগুলো চলে গেছে, মনেই হয় না।
শেহজাদি মৃদু হেসে বললো, তোমার মুখখানাও অঙ্কিত। সেই আগের মতো।
নকিয়ার ছোট ফোন একখানা কিনেছে শেহজাদি। বান্ধবীও। ওরা চলে যাওয়ার পর অঙ্কিত ভাবতে বসলো, শেহজাদি কী করে তার নাম জানলো। আবার ভেবে নেয়, নাম জানা তো কঠিন কিছু নয়। পথে যেতে যেতে হয়তো শুনেছে, কেউ অঙ্কিত নামে তাকে ডাকছে। অথবা দোকানের দরজায় দেখে নিয়েছে ফটোগ্রাফার অঙ্কিত সাক্সেনার বিজ্ঞাপন। অঙ্কিতের মন দেওয়ার কথা কাজে। কিন্তু মন বারবারই উড়ে চলে যাচ্ছে। পরদিন সে ফোন করে শেহজাদিকে।
ফোন কাজ করছে?
হ্যাঁ।
ভালো কাজ করছে তো? সেটা জানার জন্য।
এরপরই যার মুখে কথা ফোটে না, সেই শেহজাদি কথা বলতে লাগলো। মূলত ফোন নিয়ে। ফোন কাজ করছে ভালো তবে তার একটি স্মার্ট ফোন কেনার ইচ্ছে। সে তার বাবার কাছে টাকা চাইবে। বাবা না দিলে সে তার মার কাছে চাইবে। যদি ওদের রাজি করানো যায়, তাহলে তার হয়ে যাবে স্মার্ট ফোন, তখন নকিয়া সে দিয়ে দেবে বাহাদুরকে, তার হাতে এসে যাবে অপ্পো বা স্যামসুং।
এই শুরু। এরপর থেকে প্রতিদিন অঙ্কিত শেহজাদিকে ফোন করছে, শেহজাদিও অঙ্কিতকে। শেহজাদি'র ঘর আলাদা। সে কারণে দিন রাত ফোনে কথা বললেও কেউ বাইরে থেকে শুনতে পায় না। অঙ্কিত ঘরে বাইরে, আড্ডায়, দোকানে, কাজে, উৎসবে যেখানেই থাকুক কথা বলে। কী কথা বলে ওরা এত! কী কথা, আজ কী হলো, কে কী বললো, কোথায় গেল, কী দেখলো, কী খেলো, সব। সিনেমা দেখে এসে পুরো সিনেমার গল্পটাই বলে শেহজাদিকে। ধীরে ধীরে এমন হয় যে ওরা কেউ কাউকে ছাড়া বাঁচবে না সোজাসুজি বলে দেয়। কলেজে আসা যাওয়ার সময় সুদর্শন যুবকের সঙ্গে গুরুদুয়ারায়, বিষ্ণু গার্ডেনে, শিমলা পার্কে দেখা করে শ্যামল বরণ কিশোরী। এভাবেই দিন চমৎকার কাটতে পারতো, কিন্তু বাহাদুর একদিন দেখে ফেলে অঙ্কিতের বাইকের পেছনে বসা শেহজাদিকে। বাড়িতে সে বলে দেয়, শেহজাদিকে মেরে পিঠে কালসিটে দাগ করে দেয় তার বাবা। বাহাদুর আরেকদিন দেখে শিমলা পার্কে দুজন হাত ধরাধরি করে হাঁটছে। সেদিন বাড়ি ফেরার পর শেহজাদি'র ফোন কেড়ে নেয় তার মা। অবশ্য পরে স্যামসুং কোম্পানীর একটি স্মার্ট ফোন অঙ্কিত তাকে দেয়। সেই ফোনটি বাড়িতে লুকিয়ে রেখে সবাই ঘুমিয়ে গেলে শেহজাদি অঙ্কিতের সঙ্গে কথা বলে। দুজন দুজনকে দেখতে দেখতে বলে। সারারাত বলে। কথা ফুরোবার আগেই ভোরের আলো ফুটে ওঠে। তিনটে বছর পলকে পার হয়।
আঠারো বছর বয়স তখন শেহজাদির। বাড়িতে চিৎকার চেঁচামেচি। মেয়ের উচ্চ মাধ্যমিক হয়ে গেছে। যথেষ্ট হয়েছে। মেয়ে এক হিন্দু ছেলের সঙ্গে প্রেম করছে। তার বাইকে চড়ছে। ঘোরাঘুরি করছে। ইজ্জত থাকবে না পরিবারের। এবার বিয়ে দাও মেয়ের। পাত্র দেখ। বিচার সভায় শেহজাদি সকলের পায়ে ধরে ক্ষমা চাইলো। বললো, তাকে এখন বিয়ে দিলে সে আত্মহত্যা করবে। উচ্চ মাধ্যমিক আজকাল কিছুই নয়। তাকে যেন দয়া করে আরও অন্তত একটি ডিগ্রি নিতে দেওয়া হয়। শেহজাদি'র পরিবার মধ্যবিত্ত পরিবার। কলেজ পাশ করবে ছেলেমেয়েরা, শিক্ষিত হবে, পরিবারের মান থাকবে। বাবা মা দুজনের কাছেই টাকা পয়সার চেয়ে বেশি মূল্যবান মান সম্মান। মা শেহনাজের পার্লারের ব্যবসা রঘুবীর নগর রোডে, বাবা আকবর আলীর কাগজের ব্যবসা দরিয়াগঞ্জে। নিজেদের উচ্চ মাধ্যমিকের ওপর ডিগ্রি নেই, তাই ছেলেমেয়েরা বড় ডিগ্রি নেবে, বুক ফুলিয়ে বলতে পারবে ছেলে মেয়ে সকলে শিক্ষিত। সমাজের দশটা লোক সম্মান করবে। এটি আকবর আলী আর শেহনাজ দুজনই চায়। দুজন উত্তর প্রদেশের শাহরানপুর থেকে দিল্লিতে এসেছে ভাগ্য বদলাতে। ভাগ্য তো কিছু বদলেছেই। হাতে টাকা পয়সা যথেষ্ট হয়েছে। আকবর আলী ছোট হলেও একখানা বাড়ি বানাতে পেরেছে। শেহনাজের জন্য একটি পার্লার খুলে দিয়েছে। পাড়ার মুসলিম পরিবারগুলো শেহনাজ আর আকবর আলীকে বেশ আদর্শ দম্পতি মানে। ফুটফুটে তিনটে ছেলে মেয়ের প্রশংসা করে। শেহজাদি লক্ষ্মী মেয়ে, বাহাদুর বুদ্ধিমান, সালমা অল্প বয়স থেকেই হিজাব ধরেছে, খুব ভালো আদব কায়দা জানে। আকবর আলী আর শেহনাজ পড়শিদের প্রশংসা শুনে কৃতজ্ঞতার হাসি হাসে বটে, কিন্তু শেহজাদিকে লক্ষ্মী মেয়ে ভাবা হলেও শেহজাদির নতুন কার্যকলাপ যে তা প্রমাণ করে না, সেটি দুজনই গোপন রাখে।
শেহজাদি কথা দিয়েছিল সে অঙ্কিতের সঙ্গে সম্পর্ক রাখবে না। সে আরও পড়াশোনা করবে, ডিগ্রি নেবে। শেহজাদি কথা রেখেছে। সে নার্সিং ইন্সটিটিউটে ভর্তি হয়েছে, মন দিয়ে পড়ছে। কিন্তু অঙ্কিতের সঙ্গে সম্পর্ক রাখবে না –এই শর্ত সে মানতে পারেনি। ইন্সটিটিউটে অঙ্কিত যায় তার সঙ্গে দেখা করতে। অঙ্কিতের বাইকে চড়ে সে ইন্সটিটিউট থেকে ফিরেছে দু'দিন। মেট্রোর কাছে নেমে পড়েছে, সাবধান, কেউ যেন না দেখে। স্টেশান থেকেই অটোয় করে বাড়ি ফেরে শেহজাদি। অঙ্কিত চায় প্রতিদিন তাকে বাইকে করে ইন্সটিটিউটে পৌঁছে দিতে, ছুটি হলে নিয়ে আসতে, কিন্তু শেহজাদি রাজি হয় না। আত্মীয় স্বজন কেউ যদি দেখে ফেলে এই ভয় শেহজাদির। অঙ্কিতের কেউ দেখলে অসুবিধে নেই । বাবা যশপাল সাক্সেনা পাড়ার কানাঘুষা শুনে অঙ্কিতকে বলেছে, 'হঠাৎ করে নিজে নিজে যেন বিয়ে টিয়ে করে ফেলিস না কোথাও। পাত্রী দেখছি আমরা, বিয়ের অনুষ্ঠান করবো।' অঙ্কিত বলেছে, 'বিয়ে আমি নিজে নিজে করবো না, কথা দিচ্ছি। বিয়ে এ বাড়িতেই হবে। ঘটা করেই হবে, তবে পাত্রী আমি পছন্দ করবো, তোমরা করবে না। আর যে পাত্রীই পছন্দ করি, তোমাদের কোনও আপত্তি চলবে না।'
অঙ্কিত শেহজাদিকে বলেছে, বিয়ে করলে সে শেহজাদিকেই করবে, আর শেহজাদিও বলেছে বিয়ে করলে সে অঙ্কিতকেই করবে। অঙ্কিত হিন্দু, শেহজাদি মুসলমান, দুজনের কাছে এ কোনও বাধা নয়। অঙ্কিতের পাড়াতেই আছে হিন্দু মুসলমান সুখী দম্পতি, শেহজাদির পাড়াতেও আছে দুটো এমন পরিবার। তারা ধর্ম বদল করেনি। দিব্যি আছে। পরিবার প্রথম প্রথম মানেনি, পরে বাচ্চা কাচ্চা হলে মেনে নিয়েছে। অঙ্কিতের ধর্ম নিয়ে কোনও অন্ধত্ব নেই। সে বন্ধু বান্ধব নিয়ে অমৃতসর গিয়ে স্বর্ণ মন্দির দেখে আসে, মাথায় রুমাল বেঁধে ভেতরে ঢুকে প্রার্থনা সেরে আসে, রঘুবীর নগরে মদিনা মসজিদেও ঢুকে মোনাজাতের হাত ওঠায়, আবার হনুমান মন্দিরে গিয়েও কপাল ঠেকিয়ে আসে। শেহজাদি বলেছিল, এতগুলো ধর্ম কী করে বিশ্বাস করো, আমার তো একটিতে বিশ্বাস করতেই হিমশিম লাগে।
অঙ্কিত বলেছে, ধর্মের কাহিনীতে বিশ্বাস করে আমি মাথা ঠেকাই না, বা দু'হাত তুলি না। আমি অন্যের বিশ্বাসকে শ্রদ্ধা করছি, এই যা।
অঙ্কিত জন্মের পর থেকে হিন্দু মুসলমান আর শিখ সম্প্রদায়ের সঙ্গে খেলেছে, পড়েছে, চলেছে, বেড়ে উঠেছে। এক গলিতেই তারা গাদাগাদি করে ছিল। একের দুঃখে অন্যরা পাশে দাঁড়িয়েছে। একের সুখে সবাই জড়ো হয়ে আনন্দ করেছে। শৈশব থেকেই সে সবাইকে আপন বলে ভাবতে শিখেছে। এই শিক্ষাটা এত মজবুত যে কোনও ঝড় তুফান একে কাত করতে পারে না।
শেহজাদি নার্সিং ইন্সটিটিউট থেকে পাশ করে হাসপাতালের নার্স হবে, আর অঙ্কিতের পেশা ফটোগ্রাফার, দিব্যি চলবে সংসার। সংসার শুরু করার আগে বিয়েটা করে নিয়ে দু'জন আগে ভারতটা ঘুরে নেবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী।
শেহজাদি প্রায়ই জিজ্ঞেস করে, তোমার বাড়ির লোকেরা মানবে তো?
অঙ্কিত হেসে বলে, সে নিয়ে একটুও ভেবো না। আমার বাড়ি আমি ম্যানেজ করতে পারবো। আমি বলে দিয়েছি, পাত্রী পছন্দ করার ভার তোমাদের নয়,আমার। যার সঙ্গে আমাকে সারাজীবন সংসার করতে হবে, তাকে আমি পছন্দ করবো না তো অন্যরা করবে?
শেহজাদি বলে, সমস্যা আমার পরিবারে হবে। এরা কিছুতেই মানবে না।
অঙ্কিত বলে, বিয়ে তো এক্ষুনি করছি না। আমাদের সম্পর্কের কথা ওরা জেনেছেন। ধীরে ধীরেই মেনে নেবেন। প্রথম প্রথম একটু চেঁচাবেনই তো।
শেহজাদির পিঠে মার অনেক পড়েছে। সে জানে তার মা বাবা হিন্দুর সঙ্গে ওঠাবসা করলেও হিন্দুদের কী ঘৃণাই না করে! বাহাদুরও হয়েছে বাবা মা'র মতো। শেহজাদিই হতে পারলো না। অঙ্কিত যতই আশা করুক, শেহজাদি জানে তার বাবা মা কখনও অঙ্কিতকে জামাই হিসেবে মেনে নেবে না। তার একদিকে অঙ্কিত, আরেকদিকে তার পরিবার পরিজন। শেহজাদি খুব সহজেই অঙ্কিতকে বেছে নেয়।
শেহজাদি তার বাবা মা ভাই কে কোথায় কখন থাকবে, হিসেব করেই অঙ্কিতের বাইকে ওঠে। হিসেব একদিন মেলে না। টাগোর গার্ডেন মেট্রোর কাছে যেই না থেমেছে বাইক, তার বাবা আকবর আলী স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখে ফেলে দুজনকে। শেহজাদি হতভম্ব দাঁড়িয়ে থাকে। বাবা তার দ্রুত চলে যায় অটো নিয়ে। শেহজাদি বাড়ি ফিরবে না। বাবা তাকে মেরে ফেলবে। কাছের একটি চায়ের দোকানে তাকে নিয়ে বসায় অঙ্কিত। এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কী করলে। অঙ্কিতের মতে, বাড়ি ফেরা, অঙ্কিতকে ভালোবাসি—এই কথাটা ভয়ে হোক নির্ভয়ে হোক বলে ফেলা। জীবন তো একটাই, এত ভয়ে ভয়ে ইঁদুরের মতো বেঁচে থাকার কোনও অর্থ হয় না। পৃথিবীতে মানুষ যে ধর্মের বা যে জাতের, বা যে রঙের, বর্ণের হোক না কেন, তার একটিই আসলে পরিচয়, সে মানুষ। আমরা দেখবো, মানুষটা ভালো মানুষ কি না, সৎ কি না, উদার কি না। অথবা মানুষটা বদ কি না, অসৎ কিনা, স্বার্থপর কিনা। ব্যস। বেশি অত্যাচার যদি দেখ, বাড়ি ছেড়ে চলে আসবে, আমরা কোর্টে গিয়ে বিয়ে করবো, তারপর আমার বাড়িতে দুজন উঠবো। আমার বাড়িতে কোনও ঝামেলা হবে না, ধরা যাক হলো, ব্যস বাড়ি ছাড়বো, কোনও ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো। থাকছে না রশিদ আর কৃষ্ণা?
শেহজাদি বলে আমাদের বাড়ির পাশেই তো থাকছে অরভিন্দ আর সুলতানা, থাকছে আদনান আর অদিতি।
তাহলে?
ভালোবাসাই সবচেয়ে বড় ধর্ম । আর যে সো-কল্ড ধর্ম দুজন মানুষের ভালোবাসাকে তুচ্ছ করে, সে ধর্ম কোনও ধর্মই নয়।
অঙ্কিত একটি অটো ডেকে শেহজাদিকে উঠিয়ে দেয়।
শেহজাদি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই তাকে চুলের মুঠি ধরে একটি ঘরে নিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় তার বাবা। পার্লার থেকে খবর পেয়ে মা চলে এসেছে। চিৎকার করে বাড়ি মাথায় তুলছে আকবর আলী। আমার মান সম্মানই শুধু নয়, আমার চৌদ্দ পুরুষের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে এই মেয়ে। কত বড় কালসাপ পুষেছি আমি! আমারই খেয়ে, আমারই পরে, আমাকেই ছোবল দিচ্ছে!
তার বাবা জানিয়ে দেয় শেষ কথা, শেহজাদিকে শাহরানপুরে কাকাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, ওখানেই মুসলমান ছেলের সঙ্গে বিয়ে হবে দু'দিনের মধ্যে। তার দিল্লি আসা বন্ধ। তার নার্সিং পড়া, নার্স হওয়া, সব বন্ধ। নিজের পায়েই নিজে কুড়োল মেরেছে মেয়ে।
শেহনাজ আর আকবর আলী দুজনে বেরিয়ে যায়। শেহজাদি অঙ্কিতকে জানাতে পারছে না কী ঘটেছে বাড়িতে। ছটফট করে সে। সে তালাবন্ধ, পঙ্গু, অসহায়, তার হাত পা বাঁধা। তার ফোন তার বাবা কেড়ে নিয়ে গেছে। শেহজাদি ক্ষমা চাইবে, বা নিজের ভালোবাসার কথা জানাবে, তার কোনও সুযোগই নেই। সুযোগ আসবেও না আর। কোনও অশিক্ষিত অসভ্য লোকের সঙ্গে তার বিয়ে হয়ে যাবে। বছর বছর বাচ্চা হবে। শেহজাদি কল্পনাও করতে পারে না অমন জীবন। অঙ্কিত তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। অঙ্কিত বলিউডের হিরো নয়, কিন্তু সে শেহজাদির হিরো, সে এই রঘুবীর নগরের হিরো। শেহজাদি তার এই হিরোকে ছাড়া আর কিছু চায় না। সে নিজেই বা কী এমন বড়! ডাক্তারি পড়ার মাথা তার নেই, অগত্যা সেবিকা হবে সে। অঙ্কিত এই সেবার কাজকে মূল্যবান মনে করে বলেই এতে উৎসাহ বেড়েছে শেহজাদির।
বাড়িতে সালমা মুক্ত আর শেহজাদি বন্দি। মুক্ত সালমাকে সে দ্রুত খুব দ্রুত কিছু কাজ করতে বলে। অঙ্কিতের নম্বর দেয়, বাইরে কোনও ফোনের দোকান থেকে যেন অঙ্কিতকে ফোন করে বলে শেহজাদিকে বন্দি করেছে তার বাবা, শাহারানপুরে নিয়ে যাবে ধরে বেঁধে বিয়ে দেওয়ার জন্য। সালমা করে কাজটি , কারণ ধরে বেঁধে বিয়ে দেওয়াটা তারও পছন্দ নয়। অঙ্কিতকে খবরটা জানালে অঙ্কিত বলে, 'ওকে পালাতে বলো, এক মুহূর্ত যেন দেরি না করে।' সালমা বাড়ি ফিরে শেহজাদিকে জানায় অঙ্কিত কী বলেছে। সালমা নিজেই তালা ভেঙে শেহজাদিকে বের করে দেয়। শেহজাদি পালায়। পালালে তো মেট্রো স্টেশনেই যেতে হবে। টাগোর গার্ডেন মেট্রোর কাছে নিজেকে আড়াল করে সে অপেক্ষা করে অঙ্কিতের জন্য।
ওদিকে বাবা মা দুজনই বাড়ি ফিরে দেখে শেহজাদি হাওয়া। সালমাকে হাতের কাছে যা পেয়েছে, তা দিয়ে পিটিয়ে কথা বের করেছে। অঙ্কিত শেহজাদিকে বাড়ি থেকে পালাতে বলেছে। পালাতে বলেছে, তার মানে তারা এখন পালিয়ে বিয়ে করতে যাচ্ছে। সর্বনাশ! শেহনাজ হাউমাউ করে কাঁদতে শুরু করল। আকবর আলী দেয়ালে মাথা ঠুকতে লাগল। বাড়িতে ঢুকলো বাহাদুর আর বাহাদুরের মামা সালিম। এরাও শুনলো দুঃসংবাদ, একটা হিন্দু ছেলের সঙ্গে শেহজাদি পালিয়েছে। রান্নাঘর থেকে দ্রুত একটা মাংস কাটার ছুরি তুলে নিয়ে সেটি প্যান্টে গুঁজে আকবর আলী বললো, চলো চলো, দেরি না করে চলো, শেহজাদিকে আর বেঁচে থাকতে হবে না, এমন নষ্ট মেয়ে সংসারে থাকার চেয়ে না থাকা ভালো। কার এত বড় সাহস একটা মুসলমান মেয়ের জাত ধর্ম ধংস করছে , আজ দেখে নেবো। বাহাদুর পথ দেখিয়ে চললো, আকবর আলী, শেহনাজ, আর সালিম পা চালিয়ে একেবারে অঙ্কিতের মোবাইলের দোকানের সামনে। অঙ্কিত অস্থির পায়চারি করছিল, অপেক্ষা করছিল শেহজাদির জন্য। ফোনও শেহজাদির হাতে নেই যে ফোন করে দেখা করার জায়গা বলে দেবে। বাহাদুরই বলে দিল, এই ছেলেটিই অঙ্কিত সাক্সেনা, শেহজাদি এর কাছেই পালিয়ে এসেছে।
অঙ্কিত সাক্সেনার ওপর ঝাঁপিয়ে পড়লো সালিম। আজ তোর একদিন কী আমার একদিন! শেহজাদি কোথায় বল। ওকে নিয়ে পালাচ্ছিলি তো! সালিমের দশাসই শরীর অঙ্কিতকে ঘাড় ধরে চক্কর দেওয়ালো। এদিকে লোকের ভিড় জমে উঠলো। আকবর আলী এক টানে মাটিতে ফেললো অঙ্কিতকে। বাহাদুর পা দিয়ে চেপে রাখলো অঙ্কিতের বুক।
শেহজাদি কোথায় বল।
শেহজাদি কোথায় আমি জানিনা।
কী করেছিস ওকে।
আমি কিছু করিনি, আপনারা পুলিশ ডাকুন, আমাকে পুলিশে দিন। এভাবে মারবেন না।
অঙ্কিত চিৎকার করে মুক্তি চাইছে। ভিড় থেকে কেউ একজন কাছেই অঙ্কিতের গলিতে ঢুকে খবর দিয়েছে তার বাড়িতে। অঙ্কিতের মা দৌড়ে আসছে। অঙ্কিত নিজেকে ছাড়াতে চাইছে, পারছে না। অঙ্কিতের মা ভিড় ঠেলে কাছে আসতে চাইছিল, তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল শেহনাজ। ঘৃণা ছুঁড়ে দিয়ে বলতে লাগলো, 'তোর এই কুলাঙ্গার ছেলের জন্য আমার মেয়ে সমাজ সংসার ত্যাগ করেছে। আমাদের মান সম্মান ইজ্জত বলে কিছু নেই এখন। এই অপমান আমরা সহ্য করবো না।' ওর মধ্যেই ঘটনাটি ঘটে যায়, আকবর আলী তার লুকোনো ছুরিটি বের করে অঙ্কিতের গলায় ছুঁয়ে বলছিল, 'শেহজাদিকে বের করে আন, দুজনকে আজ এখানেই খুন করবো।' আর অঙ্কিতও বলছিল, 'খুন কেন করবেন, কী দোষ করেছি আমরা, আমরা তো কোনও দোষ করিনি।' তখনই উত্তেজিত উন্মাদ আকবর আলী অঙ্কিতের গলা চিরে দিল। তিরিশ পঁয়ত্রিশটি লোক নীরব দর্শক। কেউ এগিয়ে এলো না। অঙ্কিত সামান্য সাহায্য পেতে হাত পা ছুঁড়েছে, কেউ সাহায্য করলো না। অঙ্কিতের মা শেহনাজের বাধাকে দু'হাতে সমস্ত শক্তি দিয়ে সরিয়ে অঙ্কিতের কাছে এসেছে। বলেই চলছে, 'এম্বুলেন্স ডাকো, কেউ একজন এম্বুলেন্স ডাকো, হাসপাতালে নিয়ে চলো।' কেউ এম্বুলেন্স ডাকলো না। বন্ধু সুশান্ত চায়ের দোকানে ছিল, অঙ্কিতের ওপর হামলা হচ্ছে খবরটি শুনে সে ছুটে এসেছে , তার কাঁধে হাত রেখে অঙ্কিত ভাঙা গলায় শুধু বললো, 'শেহজাদি কোথায় আছে দেখ, ওকে নিয়ে থানায় যা, আমি ৫ মিনিটের মধ্যে আসছি'। কিন্তু অঙ্কিত উঠতে চাইলেও উঠতে পারছে না। সুশান্ত'র হাত থেকে গড়িয়ে পড়লো তার শরীর। নীরব দর্শকেরা এক তিল নড়লো না। তারা চুপচাপ একটি মানুষকে খুন হয়ে যেতে দেখলো। কেউ ছুটে এসে কেড়ে নিলো না কারও হাতের ছুরি, কেউ ধাক্কা দিয়ে উন্মত্ত চারটে মানুষকে সরালো না। অঙ্কিতের মা পুত্রের গলায় হাত চেপে রক্ত বন্ধ করতে চাইছেন, দেখছেন অঙ্কিতের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। যশপাল সাক্সেনা খবর শুনে ছুটে এলেন। ততক্ষণে নিস্তেজ অঙ্কিতের শরীর। তিনি বুঝলেন হাসপাতাল আর বাঁচাতে পারবে না তার পুত্রকে। ফ্যাকাসে দৃষ্টিতে চারদিকে তাকালেন, অন্ধকার নেমে আসছে তাঁদের ওপর। এত লোক দাঁড়িয়ে আছে, তারপরও তিনি টের পেলেন, তাঁর পৃথিবীটা ফাঁকা হয়ে গেছে। ভিড়ের মুখগুলোকে আর মুখ বলে মনে হয়নি তাঁর। ভিড়ের পাশ কেটেই তো, সবার চোখের সামনেই তো, বুক ফুলিয়ে হেঁটে চলে গেছে চারটে খুনী। কেউ তো একটু টোকা দিয়েও দেখেনি। এই পিশাচ পৃথিবী থেকে যশপাল সাক্সেনা আর প্রভা দেবী পুত্র'র নিথর শরীরটি নিয়ে পালালেন, ফুটপাত লাল হয়ে রইলো অঙ্কিতের রক্তে।
২
শেহজাদি ভেবেছিল অঙ্কিত ওই টাগোর গার্ডেন মেট্রোয় আসবে, যেহেতু রঘুবীর নগর শেহজাদির জন্য আর এক মুহূর্তও নিরাপদ নয়। এ অঞ্চল থেকে তাদের দূরে কোথাও চলে যেতে হবে। ওদিকে অঙ্কিত ভেবেছিল শেহজাদি দোকানেই আসবে, যেহেতু শেহজাদি জানে এ সময় সে দোকানেই থাকে। ভেবেছিল, শেহজাদিকে নিয়ে সে বাইক চালিয়েই চলে যাবে দিল্লির বাইরে।
হাতে তার তিরিশ টাকাই ছিল সম্বল। বাড়ি থেকে বেরিয়ে ও টাকায় সে একটি রিক্সা করে টাগোর গার্ডেন মেট্রোয় এসেছে। চায়ের দোকানে বসে অপেক্ষা করেছে অঙ্কিতের জন্য। এক সময় অস্থির হয়ে দোকানীর কাছ থেকে ফোন চেয়ে নিয়ে ফোন করেছে অঙ্কিতকে। কিন্তু অঙ্কিত নয়, ফোনে হ্যালো বলেছেন অঙ্কিতের মা।
–অঙ্কিতের সঙ্গে একটু কথা বলতে চাই।
–তুমি কে?
–আমি শেহজাদি।
–তুমি শেহজাদি! ডুকরে কেঁদে উঠলেন প্রভা দেবী।
–অঙ্কিত তো নেই। আমার কলজের টুকরো নেই। নেই। তোমার বাবা ওকে মেরে ফেলেছে।
শেহজাদির সমস্ত শরীর কেঁপে উঠলো। ফোন ফেরত দিতে গিয়ে এমন অবশ হয়ে গেল হাত যে হাত থেকে পড়ে গেল ফোনটি। শেহজাদি দৌড়োলো অঙ্কিতের বাড়ির দিকে। তার তখনও বিশ্বাস হচ্ছে না অঙ্কিত বেঁচে নেই। হয়তো মেরে তার হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছে, ভালো চিকিৎসা পেলে সেরে উঠবে। কিন্তু অঙ্কিতের বাড়ির গলির মুখে এসে শেহজাদি থমকে দাঁড়ালো। গলিতে ভিড় উপচে পড়ছে। অঙ্কিতের বন্ধু সুশান্ত দূর থেকে শেহজাদিকে দেখতে পেয়ে দৌড়ে এলো কাছে, বললো, তোমার এখন ভেতরে যাওয়া একেবারেই ঠিক হবে না।
কেন ঠিক হবে না বলে শেহজাদি লক্ষ্য করল তার সারা শরীর আবার কাঁপছে, তার স্বর কাঁপছে। এত ভিড়, এর মানে কি এই যে অঙ্কিত আর সত্যিই নেই! তার শ্বাসকষ্ট হতে থাকে। সুশান্তকে প্রশ্ন করে, 'কী ঘটেছে?'
একটি ফাঁকা জায়গায় শেহজাদিকে সরিয়ে নিয়ে সুশান্ত বললো, 'তোমার বাবা মা ভাই মিলে অঙ্কিতকে জবাই করেছে। অঙ্কিত আর বেঁচে নেই। পাড়ার কপিল ডাক্তার এসে দেখে গেছে, বলেছে, হাসপাতালে নিয়ে লাভ হবে না, হি ইজ ডেড। আমি কেন যে দোকান ছেড়ে এক বন্ধুকে নিয়ে চা খেতে বসেছিলাম, অঙ্কিতের সঙ্গে থাকলে এই ঘটনা ঘটতে পারতো না। কিছুতেই ঘটতে পারতো না।'
সুশান্ত'র কণ্ঠে তীব্র হাহাকার।
শেহজাদি গলি ছেড়ে বড় রাস্তায় উঠে হাঁটতে থাকে। সুশান্তও শেহজাদির সঙ্গে সঙ্গে হাঁটে। শেহজাদি বলে, 'তুমি চলে যাও, অঙ্কিতের কাছে যাও।'
সুশান্ত বলে, 'অঙ্কিত বেঁচে থাকলে তোমাকে একা হাঁটতে দিত না। তোমার বিপদ তো কম নয়। যারা অঙ্কিতের গলা কেটেছে , তারা তোমারও গলা কাটবে। অঙ্কিত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে তোমার কথাই বলেছে আমাকে। বলেছে তোমাকে খুঁজতে, তোমাকে নিয়ে থানায় যেতে, বলেছে ৫ মিনিট পর সে আসছে। তারপর', নিজের দু'হাত দেখিয়ে সুশান্ত বলে, 'এই হাতেই তো ঢলে পড়লো'।
শেহজাদি কিছু একটা বলতে চায়, পারে না, কণ্ঠ বুজে আসে।
শেহজাদি তো হাঁটতে হাঁটতে খেয়ালা থানার দিকেই যাচ্ছে। অঙ্কিতও চেয়েছিল সেখানে যেতে। সুশান্ত একটি অটো ডেকে শেহজাদিকে ওঠালো, নিজেও উঠে বললো, 'ওভাবে হাঁটা নিরাপদ ছিল না, মুখটা ঢেকে রাখো। 'থানায় গিয়ে শেহজাদি অফিসারের কাছে লিখিত অভিযোগপত্র দেয়, তার বাবা মা ভাই তার হবু স্বামী অঙ্কিত সাক্সেনাকে খুন করেছে। শেহজাদির চোয়াল শক্ত। চোখ শুকনো, ঠোঁট শুকনো। মাথার ওড়না অনেক আগেই খসে পড়েছে। পুলিশ জানে খবর, গ্রেফতার করার জন্য চারজনকে খুঁজছে। আকবর আলী, শেহনাজ, বাহাদুর আর সালিম। শেহজাদি হাঁফ ছাড়ে। চোখের সামনে যদি তাদের ফাঁসিকাষ্ঠে ঝুলে থাকা অবস্থায় দেখতে পেতো, তার শান্তি হতো। বাড়ি তালাবন্ধ করে রেখেছে পুলিশ। বোন সালমা বাড়িতে ছিল, পুলিশ তাকে নিজামুদ্দিনে তার খালার বাড়ি পৌঁছে দিয়েছে। পুলিশ শেহজাদিকে তুলে দেয় 'নারী কল্যাণ' নামের এক এনজিওর হেফাজতে, আর বলে দেয় পুলিশের দুটো ভ্যান সারারাত পাহারা দেবে নারী কল্যাণের বাড়ি। সুশান্ত'র মনে হয় শেহজাদির বিপদের সময় তার পাশে থেকে অঙ্কিতের বন্ধুত্বের মর্যাদা দিয়েছে সে। সুশান্ত তার নম্বরটি রেখে যায়, আর একটি এক্সট্রা ফোন ছিল তার, সেটি দিয়ে যায় শেহজাদিকে। কী হলো না হলো যেন সুশান্তকে জানায়। তারা অঙ্কিতের বন্ধু, অঙ্কিতকে ভালোবাসে বলেই অঙ্কিতের ভালোবাসার মর্যাদা দিচ্ছে। যা করছে সুশান্ত, করছে অঙ্কিতের জন্যই। অঙ্কিত শেহজাদিকে কতটা ভালোবাসতো, আর কেউ না জানুক, তার কাছের বন্ধুরা জানতো। সুশান্ত তো জানতোই।
শেহজাদিকে গোপনে এনজিও আর পুলিশের নিরাপত্তায় পরদিন ছাড়তে হয় রঘুবীর নগর। নগর থমথমে। যে কোনও সময় দাঙ্গা বাঁধতে পারে। স্ফুলিঙ্গগুলো আগুন খুঁজছে। শেহজাদি হিন্দু আর মুসলিম কট্টরপন্থী দুই দলেরই টার্গেট হতে পারে। নারী কল্যাণের নয়ডা শাখায় শেহজাদি আশ্রয় পেলো। এ ছাড়া আর কোনও আশ্রয় মিলবে না, কোনও আত্মীয়ই তাকে জায়গা দেবে না। তার বাবা মা ভাই মামা এখন জেলে, সম্ভবত যাবজ্জীবন হয়ে যাবে তাদের। আত্মীয় স্বজনের রাগ এখন শেহজাদির ওপরই পড়বে। দোষ শেহজাদিকে ছাড়া অন্য কাউকে দেবে না কেউ। শেহজাদি খুন হয়ে যেতে পারে আত্মীয়দের হাতেই। শেহজাদি ভাবে সেদিন যদি তাকে হাতের কাছে পেতো, তাকেই খুন করতো তার বাবা মা। তাদের হয়তো অঙ্কিতকে খুন করার উদ্দেশ্য ছিল না, ছিল শেহজাদিকে খুন করার উদ্দেশ্য, অথবা দুজনকেই। পরিবারের সম্মান বাঁচাতে খুনই করে এরা। সম্মান! শেহজাদি মনে মনে এমন সম্মানের মুখে থুতু ছুঁড়ে দেয়। তার আবার চোয়াল শক্ত হতে থাকে।
শেহজাদির অঙ্কিত গেছে, ঘর সংসারের স্বপ্ন গেছে, নার্সিং ইন্সটিটিউট গেছে। জীবনে কিছু আর বাকি নেই। জীবন শূন্য পড়ে আছে। চেষ্টা চরিত্তির করে একটি কল সেন্টারে সে চাকরি নেয়। উচ্চ মাধ্যমিকের ডিগ্রি দিয়ে আর কীইবা চাকরি জুটতে পারে! নারী কল্যাণ থেকে একখানা ঘর দেওয়া হয়েছে, আপাতত এটিই তার ঠিকানা। তবে পায়ের তলায় সামান্য মাটি হলে নিজের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে শেহজাদিকে। সালমা আবার ফোনে জ্বালাচ্ছে। বলছে, 'হয় আমাকে খুন করে এখানে ফেলে রাখো, নয়তো এখান থেকে নিয়ে যাও আমাকে।' খালারা কেউ সালমাকে সহ্য করতে পারছে না, শেহজাদি অনুমান করে। সালমাকে নিয়ে বস্তিতে হলেও সে কোনও ঘর ভাড়া নেবে, কল সেন্টারের চাকরিই আপাতত তার ভরসা।
৩
যশপাল সাক্সেনা পুত্রশোকে কাতর ছিলেন, কিন্তু গা ঝেড়ে উঠে দাঁড়ালেন। এভাবে মরে থাকলে কার কী লাভ! যা গেছে তা তো গেছেই। অপূরণীয় ক্ষতি যা হয়েছে, তা তো হয়েই গেছে। মিডিয়ার লোকেরা যখন তখন ঢুকছে বাড়িতে। একদিন তিনি ওদের জানিয়ে দিলেন, যে লোক তার পুত্রকে হত্যা করেছে তার তিনি শাস্তি চান, তার তিনি ফাঁসি চান। কিন্তু মুসলিম সম্প্রদায়কে তিনি দোষ দিচ্ছেন না। তার প্রচুর মুসলিম বন্ধু আছে, যারা ভালো লোক, যারা এই ঘটনায় মর্মাহত। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি চান। তাই অঙ্কিতের বন্ধুদের সহযোগিতায় তিনি তার বাড়িতেই ইফতার পার্টির আয়োজন করেছেন। রঘুবীর নগরের মুসলিমদের তিনি অন্তরের অন্তঃস্থল থেকে ইফতারির দাওয়াত দিয়েছেন। বাড়িতে তো জায়গা হবে না এত লোকের পুরো গলি জুড়ে ইফতারির বিভিন্ন পদ নিয়ে বসেছে অঙ্কিতের বন্ধুরাই। শুধু মুসলিম নয়, হিন্দু আর শিখরাও এসেছে ইফতারির দাওয়াত খেতে। সবার উদ্দেশেই যশপাল সাক্সেনা বলেছেন, 'এই ইফতার সম্প্রীতির জন্য, একজন হিন্দুও যেন মুসলিমদের ঘৃণা না করে, তারা আমাদের ভাই। মুসলিমরাও যেন একজন হিন্দুকেও ঘৃণা না করে, তারাও তাদের ভাই। আমি অঙ্কিতকে হারিয়েছি, আর কোনও বাবাকে যেন পুত্র হারাতে না হয়।'
যশপাল সাক্সেনা একা হাতেই ঘটতে যাওয়া কোনও বড় দাঙ্গা থামিয়েছেন। অঙ্কিতের রক্তের দাগই রইলো রঘুবীর নগরে। ঘৃণার আর নতুন কোনও রক্তপাত ঘটেনি।
৪
নয়ডার একটি হিন্দু পরিবারের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়েছে শেহজাদি। ব্যবস্থা সুশান্ত এসেই করে দিয়েছে। সুশান্ত ছাড়া শেহজাদির ঘর পাওয়া সহজ হতো না। এই সুশান্ত যাদবেরই ছিল সেই মোবাইল ফোনের দোকানটি, যে দোকানে অঙ্কিতকে সে বসতে দিত তার ফটোগ্রাফির ব্যবসার সুবিধের জন্য। সুশান্তই ছিল অঙ্কিতের হরিহর আত্মা। শেহজাদিকে দেখভাল করলে সে মনে করে অঙ্কিতের আত্মা শান্তি পাবে। শেহজাদি তো সম্পূর্ণ একা হয়ে গেছে। তার মা বাবা নেই, তার স্বজন বলতে কেউ নেই এক সালমা ছাড়া। সালমার দায়িত্ব তাকেই নিতে হবে। এ তার নতুন জীবন। সুশান্তও জানে এ শেহজাদির নতুন জীবন।
অঙ্কিতের মৃত্যুর পর বছর তিনেক পার হয়। অঙ্কিতের বন্ধুরা, এমনকী সুশান্তও ইউটিউবে 'আওয়ারা বয়েজ' নামে একটি সংগঠন থেকে ছোট ছোট ভিডিও আপ্লোড করে। বন্ধুরা সবাই অঙ্কিতের জন্য ভালোবাসায় ওর মতোই চুলের স্টাইল করেছে, ওর মতোই দাড়ি গোঁফ, ওর স্টাইলে পোশাক আশাক। অঙ্কিতের ছবি ছাপানো টিশার্ট সবার গায়ে। সুশান্ত'র সঙ্গে যখন কথা হয় ভিডিওতে, ওকে অনেক সময় দেখতে অঙ্কিতের মতো মনে হয় শেহজাদির। ভুল করে তার ভাবতে ইচ্ছে করে এ অঙ্কিতই। সম্বিত ফিরে পেলে সে মনে মনে বলে, এ অঙ্কিত নয়, অঙ্কিত অঙ্কিতই ছিল। এ সুশান্ত। সুশান্তর কাজ অঙ্কিতের অভাব পুরণ করা নয়। অঙ্কিতের অভাব চিরকালই শেহজাদি অনুভব করবে। করতে সে চায়ও। অঙ্কিতের স্মৃতিকে সে যত্ন করে বুকের ভেতর লালন করছে। সে চায় চিরকাল এভাবেই লালন করতে।
সারা রাত কল সেন্টারে থেকে ঘুম-ঘুম দিন কাটে শেহজাদির। এই সময়ে তার টলোমলো শরীর, টলোমলো মন। সীমানা ডিঙ্গিয়ে হাঁটে সে। একদিন বলে বসে,' তুমি কি কারও সঙ্গে প্রেম ট্রেম করো সুশান্ত? কোনওদিন বলোনি কিন্তু।' সুশান্ত ঠোঁট উল্টে না বলে। ঠিক যেমন অঙ্কিত মাঝে মাঝেই ঠোঁট উল্টে না বলতো!
সুশান্ত মোটর সাইকেল নিয়ে প্রায়ই চলে আসে নয়ডায়। শেহজাদিকে নিয়ে দূরে গ্রেটার নয়ডার দিকে গিয়ে নির্জন কোনও মাঠে বসে। প্রথম প্রথম সুশান্ত'র সঙ্গে অঙ্কিতকে নিয়েই কথা হতো। ধীরে ধীরে সুশান্তকে নিজের শৈশব কৈশোরের কথা বলে শেহজাদি, সুশান্তও তার বেড়ে ওঠার গল্প বলে। একদিন ছুটির দিনে গ্রেটার নয়ডায় বাইক না থামিয়ে চলে যায় বৃন্দাবন। প্রেম মন্দিরের সামনে বসে সন্ধ্যেটা কাটায়। রাতে খেয়ে ফেরে বাইরে থেকে। অঙ্কিতের সঙ্গে এত বাইরে বেরোতে পারতো না শেহজাদি। ভয় তার পা দুটোয় সাপের মতো পেঁচিয়ে থাকতো। সব ভয়, সব মোমের প্রলেপ, জীবনের আঁচে গলে গলে পড়েছে। শেহজাদি তার সত্যিকার অবয়ব এখন ফিরে পেয়েছে। এই শেহজাদি সাহসী।
সুশান্ত'র সঙ্গে সুখে অসুখে পার করে সে তার উনিশ, কুড়ি আর একুশ বছর বয়স। এই ক'বছরে দুটো রাতে সুশান্ত থেকে গেছে শেহজাদির ঘরে। মেঝেয় বিছানা পেতে ঘুমিয়েছে। শেহজাদি দ্বিতীয় রাতে খাট থেকে নেমে সুশান্ত'র পাশে শুয়েছিল। সুশান্ত নিবিড় করে জড়িয়ে রেখেছিল শেহজাদিকে। বাকি রাত নির্ঘুম কাটে দুজনের।
ওই জড়িয়ে রাখার ফলেই দুজনের যেটুকু জড়তা ছিল কেটেছিল। এরপর থেকে সুশান্ত নির্জনতা পেলেই গভীর করে চুমু খায় শেহজাদিকে। শেহজাদির সমস্ত শরীর তখন প্রায় নিস্তেজ হয়ে পড়ে।
৫
শেহজাদি সালমাকে নিয়ে জেলখানায় যায় একদিন। মায়ের জন্য সালোয়ার কুর্তা নিয়ে, মাকে দেখতে যায়। বাবাকে, মামাকে নয়, শুধু মা'কে। বাহাদুরকেও নয়। অবশ্য বাহাদুর এই জেলখানায় নেই। তাকে নাকি অনেক আগেই কিশোর সংশোধনীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শেহজাদির মনে হতে থাকে এরা আগের জন্মে তার আত্মীয় ছিল, এই জন্মে নয়। এদের আপন কেউ বা নিজের কেউ বলে মনে হয় না। মা এসে সামনে বসে। বয়স অনেকটাই বেড়ে গেছে। তীক্ষ্ম চোখে দেখে শেহজাদিকে। ওই চোখ থেকে থোকা থোকা ঘৃণা উপচে পড়ে। দেখে শেহজাদির চোখে জল চলে আসে। দ্রুত সে জল মুছে নেয়।
সালমা তার মায়ের হাতে সালোয়ার কুর্তা দেয় আর মায়ের সঙ্গে কাঁদতে কাঁদতে কথা বলে। একসময় যখন ওঠার সময়, তখন কাছে এসে শেহজাদি বলে, 'মা, আমি বিয়ে করেছি। ছেলের নাম সুশান্ত যাদব। বুঝতে পারছো তো নাম শুনে, সুশান্ত হিন্দু। এই দেখ আমার গলায় মঙ্গলসুত্র। তাই বলে ভেবো না আমি হিন্দু হয়ে গেছি। আমি আমার ধর্ম মানি, সুশান্ত তারটা মানে। আসলে কী জানো, আমরা অঙ্কিত যা বলতো তা মানি, ভালোবাসার ওপরে আর কোনও ধর্ম নেই। আর একটা কথা জানানো দরকার, সালমাকে তোমার বোন রাখতে চায়নি। সালমা আমাদের সঙ্গেই আছে। ওকে আমরাই ইস্কুলে দিয়েছি। আর শোনো, আমার বাবা মা খুনী, জেল খাটছে, এটা আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তোমাদের জন্য আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি না। '
এটুকু বলে চলে আসছিল। কিন্তু দু'পা আবার পিছিয়ে গিয়ে শেহজাদি বললো, 'মান সম্মান হিন্দুকে বিয়ে করলে যায় না; ঘৃণা করলে, খুন করলে যায়। আমি অঙ্কিতকে বিয়ে করলে তোমরা মান সম্মান খোয়াতে না, তোমরা মানুষকে ঘৃণা করে আর খুন করে তোমাদের মান সম্মান খুইয়েছো।'
জেলখানার বাইরে এসে শেহজাদি লম্বা শ্বাস নেয়। বড় নির্ভার লাগে। অনেকদিন বুকে যে ক্ষোভ জমা হয়েছিল, সেটি বের হয়ে যাওয়ার পর পালকের মতো হালকা মনে হতে থাকে নিজেকে। চোখেও জমে ওঠে অবাধ্য জল। ও জলকে আর হাত দিয়ে মুছতে হয় না, ও হাওয়ায় শুকোয়।
