২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এলো আর গেলো

সুমাইয়া মতিয়াতুর

Published : 24 Jun 2021, 01:53 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


'মানে, আর যাওয়ার সময় পেলোনা, যত্তসব। ভালো লাগেনা' জাহিদের গজগজ করারই কথা। ইদানিং এদিকটায় এতো বেশি কারেন্ট যায় যে মেজাজ খারাপ না হয়ে উপায় নেই।

'হ্যা, ডেইলী ৪ বার করে যাচ্ছে, আগে তো তাও গেলে এক ঘন্টায় আসতো, এখন তো নামই নেই। এই রাতের বেলা এসব ভালো লাগে? ' বলে রিমু, টেবিলে খাবার সাজাতে সাজাতে হঠাৎ কারেন্ট মানে ইলেকট্রিসিটি চলে যাবার জন্য এখন মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে মোমবাতি খুঁজছে। বাহিরে হালকা হালকা ঝিরঝির বৃষ্টি হলেও ঘরের ভেতর একটা বদ্ধ গরম। এক তলা ফ্ল্যাট এ থাকে বলে জানালা দিয়ে চুরির ভয় বেশি। রোদ-বৃষ্টি সবসময় জানালা তাই বন্ধই থাকে। কারেন্ট থাকলে সমস্যা হয়না, এসি আছে। জাহিদ একটা কাগজ বানিয়ে বাতাস করতে থাকে নিজেকে।

'মোমবাতি আসলে কিনতে হবে। চার্জারটা পুরনো হয়ে গেছে। সারাাদিন চার্জ দিয়েও আলো হয়না। ' বলে এই নিয়ে তিনবার মোমবাতি জ্বালানোর চেষ্টা করে রিমু, বারবার নিভে যাচ্ছে। 'কি ব্যপার, জ্বলেনা কেনো?'

'মনে হয় বাতাস আসছে কোথা থেকে' জাহিদ নিজেকে পাখা করা বন্ধ করে বলে। আসলেই, অনয় সময়ের মত এতোটা গরম যেন নেই, হালকা একটা শিরশিরে বাতাস কোথা থেকে আসছে। 'দাড়াও দেখছি।' বলে রিমুর অপেক্ষা না করে নিজের মোবাইলে টর্চ অন করে যায় সে ডানদিকে মানে ড্রয়িংরুমের দিকে। ঐদিকে একটা জানালা খুলে বিকালে সে নিজেই একটা মরা তেলাপোকা ফেলেছিলো কিন্তু তারপর জানালা লাগিয়েছিলো বলেই মনে হয়। নাও হতে পারে।

না, লাগায়নি। জানালাটা টান দিয়ে লাগাতে গিয়ে একটা আওয়াজ শুনে থমকে যায়। কেউ কি নড়লো? কুকুর-বিড়াল না, কেমন জানি শ্বাস-প্রশ্বাসের শব্দ।

'কে কে ওখানে?' বলে মোবাইলের আলোটা জানালার বাইরে ফেলে জাহিদ। ওদের ফ্ল্যাট টার বাইরে মানে গেটের পাশে একটা বাগানবিলাস গাছ আছে, বাড়িওয়ালারই লাগানো, গাছটা লতা বেয়ে বেয়ে তিনতলার ছাদ পর্যন্ত উঠে গেছে। ওই গাছটার নিচেই একটা বছর সাতেকের বাচ্চা দাড়ানো, গায়ে একটা স্যান্ডো গেন্জি আর ছোট সবুজ হাফপ্যান্ট। হবে হয়তো পাশের বস্তির কোনো রিকশাওয়ালার ছেলে-টেলে, বৃষ্টি দেখে এখানে দাড়িয়ে গেছে। তবে বাগানবিলাসের নিচে দাড়িয়ে কারো কোনো লাভ হবার কথা নয়, এ ছেলেটারও হচ্ছেনা, আধা ভেজা কাপড়ে সে তিরতির করে কাপছে, চোখমুখ ভয়ে বিবর্ণ। 'এই তুমি কে? বৃষ্টিতে এখানে কি? বাসায় যাও' চেচায় জাহিদ, এই শ্যামবর্নের চিকন চাকন মাথা কামড়ে থাকা কোকড়া চুলের এই ছেলেটাকে আগে কখনো দেখেনি।

'কি ব্যাপর, কাকে কি বলো?' রিমু ওদিকে জাহিদের গলার আওয়াজ পেয়ে এগিয়ে আসে।

'আরে দেখোনা, একটা বাচ্চা ছেলে দাড়িয়ে ওখানে, রা করছেনা' জাহিদ জবাব দিয়ে 'এই কে তুই?' মনে হল তার, গরীব মানুষের ছেলে, অত তুমি-তোমরা শুনে না আবার ভড়কে যায়।

'আমি আবদুর রফিক' মিনমিন করে উত্তর দেয় বাচ্চাটা।

'তো আমার মাথা। এই বৃষ্টিতে এখানে কেন? বাড়ি যা' একটু ধমকই দিল জাহিদ এবার।

'এটা কিভাবে কথা হচ্ছে একটা বাচ্চার সাথে? আর এই বৃষ্টিতে বাড়ি যেতে যেতেই তো ভিজে যাবে।'

'কি এমন বৃষ্টি? আর তাছাড়া, সেতো এখানে দাড়িয়ে থেকেও ভিজছে। মাথায় বুদ্ধি নাই তো এগুলোর, গবেট একেকটা। দাড়াবে তো ওই সামাদ সাহেবদের গেটে দাড়ালেই পারে, ওখানে তো ছাউনি দেয়া আছে। গবেট হবারি কথা, আয়োডিন পায়নাতো ঠিকমতো। এই এই তুমি আবার কি করছো? আরে' বলে জাহিদ কারন ওকে বলতে গেলে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে জানালা দিয়ে গলা বের করে দিয়েছে রিমু। বৃষ্টির ফোটা তারো কপাল বেয়ে পড়লো।

'এই যে আবদুর রফিক না কি নাম। এসো' হাত দিয়ে ওদের ফ্ল্যাটের দরজা দেখায় রিমু। 'ভেতরে এসো'

'ভেতরে এসো মানে?' জাহিদ কিছুক্ষন হা করে তাকিয়ে থাকে 'আরে ওদের এসব ভিজে অভ্যাস আছে।' পরে নিজেই আবার ছেলেটার দিকে তাকিয়ে বলে 'এই যে, যা য, ঐ বাড়িটার গেটে দাড়া গিয়ে, তাইলে ঠান্ডা লাগবেনা।'

'সামাদ সাহেবরা মানুষ কিরকম তুমিও জান। অযথা চেচামেচি করে ওকে ওখানে পাঠিয়োনা' ঠান্ডা গলায় বলে রিমু। 'বাচ্চা ছেলে, এখন বৃষ্টি, রাত, কারেন্ট গেলো, হয়তো পথ চিনছেনা। এখানে এসে অপেক্সা করুক। পরে চলে যাবে' রিমু যায় দরজা খুলতে।

'তোমার না কোনো রিস্ক এর সেনস নেই' গলা চাপিয়ে তার পিছন পিছন যেতে যেতে বলে জাহিদ। 'গুন্ডারা এরকম বাচ্চা বাড়িতে পাঠায় তারপর রাত হলে বাচ্চাটা ভেতর থেকে দরজা খুলে দেয় তারপর ডাকাতি হয়। আর নাইলে বাথরুমের জানালা খুলে রেখে যায়। পরে ওদিক দিয়ে এসে চুরি করে।'

রিমুর সেদিকে ভ্রুক্ষেপ নেই। দরজা খুলে সে। আবদুর রফিক ইঙীৎ বুঝে দরজাতেই এসে দাড়িয়েছে। ওকে ভেতরে এনে ড্রয়িংরুমের সোফায় বসতে বলে রিমু, পিছনে প্যাচার মত মুখ করে জাহিদ দাড়িয়ে। চোক তার ঈগলের মত ছেলেটার দিকেই একতরফা তাকিয়ে।

'এখানে বসে থাকো। নড়াচড়া করবেনা।করলে এই আঙ্কেল কিন্তু পিট্টি দিবে'

'আঙ্কেল নয়, স্যার বলবি' পিছন থেকে ফোড়ন কাটার মতো করে বলে জাহিদ।

রিমুর সেদিকে খেয়াল নেই। সে এই অন্ধকারের মধ্যে কোথা থেকে একটা তোয়ালে নিয়ে এসে ছেলেটার চুল মুছিয়ে দিলো। জাহিদ কাছের চেয়ারটা টেনে নিয়ে বসলো যাতে ছেলেটা চোখের নজরে থাকে। বলা যায়না, অন্ধকারে কিছুতে হাত-টাত দিয়ে গেন্জির নীচে ঢুকাতেও পারে। আগের বাসার কাজের বুয়ার ছেলেটা এমন করতো, হাতটানের অভ্যাস ছিলো। এই ছেলেটা অবশ্য তেমন কোন দিকে নজর দিচ্ছেনা, এর মধ্যে রিমু এসে মোমবাতি জ্বালিয়ে এখানে রেখে গেছে টি-টেবিলটার উপরে। একমনে বসে থেকে পা দুলাচ=ছে ছেলেটা, সাধারনত এই ছেলেগুলো ছোটবেলা থেকেই একটু জী-হুজুর কিসিমের হয়, এ মনে হচ্ছে একটু ঘাউরা কিসিমের।

'আবদুর রফিক' হাক দিলো জাহিদ হঠাৎ। ছেলেটা কেমন পিটপিট করে তাকালো

'তোর নামটা বেশী বড়, ছোট কোন নাম আছে?'

'মায় বিলু ডাহে, বিলাল নাম দিবার চাইসিলো তো' হাসে ছেলেটা। হাসিটা মিষ্টি, কি সুন্দর ঝকঝকে দাঁত

'আকাশ দেখে বুঝনাই বৃষ্টি আসবে? বাসায় যাওনাই কেন?'

ছেলেটা একটু মাথা নীচু করে পা দিয়ে মেঝের কার্পেট খুটে

'বেয়াদবি না করে প্রশ্নের উত্তর দাও।'

'তুমি বাচ্চাটার সাথে এমন করছো কেন? চলো খাবার বেড়েছি, খাবে। এই যে, রফিক, তুমিও এসো'

'রফিক না আবদুর রফিক!' ছেলেটা মাথা তুলে বলে 'মায় কইছে শুধু রফিক বইলা ডাহলে গুনাহ হয়, ঐটা নাকি আল্লার নাম'

'তোমাকে কি সবাই তাহলে আবদুর রফিক বলেই ডাকে?' রিমু একটু অবাক হয়ে তাকায়

'নাহ, রইফ্যা ডাহে, রফিক আর রইফ্যা তো এহ না' ছেলেটা হেসে এবার জাহিদের দিকে তাকায় 'ডর লাগতাসিলো বইলা খিচ্যা দৌড় দিসি বাসা থাইক্যা, দেহি এইহানে আইসি। ফিরা যাঅনের রাস্তা বুঝতাসিলামনা, এইহানে আইনাই আগে'

'মানে, বাসা কোথায় তোর তাহলে?' জাহিদ একটু বিরক্ত হয়ে তাকায়

'পায়রার চরে'

পায়রার চর জায়গাটা এখান থেকে বেশ অনেকটাই দূরে। ওখান থেকে একটা বাচ্চা ভয় পেয়ে এখানে এসেছে শুনে একটু থমকে গেলো জাহিদ-রিমু দুজনেই।

'ভয় মানে ? কিসের ভয়?'

'ঐ, আমগো ঐহানে আগুন লাগছে তো, মেলা উচা আগুন। মায় কইছিলো আগুন লাগলে দৌড় দিয়া যতোদূর পারি চিলা যাইতে যাতে আগুন না লাগেহ। আমার নানা মরছিলো তো গুনে তাই মায় ডরায়, আমিও ডরাই। বাসার পাশে ফেরেক্টরি, ওইহানে আগুন লাগসে। তাই দেইখা ডরে দৌড় দিসি' চোখ বড় বড় করে বলে ছেলেটা যেন হিরোর মত কাজ করে এসেছে সে।
"তা বাসায় ফিরে গেলিনা কেন? "
'রাস্তা ঠাহর পাঈতাসিলাম্না' মুখ নিচু করে বলে ছেলেটা।
আর কিছু জিজ্ঞাসা করত জাহিদ কিন্তু রিমু এসে আবার খেতে ডাকল, রাত এখন বেশ অনেকটা। জাহিদ দেখে ছেলেটার জন্য ডাইনিং টেবিলেই প্লেট রাখা। একটু আড়ালে নিয়ে গিয়ে জাহিদ বলল ফিস্ফিসিয়ে 'ওকে আলাদা করে দিলে পারতে , একবারে টেবিলে বসিয়ে দিলা!'

'আবার সব আরেকটা বাটিতে বাড়তে যাব? বাচ্চাতো , খেয়ে নিক একসাথে' একটু অনুনয় রিমুর কণ্ঠে।

'একটা প্লেটে একটু একটু করে সব দিলেই হতো । আচ্ছা থাক, ঝামেলা বাড়ানোর দরকার নেই' রিমুর ঠান্ডা মুখ দেখে পরে কথা পাল্টায় জাহিদ। একটু বিরক্ত যে লাগছেনা তা নয়। বিরক্তি বাড়ছিলো যখন টেবিলে বসে রিমু একের পর এক তরকারী বেড়ে দিচ্ছিলো ছেলেটার প্লেটে। রিমুর এসব ব্যাপারে বুদ্ধি-শুদ্ধি বরাবরই কম। যে কাউকে একেবারে আদর দিয়ে মাথায় তোলে। একদম আস্ত রানটাই দেবার কি দরকার ছিলো? একটা পাখনা আর এক টুকরো আলু দিলেই চেটেপুটে খেয়ে নিতো, তা না। মনে মনে গজগজ করলেই মুখে কিছু বলেনা জাহিদ। হোম মিনিস্ট্রীর সাথে ঝগড়া যত এড়ানো যায় ততই মঙ্গল।

'সকালে বাড়ি ফিরতে পারবি নিজে নিজে?' ডালের পানি প্লেটে ঢেলে বলে জাহিদ।

'রাস্তা চিনলে সহাল আর রাইত তো একই' বলে রইফ্যা।

'মানে কি' ধমক দেয় জাহিদ 'সকালেও চিনতে পারবিনা?'

'চেষ্টা কইরা দেখতে পারি' কেমন যেন বিরক্তির সুর ছেলেটার গলায়ও। জাহিদ খিচমিচ করার আগেই রিমু বলে 'আচ্ছা, আমি না হয় ঐ পায়রার চরের কাছাকাছি নিয়ে যাবো, তারপর তো যেতে পারবে?'

'হ পারুম' জিভ দিয়ে হাতের তেলোতে লেগে থাকা ঝোল চাটে রইফ্যা।

'সেকি খাওয়া হয়ে গেল? আরেকটু ভাত দেই' গায়ে পড়ে আবার রিমু আদর দেখাতে যায়

'নাহ। বেশি খাইলে পেট ব্যাথা করবো। এমনিতেই ঝাল বেশি হইসে' নির্লিপ্ত স্বর ছেলেটার। জাহিদের মনে হল কান বরাবর কসে একটা ঘা লাগায়, খেতে পায়না আবার কিনা মশলা নিয়ে কমপ্লেইন।

রাতে রইফ্যার জন্য ড্রয়িংরুমে তোষক ফেলে মশারী টানানো হল। রিমু টানিয়ে দেবার সাথে সাথে ছেলেটার ভিতরে ঢুকে ঘুম। লাইট নিভিয়ে রিমু বের হবার পর ড্রয়িংরুমের দরজাটা টেনে একটা তালা লাগিয়ে দিলো জাহিদ।

'এসব কি করছো?' অবাক হয় রিমু

'বলা যায়না। রাতে উঠে মেইন গেট হয়তো খুলে দেবে কাউকে না কাউকে। এইসব করতে হয় বুঝলে'

'এ বাড়িতে কি এমন আছে যে মানুষ ডাকাতি করবে এতো ছলচাতুরী করে? আর তাছাড়া ছেলেটার টয়লেট চাপলে কি করবে?'

'তখন ডাক দিলে খুলে দিবো। হয়েচে এবার ঘুমোতে আস। আর কাল দয়া করে এটিকে বিদায় কর।' জাহিদ ঘুমোতে চায়। রিমু কিছুক্ষন তাকিয়ে থেকে পরে নিজেই ঘুমিয়ে পরে। জাহিদের অবশ্য ঘুম আসেনা। রাত যত ঘুটঘুটে হচ্ছে তত তার চিন্তা বাড়ছে। ছেলেটি আসলেই ছেলে তো?

নাকি অন্য কেউ? কারেন্ট এখনো ফেরেনি, কে জানে ট্রান্সফর্মার গেলো কিনা। এই ঘুটঘুটে অন্ধকার, বাইরে থেকে থেকে বৃষ্টি, ঘরে অপরিচিত একটা বাচ্চা ছেলে যে বলছে কিনা তার বস্তিতে আগুন লেগেছে। কই এরকম কোনো নিউজ তো কারেন্ট যাবার আগে পর্যন্ত দেখেনি। হ্যা, পায়রার চরে ভয়াব হ আগুন লাগবার খবর একবার শুনেছিল, সে প্রায় বছর পাচেক আগের কথা। এ ছেলে তখনকার নাতো? কাল সকালে কেউ থাকবে তো ড্রয়িংরুমে? নাকি শুধু কিছু ধুলো? নাকি আগুনে পোড়া একটা বাচ্চা দেহ, এখনো যাতে কয়লার গন্ধ লেগে আছে। চোখের সামনে বারবার যেন ঐ রইফ্যার বারবিকিউ ভার্সন আসতে লাগলো জাহিদের, ব্যপারটা মোটেও সুখকর নয়।

যতো ভাবছে তত শ্বাস ভারী হয়ে আসে জাহিদের। এমনিতেই বদ্ধ ঘর, তারপর এসব চিন্তা মিলে গা বেয়ে টপটপ করে ঘাম পরা শুরু হল তার। একবার ভাবলো উঠে গিয়ে দেখবে ড্রয়িংরুমে কি অবস্থা, এরপর আবার ভাবলো না। একা একা না যাওয়াই ভালো। রিমু পাশে শুয়ে আছে এইটাই শান্তি। ওর বুকের উপর আলগোছে একটা হাত রেখে জাহিদ ও চোখ বন্ধ করে। ঘুম আসবেনা করে করেও একসময় ঠিকই নামে চোখের পাতায়।

ঘুম ভাঙ্গে রিমুর ঝাকানিতে।

'এই উঠো উঠো'

ধড়মড় করে ওঠে জাহিদ 'কি? কি? ঐ ছেলেটা কি চুরি করেছে কিছু'

'কোন ছেলেটা?' একটু অবাক হয় যেন রিমু।

'আরে রাতে যেই ছেলেটা আসলো, বৃষ্টিতে। ঐ যে রইফ্যা নাম'

'রইফ্যা আবার কারো নাম হয় নাকি? আর কাল রাতে বৃষ্টিতে তো তুমি ঘুমায় গেলা না খেয়ে। এর মধ্যে আবার কোন ছেলে আসলো। এখন উঠো, অফিসে যাবানা? অনেক দেরী হয়ে গেসে তো। ওঠো ওঠো আমার সময় নাই, তোমার নাস্তা বানাই গিয়ে। তাড়াতাড়ি উঠো ' বলে রিমু চলে যায় রান্নাঘরের দিকে। জাহিদ কিছুক্ষন ফ্যালফ্যাল করে তাকায় তারপর গায়ের কাথা সরিয়ে উঠে পা টিপেটিপে ড্রয়িংরুমে উকি মারে। নাহ, আসলেই কেউ নাই। এটা কি হলো?

জাহিদ কিছু না বুঝে আরো কিছুক্ষন রাতের ছেলেটাকে নিয়ে প্রশ্ন করে রিমুকে। 'তুমি কি না কি স্বপ্ন দেখেছো, আর তা নিয়ে এখনো বকবক করছো! যাও গোসল করে এসে নাস্তা খাও। পরে অফিস দেরী হয়ে যাবে'

হ্যা, স্বপ্নই হবে ভেবে জাহিদ আর কথা বলেনা। এরকম ডিটেইলস এ স্বপ্ন সে অবশ্য আগে কখনো দেখেনি, স্বপ্নে নাকি রং দেখা যায়না, কই, ছেলেটার পরনের নীল হাফপ্যান্টটা তো তার এখনো মনে আছে।

সারাদিনের অফিসের খাটা-খাটনিতে অবশ্য ভুলেই গেল ব্যাপারটা অনেকটা।

বাস থেকে নেমে একটু বাজার করে একটা রিকশা নিয়ে ফিরছিল, সন্ধ্যা তখন হবে হবে করছে। একটু মাথা উপরে করে আকাশ দেখতে থাকলো জাহিদ, তখনি চোখে পড়লো বিল্ডিংএর ছাদে। ঐ তও, হ্যা ঐতো ছেলেটা, কোনো ভুল নেই। ওদের বিল্ডিংএর ছাদে ফুটবল নিয়ে হেড প্র্যাকটিস করছে।

'এই এই, মামা দেখেনতো, বিল্ডিং এর মাথায় একটা ছেলে ফুটবল খেলছেনা? আরে ঐদিক না ডানদিকের বিল্ডিংটায়, ঐ যে বিস্কুট কালারের বাড়িটা। আরে ছাদে ছাদে, কোনদিকে তাকান' কয়েকবার ইনস্ট্রাকশন দেবার পর রিকশাওয়ালা কি বুঝে আর না বুঝে মনে হয় প্যাসেন্জারকে খুশি রাখতেই বললো 'হ হইতে পারে'

'হইতে পারে আবার কি কথা? হ্যা বা না বলবেনতো। আশ্চর্য। তাড়াতাড়ি চালান' সবজির ব্যাগ সাম্লাতে সাম্লাতে বিরক্ত জাহিদ বললো।

বাসার গেটে এসে তাড়াতাড়ি ভাড়া মিটিয়ে রিং দিতে থাকল দরজায়। 'এই রিমু, রিমু দেখো, ছাদে ছেলেটা আছে। এই রিমু'

'কিসের ছেলে, কোন ছাদে' চাবির গোছা নিয়ে নামতে নামতে রিমুর অবাক প্রশ্ন

'আরে, কালকে রাতে যেই ছেলেটা এসেছিলো, আমাদের ছাদে ফুটবল খেলছে, দাও দেখি চাবিটা দাও' বলতে গেলে ব্যাগ রেখে দৌড়িয়েই ছাদে গেল জাহিদ।

না, কেউ তো নেই। সারাছাদ আতিপাতি করে খুজলেও পেলনা কাউকে। 'তোমার কি হয়েছে একটু বলবে? মানে এসব কি পাগলামো করছো?' রিমু প্রশ্ন করলেও এড়িয়ে গিয়ে মুখ থ করে ফ্রেশ হতে যায় সে। আসলেই তো, এরকম পাগলামো সে কেন করছে? বাথরুমে থাকতে থাকতেই রিমুর গলা শুনে আবার।

'এই এসব কি এনেছ?' ওদিক থেকে চেচাচ্ছে রিমু।

'কি? রাতে গোস্ত খাব তাই আনলাম। পুরোটা একবারে রেধনা' দরজা খুলে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে সে।

'গোস্তের কথা বলছিনা। এসে দেখে যাও এসব কি?' রিমুর ডাকে রান্নাঘরের দিকে যায় জাহিদ 'কেন, বাজার সব ব্যাগ আসেনি?' বলতে বলতে।

রান্নাঘরের দরজায় দাড়িয়ে একটু থ মেরে যায় আবার। হয়া পাউডার দুধ, চিনির প্যাকেট আছে, সাথে একটা বাচ্চাদের টি-শার্ট আর হাফপ্যান্টের সেট কোথা থেকে জুটলো? আর গোস্তের উপর রাখা একটা লাল খেলনা গাড়ি।

'এসব কি কিনেছ? কেন কিনেছ? অফিসের কারো বাচ্চার জন্মদিন, গিফ্ট দেবে? আর দিলে এভাবেই বা এনেছ কেন? এভাবে কি মানুষকে দেওয়া যায়?' রিমু কিছুটা ভর্ৎসনার সুরে বললো

'আমি তো এসব কিনিনি' জাহিদ একটু আমতা আমতা করে বলে

'তাহলে এগুলো কি আকাশ থেকে এসেছে?' রিমু হাফ ছাড়ে। 'আচ্ছা, যাও পরিষ্কার করে রেখে দেবো কিনেছই যখন। আমাদের তো আর কাজে লাগছেনা, কারো লাগলে দিয়ে দেব '

'এগুলো মনে হয় অন্য কারো ব্যাগ আমি ভুলে নিয়ে এসেছি' এটা সেটা বলতে চায় কিন্তু রিমুর আগ্রহ নেই শুনার, সে বাজার গুছাতে ব্যাস্ত। জাহিদ চুপ করে একটা চেয়ারে বসে ভাবে। এ বাড়িতে, এ সংসারে আজ প্রায় ৬ বছর হতে চললো, এ ধরনের জিনিষ কেনার কখনো দরকার পরেনি। চাইলেও পরেনি। আজ এসব দেখে মনের মধ্যে একটা ধাক্কা লাগছে যেন। রিমুর কি ধাক্কা লাগছেনা? একটা সময় তো রিমুই বরং এসব দেখলে আরো ইমোশনাল হয়ে পরত, এখন কি আর হয়না? যতগুলো মিসক্যারেজ এ পর্যন্ত হয়েছে ওর তার একটাও যদি টিকে যেত, এট লিস্ট টেস্টিউবেরটা তাহলে হয়তো আজ এই জিনিষগুলো সত্যই কিনে বাসায় আসা লাগতো। ভাগ্য তা হতে দেয়নি। আজ কতদিন আত্মীয় বা বন্ধুবান্ধবের বাচ্চা হলে দেখতে যায়না, কোনো বার্থডে সেলিব্রেশনে তো নয়ই। জীবন থেকে এড়াতে এড়াতে রিমুর কি এইসব গা সওয়া হয়ে গেছে? আর, রিমুর কথা ছাড়লেও এগুলো আসলে আসলো কোথা থেকে? দেখে মনে হচ্ছে, জাহিদের নি:শ্বাস একটু গাড় হয়ে আসে, মনে হচ্ছে ওই রফিক নামের ছেলেটার জন্য কেনা। কিন্তু, সে নিজে তো এসব কেনেনি। ঘরে গিয়ে মানিব্যাগটা চেক করে দেখলো। নাহ, ১০০০ টাকার তিনটা নোট এর জায়গায় ১টা আছে আর কিছু খুচড়ো। রিমু ওদিকে চা খেতে ডাকছে। মানিব্যাগ রেখে সেদিকে যায় জাহিদ।

সন্ধ্যায় একটু হালকা চা-নাস্তা খায় সে আর রিমু বারান্দায় বসে, প্রতিদিনেরই অভ্যাস বলা যায়। আজ রিমু পুরি ভেজেছিল, বাসায় বানানো বলে পুরিটা কিছুটা মোগলাই পরোটার মতন বড় তবে খেতে যেকোনো রাস্তার দোকানকে হার মানাবে। খেতে খেতে ওদের দুজনের কথা হয়, চিরাচরিত সাংসারিক আলাপচারিতা।

'সিড়িঘরের লাইটটা বদলাতে হবে। ফিউস হয়ে গেছে'

'আচ্ছা কাল সকালে লাগিয়ে দিবো, এখন ইচ্ছে করছেনা।' বলে পাশ কাটানো জাহিদের, সাধারনত যেকোনো সাংসারিক কাজ এভাবে কয়েকবার মনে করিয়ে না দেওয়া পর্যন্ত সে ঝুলিয়ে রাখে। রিমুর আরও কিছু ফাই-ফরমাশ আসে, যেমন, জানালার পাশে ঘাসগুলো ছেটে দেওয়া, কয়েকটা খালি বক্স ওয়ালের উপরের ফাকাটায় উঠানো। জাহিদ হু হা করে সব এড়িয়ে যায়।

রাতে খাবার পর আবার কারেন্ট গেল। অন্ধকারেই মশারি টানিয়ে শুয়ে পড়া দুজনের। একটু পর পর জাহিদ নিজের গায়েই চিমটি কাটছে, হয়তো আগের কারেন্ট যাওয়ার রাতটা আসল আর এই রাতটা স্বপ্ন। হয়তো এবার ঘুম থেকে উঠলে দেখবে ড্রয়িংরুমে রইফ্যা বলে একটা বস্তির ছেলে ঘুমিয়ে আছে। মাঝরাতের দিকে তাই খুট করে একটা শব্দ হওয়ায় জাহিদ অনেকক্ষন উঠবে কি উঠবেনা ভেবে শেষমেশ উঠলো। হাতে সতর্কতাবশত একটা স্টিলের স্কেল, যদিও ভুত-প্রেতের বিরুদ্ধে সেটা কতটা কাজে আসবে বলা বাহুল্য।

শব্দটা ড্রয়িংরুম থেকেই আসছে, পা টিপে টিপে সেদিকে এগিয়ে গেল জাহিদ। গিয়ে প্রথমেই যে দুটো জিনিষ হঠাৎ করে বুঝলো – ১। ড্রয়িংরুমের দরজায় তালা লাগানো আর ২। ভেতরে টিভি চলছে।

দরজায় তো তালা সে সেদিন লাগিয়েছিল, আজ তো নয়। তবে তালা আসলো কি করে। আর টিভি চলে কেন ভেতরে। দুটো পাল্লার ফাক দিয়ে একটু তাকিয়ে দেখে সে।

হ্যা, ভুল নেই। ঐ ছেলেটাই। নির্বিকার মুখে সোফায় বসে টিভি দেখছে।

'এই এই, এই ছেলে' বলে ডাক দেয় সে , ছেলেটা একবার অবাক হয়ে তাকায়ও। 'এই রিমু রিমু, এদিকে চাবি নিয়ে এসোতো। এই রিমু' রিমুর এদিকে আসার নাম নেই দেখে সে নিজেও আবার এগিয়ে যায় শোবার রুমে , রিমু কোনোমতে জেগে হাই তুলছে 'কি ব্যাপার, মাঝরাতে চিল্লাচ্ছো কেন?'

'চিল্লাচ্ছি মানে? চাবি দাও। ঐ ছেলেটাকে দেখাচ্ছি তোমাকে' বলে রিমুর অপেক্ষা না করে নিজেই ড্রয়ার হাতড়ে চাবির গোছা বের করে ড্রয়িংরুমের দিকে ছুটে যায়। পিছু পিছু রিমু।

'কি ব্যাপার? তুমি ড্রয়িংরুমের দরজায় তালা লাগিয়েছো কেন?' রিমু একটু বিরক্ত হয়েই বলে। 'ঘরের ভেতর কেউ তালা লাগায়'

'ধুত্তোর। ' বলে কিছুক্ষন তালাটার সাথে যুদ্ধ করে অবশেষে রুমে ঢুকে জাহিদ।

কেউ নেই সেখানে, টিভিও চলছেনা।

'এখানেই তো ছিল'

'কে এখানে ছিল? কিসব হচ্ছে রাত-বিরাতে?' এবার প্রায় ধমক দেয় রিমু। 'রাতদুপুরে কি একটু ঘুমাতেও দেবেনা?'

'এ এ এ এখানে ঐ বাচ্চা ছেলেটা ছিল'

'কোন ছেলে?'

'আরে ওই যে বৃষ্টির রাতে এসে থাকলো সেই ছেলেটা। রফিক নাম'

'তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওটা না তুমি স্বপ্ন দেখেছিলে'

'স্বপ্ন হলে ওই ছেলেটা এখানে টিভি দেখছিল কি করে?'

'কে এখানে টিভি দেখছে? বল আমাকে, কে টিভি দেখছে? কেউ আছে এখানে। চল শোবে চল' রিমু বলতে গেলে জোর করেই ধরে টেনে নিয়ে যায় জাহিদকে। সারারাত একটু পরপর চমকে চমকে ওঠে সে। তবে রিমুকে আর ডাকেনা, ওতো বিশ্বাসই করছেনা কিছু। একবার মনে হয় জানালা দিয়ে একটা গেন্জি পরা বাচ্চাকে হেটে যেতে দেখে, হাতে একটা টুল। আবার উঠবে ভেবেও উঠেনা, যা বারবার মিলিয়ে যায় তার তালাশ করতে নেই।

ভোরের দিকে ঘুম আসে জাহিদের। একটু বেলা করেই ওঠে, চোখ মেলে দেখে রিমু এক মগ পানি নিয়ে মাথার কাছে দাড়িয়ে। 'তোমায় এ নিয়ে কতবার ডাকলাম জানো? এখন তো গায়ে পানি ঢেলে দিতাম'

'এ বাবা অনেক বাজে, অফিস যেতে হবে তো। এতো পরে ঘুম এসেছে। '

রিমু বাথরুমে ঢুকে মগের পানিটা বালতিতে ঢেলে বলে 'রাতে ওরকম পাগলামী করলে। তারপর আবার আমাকে না জানিয়ে একা একা সিড়িঘরে বাল্ব লাগিয়েছো, বাক্সগুলা উপরে তুলেছ, এমনকি জানালার পাশের ডালগুলোও ছেটেছ। অত রাতে এসব কেউ করে? আর ওরকম করলে ঘুম আসবে কেন?'

'কি বললে?' জাহিদ হতবাক হয়ে বলে।

' আজ বরং এসে গোসল করো। তাড়াতাড়ি নাস্তা খেয়ে অফিসে যাও' রিমুর বিকার নেই। জাহিদ নিজ থেকেই উঠে সিড়িঘর, জানালা, আর উপরের ফোকরগুলো দেখে। হ্যা, সবই তো কেউ করে রেখেছে। কে করেছে এসব? রিমু তো পারবেনা, ও জীবনে এসব কখনো করেনি আর তাছাড়া আর যাই হোক, বাক্সগুলো বেশ ভারী, ওগুলো তোলা ওর কম্ম নয়, ওর হাতও যাবেনা অত উপরে, যদি না টুলের উপর দাড়ায়।

টুল! কাল রাতে না একটা টুল কেউ নিয়ে যাচ্ছিলো? জাহিদ ঘরের এখানে ওখানে ওদের বড় উচা কাঠের টুলটার খোজ করা শুরু করে।

'কি খুঁজছো এখন?'

'টুল' স্টোররুমে এটা-সেটা ওল্টাতে ওল্টাতে বলে জাহিদ।

'কই অফিস যাবে না টুল, মই এসব খোজ এখন?' রিমু ধমকই মারে যেন। শুনে মেজাজ খারাপ হয়ে যায় জাহিদের

'বকবক না করে একটা জিনিষ খুজছি খুজে দিতে পারোনা? বাসায় একটা জিনিষ হাতের কাছে পাওয়া যায়না কেন? গুছিয়ে রাখতে পারোনা? করো টা কি সারাদিন?' মুখ ফসকে বলে ফেলে জাহিদ রাগের মাথায়।

শক্ত মুখ করে দাড়িয়ে থাকে রিমু 'কি বললে? সারাদিন আমি কি করি তার ফিরিস্তি চাইছ এখন?'

নিজের ভুলটা সাথে সাথেই বুঝতে পেরে জাহিদ একটু থতমত খেয়ে বলে 'না, আমি ফিরিস্তি চাচ্ছিনা, শুধু টুলটা চাচ্ছি' তবে এতে ভোলার মেয়ে রিমু নয়। 'তোমার কি মনে হয়? তুমি অফিসে যাবার পর আমি সারাদিন বসে ভ্যারেন্ডা ভাজি? আমার কাজের হিসাব চাও তুমি? জীবনে নিজের জন্য যা কিনেছি সেতো নিজের ক্লাস করানোর টাকা থেকেই দেই, তোমার কাছ থেকে তো চাইনি কখনো কিছু'

'রিমু প্লিজ, আমি শুধু একটা টুল' জাহিদ বলে শেষ করতে পারেনা তার আগেই রিমুর কথা ভেসে আসে 'শুধু একটা জিনিষ চেয়েছিলাম তোমার কাছে। একটা জিনিষ। দাওনি। বারবার এড়িয়ে গেছো। এতগুলো বছর ধরে বারবার চেষ্টা করেও পারছিনা, একজনকে একটু দত্তক নিতে চেয়েছিলাম। দাওনি। আর এখন তুমি ভাব তোমার টুল, মই, প্লায়ার্স দেখবো আমি বসে বসে? এত এক্সপেকটেশন কেন তোমার!'

'রিমু, আমি শুধু একটা টুল খুজছিলাম। তুমি বুঝছোনা, ওই যে ছেলেটা, ও আমাদের সাথে তামাশা করছে, আমাকে দেখা দেয়, তোমাকে দেয়না। এই জনয় টুল খুঝছিলাম, দেখো আমাদের একটা বড় টুল ছিলো ওটা গায়েব ' জাহিদ আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে। কি থেকে কি যে হয়ে যাচ্ছে।

'বারবার কি ঐ ছেলে ওই ছেলে করছো? পাগলামীর একটা সীমা আছে। তুমি ভাবছো আমি বুঝিনা না? ' রিমুর কন্থে শ্লেষ

'বুঝিনা মানে? কি বুঝ?'

'কি আর?' রিমু একটু ব্যাঙ্গের হাসি হাসে 'আমাকে বলবে যে আমরা কখনো কোনোরকম বাচ্চা-কাচ্চা নিয়ে কথা বলবোনা। আর যখন আমি মানিয়ে নেবো তখন তুমি এরকম ইচ্ছাকৃত পাগলামি করবে যাতে আমি ভেঙ্গে গিয়ে তোমাকে পারমিশন দিয়ে দেই না?'

'কিসের পারমিশন?' জাহিদ এবার ঠান্ডা গলায় বলে

'কিসের আবার! আরেকটা বিয়ের। যেখানে তোমাদের বংশের বাতি জ্বলবে, সেজন্যই তো কাউকে দত্তক নিতে চাওনা তাইনা। যা একটা বংশ। না ওটা ধুয়ে কোনো ভালো চাকরী পাওয়া যায়, না আছে কোনো নাম-ধাম, সম্পত্তি।'

'খবরদার রিমু, একদম গুষ্ঠি তুলে কথা বলবেনা।' জাহিদ গর্জে উঠে

'বলবো বলবো হাজারবার বলবো' রিমু প্রায় চিৎকারই করে ওঠে 'তুমি রাতদিন পাগলামি করে বেড়াবে আর আমি পাগলের বংশ বলতে পারবোনা? কেন পারবোনা? ঐ বংশের কাউকে পেটে ধরার দায় আমার হলে কেন পারবোনা?' রিমুর এ কথার কোন উত্তর দিতে পারেনা জাহিদ, ওকে চুপ দেখেই যেন রিমু সাহস পেয়ে ওকে ছুয়ে বলে 'কি মনে হয়, আমার ভালো লাগে? এই যে আজ কদিন হলো তুমি একটা কি না কি ছেলেকে নিয়ে পড়ে আছ আমার ভালো লাগে? কেন করছো এসব পাগলামি?'

'আমি সত্যি একটা ছেলেকে বারবার দেখছি যে' জাহিদের হাল্কা উত্তর।

'ওটা হয়তো তোমার বিবেক' রিমু কিছুক্ষন চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে বলে 'হয়তো আমার কথা মনালে ওরকম কেউ একজনের জন্য কাপড় আর খেলনা নিয়ে আসতে পারতে, ওরকম কেউ ড্রয়িংরুমে বসে কার্টুন দেখতো, ছাদে ফুটবল খেলতো, কেউ তোমায় কাজে সাহায্য করতো, ডাইনিংরুমে খেতে বসে চ্যাটাং চ্যাটাং কথা বলতো। আজ এতোদিন পরে হয়তো সেসব মিস করছো তাই'

জাহিদ কিছু না বলে চুপ করে বসে পরে। একটুক্ষন পর রিমুই ডাকে ' পোচ না ভাজি?'

'কি?'

'নাস্তায় পরোটার সাথে কি আজ ডিম পোচ না ভাজি দেবো? খেয়ে যাও অফিসে। আমার আজকে একটা স্কুল কমিটি মিটিং আছে, আমিও বের হব।'

'পোচই চলবে' জাহিদের কথা শুনে চলে যায় রিমু।

অফিসে সেদিন এতো দেরী করে যাবার কারনে অনেক দেরী করেই বের হয় জাহিদ, কাজ যে খুব আছে তা না। এক্সেল শীটে লাভ-ক্ষতির হিসাব আর ফর্মুলা চেক করতে করতে ভাবনায় খেলে যায় ঐ আবদুর রফিকের মুখ। হতে পারে নিম্মবিত্ত, কিন্তু কি চালাক চেহারা, চটপটে কথা। হয়তো ঐ ছেলেটা আসলেই তার মনের ভ্রম , কিন্তু সত্যি যদি কোনো ওরকম ছেলে থাকতো বাসায়? কিংবা মেয়ে? রিমু তো মেয়েই চেয়েছিল সব সময়, ছেলের শখ ছিলো তার নিজের, কোনো কারনে নয়, এমনিতেই। মেয়ের বাবা হওয়া একটু বেশী দায়িত্বের, তার চেয়ে ছেলে ভালো, কিভাবে কিভাবে জানি উৎরে যায়। তখন জীবনটা একটু অন্যরকম হতোনা? বাসাজুড়ে খেলনা, মাসে মাসে একটা হলেও নতুন কাপড় ছোট কারো জন্য, ছাদে বা সামনের জায়গাটায় ফুটবল, ক্রিকেট খেলা। জীবন থেকে এসব কিছু হাড়িয়ে যাবার দায় কি শুধু রিমু আর তার ভাগ্যের? নাকি আসলেই তার কিছু করার উচিত ছিল সে করেনি? নিজের বংশের বলে কাউকে পাওয়ার অপেক্ষায় নিজের বলে কাউকে পাওয়াটা হাড়িয়ে যায়নিতো। এতগুলো বছর জীবন অন্যরকম হতে পারতো, হয়তো অন্যরকমটাই হওয়া উচিত। কেন সে সেটা আরো আগে বুঝেনি? রিমুকেই এভাবে বলে বুঝাতে হলো তার নিজের বিবেকের কথা?

'এতো দেরী হলো যে? আজ কত শখ করে কলিজা সিঙ্গাড়া বানালাম' ঘরে ঢুকে রিমুর এই কথাটাই প্রথম শুনলো সে। আস্তে করে কাজ ছিলো বলে হাত-মুখ ধুয়ে বারান্দায় বসলো, বারান্দায় লাল খেলনা গাড়িটা একটু উল্টে পরে আছে। চা-সিঙ্গাড়া এনে রিমু সামনের টি-টেবিলটায় রাখতেই আস্তে করে তার হাত ধরলো জাহিদ।

'আসছি, চুলায় পানি সিদ্ধ দিয়ে আসি' রিমুর যাওয়ার চেষ্টা।

'বসো, একটা কথা আছে' জাহিদের গলায় কি জানি ছিল শুনে রিমু অবাক হয়ে তাকিয়ে তারপর বসলো সামনের চেয়ারটায়। চুপচাপ বলতে গেলে প্রায় কানে কানেই বললো জাহিদ কথাটা। ভালো কিছু খুব সাবধানে বলা ওদের দুজনেরই অভ্যাস হয়ে গেছে, জোরে বললে যদি কারো নজর লেগে যায়।

সে রাতেও কারেন্ট গেলো, বৃষ্টি নামলো, আজ অন্যদিনের মতো এতো অস্থির লাগেনি কারো।

পরদিন সকালে আগে আগেই ঘুম ভাঙ্গে দুজনের। রেডি হয়ে নাস্তা খায় জাহিদ, ওর লান্চবক্স রেডি করে টেবিলে রাখে রিমু।

'ওহ' নাস্তা খেতে খেতে বলে জাহিদ।

'কি হলো?'

'বাথরুমে কাপড়গুলো জাস্ট ভিজিয়ে রেখেছি, ধুতে মনে নেই'।

'সেকি। ভিজে থাকলে তো কাপড় নরম হয়ে যাবে। আচ্ছা, আমি ধুয়ে দিচ্ছি। তুমি অফিস যাও' রিমুর নাস্তা খাওয়া আগে শেষ, খায় সে জাহিদের অর্ধেক। সোজা বাথরুমে ঢুকে কাপড় ধুতে, গুন গুন করে একটু গানও গায় সে। জাহিদের যাওয়ার শব্দ মানে দরজা লাগানোর শব্ষও শুনে

বাথরুম থেকে বের হয়ে, বারান্দায় কাপড় মেলে এসে মেইন দরজাটা লক করলো রিমু।

একটু আরাম করে ড্রয়িংরুমের ফ্যানটা ছেড়ে বসে সে। এমনিতে একা একা তার বেশ খারাপ লাগে, জাহিদ চলে গেলেই একটু ভয় ভয়ও লাগে তার। একা থাকা অভ্যাস হয়ে গেলেও এই খারাপ লাগাটাও অভ্যাসের অংশ হয়ে গেছে। তবে, আজ কেস ভিন্ন। এতোদিন পর একটা চাওয়া তার পূর্ন হলো বলে। নাহ, সিমিনকে একটা ফোন করতেই হবে, চোটবেলার বন্ধু তো নয়, এখন সিমিন পরমাত্মা।

মোবাইল ফোনটা হাতে নিয়ে সিমিনকে ডায়াল করল তাই, ভাগ্যে ও সাথে সাথে ফোন ধরলোও।

'হ্যা হ্যা কাজ হয়েছে। তোকে যে কি বলে ধন্যবাদ দেব।' হাসে রিমু 'তোর সাহসও আছে বটে। রাফিকে এইভাবে ছাড়তে ভয় লাগলোনা? এতো ছোট!'

'আমার ছেলেকে তুই চিনিসনারে, ওর মত ডানপিটে সারা এলাকায় পাওয়া যাবেনা, প্রচন্ড দুষ্টু, আর সারাদিন টইটই করে ঘুরে। ওর বরং মজা লেগেছে, এখানে এসে বলছে যে গেমস খেলেছে সে" ওপাশ থেকে সিমিনের গলার স্বর ভেসে আসে।

'হ্যা তবে দুষ্টুমি করা আর এইরকম কেউ সেজে থাকা পুরো আলাদা জিনিষ রে। তোর ছেলে চটপটে অনেক, তবে ট্যালেন্ট আছে। আজকাল কিসব ফালতু নাটক-টাটক হয়, রাফি তো ওসবের সবাইকে হার মানিয়ে দেবে ' ইচ্ছে করে নয়, মন থেকেই প্রশংসা করছে রিমু, ঐ বাচ্চা ছেলেটা কি করে মা-বাবাকে ছেড়ে, একটা গরীব ঘরের ছেলে সেজে এইভাবে একা একা জাহিদের মন পুরো জয় করে নিলো।

'ছোটবেলা থেকে ঐ যেমন খুশি তেমন সাজ আর টুকটাক অভিনয় করতো তো, ঐ আমাকে থিয়েটার এর রিহার্সাল করতে দেখে। তাই ওকে অভিনয়ের কোর্সে ভর্তি করেছিলাম। বাকি সবই তোদের দোআ।' ছেলের প্রশংসা শুনে মায়ের মনও গলে গেছে

'তোদের ছেলে বলেই পেরেছে, কি একটা সাজ নিয়েছিলো সত্যি। আমি নিজেই চিনতে পারছিলামনা।'

'ভাগ্যিস, নাইলে দেখতি তুই নিজেই কেচে গন্ডুষ করে দিয়েছিস। এমনিতে শুনলাম এতো বেশি যত্ন করছিলি রাফির, জাহিদ ভাই যে কিছু ভাবেনি এটাই আশ্চর্য। ভাগ্যে এতোদিন অন্যে জেলায় ছিলাম আর তোর বিয়েতেও আসিনি নাহলে জাহিদ ভাই ঠিক বুঝে যেত। তোর মত এমন গবেট উনি না বুঝলি!' হাসল সিমিন 'তবে, যাই হোক, আমি আসলে ভেবেছিলাম কোন কাজ হবেনা। হয়েছে এটাই অনেক খুশির। তো তোরা কবে যাবি এডাপ্ট করতে ?'

'এইতো কাল বাদে পরশুদিন শুক্রবার, তখন, একটা ভালো দিন, জুম্মাবার। এমনি ফোনে কথা হয়ে আছে নাকি জাহিদের। ওদিন গিয়ে দেখতে পারবো আরকি কে কে আছে দত্তক নেবার মত।'

'ইন ল রা প্রবলেম করবেনাতো?'

'করলে করবে। তো কি?' একটু থেমে বলে রিমু 'আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস?'

'কি?'

'আসলে এটা অনেক আগে করলেও হয়তো পারতাম জানিস? এমনওতো হতে পারে আমি ফাইট করিনি বলেই অন্যরা ভেবেছে আমি এ ব্যাপারে সিরিয়াস না, পারবোনা দত্তকের ভার নিতে। হয়তো তাদের নিষেধটাই একটা পরীক্ষা, যেটা আরও আগে পাস করা উচিত ছিল'

'ধুর, অতো ভাবিসনাতো। এই শোন আমি না চুলায় ফ্রাইড রাইস চাপিয়েছিরে, নীচে মনে হয় ধরে যাচ্ছে, কেমন চটচট আওয়াজ করছে। রাখি। বেস্ট অফ লাক' বলে তাড়াতাড়ি ফোন কেটে দিল সিমিন, জবাবে রিমু একটা খোদা হাফেজ বলার আগেই। কিছু মনে করেলোনা রিমু, আসল বন্ধুত্তের সম্পর্কে এমন মুখের উপর ফোন রাখা, দরজা বন্ধ করা হতেই পারে, তাতে কেউ কিছু মনে করেনা। আর সিমিন যে উপকার করেছে ওর সেটা কলিজা কেটে দিলেও শেষ হবেনা – ভাবতে ভাবতে ফোনটা নিয়ে আনমনে ড্রয়িংরুম থেকে ডাইনিং রুমের দিকে এগিয়ে খাবার টেবিলের উপরে চোখ আটকে গেল রিমুর।

টিফিন বক্স! সে, কি, জাহিদ আজ লান্চ নিয়ে গেলনা? অফিসের রান্না খেলে তো পেট খারাপ হবে আবার, ওখানে বাবুর্চীটা যা মশলা দেয়। – একটু দীর্ঘশ্বাস ফেললো রিমু, তবে পুরোটা শ্বাস ফেলার আগেই একটা জুতার শব্দে ঘুরে তাকালো।

করিডরের মাথায় জাহিদ শক্ত মুখ করে তাকিয়ে ওর দিকে, সে মুখে রাগ আছে না হতাশা নাকি সেসব কিছুইনা ঠিক বোঝা যাচ্ছেনা।

রিমুর মাথায় তখন ঝড় খেলছে, মনেও। হাত-পা ঘেমে আসছে, একটু শ্বাস ও বন্ধ হচ্ছে যেন। জাহিদ অফিসে জন্য না বের হলো? বলেছিল তো বের হচ্ছে। তারপর কি যেতে দেখেছিল সে নাকি দরজা এমনিতেই লাগালো? দরজা তো রিমু নিজের হাতে লাগিয়েছিলো তাহলে জাহিদ ফিরে এলো কি করে, বেল তো বাজানোর কথা, ওর কাছে তো চাবি নেই। টর্নেডো স্পীডে এটা সেটা ভাবতে ভাবতে বলতে গেলে অনেক কষ্ট করেই বললো সে 'তুমি আবার কখন ফিরে এলে?'

'ফিরে এলাম মানে? আমি গেলাম কখন?' অকপট উত্তর জাহিদের ভাবলেশহীন মুখে। তবে একটা হালকা হাসিও যেন সেখানে ঘাপটি মেরে আছে।