চাঁদ ও চাঁদ-যন্ত্রনা
চিত্রকর্ম: রেনে ম্যাগ্রিৎ
১
ইনফিউশন মেশিনটা প্রতি চার মিনিট পর পর শব্দ করছে। স্যালাইনের ব্যাগের সাথে সংযুক্ত করা হয়েছে মনোক্লোনাল এন্টিবডির বোতলটি। একটি করে স্বচ্ছ ফোঁটা পড়ছে যা প্লাস্টিকের আইভি লাইন গড়িয়ে শরীরে ঢুকছে কোমল প্লাস্টিকের সূইয়ের মধ্য দিয়ে। শীতল প্রবাহটা টের পাওয়া যায়। তন্দ্রার ঘোরে শুয়ে আছি, জেগেও নেই, ঘুমিয়েও নেই। নার্স সাদা কম্বলটি দিয়ে শরীর ঢেকে দিয়েছে, আর শীত লাগছেনা, আরাম লাগছে।
লাঙল দিয়ে চষে যাবার পরে কিন্তু মই দেয়ার আগে খেতগুলো অসংখ্য লাঙল ফলার আঁচড়কাটা ক্ষতবিক্ষত হয়ে থাকে। আকাশে ও রকম দেখা যায়। লাঙল-চষা খেত, আমার মাথার ভেতরে মগজটার মত। বিশ্রী ব্যথাটা, চিৎকার করার মত নয়, যেন ভাইরাসগুলো তাদের কাঁটার করোনা দিয়ে প্রতিটি নিউরনকে খুঁচিয়ে খুঁচিয়ে খেত বানিয়ে দিয়ে গেছে। শরীরের দেহকোষগুলো অবশ। একটুও বল নেই।
২
বৃষ্টিতে রঙিন একটি ছাতা মাথায় দিয়ে হাঁটছিলাম নেভা নদীর বাঁধানো তীর দিয়ে। এক ছাতার নীচে দুইজন। আসলে ছাতাটা ওরই ছিলো, আমি চিরদিনের অপরিণামদর্শী দৌড়াতে বের হয়েছিলাম। বৃষ্টিতে ছাতার নীচে আশ্রয় না দিলে সে কি আর বন্ধু?
কান্তিমিরভস্কি ব্রিজের নীচে দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়ছে খুব করে। আলো ছিলো কিন্তু অন্ধকার হয়ে এসেছে। কেউ কোথাও নেই। বিশাল কনক্রিটের ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে। একটা মালবাহী বার্জ ধীর গতিতে নেভায় সাঁতার কাঁটছে। আমার বুকে একটা চুম্বক বসানো ছিলো, ওর বুকে বিপরীত মেরু। ওকে খুব করে কাছে টেনে নিতে চেয়েছে আমার সেই চুম্বক।
"জানি ইচ্ছের ডানা ভেঙে দেয়া খুব কষ্টের"-ওর হাল্কা আকাশি চোখ আমার চোখের দিকে, "কিন্তু আমি যে অন্য আর একজনকে ভালোবাসি। সে আফগানিস্তানে। অপেক্ষা করে থাকবো বলেছি। প্লিজ জোর করোনা, ঠেকাতে পারবোনা।"
২ বছরের জন্য বাধ্যতামূলক সামরিক সার্ভিস ছিলো ছেলেদের। অনেককেই আফগানিস্তানে পাঠানো হয়েছিলো, অনেকেই ফিরে আসেনি। আমি আফগান বিপ্লবের প্রপাগান্ডায় বিশ্বাস করেছিলাম এবং ১৯৭৯ সালের ২৫শে ডিসেম্বর সোভিয়েত সৈন্যের অনুপ্রবেশ আমাকে "আফগানিস্থানের বিপ্লবী জনগনের জন্য সোভিয়েত জনগণের সাহায্য" বলে কনভিন্স করা গিয়েছিলো।
সত্য বলে যা বিক্রি করা যায়, তাই সত্য।কে বিক্রেতা কিচ্ছু আসে যায়না।
ঝেনিয়ার কথা ভুলে গিয়েছিলাম।
প্রবহমান নেভার তীর ধরে হেঁটে গেছে আরও কত কত যৌবতি প্রাণ, কত টিউলিপ ফুটে মলিন হয়ে গেছে নদীর তীর সংলগ্ন বোটানির বাগানে। ওর কথা মনে পড়েনি।
অন্য ভালোবাসা দখল করে নিয়েছিল শূন্য উদ্যান। ওর বন্ধুটিও ফিরে আসেনি আফগানিস্তান থেকে, ঝেনিয়া হারিয়ে গিয়েছিল। সদ্যস্কুল পাশ-করা কচি একটা যুবক, আমার অনিন্দ্যের চেয়েও ছোট। ওর কি গোঁফ গজিয়েছিল?
আশ্চর্য!
মগজের মাটিগুলো ওলট-পালট করে গেছে মরন-ভাইরাস।তাই কি হঠাৎ ঝেনিয়ার মুখটি মনে পড়লো?
কেন?
৩
"বাবা, বাইরে এসো, এসো, দেখো কী সুন্দর চাঁদ আকাশে।"
ছন্দা ডাকে দূর থেকে। মা আমার, ৩২ বছর হবে আগামী মাসে।
কত দ্রুত বড় হয়ে গেছে সে, অথচ আজও শিশুর মতই! আমি কি ওর সন্তানদের নিয়ে খেলা করে যেতে পারবো? আমার দাদার কত স্নেহ পেয়েছি, অথচ….আমার মেয়ে তো ভালোবেসে ঘর বেঁধেছিল! সব ঘরে ফুল ফোটেনা।
অথচ এ নতুন কিছু নয়, জীবনের উল্টোপিঠের চিরায়ত অন্ধকার। জাপানে কোনো এক অজ্ঞাতনামা নারী তার অসুখী বিয়ে ও স্বামীর অবহেলা নিয়ে একটি জার্নাল লিখেছিলো সেই ৯৫৪-৯৭৪ সালে, আজ থেকে ১ হাজার বছরেরও আগে কিন্তু তার হৃদয়ের যে অশ্রুবিসর্জন তা আজও উষ্ণ, আজও আধো নোনতা, জীবনের গন্ধমাখা:
"চাঁদটি ছিলো ভীষণ উজ্জ্বল এবং কুয়াসার আবরণে পুবের পাহাড়েরা ছিল অস্পষ্ট ও তুষারাবৃত। আমি একটি থামে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম …..গানের পাখির সাথে কণ্ঠ মিলিয়ে গান গাইতে চেয়েছিলাম আমি কিন্তু পাখিতো বসন্তের কথা ভুলে গেছে।"
-Kagero Nikki
এ সেই নারীর বুকের হাহাকার যা কোনোদিন পৃথিবী ছেড়ে যায় না!
প্রতিমাসে যখন চাঁদ হাসে আমি ছন্দাকে টেনে বাইরে নিয়ে যাই। শ্বেতাকেও। এখন করোনাক্রান্ত হয়ে বেডরুমে বন্দি হয়ে আছি ক'দিন ধরে। শ্বেতা এক মুহূর্তের জন্যও বসে নেই, নাস্তা দিচ্ছে, ফ্রেশ ফলের রস করে আনছে, আদা-মসলা দিয়ে ঝাল চা করে আনছে বারবার। আদার ঝাঁঝে আমার ঢেঁকুর উঠছে মাথার তালু পর্যন্ত। ওর আন্দাজটা এখনও রপ্ত হয়নি। দিনে অন্তত একবার বিট আর উচ্ছের ওয়াক-থু জুস বানিয়ে আনতেও ভুলছেনা। গরম গরম খেতে দিচ্ছে। অষুধ দিচ্ছে। দরজার বাইরে ছোট্ট একটি টেবিল পেতেছে, সেখানেই সবকিছু রেখে যায়। আমি জেলের কয়েদি শুধু দরজা খুলে ভেতরে নিয়ে আসি।
দূর থেকে সে শ্বসনের ব্যায়ামের ইনস্ট্রাকশন দেয়। ফলো করি। নিজে করোনায় ভুগে উপকার পেয়ে সেজদা কমলার চামড়া, লেবুর পশম, আদা, তেজপাতা, এলাচ, দারুচিনি ও একফোঁটা সৈন্ধব লবন জ্বাল দিয়ে সেই বাষ্পে নিয়মিত শ্বাস নিতে বলেছে, তাই তৈরি করছে সে এখন এবং সারা ঘর মৌ মৌ করছে ঘ্রাণে। ঘর নয় যেন কমলার বাগান! অথচ কাছে আসতে দেইনা। কতদিন হলো!
একটু পিঠে হাত বুলিয়ে দেব, একটু আদর করে জড়িয়ে ধরবো, তা হবার নয়। মুখে মাস্ক পরে চেচিয়ে কথা বলার শক্তি নেই, ফোনে কথা বলি। তৃপ্তি হয়না।
৪
মাসা, গুবি ভেবে পায়না, কেন আমার দরজা বন্ধ, কেন কেউ এই রুমে ঢোকেনা, কেন আমি বাইরে যাইনা। ওরা দরজার বাইরে বসে থাকে, কখনও কখনও মুখ দিয়ে গুতাগুতি করে দরজা খুলে দেবার জন্য।
"এটা আমাদের দাবী, তুমি অবহেলা করতে পারোনা" – দরজার ঝাঁকুনি কথা বলে। খুললেই মাসা চট করে ঢুকে লাফ দিয়ে বিছানায় উঠে যায়, একেবারে গা ঘেঁষে বসে ঘড়্ ঘড়্ ঘড়্ ঘড়্ করতে থাকে। আমার হাতে বই থাকলে মুখ দিয়ে ঠেলে বই সরিয়ে দিতে চায়, "বই নয়, আমি, আমার দিকে মনোযোগ দাও, আমি জীবন্ত একটি প্রাণি যে তোমাকে খুব মিস করে।"
গুবি লাফ দিয়ে বিছানায় উঠতে পারেনা, কিন্তু সে লাফায়, লাফিয়ে আমার হাত মুখে পুরে আস্তে করে দাঁত দিয়ে চাপ দেয়, কামড়ায়না। তার এই খেলা থামতেই চায়না। হাঙ্গেরিতে জন্ম ওর, ২ সপ্তাহ বয়সে অনিন্দ্য আনিয়েছে সেখান থেকে। উঁচু মানের ফ্রেঞ্চ বুলডগ। খুব ছোট কিন্তু শক্তি বেশ।
অনিন্দ্য তখন আলাদা বাসায় থাকতো, আমাকে জানায়নি, ভেবেছে রাগ করবো। ২ বছর লুকিয়ে রেখেছে কিন্তু ঠিকই ওর মা জানতো। নাম ওর বেন, কিন্তু ও যখন অনিন্দ্যের প্রতিটি কমান্ড পালন করে সে প্রশংসা করে বলে, "গুড বয়!"
সেই থেকে সংক্ষিপ্ত করে নাম হয়েছে গুবি। ২ বছর বয়েস, কী যে চঞ্চল, জীবনানন্দে টৈ টম্বুর!
অনিন্দ্য এখন বাসায় ফিরে এসেছে।
গুবি প্রথম দিনেই মন জয় করে নিয়েছে আমাদের, একমাত্র মাসা'র ছাড়া।
অনিন্দ্য এখন "সেইন্ট জন্স" নদীর তীরে পালাতকা শহরে আমাদের নতুন পিডিয়াট্রিক প্র্যাকটিস দেখে। ডাক্তারি অফিস-মেনেজমেন্ট শিখুক, ওটাই লক্ষ্য। ওখানেই থাকার বন্দোবস্ত করা হয়েছে। গুবিকে দেই নি। "তুমি কাজে থাকবে আর বেচারা সারাদিন একা ঘরে বসে বসে ডিপ্রেশনের পিল গিলবে, কী দরকার।"
গুবি কুকুর নয়। কী যে সে বলি কী করে! এত মায়াময়, এত দয়াময়। বলি, "গুবি নয়, গোবিন্দ।"
মা ছেলে দুজনেই এক সাথে প্রশ্ন করে, "মানে কি?"
"মানে আর কি, একটা বাঙালি নাম, আমার খুব পছন্দের।"
"মানে নেই?"
"আছে বৈ কি, প্রাণনাথ, ঈশ্বর।"
"ওরে বাবা, না না, বিপদে পড়বে, লোকজন চটে যাবে। বেড়াল কুকুর নিয়ে দেশ থেকে বিপদ ডেকে আনতে তোমার জুড়ি নেই।"
বলি, "গুবি এতো মায়াময়, দয়াময়, প্রাণানন্দে ভরপুর, সে তো ঈশ্বরেরই অবতার হতে পারে।"
"রাখো তোমার দার্শনিকতা, গুবি গুবিই, বেন, বেন্জামিন ফ্র্যান্কলিন, সেও তো তোমার খুব পছন্দের। তাছাড়া, তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো?"
"না"
"করেছো কোনদিন?"
"না"
"তবে অত ঈশ্বর ঈশ্বর করো কেন?"
"ঈশ্বর নেই, কনসেপ্টটা আছে, লোকে তাকে গায়ে জড়িয়ে থাকে শীতের কম্বলের মত-আমি ওই লোকজনের মধ্যেই একজন, ধরো পৃথিবীটা আলকাতরার ড্রাম, আর তুমি তার মধ্যে, করবে কী?"
৫
পৃথিবী যুক্তির স্থান নয়, গুবিকে গোবিন্দ বলে ডাকা নিষেধ করা হয়েছে। আমি তারপরেও যখন একা থাকি, ওকে গোবিন্দ বলেই ডাকি। ঠিকই ঘাড় ফিরিয়ে তাকায়, চোখগুলো গোল গোল বড় বড় করে অপলক তাকিয়ে থাকে চোখে।কী গভীর দুটো চোখ! কত গভীরে যেতে চাও? ওর চোখের টানেল দিয়ে তুমি জুপিটারের জলবায়ু সমৃদ্ধ চাঁদে পৌঁছে যেতে পারবে এক লহমায়।
সে খালি খেলতে চায়, সবার সাথে, মাসার সাথেও। মাসা রাশভারী, এতদিন সে এ বাড়ির কর্ত্রী ছিলো, বয়সেও বড়, ৮ বছর ( বেড়াল বাঁচে ষোল বছর, তার মানে সে মানুষের মাঝ বয়সের সমান)। প্রায় শ্বেতার বয়েস ছুঁই ছুঁই। তাই বুঝি সে ওর পিছু ছাড়ে না, ম্যাঁও ম্যাঁও করে। আর শ্বেতা বলে, "মাসা আত্স্তান।"
দিনে কম হলেও পঞ্চাশ বার শুনি।
আত্স্তান মানে ক্ষ্যান্ত দে মাসা, আর জ্বালাসনে! ( পোড়ারমুখী?)।
এর মানে এই নয় যে, তাকে খেতে দেয়া হয়না, বা সে ক্ষুধার্ত। আবার শ্বেতা যেই কুশি কাটা নিয়ে হাতের কাজ করতে বসে, সে ঠিকই কোলের কাছে শুয়ে এমনভাবে ঘুম দেয়, যে অঙ্গভঙ্গিতেই লেখা থাকে, আমি এখন গভীর ঘুমে, ডিস্টার্ব করোনা। মাসা বেড়াল, তার বেড়ালের স্বভাব, তার কাছ থেকে এর বেশি চাওয়ারই কী আছে, বা পাওয়ার কী আছে?
গুবি খেলতে চায়, মাসা হিস হিস করে পা উঁচিয়ে তেড়ে আসে, গুবি পিছিয়ে আসে, তারপরে আবার এগোয়, কখনও অতর্কিতে মাসাকে তাড়া করে, সে ভোঁ দৌড় দৌড়ায়। আবার দেখা যায়, সামান্য দূরত্ব বজায়ে রেখে এরা কাছাকাছিই আছে, মাসা সোফার পিঠের ওপরে, গোবিন্দ তার নীচে। কিছু খেতে দিতে হাত বাড়ালে দু'জনই ছুটে আসে একসাথে। হাতের দুই দিক থেকে মুখ বাড়ায়, কখনও এত কাছে চলে আসে যেন একে অন্যের ঠোঁট শুঁকে ফেলে। সচরাচর মাসাই প্রথমে বুঝে ফেলে সে তার নিজস্ব পরিখা অতিক্রম করে গুবি'র খুব কাছে চলে এসেছে, যা সে কোনোদিনই করবে না বলে পণ করেছে, সে পিছু হটে।
খাবার ব্যাপারে গুবি'র কোনো ক্ষুধামান্দ্য নেই। খায় সে তৃপ্তি সহকারে, চাকুম চুকুম করে, আমিও ওর মত শব্দ করে খেতাম, কিন্ত ৮২ সালে লেনিনগ্রাদে পৌঁছানোর সাথে সাথে রাশিয়ান রুমমেট সেলাই করে দিয়েছিল শব্দময় মুখ। এখন আর ইচ্ছা করলেও গুবি'র মত স্বতস্ফূর্ত আওয়াজ বের হয়না।
৬
আমি শ্বেতাকে ভালোবাসি, না বেসে পারি কই, সে বাসে যে! জানি, টের পাই।
স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে সেটাই স্বাভাবিক, জানি, কিন্তু আমি তা আইন হিসাবে মেনে নিতে পারি নি কোনোদিন। আমি তাকে শ্রদ্ধা না করলে, শুধু গৃহের আসবাব হিসাবে ব্যবহার করলে, তার আমাকে ভালোবাসার, আমার সাথে থাকার কোনো বাধ্যবাধকতা নেই। আমি তার চেয়ে বড় নই, সে আমার চেয়ে ছোট নয়। ৩২ বছর আগে আমিই বলেছিলাম।
কথা রেখেছি। আজ যদি আমাকে চলে যেতে হয়, অন্তত প্রতিশ্রুতিভঙ্গের আফসোস থাকবেনা কোনোদিক থেকেই। তবে আমি আপাতত কোথাও যাচ্ছিনা। অথচ এই বোধটুকু, এই স্বীকৃতিটুকু না থাকলে, সংসার হয় কৃত্রিম শান্তির প্রলেপ আর প্রতারণার বাসা।
যৌন প্রতারণাই একমাত্র প্রতারণা নয়, কূটচালের মাধ্যমে আপনজনের মধ্যে অবিশ্বাসের বিষ বপন করে দেয়া এই প্রতারণার সবচেয়ে বড় প্রকাশ। বিষায়িত সুখের সংসার দেখেছি খুব কাছে থেকে। ঘেন্না লাগে।
পারস্পরিক শ্রদ্ধা- এই সামান্য একটু জিনিস সংসারকে অন্যমাত্রায় পৌঁছে দেয়। এক সাথে থাকতে না পারলে, এই শ্রদ্ধা নিয়েই শান্তিপূর্ণভাবে চলে যেতে হয়। এটা মানলে আমার শত সহস্র রোগীকে ডিপ্রেশনের অষুধ দিতে হতোনা, বহু রোগী সুইসাইডের দিকে ঝুঁকতো না, বা ব্লেড দিয়ে নিজেদের শরীর কেটে কেটে রক্তাক্ত করতো না।
হ্যাঁ, আমি এই কালো পৃথিবীতে কাজ করি। এ-ই আমার শিশুরোগীরা, তাদের রোগ তাদের পিতা-মাতা, কিন্তু আমার কাছে এর কোন চিকিতসা নেই। যৌবনে ভাবতাম আমূল বদলে দেব সমাজ। শুধু বদলেছে বয়েস আর চোখের চশমার কাঁচ।
৭
৬ দিন হলো, অসুস্থ। ২য় দিনে টেস্ট করিয়েছিলাম, নিগেটিভ রেজাল্ট হয়েছিল। দিন যায়, টের পাই, না নিগেটিভ নয়, বড় নষ্ট কিছু শরীরে বাসা বেঁধেছে। আবার টেস্ট করাই, প্রায় এক বছর যার সাথে পরিচিত হতে চাই নাই, সে নিজেই পথ খুঁজে নিয়েছে। সিরিঞ্জ ঢুকিয়ে গায়ের সবটুকু রস বের করে নিয়ে গেলে যেমন হয় ঠিক তেমনটাই করেছে সে, একটুও বল নেই গায়ে। মাথায় কুয়াশা ঢাকা যন্ত্রণা, ঠিকমত চিন্তা করতে পারিনা।
তারপরেও মাস্ক পরে বের হয়ে এলাম।
যেন এক বিশাল ধুনকর ধবল তুলো ফেটতে বসেছে, আর তুলোগুলো ছড়িয়ে ছিটিয়ে ঢেকে দিয়েছে আকাশের উঠোন। গোল চাঁদটা হাসছে তুলোর টিলায় গা এলিয়ে, তার হাসির সোনালীবরণ তৈরি করেছে এক অবিস্মরণীয় হিরন্ময় বলয়। লম্বা করে শ্বাস নিলাম, ফুসফুসগুলো যত বিস্তৃত করা যায়, ততখানি বিস্তৃত করে। মনে হলো বাঁচবো, অন্তত এখন মরবো না। ২০২০ সাল চলে যাবে স্মৃতির সিন্দুকে করোনা, ট্রাম্প ও অন্যান্য জটিলতা নিয়ে। ২০২১ আসবে নতুন সম্ভাবনায়।
পৃথিবী একটা আলকাতরার ড্রাম সত্যি, কিন্তু এখানেই মানুষ মানুষকে, মানুষ পশুপাখিকে, লতা-গুল্ম ও আকাশকে ভালোবাসে, এখানেই ফুল ফোটে, হাওয়া বয়, রোদ ওঠে, নদী কুলু কুলু করে, আর বিশাল ধবল রাজহাঁসের উন্মুক্ত ডানার মত আকাশ চাঁদের আলোয় হেসে হেসে ওঠে।
আকাশে যদি চাঁদ থাকে কী সেই চাঁদ যদি দেখার জন্য আমি না-ই থাকি?
