ঈশ্বরের গোলটেবিল বৈঠক
একটি ঠান্ডা ভোরের গল্প লিখতে গিয়ে আমি লিখে ফেলেছিলাম কয়েকজন ঈশ্বর এবং তাদের নিজেদের মধ্যেকার সবচেয়ে গুরুত্ববহ আলোচনা। আলোচনা এগিয়ে যাচ্ছিল তুমুল বাক-বিত-ার মধ্য দিয়ে। আমি দূরে দাঁড়িয়ে থেকে ওসব লিখে রাখছিলাম। আমি ঈশ্বরদের আলোচনার মধ্যে সেদিন দেখেছিলাম অসংখ্য প্রাণবন্ত শব্দ এবং স্বীকারোক্তি। আমাকে গল্পটি লিখতে উৎসাহিত করেছিল জেনেলিয়া। জেনেলিয়া ছিল এক ঈশ্বরভক্ত প্রেমিকা। যার প্রেম ছিল একাধিক ঈশ্বরের সাথে এবং প্রায়ই সেসব সম্পর্ক ভেঙে যেত এবং জেনেলিয়া অন্য আরো ভালো কোন ঈশ্বরের প্রেমে জড়িয়ে পড়ত।
গল্পটি শুনে অবাক লাগছে, আমি জানি। অথচ গল্পটি ছিল সত্যি।
জেনেলিয়া তার প্রতিজন প্রেমিক ঈশ্বরের মধ্যেই এক সময় গিয়ে আবিস্কার করত অসততা এবং স্বৈরাচার এবং সা¤্রাজ্যবাদী সত্তা এবং সে পালিয়ে যেত। ফিরে যেত এক আলোক পাহাড়ের দিকে।
জেনেলিয়া ঈশ্বরবিধ্বংসী হতে পারেনি আগামেমননের স্ত্রী ক্লাইটোমেনেস্ট্রার মত। কারণ তার ভেতরে ছিল মায়া এবং ভয়। অতঃপর সে পুনরায় প্রেমিকা হয় এবং ঈশ্বদের মধ্যে একটি কার্যকরী বৈঠকের জন্য কুটকৌশল করতে থাকে। মাত্র একজন পাঠক নিয়ে আমি গল্পটি লিখতে শুরু করেছিলাম। কারণ সমস্ত পাঠকরাই আমার গল্পকে অবিশ্বাস করেছিল এবং আমার নামে ঈশ্বদের কাছে পরোয়ানা পাঠিয়েছিল। অথচ, হায়! ওরা যদি আর মাত্র একশত বছর বেঁচে থাকত!
তখন পৃথিবীজুড়ে চলছিল করোনাকাল। গল্পটি একশত বছর পর আপনি পড়া শুরু করলে আপনাকে ইতিহাসের পাতা ওল্টাতে হবে এবং কমপক্ষে একশত বছর পেছনে এসে দাঁড়াতে হবে। আপনাকে মনে রাখতে হবে তখন চলছিল দুই হাজার বিশ যিশুবর্ষ। ঠিক বিশ সালের শেষ দিকে ঈশ্বরদের গোলটেবিল বৈঠক বসেছিল, যেখানে আলোচিত হয়েছিল দারুণ সব বিষয়বস্তু নিয়ে এবং ঈশ্বরেরা একযোগে আত্মহত্যা করেছিল এবং আপনারা পেয়েছিলেন একটি মানবিক পৃথিবী।
বিষয়গুলো ধীরে ধীরে আমি আপনাদেরকে বলবো। এবং বলবো আপনাদের ঈশ্বরভক্ত পূর্বপুরুষ এবং পূর্বনারীদের কথা এবং জেনেলিয়া নামের একজন প্রেমিকার কথাও, যে আমাকে এই গল্পটি লিখতে উদ্ভূদ্য করেছিল এবং ঈশ্বরদের পর আমিই প্রথমবারের মত তার প্রেমে পরেছিলাম ।
সত্যিকার অর্থে সে চেয়েছিল একটি বৈঠক। যেখানে হতে পারে একটি সমঝোতা, যেখানে জেনেলিয়ার প্রেমিক সকল ঈশ্বরেরা মিলে একটি চমকপ্রদ সিদ্ধান্তে উপনিত হতে পারে। জেনেলিয়ার রুপে মোহ ছিল। এক নারীর প্রেমে অভিভূত হয়ে অসংখ্য ঈশ্বর যুগযুগ ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারে। বহুবার পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে এবং তা প্রমাণিত।
আপনারা তখন ট্রয়ের পাতা ওল্টাবেন এবং পাবেন আপনাদের পূর্বপুরুষ প্যারিস, আগামেমনন, হেক্টরদের। যে যুদ্ধের পরিকল্পনা করেছিল স্বয়ং জিউস। এভাবে সবকিছু ধ্বংস হয়, তারপর পৃথিবীতে আবার ফিরে আসে মানুষ এবং নতুন নতুন অসংখ্য ঈশ্বরেরা। ঘূর্ণিবর্তে ঘুরতে থাকে দাবার গুটি। আবার মানুষ হয়ে ওঠে ঈশ্বরদের একনিষ্ঠ পুজারী। আবার যুদ্ধ বাঁধে ঈশ্বরে ঈশ্বরে, আবার মানুষের গলায় ছুড়ি দেয় অন্য মানুষ, পিতা-পুত্রের, স্বামী-স্ত্রীর, প্রেমিকা-প্রেমিকের।
ইচ্ছেস্বাধীন সমকামী এবং মানবিকরা এবং বস্তুবাদীরা ঈশ্বরদের নিয়মের বাইরে ফিরে যায়। তারা হয়ে ওঠে ঈশ্বরবিধ্বংসী কৌশলী জেনেলিয়ার সভাসদ।
অন্যদিক দিয়ে ঈশ্বরের নামে পশুবলি বাড়তে থাকে। বাড়তে থাকে নরবলি। বাড়তে থাকে গোত্রভিত্তিক মানবিকতার অবমাননা। কারণ ঈশ্বরদের সর্বাপেক্ষা পছন্দ হয়ে যায় নরবলি। রক্তই হয়ে ওঠে ঈশ্বরদের সবচেয়ে প্রিয় ভোগাকাঙ্খা। একযোগে বলি দেয়া হয় অগনিত পশু। ঈশ্বরেরা আকন্ঠ পান করে রক্ত।
এসব চলমান ছিল যুগ যুগ ধরে। বহুবার বহু ঈশ্বর এসে শলাপরামর্শ করেছিল রক্তপাত বন্ধ করার। অথচ পৃথিবীর জন্মকাল হতে এক দিনের জন্যও হত্যা বন্ধ হয়নি। জেনেলিয়া তাই বিরক্ত হয়ে গিয়েছিল। সমস্ত ঈশ্বর হয়ে উঠেছিল তার চোখের বিষ এবং সকল ঈশ্বরকে একযোগে প্রেমে ফাঁসিয়ে খুণ করতে চেয়েছিল সে। অথচ তার সে সুযোগ ছিল খুবই ক্ষীণ। কারণ সে ছিল একা নারী। আর ঈশ্বর ছিল অসংখ্যজন। অতঃপর তার এক অনন্য কুটকৌশল। "ঈশ্বরদের গোলটেবিল বৈঠক"। গল্পের শুরুতেই আমি যার ধারণা দিয়েছিলাম এবং গল্পের শেষে যা সত্যি হয়েছিল। জেনেলিয়া তখন বসেছিল এক সুন্দর সকালের মিষ্টি হাওয়ার পাসে। তার চুল উড়ছিল। নগ্ন শরীরে তাকে মনে হচ্ছিল হিন্দু পুরানে ঋষি বিশ্বামিত্রের ধেয়ান ভঙ্গকারীনী অপ্সরী মেনকার মত। ঠিক এখান থেকেই মূল গল্পটি শুরু হয়েছিল।
সেদিন ভোরের শুরুতেই ঠান্ডা হাওয়া আর পাহাড়ের পাশ দিয়ে কলকল বয়ে যাওয়া চিকন নদীটির গন্তব্য নিয়ে অন্য একটি গল্প লিখতে আরম্ভ করেছিলাম। আমার চোখে তখন তীর্যক ভেসে থাকা একটি একা চিল। একটি ছুটন্ত খরগোশ এবং আসন্ন একটি দুর্দান্ত শিকার। এক দিকে ধারালো নখ, অন্য দিকে মাখনের মত নরম মাংস। আমি উপভোগ করছিলাম বেঁচে থাকা এবং মৃত্যুর এক চরম বাস্তুগত সংকট। বেঁচে থাকা জন্যই মৃত্যু অনিবার্য এবং আমি বসে বসে তা'ই ভাবছিলাম। ঠিক তখনই দূরের একটি পাহাড়ঘেঁষা কাঠবাদামের গাছের শিকরে বসে থাকতে দেখি সকল ঈশ্বরের আরাধ্য প্রেমিকা অপ্সরী জেনেলিয়াকে। সে কাছে আসে, আমাদের মধ্যে গল্প হয়। আমাদের মধ্যে প্রেম হয়। এবং প্রথমবারের মত আমার গল্প বাঁক নেয় অন্য এক জগতে, যা ছিল একটি ভয়ানক অভিজ্ঞান এবং এক ভয়ানক অভিজ্ঞতা।
জেনেলিয়া আমার দিকে তাকায়। সে পরামর্শ করে ঈশ্বরদেরকে উদ্ভূধ্য করতে, যাতে তারা একটি বৈঠকে আকৃষ্ট হয় এবং জগতের জন্য ভাবতে পারে। জেনেলিয়া নারী এবং এক ঈশ্বরী। হয়ত নারী বলেই তার সহ্য হয়না মৃত্যু, দুর্যোগ এবং ক্লেশ। তার আরাধ্য ছিল শান্তি। সে সহ্য করতে পারেনা ঈশ্বরদের একই রকম স্বার্থপরতা। তাদের প্রত্যেকেরই একচেটিয়া মহত্বের লড়াই তাকে দংশন করতে থাকে। তার ঘৃণার উদ্রেক হয়।
জেনেলিয়া প্রথম যে ঈশ্বরের কাছে পরাজিত হয়, তার নাম শিশ্ন। শিশ্নই ছিল প্রথম ঈশ্বর। সকল পরাক্রমশালী ঈশ্বরই যত দ্রুত সম্ভব শিশ্নারাধ্য হয়ে ওঠে। এবং ক্রমান্বয়ে হয়ে ওঠে ধর্ষকামী। তাদের প্রয়োজন হয় মর্ষকামী নারী ও বিলাসের। যেহেতু নারীর সাথে বিলাস অতঃপ্রত জড়িয়ে ছিল। ঠিক এই কারণেই তাদের প্রয়োজন হয় অসীম ক্ষমতার। এসমস্ত বিষয়ের জন্য তাদের প্রয়োজন ছিল যুদ্ধ এবং নিজদের একচ্ছত্র প্রভূত্ব টিকিয়ে রাখার জন্য ভক্তদের পাবন্দির'ও প্রয়োজন ছিল। ঈশ্বরবিলাসীরা নিজ নিজ শক্তি দিয়ে তাদের ঈশ্বরদের পুজা করতে শুরু করে। তাদের ঈশ্বরদের মহত্ব প্রকাশ করার জন্য নিজেরাও যুদ্ধে ব্রতী হয়ে ওঠে। তাদের মধ্যে প্রকট হয়ে ওঠে নিজ নিজ ঈশ্বরের গুণাগুণ এবং ভয়ানক নিষ্ঠুরতা।
ঠিক একই কারণে তারাও গোত্রে গোত্রে ধ্বংসংন্মুখ হয়ে ওঠে। তাদের সাথে যুগ যুগ ধরে অসংখ্য ঈশ্বর ধ্বংস হয়। নিভৃতে অনেক ঈশ্বর হয়ে ওঠে আত্মহন্তারক। যারা বেঁচে থাকে তারা হয়ে ওঠে আরও বেশি শক্তিমান এবং মোহাবিষ্ট। এবং এক এক ঈশ্বর হয়ে ওঠে অন্য ঈশ্বরের প্রতি এক এক ভয়ানক বিভিষিখা শহর এবং পর্বতে, আকাশ এবং নক্ষত্রের চারদিকে তখন বিষাদ অশনী সংকেত। জেনেলিয়া দৌড়ে আসে। সে বহুদিন এবং রাত শিশ্ন নামক এক ঈশ্বরের মোহবন্ধনে আটকে ছিল। তারপরই নিজের নগ্ন শরীর থেকে ঈশ্বরকে টেনে বের করে সে। এক ঝটকা মেরে বের হয়ে আসে অলীক ও অবাস্তব শান্তির জগত থেকে।
ঈশ্বরাবিষ্টতা থেকে মুক্তির আনন্দে পরিপূর্ণ নগ্ন হয়ে যায় সে। ছুটতে থাকে সমস্ত পৃথিবীময়। এবং সে প্রথমবারের মতো স্বাধীনতার স্বাদ পায়। নিজেই নিজের যোনি হতে আনন্দ পেতে শিখে যায় একদিন। অতঃপর সে শিশ্নপুজা এবং ঈশ্বরপুজা একদমই ভুলে যায় ততদিনে। তার মনে হতে থাকে, "হায়, মিথ্যা আশায় আশায় জগতের কত কিছু থেকেই বঞ্চিত হয়েছি কতকাল!" কতকাল দূরবর্তী রসালো আঙুর আর কচি কচি কিশোরের লোভ দেখিয়ে আমায় ভোগ করেছে কত ঈশ্বর কত রূপে, যদি না আমার অন্তরচক্ষু খুলে যেত এবং তোমাকে দেখতে পেতাম।
আপসোস! সকাল, বিকাল, দুপুর এবং প্রায় রাতেও ঈশ্বরী জেনেলিয়াকে থাকতে হত প্রভুত্বের শরীরসর্বস্য বন্ধনে। তার শিৎকারে জগত এবং নগরী আন্দোলিত হত। শিশ্নের প্রভুত্বের কাছে জেনেলিয়া এবং পৃথিবীর সমস্ত নারীই ছিল অসহায়।
ইডেন গার্ডেন থেকে পালিয়ে সে ছুটে এসেছিল একটি জলাধারের ধার ঘেঁষে, যার পাশেই ছিল একটি পাহাড়। আমি তখন বসেছিলাম একটি শিমুল গাছের নিচে। গান গাইছিলাম এবং একটি শিকারি চিল এবং একটি ছুটন্ত খরগোশের গল্প লিখছিলাম।
আমি মূলত লিখতে চেয়েছিলাম খাদক এবং খাদ্যের মনস্তত্ব। জেনেলিয়া ছিল নগ্ন এবং আমি গল্পের খেই হারিয়ে ফেলেছিলাম, যা গল্পের শুরুতেই বলেছিলাম আমি।
ততক্ষণে আবার যুদ্ধের দামামা বেজে উঠেছে। জেনেলিয়াকে কোন ঈশ্বর'ই যখন খুঁজে পাচ্ছিল না, তখন সে আমার সাথে গল্পরত। তার মুখে হাসি। তার মুখে তখন ঈশ্বর এবং অবরুদ্ধ চেতনা হতে মুক্তির গল্প। সে তখন আমার আরও গা ঘেঁষে বসেছে। সে তখন আরও বলছিল মানবতাবাদের স্বপ্ন এবং জমিয়ে রাখা গোপন পরামর্শের কথাগুলো। সে তখন বলছিল ঈশ্বরদের যুদ্ধ এবং সমঝোতা বিষয়ক কুটকৌশলগুলো। সকল সুখী মানুষদের নিয়ে এক ঈশ্বরমুক্ত জগতের স্বপ্ন ছিল তার চোখমুখে। যেখানে মানুষ আছে। ঈশ্বর নেই। যুদ্ধ নেই। লোভ এবং ভয় নেই।
জেনেলিয়া মিষ্টি করে হাসছিল। আমি তাকিয়েছিলাম। আমি স্বর্গ দেখেছিলাম, যা অনাদিকাল একটি ভ্রান্ত লোভের ইতিহাস বহন করে চলছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আমার চোখের সামনে হাত নিয়ে সে নাড়াচাড়া করছিল। আমি দেখতে পাচ্ছিলাম না। আমি কেবল জেনেলিয়ার স্মিত হাসি দেখতে পাচ্ছিলাম। চিবুকের উপরে দু'টি পাতলা ঠোঁট। ঠোঁট দু'টি ঈষৎ খোলা। সে আমার চুলভর্তি মাথা তার কোলের উপর টেনে নিল। হয়ত তখন থেকেই শুরু হয়েছিল ঈশ্বরহীন এক প্রেমপুষ্পিত জগৎ। তখন দুই হাজার বিশ যিশুবর্ষ। অথচ অধিকাংশই জানেনা, মাত্র একশত বছর পরের পৃথিবী!
জেনেলিয়া শান্তির নিঃশ্বাস ফেলেছিল। দীর্ঘকাল অবরুদ্ধ প্রেমে অন্ধ থাকার পর তার ভিতর এক স্বাধীনতার মিষ্টি হাওয়া খেলা করছিল। জেনেলিয়ার চুল উড়ছিল। চোখে ছিল অনেকগুলো শান্ত নদী। তখন ভাদ্র মাসের টলটলে জলের উপর দিয়ে বয়ে যাচ্ছিল শান্ত হাওয়া। ঠান্ডা, স্বচ্ছ, টলমলে জলের মত জেনেলিয়ার চোখ পিটপিট করছিল। আমি ফিরে যাচ্ছিলাম অতীত অন্তরালে, অথচ আমার অন্তরচক্ষু ঘুরপাক খাচ্ছিল তিনহাজার বিশ যিশুবর্ষে। মাত্র একশত বছর!
প্রতিবার যুদ্ধের পরই সমস্ত ঈশ্বরের মাঝে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হত। প্রতিবারই তারা আপসোস করেছিল নিজেদের কৃতকর্মের জন্য। তারা আবার নতুন করে স্বর্গ রচনা করতে চেয়েছিল। অথচ তাদেরকে খুব দ্রুতই ক্ষমতার মোহ পেয়ে বসত এবং তারা সমঝোতা স্বাক্ষর টুকরো টুকরো করে ছিড়ে ফেলত। এবং তাদের আত্মহত্যার বছর দ্রুতই হয়ে আসত আরও নিকটবর্তী। ঠিক এটুকুই বলতে চেয়েছিলাম, শুধুমাত্র চুক্তিপত্র নয়। চুক্তিপত্র টুকরো টুকরো করার পর চুরান্ত প্রতিহিংসা চরিতার্থ করতে তারা তাদের প্রিয় স্বর্গ আবারও ভেঙে ফেলত এবং আবারও তারা আলাদা আলাদা করে নিজেদের ক্ষমতা পূনরুদ্ধারের জন্য যুদ্ধ ঘোষণা করত। অথচ তারা সকলেই বলত তাদের ধেয়ান এবং অভিজ্ঞানে আছে ত্যাগ, বিনয় এবং ক্ষমা।
প্রতি রাত এবং দিনের নির্জন সময়গুলোতে তারা গোপনে খুঁজে ফিরত আর্ক অব দ্যা কভিনেন্ট। যা আমি অন্য অনেক গল্পে বলেছিলাম এবং বলেছিলাম হোলি অব দ্য হোলিসের কথাও।
"আর্ক অব দ্য কভিনেন্ট"। সমস্ত ঐশ্বরিক শক্তির গোপন আঁধার। এবং তারা খুঁজে ফিরত সেটি'ই। তারা খুঁজে ফিরত একটি লাঠি এবং মান্না এবং সালওয়া। তারা খুঁজে ফিরত কয়েকটি পাথর খন্ড। তারা বিশ্বাস করত তাদের পূর্বপুরুষগণ তাদের জন্য এসব গোপনে রেখে গিয়েছেন কোন পাহাড়ের পাথুরে গুহায় অথবা মাটির নিকটবর্তী গভীরে। তারা তাদের পূর্ব নারীদের কথা কোথাও বলেনি। কারণ তারা জানে তাদের মতই পূর্ববর্তী ঈশ্বরেরাও ছিল পুরুষ এবং পরাক্রমশালী। তারা প্রত্যেকেই আলাদা আলাদা করে ভাবত আর্ক অব দ্য কভিনেন্ট এর অধিকার একমাত্র তার নিজের। এভাবে সকলেই মনে করত এবং খুঁজে ফিরত। এসব তারা খুঁজে ফিরত চরমতম ক্ষমতা ফিরে পাওয়ার অভিপ্রায়ে, আগেই বলেছি। এবং তারা প্রত্যাশা করত সমস্ত নারী এবং পুরুষের বো ডাউন, যা প্রমাণ করে একনিষ্ঠ আনুগত্য। এগুলো সবই ছিল তাদের আধিপত্য বিস্তারের প্রভাবশালী পরিকল্পনার অংশ।
প্রভাব বিস্তারের একটি বৃহৎ অংশ হিসেব তারা প্রচার করেছিল নিজেদের নামে পশুবলি এবং অকারণেই নির্বোধ মানুষদেরকে লোভ দেখিয়েছিল পারত্রিক কল্যাণের। তারা কেবলই যুদ্ধব্রতী হয়ে যেত যখনই মনে পড়ত ক্ষমতা এবং প্রভূত্বের কথা।
শিশ্নারাধ্য ঈশ্বরেরা এক ভয়ানক যুদ্ধে জড়িয়ে পড়েছিল যীশু শতাব্দী দুই হাজার বিশ এর শেষ এবং একুশের প্রথম দিকে। তারা ছড়িয়ে দিয়েছিল অসংখ্য ভয়ানক ভাইরাস। তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এক রক্তহীন যুদ্ধের দিকে। অথচ তারা জানত না, তাদের নিজেদের মৃত্যুর সময় কতটা নিকটবর্তী। আমার আপসোস হত আরও একশত বছর বেঁচে না থাকার কারণে। অথচ আমি তা দেখতাম, যা ঘটবে।
অসংখ্য মানুষের মৃত্যু হল। মা বাবা এবং ভাই বোনেরা গলাগলি করে মরে পরেছিল হাসপাতালে, রাস্তা এবং ফ্ল্যাটে। অনেকেই পঁচে গিয়েছিল ম্যানহোলে এবং ওখানে ভনভন করছিল মাছি এবং কয়েকটি কাক তাদের দিকে ঘৃণাভরে তাকিয়ে উড়ে যাচ্ছিল শহর ছেড়ে।
কারো মৃত্যুর জন্য কেউ দায়ী ছিলনা। দায়ী ছিল স্বয়ং ঈশ্বরেরা। এবং ঈশ্বরেরা তা জানত।
জেনেলিয়ার চোখে আমি দেখছিলাম একটি প্রখর অথচ ঠান্ডা আলো। আমার চুলভর্তি মাথা কোলে রেখে সে বলে যাচ্ছিল, "যুদ্ধ এবং বিদ্বেষ যত নিকটবর্তী তত নিকটবর্তী শান্তি এবং সমঝোতা। তত নিকটবর্তী পরিকল্পিত একটি ফলপ্রসূ বৈঠক।"
গল্পটি যখন আপনারা পড়তে শুরু করেছেন, তখন হয়ত বহু দিন গত হয়ে গিয়েছে আমার বেঁচে থাকার সময়কাল। পৃথিবীতে আপনারা এতটা নৃশংসতা আর কোনদিন দেখতে পাবেন না। কারণ পৃথিবী এখন পরিণত বয়সে উপনীত হয়েছে। আপনাদের পৃথিবী এখন তার বয়সন্ধিকাল ছাড়িয়ে এসেছে। এখন পৃথিবী পা দিয়েছে একটি স্থির, শান্ত সময়ে। এখন পৃথিবী একটি বিবেকসম্পন্ন অবস্থানে ফিরে এসেছে, যেমন ছিল মানুষ জন্মের পূর্ববর্তীকালে, যখন কেবলমাত্র কিছু জলজ উদ্ভিদ এবং পরজীবী'ই ছিল জীবন। আপনারা কেবল মনে রাখবেন "সময়", যা আপনাদের জন্য সবচেয়ে শক্তিশালী ভিলেইন এবং শক্তিশালী বন্ধুও।
অতএব ওরা নিজরাই সিদ্ধান্ত নিল তাদের প্রজনন এবং সংগম ইচ্ছার ব্যাপারগুলোতে। ওরা তখন পরিপূর্ণ যুবক এবং ঈশ্বরহীন পৃথিবীতে ছিল স্বাধীন। এগুলোও ছিল জেনেলিয়ার এক বিশদ পরিকল্পনারই অংশ। আমি মুগ্ধ হয়ে জেনেলিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে ছিলাম। জেনেলিয়া এক রহস্যময় ভঙ্গিতে বলে যাচ্ছিল। মনে হচ্ছিল আমরা দুজনেই দেখছিল মাত্র একশত বছর পরবর্তী সময়ের আমাদেরই উত্তর পুরুষ ও নারীদেরকে। জেনেলিয়া বলে যাচ্ছিল, "একশত বছর পর ঈশ্বরদের বৈঠক বিষয়ক গল্পটি আবার কারো কারো চোখে পড়বে, অসংখ্যহারে যারা বেঁচে থাকবে শান্ত, নিরিবিলি। তারা তখন পালন করবে মহামারী ও মৃত্যুর জুবিলি। তখন তিন হাজার বিশ যিশুবর্ষ। এবং ওরা তারাই যাদের কথা আমি এখন ভাবছি।"
জেনেলিয়া বলছিল অত্যন্ত শান্ত কন্ঠে। ওর কন্ঠনালীর উত্থান-পতন আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি দেখতে পাছিলাম ওর অধীর প্রত্যাশা এবং অস্থিরতা । জেনেলিয়া বলছিল, পৃথিবী চুড়ান্ত শান্ত অবস্থায় ফিরে যাওয়ার আগেই ঘটবে এক অভিনব ঘটনা। অসংখ্য ঈশ্বরের অস্তিত্ব বিলোপ হবে এক ভয়ানক যুদ্ধের ফলে। দ্বিতীয়বারের মত ঘটবে মহা ক্রুসেড। আমি তাদেরই একজনের হাতে হয়ত নৃশংসভাবে খুণ হবো অথবা তার আগেই। খুণ হতে পারে জেনেলিয়া'ও অথবা ক্রোধান্বিত ঈশ্বর দ্বারা ধর্ষণ অথবা অপহরণও। এবং এই খুণ'ই আমাদেরকে নিয়ে যেতে পারে নিজেদের একান্ত সময়ে এবং অবরুদ্ধ ও অন্যদের সময় থেকে মুক্তি দিতে পারে।
আসন্ন রক্তক্ষয়ী যুদ্ধের পর যে ঈশ্বরেরা বেঁচে থাকবে তারা হয়ে উঠবে সত্যিকার অর্থেই অনুতাপী। এবং তারাই জেনেলিয়ার কথা স্বরণ করবে এবং সম্ভপর দ্রুত একটি মহত বৈঠকের উদ্যোগ নিবে। এবং তারা শপথ করবে পবিত্র ন্যায়ের। সমস্ত কুটকৌশল ও অপশক্তি চর্চার জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে। তারা পৃথিবীতে পশুহত্যা বন্ধ করে দিবে। তারা নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে যুদ্ধ বন্ধ করার অঙ্গীকার করবে। তারা অঙ্গীকার করবে বিস্তৃত শান্তির।
এবং তারা সমস্ত শপথ প্রতিষ্ঠিত করার পর বুঝতে পারবে, পৃথিবীতে তাদের প্রয়োজন ফুরিয়েছে এবং তারা সদলবলে আত্মহত্যা করবে।
সমস্ত অনুতপ্ত ঈশ্বরের আত্মহত্যা পৃথিবীকে এক শান্ত উপত্যকার মত নির্মল করে তুলবে। সম্প্রদায় বিলুপ্ত হবে। অন্ধ ধার্মিকেরা মুক্তি পাবে। ঈশ্বরের উদ্দেশ্যে পশুবলি বন্ধ হবে। বন্ধ হবে ধর্মীয় উৎসবের নামে নরহত্যা এবং আরো অসংখ্য পশুহত্যা। ধর্মীয় উৎসব হয়ে থাকবে কেবলমাত্র জাতির বৃহত্তর সংস্কৃতির অংশ। সমস্ত মানুষ একযোগে পালন করবে মেরি খ্রিস্টমাস, প্রবরণা এবং ঈদ।
মানুষ নিজেই ঠিক করে নিবে তাদের খাদ্যাভ্যাস, এবং উৎসবের নিয়ম কানুনগুলো। এবং তারা তাদের সঙ্গমসঙ্গী স্বাধীনতার সাথে বেছে নিবে।
এ সবই প্রতিষ্ঠিত হয়েছিল একাধারে ঈশ্বর এবং মানব প্রেমিকা জেনেলিয়ার ইচ্ছাকৌশলে। "জেনেলিয়া", একজন নারী। একজন শান্তিকামী এবং মুক্তিকামী। "জেনেলিয়া", আমার শেষ প্রেমিকা। "জেনেলিয়া", একজন মানবিক কুটকৌশলকারী।
