সুলতানা নীলুফা : ছায়ামূর্তি
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে অবন্তী। প্রতিদিনই তার বিশ্বদ্যিালয় যাওয়া হয়। বন্ধুদের সাথে আড্ডা-হৈ হুল্লোড়ে ক্যাম্পাস মাতিয়ে রাখার মত মেয়ে সে। পাড়া- প্রতিবেশী সবার সাথে ভালো সম্পর্ক তো আছেই, শুধু ভালো না পরিবারের সাথে।
অবন্তীর কাছে মাঝে মাঝে পুরো জগতটাই কেমন যেনো ভ্রম বলে মনে হয়। মনে হয়, এ পৃথিবীতে সে এসেছে ভুল করে বা ভুল পৃথিবীতেই তার বাস। জন্মটাই বোধহয় তার মা-বাবা চায় নি বলে মনে হয় অবন্তীর।
প্রজাপতি, ঘাস ফড়িংয়ের উড়ে বেড়ানো, মাছেদের জলে সাঁতার-কাটা দেখে তার মনে বিভিন্ন চিন্তার উদয় হয়। ''ইসস! যদি সে প্রজাপতি, মাছেদের মতো জীবন পেতো! মানুষ হয়ে না জন্মালেও হতো।''
মাঝে মাঝে সে দেখতে পায় রঙীন প্রজাপতির ন্যায় ঘুরে ঘুরে নীল আকাশটার সাথে মিলেমিশে একাকার হয়ে সে দেয়ালের সাথে মিশে যাচ্ছে। আবার অনেক সময় দেখতে পায়, মস্ত একটা ঘুড়ি হয়ে বেলুনের ন্যায় আকাশে ভেসে বেড়াচ্ছে। সে যেনো মানুষ নয়, অন্য কেউ। স্বপ্নলোকে ঘুরে বেড়ানো অপর একজন, যে কেবল একটা রুদ্ধদ্বার খোলার অপেক্ষায় দিন গুনছে।
এমন কেন ঘটছে সে বলতে পারে না। তবে তার খুব আনন্দ নিজেকে মহাবিশ্বে ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার মতো নিজেকে অনুভব করতে পেরে। নিজের মাঝে অন্য কারও উপস্থিতি টের পেয়ে স্বভাবসুলভ উৎসাহে নিজেকে মেলে ধরার ইচ্ছে সে যখন দমন করতে পারে না, তখন বিশ্ববিদ্যালয়ের বন্ধু আকাশের সাথে নিজের ভাবনাগুলো আলোচনা করে।
অবন্তী : গত কিছুদিন ধরে কিছুই ভালো লাগছে না।
আকাশ : কী হলো হঠাৎ?
অবন্তী : তারা আবার এসেছে।
আকাশ : তারা মানে কারা। তোর ঘাস ফড়িং না গরু-ছাগলেরা!
অবন্তী : তুই এভাবে বলিস কেন?
আকাশ : তেমন কিছুই তো না, কিছু বলি নি তো। এটা তোর মনের ভুল। আসলে কি হয়েছে বলতো।
অবন্তী ফিসফিসিয়ে বলে, ছায়ারা। ঘাস ফড়িং বা গরু-ছাগল না।
খোলাসা করে বলতে বলে আকাশ, পুরোটা না শুনলে তো বুঝব না।
অবন্তী : কাল রাতটা না খুব অদ্ভুত কেটেছে। আলো-অন্ধকারে যাদের দেখা পায় তাদের সাথে আবার দেখা হচ্ছে।
পাঠকদের বলা হয় নি অবন্তীর বসবাস কিছু ছায়ামূর্তির সাথে। এটা কখন থেকে হয়েছে তা সে জানে না। কিন্তু এসব ছায়া মূর্তির সাথে তার প্রায় কথা হয়। ঘরের বারান্দায় তাদের ডানা ঝাপটানোর শব্দ সে শুনতে পায় প্রায়ই। কিন্তু আকাশ তা বিশ্বাস করতে চায় না।
অবন্তীর মাথায় গণ্ডগোল আছে বলে ধারণা আকাশের। তাই সে হেসে উড়িয়ে দিতে চায়। সেদিনের মত অবন্তী বাড়ি ফিরে আসে। স্নান করে টেবিলে খেতে বসে। বসা মাত্রই হঠাৎ অশরীরী আওয়াজে তার মাথার ভেতরটা গমগম বাজতে থাকে। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে মাথার ভেতরটায়। তাও আবার একজনের নয় একসাথে অনেকে। তারা অবন্তীর সাথে একের পর এক কথা বলতে শুরু করে।
প্রথম জন : এই যে নী, বেশ তো কবিতা লেখেন আপনি, ছাইপাশ কি লেখেন পড়া যায় না।
দ্বিতীয়জন : গত কয়েকদিন ধরে আমার ভাবনার জগতে আপনি খুব পীড়া দিচ্ছেন। আপনাকে আমার ঘরের বারান্দায় সেদিন কেন দেখলাম বলতে পারেন। আপনার সাথে আমার যে খুব ঘনিষ্ট সম্পর্ক তাও তো বলতে পারবেন না। কেন এমন হচ্ছে?
তৃতীয়জন : অবন্তী! কেমন আছেন? আপনি কী জানেন আপনার একটা অংশ আমি বয়ে বেড়াচ্ছি ?
অবন্তী আর কিছু ভাবতে পারে না । দুপুরের খাবারটুকু কোনমতে খেয়ে বিছানায় শুয়ে পড়ে। সেখানেও তাদের উপস্থিতি তাকে তাড়া করে। সে ঘুমোতে পারে না। ঘুমের মধ্যেও অশরীরী কথা বলছে। একজন তাকে নিয়ে যাচ্ছে দূর থেকে আরো দূরের দেশে, যেখানে সে আগে কখনও যায়নি।
কমল নামক একটা ছেলের সাথে অবন্তী উড়ছে নীল সমুদ্রের মাঝখানে যার সাথে কস্মিনকালেও তার তেমন কথোপকথন হয়নি। সেদিনের মত দুপুরটা তার এভাবেই কাটলো।
আপাপত ভালো মনে হলেও অবন্তী ভেতরে ভেতরে ভীত হয়ে পড়ে। কিন্তু কাউকে বলতে পারে না। এমন কী বন্ধু আকাশকেও না। কারণ বললে সে হেসে উড়িয়ে দেবে। নিজের অজান্তেই হেসে ওঠে অবন্তী। নিজেকে সান্তনা দিতে চাইল অবন্তী, ভয় পাওয়ার মতো কিছু হয়নি। তাহলে সে কেন ভয় পাচ্ছে? বরং দ্বিতীয় দিন কী ঘটে তার অপেক্ষায় থাকাই ভালো।
গ্রামে ঘুরে বেড়ানো মেয়ে অবন্তী। অনেক কিছুর সাথেই তার সখ্যতা। মাঠ, ঘাট, পুকুর, বাগান এগুলো তার খুব প্রিয়। বেশী ইচ্ছে করে তার ফসলের মাঠে দাপিয়ে বেড়াতে। ফসলের মাঠ তার খুব প্রিয়। কিন্তু আব্বু তাকে খুব বকে এ কারণে। বলে ফসলের মাঠে মেয়েদের এত যাওয়া ঠিক নয়। এতে ফসলের ক্ষতি হয়। শস্যদানা ফলে না মাঠে।
আব্বুর এই কথা শুনে অবন্তীর খুব মন খারাপ হয় । সেই রাতে কেন জানি না তার খুব কাঁপুনি দিয়ে জ্বর আসে। রাতে ঘুমের মধ্যে সে দেখতে পায় ফসলের মাঠে তার জন্য এক যুবক দাঁড়িয়ে আছে। যুবকটি বেশ লম্বা। কালো রংয়ের একটা টি শাট পড়ে আছে সে এবং কিছুক্ষণ পর পরই যুবকের টি শার্টের রং পরিবর্তন হয়ে যাচ্ছে। সারা শরীর মুখে তীব্র আলোকচ্ছটার উপস্থিতি অবন্তী টের পায়। সে আর বেশীক্ষণ সইতে পারে না। যুবকটিও তীব্র আলোর ঝলক দিয়ে হঠাৎ কোথায় হারিয়ে যায়।
অবন্তী যখন নিজেকে আবিষ্কার করে দেখে পাগলপ্রায় ঘোরের মধ্যে সে আছে এবং তার মা তাকে গ্লাসে করে পানি খাওয়াচ্ছে। মাকে সে অবাক করে বলে ওঠে , মা তুমি এমন লাল শাড়ি পড়ে আছো কেন ?
মা বললো , তুই কী পাগল হলি ? এত রাতে আমি লাল শাড়ি পড়বো কেন? আমি তো পড়ে আছি ছাই রংয়ের একটা শাড়ি। অবন্তী আর কিছু না বলে চুপ হয়ে যায়।
সেদিন থেকেই তার বিরহ মধুর যন্ত্রণা শুরু হলো। যেদিকে তাকায় সে কেবল রঙের উপস্থিতি টের পায়। জগতটা মুহর্মুহু তার কাছে পরিবর্তন হওয়া শুরু করে। একেকবার তার একেক রূপ। আকাশটা যখন দেখল নীল পরমুর্হূতেই তা কেন লাল রূপ ধারণ করে সে বুঝতে পারে না। এমন কী তার কাছের মানুষগুলোও তার কাছে একইরূপ পোশাকে থাকছে না।
যাকে সে লাল দেখে পরমুহূর্তেই সে হয়ে যাচ্ছে বেগুনী, খয়েরী অথবা নীল। কাউকে চাপাস্বরে যখন নিজের কথা বলতে চেয়েছে তাদের চোখেমুখের অবস্থা দেখে নিজেকে সযতেœ ওখান থেকে সে সরিয়ে নিয়েছে। স্বাভাবিক জীবনযাপনে তার অসাড়তা নেমে আসে। সে খেতে পারে না , ঘুমোতে পারে না । এসব থেকে মুক্তির জন্য অবন্তী প্রাণপণ চেষ্টা চালায়।
কিছুদিন চেষ্টার পর যখন স্বাভাবিক জীবনে সে ফিরতে শুরু করে তখন একদিন নিজের ল্যাপটপে বসে মনোযোগ দিয়ে স্যারের দেয়া অ্যাসাইনমেন্টের কাজ করছিল। হঠাতই সে দেখে তার ল্যাপটপের পর্দায় একটা ছায়ামূর্তি ফুটে উঠছে। কিছুক্ষণ পরপর ছায়ামূর্তিটি বিশাল অবয়বে তার একেকজন বন্ধুর অবয়ব নেওয়া শুরু করে।
একবার গাঢ় নীল পোশাকধারী, আবার হলদে রংয়ের পোশাকে, যখনই ছায়ামূর্তিটা মেঝেতে বিশাল হয়ে সরে সরে তার ঘনিষ্ট হওয়ার চেষ্টার সময়ই অবন্তী দেখতে পায় তার গায়ে কোন পোশাক নেই। তীব্র একটা ভয়ের স্রোত তার শিরদাঁড়া বেয়ে পুরো শরীরে কাঁপুনি ধরায়।
ছায়ামূতি নিজেই হেসে বলে ওঠে, আমাকে ছুঁয়ে দেখতে চাও? অবন্তী অৎান্তেই জবাব দেয়, না ।
ছায়ামূর্তি : কেন? অবন্তী : তোমার শরীরে পোশাক নেই কেনো। 'আমার গায়ে পোশাক আছে। তুমি দেখতে পাচ্ছো না' ফিসফিসিয়ে অবন্তীকে বলে ছায়ামূর্তি। তোমরা মানুষেরা গায়ে কী খুব পোশাক পরিধান করে থাকো? এমনই পোশাক যে তা খুব রঙ ছড়ায়?
অবন্তী বুঝতে পারে ছায়ামূর্তিটি তার সাথে ভাব জমাতে চায়। অবন্তী বললো, হ্যাঁ তাইতো। আমাদের গায়ে অনেক পোশাক। পোশাক না পড়লে তো খুব লজ্জা ।
ছায়ামূর্তিটি তাকে বন্ধু হবার প্রস্তাব দিলে সে হ্যাঁ সূচক মাথা নাড়ায়।
ছায়ামূর্তি : তোমাকে আমার দেশে নিয়ে যাবো। সেখানে তুমি অনেক সুখে থাকবে। পরীরা তোমায় নিয়ে বসবে স্নানঘাটে, আকাশ দেখবে -পাখি দেখবে তুমি। অবন্তী আর কিছু ভাবতে পারে না। মনে মনে সে খুব খুশী হলো।
ছায়ামূর্তিটা বলেই চললো : আর তোমাকে আমি হরেকরকম পোশাক দেব। কালো, নীল , আকাশী , সবুজ, খয়েরী , আসমানী, জামিন পাড়সহ যা তুমি চাও। বিনিময়ে তুমি আমার সঙ্গী হবে এবং শুধু আমার সঙ্গেই ঘুরে বেড়াবে। কী পারবে না হতে একান্ত আমার?
অবন্তী : তোমার কী সঙ্গী নেই? আমি তো শুনেছি যারা আকাশ থাকে তাদের অনেক ডানা। অনেক রূপ। চাইলেই যারা আকাশে উড়তে পারে তাদের তো সঙ্গীর অভাব হওয়ার কথা না। তার কথা শুনে ছায়ামূর্তিটা খুব মন খারাপ করলো। সেদিনের মত সে বিদায় নিলো যাকে সে আর কোনদিনই দেখতে পায়নি।
ছায়ামূর্তিটা বিদায় নেয়ার পর মাথায় তীব্র যন্ত্রণা নিয়ে সে মায়ের ঘরে ঘুমোতে যায়। কিন্তু কেন জানি ঘুমোতে পারছিল না অবন্তী। দুইচোখ বন্ধ করলেই ছায়ামূর্তিটার ভিন্ন ভিন্ন অবয়বের উপস্থিতি তাকে বিব্রত করে তোলে।
এরপর অনেকদিন ছায়ামূর্তির দেখা নেই। একদিন অবন্তী তাদের বাড়ির বিশাল মাঠের কোনায় একটা জলাশয়ের মধ্যে দুই পা ডুবিয়ে ডুবিয়ে খেলা করছিল। জংলী লতাপাতায় ঘেরা স্বচ্ছ জলাশয়। সে আপন মনে দুইহাত দিয়ে পানি নিয়ে খেলতে থাকে অনেকক্ষণ।
বাড়ি ফেরা দরকার ভেবে ঘাড়টা ফেরাতেই সে মাঠের মধ্যে এক কুঁজো বুড়িকে দেখতে পায়, সাদা থান পরা। ঝিলিক দেওয়া শাড়ি মানুষটা কে তা দেখার জন্য সে যখন একদৌড়ে বুড়ির নিকট যাবার চেষ্টা করে বুড়ি ততই দূরে সরে গিয়ে অবন্তীর কৌতূহলের মাত্রা বাড়িয়ে দিতে থাকে।
খুব কাছে আসার পর অবন্তী তার দুই চোখের তীব্র নীলমণি দেখতে পায় যার একাংশ আবার সবুজ। চোখের সাদা অংশটা তীব্র সাদা। সবচেয়ে অদ্ভুত হলো সে বুড়িকে ছুঁতে চেয়েও হাতের নাগাল না পাওয়া।
একদৌড়ে সে তখন মাঠ পেরোনোর চেষ্টা করে। কিন্তু পৌঁছানোর আগেই সে পা পিছলে মাঠের মধ্যে পড়ে যায়। চেতনা হারিয়ে ফেলে অবন্তী।
যখন নিজেকে আবিষ্কার করে দেখে তার মাথায় আম্মু পানি ঢেলে তাকে সুস্থ করার চেষ্টা করছে। পাড়া প্রতিবেশীর সাথে তিনি চিৎকার করে কথা বলছেন। হুঁশ ফিরে সে দেখতে পায় মধ্য আকাশে মানুষের ন্যায়, হাঁসের ন্যায় ছায়া ছায়া কিছু রেখা পুরো আকাশটায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদ্ভুত রকম করে। যে ছায়ামূর্তিটা না বলে কয়ে হারিয়ে গিয়েছিল সেটি ঝলমলে রংয়ের পোশাকে নাচন দিয়ে নিজের উপস্থিতি জানান দিয়ে আবারও মাঝ আকাশে মিলিয়ে যেতেই অবন্তী দ্বিতীয়বারের মতো মূর্ছা যায়।
