লীনা দিলরুবার গল্প: ভারসাম্য
চিত্রকর্ম: ভাসিলি কান্ডিনিস্কি'র ইম্প্রোভাইজেশন
তিনটি পাখি একটা মরা ডালের ওপর বসে ছিল। তিনটার মুখ তিন দিকে ঘুরানো। কুঁড়েমি ঝেড়ে বাইরে দাঁড়িয়ে পাখিগুলো দেখতে থাকি। পিঙ্গল আকাশটা শূন্য উঠোনের কোণে ঝুলে আছে। একটা মাছি চোখের সামনে দিয়ে উড়ে চলে গেল।
পাখি বিষয়ে আমার কিছু পড়াশোনা আছে। পাখিরা নিজেদের নিয়মে দলবদ্ধ হয়ে থাকে। এদের দৃষ্টি তীক্ষ্ণ, শ্রবণশক্তি প্রখর, ঘ্রাণশক্তি কম। স্বভাবগত ভাবে বেশিরভাগ পাখিই দিবাচর, কিছু আছে নিশাচর। পাখিরা প্রায় নব্বই শতাংশই একগামি, বাকি দশ শতাংশের স্বভাবে বহুগামিতা আছে। মানুষের সঙ্গে পাখিদের অমিল হয়ত এখানেই। মানুষের বহুগামিতা নিয়ে অনেক গবেষণা হয়েছে। প্রেম, প্রেমহীন, বৈবাহিক, বিবাহ বহির্ভুত, কত রকমের সম্পর্ক মানুেষর। মানুষ উড়তে পারে না, তাই হয়ত শৃঙ্খল ভাঙার দুরন্ত আকাঙ্ক্ষা তাদের প্রবল। পাখিরা মুক্ত, উড়ে চলা জীবন তাদের। কিন্তু তবুও তারা মুক্তকচ্ছ নয়। পাখিদের জীবন অনেক বেশি নিয়মের আর কারণের নিগড়ে বাধা।
একটু আগে দেখা পাখিগুলো কি একগামি না বহুগামি– ভাবতে ভাবতে একটা রিকসা ডেকে মোহাম্মদপুরের দিকে যেতে থাকি। একটা এনজিওতে এক্সিকিউটিভ অফিসার পোস্টের জন্য ইন্টারভিউ আছে আজ।
আমরা একটা যৌথ পরিবারে থাকি। আমরা মানে আমি আর আমার মা। এ পরিবারটায় অনেকটা আশ্রিতের মতোই থাকি আমরা। যখন বাবা ছিল তখন আমাদের সবই ছিল। ইন্দ্রিয় সুখের কোনো কমতি ছিল না। কিন্তু এখন সবই অতীত। সময় থেমে থাকে নি। পুরাতন প্রগলভ দিনরাত্রির কথাও ভাল করে মনে পড়ে না। আমিও অনার্স পাশ করে পড়ালেখায় সাময়িক ইতি টেনে চাকরি খুঁজে খুঁজে না পেয়ে সামনে কী করব এই দ্বিধাদ্বন্দে ভুগে সময়কে পিছে ঠেলছি সে প্রায় একবছর হয়ে গেল। বাবার রেখে যাওয়া কিছু সঞ্চয় এখনো আছে বলে টিকে আছি। ভবিষ্যতে কী হবে জানি না। শুধু বুঝি বিপুল পৃথিবী আর নিরবধি কালের গলিত গর্ভ থেকে বেরিয়ে আসা সময় পিতৃহীন আমাকে নির্বিকার অদৃষ্টরেখার ঘূর্ণিতে ফেলে রেখেছে।
এটা আমার এক মামার বাড়ি। তারা সপরিবারে স্থায়ীভাবে আমেরিকা থাকে। মাঝে-মধ্যে অতিথি পাখির মত ছেলে-মেয়ে নিয়ে দেশে বেড়াতে আসে। হইচই করে কিছুদিন। তারপর চলে যায়। নইলে আজিমপুরের এই বাড়িটাকে নিরিবিলিই বলা যায়।
ছোটবেলা থেকে আমার বইপড়ার অভ্যাস। স্কুল-কলেজে খুব বেশি ভাল ছাত্রী কখনোই ছিলাম না, গল্পের বইয়ের নেশায় মশগুল থেকে পাঠ্যবইতে কেমন যেন অমনোযোগ এসে গিয়েছিল। আমাকে পাঠ্যবইমুখী করতে মা অনেক চেষ্টা করেছেন; কিন্তু যার নিজের চেতনা নেই অন্য কেউ তার চেতনা কীভাবে ফেরাবে? আমাকে মোটামুটি সুন্দরী বলা যায়। ছেলেদের কাজ হচ্ছে অন্য কাজ ফেলে সুন্দরী মেয়েদের প্রেমে পড়া। আমার বইপড়ার মত চমৎকার বিষয়ের প্রতি মুগ্ধতা নয় বরং রূপে মুগ্ধ হয়ে কতজনকে এ জীবনে নৈবেদ্য দিতে দেখেছি, হিসেব নেই। ব্যতিক্রম ছিল শফিক। শফিকও আমার মত বইপড়ুয়া, আর সে ভালোবেসেছিল আমার বইপড়ার অভ্যাসটাকেই। আমিও সেই চাওয়াকে নিজের বিধিলিপি মনে করে শফিককে গ্রহণ করেছিলাম।
দুর্বলের জন্য এ পৃথিবীটা খুব নির্মম। এ বাড়িতে আশ্রয় পেয়ে আমাদের মা-মেয়েকে সবার আগে যেটি বিসর্জন দিতে হয়েছিল সেটা হচ্ছে সম্মান। অল্প বয়সেই আমি বুঝে গিয়েছিলাম পৃথিবীতে যার সম্মান থাকে না তার আসলে কিছুই থাকে না। যদিও যাদের বাড়িতে থাকি সেই আশ্রয়দাতা তার আচরণ দিয়ে আমাদের কখনো অসম্মানিত করেনি; কিন্তু যা হয়, বাসনার হরেক রকম সাধ মেটাতে মানুষকে অন্যকে আক্রমণ করতে হয়; আর এভাবেই বহু মানুষের কদাকার মুখ আমার দেখা হয়েছে।
জীবনটাকে আজকাল মরচে ধরা টিনের কৌটার মত লাগে। আমার জীবনে যেন চাকরি খোঁজার নিরাশ দুঃখমোড়া গল্পেরও শেষ নেই। প্রাত্যহিকের রুটিনে ইন্টারভিউ দেয়া, দরখাস্ত করা সবই আছে, কেবল ফলাফল নেই। মাঝে মধ্যে সবকিছুর ওপর বীতশ্রদ্ধ হয়ে যাই। যেন অলীক এক পঞ্চমীর চাঁদের স্নিগ্ধ আলোর পেছনে ছুটে চলাই আমার নিয়তি।
এই নিরানন্দ আর প্রেতাত্মার ছায়ার মত জীবনে শফিকই একমাত্র পূর্ণ সুন্দর। যদিও গত একমাস ধরে শফিকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।
মার্চ শেষ। এপ্রিলের চামড়া পোড়া গরম চারদিকে। রাস্তায় ভয়ানক জ্যাম। রিকসাটা বৈতরণী কেটে খেয়া পারে পৌঁছুনোর মত ধীরে ধীরে চলছিল। যদিও হাতিরপুলের কনকর্ডের সামনে এসে রিকসার আর গন্তব্যমুখী হবার জো থাকল না। এ পাশে মোটরসাইকেল, রিকসা, ঠেলাগাড়ি, বাস সবই অনড় দাঁড়িয়ে। উল্টোদিকের গাড়িগুলো জ্যাম কেটে দ্রুতবেগে চলে যাচ্ছে।
আকাশটা রং বদলে এখন অনেকটাই নীল। চোখ ঘুরিয়ে বইয়ের দোকানগুলো দেখতে লাগলাম। আজিজ মার্কেটটা খেলাড়ু ব্যাবসায়ীরা বইয়ের মার্কেট থেকে গেঞ্জি মার্কেটে বদলে দিলে কিছু ব্যাবসায়ী বইপত্র নিয়ে কনকর্ডে আশ্রয় নিয়েছে। যদিও আজিজের মতো এ জায়গাটা এখনো সেভাবে জমে ওঠেনি। শফিক আর আমি গানের রেকর্ডের দোকান, বইয়ের দোকানে ঘুর ঘুর করা মানুষ। ইদানীং নানা জায়গা থেকে বই কিনলেও আজিজ মার্কেট থেকে বইয়ের দোকানগুলোর উচ্ছেদ আমরা এখনো মানতে পারি নি।
দু'মাস আগের কথা মনে পড়ে। সেদিন সন্ধ্যাটা যেন একটু দেরিতেই নেমেছিল। আলোর জোনাকি আর ত্রিশঙ্কু বাতাসের দীপ্যমান শিখার নিচে শফিক একটানা পড়ে গিয়েছিল উৎপলকুমার বসুর সেই কবিতাটা যেটি লিখে উৎপল বুঝিয়ে দিয়েছিল তিনি তাঁর সমসাময়িকদের নিয়ন্ত্রিত আন্তর্কথন থেকে কতটা এগিয়ে ছিলেন।
"বন্ধু, তোমার হাতের উপর হাত রাখলেই আমি টের পাই তোমার বাজারে অনেক দেনা, ছেলেটা উচ্ছন্নে গেছে, মেয়ে রাত করে বাড়ি ফেরে, আজ যা-বলার আছে তুমি আমাকেই বলো, স্ত্রীর মুখরতার কথা বলো, সহকর্মীদের শঠতার কথা বলো, রাতে ঘুম হয় না সেই কথা বলো, আর যদি কাঁদতেই হয় তবে এই কাঁধে মাথা রেখে কাঁদো, বন্ধু।"
উৎপলের কবিতার মত সন্দীপনের গদ্য আমার প্রিয়। উৎপল না সন্দীপন কে বেশি টানে সেটা পরিষ্কার ভাবে বুঝতে পারি না। যদিও শফিক বলে এরা দু'জন দুই পথের লেখক, তাদেরকে এক পাল্লায় রাখার চেষ্টাও যেন না করি।
শফিকের কথায় মজা পাই। শফিক সন্দীপনকে একদম পছন্দ করে না।
'জীবনে একটা নারী নেই শ্রেষ্ঠ যৌনমনা' সন্দীপনের ডায়েরির এ কথাটা নিয়ে শফিক আমাকে খোঁচায়; বলে, দ্যাখ তোর লেখক কী বলে এসব!
শ্রেষ্ঠ যৌনমনা নারীর জন্য লেখকের হাহাকার শফিকের পছন্দ না হলেও কথাটা আমার খুব মনে ধরেছিল। যা বলার পেটে না রেখে প্রকাশ করে দেয়াই তো উচিত। শিল্প আর জীবন তো একঅর্থে একই। শিল্পে জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতার চিহ্ন ঢেলে না দিলে লেখকের চলবে কেন!
আমি শফিককে সন্দীপনকে নিয়ে নিজের ভাবনার কথা বলি। সন্দীপনের গল্পের কেন্দ্রবিন্দুতে চরিত্রদের বিপন্নতাবোধ, বিষাদ আর কর্কশতা জড়িয়ে থাকে সেটা বুঝিয়ে বলার চেষ্টা করি।
সন্দীপন সেটাই লেখে, যেসব আমরা দেখেও দেখি না, বা দেখি, কিন্তু বিশ্বাস করতে চাই না। সম্পর্ক স্থাপনে সন্দীপনের গল্পের বেপরোয়া চরিত্রগুলো কবরস্থানেও সঙ্গম করে। সঙ্গমের জেরে একজনের কুষ্ঠরোগ অন্যজনের দেহে সংক্রমিত হওয়া নিয়েও তারা সচেতন থাকে না।
শফিক মাথা নাড়ায়। তারপর একটা সিগারেট ধরায়।
আমি আর কিছু বলি না। শফিকের হাতটা মুঠোয় নিয়ে ওর আঙুলগুলো নেড়েচেড়ে দেখতে থাকি। এটা আমাদের প্রিয় খেলা। আঙুলের কর গুণে দেখার ভনিতার আড়ালে হাতের স্পর্শ নেওয়া।
জ্যাম ছুটল। চিন্তার গিরিখাদ থেকে বাস্তবে ফিরে এলাম। ইন্টারভিউটা কেমন হয় কে জানে! চাকরিটা কী হবে! মন বলছে আজকে ভাল কিছু হবে। জীবনে ঘনিয়ে আসা অন্ধকার পার হয়ে আলোকিত তেপান্তরের দ্যুতিময় সোনালী দিন এবার ধরা দেবে। কিন্তু শফিক! শফিককে ছাড়া কীভাবে একটিমাস কাটিয়ে দিলাম! ঐ দিনটার কথা মনে করে অসহায় লাগছিল।
সেদিন চারুকলায় একটা চিত্র-প্রদর্শনী ছিল, সেটা দেখে পেঁয়াজের খোসার মত চিন্তাগুলোকে খুলতে খুলতে আমি আর শফিক ফুটপাথে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে শফিককে বললাম, ঘুরতে যাবি? শফিক হাতটা মুখের ওপর না রেখেই হাই তুলে বলে, কোথায়? ওর এই ভঙ্গিটায় এমন বিশ্রি একটা দৃশ্য তৈরি হল, আমার ঘুরতে যাবার আগ্রহ মুহূর্তেই নাই হয়ে গেল। কিন্তু প্রস্তাব যেহেতু দিয়ে ফেলেছি তাই পিছিয়ে আসার উপায় ছিল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বললাম, সদরঘাটে।
শফিক হো হো করে হাসে। সদরঘাটে!
হ্যাঁ। সদরঘাটে। আজকে দিনটা মেঘলা। এমন দিনে খোলা নৌকায় চড়তে অনেক মজা। নৌকার পাশ দিয়ে যখন লঞ্চ আর স্টিমারগুলো সাঁই সাঁই করে সিঁটি বাজিয়ে চলে যায় তখন মনের মধ্যে বেঁচে আছি এই অনুভবটা খুব প্রবল হয়।
ধ্যুর! এতো নান্দনিকতা ওখানে আছে নাকী! শফিক বিরক্তিতে মুখ কুঁচকে বলে, তাছাড়া পানিতেও দুর্গন্ধ।
আমি কিছু বলি না। মনে মনে বলি, দুর্গন্ধ কোথায় নেই। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি এখানে কী ফুলের সুবাস?
শফিক আমার দিকে তাকায়। হ্যাঁ রে সেতু, বুড়িগঙ্গার কালো কালো পানিতে কি মাছ আছে? তুই মাছ শিকার করবি? তাহলে বাজারের টাকা খুব বেঁচে যাবে। আচ্ছা সেতু, তোরা না কার বাড়িতে থাকিস, তোদের সেই বর্ধিষ্ণু পরিবারের আত্মীয়দের তুই চিনিস, নাকি দেখা হলে অবাক হয়ে ভাবতে হয়, এরা কারা?
শফিক মোটামুটি এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমার দিকে তাকায়। আমি স্তব্ধ হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। বিশ্বাস হচ্ছিল না শফিক, সংবেদনশীল মানুষ বলে যাকে চিনতাম সেই শফিক আমাকে এসব বলছে।
শফিক আবার একটা সিগারেট ধরায়। ওর হাতটা ছেড়ে বিড় বিড় করে বললাম, এসব কী ধরনের রসিকতা!
আমার গলায় হয়ত কিছু ছিল শফিক সিগারেটটা তাড়াতাড়ি ফেলে দিয়ে হাতজোড় করে বলে, মাফ করে দে সেতু। খুবই স্যরি। আসলেই আমার রসিকতাটা অশ্লীল ছিল।
মুড খারাপ হলে যা হয়। আমার আর ওখানে থাকতে ইচ্ছে হল না। শফিক অনেক অনুরোধ করলেও ওর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসি। রাতেই মাথা গরম করে একটা মেসেজ লিখে শফিককে পাঠাই।
শফিক সেই মেসেজটার কোনো উত্তর দেয়নি। এবং সেদিনের পর থেকে শফিকের সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই।
আপনার তো কোনো অভিজ্ঞতা নেই, কাজকর্ম পারবেন?
শরীরে প্রবল জ্বর যেন, কান দিয়ে মুখ দিয়ে ভাপের মত বেরুচ্ছিল। হাতের চেটোয় ঘাম মুছে কোনো মতে বললাম, নিশ্চয়ই পারব। আমি তো অনেক বই পড়ি, বই পড়ে পড়ে নানা বিষয় সম্পর্কে এক ধরনের নিজস্ব মতামত তৈরি হয়েছে। আর এনজিওর কাজ কীভাবে পরিচালিত হয় আমি মোটামুটি জানি।
উল্টোদিকে বসে থাকা মানুষটি আমার কথার কোনো উত্তর না দিয়ে বললেন, বেতন নিয়ে কোনো চাওয়া আছে?
টের পেলাম বুকের মধ্যে ড্রাম বাজছে। মুখ দিয়ে কোনো স্বর বেরুচ্ছিল না। কোনো মতে কেবল বলতে পারলাম, আপনারা এই পোস্টের জন্য যে বেতনটা ধরে রেখেছেন, সেটিই দেবেন।
এরপর আর কোনো কথা হল না। জানা হল, ফোনে রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে।
প্রায় ছুটতে ছুটতেই বেরিয়ে এলাম। চাকরিটা কী হয়েই গেল! কিন্তু ভদ্রলোক তো তেমন কোনো প্রশ্নই করে নি। খুব মনোযোগ দিয়ে কেবল আমাকে দেখছিল। থাক! হলে হবে না হলে নেই! কম তো দেখলাম না।
চাঁদহীন প্রায়ান্ধকার রাত। বারান্দায় এসে বসি। একটু আগে খানিকটা বৃষ্টি হয়েছে। চাকরিটা কী এবার হয়েই যাবে! মা'কে এখনো কিছু বলিনি। নতুন নতুন স্বপ্ন দেখা আর ধারাবাহিক ব্যর্থতার গল্প কত আর করা যায়! এখন থাক। চাকরি হলেই একবারে বলব। না হলে তো না-ই।
গরমের দিনে ঝেঁপে না এসে মৃদু বৃষ্টিতে গরম না কমে বরং বাড়ে। এ বাড়িটা একটা কাণা গলির শেষ মাথায়, বারান্দায় দাঁড়ালেও গাড়ির শব্দ, রাস্তার কোলাহল কিছুই কানে আসে না। মধ্যরাত এই বাড়ির লোকদের কাছে ধারণার চেয়েও বেশি শুনশান। এদিকের বারান্দাটা বাড়ির পেছনের দিকে, রাস্তা বা গলির পথটা এখান থেকে দেখা যায় না।
বোগেনভিলিয়ার একটা জঙ্গল দেয়াল বেয়ে বারান্দার গ্রিলে আটকে আছে। ফুলগুলো ধুলোয় মলিন হয়ে ছিল, বৃষ্টিতে খানিকটা ফর্সা হল জঙ্গলটা, যদিও ঘন অন্ধকারে ফুল আর বৃষ্টি ফোঁটা আলাদা করা যাচ্ছিল না।
বৃষ্টির ধারাপাত শুনতে শুনতে মোবাইলের নম্বরগুলোতে স্ক্রল করতে থাকি। শফিকের নামটা স্ক্রীনে ভেসে উঠতে দেখে বুকের কাছটা মুচড়ে উঠল। শফিক আমাকে ভুলে গেল!
ওর নম্বরে ডায়াল করবো ভাবতে ভাবতে না করার সিদ্ধান্তে থিতু হই। শফিক আমাকে ভুলে গেলে আমিও শফিককে ভুলে যাব। জীবনকে যাপনযোগ্য করতে জীবনসঙ্গীর প্রয়োজন আছে, কিন্তু সম্পর্কিত মানুষদুটোর একে-অন্যের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে সেই সম্পর্ককে টেনে নেওয়া অর্থহীন।
ক'দিন আগে পড়া বার্নার্ড শ'র একটা কথা মনে পড়ে গেল, 'আরাম আর যাকে বলে সংস্কৃতি, টাকা হলে দুটোই নিশ্চিত। কিন্তু ভালোবাসা কোনো কিছুরই নিশ্চয়তা দেয় না।' শফিক ধরে নেয় কেন আমরা অন্যের বাড়িতে থাকি বলে সে আমাকে অসম্মান করলে আমি তার সঙ্গে লেগে থাকব।
কখন যে পেছনে মা এসে দাঁড়িয়েছে টের পাই নি।
সেতু, কি করিস? মায়ের কথায় বাস্তবে ফিরে আসি।
কিছু না মা। এমনিই। বৃষ্টি দেখতে এলাম। গরমটা কমলে হয়।
বৃষ্টিতে গরম কমলো কোথায়! ঘামে শরীর চিড়বিড় করছে।
আমি হাসলাম।
তোমার গরম লাগে মা? তুমি তো দেখি গরমেও মরার মতো ঘুমাও।
ইস! বলেছে! কই ঘুমাই। রাতে কতবার আমার ঘুম ভাঙে তুই জানিস?
ঘুম ভাঙে! তোমার! কখন ভাঙে? শরীর খারাপ করে নি তো?
মা হাত নাড়িয়ে আশ^স্ত করেন। না না। শরীর খারাপ টারাপ এসব কিছু না। এমনিই। ঘুম ভেঙে যায়। তোর বাবার কথা খুব মনে পড়ে সেতু।
এ-কথাটার কোনো সান্ত্বনা নেই। কোলের ওপর রাখা হাতদুটো বাড়িয়ে মা'কে জড়িয়ে ধরি। অন্ধকারে মায়ের মুখটা স্পষ্ট দেখা যায় না। স্পর্শের আনন্দটাই কেবল আমাকে বিভোর করে রাখে।
তোর মন খারাপ করিয়ে দিলাম? থাক। এসব না বলি। আচ্ছা সেতু, শফিককে অনেকদিন দেখি না। তুইও ওদিকে যাচ্ছিস না, কী হয়েছে?
আমি সতর্ক হই।
কিছু হয় নি। এমনিই মা।
আমার গলায় হয়ত কিছু ছিল, মা আমার মাথায় হাত রাখলেন।
কিছু তো হয়েছেই। দিনরাত শফিকের সঙ্গে কথাবার্তা, দেখা করা, ঘুরে বেড়ানো, একসঙ্গে বইপড়া… এখন শফিকের ছায়াও দেখি না। ঘটনা কী সেতু?
মায়ের কাছে সাধারণত আমি নিজের ব্যক্তিগত কোনো ঘটনাই লুকোই না। গত কিছুদিন ধরে কেন শফিকের সঙ্গে যোগাযোগ নেই, কেন দেখা করি না, কেন তাকে ফোন করছি না, সেও ফোন করছে না, বিষয়গুলো ধীরে ধীরে বলার পর এ-ও বললাম, জীবন আমাদের সঙ্গে নিষ্ঠুরতা দেখিয়ে অন্যের বাড়িতে আশ্রিত করেছে, এটা কী আমাদের দোষ মা?
মা কথার ধারে-কাছে তো গেলই না, বরং গলায় উদ্বেগ ফুটিয়ে বললেন, শফিক ফোন করে নি, তুই কেন করলি না? সে দুষ্টুমি করে কি বলেছে তাতে এত রাগ করার কিছু নেই সেতু। তুমি বড় হয়েছ না?
মা বেশি রেগে গেলে আমাকে তুমি বলেন।
কিছুক্ষণ চুপ করে থাকলাম। বৃষ্টিটা এখন খানিকটা বেড়েছে। গ্রিল উপচে বৃষ্টিকণা মুখ ভিজিয়ে দিচ্ছিল, ওড়না দিয়ে মুখটা মুছে অন্ধকার ঠেলে মায়ের দিকে চাইলাম।
আমার মা! চল্লিশে বিধবা হয়ে অন্যের বাড়িতে একমাত্র মেয়েকে নিয়ে আশ্রিতা হয়ে জীবনের জোয়াল টানতে-টানতে যেন অল্প বয়সেই বুড়িয়ে গেছেন।
ঠিকাছে মা, আস্তে করে বললাম, আমি শফিককে ফোন করব, ওকে তো একটা মেসেজ পাঠিয়েছিলাম-উত্তর দেয়নি।
মেসেজ পাঠিয়েছিস, উত্তর পাসনি, এটা তো আরো চিন্তার বিষয়। তুই এক্ষুনি ওকে ফোন কর। আমার সামনে থেকেই কর।
এবার আমি হো হো করে হাসি। রাখো তো মা! এতদিন ফোন করিনি আর এক্ষুনি আমাকে ফোন করতে হবে! কালকে করব। অনেক রাত হল, চলো ঘুমুতে যাই।
সবাই তো সুখি হতে চায়, তবু কেউ সুখি হয় কেউ হয় না…
গান বাজছিল। বৃষ্টিধোয়া সকালে মান্না দে'র সুর চারদিকে মোহনীয় পরিবেশ তৈরি করেছে। ঘুম ভেঙে গেলেও বিছানায় শুয়ে থাকলাম আরো কিছুক্ষণ। কে বাজাল গানটা! মা ছাড়া আর কে! আমি যেমন মান্না দে'র গানের ভক্ত, মা'ও।
রান্নাঘর থেকে খাবারের উষ্ণ গন্ধ ভেসে আসছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাতটা।
শফিককে ফোনটা কখন করব একটু ভাবলাম। শফিকও আমার মত আরলি রাইজার। এখনই কলটা করা যায়। না থাক। নাস্তা করে তারপর ওকে ফোন করব।
উঠে একটা বই নিয়ে বারান্দায় বসলাম।
গতরাতের বৃষ্টি কখন থেমে গেছে কে জানে। সূর্যটা নরোম আলোয় চারপাশ ভরিয়ে তুলেছে।
দ্য নাম্বার ইউ আর কলিং ক্যান নট বি রিচড এট দ্য মোমেন্ট, প্লিজ ট্রাই এগেইন লেটার। শফিকের ফোনে রিং করলেই বার বার বার্তাটা ভেসে আসছে। অস্থির লাগছিল। ছোট ছোট বলের মত চিন্তাগুলো ভেতরে লাফিয়ে যাচ্ছে, শিরা-উপশিরা ছিঁড়ে যাবার উপক্রম। একই কথা, কয়েকবার রিং করলাম। শফিকের ফোন বন্ধ।
আগে কখনো শফিকদের বাড়িতে যাই নি। যদিও সেটি কোথায় ভালো করেই জানি। কয়েকবার নানা জায়গা থেকে ফেরার পথে শফিককে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে এসেছি। বাড়িটা ইকবাল রোডে।
রিকসা থেকে নেমে গেটের কাছে গিয়ে দারোয়ানকে খুঁজলাম। কেউ নেই। গেট খোলাই ছিল।
কাকে চান!
বেড়ালের মতো সরু পদক্ষেপে যে লোকটা পেছন থেকে প্রশ্নটা করল, সে নিশ্চয়ই বাড়ির দারোয়ান। নিশ্চিত হতে জিজ্ঞেস করি, আপনি এখানে থাকেন?
হ্যাঁ। এখানেই। আমি এ বাড়ির পাহারাদার।
নিজেকে দারোয়ান না বলে পাহারাদার বলার কারণটা ঠিক বুঝতে পারলাম না।
কথা না বাড়িয়ে সরাসরি জানতে চাইলাম, শফিক আছে? আমি শফিকের ক্লাসমেট।
লোকটা প্রশ্ন শুনে চুপ মেরে গেল। কোনো উত্তর না পেয়ে আবার প্রশ্ন করলাম,
ভাই, শফিককে একটু ডাকবেন। আমার খুব দরকার।
লোকটা এবার মুখ খুলল। তবে সে যা বলল সেটা পুরোটা শোনার শক্তি আমার ছিল না। কেমন যেন মাথা ঘুরে উঠল।
যে রিকসাটায় শফিকদের বাড়ি এসেছিলাম সেটি চলে যায় নি। গেটের কাছেই দাঁড়িয়ে ছিল। মাটির তরঙ্গ পায়ের নিচে। ছুটে বেরিয়ে এলাম। রিকসায় উঠে কোনো মতে বলতে পারলাম, পঙ্গু হাসপাতালে চলেন তো ভাই।
রিকসাটা যেন আস্তে চলছিল আর শাদা চাদরের মত বাতাস যেন রিকসাটাকে জড়িয়ে ধরছিল। নিস্তব্ধ হয়ে বসে আছি।
একটু আগে দারোয়ান যে দিনের কথা বলল, সেদিনই। বিকেলের সমস্ত আকাশ জুড়ে যেদিন মেঘ করেছিল, আমার সঙ্গে শফিকের শেষ দেখার দিন। শফিক পিজি হাসপাতালের সামনে রাস্তা পার হতে গিয়ে চলন্ত গাড়ির তলায় পড়ে যায়। খুব বড় অ্যাক্সিডেন্ট। মরেই যেত। গাড়িটা ব্রেক না কষলে এতদিনে শফিককে হাসপাতালে দেখতে না ছুটে কবরস্থানে গিয়ে দাঁড়াতে হত আমাকে।
ছি! কী ভাবছি আমি! ক্লান্ত, বিধ্বস্ত লাগে নিজেকে। বাতাসের আগলভাঙা ধাক্কা কেটে রিকসাটা একসময় পঙ্গু হাসপাতালের সামনে এসে দাঁড়ায়।
দারোয়ান বলেছে অ্যাক্সিডেন্টে শফিকের বাম পা একেবারে গুঁড়িয়ে গেছে। বাম পাঁজরের খানিকটাও আঘাতপ্রাপ্ত। পঙ্গুতে দুটো অপারেশনের পর এখন শফিককে দিল্লিতে নেবার চেষ্টা চলছে। এখানকার ডাক্তাররা জানিয়ে দিয়েছে উঠে দাঁড়াতে হলে শফিকের কৃত্রিম পা লাগবে।
একটা মাস শফিকের উপর দিয়ে যমে-মানুষে টানাটানি চলছে। আচ্ছা, আমি কেমন মানুষ! একবারের জন্য কেন ওকে ফোন করার চেষ্টা করলাম না! জবাব নেই কোনো। প্রচণ্ড হতাশ লাগছিল। শফিকদের দারোয়ান যেভাবে বলে দিয়েছে, ব্লক-সি, দক্ষিণ গেটের লিফটে উঠে ১৫১৪ নম্বর রুম। সেভাবেই রুমটার সামনে এসে দাঁড়ালাম। কী কাকতাল! কলেজে আমাদের ক্লাশও ১৫১৪ নম্বর রুমে হত।
দরজাটা আধখোলা ছিল। নক করতেই একজন নার্স বেরিয়ে এলেন। তাকে এড়িয়ে রুমে ঢুকে পড়লাম। নার্সটা কি ভেবে আর দাঁড়ালো না। চলে গেল।
শফিক!
ঘুমের পর মুখটা যেমন ফোলা ফোলা থাকে শফিকের মুখ সেরকমই ফোলা। গলা পর্যন্ত চাদর টানা বলে ভেতরের ভাংচুর বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু মনোযোগ দিয়ে বিছানায় শুয়ে থাকা শফিককে দেখলেই অনুভব করা যায় এ ক'দিনে তার ওপর দিয়ে কেমন ঝড় বয়ে গেছে।
হাতটা শফিকের কপালে রাখলাম। কপালটা ঠাণ্ডা।
সেতু!
শফিকের ঘুম ভেঙে গেছে।
অপ্রস্তুত আমি এবার রুমটার চারদিকে চোখ বুলাই।
ডেটল, ওষুধ, আর কেমন যেন জুঁই ফুলের একটা গন্ধ রুমটার চারপাশে ভেসে বেড়াচ্ছে।
শফিক ভাঙা গলায় আবার ডাকে, সেতু।
আমি কিছু বলি না।
শফিক নিজেই বলে সবকিছু। সেদিনই। যেদিন সদরঘাটে যাব বলে শফিক আমাকে ভর্ৎসনা করেছিল, আমি অভিমান নিয়ে বাড়ি চলে গেলাম। আমাকে বিদায় দিয়ে আজিজে যাবে বলে শফিক রাস্তা পার হচ্ছিল। আনমনা ছিল বোধহয়। দ্রুতগামী বাসটা লক্ষ করেনি। ভাগ্যিস বাসচালক ব্রেক কষেছিলেন, নইলে পুরো শরীরটাই বাসের নিচে চলে যেত।
শফিক বলে, জানিস সেতু। মোবাইলটা বাসের নিচে যায় নি। ছিটকে পড়েছিল দূরে। কোনো এক হৃদয়বান মানুষ বাবাকে ডায়াল করেছিল। সেই ফোনটা অবশ্য আমার হাতেও আসে নি আর। বাবা ওটা বাড়িতে নিয়ে গিয়েছিল। বন্ধ করে রেখেছে মনে হয়। কারণ আমার বন্ধুরা কেউ ফোন করে পাচ্ছে না। তুই কী ফোন করেছিলি? খবরটা পাসনি? তাহলে একমাস পরে কেন এলি সেতু? তুই জানিস না, তুই এই পৃথিবীতে আমার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে আপন, সবচেয়ে ভালোবাসার মানুষ।
একদমে শফিক কথাগুলো বলে।
আমি যে সে রাতে রেগে-মেগে একটা মেসেজ পাঠিয়েছিলাম সেটা তাহলে শফিক দেখেনি। না দেখুক। কখনো না দেখুক। আমার তো শফিকের ওপর আর রাগ নেই।
শফিকের হাতটা চেপে ধরি।
আর কিছু বলিস না শফিক।
শফিক চুপ করে যায়।
তুই কখন দিল্লি যাবি শফিক?
যাবো। সামনের সপ্তাহেই। ডাক্তার বলেছে আমার বাম পাঁজরের হাড়গুলো ঠিক হয়ে যাবে, কিন্তু বাম পা টা মনে হয় আর ঠিক হবে না। ওখানে কৃত্রিম পা লাগাবে দিল্লিতে।
তাহলে আর কি। আমি শফিককে আশ্বস্ত করি, কৃত্রিম পা দিয়ে তুই হাঁটবি। আমরা দু'জন আবার আগের মত সারা শহর চষে বেড়াব।
হ্যাঁ। সবই হয়ত ঠিক হয়ে যাবে, শুধু মন্দ লোকে আমাকে মাঝে মধ্যে ল্যাংড়া বলে ডাকবে। তাই না সেতু?
ছি। এসব বলিস না।
সেতু!
বল শফিক।
তোকে যে আমি সেদিন তোরা অন্যের বাড়িতে আশ্রিত বলে উপহাস করেছিলাম, আর তুই অভিমান নিয়ে চলে গিয়েছিলি, প্রকৃতি কী তার প্রতিশোধ নিল, শোধবোধ করে দিল সব হিসাব। তোর একটা খুঁত আছে, আমাকেও একটা খুঁত দিয়ে দিল। শফিক ম্লান হাসে।
আমি স্তব্ধ হয়ে ওর হাতটা মুঠোয় নিয়ে বসে থাকি।
ভারসাম্য বুঝলি সেতু! প্রকৃতি ভারসাম্য রক্ষা করল। তোর সঙ্গে আমাকে মেলাতে হলে আমার জীবনে এমন একটা ঘটনার দরকার ছিল যখন তুই আর আমি সমান হয়ে যাব। আমি এগিয়ে তুই পিছিয়ে তা আর থাকল না। একটা ঘটনা যা বদলে দেয় অসংখ্য ঘটনা। আমার দুর্ঘটনা সমান করে দিল সবকিছু।
বলার জন্য হাজারটা কথা ভিড় করলেও আমার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। কেবল প্রকৃতি, ভারসাম্য, সমান হওয়া… এসব কিছু বুদ্বুদের মত চারপাশে ভাসতে লাগল।
