২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমা সিনেমা জীবনের ছেঁড়া সেলুলেয়ডে

রুখসানা কাজল রুখসানা কাজল

Published : 12 Apr 2021, 12:04 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


শরীর খুবলে কিলবিলিয়ে রাগ উঠে এসেছিল রাজুর মাথায়। উফফ্‌ আল্লাহ্‌ ! সে কী সামান্যতম শান্তিও পাবে না তার নিজের বাড়িতে বসে !
সটাৎ সটাৎ করে যখন বেল্ট চালাচ্ছিল কুকুরটার গায়ে মাথায় পিঠে তখন অপার এক পৈশাচিক আনন্দ হচ্ছিল ওর মনের ভেতর। ইচ্ছে করছিল গুস্তাভের সাথে পূরবীকেও বেধড়ক কতগুলো চড়-চাপড় মেরে দিতে। পূরবী এখন হাতের নাগালের বাইরে যথেষ্ট সুরক্ষিত থাকে। অনেকদিন হয়, মেরে মনের ঝাল মেটাতে পারে না সে। বহু বছরের বহু রাগ, ক্ষোভ, বিদ্বেষ আর অপমান জমে আছে রাজুর মনে। আক্রোশে ফুঁসে আছে মগজ। দুর্দমনীয় সে সব আক্রোশ প্রতিটি মারের সাথে আজ ফেটে বেরিয়ে আসছিল। কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। মনে হচ্ছিল, এক্ষুণি সে মেরে ফেলবে পূরবীর প্রিয় পোষা কুকুরটাকে।
ভাগ্যিস ক্লান্ত হয়ে থেমে গেছিল !
আসলে বহু বছর ধরে কিছুতেই পূরবীকে সহ্য করতে পারে না রাজু। সহ্য হয় না। অনেক বার চেষ্টা করেছে । শান্তি ও সমঝোতার নীতি মেনে নিজেকে বুঝ দিয়ে বার বার এগিয়ে যেতে চেয়েছে। কিন্তু দু পা এগিয়ে পূরবীর ছায়া দেখলেই ওর ঘেন্না লাগে। কথা শুনলেই ওর কান জ্বলে যায়। কাছে গেলেই রিরি করে ওঠে মন। এমনকি এতগুলো বছর ধরে একই ফ্ল্যাটে তার সাথে এখনও পূরবী বহাল রয়েছে এ ব্যাপারটাও রাজুর কাছে অসহ্য লাগে। কেবলই মনে হয়, নিজের শারীরিক অক্ষমতাকে স্বীকার করে পূরবী কি পারত না রাজুকে মুক্তি দিতে ! কিম্বা পূরবীই থাকত, রাজুকে সুযোগ করে দিত একজন সুস্থ স্বাভাবিক নারীর সাথে আলাদা সংসার গড়ে তুলতে ? না হয় দয়াই করত ! অযৌন অসুস্থ পঙ্গু এক নারীর সাথে দিনের পর দিন কেবল কাষ্ঠদন্ড হয়ে বেঁচে থাকা কী কোন সুস্থ সবল পুরুষের পক্ষে সম্ভব ?
মাঝে মাঝে শান্তি ও সমঝোতার ইচ্ছেগুলো উড়ে গিয়ে খুনের ইচ্ছা পেয়ে বসে ওর মনে। বিশেষ করে টাকাপয়সা দেওয়া নেওয়ার সময় ! পূরবী যখন ঘাড় কাত করে ওর দিকে তাকায় তখন রাজুর মনে হয়, সে যেন এক্স রে মেশিনের সামনে দাঁড়িয়ে আছে। নিশ্চিত বুঝে যায়, আগাপাশতলা ওকে ছেঁকে নিচ্ছে এ খোঁড়া রাক্ষুসী।
তাছাড়া শরীর জড় হলে কি হবে ! পূরবীর মাথা খুবই সচল। রাজু ভাল করেই বুঝতে পারে, ঠান্ডা বুদ্ধিতে সূক্ষন পরিকল্পনা ফেঁদে ওকে খেপিয়ে তোলা হয়। যাতে ওর ভেতরের অসুখি পশুটা গরগর করে বেরিয়ে আসে। আর অকথ্য গালাগাল দিয়ে সভ্য ভব্য চেহারাটা খুলে ফেলে দূষিত করে ফেলে বাড়ির পরিবেশ। আসলে সমাজের সুপার এলিট হাই ক্লাশে এই যে রাজুর স্নিগ্ধ শান্ত ভদ্র মার্জিত এবং বুদ্ধিজীবি উত্তরণ পূরবী কিছুতেই মেনে নিতে পারে না। হিংসা হিংসা ! স্রেফ হিংসা ! খোঁড়া বুড়ির পেটে পেটে কুচক্র। গুপ্ত শয়তানি নারী যেন কোথাকার !
মেয়েদুটোও হয়েছে তেমন। একেবারে মায়ের অন্ধ বাহন। দু মেয়েই এখন লায়েক হয়ে গেছে। একটু বেশি মাপের বড় লায়েক। রাজুর পরিচয় এখন লাগে না মেয়েদের। রাজুও ওদের তেমন পোঁছে টোছে না। সেভাবে ওরাও রাজুর খোঁজ তল্লাশ রাখে না। আজকাল দু মেয়ের কারও সাথে ওর তেমন সম্পর্ক নেই বললেই চলে।
বড় মেয়ে রুমকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সাথে হিউমেন এক্টিভিস্টও। নানা রকম ইস্যু ভিত্তিক কর্মকান্ড নিয়ে পরিচালিত কয়েকটি এনজিওর স্লিপিং উপদেষ্টা। এছাড়াও বিশেষ রাজনৈতিক গুরু এবং বিশিষ্ট রাজনীতি বিশেষজ্ঞ হিসেবে তার অস্বীকৃত এবং অপ্রকাশ্য পরিচয় রয়েছে। রাজু জানে এসব পকেট রাজনীতি মাত্র। সারা বাংলাদেশে হাতে গোণা কয়েক হাজার নেতাকর্মী রয়েছে এসব দলের। এদের কাজ হচ্ছে সুদৃশ্য পোষ্টার ফেস্টুন নিয়ে দেশের স্পর্শকাতর জায়গাগুলোতে হত্যে দিয়ে বসে বা মিছিল করে প্রতিবাদ করা। কখনও সরকার বিরোধী, কখনও ব্যক্তি প্রতিষ্ঠান বা বিদেশি কোন রাষ্ট্রের বিপক্ষেও সোচ্চার শ্লোগানে উত্তাল থাকে এরা। মাঝে মাঝে পুলিশি ধাওয়া মারপিট চলে। ফেসবুক ভরে যায় এদের সমর্থন পোষ্টে। কিছু দিন পর এদের আর দেখা যায় না। তবে কিছু ইনোসেন্ট কর্মী বাদে দলের অধিকাংশ নেতাকর্মীদের পরিচয়ের মূলে গেলে দেখা যায়, এদের বাবা বা দাদা চাচারা ছিল সরাসরি বা প্রচ্ছন্ন মুক্তিযুদ্ধ বিরোধী।
আটশট্টি উনসত্তর সালের দিকে সেও জড়িয়ে গেছিলে এরম রাজনীতির সাথে। তখন সত্যিকারের আদর্শ ও শ্লোগান ছিল । কমিউনিজম প্রতিষ্ঠায় টেকনিক্যাল ভুল থাকলেও আদর্শের ক্ষেত্রে কোন ভুল বা আপোষ ছিল না ওদের। এটা সত্যি বাইরে থেকে অর্থ ও অস্ত্রও পেয়েছিল ওরা। কিন্তু একাত্তরের স্বাধীনতার আগে এবং পরে তাদের রাজনৈতিক বিশ্বাসের সাথে গণজনতার কোন সম্পর্ক ছিল না। কয়েকজন জোতদার, ভূস্বামী, সাংসদ কিম্বা ধনী ব্যবসায়ীকে খুন করে তারা যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দিয়েছিল, তাতে জনগণ তাদের ডাকাত হিসেবেই গণ্য করে নিয়েছিল। অনেকেই ওদের শিক্ষিত ডাকাত, নকশাল ডাকাত, আন্ডারগ্রাউন্ড ডাকাত বলত। পরবর্তিতে এসব দল আভ্যন্তরীণ স্বার্থে অন্ধ হয়ে দ্বন্দ সংঘাতে জড়িয়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়েছিল দল উপদলে। একদল আরেক দলের নেতা কর্মীদের সন্ধান জানিয়ে দিয়েছিল পুলিশ বাহিনীকে। আবার কেউ কেউ নিজেরাই খুনোখুনি করে মরে গেছে।
রুমকি সে পথে হাঁটেনি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বাম রাজনীতির কয়েকটা দলকে ইনডাইরেক্টলি নেতৃত্ব দেয় সে। কিন্তু এদের সাথে প্রকাশ্যে কোন সভা সমিতিতে কখনও যোগ দেয় না। সব সময় দেশের মূল বুদ্ধিজীবিদের সাথে থাকে। মাঝে মধ্যে সেই সব বুদ্ধিজীবিদের সাথে বড় বড় ইস্যুতে শাহবাগে মোমবাতি জ্বেলে আসে। তাত্ত্বিক কিছুমিছু বলে। সে বক্তব্যে ক্ষমতাসীন প্রতিটি দলের বিপক্ষে যুক্তি থাকে। সে যে কোন দল হোক না কেন। তবে রাজু জানে আওয়ামী লীগের একজন বিশুদ্ধ সমালোচক হচ্ছে রুমকি রাজুদ্দিন হাসান । আর আওয়ামী লীগের ত দোষের অভাব নেই। যাবতীয় সাফল্যকে ছাড়িয়ে স্বজনপ্রীতি ও স্বজন তোষণ এ দলের পুরনো অভ্যাস ও দুর্বলতা। বাহাত্তরে বিভেদ এসেছিল এই স্বজন তোষণকে ভিত্তি করে। রাজু জানে না রুমকি কখন, কিভাবে এদের সাথে ভিড়ে গেল ! দিন দিন ঝানু হয়ে উঠছে রুমকি আর হাসান। আজকাল অনেকেই রুমকি আর হাসানের বাবা হিসেবে রাজুকে পরিচয় করিয়ে দেয়। রাজুর ফিলিংস হয় ব্লিচিং পাউডারের সাথে চিনিগোলা শরবত খাওয়ার মত।
এখন পর্যন্ত বিয়ে করেনি রুমকি। ইচ্ছে হলে করবে না হলে করবে না বলে সাফ্‌ জানিয়ে দিয়েছে ওর মাকে। বার কয়েক লিভ টুগেদার করলেও স্থায়ী সম্পর্কে জড়ায়নি । ছাত্রছাত্রিদের কেউ কেউ আড়াল আবডালে বাইসেক্সুয়াল ম্যাম বলে ডাকে। হলেও বা কী। পূর্ণ স্বাধীনতা নিয়ে বড় হয়েছে মেয়েরা। যৌনতা একটি উপভোগের ব্যাপার। জোর জবরদস্তি না করে যে যেভাবে খুশি উপভোগ করতে চাইলে , করুক। তাছাড়া রুমকি সারাক্ষণ সাঙ্গপাঙ্গদের নিয়ে চলাফেরা করে। ভাবে ভঙ্গীতে চে গুভের‍্যা স্টাইল। চলাফেরায় ফিদেল ক্যাস্ত্রো। সাঙ্গোপাঙ্গোরাও রুমকির অনুসারি। কখন যে দেশে থাকে আর কখন বিদেশ যায় রাজু এর কিচ্ছুটি জানে না। জানতেও চায় না।
ছোট মেয়েটার ক্লিন হার্ট। যা বলবে সামনা সামনি ফাটিয়ে বলে চলে যায়। রাজুর মতই মুখফোড়। ওর মতই যাচ্ছেতাই বলে গালিগালাজ করতে জানে। এ মেয়েটা প্রেম সংসার সন্তান নিয়ে থাকতে ভালবাসে। যদিও সংসারের স্থায়িত্ব সারাক্ষণ টালমাটাল করে রাখে। এ পর্যন্ত তিনবার বিয়ে করেছে। দেশি বিদেশি তিনজন স্বামী। দেশি বিদেশি চারজন ছেলেমেয়ে। এখন বিদেশে থাকে। বিদেশি বর। খুব ভাল চাকরি করে। হুটহাট করে রাজুকে কল দেয় কোন কোন দিন। প্রতিটা কল শেষ হয় দুজনের তুমুল ঝগড়া দিয়ে। বিদায় সম্ভাষন না জানিয়ে দুজনের যে কেউ খট করে কেটে দেয় কল। এক কালে রাজুর ধারণা ছিল ছোট কন্যাটি হয়ত তাকে ভালবাসে। একটুখানি হলেও তাকে বোঝে। কিন্তু সে ধারণায় হাতুড়িপেটা করে এ মেয়েটাও বহু দূরে সরে গেছে।
তবে তাদের দুমেয়েই যথেষ্ট মারকুটে। যে কোন হাতিয়ার চালাতে দক্ষ। পূরবী এ জিনিসটা ভাল করেছে। ওদের আত্মবিশ্বাস আছে, মেরে তবে মরবে।
অসুস্থ মায়ের সেবাযত্ন আর রাজুর হাত থেকে রক্ষা করার জন্যে মেয়েরা ষন্ডা দেখতে দুজন লাঠিয়াল টাইপের মহিলা রেখে গেছে ফ্ল্যাটে। এদের নাম সে এখনও জানে না। প্রতিমা ফতিমা জাতীয় কিছু হবে হয়তবা। নিঃশব্দ মারধোরে এরা যে কি জাতের পারদর্শী তা কল্পনাও যায় না। প্রথম প্রথম এদের স্রেফ দুস্থ মহিলা ভেবে তেমন পাত্তা দেয়নি সে। পূরবীকে বেশ কয়েকবার শারীরিকভাবে আঘাত করেছিল রাজু। কিন্তু একদিন দিনে দুপুরে সামান্য একটা গামছা দিয়ে ওরা এমন প্যাচে কষেছিল রাজুকে, দিন দশেক বিছানা থেকে উঠতে পারেনি সে। তখনই বুঝেছিল, কয়েক শতাব্দী আগের খুনি ফাঁসুড়েরা এখনও নিশ্চিহ্ন হয়ে যায় নি এদেশ থেকে। এখন খানিক ভয়ে ভয়ে থাকে সে। এই মহিলা দুজনের কারণে গুটিয়ে রাখতে হয় ওর জিঘাংসা।
রাজু নিজের মত করে বুঝে নেয়, আজকের কান্ডটা ঘটানো হয়েছে গভীর ষড়যন্ত্র করে। পূরবী দিব্যি জানত, এখন লেখাটার প্রায় শেষ পর্যায়ে রয়েছে রাজু। আর তখুনি ডিস্টার্ব করার জন্যে গুস্তাভকে পাঠিয়ে দিয়েছিল ওর রুমে।
আহা রে ওর লেখাটা !
বাস্তবে লেখার একেবারে শেষ প্যারায় ছিল রাজু। এরমধ্যে কখন যে ঘরে ঢুকে ল্যাপ্টপের কানেকশন তার নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল গুস্তাভ কে জানে ! লেখার মাতালে মগ্ন ছিল বলে সেভাবে খেয়াল করে নি। হঠাত তুপ করে একটা শব্দ হয় আর সাথে সাথে অফ হয়ে যায় ওর ল্যাপ্টপ। গুস্তাভ তখনও খেলছিল। খেলতে খেলতে কানেকশন তার টেনে খুলে ফেলেছে । তবুও রক্ষে ! ভাগ্যিস সেভ করা ছিল ! কিন্তু লেখালিখির এমন মোক্ষম জায়গায় এসে ল্যাপটপ অফ হয়ে গেলো যে লেখার ধারাবাহিকতা, স্পীড আর মুড নষ্ট হয়ে গেল রাজুর।
ভারতের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে লিখছিল সে। নিখিল ভারত কংগ্রেসের মাথা মুড়িয়ে ঘোল খাইয়ে বিপুল ভোটে দ্বিতীয়বারের মত ক্ষমতায় এসেছে বিজেপি। বিপুল আনন্দে সরকার গঠন করেছে নরেন্দ্র মোদী অমিত শাহ। কেরালার শক্ত বাম ঘাঁটি নড়বড়ে করে দিয়েছে। সশব্দ পতন হয়ে গেছে পশ্চিমবঙ্গে। বামরাজনীতি এখানে শর শয্যায়। মোদী দাঁত ফুটাতে না পারলেও বাম শূন্য করে ছেড়েছে ঘাসফুল। বাম দলের বাম হার্মাদ কমরেড ও নেতাকর্মীদের কেউ কেউ ওপেনলি রাইট টার্ণ নিয়ে নিয়েছে। তারা সকাল বিকেল এখন ঘাসফুলে উড়ছে ! তবে ঘাসফুলেও এবার ধ্বস নেমেছে। মহাধ্বস। ঘাসবনে ফুটে উঠছে দু একটা পদ্মকলি। আবার ঘাসফুলের কয়েকজন রাখালরাজা আধফুটন্ত পদ্ম হাতে নর্ম সহচরীসহ রাজসরোবরের পাঁকে ফুটবে বলে স্বাঅভিমানে চেয়ে আছে । ভ্রমরও জুটে গেছে তাদের সাথে।
তবে কি তৃণ-বাম সৈনিকদের জন্মান্তর ঘটছে ? পারস্পরিক শত্রুতা ফেলে সুবর্ণ সুযোগের সন্ধানে ঘোলা রাজনীতির পিচ্ছিল পথে তারা গলাগলি করে রামো রামো জয়ধ্বনি তুলে জয় শ্রীরামেই ভোট দিয়ে দিলো !
ভোট গেলে গেল। তা যেতেই পারে। জনতা জনার্দ্দন কে না জানে। কিন্তু কমিউনিজম ঝেড়ে ফেলে অদৃশ্য তামা তুলসি হাতে জ্জ্যয়সিরাম বোল তুলে যে ঝানু এবং পরীক্ষিত অনেক বাম রাজনীতিবিদও চলে গেল ঘাসফুল আর পদ্মবনে !
আহা ভারত। মহা ভারতের পথে পথে এখন গেরুয়া ধূলার ধূম্রজাল ! তবে কি অশ্বমেধের ঘোড়া গেরুয়া সাজে ছুটে চলেছে ! এর প্রভাব কী পড়বে না বাংলাদেশসহ পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর রাজনীতি সমাজ পরিবার আর ব্যক্তিগত সম্পর্কের বুননে ?
অন্যদিকে ধুঁকছে আসাম। ঝেঁটিয়ে দিচ্ছে বাঙাল আর মুসলিমদের। চার পুরুষের অধিবাসী বাঙ্গালী, জমি জিরেত ঘরবাড়ির মালিক হওয়া সত্ত্বেও স্রেফ কাগজ দেখাতে না পারায় জেল কিম্বা নির্বাসিতের আশ্রয় কেন্দ্রে নিক্ষিপ্ত হচ্ছে । হাত বেঁধে পশুর মত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে স্ত্রীকে পুত্র কন্যা স্বামী আত্মীয়দের সামনে। স্বামীকে স্ত্রী পুত্র কন্যা আত্মীয়দের সামনে।
মুসলিম এবং দলিত শ্রেণি ঠোঁটের ডগায় বিপদ নিয়ে বসবাস করছে। তাদের উপর করা একাধিক মামলা মোকদ্দমা, হত্যা, খুন, গুম, অত্যাচার, নির্যাতন স্বাভাবিক বলে ধরে নেওয়া হচ্ছে। অবৈধ অভিবাসন, চোরাকারবার, জঙ্গী হামলা ইত্যাদির ধোঁয়া তুলে বছরের পর বছর কাঁটাতার দিয়ে বাংলাদেশকে বদ্ধ করে ফেলছে ভারত। সেক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্র , রাজনীতি এবং জনগণএর উপর ভারতের এই নির্বাচনের ফলাফল কতটা পজিটিভ বা নেগেটিভ প্রভাব রাখবে ইত্যাদির প্রবাব্লিটি নিয়ে লেখার স্রোত ধেয়ে আসছিল ওর মাথায়।
যাচ্চলে ! এই গুস্তাভ হারামজাদার জন্যে সব গেল ! লেখার ন্যাচারাল ফ্লো টাই হাওয়ায় চেপে উপে গেল। রাগে মাথাটা জ্বলে উঠেছিল। বেদম কষে লাথি মারার আগেই ছুটে পালিয়ে গেছিল গুস্তাভ । তাতে সব রাগ গিয়ে পড়ে গুস্তাভের মালকিনের উপর। কাঁহাতক সহ্য করা যায় এই উপদ্রব ! শালার শালা ফ্ল্যাট ! এরচে ফাইজুলের বাগানবাড়িতে চলে গেলে বেশ ভাল হত। একচ্ছত্র নিরিবিলিতে বসে স্থানীয় গারোদের ঘরে বানানো পানীয় চু খেতে খেতে দু তিনদিনের ভেতর একটানে নামিয়ে ফেলতে পারত লেখাটা ! এমনকি লেখা শেষের আনন্দে শরীরের জট ভাঙ্গাতে কোন মফঃস্বল সুন্দরীর কোলে ফুর্তিসে শুয়ে বসে আনন্দ উপভোগ করতে পারত !
ক্রমবর্ধমান অর্থনীতির পাকে চক্রে ল্যাদ খেয়ে শহর নগর, আধাশহর বা গ্রামের উচ্চকাংখী মেয়েরা এখন খুব স্মার্ট এবং স্বাবলম্ব আকাঙ্ক্ষী। শারীরিকভাবে যাবতীয় ছুৎ মার্গহীন নির্মেদ সাহচর্য দিতে এবং নিতে এরা এখন যথেষ্ট স্বচ্ছন্দ, জড়তাহীন এবং হিসেবী। নিজেরাই শারীরিক ক্রিয়ার ষ্টেজ অনুযায়ী দাম নির্ধারণ করে দেয়। নাগরিক লেডিদের চাইতে এদের রেট বেশ কিছুটা সস্তা পড়ে। তবে উদ্ভট উদ্বায়ু ফ্যান্টাসিতে ভোগা নাগরিক খদ্দেররা বাড়তি হিসেবে পায় এদের শরীরে ভরপুর লেপ্টে থাকা মাটির সোঁদা গন্ধ। গেরস্থালী তাপ উত্তাপ।
অইসব চরম মুহুর্তেও রাজুর চকিতে মনে পড়ে যায়, ওর মাকে। ফুটন্ত ভাঁটফুল স্তন, ছৈতান ফুলের ঋতুমতী গন্ধ, বাসকপাতার নিরাময়ি আদর আর শাপলা পাপড়ির অটুট মায়ার কাজলে মাখা ছিল মায়ের মুখখানি। বিক্রমপুরের বিশাল বাড়ির উঠোনে ধান সেদ্ধ করছে মা। শুকনো খেজুরের ডাল চুলোর আগুনে গুঁজে দিয়ে হয়ত রাজুর কথাই ভাবছিল। খেতে বসে পরভৃৎদের দঙ্গলে একমুঠো ভাত ছড়িয়ে দিচ্ছে তার অশ্রুমতী মা। ভাবছে, রাজু বেঁচে আছে ত ! কেমন আছে ? ধরতে পারলে রক্ষীবাহিনী কি বাঁচিয়ে রাখবে তার ছেলেকে ? আর কী দেখা হবে এ পোড়া জীবনে ? ইঞ্জিনীয়ার না হয়ে এ তুই কি হলি রে বাপ ?
ফাইজুলের বাগানবাড়িতে কল দিলে যে কোন সময় কাউকে না কাউকে পাওয়া যাবে এমন ব্যবস্থা করা আছে। কেয়ারটেকার জগলুলের কাছে অতিথিদের জন্যে ডেইলি কেয়ার এক্টিভিটিজের সাথে উপাদেয় দেশি মদ এবং দেশি নারীদের নাম ধাম সন্ধান লিস্টিভুক্ত করা আছে। কচি ধাড়ি, ডাঁসা কুচ্ছিত, বিধবা সধবা, বিচ্ছিন্না, প্রৌঢ়া, কর্মজীবি বা গৃহস্থ নারীদের মোবাইল নম্বর মুখস্থ জগলুলের। কেউ চাইলে আলাদ্দিনের দৈত্যের মত উঠতি তরুণ বা কিশোরও এনে দেয় জগলুল।
রাগের সাথে যৌন চিন্তা মিশে এক বিশ্রী শারীরিক বিক্রিয়া তৈরি হয় রাজুর। নেকড়ে নেকড়ে স্বভাবে শরীরের রোমকূপগুলোর সাথে বুড়ো পুরুষাঙ্গটিও জেগে ওঠে সখেদে। আর্টিকেলটি লিখতে যে বাঁধা বিঘ্নের বিশ্রী জট পাকিয়ে গেছে তা খুলতে গেলে এখন ওর নিজেকেও স্খলন করতে হবে। আটষট্টির অতৃপ্ত শরীর। ক্ষুধার চাইতে দ্রুত স্খলন হতে চাওয়ার ইচ্ছেটা প্রবল হয়ে ওঠে। কমপ্যাক্ট ফিজিক্যাল এপিসাইট। উগ্র, উদগ্র ব্যসন। সময়মত নিবৃত্তি না হলে সে পাগলের মত ক্ষুধার্ত হয়ে যায়।
রাগের মোহে ক্ষণিকের জন্যে একবার ভেবেছিল, যত কষ্টই পাক গিয়ে পূরবীকে ধ্বসে দিয়ে আসে। আইনত সে ত তার স্ত্রী। সামাজিক সব রকমের সুযোগ সুবিধে সন্মান ত পূরবীই ভোগ করছে। সুতরাং স্বামিকে তৃপ্ত করার দায় ত স্ত্রীর।
পরমুহুর্তে নিজেকে সামলে নেয়। আজকাল কি সব সহবাস ধর্ষণ ফর্সনের কথা শোনা যাচ্ছে। সম্মতি টম্মতি না নিয়ে নারীদের দেহ নিয়ে ভোগের লীলাখেলা করা আর চলবে না। এমনকি সে নিজের স্ত্রী বা প্রাণের বান্ধবী হলেও নয়।
আর তার তো অসুস্থ বুড়ি স্ত্রী। পিওর হ্যান্ডিক্যাপড। অযৌন হয়েও দখলে রেখেছে রাজুর জীবন। কে বোঝে ? মানুষ কেবল মহত্ত্ব চায়। পূরবীর হুইল চেয়ার ধরে রাজুর নিমীলিত চেহারাই দেখতে চায় সবাই। রাজু কি খোঁজা নাকি ইম্পোটেন্ট ?
নিজেকে সামলে নিয়ে রাজু ভাবে, তেমন কিছু ক্ষতি হয়ে গেলে এ বয়সে এসে মানহানির অসম্মানে জড়াতে হবে। এখন সে এসব চায় না।
তাছাড়া পূরবীকে ভেবে অতিকায় এক বিবমিষা গুলিয়ে ওঠে রাজুর মনে। শারীরিক তাড়নার পাগলামি রাজুকে ঠেলে নিয়ে আসে যন্ত্র মানবীর কাছে। এইই ভাল। বেশ ময়না ময়না টাইপের সুইট লেডি। যথেচ্ছ ব্যবহারে ধর্ষণ ফর্সনের মামলায় ফেঁসে যাওয়ার ভয় নেই।
তাছাড়া সমাজ এবং অনুগামীদের কাছে দায়বদ্ধ স্ত্রীতে অসুখী একজন সক্ষম পুরুষের এ ছাড়া আর উপায় কি !