২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কায়সার আহমদ-এর গল্প: অমরত্ব

কায়সার আহমদ

Published : 13 Feb 2021, 02:02 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


আরেফিন সাহেব মহাসড়কে ফাঁকা নির্জন রাস্তা পেয়ে বেশ জোরেই গাড়ি চালাচ্ছিলেন। পাশে তার স্ত্রী নূপুর। গাড়িটা দাউদকান্দির কাছাকাছি আসতেই হঠাৎ স্যুট-টাই পরা একটি লোক হেঁটে আকস্মিকভাবে ঠিক তার গাড়ি বরাবর রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ল। আরেফিন সাহেব ভাবলেন লোকটা হয়তো আত্মহত্যা করতে চাচ্ছে। তিনি ব্রেক করার চেষ্টা করলেন এবং বাঁ দিকে গাড়িটিকে ঘুরিয়ে লোকটিকে পাশ কেটে যেতে চেষ্টা করলেন। কিন্তু গাড়িটি বাম দিকে ঘুরল ঠিকই তবে ডান দিকে আর ঘুরতে পারল না। গাড়িটি একবার ডিগবাজি খেয়ে সোজা রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে সোজা হয়ে বসল। খাদটা শুকনা, কোনো পানি ছিল না। আরেফিন সাহেবের সিটবেল্ট বাঁধা ছিল তাই তিনি তেমন একটা ব্যথা পেলেন না। মাথাটা কোথাও বাড়ি খেয়েছে তাই মাথায় ভীষণ ব্যথা হচ্ছিল। তিনি দরজার গ্লাস খোলার চেষ্টা করলেন। গ্লাস খুলে গেল। তিনি স্ত্রীর দিকে তাকালেন। স্ত্রী অচেতন হয়ে আছে। বেঁচে আছেন কিনা বুঝতে পারছেন না। তিনি এবার জানালা দিয়ে রাস্তার দিকে তাকালেন। দেখেন যে লোকটি আত্মহত্যা করার চেষ্টা করেছিল সে রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে। লোকটির পরনে কালো রঙের স্যুট, কালো রঙের টাই আর সাদা শার্ট। মাথা পরিষ্কার করে কামানো। একটু আগে দাড়ি কামিয়ে এসছেন বলে মনে হচ্ছে। গোলগাল নাদুসনুদুস কৃষ্ণ বর্ণের চল্লিশোর্ধ চেহারাটা বিকেলে মোলায়েম রোদে চকচক করছিল। লোকটি তার দিকে তাকিয়ে তাকে দেখছিল আর বিদ্রূপের হাসি হাসছিল। আরেফিন সাহেবের মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছিল। ঘুম ভেঙে গেল। তিনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন।
আরেফিন সাহেব লেপ গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি দেখেন যে সারা শরীর ঘেমে গেছে। কপালে ও গলায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। লেপ সরিয়ে তিনি উঠে বসলেন এবং ডিম লাইটের আলোয় পাশে ঘুমন্ত স্ত্রীর দিকে তাকালেন। স্ত্রী অঘোরে ঘুমাচ্ছে। তিনি বাতি জ্বেলে খাটের পাশে সাইড টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢাললেন এবং পুরো এক গ্লাস পানি খেয়ে ফেললেন। তার খুব সিগারেটের নেশা চাপছিল যদিও তিনি সিগারেট খাওয়া ছেড়ে দেয়ার চেষ্টা করছেন। তিনি সিগারেট নিয়ে তার স্ত্রীর শাল গায়ে দিয়ে তার আটতলার ফ্ল্যাটের ঝুলবারান্দায় আসলেন। এত বড় ফ্ল্যাটে থাকেন তারা স্বামী-স্ত্রী দু'জন মাত্র। ছেলে তিনজনই আমেরিকায় থাকে। বড় আর মেজো ছেলে বিয়ে করেছে আর ছোটজন এখনো পড়াশোনা করছে ওখানে। তিনি লাইটার দিয়ে সিগারেট ধরালেন। বাইরে ঠান্ডা থাকা সত্ত্বেও শাল গায়ে থাকার কারণে তার শীত লাগছিল না। বরং আরাম লাগছিল। তিনি সিগারেট থেকে ধোঁয়া ছাড়ছিলেন আর ধোঁয়ারা কুণ্ডলী পাকিয়ে উপরে আকাশের দিকে উঠে যাচ্ছিল। ফজরের আজান দেয়ার সময় হয়ে এসেছে। তিনি আকাশের দিকে তাকালেন। ছাইরঙা আকাশে দৃশ্যমান তারাগুলো দেখে ভ্যান গঘ অঙ্কিত নক্ষত্রশোভিত রাত্রির আকাশের কথা মনে পড়ে গেল তার। আঁধার জটলা পাকিয়ে আছে এদিক-ওদিক। নীলাভ মেঘেরা শত কোটি বছরের ঘটে যাওয়া ঘটনার জীবন্ত ও একমাত্র সাক্ষী দুর্জ্ঞেয় ডিম্বাকৃতির চাঁদকে একবার ঢেকে দিচ্ছিল আবার ছেড়ে দিচ্ছিল। জোৎস্নার মায়াবী আভায় দীপ্তি ছড়াচ্ছিল যন্ত্রজীবনে অভ্যস্ত ঘুমন্ত নগরের পথ-ঘাট, অলি-গলি, মসজিদ-মন্দির, শিক্ষালয়, বাজার-মাজার, শপিং মল আর বিরল খেলার মাঠে। মহল্লার কয়েকটা কুকুর হঠাৎ হঠাৎ ডেকে রাত্রির নির্জনতা ভেঙে খান খান করে দিচ্ছিল। গলির মোড়ে একটা পেয়ারা গাছে চড়ুই পাখির দল কিচিরমিচির শব্দ করে জানান দিচ্ছিল যে ভোর হতে আর বেশি দেরি নেই। নিচের ফ্ল্যাটের ঝুলবারান্দায় রাখা পোষা আমেরিকান কিং কবুতরেরা বাকবাকুম বাকবাকুম করে ডেকে ভোরকে আরো তাৎপর্যমণ্ডিত করে তুলছিল। কোথায় যেন বিড়াল শিশুরা কান্নার সুরে ডেকে যাচ্ছিল। তার সিগারেট খাওয়া শেষ হলে চা-য়ের তেষ্টা পেল। ঝুলবারান্দার দরজা বন্ধ করে তিনি বেডরুম হয়ে ডাইনিং রুমে ঢুকলেন। ওভেনে পানি গরম করে টি-ব্যাগ চায়ের কাপে ডুবিয়ে দিয়ে খাওয়ার টেবিলে কাপ নিয়ে বসলেন।
চা খেতে খেতে তিনি রাতে দেখা স্বপ্নটা নিয়ে ভাবতে লাগলেন। তিনি কেন এরকম স্বপ্ন দেখলেন? দুর্ঘটনার পর তার স্ত্রী বেঁচে ছিল না মারা গিয়েছিল তা তিনি জানেন না। স্বপ্নের কি কোনো অর্থ আছে? স্বপ্নের কি কোনো তাৎপর্য আছে? স্বপ্ন কি অবচেতনের ইচ্ছাপূরণ? তা কী করে হয়? তিনি কেন তার স্ত্রীর মৃত্যু কামনা করবেন? হতে পারে নূপুর অসুস্থ। তার ভীষণ ডায়াবেটিস, থাইরয়েড গ্ল্যান্ডে সমস্যা, কোমরে ব্যথা। হতে পারে নূপুর বুড়িয়ে গেছে। পঁয়তাল্লিশ বছরের নূপুরকে দেখলে মনে হয় যেন পঞ্চান্ন। তার স্তন চুপসে গেছে, গালে বিস্তৃত স্থানে মেছতার দাগ। গাল ভেঙে গেছে, চক্ষু ভেতরে চলে গেছে, কোমরে সবসময় বেল্ট পরে থাকতে হয়। বুক ও মুখের কোথাও যৌবনের লেশ মাত্র নেই। কিন্তু তবু তিনি তার স্ত্রীর মৃত্যু কামনা করেন না। দৈহিক মিলন শেষ কবে হয়েছিল তা তিনি মনে করতে পারেন না। যদিও যৌনাকাঙ্ক্ষা যখন তীব্রতর হয় তখন তার নূপুরের উপর ভীষণ রাগ হয়। তার মাথা খারাপ হয়ে যায়। তিনি অ্যালিস মুনরোর একটা গল্পে পড়েছিলন যে গল্পে স্ত্রী দীর্ঘদিন অসুস্থ থাকাতে যৌনতাড়না দমন করতে না পেরে এক মাঝবয়সী ভদ্রলোক আত্মহত্যা করেছিল। কিন্তু তার সে-রকম কোনো অভিপ্রায় নেই। কিন্তু ওই স্যুট-টাই পরা লোকটা কে? সেই লোকটাকে তিনি তার পঁচিশ বছরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনে কখনো দেখেন নি। তার আগেও কখনো দেখেন নি। সেই লোকটা নিশ্চয়ই আত্মহত্যা করতে চায় নি। সেই লোকটা তাকে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনায় ফেলতে চেয়েছে। এজন্যই দুর্ঘটনার পর তার মুখে লেগেছিল বিদ্রূপের হাসি। যাই হোক, সব স্বপ্নের মানে হয় না। অনেক স্বপ্ন আছে যেটা নিছক স্বপ্নই। এভাবেই তিনি নিজেকে বোঝাতে চেষ্টা করলেন।
ঘড়িতে সময় এখন সাতটা। বুয়া আসতে আরো ঘণ্টা-খানেক বাকি। নূপুরও আটটার আগে ঘুম থেকে উঠবে না। এই সময়টুকু তিনি ল্যাপটপ নিয়ে কাটাবেন কিনা ভাবছেন। তিনি গত পঁচিশ বছর যাবৎ একটা উপন্যাস লিখছেন। পনেরো বছর ব্যয় করেছেন উপন্যাসটা লিখতে। আর গত দশ বছর ধরে তা ঘষামাজা করছেন। তিনি চান একটা কালোত্তীর্ণ, মৃত্যুঞ্জয়ী উপন্যাস লিখতে যেটা মহাকালের কৃষ্ণ বিবরে বিলীন হয়ে যাবে না এবং যা তাকে দিবে অমরত্ব। তিনি বিশ্বাস করেন মানুষকে তার কর্মের মধ্যেই বেঁচে থাকতে হয়। মহৎ কর্ম, সুন্দর কর্ম, সৃষ্টিশীল কর্ম। এছাড়া জীবন অর্থহীন, গুরুত্বহীন। সৃষ্টিশীলতা ছাড়া, মহৎ কিছু ছাড়া যে জীবন সে-জীবন মূল্যহীন। ঈশ্বর, পরকাল, আত্মা ইত্যাদি আধ্যাত্মিকতায় তার আস্থা নেই। তিনি মৃত্যুর পরও বেঁচে থাকতে চান। তিনি অমরত্ব চান। তিনি মানুষের হৃদয়ে তার কালজয়ী উপন্যাসের মাধ্যমে বেঁচে থাকতে চান। আর কয়েক মাস পরই তার উপন্যাসটা প্রস্তুত হয়ে যাবে এবং তখন তিনি তা প্রথমে কয়েকজন সহকর্মীকে পড়তে দিবেন। তাদের মতামত পাওয়ার পর তা তিনি প্রকাশকের কাছে পাঠাবেন। এসব নিয়ে যখন তিনি ভাবছিলেন তখন কলিংবেল বেজে উঠল। তিনি ভাবলেন বুয়া এসেছে। তিনি দরজা খুললেন। দেখেন পাশের ফ্ল্যাটের পঁয়তিরিশ বছরের ডলি তাদের জন্য তেহারি নিয়ে এসেছে।
ডলি বলল: ভাইয়া, ভাবি কি ঘুম থেকে উঠেছে?
ডলি আজ শাড়ি পরেছে। শাড়ি পরলে ওকে অনেক আকর্ষণীয় মনে হয়। ওর চেহারা দেখলে হয়তো রূপসী আখ্যা দেয়া যাবে না। কিন্তু ওর উন্নত বুক, ভারী নিতম্ব, টানটান শ্যামলা ত্বক যে কোনো পুরুষের পৌরুষকে প্রজ্বলিত করতে পারবে। ওর দেহে আর মুখমণ্ডলে ছড়িয়ে আছে ভরাট যৌবনের উদ্দাম বন্যতা। আর চোখের চাহনিতে আছে তীক্ষ্ণ তেজস্বিতা আর অভাবনীয় মোহনীয়তা। ওর চোখের দিকে তাকালে দৃষ্টি অন্য দিকে ফিরিয়ে নিতে একটু সময় লাগে। এই উদ্ভিন্ন-যৌবনা নারীকে দেখলে আরেফিন সাহেবের অস্থির লাগে। তাই আরেফিন সাহেব সচরাচর ডলির চোখের দিকে তাকান না। চোখের দিকে না তাকালেও ডলি যখন তাদের বাসায় যে কোনো অজুহাতে আসে তখন আরেফিন সাহেবের তা ভালো লাগে। তিনি যে কী অর্থে ডলিকে পছন্দ করেন সেটা তিনি নিজের কাছে কখনো খোলাসা করে ব্যক্ত করতে পারেন নি। ডলি তাদের খারার টেবিলে তেহারি রেখে চলে গেল। নূপুর ঘুম থেকে কেবলমাত্র উঠেছে।
নূপুর বেশ কয়েকদিন যাবৎ কুল্লিায় তার অসুস্থ পিতাকে দেখতে যাওয়ার কথা বলে আসছিল। কিন্তু আরেফিন সাহেব সময় করতে পারেন নি। নাস্তা খাওয়া শেষ হলে নূপুর আজও তার পিতাকে দেখতে যাওয়ার কথা বলল। আরেফিন সাহেব বললেন যে আগামী শুক্রবার তারা কুমিল্লায় যাবেন। কুমিল্লায় যাওয়ার কথা উঠতেই আরেফিন সাহেবের গত রাতে দেখা স্বপ্নটার কথা মনে পড়ে গেল। তিনি আবার নিজেকে বোঝালেন যে, স্বপ্ন নিছক স্বপ্নই। এর কোনো মানে হয় না। পরের শুক্রবার তারা একটু সকাল সকাল উঠে নাস্তা সেরে ফেললেন এবং ঠিক আটটায় গাড়িতে উঠলেন। নূপুর শক্ত করে কোমরে বেল্ট পড়ে নিল যাতে ঝাকুনিতে কোমরে ব্যথা না হয়। কিন্তু সিটবেল্ট পরল না। কারণ সিটবেল্ট পরলে সে তার সুবিধা মতো ভঙ্গিতে বসতে পারছিল না। যাই হোক, তারা রওয়ানা হলো এমন একটা দিনে যেদিন কুয়াশা ছিল না এবং শীতের তীব্রতাও ততোটা ছিল না। শুক্রবার বলে রাস্তায় খুব একটা যানজটও ছিল না। তারা নগরের সুউচ্চ অ্যাপার্টমেন্ট ভবন, কোচিং সেন্টার, শপিং মল, ইলেক্ট্রনিক্সের দোকান, প্রাইভেট ক্লিনিক, হার্ডওয়্যারের দোকান, সরকারি বিদ্যালয়, ফ্লাইওভার ইত্যাদি পেছনে ফেলে যখন কাঁচপুর পার হলো তখন বিশাল গোলাকার লাল সূর্যটা পূর্বদিকে ম্লান গোলাপি আভার দীপ্তি ছড়িয়ে জানান দিতে চাইছিল যে সবার দিনটি যেন শুভ হয়। আকাশে মেঘেদের খুনসুটি দেখেই বোঝা যায় যে আজ কোনো অনাহূত বৃষ্টিপাত হবে না। সরকারিভাবে লাগানো সারি সারি রেইনট্রি রাস্তার বাঁপাশে খুব দ্রুতবেগে পেছনের দিকে সরে যাচ্ছিল আর তাদের টয়োটা এফ প্রিমিও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। রাস্তার পাশে কোথাও খাদ, কোথাও সবুজ ধানক্ষেতের বিচিত্র সমারোহ, কোথাও হলুদ সরিষা ক্ষেতের হলুদ বর্ণ ধূসর মৃত্তিকাকে নববধূর হলুদ শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিচ্ছিল। আবার কোথাও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাধ নির্মাণ করে চাষ করা মাছের খামার দেখা যাচ্ছিল। সূর্যের হলুদ মোলায়েম রোদ আরেফিন সাহেবের গালে আলতো পরশ বুলিয়ে দিচ্ছিল। এক ঝাঁক পানকৌড়ি দল বেধে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল আর আরেফিন সাহেবের কাছে নিসর্গের এই বিচিত্র রঙের আর বিচিত্র সাজের বিস্ময়কর রূপ সুষমা কোনো ক্ষণজন্মা প্রতিভাবান শিল্পীর হাতে আঁকা অমর চিত্রশিল্প বলে মনে হচ্ছিল। দশটা নাগাদ তারা কুমিল্লায় নূপুরের বাবার বাসায় পৌঁছে গেল।
তারা কুমিল্লায় গিয়ে দেখে যে নূপুরের বাবা যতটা অসুস্থ বলে শুনেছিল ঠিক ততটা অসুস্থ নয়। তার বাবার বয়স প্রায় সত্তর। নূপুরের মা গত হয়েছেন বছর দশেক হলো। তার বাবা ছোট ছেলেকে নিয়ে ওখানে থাকেন। তবুও নূপুর বাবার গলা জড়িয়ে ধরে কাঁদল আর বাবার জন্য নেয়া উপহারগুলো বাবাকে দিল। তারা ওখানে দুপুরের খাবার সেরে ঠিক তিনটায় ঢাকার পথে রওয়ানা হলো। এক ঘণ্টার মধ্যেই তারা দাউদকান্দিতে এসে পৌঁছাল। নতুন নির্মিত মহাসড়কের কোথাও উঁচু-নিচু বা খানাখন্দক নেই। প্রায় পুরোটাই মসৃণ। এজন্য গাড়িতে ঝাঁকিও কম লাগল। দাউদকান্দিতে আসার পর ফাঁকা নির্জন মসৃণ রাস্তা পেয়ে আরেফিন সাহেব গাড়ির গতি একটু বাড়িয়ে দিলেন। গাড়ি যখন দ্রুত গতিতে চলছিল ঠিক সেই সময় কোত্থেকে যেন সেই কালো রঙের স্যুট টাই পরা লোকটি তাদের চলন্ত গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। লোকটা কোন দিক থেকে এল সেটা আরেফিন সাহেব ঠাহর করতে পারেন নি। তিনি ব্রেক কষার চেষ্টা করলেন। গাড়িকে বাঁ দিকে ঘুরিয়ে লোকটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু গাড়িটি তার দেখা স্বপ্নের মতোই ডিগবাজি খেয়ে রাস্তার পাশে খাদে সোজা হয়ে পড়ল। তিনি দরগার গ্লাস খুললেন এবং রাস্তার দিকে চাইলেন। দেখেন যে সেই স্যুট-টাই পরা লোকটি রাস্তায় দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসছে। আরেফিন সাহেব ভাবলেন যে তিনি আবার স্বপ্ন দেখছেন না তো। না, তিনি এখন বাস্তব জগতেই আছেন। তিনি নূপুরের অবস্থা দেখার জন্য নূপুরের দিকে তাকালেন। নূপুর অচেতন না মারা গেছে তিনি বুঝতে পারছেন না। তিনি নূপুরের শিরার স্পন্দন অনুভব করার চেষ্টা করলেন। কিন্তু শিরায় কোনো স্পন্দন নেই। গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে দেখে আশেপাশের গ্রামগুলো থেকে লোকজন ছুটে এল। এই ফাঁকে সেই কালো স্যুট-টাই পরা লোকটি অদৃশ্য হয়ে গেলে। তাদের দুজনকে হাসপাতালে নেয়া হলো। ডাক্তাররা নূপুরকে মৃত ঘোষণা করল। আরেফিন সাহেবের তেমন কিছুই হয়নি। শুধু কপালে একটা আঁচড় লেগেছিল আর মাথায় একটু ব্যথা পেয়েছিলেন।
মায়ের মৃত্যুর খবর শুনে আমেরিকা থেকে ছেলেরা ছুটে এল। তারা মাসখানেক থেকে চলে গেল। আরেফিন সাহেব এখন একা হয়ে গেলেন। নূপুর অসুস্থ হলেও অন্তত সে আরেফিন সাহেবকে সঙ্গ দিত। বাসায় কথা-বার্তা শোনা যেত। এখন নিঃসঙ্গ আরেফিন সাহেব তার একাকিত্ব ঘোচাতে তার পড়াশোনা আর উপন্যাস তৈরিতে আরো বেশি মনোযোগী আরো বেশি মগ্ন হয়ে থাকছেন। শীত বসন্ত পার হয়ে গ্রীষ্ম এল। একদিন ছুটির দিনে দুপুর বেলা তিনি বাসায়ই ছিলেন। বুয়া রান্না করে দিয়ে চলে গেছে। এমন সময় কলিংবেল বাজল। তিনি দরজা খুলতেই দেখেন ডলি দাঁড়িয়ে আছে হাতে খাবার নিয়ে। ডলি বলল: ভাইয়া আপনার জন্য ভুনা খিচুড়ি এনেছি। আরেফিন সাহেব দরজা খুলে দিতেই ডলি আগের মতো খাবার নিয়ে রাখল খাবার টেবিলে। ডলি খাবার রেখে চলে যাচ্ছিল এমন সময় আরেফিন সাহেবের কী হলো কে জানে। তিনি ডলির হাত ধরে টেনে বুকে জড়িয়ে ধরলেন আর দেখলেন ওর ঠোঁট থেকে অমৃতের নহর বইছে। আরেফিন সাহেব সেই অমৃত পান করতে লাগলেন। ডিভোর্সি ডলি বাধা দিল না। সেও অকাতরে অমৃত ঢেলে দিতে লাগল আরেফিন সাহেবের বুভুক্ষু বালুর বিস্তীর্ণ চরে। আরেফিন সাহেব ডলিকে বেডরুমে নিয়ে গেলেন। সেখানে তারা দীর্ঘক্ষণ স্বর্গের সুরক্ষিত সুশীতল সরোবরে দেহের গভীরে দাউ দাউ করে জ্বলতে থাকা অগ্নিকে শিল্পিত রূপ দিল। ডলি রোমশ দেহের বুনো স্পর্শ থেকে বঞ্চিত পাঁচ বছরের বেশি সময় ধরে। তাই তার আকাশ ছিল সূর্যের আলোর উজ্জ্বলতাহীন, ম্লান ও ম্রিয়মাণ। আর আরেফিন সাহেবর পৃথিবীও ছিল বৃষ্টিজলের অভাবে রুক্ষ, কর্কশ ও ঊষরতার চৌচির। তাই তারা মিলিত হয়ে আনন্দকে সীমাহীনতার সীমান্ত পর্যন্ত বিস্তৃত করল আর তৃপ্তিকে দিল পরিপূর্ণতার বর্ণিল ছটা। সেই থেকে শুরু হলো তাদের মধ্যে সম্পর্ক। তারা সপ্তাহে অন্তত একদিন শরীরের ভাষায় নিজেদেরকে ব্যক্ত করত।। এভাবে আরো কয়েক মাস গেল। তারা পরস্পরের আরো ঘনিষ্ঠ হলো। ডলি বিয়ের কথা তুললে আরেফিন সাহেব তাকে একটু ধৈর্য ধারণ করতে বললেন। কারণ স্ত্রী মারা যাওয়ার পরপরই বিয়ে করে ফেললে লোকজন খারাপ ভাববে। অন্যদিকে তিনি তার উপন্যাসও শেষ করে এনেছেন। আর কয়েকদিন আরো একটু ঘষামাজা করলেই শেষ অধ্যায় সমাপ্ত হবে।
গতরাতে তিনি তার উপন্যাসের ঘষামাজাও শেষ করে ফেলেছেন। উপন্যাস এখন চূড়ান্ত রূপ পেয়েছে। এত বড় একটি কাজ শেষ করতে পেরে তার ভীষণ আনন্দ হচ্ছে। নিজেকে অনেক ভারমুক্ত, হালকা মনে হচ্ছে। এখন তিনি শান্তিতে মরতে পারবেন। এখন মরে গেলেও আর কোনো আফসোস তার থাকবে না। কিন্তু এসব কথা তো আগের কথা। তিনি এভাবে আগে ভাবতেন। এখন তো ঘটনা বদলে গেছে। তার জীবনে তো ডলি সম্পৃক্ত হয়ে গেছে। তিনি কেন মরে যাবেন? ডলির জন্য তাকে আরও অনেক দিন বাঁচতে হবে। ডলির পেলব দেহবল্লরীর পরতে পরতে যৌবনের যে অগ্নিশিখা প্রজ্বলিত আছে সে-আগুনে নিজেকে দাহ করার জন্য তাকে আরো দীর্ঘদিন বেঁচে থাকতে হবে। ওর শরীরের খাঁজে খাঁজে আনন্দের যে উত্তাল স্রোতধারা প্রমত্তা নদীর মতো বহমান সে-নদীতে অবগাহন করে বেঁচে থাকার সুতীব্র সুখের সুললিত সুরের সন্ধান করতে হবে। তিনি আরো বাঁচতে চান। ডলিকে পাবার জন্য বাঁচতে চান। আরো দু'একটি শ্রেষ্ঠ উপন্যাস লেখার জন্য তিনি বাঁচতে চান।
তিনি আজ সারা সন্ধ্যা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দিলেন এবং ভাবলেন যে তার উপন্যাসটি আজ রাতে ই-মেইল করে তার দু'বন্ধুর কাছে পাঠিয়ে দেবেন। রাত দশটার দিকে তিনি ঘরে ফিরলেন। খাওয়া-দাওয়া সেরে তিনি তার পড়ার ঘরে ঢুকলেন এবং ল্যাপটপ চালু করলেন। তিনি ই-মেইলটি পাঠাতে যাবেন এমন সময় হঠাৎ তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণার তীব্রতা এত বেশি যে তার মনে হলো তিনি অজ্ঞান হয়ে যাবেন। তিনি অনুভব করলেন যে তার মাথার ভেতরে হয়তো দু'টো রগ ছিঁড়ে গেছে। যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি জ্ঞান হারালেন এবং চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়ে গেলেন। তিনি কতক্ষণ অজ্ঞান ছিলেন তা তিনি জানেন না। তিনি চোখ মেললেন এবং দেখলেন যে সেই কালো রঙের স্যুট-টাই পরা নাদুস-নুদুস লোকটি তার পড়ার টেবিলের পাশের চেয়ারে বসে আছে। লোকটি তাকে বলল: উঠে চেয়ারে বসুন। তিনি মেঝে থেকে উঠে তার পড়ার চেয়ারটায় বসলেন। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন: আমার কী হয়েছিল?
: আপনার ব্রেইন স্ট্রোক হয়েছে।
: আপনি কে?
: শিশুরা দুষ্টামি করলে আমার নামে তাদেরকে ডাকা হয়। বড়রা নষ্টামি করলেও আমার নামে ডাকা হয়। পৃথিবীর যত অপকর্ম হয় সব আমার নামেই হয়। এখন আপনিই বলুন আমি কি এতসব অপকর্ম একাই করি না মানুষ করে?
: আমি আপনাকে চিনতে পেরেছি। তুমি আমার স্ত্রীকে হত্যা করেছ।
: মোটেও না। তার হায়াত যতটুকু ছিল তিনি ততটুকুই বেঁচেছেন। তার কমও না বেশিও না। তার মৃত্যু ওইদিন সেই স্থানে ওভাবেই নির্ধারিত ছিল। এটাই নিয়তি। আপনি তো আবার নিয়তি, ঈশ্বর বিশ্বাস করেন না। তাহলে তো আমারও কোনো অস্তিত্ব নেই।
: তুমি কেন এখানে এসেছ?
: আমি এখানে এসেছি আপনার উপকার করতে। আপনার মারাত্মক ব্রেইন স্ট্রোক হয়েছে। কয়েক মিনিট পর আপনি মারা যাবেন। আমি এসেছি আপনাকে বাঁচাতে। কিন্তু এক শর্তে।
: কী শর্ত?
: আপনার লেখা উপন্যাসটা আমাকে দিয়ে দিতে হবে। বিনিময়ে আমি আপনাকে আরো পঁয়ত্রিশ বছর আয়ু দান করব। মানে আপনি নব্বই বছর পর্যন্ত বাঁচবেন। আপনি বেঁচে থাকবেন কিন্তু আপনার সৃষ্টিশীলতা লোপ পাবে। আপনি আর লিখতে পারবেন না।
: না, আমি আমার উপন্যাস তোমাকে দিতে পারব না। ওটা আমার সারা জীবনের সাধনার ফসল।
: ভেবে দেখুন শিশিরে সিক্ত গোলাপের পাপড়ির মতো সতেজ ডলির শরীরের কথা। ওর উপচে পড়া যৌবনের অমৃত সুধা আপনি পান করতে পারবেন আরো বহু বছর। ওর অমূল্য ভালোবাসায় তীব্র আনন্দের ঝরনায় ভাসবে আপনার সোনালি তরি। আপনি সমৃদ্ধ হবেন, পরিপূর্ণ হবেন। জীবন হবে ছন্দময়। ভোগ, সম্ভোগ, উল্লাস আর উচ্ছ্বাসে ভরা। আপনি ডলিকে নিয়ে ব্যাংকক, সুইজারল্যান্ড, প্যারিস, হনলুলু ঘুরে ঘুরে হানিমুন করবেন। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে? আপনি আবার পিতা হবেন। আপনার সংসার, সন্তান, স্ত্রী, পরিবার-পরিজন সব হবে। শুধু আপনার উপন্যাসটা আমাকে দিয়ে দিতে হবে। আপনি ডক্টর ফস্টাস পড়েন নি? ডক্টর ফস্টাস আমার কাছে ওর আত্মা বিক্রি করে দিয়েছিল। বিনিময়ে আমি ওকে প্রভূত ক্ষমতা দান করেছিলাম।
: না। আমার উপন্যাস আমার সৃষ্টিকর্ম। এটা আমি তোমাকে দিতে পারব না। আমি আমার লেখনীর মধ্যেই বেঁচে থাকতে চাই।
: আপনার সন্তানেরা আপনার সৃষ্টকর্ম। তাদের মধ্য দিয়েই আপনি বেঁচে থাকবেন। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ঘটনা হচ্ছে বেঁচে থাকতে পারা। আপনার উপন্যাস প্রকাশিত হলে আপনার অনেক নাম হবে। খ্যাতির শীর্ষে পৌঁছে যাবেন আপনি। কিন্তু নাম, যশ, খ্যাতি, সম্মান, পুরস্কার এগুলো মৃত মানুষের কোনো উপকারেই আসে না। আর তেরো মিনিট আট সেকেন্ড পর আপনার মৃত্যু হবে। ভেবে দেখুন।
: আমার সৃষ্টিকর্ম ব্যতীত আমি মৃতেরই সমান। আমি আমার উপন্যাস তোমাকে দিতে পারব না।
: তাহলে আমি আসি।
এই কথা বলে কালো স্যুট-টাই পরা লোকটি অদৃশ্য হয়ে গেল। আরেফিন সাহেব ল্যাপটপের একটি বোতামে ক্লিক করলেন। তার উপন্যাস তার বন্ধুদের কাছে পৌঁছে গেল। এর একটু পর তিনি মস্তিষ্কে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করলেন।
আরেফিন সাহেবের উপন্যাস বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম হিসেবে বিবেচিত হয়েছে।