২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবির লকডাউন

আনিসুর রহমান

Published : 17 Jan 2021, 10:34 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


কবির লকডাউন

ভাবছিলাম বিখ্যাত অওনের এই এক সুবর্ণ সুযোগ।
মহামারী কালে মহামারী নিয়ে একটার পর একটা কবিতা লিখে বিখ্যাত হয়ে যাব।
সব পত্রিকায় কবিতা পাঠাব, সপ্তায় সপ্তায় কবিতা ছাপা অইব।
তারপর সেই কবিতা আবার ফেসবুকে দিমু।
ফেসবুক লাইক কমেন্টে ভরে যাবে।
ইনবক্সে দুই একজন ভক্ত ঢুকে পড়বে।
শরীরের পশম খাড়া হয়ে যাবার মত দুই একটা ছবি টবি পাঠাব।
সুযোগ মত ভিডিও চ্যাট তো হতেই পারে।
কিন্তু ভাবি এক, হয় আরেক।
মহামারীর মন্দায় কবিতাও বাদ গেল না,
পত্রিকা একের পর এক বন্ধ অইল।
আবার যে কয়েকটা চালু আছে সেগুলোর প্রায় সবকটা সাহিত্য পাতা বন্ধ করে দিয়েছে।
দুই একটা পত্রিকার সাহিত্য পাতা চালু আছে।
তাতে আবার পাতা কেবল একটা।
যে দেশে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি সেখানে আমার মত পদ পদবী ক্ষমতাহীন কবি কাহাতক আর জায়গা পায়।
যেখানে আমলা কবির দীর্ঘ লাইন, কর্পোরেট কবিদের খবরদারি, অধ্যাপক কবিদের পোদ্দারি, সেখানে আমার মত কামলা কবির উপায় কি?
ফেসুবক একমাত্র ভরসা।
তাও আবার নিরবচ্ছিন্ন না, যন্ত্রণার কি শেষ আছে?
বউডায় খোঁচা মেরে কয়–
কী আমার ফেসবুক কবি, আজকে কি কবিতা লিখলে?
আমি প্রসঙ্গ ঘুরিয়ে দেবার ছলে কই– করোনার যমে কপাল আমার ঘামে।