ঘাসফুলের ঘ্রাণ
চিত্রকর্ম: মোহাম্মদ ইকবাল
খবরটা নিয়ে এসেছিল মিজান। ঝড়ের বেগে সাইকেল চালিয়ে আসতে আসতে চিৎকার করছিল, যুদ্ধ লাইগা গেছেরে যুদ্ধ।
আরো কজন মজুরের সাথে ক্ষেত নিড়াচ্ছিল জয়নাল। সেও চিৎকার করে উঠল সমানে, কী কও মিয়া ভাই! কীয়ের যুদ্ধ!
মিজান রাস্তার ওপর সাইকেল দাঁড় করিয়ে চিৎকার করে বলতে লাগলো, দেশের কোনো খবর রাখো না! পাকিস্তানি মিলিটারি কাল রাইতে সারা দেশে আক্রমণ করছে…ঢাকায় সব জ্বালাইয়া পোড়াইয়া ছাড়খাড় কইরা দিছে…
কী কও মিয়া ভাই! সত্যি…
জয়নাল কেমন যেন ভয়ার্ত ভঙিতে এগিয়ে আসে। মিজান সাইকেল টান দিয়ে বলে, এইমাত্র রেডিও শুইনা আসলাম…যাও, যাও, বাড়ি যাও…
জয়নালের হাতে কিছু আগাছা ধরা ছিল, সেগুলো তার হাত থেকে পড়ে যায়। সে হারুনের দিকে তাকিয়ে বলে, ও হারুণ, সত্যিই যুদ্ধ লাইগা গেছে, সত্যিই!
অইতে পারে। কয়দিন ধইরাই তো হুনতাছি দেশের অবস্থা ভালা না…
জয়নাল আর কথা বাড়ায় না। ক্ষেতপাতালে দৌড় শুরু করে। হারুণ চেঁচায়, জয়নাল যাস কই! আরে বেকুব যুদ্ধ তো এইখানে লাগে নাই…
শিউলি মাছ কুটছিল। জয়নাল এলো পাগলের মতো ছুটে।
ও বউ, কই তুই…ও বউ…
আরেকটু হলে বটিতে হাত লেগে যেত শিউলির। সে প্রায় লাফিয়ে উঠল, কী অইছে!
জয়নাল হাপাতে হাপাতে বলে, যুদ্ধ লাইগা গেছে…যুদ্ধ!
যুদ্ধ কী!
আরে যুদ্ধ বুঝস না…যুদ্ধ…মিলিটারিরা হমানে গুল্যি কইরা মারলে তারে কয় যুদ্ধ…
ক্যাডায় কারে গুল্যি কইরা মারতাছে?
পাকিস্তনি মিলিটারি যুদ্ধ করতাছে…সবাইরে মারতাছে…
শিউলি হঠাৎ হিহি করে হেসে ওঠে। জয়নাল অবাক।
আরে মরা! হাসতাছস ক্যান! হাসির কী!
আমি ভাবলাম কী না কী…কী দেইখ্যা ডরাইলেন…
আ মরা! দেশে যুদ্ধ লাইগা গেছে আর তুই হাসতাছস!
কই যুদ্ধ লাগছে…কিছু তো দেখতাছি না…
আ মরা! ঢাকায় যুদ্ধ লাগছে…ঢাকায়… পাকিস্তানিরা সবাইরে মারতাছে…গুল্যি কইরা মারতাছে…এই যে, এম্নে বুকে বন্দুক ধরে…তারপর গুল্যি করে…ফুট্টস…
জয়ানাল দুহাত দিয়ে বন্দুক ধরে দেখায়, মুখ দিয়ে গুলির শব্দ করে। শিউলি হাসে, আপনের মাথা…খালি খালি মানুষ মানুষরে মারব ক্যান! পাকিস্তানিরা কি মানুষ না!
জয়নাল এবার মাথা চুলকায়, হ, মানুষ তো…আমাগো মতোই মুসলমান…
তয়!
তয় মিজান ভাই যে কইল…
হের কতা! হের কতার কোনো আগামাতা আছে…যান দেহি কামে যান…
শিউলি রান্নাঘরে ঢুকে যায়। জয়নাল দাঁড়িয়ে কোমড় থেকে গামছটা খুলে মুখটা মোছে। সে ঠিক বুঝতে পারছে না, মিজান কি তাহলে রসিকতা করল। এমন রসিকতা মিজান প্রায়ই করে। রাইত দুপুরে চিৎকার কইরা ওঠে, চোর আসছে, চোর আসছে…সবাই ঘুম থাইকা উইঠা গিয়া দেখে সে উঠানে খাড়াইয়া হাসতেছে। তখন কয়, আমি পড়তাছি আর তোমরা সবাই আরামে ঘুমাইতাছ, তাই সবাইরে জাগাইলাম!
শামসু মাস্টার ছাতা হাতে দ্রুত পায়ে হাঁটছিলেন। জয়নাল গাঙ্গের দিকে যাচ্ছিল গোসল করতে। হঠাৎ শামসু মাস্টারকে সামনে পেয়ে সে পথ আগলে দাঁড়াল, স্লামালাইকুম, জ্যাঠা।
কীরে, জয়নাল?
জ্যাঠা, দেশে নাকি যুদ্ধ লাগছে?
হরে, পাকিস্তানি মেলিটারিরা নাকি সমানে মানুষ মারতাছে…ঢাকা শহর জ্বালাইয়া দিছে…
কী কন! সত্যিই তয় যুদ্ধ লাগছে!
হরে, সত্যিই…বাঙালি আর্মি-পুলিশ-বিডিয়ারারাও সমানে রুইখা দাঁড়াইছে…সারা দেশে যুদ্ধ ছড়াইয়া পড়তাছে…সারাদেশে…
শামসু মাস্টার হাঁটা ধরলেন। জয়নাল তাকিয়ে রইল কিছুক্ষণ। গাঙ্গের দিকে না গিয়ে সে হাঁটা ধরল মোল্লাবাড়ির দিকে।
আজহার মোল্লা উঠানের কোণে আমগাছটার তলায় চেয়ার পেতে বসে হুক্কা টানছিলেন। হারুণ আর হোসেন আলী তার সামনে মাটিতে লেপ্টা মেরে বসে আছে। জয়নালকে আসতে দেখা যায় হন্তদন্ত পায়ে। তাকে দেখেই আজহার মোল্লা খেকিয়ে ওঠেন, কীরে, তুই নাকি কাম ফালাইয়া বাড়ি গেছস গা?
দেশে নাকি যুদ্ধ লাইগা গেছে জ্যাঠা?
তোর মাথা লাগছে! তুই জানস যুদ্ধ কী!
জ্বে, মিলিটারিরা গুল্যি কইরা মাইরালায়…আসমান দিয়া উড়োজাহাজ উইড়া যায়… বোম ফালায়…
তোর মাথায় কেউ বোম ফেলছে!
জয়নাল আকাশের দিকে তাকায়, আমগাছের ডালে একটা কাক বসে আছে, গাছের ডাল-পালার ফাঁকফোকর দিয়ে নীল আসমান। আজহার মোল্লা পানের পিক ফেলে বকেন, বেকুব কোনখানকার। কে না কে ছড়াইছে যুদ্ধ লাইগা গেছে আর ওম্নি উনি কাজকর্ম ফালাইয়া দিয়া বউয়ের আঁচলের নিচে গিয়া লুকাইছে…
জয়নাল কাচুমাচু সুরে বলল, মাস্টার সাবও তো কইল…ঢাকায় নাকি সমানে মানুষ মারতাছে…
আজহার মোল্লা চেতে উঠলেন, মাস্টারে আমার ছ্যাতা জানে…আমার বাড়িতে রেডিও নাই! আমি কিছু জানি না! যা, বেকুব, কামে যা…
জয়নাল বিড়বিড় বলল, মনডায় জোর পাইতাছি না…
কী!
আজ থাউক। কাল নিড়াইয়া দিমুনে…মনডায় জোর পাইতাছি না…
আজহার মোল্লা খেকিয়ে উঠলেন, তো যা, বউয়ের আঁচল ধইরা বইসা থাক গিয়া…
জয়নাল বলল, এইবেলার মজুরিডা যদি দিতেন।
ছ্যাতা দিমু তোরে…যা আমার সামনে থাইকা…ছাগল কোনখানকার…
জয়নাল শুকনো মুখে হাঁটা ধরে। আজহার মোল্লা হুক্কার নলে টান দিয়ে হোসেন আলী আর হারুনকে বলেন, তোরা বইসা রইলি ক্যান! তোরাও কি ওর মতো ছাগল অইলি নাকি! যা, কামে যা…
হোসেন আলী হারুনের মুখ চেয়ে আমাতা আমাতা করে। হারুন একটু সাহস করেই বলে, বেলা তো পইড়া আইল, জ্যাঠা। এইবেলা আর না যাই। কাইল সাইরা দিমুনে…
আজহার মোল্লা মুখ বিকৃত করে বললেন, হারামজাদার দল…যা আমার সামনে থাইকা…
এইবেলার মজুরিডা যদি দিতেন…
যা খালেকরে বইলা পাঁচ সের কইরা ধান লইয়া যা। নগদ পয়সা নাই হাতে।
উঠে সেলাম দিয়ে হারুন আর হোসেন আলী হাঁটা ধরে আজহার মোল্লার গোলাঘরের দিকে।
২.
জয়নালের ঘুম আসছিল না। শিথানে কুপিটা টিমটিম করে জ্বলছিল। বাইরে হঠাৎ কীসের যেন শব্দ শুনে দরফর করে লাফিয়ে উঠল। শিউলির চোখে বোধহয় ঘুম এসে গিয়েছিল। সে ঘুমের মধ্যেই জয়নালের হাতটা ধরল, কিছু অয় নাই…শিয়াল ডাকতেছে…এতো ডরাইলে চলে…
জয়নাল ঢোক গিলে। ভাঙ্গা বেড়ার দিকে তাকায়। শিউলি উঠে বসে। তাকে ধরে।
এতো ডরান আপনে! আইচ্ছা, ধরেন, যুদ্ধ যদি লাগেও তয় আমাগো কী…পাকিস্তানি মিলিটারিরা আমাগো খুঁইজাই পাইব না… এই দেশে যে এই গ্রাম আছে তা তারা জানব কোম্নে!
তুই যা কথাবার্তা কস না…
একটা কতা শুনবেন! একটা কতা শুনলে আপনের সব ভয়ডর দুর অইয়া যাইব…
কী!
শিউলি জয়নালের আরো কাছ ঘেঁষে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এসে ফিসফিস করে বলে, আমি না..আমি না…
কী!
কিছু না…
কছ না কী!
আপনে বাপ অইবেন।
কী! কবে টের পাইলি…
কবেই!
আমারে কস নাই ক্যান!
ইশ! আমি শরমে বাঁচি না!
শরমের কী! …দেশে লাগছে যুদ্ধ আর তুই দিলি এই খবর!
আপনে খুশি হন নাই!
এই অবস্থায় খুশি অই কেম্নে!
দুর, দেশে কিচ্ছু অয় নাই… ঘুমান তো…আসেন, আপনেরে একটা গীত হুনাই।
শিউলি জয়নালকে ধরে শুইয়ে দেয়। মাথায় বিলি কেটে দিতে দিতে গুন গুন করে, যদি পাখি হইতাম আমি…উড়াল দিয়া গিয়া বসতাম তোমার বাড়ির গাছে…সারা দুপুর ডাইকা মরতাম তোমার কানের কাছে…বন্ধুরে…আমার পরাণ গেল পুড়ে…
মসজিদের সামনে দাঁড়িয়ে শামসু মাস্টার কয়েকজন মুসল্লীর সাথে কথা বলছিলেন। জয়নাকে আসতে দেখে চুপ হয়ে গেলেন। জয়নাল কাছে এসে সালাম দিল, স্লামালাইকুম, জ্যাঠা।
শামসু মাস্টার একটু মাথা ঝুঁকিয়ে সাথের লোকদের বললেন, আইচ্ছা, যাই, তোমরাও যার যার বাড়ি যাও। দুপুরে আইসো পারলে।
লোকজন যে যার পথে চলে গেল। জয়নাল দাঁড়িয়েই রইল। ইমাম সাহেব মসজিদের দরজায় তালা মেরে বেরোচ্ছেন। পাশ দিয়ে যাবার সময় জয়নাল সালাম দিল। ইমাম সাহেব সালামের উত্তর নেয়ার সময় পেলেন না, মাথাটা একটু নাড়িয়ে এক তুলে ব্যস্ত ভঙিতে চলে গেলেন। জয়নালও হাঁটা ধরল।
বাজারের মোড়ে এসে জয়নাল দেখে মিজানরা কয়েকজন গোল হয়ে দাঁড়িয়ে আছে। মিজান হাত নেড়ে নেড়ে কী সব বলছে। জয়নাল এসে কাছে দাঁড়াল। তাকে দেখেই মিজান চুপ হয়ে গেল।
কী জয়নাল ভাই…
দেশের অবস্থা কী মিয়াভাই?
এই তো…পরে কথা বলব জয়নাল ভাই…ওই চল…
দলবল নিয়ে মিজান চলে গেল বাজারের দিকে। বাজারে লোকজন নেই বললেই চলে। জয়নাল বিড়বিড় করে, কী অইল! কেউ কথাবার্তা কয় না ক্যান!
আজহার মোল্লা রেডিও হাতে বাড়ির বাইরে পায়চারী করছিলেন। কেমন যেন অস্থির লাগছে তাকে। জয়নাল যে কাছে এসে দাঁড়িয়েছে তাও তিনি খেয়াল করলেন না। রেডিওতে কান পেতে কী শোনার চেষ্টা করছেন। জয়নাল সালাম দিলাম, স্লামালাইকুম, জ্যাঠা।
আজহার মোল্লা তাকে দেখে চেতে উঠলেন, কীরে, তুই ক্ষেতে যাস নাই?
না, জ্যাঠা, মনডা ভালা না…
দুর হারামজাদা…তোর মনে আবার কী অইল!
দেশে কী অইছে আমারে একটু খুইলা কন না জ্যাঠা…মাইনষের ভাবসাব ভালা লাগতাছে না…হ¹লে কেমন জানি ফিসফাস করতাছে…
ক্যাডা ফিসফাস করে!
হ¹লেই…পুরা গ্রামডা কেমন থম মাইরা আছে দেখেন না! মনে অইতাছে কেয়ামত নাজিল অইছে…
তোর মাথা! হুন, মুসলমান মুসলমান ভাই ভাই…কিছু ইন্ডিয়ান মালাউনের বাচ্চা এই দেশটারে হিন্দুস্থান বানাইয়া ফেলতে চাইতাছে…তাই পাকিস্তানি মুসলমান ভাইয়েরা একটা শিক্ষা দিতাছে…আর কিছু না…
যুদ্ধ তয় হ্যাছাই লাগছে!
আরে কী কস! কীসের যুদ্ধ! যুদ্ধ অয় সমানে সমানে…পাকিস্তানি মিলিটারির লগে পারে এমন শক্তি দুনিয়ার কারো আছে নাকি! তারা নামছে ইসলামী জিহাদে….
আমাগো তয় কিছু অইব না!
আরে তোর কী অইব! তুই মুসলমান না! কলমা জানস না?
চাইর কলমাই জানি…
তয় আর কী! তোর চিন্তা কী! তয় হিন্দু মালাউনের খবর আছে এইবার…সবাইরে দেশ ছাড়া করব…যা, কামে যা…
কামে যামু!
যাবি না!
মনডায় জোর পাইতাছি না…
তো যা, মর গিয়া…হারামজাদা…যা আমার সামনে থাইকা…
আজহার মোল্লাই দ্রুত পায়ে ভিতর বাড়ির দিকে চলে যান। জয়নাল তাকিয়েই থাকে চিন্তিত ভঙিতে। রেডিওটা একটু শুনতে পারলে হতো।
বাড়ি ফিরলে জয়নালকে দেখে শিউলিও আজহার মোল্লার মতো খেপে উঠল, কী! আপনে কামে যান নাই?
জয়নাল বিরস মুখে বলল, দেশের অবস্থা আসলেই ভালা না…
ঘরে নাই একটা চাউল…আপনে এইডা শুরু করছেন কী…
শিউলি হাড়ি মাজছিল, হাড়ি মাজায় মন দিল। জয়নাল হঠাৎ বলল, ওই, তুই কলমা জানস?
কী!
তুই কলমা জানস? চার কলমা?
ক্যান! কলমা জাইনা কী অইব?
জ্যাঠা কইল পাকিস্তানিরা নাকি মুসলমানরে কিছু কয় না…কলমা জানলেই ছাইড়া দিব…
তয় আর কী! আপনে কলমা পইড়া ঘুমাইয়া থাকেন…
জয়নাল সত্যি সত্যি ঘরে ঢুকে শুয়ে পড়ল। হাতের কাজ শেষ করে শিউলি এসে ঘরে উঁকি দিয়ে দেখে জয়নাল নাক ডেকে ঘুমাচ্ছে।
দিনে ঘুমানোর কারণে হোক আর ভয়ের কারণেই হোক রাতে জয়নালের চোখে আর ঘুম এলো না। শিউলি নাক ডেকে ঘুমাচ্ছে। জয়নাল বসে বসে আল্লাবিল্লা করতে লাগল। নামায সে নিয়মিত পড়ে না কখনোই। আজ তাহাজ্জুতের নামায পড়ল। ফজর পর্যন্ত কাটিয়ে দিল তসবিহ জপে। মিয়াবাড়ির মসজিদ থেকে ফজরের আযান ভেসে আসতে শুনে মসজিদে গেল ফজরের নামায পড়তে। তাকে দেখে ইমাম সাহেব পর্যন্ত অবাক হলেন, নামায পড়তে আসছো! ভালো করছো। আল্লার দীন আবার দুনিয়ার জমিনে ফিরা আসতেছে। আলহামদুলিল্লাহ।
শিউলি গিয়েছিল গাঙ্গের পার কলস ভরতে। গিয়ে দেখে একটা ছইয়া নাও আসছে। ছইয়ের ভিতরের মানুষগুলো যে কেউ এ-গাঁয়ের নয় তা শিউলি তাদের পোশাকআশাক দেখেই বুঝল। কলস না ভরে সে দাঁড়িয়ে রইল কৌতূহলী হয়ে। নৌকাটা ঘাটে ভিড়ে। ঘাট বলতে কবে জয়নাল একটা গাছের গুঁড়ি ফেলে রেখেছিল তাই। লোকজন নৌকা থেকে নামতে অভ্যস্তও নয়। গাট্টিবস্তা নিয়ে নামতে কেমন হিমশিম খেয়ে গেল। দুজন পুরুষ, দুজন মহিলা, একটা বিয়ের উপযুক্ত মেয়ে আর সাথে ছোট দুটো ছেলেমেয়ে। শিউলি কলসটা রেখে বাচ্চা দুটোকে হাত ধরে নামাল, আপনেরা কারা! কই থাইকা আসছেন?
বয়স্ক লোকটি বললেন, জান নিয়া পালাইয়া আসছি গো, মা। যারে পাইতাছে তারেই মারতাছে…
কী কন! হ্যাছাই য্দ্ধু লাগছে!
কী কও! মানুষ মাইরা ছাপ কইরা ফেলতেছে…কিচ্ছু জানো না!
শিউলি আর কথা বাড়াল না। খালি কলসটা নিয়ে দৌড় দিল বাড়ির দিকে। বাড়িতে এসে কলসিটা রেখেই সে আবার ছুটল। জয়নাল এখনো ফেরেনি। ক্ষেত পাতালে দৌড় দিল আজহার মোল্লার বাড়ির দিকে। আজহার মোল্লা রেডিও হাতে ঘরের বারান্দায় বসে ছিলেন। শিউলি ঘোমটা টেনে আড়ালে দাঁড়িয়েই বলল, জ্যাঠা, উনি আসছিলেন?
আজহার মোল্লা মুখ বাড়িয়ে বললেন, ক্যাডা?
শিউলি আড়াল থেকে বেরিয়ে নিজের মুখটা একটু দেখাল, আমডার উনি কি ক্ষেতে গেছেন?
নারে, জয়নাইল্যা তো আসেই নাই।
শিউলির বুকটা ধক করে উঠল, কই গেল জ্যাঠা? দেশে নাকি হ্যাছাই যুদ্ধ লাইগা গেছে!
কী কছ না কছ? তোরা কি খালি যুদ্ধ নিয়াই আছস? যা, বাড়ি যা।
আমডার বাড়ির কাছে ঘাটে শহর থাইকা কারা যেন আসছে নৌকা কইরা। তারা কইল জান নিয়া ফিরা আসছে। সবাইরে নাকি মাইরা ফেলতেছে।
তাই নাকি! আইচ্ছা, তুই যা, আমি খবর নিতাছি।
শিউলির পা আর চলতে চায় না। হঠাৎ করেই শরীরটা কেমন ভারী ভারী লাগছে। হাঁটতে হাঁটতে সে একটু পেটে হাত রাখল। হাত রেখে অনুভব করার মতো এখনো কিছু হয়নি পেটে। এখনো কেবল সে নিজেই জানে এর অস্তিত্ব। বাজারের কাছে যেতে গিয়ে শিউলি দেখে জয়নাল বসে আছে একটা গাছতলায়। উদাসীন। যেন তার ঘরসংসার নাই।
আপনে এইখানে বইসা আছেন! আমি আপনেরে সারা গ্রাম খুঁজতাছি…
মনডা ভালা লাগতাছে না। তাই বইসা আছি।
যুদ্ধ মনে অয় হ্যাছা হ্যাছাই লাগছে…শহর থাইকা কারা যেন আসছে নৌকা কইরা। তারা কইল।
কী কছ!
হ, হ, লন, বাড়ি লন…জলদি বাড়ি চলেন…
জয়নাল আর শিউলি বাড়ির কাছে এসে দেখে তাদের উঠান আঙ্গিনায় গাট্টিবস্তা নিয়ে বসে আছে বেশ কিছু মানুষ। আগের নৌকার যাত্রীরা তো আছেই, এর মধ্যে বোধহয় আরো দুচারটি নৌকা এসেছে। জনা বিশেক নারী-পুরুষ-শিশুর হট্টগোল। দুজন হতবাক হয়ে তাকিয়ে থাকে। কোনো কথাও মুখ ফুটে বের হয় না। জয়নাল ভ্যাবলার মতো তাকায় শিউলির দিকে। একটি বাচ্চা মেয়ে কেঁদে ওঠে, জল খাব…জল…একটু জল…
জয়নাল যেন হঠাৎ প্রাণ ফিরে পায়। ব্যস্ত হয়ে শিউলিকে বলে, ওই পানি দে…মাইয়াটারে পানি দে…
শিউলিও সংবিত ফিরে পায়। দ্রুত ঘরে যায়। একটা পানির জগ আর মগ নিয়ে ফিরে আসে। বাচ্চা মেয়েটিকে পানি দেয়, মেয়েটির মা-বাবাও পানি খায়। আরো কজন পানির জন্য হাত বাড়িয়ে দেয়। দেখে বোঝা যায় লোকগুলো ভয়ে ও পানির তেষ্টায় মরে যাচ্ছে। এক বুড়ো হঠাৎ হাত বাড়িয়ে কেঁদে ওঠে, একমুঠ ভাত খাওয়াইবা গো, মা…একমুঠ ভাত…আইজ দুইদিন কিছু খাই নাই।
শিউলি কী করবে বুঝে উঠতে না পেরে জয়নালের দিকে তাকায়। জয়নালও হতভম্ব। তখন এক বয়স্ক মহিলা গাট্টি খুলে বলেন, আমার কাছে কিছু চাউল আছে, মা…পালাইয়া আসার সময় যা পারছি নিয়া আসছি… ধরো…দুইটা ভাত ফুটাইয়া দেও…আমরাও খামু…কারো কিছু খাওয়া অয় নাই…
শিউলি চালের পোটলাটা নেয়। জয়নাল বিড়বিড় করে বলে, ওরা কি মুসলমানরেও মারে!
বয়স্ক লোকটি বলেন, যারে পাইতাছে তারেই মারতাছে…খোদার গজব পড়ব ওগো উপ্রে..
এক জোয়ান ছেলে পকেট থেকে কিছু টাকা বের করে দেয়, ভাই, আমাদেরও কিছু খাওয়াতে পারেন কিনা দেখেন…কিছু বাজার নিয়া আসেন…আমাদের কারো কিছু খাওয়া হয় নাই…
জয়নাল হাত জোড় করে টাকাগুলো নেয় জ্বে, জ্বে, দেন, দেন…আপনেরা চিন্তা কইরেন না…আর ডরানের কিছু নাই…এই গ্রামে কেউ আসতে পারব না…এতোদূরে এই গ্রাম! কেউ জানেই না এই দেশে এই গ্রাম
আছে। বউ, আমি বাজার নিয়া আসি গিয়া…
শিউলি বলে, চাউল আর ডাইল নিয়া আইসেন…একটু তেলও আইনেন…একটু লবণও আইনেন…
আইচ্ছা, আইচ্ছা…
জয়নাল দৌড় দেয়।
দুপুরে যখন সবাই খেতে বসেছে তখন আজহার মোল্লা আসেন খালেক আর হারুনকে নিয়ে। লোকজনের কাছ থেকে আজহার মোল্লা সব শুনেন, মিলিটারি নাকি নবীনগর পর্যন্ত চলে এসেছে। তিনি বলেন, হিন্দু যারা আছেন তারা দয়া কইরা এই গ্রাম ছাইড়া চইলা যান। মুসলমানদের আমি বাঁচাইতে পারব, হিন্দুদের বিষয়ে কথা দিতে পারতেছি না।
হিন্দু যে-পরিবারটা ছিল তারা আর মুখে খাবার তুলতে পারল না। তারা তখনই উঠে পড়ল। শিউলি একটা কলাপাতায় মুড়িয়ে বেশ খানিকটা খিঁচুরি দিয়ে দিল মহিলাটির হাতে, নেন গো, বইন, মাইয়াটারে খাওয়াইয়েন।
তাদের সাথে আরেকটা মুসলমান পরিবারও চলে গেল। দুটো মুসলমান পরিবার রয়ে গেল জয়নালের বাড়িতেই। আজহার মোল্লা এসে সব তদারকি করে গেলেন, কিন্তু কাউকে তিনি নিজের বাড়ি নিয়ে গেলেন না। যাবার সময় শুধু জয়নালকে বলে গেলেন, কিছু লাগলে জানাইস।
সন্ধ্যার মুখে মুখে আরো দুটো নৌকা এসে ভিড়ল জয়নালের বাড়ির সামনের ঘাটে। সে নৌকাতেও এক হিন্দু পরিবার। ভয়ে সবার চোখমুখ সাদা হয়ে আছে। শিউলি তখনই আরেকটু খিঁচুরি চাপিয়ে দিল। জয়নালকে বলল, থাউক, আরও যে লোকজন আসছে কাউকে কইয়েন না।
রাতে খেয়েদেয়ে লোকজন খড়কুটো, জামাকাপড়-কাঁথা কোনোরকমে বিছিয়ে উঠানে-বারান্দায় শুয়ে পড়ল। ছোট বাচ্চাগুলোকে শুধু শিউলি মাসহ ঘরের ভিতর জায়গা দিতে পারল। জয়নাল আর বাড়ি ছেড়ে বেরুল না। বাড়ির চারদিকে ঘুরে ঘুরে সে পাহারা দিতে লাগল হঠাৎ আসা অতিথিদের। ক্লান্ত মানুষগুলো যে যেখানে পারছে হাত-পা ছড়িয়ে ঘুমাচ্ছে। শিউলিকে দেখে জয়নাল ফিসফিস করে বলল, মানুষগুলার কী কষ্ট দেখ, বউ, বাড়িঘর ফালাইয়া কই আইসা ঘুমাইতাছে…
শিউলি জয়নালের হাত ধরে বলল, আমার বড় ডর করতাছে… আমরা কই যাব!
দূর থেকে হঠাৎ ভেসে আসে মেশিনগানের একটানা গুলির শব্দ। শিউলি জয়নালকে আকড়ে ধরে। লোকগুলো ভয় পেয়ে দরফর করে ওঠে বসে। একেকজন একেকজনকে আকড়ে ধরে। চিৎকার করে, গুলির শব্দ! গুলির শব্দ!
এতক্ষণ একেকটি পরিবার আলাদা আলাদা করে শুয়ে-বসে ছিল, এখন সবাই এক হয়ে যায়। গোল হয়ে জড়াজড়ি করে বসে থাকে। যেন তারা নিজেদের ভিতরেই লুকিয়ে যাবে, কোথায় যাবে বুঝতে পারে না। শিউলি জয়নালকে আকড়ে ধরে ভয়ে কাঁপতে থাকে, আর হতভম্ব জয়নাল বিড়বিড় করে বলে, ডরাইয়েন না…আপনেরা ডরাইয়েন না….এই গ্রামে মিলিটারি আসতে পারব না…
৩.
জয়নাল নদীর ঘাটে এসে দেখে কালো কালো কী যেন ভেসে যাচ্ছে নদী দিয়ে। তখনো ঠিক মতো আলো ফোটেনি। আরেকটু কাছে গিয়ে জয়নাল বুঝলো সারি সারি মানুষের লাশ ভেসে যাচ্ছে নদী দিয়ে। অবসন্ন পায়ে সে বাড়ি পর্যন্ত ছুটে এসে উঠানে প্রায় হুমড়ি খেয়ে পড়ল। শিউলি দৌড়ে এসে তাকে ধরল, কী হইছে?
গাঙ্গে দিয়া হমানে লাশ ভাইসা যাইতেছে। হাজার হাজার লাশ।
কী কন!
লোকজন পশুর মতো গুঙিয়ে উঠল। যুবক ছেলেটি উঠে সবাইকে তাড়া দিল, চলেন চলেন, সবাই তাড়াতাড়ি চলেন, এইখানে থাকাও নিরাপদ না।
চোখের পলকে সারা বাড়ি খালি। যাবার সময় দুজন নারীপুরুষ জয়নাল ও শিউলিকে বলল, চলো, চলো, তোমরাও আমাদের সাথে চলো।
শিউলি বলল জয়নালকে, চলেন, আমরাও চইলা যাই…
কই যামু!
চলেন, আমরাও পালাইয়া যাই…
খাড়া, জ্যাঠার কাছে গিয়া একটা খবর নিয়া আসি…
আর কী খবর নিবেন! যুদ্ধ তো হ্যাছাই লাগছে…
খাড়া না…এহন এতো ডরাছ ক্যান! আমি একটু আসতেছি…
না, না, আমারে ফালাইয়া আপনে কোনোখানে যাইয়েন না…আপনের পায়ে ধরি…
আরে তোরে কি দিনদুপুরে মিলিটারি আইসা ধইরা নিয়া যাইব! তুই দুয়ার বন্ধ কইরা ঘরে বইসা থাক। আমি অক্ষণই আসতাছি…
জয়নাল দৌড় শুরু করে। শিউলি চেঁচায়, আপনে তাড়াতাড়ি চইলা আইসেন। আপনের পায়ে ধরি…আপনে দেরি কইরেন না।
মিজানরা রাস্তার জটলা বেঁধে দাঁড়িয়ে ফিসফাস করছিল। জয়নাল ছুটে এসে বলল, ও মিয়াভাই, কী অইব অহন! আমরা কী করুম!
মিজান বলল, কী করবা আর! বইসা বইসা মাইর খাও। মরণ চাইয়া দেখো।
আমরা কি পালাইয়া যামু?
কই পালাইবা! নিজের দেশ ছাইড়া কই পালাইবা!
তো কী করব! বইলা দেও এহন কী করব!
মিজান হঠাৎ জয়নালের চোখে দিকে স্থির তাকিয়ে বলল, তোমারে কি বিশ্বাস করা যায়?
কী কও! কীসের বিশ্বাস!
তুমি তো আবার আজহার মোল্লার খাস চামচা।
কী কও, কীয়ের চামচা। তার কাম করি। ডাকলে কামে যাই…ক্যান কী অইছে!
হুনো, কাউরে বলবা না…আমরা যুদ্ধে যাওয়ার কথা ভাবতেছি…
কী কও! যুদ্ধে!
হ্যাঁ, এর উচিত শিক্ষা দেব আমরা…এম্নি এম্নি ছেড়ে দেব না…এই দেশ আমাদের। আমরা এই দেশ স্বাধীন করব।
কী কও!
তুমি যাইবা আমাগো লগে!
আমি! আমি গিয়া কী করুম! আমি যুদ্ধের কী জানি!
আমরা কে কী জানি! আমরা ট্রেনিংয়ে যাব! তারপর আইসা যুদ্ধ করব…যাইবা?
যাইতে তো মন চায়…পালাইয়া যাওয়ার চেয়ে যুদ্ধে যাওয়াই ভালো…কিন্তু, তোমার ভাবীরে একলা রাইখা কেম্নে যাই…
তো আর কী! যাও, বউয়ের আঁচলের নিচে ঘুমাইয়া থাকো গিয়া…
না, মানে…তোমার ভাবী মা হইতে যাইতাছে তো…
যাও, যাও, বুঝছি, শালার বাঙাল…বসে বসে মার খাবে…তবু রুখে দাঁড়াবে না!
খাড়াও, একটু ভাইবা দেখি…তোমার ভাবীর লগে আলাপ কইরা দেখি…
আইচ্ছা, গেলে তাড়াতাড়ি জানাইয়ো। আর না গেলে এই কথা কাউরে কইয়ো না…
আইচ্ছা, আইচ্ছা…
আজহার মোল্লার বাড়িতে পাকিস্তানের পতাকা উড়ছে পতপত করে। বাড়িতে ঢুকার মুখে জয়নাল একটু তাকাল। আজহার মোল্লা হুক্কা হাতে বারান্দায় বসে আছেন। জয়নাল এসে দাঁড়াতে বললেন, তোর বাড়ির লোকজন কি এখনো আছে না গেছে?
বেইন্যালাই গেছে গা। গাঙ্গে দিয়া দুনিয়ার লাশ ভাইসা আসছে জ্যাঠা।
সব মালাউনের লাশ।
হুনলাম মুসলমানরেও নাকি মারতাছে…
আরে না, মুসলমানরে মারব ক্যান! তয় হ্যা, কিছু মুসলমান আছে মালাউনের চেয়ে খারাপ…মুসলমান অইয়া মালাউনের লগে হাত মিলাইলে তারে কী করব, ক!
আমরা এহন কী করুম, জ্যাঠা?
আজহার মোল্লা এক নজর জয়নালকে দেখলেন। উঠে দাঁড়িয়ে কাছে এসে বললেন, আমরা যতটুকু পারি পাকিস্তানি ভাইদের সেবা করব। এইটা আমাগো ঈমানী দায়িত্ব…হুন, হুনলাম গ্রামের অনেক পোলাপাইন নাকি যুদ্ধে যাইতাছে…একটু চোখকান খোলা রাখিস তো…খবর রাখিস, কারা কারা যুদ্ধে যায়…
আজহার মোল্লা স্বখেদে নিজে নিজেই বলতে লাগলেন, পাকিস্তনি মিলিটারির বিরুদ্ধে যুদ্ধ করব! সাহস কতো! আরে পাকিস্তানি মিলিটারি অইতাছে দুনিয়ার সেরা মিলিটারি…কী লম্বা একেকজন! ছয়ফুটের উপর লম্বা…আর কী স্বাস্থ্য! একেকজনরে দেখলে চোক্ষু জুড়াইয়া যায়… ওনাদের বিরুদ্ধে শুকনাপটকা বাঙালি ছাত্র-দিনমজুররা করব যুদ্ধ! ভাত খাইতে পায় না যেই বাঙালি তারা করব যুদ্ধ…হু…
জয়নাল চোখ সরু করে তাকিয়ে থাকে। ঢোকের পর ঢোক গিলে।
রাতে ঘুমাতে গিয়ে শিউলিকে কথাটা বলল জয়নাল, আমি যদি যুদ্ধে যাই?
শিউলি প্রথমে বুঝলই না জয়নাল কী বলছে, কী কন! কই যাইবেন?
যুদ্ধে।
আপনে যুদ্ধে গিয়া কী করবেন! আপনে জীবনে বন্দুক চোক্ষে দেখছেন!
হুনলাম ট্রেনিং নাকি দিব। ট্রেনিং দিয়া তারপর যুদ্ধে পাঠাইব…
কাম নাই আপনের যুদ্ধে গিয়া…শেষে ডরাইয়া মরবেন…
এম্নিই তো ডরাইয়া মরতাছি…মরলে একবারে মরলে ভালা না!
তয় আমি কী করুম! আমি কই যামু!
তোর কতা ভাইবাই মনডায় সায় দিতাছে না…আরেকটা কাম পাইছি, জানস?
কী কাম!
আজহার মোল্লা একটা কাম দিছে…কইছে এই গ্রামে কারা কারা যুদ্ধে যায় তাগোর সম্পর্কে খোঁজ-খবর রাখতে…এই কামডায় আমার মন সায় দিতাছে না…
থাউক, আপনের কোনো কামই দরকার নাই। যুদ্ধেও যাওয়ার দরকার নাই, যারা যুদ্ধে যায় তাগো সম্পর্কে খোঁজও রাখার দরকার নাই…
আজহার জ্যাঠা কইছে আমাগো কোনো ডর নাই। তিনিই সব দেখবেন। এই গ্রামে মনে হয় না মিলিটারি আসব…পাকিস্তনি মিলিটারি নাকি পানি ডরায়…
শিউলি বলল, ইশ! গাঙ্গটা আরো বড় অইল না ক্যান!
জয়নাল শিউলিকে জড়িয়ে ধরে। পেটে হাত রাখে, আমার বাবাটা আসতে আর কতো দেরি?
দেরি আছে…আরো সাত মাস।
আরো সাতমাস! যাক, এরমইধ্যে যুদ্ধটা থামলেই অয়…
জয়নাল…ওই জয়নাল…
জয়নাল দরফর করে উঠে বসল, আজহার মোল্লার গলা না!
শিউলিও উঠে বসল, হ, তারই তো মনে হয়। এতো রাইতে কী চায়?
বাইরে থেকে আবার ভেসে এলো আজহার মোল্লার বাজখেয়ী গলা, ওই জয়নাল, দুয়ার খোল।
জয়নাল উঠে গিয়ে দরজাটা খোলে। উঠানে একদল পাকিস্তানি সৈনিক! জয়নাল এমন হতবিহল হয়ে যায় যেন সে দুঃস্বপ্ন দেখছে। ঘুমিয়ে পড়ল কখন!
স্যারেরা আসছেন…চল, এই গ্রামের কারা কারা যুদ্ধে যায় দেখাইয়া দে…
জয়নালের মুখ দিয়ে কোনো রা বেরোয় না। বিড়বিড় করে সে বলে, আমি তো কিছু জানি না…
কিছু জানস না! আয় দেখি…
শিউলি এসে দাঁড়ায় দরজায়। হাতে কুপিটা। বাইরে এক নজর দেখেই সে বিড়বিড় করে, লা ইলাহা ইল্লা আনতা সোবহানানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন…
মেজর সাব এগিয়ে আসে হাসিমুখে। শিউলিকে দেখে মুগ্ধ হয়ে বলে, ইয়ে লাড়কি তো বহুৎ সুড়ৎ হায়!
মেজর সাব এগিয়ে গিয়ে শিউলির থুৎনিটা ধরে উপরে তোলে। শিউলির হাত থেকে কুপিটা পড়ে ধপ করে নিভে যায়। সৈনিকদের হাতে টর্চ লাইট জ্বলছে। পুরো বাড়িটাই আলোকিত। শিউলি ভয়ে বিবর্ণ হয়ে বিড়বিড় করতে থাকে, আমার পেটে আমার বাচ্চা…আমার পেটে আমার বাচ্চা…আমি কলমা জানি, আমি মুসলমান… লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ…
জয়নাল মেজরের পায়ে পড়ে, ওরে ছাইড়া দেন, স্যার…ও ডরে মইরা যাইব…
মেজর তাকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। জয়নাল গিয়ে আজহার মোল্লার পায়ে পড়ে, জ্যাঠা, জ্যাঠা, আমারে বাঁচান, আমার বউরে বাঁচান।
আজহার মোল্লা বলেন, মেজর সাব তোর বউরে একটু সোহাগ করব। এমন করছ ক্যান? কী কপাল তোর।
দুজন সৈনিক শিউলির হাত ধরে টেনে নিয়ে আসছিল। জয়নাল হঠাৎ একটা হিংস্র বাঘের মতো লাফিয়ে ওঠে। এক মুহূর্তে শার্সির মতো মেজরের গলাচিপে ধরে, সৈনিকরা একসাথে বন্দুক তাক করে। মেজর হাত তুলে চেঁচায়, নো না…নো ফায়ার…
মেজরের গলা চিপে ধরেই জয়নাল তাকে মাটিতে শুইয়ে দেয়। মেজর তাকে কোনোভাবেই নিজের শরীর থেকে সরাতে পারে না। জয়নাল ঝোঁকের মতো তাকে চেপে ধরে রাখে। আজহার মোল্লা তাকিয়ে বড় বড় চোখে, খাইছে আমারে! এই হুগনাপাতলা বাঙ্গালি দিনমজুরের গায়ে এতো শক্তি! পাকিস্তানি মেজর সাবও তার লগে পারতাছে না! দুইবেলা ভাত খাইতে পায় না যে বাঙালি তার গায়ে এতো শক্তি কই থাইকা আসে!
জয়নালের হাত শক্ত হয়ে মেজরের গলায় চেপে বসছে। সৈনিক দল গুলিও করতে পারছে না, গুলি করলে মেজর সাবের গায়েও লাগতে পারে। তারা আর অপেক্ষাও করতে পারে না, দুতিনজন সমানে বেয়নেট নিয়ে খোঁচাতে থাকে। একেকটা আঘাতে জয়নাল দাঁতমুখ খিঁচিয়ে শরীর বাঁকা করে খিচ মেরে যায়, তবু সে মেজরের গলা ছাড়ে না। মেজর তার নিচে পড়ে পিষ্টে যাচ্ছে, সৈনিক দল সমানে বেয়নেট দিয়ে খোঁচাতে থাকে তাকে, রক্তে জয়নালের সারা শরীর ভেসে যায়, শিউলি চিৎকার করে কাঁদতে থাকে…বীভৎসতা দেখে আজহার মোল্লাও চোখমুখ কুঁচকে ফেলেন, হারুন পাথর চোখে তাকিয়ে আছে। আস্তে আস্তে জয়নালের শরীরটা নেতিয়ে পড়তে থাকে, দুজন সৈনিক মেজরকে তার নিচ থেকে টেনে বের করে। মেজর উঠে দাঁড়িয়ে গলা ধরে কাশে। জয়নালের নিথর দেহটাতে একটা লাথি মারে, ইয়ে বাঙাল তো ভেরি মাচ ডেঞ্জারাস! বি মোর কেয়ারফুল এবাউট দেম…
মেজর একটা বন্দুক নিয়ে দুটো গুলি করে জয়নালের বুকে। শিউলি আকাশ ফাটিয়ে চিৎকার করে ওঠে। শিউলিকে নিয়ে সৈনিকদল রওয়ানা হয়। শিউলির পা হেচড়াতে থাকে মাটিতে। জয়নাল আধবোজা চোখ মেলে তাকিয়ে আছে, তার মুখের ওপর এসে পড়েছে একফালি চাঁদের আলো। জয়নালের মনে হলো শিউলি তার কানের কাছে গীত গাইছে গুন গুন করে, যদি পাখি হইতাম আমি…উড়াল দিয়া গিয়া বসতাম তোমার বাড়ির গাছে…সারাদুপুর ডাইকা মরতাম তোমার কানের কাছে…বন্ধুরে….আমার পরাণ গেল পুড়ে….
