আনিসুজ জামানের ‘শকুন’
ছেলেটার নামটা যেন কী? ভুলেই তো গেছি। কিন্তু নাম না জেনে তো আমি যেতে পারি না। প্রহরীরা যে প্রথমেই আমাকে ওর নাম জিজ্ঞেস করবে । বয়স ওর তেইশ বছর এক মাস বার দিন। দেখতে কৃশ। অনেকে হ্যাংলা বললেও আমার পছন্দ নয় কারণ শব্দটা অন্য আরো অনেকগুলো বিষয়ের ইঙ্গিত করে। ওর গায়ের রং কালো, ঝিম কালো। সাক্ষাৎ পৃথিবীর প্রথম মানব, আদমের উত্তরসূরি। ওর সম্মন্ধে আমি সবই জানি। নামটাও জানতাম। তবে গত কদিনে ভুলে গেছি, আর এখন শত চেষ্টা করেও মনে পড়ছে না।
ছেলেটা শুয়ে আছে ঝলমলে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির ওতাই মেসা-র এক পাহাড় চুড়ায়। পাশে নিচে বিশাল এক হ্রদ। পাহাড়ের উচ্চতা তিন হাজার ছয়শ ফুট। হ্রদের চারপাশ সবুজ হলেও পাহাড়ের বাদামি চূড়া ঝলসে দিচ্ছে সেপ্টেম্বরের প্রখর রোদ। গত তিন দিন ধরে ও আশ্রয় নিয়েছিল এখানে; এক কায়োটির গর্তে। যখন এসেছিল তখন সাথে খাবার ছিল দিন দুয়েকের। আর ছিল এক বোতল কোক। এর আগে কয়েক মাস কাটিয়েছে বর্ডার শহর তিহুয়ানাতে। আসলে শহরে বলা চলে না। নব নির্মীয়মাণ ট্রাম্প প্রাচীরের অপরদিকে যে আর একটি দেয়াল অনেক বছর ধরেই ছিল সেটি আর তিহুয়ানা নদীর মাঝে যে একচিলতে জায়গা, সেখানেই লুকিয়ে ছিল কয়েক সপ্তাহ— মোক্ষম সময়টার অপেক্ষায়।
এখন চারদিক থেকে ছেলেটাকে ঘিরে ফেলেছে বর্ডার পেট্রোল ও পুলিশ। ওরা উঠে আসার আগেই ওর পরিচয়পত্র দেখে নামটা নিশ্চিত করতে হবে আমাকে। কিন্তু ওর সাথে তো কোনো কাগজপত্র নেই। দেয়ালের ফাঁক গলে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ার আগেই সমস্ত কাগজ ফেলে এসেছে তিহুয়ানা নদীতে। এমনকি পরিচয়পত্রও। যাতে ধরা পড়লে সহজে ওরা ওকে বের করে না দিতে পারে। এটাই নিয়ম।
ও এসেছে গুয়াতেমালা থেকে। কুখ্যাত লস পচস-দের দলে যোগ দিতে চায়নি বলে পালিয়ে এসেছে। চাচাত ভাই ওদের দলে ঢুকেছে মাস কয়েক হলো। এরই মধ্যে সে ছেঁড়া টায়ারের চপ্পল ফেলে দিয়ে বুট লাগিয়ে ফোর্ড লবো হাঁকায়। না না, গুলিয়ে ফেলছি। ও তো ইভান নয়। ইভান ছিল ওর থেকে আর একটু বেশী বয়সি। রং ছিল তার সাদা। গুয়াতেমালার আদিবাসী আর এস্পনিয়-র সঙ্কর ছিল সে। ইভানের দুটো ছোট ছোট ছেলেমেয়ে। প্রেমিকার নাম ইসাবেল। আমি ইভানের সঙ্গে আবার এই ছেলেটাকে গুলিয়ে ফেলেছি।
খুব সম্ভবত ও এসেছে মেহিকো থেকে। সিজেএনজে-এর হয়ে কাজ করত। বছর চারেক আগে যোগ দিয়েছিল মেহিকোর সবচেয়ে ক্ষমতাশালী ড্রাগ কারটেলের সাথে। ওর ক্ষমতাও ছিল প্রচুর। ওর কাছে পিঁপড়ে আর মানুষে কোনো পার্থক্য ছিল না। না না, এ ছেলেটা তো হেসুস নয়।
আচ্ছা, এতক্ষণে মনে পড়েছে। ও তো এসেছে কলম্বিয়া থেকে। এফএআরসি-এর হাত থেকে পালিয়ে। জন্ম ওর কাউকা নদীর পাড়ে, যেখানে ইউকার সাথে ধান চাষ হয় আর পাওয়া যায় মিঠে পানির মাছ। যেখানে চাষিরা সারাদিন মাঠে খেটে রাত্তিরে উঠানে গল্প করত, গান হত। আজ যেখানে ধানের বদলে চাষ হয় অন্য কিছুর আর সন্ধ্যে হলে কেউ আর বাইয়েনাতো গাইতে পড়শি বাড়ি যায় না।
আজ থেকে ঠিক এক বছর তিন মাস সাত দিন আগে, এক বিকেলে ও দেখা করতে গিয়েছিল পাওলার সাথে। পাওলা; ওর ভালবাসা, ওর স্বপ্ন। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন। প্রায় বারোটা। বাড়িতে চার ভাইবোন আর বাবা মার সাথে শোবার জন্য একটি মাত্র ঘর। রাত হয়েছে বলে চুপিচুপি দরজা খুলে শুয়ে পড়বার ইচ্ছেয় শব্দ না করে বাড়ির কাছাকাছি আসতেই দেখতে পায় কালো কালো কিছু ছায়া। যা বুঝবার তা বুঝে নিয়ে দৌড়ে পালাতে গিয়েও ততুমো গাছের নিচ থেকে পা সরাতে পারছিল না। পাঁচ বছর ধরে বাবা নিয়মিত ওদের চাঁদা দিয়ে আসলেও গত তিন মাসেরটা বাকি পড়ে গিয়েছে। সে স্পষ্ট শুনতে পেয়েছিল – তরে পাঁচ বছর ধইরা কইতাছি ইউকার বদলে কোঁকা-র কাম কর। করলে তরও ভালা হইত, আমগোরও। শেষবারের মত কইতাছি, চান্দা দিবি না কোঁকা বানাবি?
বাবার স্বর- আর কয়দিন সময় দেন। চান্দা দিয়া দিমু। কিন্তু খারাপ কাম করবার পারুম না।
– খানকির পোলা, আমরা খারাপ কাম করি?
তারপর গুলির শব্দ, মায়ের চিৎকার, ছোট ভাই ও বোন দুটির চিৎকার। আবার গুলি। সব শেষ। শুধু পনের বছরের বোনটাকে ওর থেকে ছাপ্পান্ন গজ চার ইঞ্চি দূর দিয়ে টেনে নিয়ে যায় ওরা। ছায়াগুলোর দুজন অপেক্ষায় থাকে ছেলেটা ফিরলে শেষ করে দেবার জন্য, যাতে করে ওদের জমি অন্য কোঁকা চাষিদের দিয়ে ফলাতে পারে।
ছেলেটা পা টিপে টিপে কোনো এক ঘোরের মাঝে অন্যান্য অনেকের সাথে কীভাবে তিহুয়ানায় পৌঁছায় তা সে নিজে না জানলেও আমি জানি।
এইতো চার দিন আগে প্রথম সীমান্ত্ প্রাচীরের তিহুয়ানার দিকে যে ক্রুশচিহ্নগুলো আঁকা ছিল তা দেখছিল আর বর্ডার পেরুতে গিয়ে মরে যাওয়া নামগুলো পড়ছিল; সবমিলিয়ে দু হাজার তিনশ একান্ন। নামগুলোর সঙ্গে ছিল প্রত্যেকের মৃত্যু তারিখ। ও কী মনে করে একটা পাথর তুলে নিয়ে ক্রুশচিহ্ন এঁকে নিজের নামটাও লিখে দেয় । তবে কোনো তারিখ বসায় না। সময় হলে দেয় হামাগুড়ি, তারপর উঠে দৌড়। আবারও পিছু ধাওয়া করে সেই ছায়ামূর্তিগুলো যাদের থেকে এতদিন সে পালিয়ে বেরিয়েছে। ওদের দলে ছিল চৌদ্দ জন। ছায়ামূর্তিরা সংখ্যায় কম থাকায় ও কোনোভাবে এই পাহাড়ের চূড়ায় উঠতে পারলেও বেরুতে না পেরে কাটিয়ে দেয় তিন দিন। এ কদিন একটুকু সময়ের জন্যও নিচের পাহারায় ঢিল পড়েনি। নিচে ওদের আর উপরে যান্ত্রিক ফড়িঙের চোখ এড়াতে পারলেও কিছু শকুনের চোখে পড়ে যায় আজ। আর শকুনের দৃষ্টি অনুসরণ করে ফড়িঙটি ওকে দেখে ফেললে দৌড় দেয় উঠে। লুটিয়ে পরে রবারের গুলি খেয়ে; অন্তত রিপোর্টে তাই লিখা হবে।
আর এখন ওকে জলপাই সবুজ রঙের প্লাস্টিকের ব্যাগে ভরে মাথার কাছে রশি বেঁধে মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে টেনে হেঁচড়ে নামাচ্ছে; ওরা ছ'জন। স্ট্রেচার সাথে থাকলেও তাতে উঠানোর প্রয়োজন বোধ করেনি, কারণ মাথায় ধপধপে সাদা চুলের চুড়ার নেতা বাকি কজনকে বলেছিল, মেহিকানোরা ধর্ষক, ওরা নাকি মানুষ নয়। এখন ওর মাথা অনুসরণ করছে দেহটা আর শেষে পা দুটো। পায়ের দুটো বুড়ো আঙ্গুল আকাশের দিকে জানিয়ে দিচ্ছে যে তারা আর কোন কিছুরই তোয়াক্কা করে না। মাথা আর পা দুটো পাথরের সাথে বাড়ি খেয়ে থেঁতলে যাচ্ছে।
আমি নড়তে পারি না। ওর নামটা যে এখনও জানা হল না । মুনকার নাকীর নাম জিজ্ঞেস করলে কী উত্তর দেব? এরা দুজনেইতো পাহারা দিচ্ছে পরবর্তী আর একটি সীমান্ত। এটাই কি শেষ সীমান্ত কিনা তাই বা কে জানে, জীবনটাই তো সুপার মারিওর মতো শুধুই এক সীমান্ত থেকে আর এক সীমান্ত পারি দেয়া।
হঠাৎ করেই ছায়ামূর্তিগুলোর দলনেতার পা হড়কে গিয়ে পড়ে যাবার উপক্রম হয় আর সঙ্গে সঙ্গেই আমার মনে পড়ে যায় নাম; অভিবাসী।
