২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গল্পিকা: সেল প্রেম

আবদুশ শাকুর

Published : 19 May 2010, 07:47 PM

Updated : 05 Sep 2022, 08:48 PM

—তোমার হৃদয়ে এসে চুপটি করে বসে থাকব এসএমএসের মতো—উপমা।

—তোমার মনের মধ্যে ভালোবাসার সুর বাজাবো রিংটোনের মতো—রূপক।

—তুমি কিন্তু সারাক্ষণ বিজি হয়ে থেকো না নেটওয়ার্কের মতো—উপমা।

—থাকবো না, তবে তুমিও একটি সিম কার্ড সারাক্ষণ ফ্রি রাখবে—রূপক।

—রাখবো এবং আমার প্রেম কখনোই শেষ হয়ে যাবে না ব্যালেন্সের মতো, যদিও আমি পরস্ত্রী—তোমার প্রেমিকা।

—আমার প্রেমও ফ্লেক্সিলোডে ভরা থাকবে সর্বদা, যদিও আমি বিপত্নীক—তোমার প্রেমিক।

—কিন্তু তোমাকে তো আমি কাট করে নিতে পারবো না কন্ট্রোল-এক্স টিপে, তুমি-যে পরস্ত্রী—বিরহী।

—কন্ট্রোল-সি টিপে কপি তো করে নিতে পার, আমি যেমন করেছি—বিরহিণী।

—তাহলে তাই করে কন্ট্রোল-ভি টিপে পেইস্ট করে নিলাম মনের পটে। এবার কন্ট্রোল-এস টিপে কি সেভ করে নিতে পারি প্রিয় বান্ধবী?

—নিশ্চয় পার প্রিয় বন্ধু। অসুবিধে কী?

—আমি-যে এখন নিষ্ক্রিয় একটা ব্যাক-আপ ফাইল মাত্র—নিতান্ত সারহীন প্রবীণ!

—বলছো কি রূপ, তুমি তো তবে নির্ভেজাল এক আনন্দের খনি, মানে ভাইরাসের ভয় নেই। অতএব আমিও টুলবারের সেভ আইকনটি টিপলাম।

তারপর কিছুদিন দুজনেই নানান কাণ্ড করে গেল আই পড আর আই ফোনের মাল্টিমিডিয়া-ভুবনে ঢুকে। এভাবে প্রাথমিক আবেগ-ভরা বাজে কথা ডাউনলোড হয়ে যাবার পরে কাজের কথা শুরু হয়ে গেল মুঠোফোনে:

—বাণীবাজি আর না। তোমাকে আমি চিনি। এভাবে এমএসসি পাশ করে বসে থাকলে চলবে? একটা কমপিউটার কোর্স তো করতে পার, যেমন হার্ডওয়্যার মেনটেন্যান্স অ্যান্ড ট্রাবলশুটিং।

—বার্তাবাজি আর না। আমিও তোমাকে চিনি। এভাবে এমএ পাশ করে বসে থাকলে চলবে? তুমিও তো একটা সফটওয়ার কোর্স করতে পার, যেমন ওয়েভ পেজ ডিজাইনিং।

—অত কঠিন কোর্স কি আমি পারবো?

—তাহলে যেটাতে তুমি ইতিমধ্যেই ভালো করছো, সেটাই কর: নেটওয়ার্কিং।

—ইন্টারনেটওয়ার্কিং কি আমি জানি যে ভালো করবো?

—ওটাও তোমার প্রেমেনেটওয়ার্কিঙের মতোই।

—তা হলে তুমিও তাই কর, এই নেটওয়ার্কিঙে তো তুমি আমার চেয়ে ঢের বেশি অভিজ্ঞ।

—ঠিক আছে। দুজনেই তবে নেটওয়ার্কিঙের কোর্সই করবো। এ নিয়ে বিরহ-পর্বেই ঝগড়ার দরকার নেই। ঝগড়ার জন্য তো পুরো মিলন-পর্বটাই পড়ে আছে।

অতঃপর মিলন-পর্বের মধুমাসটি শেষ না-হতেই শুরু হয়ে গেল দুজনেরই কন্ট্রোল-এফ টেপাটেপি, ফাইন্ডের উদ্দেশ্যে। তারপর হানিমুন শেষ হতেই দুজনেই ব্যস্ত হয়ে পড়লো কন্ট্রোল-এইচ টেপাটেপিতে—ফাইন্ড নেক্সট অ্যান্ড রিপ্লেসের নেশায়।

এই পর্যায়ে এক ভরা বাদলের উদাস করা বিকেলে ঘন মেঘ আঁধার করে ঘিরে এলে মিলনের উদ্দেশ্যে ডাক দিলে উপমা বলে দিল: এ বিরহবিধুর পরিবেশে আলস্যভরে একলা-শয্যায় পড়ে থাকতেই আমার বেশি ভালো লাগে—'আহ্ ছাড়ো তো! এ কি আলিঙ্গন? না আবেষ্টন?'

উপমার একলা-শয্যার স্বরূপ অনুধাবন করলো রূপক। আরেক নিদ্রাহারা নিশীথে মুঠোফোনে রূপককে সঙ্গী করে নিতে চাইলে উপমা উত্তর পেল—লাইনটা কাটতে হবে এখন। কারণ আমার বড্ড ঘুম পাচ্ছে। এর পরই ঘুমকাতুরে পুরুষটির কাতরোক্তিও শোনা গেল—আহ্ বাঁধন, দংশন চুম্বনের আনন্দ ডিলিট করে দেয় যে! জবাবে কামার্তা কামিনীকণ্ঠে শ্রুত হল—কন্ট্রোল-জেড টিপে দিলেই আনন্দ ফিরে আসবে রূপ! আমার চুম্বন-যে এরকমই হবে। স্বভাবকবি গোবিন্দ দাসকে স্মরণ কর—'আমি তোমায় ভালোবাসি অস্থি-মজ্জাসহ'।

এ পর্যায়ে দুজনেরই মনে পড়ে গেল সেই হতাশ নেতার আক্ষেপটি—'কেবল সেলফোনের কারণেই মিছিলটি মাটি হয়ে গেল। শ্রমিকনেতা-ছাত্রনেত্রী, যাকেই ফোন করি পার্টনারের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় লেপের ভেতর থেকে মুখ বের করে মুঠোফোনে জবাব দেয়: পরে কথা বলবো নেতা, এখন মিছিলে ধাওয়া আর পাল্টা ধাওয়ার পরে ধস্তাধস্তির অ্যাকশানে আছি।

অতঃপর সেলপ্রেমের নায়ক-নায়িকা দুজনেরই সম্পর্কটা শিফ্ট চেপে ডিলিট করে রিসাইকেল বিন থেকেও বের করে দিল ডিবি-লটারি জেতা দুই লাকি যুবক-যুবতী। বিশ্রী বীথি আর কুশ্রী কুতুবের লটারির পানসিতে পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে সেটেল করলো সুশ্রী রূপক আর রূপসী উপমা।

তবু এত দিনের সেলপ্রেম তো এত সহজে ভোলা যায় না। উপমা-রূপক মাঝে মধ্যে পরস্পরকে ফোন করে পূর্ব কূলের নিউইয়র্ক আর পশ্চিম তীরের লস অ্যাঞ্জেলেস থেকে। রূপক যেন শুঁকতে পায় উপমার পিয়াজ কাটার ঝাঁজ। আর উপমা যেন শুনতে পায় রূপকের বাসন মাজার আওয়াজ!

এসব কি নেহাত অলীকদর্শন? না কি কোনো হতাশ অবচেতন? কল্পনাতীত প্রাচুর্যে বিভ্রান্ত যৌবন তাদের ঠিক বুঝে উঠতে দেয় না।

————

লেখকের আরো লেখা

কাজী নজরুল ইসলাম: এক স্বয়ম্ভর সংগীতসভা

লেখকের আর্টস প্রোফাইল: আবদুশ শাকুর
ইমেইল: shakooronline@gmail.com

ফেসবুক লিংক । আর্টস :: Arts