বিংশতি পদাবলী
চিত্রকর্ম: মোহাম্মদ ইকবাল
১.
সেদিন সকাল থেকেই সেমন্তীর হাত ফসকে জিনিসপত্র অকারণে পড়ে যাচ্ছিলো। সৌম্যকে চা দিতে গিয়ে ফেলে দিলো কাপ সমেত পিরিচ। হঠাৎ অভাব জুড়ে বসা সংসারে দামী কাপ পিরিচ ভাঙলে মনমেজাজ সবারই খারাপ থাকে। দুপুরে বড় মেয়ের গায়ে লোশন মাখতে মাখতে বলছিল, 'এখন তুমি বড় হচ্ছো। কখনও কারো সামনে জামা পাল্টাবেও না। খুলবে না। কেমন'?
-তোমার সামনেও না?
-আমি তো মা।
-বাবার সামনেও না?
-না।
-কেন মা? এতদিন তো এমন কথা বলোনি?
-কারণ ঐ যে বল্লাম এখন তুমি বড় হচ্ছো।
-মা বুকে চর্বি জমলে কি মানুষ বড় হয়ে যায়? তুমি কি তাহলে বাবার চেয়েও বড়?
-আরে নারে পাগলি মেয়ে। বাবা তো পুরুষ। মেয়েদের বুকে চর্বি জমে। দেখি ঘোরো। পীঠে লোশন মেখে দিই।
-আচ্ছা মা। চর্বি গলে কি দুদু হয়? তাহলে কি আমি ছোটবেলায় তোমার চর্বি খেতাম?
মেয়ের এমন প্রশ্ন শুনে সেমন্তী ভরকে গেল। একটা অস্বস্তিও ঘিরে ধরলো। ওর মনে হলো, এত অল্প বয়সের মেয়ের সাথে মাতৃদুগ্ধ বিষয়ে আলোচনা করা ঠিক না। সেমন্তীর মায়ের কথা মনে হলো। সে তার মায়ের সাথে কখনোই এসব বিষয়ে কথা বলেনি।
জনসন লোশনের কন্টেইনারটার হাত ফসকে পড়ে গেলো। মেঝেতে পড়ে বেশ খানিকটা লোশন বরবাদও হলো। একেই অভাবের সংসার। তাতে আবার লাপরওয়া ভাবে দামী লোশনের অপচয়। সৌম্য একটু খেঁকিয়েই উঠলো, 'তোমার সমস্যাটা কি? সকালে কাপ ভাঙো, দুপরে লোশনের বোতল ভাঙো। মাথার মধ্যে কি ভাঙাভাঙি ছাড়া আর কিছু নাই'? বাচ্চাদের সামনে এভাবে ধমক শুনে সেমন্তীরও আর সহ্য হলো না। সেও তারস্বরে বললো, 'মাথা ঠিক থাকে কেমনে? মাথা ঠিক রাখার মতোন সংসারে কিছু আছে'? বাচ্চা দুটো ঘরের আবহাওয়া পরিবর্তনের আভাস পাওয়া মাত্র নিজেরাই জামা গায়ে দিয়ে পাশের ঘরে চলে গেলো। ওদের কানে হুলের মতন মা বাবার তর্ক বিঁধতে লাগলো।
-কথায় কথায় তোমার ঐ এক প্যাঁচাল না পারলে ভালো লাগে না, না?
-আমি কোন কথা বললাম?
-এখনি তো বলতে চাইলা। সেমন্তি, এতদিনেও আমি তোমার কথার ধাঁচ বুঝিনা মনে করো?
-তুমি সবসময় বেশি বোঝো সৌম্য।
এভাবেই প্রায়শই তর্কে তর্কে কথার আগুন দু'দিকেই জ্বলতে লাগে। সৌম্য, সেমন্তি দুইজনেই একই মাত্রায় ক্ষিপ্ততার ফারেনহাইটে তপ্ত হয়। পার্থক্য কেবল সৌম্য ধুমধাম মারপিট করে ক্ষান্ত হয়। আর সেমন্তী প্রায়শই মারধোর খেয়েও খুঁজে পায় না শান্ত হওয়ার পথ কোথায়। সেদিনও তাই হলো। পাশের ঘরে কুঞ্জ আর কায়া দুইটি শিশু সেদিনও দু'চোখ ভিজিয়ে নীরবে শুয়ে ছিলো।
গার্মেন্টস ব্যাবসায় ভরাডুবি খেয়ে কাজের খোঁজে হন্যে হয়ে কোনোভাবে দিন কাটায় সৌম্য। জমানো টাকা যা ছিলো, সবই প্রায় শেষ হয়ে আসছে আটমাসের বেকারজীবনে । মেয়েদের স্কুল ফিস কোত্থেকে দিবে সেই ভাবনায় শিউরে ওঠে। মাসের প্রায় মাঝামাঝি চলছে। এখনও মাসের বাজার করা হয় নি। এই চিন্তাতেও তার খাওয়া দাওয়ার ইচ্ছা কমে যাচ্ছে দিনদিন। দুপুরে সেমন্তিকে মারধর করে নিজেরও মনটা থেঁতলে আছে। বিষণ্ণ সময়গুলো কবে কাটবে সেই অপেক্ষায় থাকারও সুযোগ নেই এখন। কিছু একটা করতে হবে। লোকমান সাহেব প্রিন্টিংয়ের ব্যবসায় সফল ব্যবসায়ী। সৌম্য সন্ধ্যাবেলায় এপোয়েন্ট নিয়ে রেখেছে। যদি লোকমান সাহেব কোনো সুযোগ দেয় তো চাকরি করবে সে। ভাবতে ভাবতে সিগারেটের শেষ টান দিয়ে ছাদ থেকে ঘরে ঢুকলো সে। দশতলার এই দুই রুমের ফ্লাটটা সস্তায় পেয়েছিলো বিধায় এখনও ভাড়া দিয়ে চলতে পারছে। গত ছয় মাস ধরে এই চিলেকোঠায় ভাড়া আছে। ধানমণ্ডির ফ্লাট, আসবাবপত্র বিক্রি করে দিয়ে ব্যবসায়ী পাওনাদারদের পাওনা মিটিয়েছিলো। গত বছর যাত্রাবাড়ীর এক বন্ধুর মাধ্যমে ছয় হাজার টাকা ভাড়ায় এই চিলেকোঠায় উঠেছিলো। বাচ্চা দুটোর মন খারাপ থাকে এই ছোট বাসার ঘেরাটপে এসে। কেবল ছাদটাই ওদের অবকাশের জায়গা। না কোনো বন্ধু, না ভালো স্কুলের সুন্দর পরিবেশ কিছুই নেই এখন ওদের জীবনে। এখন ওরা একটা সরকারী প্রাইমারি স্কুলে পড়ছে। কুঞ্জ ক্লাস ফোরে, কায়া ক্লাস টু-তে পড়ে। ক'মাস আগেও ওরা ধানমণ্ডির সানিডেল স্কুলে পড়তো। বাচ্চাদের ঘরে ঢুকে দেখলো মেয়ে দু'টো শুয়ে আসে। সৌম্য বোঝে ওদের মন খারাপ। ওদের মাকে মারধর করায় ওরা বাবাকে খুব একটা পছন্দ করে না। তবুও স্বাভাবিকভাবে বললো, 'কুঞ্জ, কায়া তোমরা খাবে না। দুপুর পার হয়ে গেছে'। কুঞ্জ আর কায়া চুপচাপ বিছানা ছেড়ে ছোট্ট ডাইনিংটেবিলে নিজ নিজ চেয়ারে এসে বসলো। সেমন্তী ঘর থেকে বের হলো না। কায়া একবার মিঠিমিঠি কণ্ঠে বাবাকে বললো, 'বাবা তুমি মাকে ডাকবে না?' সৌম্য চুপচাপ উঠে গেলো। সেমন্তী টের পাওয়া মাত্রই সৌম্যকে কথা বলার সুযোগ না দিয়ে খাবার টেবিলে চলে গেলো। এরা কেউই ঠাণ্ডা খাবার খেতে পছন্দ করে না। তবুও ঠাণ্ডা হয়ে যাওয়া করলা ভাজা, লাউ চিংড়ির ঝোল দিয়ে সবাই দুপুরের খাবার বেলা চারটায় খেলো।
শেষ বিকেল সৌম্য বেরিয়ে গেলো লোকমান সাহেবের সাথে দেখা করতে। এদিকে সেমন্তীর ক্রোধান্বিত মনটাও স্বাভাবিক হয়ে গেছে। শাশুড়ীর ফোন পেয়ে একগাল হাসি উপচিয়ে কথাও বললো। যেন সব ঠিকঠাক চলছে এমন ভঙিমায়। 'হ্যাঁ মা, আমি তোমার দাদুনদের চুলে বেণী করছি। কায়ার চুল তো এখন কোমর পর্যন্ত। কিন্তু দুইটারই মাথা ভরা উকুন। কী যে করি। হ্যাঁ, ইংলিশ শ্যাম্পু দিয়েও দেখছি কয়বার। সৌম্য কাজে গেছে'। এইসব কথা বলে মোবাইলটা রেখে দিলো। শাশুড়ির সাথে গত চার বছর ধরে খুব সাবধানে কথা বলে সেমন্তী। সৌম্য মেরেছে বা ঝগড়া করেছে এমন কথা শাশুড়িকে বললে উল্টো ফল হয়। শাশুড়ি আগুনে ঘি ঢালতেই আনন্দ পায়। এর আগে বহুবার শাশুড়ির জন্যও সেমন্তী মার খেয়েছে। কিন্তু সেমন্তী ছাড়া আর কেউ টের পায় না এসব। একবার তো সেমন্তী শাশুড়ির অত্যাচারে ঘর থেকে বের হয়ে চলে গেছিলো এক সমাজসেবক শিরিন আপার বাড়ি। সেবার বহু বুঝিয়ে সুঝিয়ে শিরিন আপা সেমন্তীকে শাশুড়ির বাড়িতে রেখে গিয়েছিলেন। সৌম্যকেও অন্য ঘরে ডেকে নিয়ে কড়া গলায় শাসিয়েছিলেন তিনি। বিষয়টা তেমন কিছুই ছিলো না। কায়ার তখন তিন বছর বয়স। শাশুড়ির মাছের ঝোল রান্নায় বসিয়ে সবজি কাটছিলেন। মাঝে মাঝে উঠে গিয়ে চুলোর জাল কমিয়ে বাড়িয়ে, মাছের ঝোল নাড়ানাড়ি করছিলেন। কোত্থেকে কায়া ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ে গেলো বটির কাছেই। অমনি শাশুড়ি বাচ্চাটাকে না তুলেই বৌমাকে হাঁকডাক করে বকাঝকা শুরু করলেন অকথ্য গালিগালাজ সমেত। 'ওরে আল্লাহরে, থুতনিটা আরেকটু হইলে বটিতে কাইট্টা যাইতো। আরে কই রে মাগীর বেটি মাগী কুনহারকার। কোন চিপায় গিয়া হান্দাইসোস। কত্তবার কইছি আমি রান্নাঘরে থাকলে বাচ্চা দুইটারে সামলায় রাখবি। না কে শোনে কার কথা। লাটসাহেবের বেটিরে তো আমার পোলা নিয়া আসছে…'। কায়ার চিৎকার একদিকে সপ্তমে। আর শাশুড়ির গালিগালাজের তান তার সপ্তকে। সেমন্তী দৌড়ে ছুটে এসে দেখলো, কায়ার থুতনিতে রক্ত ঝরছে। শাশুড়ি তখনও খুন্তি নাড়ছে আর নিকৃষ্ট সব গালিগালাজ বর্ষাচ্ছেন। বাচ্চাটাকে তোলেনও নি, ধরেনও নি। সেমন্তী কায়াকে তুলতেই শাশুড়ি চিলের ছোঁয়ের মতো কেড়ে নিয়ে ডাইনিংরুমে চলে গেলেন। ফ্রীজ খুলে ঠাণ্ডা পানির বোতল বের করে থুতনিতে ঠেসে ধরতেই কায়ার চিৎকার আরও বেড়ে গেলো। সেমন্তী কাছে ঘেঁষতেই শাশুড়ি খেঁকিয়ে, 'খবদ্দার আমার দাদুনরে ধরবা না। এতক্ষণ কই আছিলা? এখন দরদ উথলাইতেছে ক্যান'?
-মা আমি তো কাপড় মেলতে ছাদে গেছিলাম। সুপ্তিকে তো বলে গেছিলাম কায়ার খেয়াল রাখতে।
ননদী এতক্ষণে নিজের ঘর থেকে বেরিয়ে নীচতলায় ছুটে বললো, 'ভাবী তুমি আমাকে কখন বলছো আমি তো শুনিইনাই'।
-বলিনাই মানে? আমি তোর ঘরে ওকে রেখে বললাম খেয়াল রাখতে। আমি ছাদ থেকে নামার সময় ওকে নিয়ে নীচে যাবো।
-দেখছো মা! আমি মোবাইলে কথা বলছিলাম৷ আজকে কলেজ যাইনাই। তাই রিফাতকে ফোন দিছিলাম। রিফাত ক্লাসের পড়াগুলা বলতেছিলো। আমি নোট করতেছিলাম। ভাবীর কথা শুনবো কেমনে বলো? আমাকে তো ভালো করে ডেকে বললেই আর এই এক্সিডেন্টটা হইতো না। তাই না?
-তুই পড়ার কথা কইতেছিলি! তুইতো জামার ডিজাইন আর সিনেমার গল্প করতেছিকি। কোন এক নায়িকার জামার মতন জামা বানাবি তাই তো শুনলাম!
-দেখছো মা! ভাবী কি কালপ্রিটের মত কথা বলতেছে!
সেমন্তীর সহ্য হলো না ওর মতোন ছোট মেয়ের মুখে কালপ্রিট শব্দটা শুনে। সে একটা চড় কষিয়ে দিলো। ব্যাস শাশুড়ি আর থাকে কই। সাথে সাথেই সেমন্তীর গায়ে হাত তুলতেই থেমে গেলেন। কিন্তু কোমরে ঝোলানো মোবাইল ফোন করে সৌম্যকে ফোন করেই ভেউ ভেউ কেঁদেকেটে ছেলের মাথা নষ্টই করে দিকেন একপ্রকার।
সেদিন সৌম্য মায়ের ঘনঘন ফোন আর চাপাচাপির চোটে দ্রুতই বাসায় ফিরলো। সোফার উপরে ঘুমন্ত ছোট্ট কায়ার নরম থুতনিতে পট্টি দেখেই মাথায় দুম করে আগুন চড়লো। কিছু বলার আগেই মায়ের কান্নাকাটি তখন গগনবিদারী হতে লাগলো। 'আমার দাদুনটার থুতনিটা কাইট্টা কি হইছে দেখ। তোর বৌরে ভালো কথা কইলেও দোষ। এইটুকুন বাচ্চাটারে ঘরে রাইখ্যা সে গেছে ছাদে। ইদানীং ছাদে গেলে তো তার আর নীচে নামার কথা মনেই থাকে না। ডাইক্কাও পাইনা। আইজ তোর একমাত্র বইনডারে আমার সামনেই মাইরা দেখ গাল ফুলায় দিছে। কারণ, তোর বউয়ের দোষ আমরা কেউ ধরতে পারুম না। তিনি যা বলবেন সেইটাই সত্য। আমরা যা কমু সব মিথ্যা। নিত্যদিন এমন অশান্তি আর ভালো লাগে না। আমি কই যাই ক বাপ'?
-তোমাকে কোথাও যেতে হবে না। আমিই আমার বাচ্চাদের নিয়া এই বাড়ি ছইড়া যাচ্ছি। তোমরা শান্তিতে থাকো। আমি থাকলেই যত্ত অশান্তি।
সেমন্তীর মুখে এই কথা শোনা মাত্রই সৌম্য এক থাপ্পড়ে মেঝেতে ফেলে দিল সেমন্তীকে। পাঁচ বছরের কুঞ্জ দৌড়ে আসতেই ফুপির হাতের হেঁচকা টানে সটকে গেলো আরেকদিকে। চোখ বড় করে সুপ্তি তাকে বললো, 'ওদিকে যা। উঠানে যায়ে খেল। এখানে থাকিস না এখন। বড়রা কথা বলছে দেখছিস না'। মেঝেতে মাকে পড়ে থাকতে দেখে কুঞ্জর মনটা ডুকরে উঠলো। সে বুঝলো, এখানে বড়দের শক্তির সাথে সে পারবে না। তবুও ভ্যাঁ করে কেঁদে বলে ফেললো, 'বাবা মাকে মেরো না। দাদুন সবসময় তোমাকে মিথ্যা কথা বলে'। অমনি শাশুড়ি সুপ্তিকে ইশারা দিলেন। সুপ্তি কুঞ্জকে কোলে নিয়েই উঠোনে গেলো চলে। সুপ্তি চলে যেতেই আবারও সৌম্যকে গগনবিদারী কান্নায় বলতে লাগলো, 'দেখছোস বাপ দেখছোস কুঞ্জটারে কান ফুসলানি দিয়া কেমন শিখানডা শিখাইছে। ওরে আল্লাহ! আমার বড় দাদুনের মুখে একদিন এই কথা শুনুম। ওরে আল্লাহ্ আমারে নিয়া নেও এখুনি। আমি আর বাঁচুম না'।
সৌম্য কোমরের বেল্ট খুলে সেমন্তী শরীরে আচ্ছা মতোন ক্ষোভ ঝাড়লো কয়েকদফা ঠাসঠাস শব্দে। পাগলের মতোন সেমন্তীকে গালিগালাজও করলো,'মাগী অশান্তি না বাড়াইলে তোর শান্তি হয় না। আমি কাজ ফেলায় আসছি। জানিস আজকে কত্ত ইম্পরট্যান্ট মিটিং ফেলায় আসতে হইছে? জানিস? ব্যবসা ফেলায় কি তোর চৌকিদারি করবো এখন….'?
সেদিন সেমন্তী নীরবে সহ্য করছিলো বেল্টের আঘাতগুলো। একসময় নিজেই বেল্ট কেড়ে নিয়ে নিজের গায়ে চাবকাতে শুরু করলো। সৌম্য একটু ভ্যাবাচ্যাকাই খেলো সেই দৃশ্যে। শাশুড়ি আস্তে করে চলে গেলো। একসময় ক্লান্তি ভরা হাত থেকে বেল্টটা পড়ে যেতেই সেমন্তীর চোখ গেলো কায়ার দিকে। কায়া অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে চুপচাপ বসে আসে। ওইটুকুন বাচ্চারও ঘুমের নিশ্চয়তা নেই এই বাড়িটায়। এই বাড়ি নাকি এই মফস্বল এলাকার বিখ্যাত বাড়ি। সেমন্তীর সম্বিত ফিরলো বড় মামাশ্বশুরের মোটরসাইকেলের আওয়াজ শুনে। তিনি দুপুরের খাবার খেতে আসেন। আবার বাইরে চলে যান বিকাল পাঁচটায়। সেমন্তী দ্রুত কায়াকে কোলে নিয়ে ছুটতে ছুটতে উঠোন পেরিয়ে গেটে চলে গেলো। মামাশ্বশুরকে পাশ কাটিয়ে হনহন করে মেইনরোডের দিকে এগোলো। বড়মামার ডাক শুনেও সে থামলো না। মেইন রোডে দাঁড়াতেই মনে পড়লো সে খালি পায়ে। টাকার ব্যাগও নেয় নি। তবুও মনস্থির করলো। স্যান্ডেল আর টাকার জন্য ওই বাড়িতে যাবে না। এক রিক্সাওয়ালা মনের সুখে শিষ দিয়ে এগিয়ে আসছিলো। সেমন্তী হাত নেড়ে থামালো। রিক্সাওয়ালা হকচকিয়ে গেলো। সেমন্তীকে সে চেনে। সেমন্তীর বাবার আড়তে একসময় কাজ করতো সে। বিশাল বড়বাড়ীর মেয়ে ছিলো সেমন্তী। মুসলমান সৌম্যকে ভালোবেসে পালিয়ে গেছিলো। খৃস্টান বাবা সেমন্তীকে ত্যাজ্য করে। সেই অপরূপা সুন্দরী মেয়েটার এমন চেহারা দেখে খুব ধাক্কাও খেলো রিক্সাওয়ালা মজিদুল। বললো, 'দিদি কোনো সমস্যা'!
-মজিদ ভাই আগে রিক্সায় উঠি।
-কোথায় যাবেন?
-জাহান্নামে।
মজিদ বুঝলো সেমন্তী কোথায় যাবে জানে না। তবুও সে সোজা পথেই প্যাডেল ঘোরালো। চলতে চলতে মজিদ আরও বুঝলো মেয়েটার পায়ে জুতা নেই। হাতেও ব্যাগ নাই। তারমানে ভাড়াও সে দিতে পারবে না। সেটা বিষয় না। একসময় সেমন্তীর বাপের অনেক করছে মজিদের মায়ের অসুস্থতার সময়। চলতে চলতে মজিদ ভাবলো, মেয়েটার গায়ে মারধরের দাগ। থানায় নিয়ে গেলে কেমন হয়। সেখানে এক পরিচিত ওসি আছে। মাঝেমাঝে ওসিসাহেব মজিদকে খবরির কাজে লাগায়। ওসি লোকটা ভালো। আধঘণ্টা পর এসব ভেবেও সেমন্তীকে কিছু বলতেও পারলো না। মেয়েটা তারচেয়ে হাওয়া খাক।
ক্ষুধার জ্বালায় কায়া কুকিয়ে উঠছে। সেমন্তী তাকে কী খাওয়াবে বুঝতে পারছে না। বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছে যখন কায়ার বয়স সাত মাস। দুধেরও চালান হতো না তেমন। কায়া যখন পেটে ছিলো, তখন থেকেই শরীরে নানা উপদ্রব শুরু হতে থাকে। তাতে আবার শাশুড়ির হাতে সবার বেলায় বড় মাছের টুকরো উঠলেও সেমন্তীর জন্য দশবারো মিনিট চামুচ ঘুটিয়েও কিছুই খুঁজে পান না হাড়ির তলাতেও। খাওয়াদাওয়া এত বেশি কমে গেছিলো যে, কায়া অপুষ্ট শিশু হয়ে জন্মেছিলো। এসব ভাবতে ভাবতে সেমন্তীর মনে হলো শিরিন আপার কথা। শিরিন আপা কায়ার জন্য ঢাকার এক বিখ্যাত শিশুবিশেষজ্ঞের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। সেমন্তী মজিদুলকে বললো, 'ভাই, শিরিন আপার বাসায় নিয়া যান তো। আপনার ভাড়া…'
মজিদুল কথা কেড়ে নিয়ে বললো, 'দিদি, আপনি চুপ থাকেন তো। আগে শিরিন ম্যাডামের বাসায় যাই'।
-আপনিও তাইলে চুপ থাকবেন। বুঝছেন তো কী বললাম।
মজিদুল যা বোঝার বুঝলো। এই কথা দিদর বাপের কান পর্যন্ত যেন না গড়ায়। মজিদুল একটু ডুকরেও উঠলো। এলাকার কত্ত বড়লোকের আদরের মেয়ে সেমন্তী। প্রেম করে জীবনটা ধ্বংস করে দিলো। সৌম্য একটা মাস্তান গুণ্ডা ছিলো। লেখাপড়া করলেও, বাপছাড়া পোলা কত আর ভালো হয়। ওর মায়েরও চরিত্র নিয়ে আড়ালে আবডালে সমালোচিত। সেই বাড়িতে এই মেয়ের জীবন আর কত ভালো হবে। মেয়েটা এত বোকা কেন! হতাশার নিঃশ্বাস ঝেড়ে মজিদুল বললো, 'দিদি কোনো চিন্তা করবেন না। আমি আপনার বাবা, অসীমবাবু তো দূরের কথা আমার মায়েও জানবে না কোনোদিন। তবে আপনার বড়ভাইয়ের বয়সী আমি। তাই একটা কথা বলি, ফেরার আগে দশবার ভাববেন। আশা করি আপনি বুঝছেন'।
সেমন্তী মজিদুলের কথা শুনে কায়াকে জড়িয়ে ধরলো চেপে। মেয়েটা আবারও ঘুমিয়ে গেছে। শিরিন আপা তিনতলার বারান্দা থেকেই ভারি গলায় চেঁচিয়ে উঠলেন, 'আররে কাকে দেখছি! কায়া! কত্ত বড় হয়ে গেছে! কুঞ্জ কোথায়? কই সৌম্য কই? ওরা আসেনি'? সেমন্তী মাথা তুলে বললো, 'না আপু। কায়াকেই নিয়ে আসছি শুধু'। শিরিন আপা খেয়াল করলেন সেমন্তী খালি পায়ে রিক্সা থেকে নামলো। তিনি দ্রুত বারান্দার হুকে ময়নার খাঁচাটা ঝুলিয়ে রাখলেন। ভারী শরীরটা দুলিয়ে বারান্দা থেকে ড্রয়িংরুমে ঢুকলেন। সদ্য গোসল করানো ময়না গা ঝেরে ঝেরে বলতে থাকলো, কায়া কত্ত বড়… কয়া কত্ত বড়…. ময়নার কথা শুনে শিরিন আপাও বললেন, 'কায়া কত্ত বড় হয়ে গেছে'! ময়নাও বললো, হয়ে গেছে। কাজের বুয়াকে ডেকে বললো, 'আকিমের মা, দরজাটা খুলে দিয়ে টেবিলে খাবার সাজা তো জলদি'। সেদিন খেয়েদেয়ে সেমন্তীর সব কথা শুনে তিনি সৌম্যকে ফোন করে ডেকেছিলেন। তারপর সৌম্য এসে ক্ষমা চাইলে নিজের গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়েছিলেন। তবুও কারও চরিত্রই বদলায়নি আজও। কিন্তু একটা সুবিধে হয়ছে বৈ কি! সৌম্যের ব্যবসার পসার দ্রুত বাড়ছিলো তখন। পাঁচ বছরের যৌথ সংসার থেকে বেরিয়ে এসে ঢাকায় বসত শুরু হয়। রোজকার অশান্তি যদিও নেই তবুও বারো বছরের সংসারে আজও সৌম্য গায়ে হাত তোলার অভ্যেসটা ছাড়তে পারেনি। কায়ার মাথায় বেণী করতে করতে সেমন্তী ডিকোস্টা এসব ভাবছিলো। সন্ধ্যার আযান শুনে কায়া বললো, 'মামনি তুমি বেণী করবে না'?
-করবো মা। তোমরা এখন পড়তে বসো। আমি তোমাদের নাস্তা বানাতে যাচ্ছি।
-ও মামনি, আজকে আমি তোমার বেণী করে দিই?
-হা হা হা। না থাক তুই চুলে জট পাকিয়ে ফেলবি।
-না, মামনি। আমি ভালো পারি। প্লিজ দাও না। প্লিজ প্লিজ।
বড় মেয়ের আবদার ফেলতে পারলো না। একদিকে কায়া, আরেকদিকে কুঞ্জ। দু'জন মিলে দুটো বেণী করে দিলো ঠিকই। কিন্তু কারটা বেশি ভালো হয়েছে তাই নিয়ে দুইবোনের লড়াইও শুরু হলো। সেমন্তীর মনটা ভার ছিলো সঙ্গোপনে। ওদের লড়াই দেখে বহুক্ষণ পরে হালকা বোধ করলো নিজেকে। দুই মেয়েকে থামিয়ে বললো, 'আচ্চা বাবা। ভালো হোক খারাপ হোক আমার মেয়েরাই তো করেছে। এটাই আমার আনন্দ। যাও এবার পড়তে যাও'।
২.
সৌম্য রাস্তায় দুইবার রগটান লেগে পায়ে বেশ ভালোই কষ্ট বোধ করছিলো। তবুও চটজলদি ভীড় ঠেলে বাসে উঠেছিল লোকমান সাহেবের সাথে মিটিংটা যেন যথাসময়েই করতে পারে এইভেবে। কিন্তু চলন্ত বাসে ভীড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতেই কেমন যেন লাগছিলো। বারবার পা দু'টো বেঁকে বেঁকে যাচ্ছে। এমন অনুভূতি আগে কখনও হয়েছে কিনা মনে করতে পারছে না। ভাবতে ভাবতে মনে পড়লো অনেক কথা। একসময় বাজে সঙ্গে তার ওঠাবসা ছিলো। কলেজ জীবনে বহুবার হেরোইনেরও স্বাদ নিতো। তখন সে সেমন্তীর প্রেমে একেবারে পাগলপারা ছিলো। সেমন্তীও ওর কাছে মাঝেমাঝে যেতো গাঁজা খেতে। সে সময়ে সেমন্তী ছিলো মানসিকভাবে বিধ্বস্ত। সদ্য এক যুবকের সাথে তিন বছরের প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটে গেছে। যুবকটি ছিলো ওর মায়ের দুঃসম্পর্কের আত্মীয়। যুবকের নাম অন্তনু রোজারিও। বিচ্ছেদের ঠিক আগের কথা। অন্তনু আট মাস সেমন্তীদের বাড়িতেই থাকতো। কলেজ যাতায়াতের সুবিধার্থে। সেই আটমাস রোজ রাতে সেমন্তীর ঘরে সে যেত। সেমন্তী সেই আটমাসে শারীরিক সম্পর্ক মানে তলপেট ফেটে যাওয়ার মতোন ব্যথা আর আতঙ্ক ছাড়া কিছুই বুঝতো না। না আগের মতোন কোনো প্রেমের গল্প থাকতো। না প্রেমিকের ঠোঁটে থাকতো প্রেমের ঘ্রাণ। এমন আটমাস কাটিয়ে সেমন্তী জানতে পারে অন্তনু আরও কারও সাথে সম্পৃক্ত। এরপরেই সেমন্তী ধাক্কাটা সামলাতে পারেনি৷। দীর্ঘদিন ঘুমের ঔষধ খেয়েও ঘুমোতে পারতো না। অন্তনুর সাথে শেষ কথাকাটি করে সে কলেজের ছাদে লাফ দিবে ভেবেছিলো। কিন্তু অন্তনু কথা কাটাকাটির এক পর্যায়ে 'বেশ্যা মাগী' বলে গালি দেওয়ায় সেমন্তীর আর সহ্য হয়নি। কলেজের নোংরা ছেলে বলে যাদের সে চিনতো জানতো তাদের আড্ডার জায়গায় সে চলে গেলো। ওরাও সেমন্তীকে আড্ডার গোপন জায়গায় দেখে স্তম্ভিত। সব গাঁজা খেয়ে বুঁদ। এমন অবস্থায় সেমন্তীর মতো এত ভালো ছাত্রী কিসের জন্য এলো! রিফাত নামের একজন সহপাঠী উঠেই বললো, 'কি রে তুই এইখানে? কলেজের কেউ ডিস্টার্ব করছে তোকে? বল কোনটা? কোন শালা? এক কোপে তার কল্লা ফেলায় দিমু'।
-তোর হাতের সিগারেটটা দে আমাকে।
-ওই কি কস? পাগল হইছোস?
-রিফাত তুই সিগারেট দিবি কি না বল। দিলে কয় টাকা নিবি?
-আরে ধুর ধুর। যা ভাগ এইখান থাইক্কা। শালি প্রথম পিনিকটাই বরবাদ করলো।
-রিফাত,তোর হাতের পিনিকটা দিবি আমাকে? আমি কিন্তু আর চাবো না। দিবি কি না বল।
-আরে বেডি ধমকাইস ক্যান। বাল। এইটা সিগারেট না। এইটা পিনিক। এইটার ভিতরে গাঞ্জা আছে। এখন ক খাবি? তোর মতোন বহুত দেখছি। এখন যা বাল। বাড়ি যা তো। ক্লাস তো শেষ। এখনও কলেজে কি করস?
কথাগুলো বলতে বলতে সেমন্তীর আচরণে রিফাত আঁতকে উঠলো। বাকি যে পাঁচজন ঘাসে বসেছিলো তারাও এক নিমিষে দাঁড়িয়ে পড়লো। ছানাবড়া চোখে সবাই সেমন্তীকে দেখতে লাগলো। সেমন্তী সিগারেটটা ছোঁ মেরে কেড়ে সমানে ধুয়া টেনে খাচ্ছে তো খাচ্ছেই। সবাই কিছু বলার আগেই সেমন্তী কাশতে কাশতে টলতে টলতে মূর্ছা গেলো। সকলের দৃষ্টি শাই করে ঘাসের দিকে নামলো। কিছুক্ষণ কারো মগজই কিছু ঠাহর করতে পারছিলো না। ঘটনাটা কী ঘটলো এইভেবে। হঠাৎ একজনের সম্বিত ফিরতেই সে আরেকজনের ব্যাগ খুলে পানির বোতল খুঁজতে লাগলো। রিফাত বললো, 'আরে শালা, ওটা তোর ব্যাগ না। ওটা জহুরের ব্যাগ'। ছেলেটি দ্রুত নিজের ব্যাগ খুঁজে নিল। পানির বোতল বের করলো। কিছুক্ষণ পর পানির ঝাপটায় চোখ খুললেও চোখের সামনে গোল হয়ে চতুর্দিকে ছয়টা ভ্যাবাচ্যাকা খাওয়া চেহারা আর বুদ্ধিহীন চাহনি দেখে সেমন্তী আবারও জ্ঞান হারালো। দিন দিন ওদের সাথেই সেমন্তী সময় কাটাতে শুরু করলো। প্রেমানলে পুড়তে পুড়তে সেমন্তীর বিধ্বস্ত জীবন তখন। কলেজ শেষে গাঁজা খোর সময়টাই তার জীবনে মূল্যবান হয়ে গেলো। তেমনই সময়ে এক বছরের সিনিয়র সৌম্যের সাথে পরিচয়ও ঘটলো। সৌম্য খুব কবিতা লিখতে শুরু করলো সে সময়। সবই সেমন্তীকে নিয়ে। সেমন্তী গাঁজা খেতো আর সৌম্য হেরোইন নিয়ে কবিতা শোনাতো। ভাব জমতে জমতে এক সময় প্রেম হলো। সৌম্যের বাড়ির সকলে বিষয়টা টের পেয়েও চুপচাপ ছিলো। তখন সেমন্তীর খুউব খাতির যত্ন ছিলো সৌম্য'র বাড়িতে। একসময় তারা পালিয়েও গেলো। বিয়েও করলো। হিরোইন ছাড়ার পরপর সৌম্য'র কিছু শারীরিক সমস্যা হচ্ছিল। রগে টান লাগতো। কিন্তু আজকের রগ টানটা একটু অন্যরকম লাগছে। মাঝে মাঝে শরীর হালকা হয়ে যাচ্ছে। আবার মুহূর্তেই মাথা ঘরে যাচ্ছে। মাথা ঘুরলেই শরীর ভার ভার লাগছে। বাস থেকে নামার সময় সৌম্য'র পৃথিবী কালো হয়ে এলো। বাস থেকে নামার সময় বামপা রাস্তায় ফেলতেই ওর মনে হলো কোন্ এক অন্ধকারের অতলে সে ডুবে যাচ্ছে। তারপর আর কিছু সে খেয়াল করতে পারলো না। মুহূর্তের মধ্যে সে অন্ধকারেই তলিয়ে গেলো।
রাত দশটা বাজে। সৌম্য'র ফেরার নামগন্ধ নেই। মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও সুইচঅফ মুডে পেয়ে সেমন্তী ভাবছিলো সৌম্য হয়তো জরুরি মিটিংয়েই ব্যস্ত। অপেক্ষা না করে মেয়েদের খাইয়ে দিলো। মেয়েদের বিছানায় মশারী টাঙাচ্ছিল এমন সময় এক বড়ভাইয়ের ফোন এলো।
-হ্যালো, সেমন্তী।
-হ্যাঁ স্বপন ভাই। সৌম্যকে খুঁজছেন? ও তো লোকমান ভাইয়ের কমলাপুরের অফিসে গেছে। ওর মোবাইল বন্ধ।
-হ্যাঁ। ওর মোবাইলটা আমিই সুইচ অফ করেছিলাম। তুমি এক কাজ করো দ্রুত মুগ্দা জেনারেল হসপিটালে চলে এসো। আমি আছি। খুব দ্রুত আসো।
সেমন্তীর হাত পা শক্ত হয়ে এলো। স্বপন ভাই এতরাতে হাসপাতালে ডাকছে কেন! সব কথা আবারও মনে করে করে সেমনৃতী ফুঁপিয়ে উঠলো। মেয়েদের সাথে নিয়ে ছুটে গেলো।
সৌম্য'র বুক জুড়ে তার আর নল। দৃশ্যটি দেখা মাত্রই সেমন্তীর কলিজায় মোচড় মারলো। স্বপন ভাই দ্রুত এগিয়ে বললো, 'হার্টে মনে হয় রিং বসাতে হবে। এখানে সেটা সম্ভব না। আমি আমার কলকাতার ডাক্তারের সাথেও কথা বলেছি। যতদ্রুত সম্ভব ওকে কলকাতায় নেওয়ার ব্যবস্থা করতে হবে'।
সেমন্তীর মাথায় আকাশ ভেঙে পড়লো সব শুনে। ভাগ্য ভালো রাস্তায় বাসের সামনে ভীড় দেখে স্বপন ভাই উৎসুক হয়ে দেখতে এসেছিলো ঘটনাটা জানতে। সবাই তখন সৌম্যকে তুলে রিক্সায় নেওয়ার চেষ্টা করছিলো। স্বপন ভাই সৌম্যকে দেখেই রিক্সা থেকে নামিয়ে সোজা হাসপাতালে এনেছিলেন। কিন্তু স্বপন ভাইয়ের সাথে প্রায় এক বছর যোগাযোগ ছিলো না। তাই সে জানেও না সৌম্যর আর্থিক অবস্থান আর আগের মতন নেই। সেমন্তী ডুকরে বললো, 'আমি এখন কী করবো স্বপন ভাই? আমার তো কোনো উপায়ও নেই এখন। সব তো শেষ হয়ে গেছে স্বপন ভাই। সব শেষ'।
স্বপন ভাইয়ের কানের পাশ দিয়ে ঘাম ঝরলো চিকন রেখায়। মহাবিপদ সামনে। আন্দাজ পেয়েই তিনি বাচ্চা দুটোর দিকে তাকালেন। বাচ্চারা বাবার পাশে দাঁড়িয়ে কাঁদছে। একদিকে সৌম্য হলো তার এলাকার ছোট ভাই। আরেকদিকে সেমন্তীর বাবারও বনেদি অবস্থা। এই মেয়ের কপালটাই খারাপ। নইলে আজ তার সুদিন থাকার কথা ছিলো। সৌম্য ব্যবসায় ভরাডুবি খেয়ে বসে অাছে সে কথা এলাকার কেউ জানে না। এসব ভাবতে গিয়ে স্বপন ভাইয়ের মনে হলো, বৃথা ভাবনা ভেবে সময় নষ্ট করা উচিত নয়। তিনি দ্রুত একে তাকে ফোন করে অর্থ জোগাড়ের বিষয়টি আলোচনা করলেন। কেউ কেউ নিশ্চয়তাও দিলো।
দুইদিন পরে সৌম্য একটু স্বাভাবিক হলো। কিন্তু সে বিপদ সঙ্কেতের বাইরে নয়। ডাক্তার নিশ্চিত করেছে হার্টে রিং বসাতেই হবে। যতদিন না হয় ততদিন কিছু সাময়িক চিকিৎসার মাধ্যমে রোগীকে ডাক্তারি তদারকিতে থাকতেই হবে। লোকমান সাহেব আর স্বপন ভাই কথাবার্তা সেরে সৌম্যকে দেখতে এলেন। এরইমধ্যে কিছু টাকা জোগাড় হয়েও গেছে। যেহেতু সৌম্য এখন মোবাইল চালাতে পারবে না। সেমন্তীরও মোবাইলে বিকাশ একাউন্ট নেই। তাই সুপ্তির বিকাশ একাউন্টেই আর্থিক সহযোগিতার যোগাযোগ নম্বর হিসেবে দেওয়া হয়েছে, এলাকায়। আর এলাকার বাইরে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের জন্য স্বপন ভাইয়ের বিকাশ একাউন্ট নম্বর দেওয়া হয়েছে। কাগজে লেখা বিজ্ঞাপনটি দেখেই সেমন্তীর বুক ধুক করে উঠলো। স্বপন ভাইকে সে বললো, 'এখানে সুপ্তির মোবাইল নম্বর কেন? ওর বিকাশ কেন দরকার? আপনারটাই তো যথেষ্ট ছিলো স্বপন ভাই'।
-সৌম্য তো সকালে পরিবারের পক্ষ থেকে সুপ্তির বিকাশ দিলো।
-কী! সৌম্য দিয়েছে! কই আমাকে তো সারাদিনে একবারও বলোনি সৌম্য?
-স্বপন ভাই বাড়ির কারো নম্বর চাইলো। বাড়িতে তো সুপ্তির নম্বরই বিকাশ করা।
– সুপ্তির কেন? ছোটমামা, মামী ওদের কারও নম্বর তোমার জানা ছিলো না। না থাকলে আমাকে বলতা তুমি।
-আরে ধুর তুমি থামো তো। আমি মরতেছি বুকের ব্যথায়। আর তুমি বিকাশ নিয়া ক্যাচাল শুরু করলা। ওকে থামান তো স্বপন ভাই।
-সু্প্তি থামো। ওর অবস্থা তো ভালো না। তুমি বরং চুপ করো।
-এত বড় একটা ডিসিশন ও সারাদিনেও জানালো না। সৌম্য তোমার ডিসিশন যে ভুল পরে টের পাবা।
– হ্যাঁ। আমার বিন তো ফইন্নির বেটি। ভাইয়ের চিকিৎসার টাকা মাইরা খাবে। স্বপন ভাই ওরে থামান তো। প্লিজ ভাই। আমি মরতেছি। সেদিকে ওর নজর নাই বুঝলেন তো?
স্বপন ভাই নিজেই নিজেকে দুষলেন সেমন্তীকে থামিয়ে।
সপ্তাহ পরে জানা গেলো যা সাহায্য সব স্বপন ভাইয়ের মোবাইলেই এসেছে। সুপ্তির বিকাশে শুধু পাঁচ হাজার টাকা এসেছে। স্বপন ভাই এবার সত্যিই নিজেকে দুষলেন। আর সেমন্তীর ভবিষ্যৎ বাণীর ফল টের পেলেন। কেননা এলাকা থেকে দেড় লাখ টাকাওঠার কথা। কেননা যারা যখন বিকাশ পাঠিয়েছিলো তারা স্বপন ভাইকে জানিয়েও ছিলো। কিন্তু সেটা সরেজমিনে তদন্ত করতে গেলে সৌম্যকে সময়মাফিক কলকাতায় পাঠানো সম্ভব হবে না। তাই সিদ্ধান্ত হলো যে তিন লাখ টাকা উঠেছে তাই দিয়েই আগে চিকিৎসা শুরু হোক। বাচ্চা দুটোকে দাদীর কাছে পাঠিয়ে সেমন্তী সৌম্যকে নিয়ে কলকাতায় চলে গেলো।
৩.
পনেরো দিন পর দেশে ফিরেও প্রায় তিনমাস লেগে গেলো সৌম্য'র স্বাভাবিক চলাচল করতে। কিন্তু সেটা ঘরেই। বাইরে যাওয়ার মতোন অবস্থা হয়নি। বাচ্চা দুটো এরমধ্যে প্রায়ই কান্নাকাটি করতে শুরু করে দিলো। বিস্কুট নাই। বাজার নাই। আমাদেরকে কবে নিয়ে যাবা। এইসব শুনেন সৌম্য, সেমন্তী কেউই হিসেব মেলাতে পারে না। বাচ্চাদের জন্য দুধ, ডিম, নাস্তা সহ চারমাসের খরচ বাবদ বিশ হাজার টাকা পাঠানো হয়েছিলো। স্বপন ভাই নিজেই সেই টাকা পৌঁছে দিয়েছিলেন। এত দ্রুত কী করে শেষ হয়। বিশেষ করেনকুঞ্জ একদম অস্থির হয়ে গেছে। কায়া তো রাগ করে কথাই বলতে চায় না ইদানীং। সেমন্তী না পারছে গোপালগঞ্জে যেতে। না পারছে সৌম্য স্বাভাবিকভাবে নড়তেচড়তে। বিদিশা সময়ের ভিতর দিয়ে যাচ্ছে দুইজন। বিদিশার সেবাযত্নে সৌম্য দিন দিন ওর ওপর আরও নির্ভরশীল হয়ে পড়লো। হাতের কাছের জিনিস নিতেও সেমন্তীকে রান্নাঘর থেকে ডেকে আনে। সেমন্তী ইদানীংকার এইসব তুচ্ছ নির্ভরশীলতায় মাঝেবমাঝে বিরক্ত হলেও কিছু বলতে পারে না। এতবড় অপারেশন গেছে। তাই ভেবে চুপ থাকে। তিক্ততা গিলে হজম করতেও কষ্ট। পিত্তই যেন উগলে আসে কখনও কখনও।
গোপালগঞ্জের বাড়িতে ভরপুর মানুষ। কুঞ্জ, কায়ার কেবল একটাই ভরসার জায়গা। ওদের দাদুনের ছোট ভাই সালামত ও তার স্ত্রী রেবেকা। সালামত সাহেবও ভাগ্নের বাচ্চাদের প্রতি দুর্বল। নাতনি বলতে তো এরাই। তারা নিসন্তান। ভাগ্নে ভাগ্নিই তার সন্তানের মতোন। কিন্তু সুপ্তিকে এখন আর তেমন প্রশ্রয় দেন না এনারা। বিশেষ করে সৌম্য, সেমন্তীর সাথে টাকা নিয়ে প্রতারণাটি ধরা পড়ার পর থেকে একেবারেই সুপ্তিকে এড়িয়ে চলেন তারা। কিছুদিন আগেই সে কায়ার প্রিয় বিস্কুটগুলো বন্ধুবান্ধব মিলে খেয়েছে। কায়া কাঁদতে কাঁদতে এসে কাউকে না পেয়ে রেবেকাকে এসে বলেছিলো। ব্যাস তারপর থেকেই সুপ্তির যত মৌন নির্যাতন শুরু হয়েছে বাচ্চা দুটোর ওপর। ডিম চার পাঁচটা একসাথে ভেজে খেয়ে ফেলে। দুধে সিরকা দিয়ে দই বানায়। ইউটিউব দেখে বাচ্চাদের মুরগি দিয়ে কাবাব বানায়। সালামত সাহেব খুব বিরক্ত হয়ে একদিন বোনকে তিনতলা থেকে ধমকেছেন সুপ্তির কুকীর্তির জন্য। উল্টো বোনের চ্যাটাং চ্যাটাং কথা শুনে সালামত সাহেব বোনের সাথেই কথা বলা বন্ধ করে দিলেন। সেদিনই সৌম্যকে ফোন করে বলে ফেললেন, 'বাপ মা হইছোস কিত্তে। মাইয়া দুইটারে নিয়া যাইতে পারস না। তুই না পারস তো আমারে ক। ওয়াব্দা অফিস থেকে ছুটি নেই। নাইলে বড় ভাইজানরে পাডায় দেই। হে তো আবার নাই কামের কামে বিজি মানুষ'।
সেমন্তী ফোন কেড়ে নিয়ে বললো, 'ছোটমামা তোমরা চলে আসো না প্লিজ। সুযোগ থাকলে আসো। আমারও আর ভালো লাগছে না। ওরা এমন কান্না শুরু করে দেয়। আমি কী করবো বলো? সৌম্যকে তো একা রাখা যাবেননা। আরও দুই মাস সময় লাগবে'।
-আইচ্ছা আইচ্ছা। দেখতেছি কী করা যায়। মা রে, ফোন রাখলাম তাইলে।
এক সপ্তাহ পর ছোটমামা-মামী এসে হাজির। বাচ্চাদের সাড়ে তিনমাস পর দেখতে পেয়ে সেমন্তী প্রাণে জোয়ার পেলো। সপ্তাহখানেক কাটিয়ে মামামামী চলেও গেলেন। এরইমধ্যে সেমন্তী আবিষ্কার করলো কুঞ্জ কেমন যেন মনমরাই থাকে প্রায় সময়। সবার সাথে আছে, কিন্তু কোথায় যেন তলিয়ে থাকে। আগের প্রাণচাঞ্চল্য নেই ওর মধ্যে। গালে, হাতে, পীঠে ছোট ছোট দাগগুলো এবার গোপালগঞ্জে গিয়ে হয়েছে। মেয়েগুলো পড়ে গেলেও মনে হয় কেউ তাদের দেখার ছিলো না সারা বাড়িতে। এসব আগেই জানা কথা। প্রতিবারই বাড়িতে গেলে মেয়ে দুটো হয় ব্যথা পায়। নয় কেটে যায়, ছুলে যায়। তাই শাশুড়ির কাছে মেয়ে দুটোকে রাখার পক্ষপাতী সে ছিলোই না। কিন্তু ভারতে যাওয়ার মূহুর্তে কার কাছেই বা এতদিনের জন্য রাখা যায়। একমাত্র বাড়িই তো ভরসা। বেচারিদের এবছর স্কুল যাওয়া হবে না আর। কেয়ারও। এসব মিলে কুঞ্জ একটু বেশিই হতাশায় ভুগছে। কুঞ্জের ঘাড়ে সরু চিরের মতোন কাটা দাগ নেড়েচেড়ে সেমন্তী জিজ্ঞেস করল, 'এখানে কী করে কেটেছিলো? লম্বা দাগ। দেখি দেখি'। কুঞ্জের নীরব বাধা সত্ত্বেও জামাটা টেনে সেমন্তী পীঠস্থানে চোখ বুলিয়ে দেখলো। পীঠেও দুটো চির। দ্রুত সামনে ঘুরিয়ে নিলো মেয়েকে। গলায় দাগ নেই। বুকের দিকে জামার গলা টেনে নামাতেই কুঞ্জ কেঁকিয়ে বললো, 'আম্মু কি করছো? আহ্ আমি এখন কারো সামনে জামা খুলি না। জানো না তুমি'? তৎক্ষনাৎ সেমন্তীর হুঁশ হলো। হ্যাঁ। তাই তো। মাত্র পাঁচ মাস আগেই কুঞ্জকে সেই তো বলেছিল, বুকে চর্বির দানা জমতে শুরু হলে মেয়েদের জামাকাপড় আড়ালে গিয়ে পাল্টাতে হয়। সেমন্তী দ্রুত প্রসঙ্গ পাল্টে বললো, 'এগুলো নখের আঁচড়ও না, ছুলে যাওয়ারও দাগ না। কীভাবে কেটেছিলো'? কুঞ্জের মুখটা ফ্যাকাশে হয়ে গেলো মায়ের প্রশ্ন শুনে। সে ভাবলো এইসব কথা জানলে এখন মহাবিপদ। তাই দ্রুত স্বাভাবিক গলায় বললো, 'কী জানি কখন যে। খেলার সময় কি আর অতো কিছু খেয়াল থাকে'? কথাগুলো বলেই সে দৌড়ে কায়া কায়া ডাকতে ডাকতে পাশের ঘরে চলে গেলো। সেমন্তী মেয়ের কথায় তেমন খটকা না লাগলেও মনটা কেন যেন দাগগুলো মানতে পারলো না।
সৌম্য এসব খেয়াল করেনি কিছুই। নিজের মানসিক অস্থিরতা কিম্বা দুর্বলতা এড়াতে সারাক্ষণ মোবাইলে ফেসবুকেই সময় কাটায় সে। এদিকে ঘরে বসেও আর থাকা যায় না। স্বপন ভাই টাকার সব হিসেব বুঝিয়ে দিয়েছেন। পারিবারিক বিষয় বলে সুপ্তির কাছ থেকে তিনি আর হিসেব চাননি। সেটা সৌম্যকেই বুঝে নিতে বলেছেন। বাচ্চাদের জন্য বিশ হাজার টাকা তিনি নিজের পকেট থেকেই দিয়েছিলেন। এ কথা বাড়ির কেউ জানে না সৌম্য আর সেমন্তী ছাড়া। এছাড়াও মুগ্দা হাসপাতালের পুরো খরচটাই তিনি আর লোকমান সাহেব মিলে করেছেন। এসব লোকের কাছে টাকা চাওয়া এখন শোভনীয় না। কিন্তু তবুও সৌম্য প্রায়ই সেমন্তীকে বলতে থাকে, 'লোকমান ভাইকে বলো। স্বপন ভাইয়ের কিছু চাও'। সেমন্তীর বিরক্তি আর চেপে থাকে না। সেও মুখ তেতো করে বলে, 'ওদেরকে ক্যান? আর কত? তুমি তোমার বইনকে বলতে পারো না'?
-ধুর। তোমার সাথে আসলে কোনোনকথাই বলা যায় না। আমার খিদা লাগছে। ভাত বাড়ো তাড়াতাড়ি '।
-ছোটমামা যা বাজার করছিলো, কালকে পর্যন্ত চলবে।
-ধুর শালি। ভাতই খামু না। সবসময় আমাকে একটা ত্যাড়ছা কথা কইতেই হইবো তোর তাই না?
-আশ্চর্য তো! ত্যাড়ছার কি দেখলা?
-এ বেশি কথা কইবি না কইলাম। একদম দশতলা থাইক্কা ফিক্কা ফালায় দিমু কইলাম।
-পারো তো লশুধু ওই গলাবাজী আর বৌয়ের উপর যত….উহ মাগো…আহ্.. গলায় লাগতেছে কইলাম। ছাড়ো…
-তরে কখন থাইকা বলতেছি চুপ কর, মাগী তোর কানে কথা যায় বা? এক্করে গলা টিপ্পা মাইরাই ফেলামু।
কুঞ্জ, কায়া তারস্বরে কান্না শুরু করলো। ওরা বুঝলো, ওরা আসলে নিজের বাবা মায়ের ঘরেও নিরাপদ নয়। এখানেও শান্তির কোনো দৃশ্য নেই। কুঞ্জকে চোখ রাঙিয়ে সৌম্য বললো, 'ওই মাগীর বাচ্চা তোরা ঘরে যা। এখানে কী করস।। যা কইতেছি। নাইলে তোদেরকেও আজকে ফিক্কা ফেলায় দিবো কইলাম'। কুঞ্জ কায়াকে টেনে ঘরে চলে গেল দৌড়ে। কায়ার কান্না তবু থামে না। কুঞ্জ কায়ার মুখ চেপে বুকে নিয়ে শুয়ে থাকলো। নিজেও হু হু করে কাঁদতে লাগলো। দুইবোন দুইজনকে আগলে ধরে নিজেদের অসহায়তাকে হেঁচকি তুলে দূর করতে চাইলো। কিন্তু ওরা শিশু বলেই হেঁচকিও ওদের ভয় দেখায়। হুহু করা কান্না ওদের সব সাহস কেড়ে নিতে চায়। এরা একবিংশ শতকের শিশু। এদের জন্য পৃথিবী জোড়া সম্ভাবনার টেকনলোজি জালের মতেন ছড়িয়ে আছে। কিন্তু এরা ঘরের ল্যাপটপেও কোনো সহায় খুঁজে পায় না। এদের সামনে সব সম্ভাবনার দুয়ার যেন বন্ধ হয়ে গেছে। এরা হাসতে ভুলে গেছে। এরা তো কেবল বই পড়েই সময় কাটাতে ভালোবাসে। তবুও এদের স্কুল যাওয়াটাও বন্ধ হয়ে গেছে।
অবসরে বসে বসে সেমন্তী কুরুশ-কাঁটায় কানের দুল, চুড়ি, মালা এইস বানিয়ে বানিয়ে ফেসবুকে দিচ্ছিল। এরই মধ্যে ইনবক্সে, কমেন্টে বেশ কিছু অর্ডারও পেয়েছে সে। কুয়ার খরচা সমেত একমাসের মধ্যেই তিরিশ শতাংশ লাভের একটা ব্যবসার দুয়ার খুলেও গেলো। সৌম্যও দিন দিন ঘরে বসে এই রোজগারের প্রতি দৃষ্টি ফেললো। সেমন্তীকে নানা কাজে সাহায্য করতে শুরুও করলো। সেমন্তী আচারও বানাতে শুরু করলো। সৌম্য কুরিয়ার করা, ডেলিভার করার কাজ করতে লাগলো। এরমধ্যে একটা ফ্রীজও কিনে ফেললো। সৌম্য পেজ খুললো। সেমন্তী কুরুশ-কাঁটা বাদেও আরও উপকরণ দিয়ে হাতের তৈরী অলঙ্কারের কাজ শুরু করলো। দিন দিন দু'জন মিলে আবারও সাজিয়ে তুললো সংসার। ইদানীং খুব বেশী ঝুটঝামেলা লাগছে না ওদের মধ্যে। আগামী বছর বাচ্চা দুটোকে স্কুলে পাঠাতে পারলে ওদের আর চিন্তা থাকে না। এরই মধ্যে ওরা দেশে নাম করে ফেললো। ব্যবসা পাঁচ মাসেই দাঁড়িয়ে গেলো শক্তপোক্ত ভাবে।
সেমন্তীর পেটে ঘুমের মাঝেই একদিন চিন চিন করতে লাগলো। ভেবেছিলো সারাদিন বসে বসে হাতের কাজ করতে হয়। তাই বুঝি এমন ব্যথা। সৌম্যকে জানালও সে। সৌম্য সেমন্তীর হলুদে রাঙা সোনা বর্ণের পেটে চুমু খেয়ে বললো, 'পানি কম খাচ্ছো মনে হয়'।
-মনে হয়, বসে থাকার জন্য হচ্ছে।
-হুম তাও হতে পারে।
পরপর তিনদিন এমন গেলেও চতুর্থ রাতে ব্যথা চরম পর্যায়ে তীব্র হতে লাগলো। সেমন্তীকে নিয়ে মাঝরাতেই দৌড়াতে হলো হাসপাতালে। পেটে বিশাল টিউমার হয়েছে। অপারেশন জরুরি। সেবারও টাকার সমস্যা ঘটলো। কারণ, সব টাকা সৌম্য নতুন ব্যবসার কাজে লাগিয়ে ফেলেছে। যা হোক কোনোমতে ধারদেনা করে বেঁচে এলো সেমন্তী। সুস্থ হয়ে আবারও কাজে মন দিলো। এদিকে মাঝেমাঝেই কুঞ্জ পেট ব্যথায় মুষরে পড়ছে। ব্লিডিংও হচ্ছে। তিনদিন পর আর থাকছে না। সেবার ডাক্তার না দেখিয়ে ওরা ভাবলো মেয়ের পিরিয়ড শুরু হলো। কিন্তু পরপর দু'মাসেও আর হলো না। কুঞ্জ খেতে পারে না। সেমন্তী ভাবলো তারও প্রথম মাসিক হওয়ার পর অনেকদিন বন্ধ ছিলো। সেও খেতে পারতো না। এভাবেই দ্বন্দ্ব, সংঘাত, পতন, উত্থান, জীবন ঝুঁকি সব মিলে প্রায় একটি বছর চলে গেলো তালেগোলে ভালমন্দ মিলিয়ে।
নতুন বছর আসার আগে সেমন্তী ডিসেম্বরে শুরু করলো নতুন যাত্রা। বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে তাদের পণ্য বাজারের বিজ্ঞাপন আর শোরুম চালু করা। এমনই এক ব্যস্ততা ঘিরলো যে মেয়েদের জন্য স্কুলের ফর্ম যোগাড় করার কথাই দু'জনে গেলো ভুলে। পরে কাউকে দায়িত্ব দিয়েছিলো । সেও গত ফেব্রুয়ারী পর্যন্ত কোনো খোঁজই দিলোনা। দিন দিন কুঞ্জের শরীর ও মানসিক জটিলতায় ক্লান্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন জেলায় দৌড় ঝাঁপ করে মার্চের বারো তারিখ সিলেটে বাবা মায়ের সাথে ফুচকা খাচ্ছিলো একটা রেস্টুরেন্টে। কুঞ্জ আর কায়া সেদিন মনমরাই ছিলো। স্কুলে যাওয়া এ বছরও হবে না। এমন আশঙ্কায় তাদের মন ভালো নেই মোটেই। কুঞ্জের পেটটা রেস্টুরেন্টেই মোচড় দিলো। কুকিয়ে উঠলো। সেমন্তী ফুচকার প্লেট টেবিলে রেখেই কুঞ্জকে নিয়ে হাসপাতাল যেতে হবে বলেই সৌম্যকে গাড়ি ডাকতে বললো। কুঞ্জ ততক্ষণে অজ্ঞান।
হাসপাতালে এই পরীক্ষা সেই পরীক্ষার রিপোর্ট আসতে আসতেই প্রায় তিন দিন পর জন্ডিস ধরা পড়লো। কিন্তু ডাক্তার সেটাকেও আমলে নিচ্ছে না। বলছেন, 'উহু। ব্যাপারটা তো এমন হওয়ার কথা নয়। জন্ডিস তবে, কোথাও একটা ক্রিটিকাল সিচুয়েশনও আছে মনে হচ্ছে। আচ্ছা এক কাজ করুন। আমি আরও কিছু টেস্ট দিচ্ছি। সেগুলো না জেনে চিকিৎসা শুরু করলে হিতে বিপরীত হতে পারে। রিস্ক নেওয়া যাবে না একদম। এখনু টেস্টগুলো করাও। আমি কাল আর্জেন্টলি দেখবো'। সৌম্য বুঝতেও পারছে না ডাক্তার আর কত টেস্ট দিবে। জন্ডিস হয়েছে তো আর কোন রোগ দরকার ডাক্তারের! পরদিন ডাক্তার ওয়ার্ড বয় পাঠিয়ে কুঞ্জকে নিজের চেম্বারে আনালেন হুইল চেয়ারে বসিয়ে। বাবা মাকে বের করে দিয়ে এক গাইনি ডাক্তারকে দরজায় দেখেই ভিতরে ডাকলেন। সেমন্তীর টেনশন। পরের দিন বাদে দেশে লকডাউন শুরু হবে। এরমধ্যে কুঞ্জকে নিয়ে ঢাকায় না পৌঁছাতে পারলে মহামুশকিলে পড়বে। এদিকে ডাক্তারের এসব রহস্যময় আচরণ কিছুই বুঝতে পারছে না। সৌম্য ভাবছে ডাক্তারদের রাজনীতির খপ্পরে পড়লো কি না। জন্ডিস ধরা পড়ার পরও এখনও কোনো চিকিৎসা দিচ্ছে না কেন। পরে কি বানিয়ে বানিয়ে বড় রোগ ধরিয়ে দিবে না তো এই ডাক্তার। সেম্নী কায়াকে নিয়ে বসে আছে অস্থিরতা নিয়ে। সৌম্য পায়চারী করছে হতাশায়। প্রায় চল্লিশ মিনিট পর গাইনি ডাক্তার বেরিয়ে এসে সেমন্তীকে ইশারায় ডাকলেন। সৌম্যকেও ডাকলেন। ডাক্তারের রুমে এগোতে এগোতে দেখলো কুঞ্জ ভেজা চোখে পাথরের মূর্তির মতোন বসে আছে হুইল চেয়ারে। ওয়ার্ডবয় হুইল চেয়ারটা এক মহিলার হাতে ধরিয়ে দিয়ে কোথাও চলে গেলো। মহিলা হন্তদন্ত হয়ে কুঞ্জকে নিয়ে গেলো চলে শিশু ওয়ার্ডে। কিন্তু কুঞ্জকে অমন পাথর মূর্তির মতোন কেন দেখালো। সেমন্তী এসব ভাবতে ভাবতে ডাক্তারের চেম্বারে ঢুকলো। পিছু পিছু কায়া এবং সৌম্যও গেলো। ডাক্তার ওদেরকে বসতে বলে বললেন, শুনুন পৃথিবীতে সবরকমের ঘটনাই ঘটে। সবার জীবন সমান না। তাই যখন যে পরিস্থিতির শিকার হবেন, তার সাথে সংগ্রাম করে মোকাবিলা করতে পারাটাই আসলে জীবন'।
সৌম্য ভাবছে ডাক্তার এতো জীবনমুখী লেকচার দিচ্ছে কেন। মেয়ের কী হয়েছে সেটা বলছে না কেন। সেমন্তীর আশঙ্কা বিচিত্র ভয়ঙ্করবসব রোগের কথা ভেবে বসলো। আশঙ্কায় অস্থির হয়ে ডুকরে উঠে বললো, 'কী রোগ হয়েছে সেটা বলুন ডাক্তারসাহেব। কত খরচ তাও বলুন। আমি যেখান থেকে পারি চিকিৎসা খরচ জোগাড় করবোই। আমার মেয়েটার কী হয়েছে সে বলুন প্লিজ'।
গাইনি ডাক্তার সেমন্তীকে থামিয়ে বললেন, 'শুনুন বাস্তবতা মানতে হবে। মনস্থির করুন আপনারা মেয়েটাকে সবরকমের সহযোগীতা করবেন। আপনারা এখন আপনাদের মেয়ের কথা শুনুন। তোমার নাম কায়া বুঝি । বাহ্ তুমি তো খুব মিষ্টি মেয়ে। বুবুর সাথে গোপালগঞ্জে কেমন কাটিয়েছিলে আমাকে বলবে না? চলো তোমার সাথে আমার অনেক গল্প আছে। আমরা পাশের ঘরে বসে গল্প করবো। এখানে বাবা মা এখন ডাক্তার আঙ্কেলের জরুরি কথা বলবে। চলো চলো'।
কায়া বেরিয়ে যেতেই ডাক্তার টেবিলে পড়ে থাকা মিনি ভয়েস রেকর্ডারটা হাতে নিলেন। প্লে বাটনে চাপ দিতেই শিশুডাক্তার, গাইনি, কুঞ্জ তিনজনের কথা প্রশ্ন জবাবপর মতোন বাজতে শুরু করলো। এসিরুমের ভিতর কথাগুলো বাজতে বাজতেই একসময় সেমন্তী, সৌম্য দুইজনেরই মাথা দিয়ে ঘাম ঝরতে ঝরতে পাগল প্রায়। কেউই বিশ্বাস করতে পারছে না, যা শুনছে তা সত্যিই তারা শুনছে কি না। নাকি ভুল শুনছে। গাইনি ডাকার আর কুঞ্জের শেষ কথাও কানে বেজে চলছে কতক্ষণ ধরে, সেমন্তী বুঝতে পারছে না। কেবল প্রতিধ্বনিই চলছে।
গাইনি: মাকে এখনও বলোনি কেন?
কুঞ্জ: মাকে বললে মা তো সবকথা বাবাকেই বলবে। আর বাবা তো মায়ের কোনো কথাই বিশ্বাস করে না। মা উল্টো মার খায় বাবার কাছে।
সেমন্তীর কান্না চাপতে চাপতে একসময় পাথর হয়ে গেলো। পেছন থেকে কায়া এসে বললো, 'মা বুবু ডাক্তার আন্টিকে যা বলেছে সব সত্যি কথাই বলেছে। আমি জানি বড় দাদু খুব নোংরা। খুব হিংস্র। বুবুকে সে ঘরের দরজা লাগিয়ে প্রতিদিনই মারতো। বুবুর গায়ে যে কাটা দাগ। ওগুলো সব বড়দাদু ব্লেড দিয়ে কাটছে। দাদুন আর ফুপ্পি কিচ্ছু বলতোই না দাদুকে। দাদুন তো দেখেও না দেখার ভান করতো। আর আমি একদিন ছোট দাদুকে বলতে চাইছিলাম। কিন্তু বুবু আমাকে বারণ করেছে। বলেছে কেউ যদি জানতে পারে তাহলে নাকি বড়দাদু বুবুকে আর আমাকে মারতে মারতে মেরেই ফেলবে'।
সেমন্তী এবং সৌম্য একবিংশ শতাব্দীর বুকে ক্ষোভে আছড়ে পড়লো ঠিকই। কিন্তু কোথায় যেন নিজেদের পিছনে ফেলে আসা সময়ের মানুষের ভীড়ে মিশে গেলো। ওরা ভীড়ের ভেতরে দাঁড়িয়ে দেখছে, শিশু-নারীর ধর্ষণ চলছে খোলা মাঠে, ময়দানে, নগর, বস্তিতে। একদল যুদ্ধবাজ-বর্বর লুটে নিচ্ছে সর্বস্ব। আর অসহায় সন্ত্রস্তরা মাটিরগর্তে, জঙ্গলের ঝাড়ে, জলের চৌবাচ্চায় লুকিয়ে নিজেদের রক্ষার প্রাণপণ চেষ্টা করছে। ওরা দেখছে, বিংশ শতাব্দীর মানুষের সাথে ঐসব বর্বরযুগের মানুষের একটাই পার্থক্য। তা হলো তখন কোনো আদালত ছিলো না যেখানে নারী ও শিশু নির্যাতনের আইন পাশ করা যায়। আর বিংশ শতাব্দীর মানুষের জন্য এই আইন তৈরির প্রয়োজন থেকেই গিয়েছিলো। কারণ, ধর্ষণ আর বর্বরতা মানুষ ছাড়তে শেখেনি অতীতের কোনোকালেই। আজও ধর্ষক জন্মায় আধুনিক যুগের রাষ্ট্রে, পরিবারে এবং সমাজে। সেমন্তী এবং সৌম্যরাও কি পারছে আপন পরিবারেই কন্যাদের সুরক্ষা নিশ্চিত করতে! ওদের মজ্জায় বিংশতি পদাবলীর বিবেক গেয়ে বলছে, না। যৌনতা এতোই প্রাকৃতিক যে আধুনিক বাবা-মা ভুলেই গেছে, একটি পরিশুদ্ধ ভ্রুণের জন্য জরুরি একটি বিশুদ্ধ সংগম। যৌনতা মানব জীবন ও প্রাণীজ সত্তায় চিরন্তন সত্য বিষয়। আধুনিক মা-বাবা এও ভুলে গেছে শিশুকে শিশুপাঠ্যেরই ধাপে ধাপে এই চিরন্তন সত্যটি সম্পর্কেও পারিবারিকভাবেই পরিচিত করে তোলাও পিতামাতারই দায়িত্ব। কুঞ্জ যৌনতা বা ধর্ষণ কি- কোনোটাই জানতো না। কিন্তু এখন তো যৌনতা-ধর্ষণ-নির্যাতন-বর্বরতা কোনোটার মধ্যেই পার্থক্য বোঝা সম্ভব নয়। আর বিশুদ্ধ সংগম মূল্যায়ণের তো প্রশ্নই আসে । সেমন্তীর মনে পড়লো, বহুদিন যাবত অন্তনুর ধর্ষণকেই সে ভাবতো সংগম। ওটাই প্রেম। ওটাই মিলনের কায়দা। সেমন্তী সৌম্যকে বিড়বিড় করে বললো, 'কুঞ্জ আরও কোথাও ক্ষতির মুখে পড়তে পারে সৌম্য! ওকে যৌনতা কি সংগম কি এসব বোঝাতে হবে আমাদেরই। ওকে বুঝতে দিতে হবে যৌনতা খুব নিষ্পাপ বিষয়। কিন্তু বড়মামা যা করেছে তা মোটেই যৌনতা নয়। ওটা অপমান। ওসব নির্যাতন। ওসব বর্বরতা। ওকে বুঝতে দিতে হবে শরীরের নিজস্বতা। শরীরের নিজস্ব সময়। বলো আমরা পারবো না ওকে বোঝাতে? বলো। বড়মামাই যে শুধু তা তো নয়। আরও তো অনেক আসতে পারে ওর জীবনে? বলো "?
এতক্ষণ সৌম্য বড়মামাকে কীভাবে শাস্তি দেওয়া যায় সেই ক্ষোভে ফেটে যাচ্ছিলো ভাবনায়। কিন্তু সেমন্তীর কথাগুলো তাকে চমকে দিলো যেন সৌম্যর মনে হলো, মানুষ তো আজও বর্বর রয়েই গিয়েছে। নইলে আইনগুলোর তো দরকার ছিলো না সমাজের জন্য। তিনমাস পেরিয়ে গিয়েছে। কুঞ্জের শরীরে কোনো তাৎক্ষণিক এভিডেন্সও পাওয়া যাবে না। বড়মামাকে আইনত শাস্তি দিতে গেলে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া বুদ্ধির কাজ হবে না। সেমন্তীর কথাও সত্য। কুঞ্জকে শুধু নয়, কায়াকেও তালিম দেওয়া জরুরি। সভ্যতা গড়ে একদল মানুষ হয়ত যাপনের দিক দিয়ে উন্নত হয়েছে কিন্তু চেতনা ও মানবসত্তায় নয়- এই সত্যটিই ওদের বুঝিয়ে দিতে হবে।
